All posts by jitu

মুরাদনগরে দুই কেজি গাঁ’জা উদ্ধার, স্বামী-স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার

মুরাদনগরে দুই কেজি গাঁ’জা উদ্ধার, স্বামী-স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

সোমবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পিরোজপুর জেলা সদরের শিকারপুর এলাকার মৃত মোঃ হামিদ মিয়ার ছেলে মোঃ বাবুল মিয়া (৪৮) ও তার স্ত্রী জোসনা বেগম (৪৫) (বর্তমানে চাপিতলা গ্রামে বসবাসরত) এবং উপজেলার চাপিতলা গ্রামের শিশু মিয়ার ছেলে মোঃ আব্দুল আলীম (৩৬)।

বাঙ্গরা বাজার থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আকবর হোসেন ও এএসআই মোঃ আল আমিন সঙ্গীও ফোর্স‘সহ চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামের মোঃ বাবুল মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। এ সময় তার কাছে রক্ষিত ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের বলেন, মাদক বিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি।

ঢাকাস্থ ভারেল্লা দ: ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

ঢাকায় বসবাসরত ভারেল্লা দ: ইউনিয়নের বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী ও ছাত্র ভাইদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজধানীর মালিবাগ রাজবাড়ী কুইজেন চাইনিজ রেস্টুরেন্ট হল রুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আল আরাফাহ ব্যাংক, রামপুরা শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ওবায়দুল্লাহর সভাপতিত্বে ও কৃষিবিদ ড. কাজী ডালিম এর সঞ্চালনায় বিকেল ৪টায় আবু মাসুদের কন্ঠে কোরআন তেলাওয়াত ও রমজানের তাৎপর্য ও জীবন ব্যবস্থা নিয়ে আলোচনা রাখেন।

তারপর অনেকেই শুভেচ্ছা বক্তব্য মাধ্যমে সংগঠনের ভবিষ্যত কার্যক্রম বেগবান করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা তুলে ধরেন। এতে সবাই এই সংগঠনের সফলতা কামনা করেন, সুন্দর আলোচনা রাখেন ও দীর্ঘস্থায়ী কার্যক্রমের জন্য একাত্ম পোষণ করেন। সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক হিসেবে গড়ে তোলা, সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সহযোগিতা করার আশ্বাস দেন।

পাশাপশি ঢাকায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ওই ইউনিয়নের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে সহযোগী হিসেবে পাশে থাকার অঙ্গীকার করেন, লেখাপড়া শেষে চাকুরী পাওয়ার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ঢাকাতে আরো বড় আকারে প্রোগ্রাম করার আশ্বাস দেন।

আয়োজক কমিটির অন্যতম সদস্য ড. কাজী ডালিম, ময়নাল হোসেন,কাজী সাইফুল, রেজাউল করিম দুলাল, ইঞ্জি: আবুল কালাম আজাদ, মুমিন হোসেন,হাবিবুর রহমান,জাকির হোসেন ভুঁইয়া, আনোয়ার হোসেন, জহির উদ্দিন, জাকির হোসেন, ইমাম হোসেন ডালিম, আবু মাসুদ , তাজুল ইসলাম,ওমর ফারুক,মোবারক হোসেন,রফিকুল ইসলাম,আনোয়ার হোসেন, আবু বকর সিদ্দিক, কাজী বেলাল, কাজী শাহীন, জামাল হোসেন, যোবায়ের, ইউসুফ, আতিক, মহব্বত আলী, মাসুদ সহ আরো অনেকে উপস্থিত থেকে প্রোগ্রামকে প্রাণবন্ত করে তুলেন এবং এই প্ল্যাটফর্মের সার্বিক সফলতা কামনা করেন।

পরিশেষে সবাই সবার সুস্বাস্থ্য কামনা করেন ও অগ্রিম ঈদ শুভেচ্ছা বিনিময় করে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন এবং ঈদের পরে একটি ঈদ পুনর্মিলনী করার ঘোষণা দেন।

ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ

ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ

 

বাগদাদ চৌধুরীঃ

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া (ইউস্যাব) -এর নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৬ গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ফজলে রাব্বি ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাঈফ।

গতকাল সোমবার (৯ মার্চ) ইউস্যাব কো-অর্ডিনেটরদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির আঞ্চলিক দায়িত্বে ঢাকা বিভাগের সমন্বয়ক হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবু রাজিন রুমি এবং চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবু বকর সিদ্দিক দায়িত্ব পেয়েছেন। এছাড়া অন্যান্য বিভাগের দায়িত্বে রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাইফুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মো. সাইফুল ইসলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সংগঠক সোহেল রানা, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সংগঠক এনামুল হক, মেডিকেল কলেজ সংগঠক মিনহাজুর রহমান জিম, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংগঠক মো. বোরহান উদ্দিন এবং ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের সংগঠক মো. আকরাম হোসেন।

এছাড়া নতুন কমিটিতে বিভিন্ন বিভাগের সংগঠক হিসেবে ১১ জন, ব্রাহ্মণপাড়া উপজেলার ০৮ টি ইউনিয়নের সংগঠক হিসেবে ১৬ জন (প্রতিটি ইউনিয়নে একজন ছাত্র ও একজন ছাত্রী) , দেশের ৪২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে ৫৯ জন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী দায়িত্ব পেয়েছেন।

সংগঠকরা জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও শিক্ষা-সংক্রান্ত কার্যক্রম জোরদার করতে ইউস্যাব কাজ করে যাচ্ছে। নতুন কমিটির মাধ্যমে এ কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

ইরান যুদ্ধ নিয়ে উদ্বেগে ইসরাইল, খুঁজছে বের হওয়ার পথ

ইরান যুদ্ধ নিয়ে উদ্বেগে ইসরাইল, খুঁজছে বের হওয়ার পথ

 

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক হামলা নিয়ে ইসরাইলের কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এই যুদ্ধ আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতির জন্য আরও ক্ষতিকর হওয়ার আগেই এটি থামানো দরকার। তাই তারা যুদ্ধ থেকে বের হয়ে আসার সম্ভাব্য পথ খুঁজছেন।

তবে যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। হামলা বন্ধ করা হবে নাকি চালিয়ে যাওয়া হবে— সেই সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। তিনি এখনো পূর্ণ বিজয় অর্জনের লক্ষ্য থেকে সরে আসেননি।

রোববার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরান যুদ্ধের পরিকল্পনা ও কৌশল সম্পর্কে অবগত এক জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা। পরিস্থিতির সংবেদনশীলতার কারণে তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি।

ট্রাম্প বিভিন্ন সময়ে এই বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। প্রথমে তিনি ইরান সরকারের তুলনামূলক নমনীয় সদস্যদের সঙ্গে আলোচনার কথা বলেছিলেন। কিন্তু পরে তিনি ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেন। তার মতে, যাদের তিনি আলোচনার জন্য উপযুক্ত মনে করতেন তারা এখন আর জীবিত নেই।

অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার বলেছেন, তিনি এই যুদ্ধকে ‘সত্যের মুহূর্ত’ পর্যন্ত এগিয়ে নিতে চান।

এ অবস্থান আরও কঠোর হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ রোববার ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। তিনি ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি হামলায় নিহত সাবেক সর্বোচ্চ নেতার ছেলে। কট্টরপন্থী হিসেবে পরিচিত মোজতবা খামেনির সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্লেষকদের মতে, তিনি আলোচনার টেবিলে বসার মতো নেতা নন।

ইসরাইলি ওই কর্মকর্তার মতে, যুদ্ধের ব্যয় দ্রুত বাড়তে থাকায় উদ্বেগও বাড়ছে। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চলছে। এর ফলে তেল ও গ্যাসের দাম বাড়ছে এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘শাসন উৎখাত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া আমাদের স্বার্থে কি না তা নিশ্চিত নই। কেউই অনির্দিষ্টকাল ধরে যুদ্ধের ময়দানে থাকতে চায় না।’

তার দাবি, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলা ইতোমধ্যে তাদের প্রধান সামরিক লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছে গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচির অবশিষ্ট অংশ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভান্ডার, অস্ত্র তৈরির কারখানা এবং সামরিক ও গোয়েন্দা নেতৃত্বের বড় অংশ ধ্বংসের মুখে।

তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই শাসন পরিবর্তন চাই, তবে সেটিই একমাত্র সমাপ্তি নয়।’ প্রধান সামরিক লক্ষ্যগুলো ধ্বংস হলে ইসরাইল তার উদ্দেশ্য পূরণ করেছে বলে দাবি করতে পারবে।

তবে ওই কর্মকর্তা স্পষ্ট করেছেন, তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হয়ে কথা বলছেন না। রোববার নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের পরবর্তী ধাপে ইসরাইল ইরানের শাসনকে অস্থিতিশীল করে পরিবর্তনের সুযোগ সৃষ্টি করতে চায়।

এদিকে ইসরাইলি প্রতিরক্ষা পরিকল্পনাকারীদের সামনে আরও দুটি বড় উদ্বেগ রয়েছে। প্রথমটি হলো লেবাননে বড় ধরনের স্থল অভিযান চালানোর ঝুঁকি। কর্মকর্তাটি বলেন, ‘আমরা কাদায় আটকে যেতে চাই না।’ বর্তমানে ইসরাইলি সেনারা সীমান্ত এলাকায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবশিষ্ট শক্তিকে দুর্বল করার চেষ্টা করছে, তবে বড় ধরনের স্থল অভিযানের পরিকল্পনা নেই।

তিনি আরও জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের সঙ্গে যোগাযোগ করে যুদ্ধবিরতির পথ খোঁজার চেষ্টা চলছে।

দ্বিতীয় উদ্বেগ হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক। যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের নেতারাই এই জোট নিয়ে বাড়তে থাকা উদ্বেগ প্রকাশ করছেন। ওই কর্মকর্তা বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে অন্তহীন যুদ্ধে টেনে নিতে চাই না। ইসরাইল একটি নির্ভরযোগ্য মিত্র— বোঝা নয়।’

এদিকে ট্রাম্প ইরানের বর্তমান শাসন ধ্বংস করে নতুন ইরান গড়ার স্বপ্নের কথা বলছেন। তবে সেই লক্ষ্য অর্জনের কোনো সুস্পষ্ট পরিকল্পনা এখনো সামনে আসেনি। ফলে আবারও সেই প্রশ্ন সামনে এসেছে— এই যুদ্ধ শেষ হবে কীভাবে?
সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

কুমিল্লার লাকসামে নামাজ চলাকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই

কুমিল্লার লাকসামে নামাজ চলাকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মাদরাসা পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মাদরাসা কর্তৃপক্ষ।

সোমবার (৯ মার্চ) রাতে লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিশ্রী এলাকায় অবস্থিত ছালেহিয়া আলিয়া দ্বীনিয়া মাদরাসা ও এতিমখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও মাদরাসা সূত্রে জানা যায়, ঘটনার সময় শিক্ষার্থীরা মাদরাসা প্রাঙ্গণের মসজিদে তারাবির নামাজ আদায় করছিলেন। এ সময় এক শিক্ষার্থী মাদরাসা ভবন থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাদরাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ জানান, অগ্নিকাণ্ডে মাদরাসার রান্নাঘরসহ সাতটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। এতে শিক্ষার্থীদের বই, আসবাবপত্র, থাকার বিছানাপত্র এবং রাতের সেহরির খাবারও পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল মাওলা চৌধুরী বলেন, “অগ্নিকাণ্ডটি যদি রাতে শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকার সময় ঘটতো, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। কিন্তু সে সময় সবাই মসজিদে থাকায় সবাই নিরাপদে রয়েছে।”

লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র ইফতার,সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার ও সেলাই মেশিন বিতরণ

প্রেস বিজ্ঞপ্তিঃ
ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র উদ্যোগে ও সংগঠনের আজীবন সদস্য এবং পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমানের আর্থিক সহযোগীতায় সুবিধা বঞ্চিত তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, কর্মজীবীদের মাঝে চারটি সেলাই মেশিন বিতরণ ও এতিম ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বিকেলে আটগ্রামস্থ ডলি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ-আল-কাফি মজুমদারের সভাপতিত্বে ও সংগঠনের সমন্বয়ক এস. এম. হাবিব মহসিন সুধন’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ইভিপি ও যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম শহিদুল হক খন্দকার, অগ্রণী ব্যাংকের সাবেক জিএম মোহাম্মদ কামরুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংকের এসইভিপি মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন খান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এভিপি, কাজী মোঃ ইলিয়াছ অগ্রণী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, দফতর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ এবং সিটিজেন ব্যাংকের কর্মকর্তা এস এন ইউসুফ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারাগণ বলেন, চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটিকে ব্যাংকিং সেক্টর তথা চৌদ্দগ্রামের উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে সবসময় নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের সদস্যগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য-ভ্রাতৃত্ব, সোহার্দ্য, পেশাগত উন্নয়ন, সহযোগিতার মনোভাব ও মানবসেবার ব্রত নিয়ে সামনে এগিয়ে যাবার আহ্বান জানান। সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় অরাজনৈতিক সেবামূলক পেশাজীবী সংগঠন হিসাবে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের যুবক নিহত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের যুবক নিহত

 

ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কম্পাউন্ডের আবাসিক ভবনে এ হামলার ঘটনা ঘটে। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত প্রবাসীর নাম মোশারফ হোসেন (৩৮)। তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা মধ্যপাড়া গ্রামের সুজাত আলীর ছেলে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান মোশারফ হোসেন। সর্বশেষ দুই বছর আগে তিনি দেশে এসেছিলেন। মৃত্যুর প্রায় আধা ঘণ্টা আগেও তিনি বড় ছেলে মাহিমের সঙ্গে ভিডিও কলে কথা বলেন।

মোশারফের বড় ছেলে মাহিম (১৪) স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং ছোট ছেলে মিহান (৭) প্রথম শ্রেণিতে একটি মাদ্রাসায় পড়াশোনা করে।

মাহিম জানায়, রোববার রাত সাড়ে আটটার দিকে বাবার সঙ্গে তার ভিডিও কলে কথা হয়। তখন বাবা তাকে ঈদের কাপড় কেনার জন্য প্রয়োজনীয় জিনিস কিনে নিতে বলেন এবং ইফতারের পর টাকা পাঠানোর কথা জানান। কিন্তু ইফতারের সময়ই ক্ষেপণাস্ত্র হামলায় তার বাবা নিহত হন।

মোশারফের স্ত্রী কবরী আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গতকাল রাত সাতটার দিকে তার সঙ্গে আমার শেষ কথা হয়েছে। এখন এই দুই সন্তান নিয়ে আমি কীভাবে চলব? আমাদের এখন কে দেখবে?”

নিহতের বাবা সুজাত আলী বলেন, “আমার ছেলেকে তো আর ফিরে পাব না। অন্তত তার মরদেহটা দেশে ফেরত চাই, যেন শেষবারের মতো তাকে দেখতে পারি।” তিনি দ্রুত মরদেহ দেশে আনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

এদিকে সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী নিহত মোশারফের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

তিনি জানান, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

একুশে বইমেলা ২০২৬-এ শাম্মী তুলতুলের নতুন বই “গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)

 

হাবিবুর রহমান মুন্নাঃ

অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে দুই বাংলার জনপ্রিয় তরুণ লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল-এর নতুন বই “গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)” প্রকাশিত হয়েছে। এটি একটি ইসলামিক শিশুকিশোর গল্পগ্রন্থ, যেখানে শিশুদের জন্য নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক গল্প তুলে ধরা হয়েছে।

বইটিতে দেশের প্রথম সারির বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত মোট ১৩টি নির্বাচিত গল্প স্থান পেয়েছে। গ্রন্থটি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অনিন্দ্য প্রকাশ। বইটির প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী বাইজিদ আহমেদ। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। অমর একুশে বইমেলায় ৫৬৫ ও ৫৬৯ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

লেখালেখির পাশাপাশি শাম্মী তুলতুল নিয়মিত খবর পাঠ ও আবৃত্তি করেন। ইতোমধ্যে তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে “চোরাবালির বাসিন্দা”, “গণিত মামার চামচ রহস্য”, “ভূত যখন বিজ্ঞানী”, “নান্টু ঝান্টুর বক্স রহস্য”, “একজন কুদ্দুস” ও “কবি নজরুল” পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। এসব সাফল্যের ধারাবাহিকতায় তিনি একজন বেস্টসেলার লেখিকা হিসেবে পরিচিতি লাভ করেছেন। এছাড়া ২০২২ সালে কলকাতা বইমেলায় তাঁর অনুগল্পের বই “নরকে আলিঙ্গন” প্রকাশিত হয়, যা পাঠকদের মধ্যে বেশ আলোচিত হয়েছিল।

নতুন বই প্রসঙ্গে শাম্মী তুলতুল বলেন, “আমি এবারের বইমেলায় একটি ইসলামিক গল্পের বই প্রকাশ করেছি। কারণ ইদানীং ইসলামকে অনেকেই বিকৃতভাবে উপস্থাপন করছে। তাই মুসলিম লেখকদের উচিত তাঁদের লেখনীর মাধ্যমে ইসলামের সঠিক শিক্ষা আরও বেশি করে ছড়িয়ে দেওয়া। বিশেষ করে শিশু বয়সেই এসব বিষয় শিশুদের জানা অত্যন্ত প্রয়োজন। এটি একজন লেখকের দায়িত্বের মধ্যেই পড়ে।”

তিনি আরও বলেন, “এটি আমার ১৭তম বই। আমার প্রায় সব বই-ই বেস্টসেলার হয়েছে। শিশুসাহিত্য লেখা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি, কারণ শিশুদের মন ও ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে লিখতে হয়। এই বই নিয়েও আমি পাঠকমহলে অনেক আশাবাদী।”

সামগ্রিকভাবে বলা যায়, “গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)” শুধু একটি গল্পগ্রন্থ নয়; এটি শিশুদের নৈতিক শিক্ষা, ধর্মীয় চেতনা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, শাম্মী তুলতুল একটি সাহিত্য, সাংস্কৃতিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেছেন। ফলে লেখালেখির প্রতি তাঁর আগ্রহ ও মুক্তিযুদ্ধের চেতনা তাঁর ব্যক্তিত্ব ও সৃষ্টিশীলতায় প্রতিফলিত হয়েছে।

দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন ব্যবসায়ী ও সমাজ সেবক এমএ সাত্তার।

শনিবার (৭ মার্চ) দাউদকান্দির হাসানপুর এলাকার তাসফিন সিএনজি ফিলিং স্টেশনের ৩তলার হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দাউদকান্দি প্রেসক্লাবের সহ সভাপতি হানিফ খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, মোহাম্মদ আলী শাহীন ( আমাদের সময়), আব্দুল করিম সরকার(গোমতীর কন্ঠ), শামীম রায়হান ( জনকন্ঠ), ওমর ফারুক মিয়াজি (কালের কন্ঠ), মোক্তার হোসেন (মানব জমিন), শহিদুল্লাহ সাদা (মানব কন্ঠ), জহিরুল ইসলাম জিল্লু (মাই টিভি), মোহাম্মদ আলী (আমার দেশ) শরীফ প্রধান(ইত্তেফাক), হোসাইন মোহাম্মদ দিদার (আমাদের সময় ডটকম), আলী হোসেন বাবুল(যুগান্তর), আবু কোরাইশ আপেল (বাংলা টিভি) শফিকুল ইসলাম বাবু(এশিয়ান টিভি), লিটন সরকার বাদল (খবরের কাগজ) ও দৈনিক সংগ্রামের তৌফিক রুবেলসহ অন্যান্য সংবাদকর্মীরা।

হাদি হ’ত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

হাদি হ’ত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

 

ডেস্ক রিপোর্টঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।

রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজনই বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পশ্চিমবঙ্গ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদাবাজি ও হত্যার মতো গুরুতর অপরাধের পর তারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেন এবং বনগাঁ সীমান্ত এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ৭ ও ৮ মার্চ মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ফয়সাল করিম মাসুদ (৩৭) পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীর হোসেন (৩৪) ঢাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত। হত্যার পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং পরে বিভিন্ন স্থানে অবস্থান করেন। সম্প্রতি আবার বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁ এলাকায় জড়ো হয়েছিলেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে এক ভিডিও বার্তায় ফয়সাল দাবি করেছিলেন, তিনি দুবাইয়ে অবস্থান করছেন। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না এবং ওসমান হাদি তাকে মন্ত্রণালয়ে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অগ্রিম পাঁচ লাখ টাকা নিয়েছিলেন।

গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোড এলাকায় হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। মতিঝিল মসজিদে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

এই হত্যাকাণ্ডের ১৮ দিন পর ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামিরা অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন বলে ধারণা করা হয়েছিল।

হাদির মৃত্যুর পর দায়ের হওয়া মামলায় ফয়সালের মা-বাবা ও স্ত্রীসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ছয়জন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এবং চারজন সাক্ষী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছেন।

তবে এতদিন পলাতক ছিলেন মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। তদন্ত সংশ্লিষ্টদের মতে, তিনিই সরাসরি গুলি চালিয়ে শরীফ ওসমান হাদিকে হত্যা করেন।