All posts by jitu

চৌদ্দগ্রামে মালিকবিহীন অবস্থায় ১১৭ কেজি গাঁজা আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভারতীয় সীমান্তের কাছে বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ১১৭ কেজি গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা ১০ বিজিবি সদস্যরা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ১৮ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় যশপুর বিওপির টহলদল চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত পিলার ২১০০/৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “মাড্ডা কবরস্থান” নামক স্থানে অভিযান পরিচালনা করে ।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)এর সহকারী পরিচালক মোঃ পারভেজ শামীম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

কোম্পানীগঞ্জে সত্তোরোর্ধ্ব মুক্তিযোদ্ধাকে পেটালেন কিশোর গ্যাং সদস্যরা,আহত ৩

 

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালীপ্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং সদস্যরা সত্তোরোর্ধ্ব এক বীর মুক্তিযোদ্ধাকে পেটালেন। এ ঘটনায় হামলার শিকার মুক্তিযোদ্ধা সহ তিনজন আহত হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন, মারধরের শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৭২) ও তার নাতি মেহেদী সাকিব (১৮) এবং তার বন্ধু উপজেলার হাবিবপুর গ্রামের দীন মোহাম্মদের ছেলে ওমর ফারুক সানি (২৫)।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মারধরের শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার অভিযোগ করে বলেন, রাত পৌনে ৮টার দিকে আমি নামাজ পড়ে বাড়ি ফেরার পথে স্থানীয় লোকজন আমাকে জানায় বাদশা নামে এক ছেলে ও তার সাঙ্গপাঙ্গরা আমার নাতি বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিবকে মারধর করতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছে। এমন খবর শুনে আমি বাদশাকে লোহার রড ও হাতুড়ি সহ আটক করে গায়ে থাপ্পড় দেয়। আসস্মিক সেখানে আসে কিশোর গ্যাং লিড়ার মোহন (১৮) জয় সহ ১০-১৫জন। একপর্যায়ে তারা আমাকে বাদশাকে থাপ্পড় দেয়ার কারণ জানতে চেয়ে আমার ওপর হামলা চালায়। আমাকে চিত করে পেলে দিয়ে মারধর করে। এ ঘটনায় আমার নাতি সহ আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কি বলব লজ্জার কথা। আমি একজন মুক্তিযোদ্ধা এসব কথা বলতেও আমার কাছে লজ্জা লাগছে। এ ঘটনায় তিনি বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সঙ্গে কথা বলে মামলা করবেন বলেও জানান।

হামলার শিকার ছাত্রলীগ নেতা সাকিব জানান, সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কিশোর গ্যাং লিডার মোহন ও বাদশার নেতৃত্বে ১০-১৫ জন লোহার রড ও হাতুড়ি দিয়ে আমার ওপর হামলা চালায়। এ সময় আমার নানা ও বন্ধু সানি আমাকে বাঁচাতে এগিয়ে এলে কিশোর গ্যাং সদস্যরা তাদের ওপরও হামলা চালায়। তবে হামলার কারণ সম্পর্কে এ ছাত্রলীগ নেতা কিছু জানেননা বলে দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মোহন সহ অন্যদের মুঠোফোনে কল করা হলেও তাদের ফোনে ব্যস্ত পাওয়া যায়। তাই এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করেননি।

মির্জা ফখরুলদের বক্তব্য শুনে মানুষ তো বটেই গাধাও হাসে, হনুমানও ভেংচি কাটে : তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ।

রোববার দুপুরে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে দেশ টিভি’র জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের দেশে মতপ্রকাশের স্বাধীনতা আছে কিন্তু অনেক ক্ষেত্রে নিজের দায়বদ্ধতা আমরা চিন্তা করি না। উন্নত দেশে গণমাধ্যম স্বাধীনতার পাশাপাশি নিজের দায়বদ্ধতা নিয়েও তারা সচেতন থাকে। আমাদের দেশে অনেক ক্ষেত্রে সেটির অভাব আছে। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতা বাংলাদেশে অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ।’

ড. হাছান বলেন, ‘ভারতের দিকে তাকিয়ে দেখুন, কয়েকদিন ধরে কিছু রিপোর্টের কারণে বিবিসির কার্যালয়ে কিভাবে তল্লাশি চলছে। বিবিসি বাংলাদেশেও অনেক ভুল, অসত্য রিপোর্ট করেছিল। কিন্তু বিবিসির কার্যালয়ে কোনো পুলিশও যায়নি, ট্যাক্স অফিসারও যায়নি।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য ‘জনগণ গণতন্ত্র ও মুক্তচিন্তা থেকে বঞ্চিত হচ্ছে’ এর জবাবে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘যাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গণতন্ত্রকে হত্যা করে বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখল করেছিল আর ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে মির্জা ফখরুল সাহেবদের সমবেত করে দল গঠন করেছিল তারা যখন এই কথা বলে তখন মানুষ তো বটেই গাধাও হাসে, হনুমানও ভেংচি কাটে। কারণ এ দেশে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল এবং ক্ষমতাকে নিষ্কন্টক করার জন্য হাজার হাজার সেনাবাহিনীর অফিসার এবং জওয়ানকে হত্যা করেছিল, আওয়ামী লীগের ২২ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। সে কারণে মির্জা ফখরুল সাহেবকে বলবো, আয়নায় নিজের চেহারাটা দেখার জন্য।’

এর আগে বক্তৃতায় হাছান মাহমুদ বলেন, ‘গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। গণমাধ্যমে সমাজের চিত্রটা পরিস্ফুটনের হওয়া প্রয়োজন। সে জন্য গণমাধ্যমকে সমাজের অসংগতি এবং উপেক্ষিত মানুষের কথা এবং ভালো কাজের প্রশংসা তুলে ধরতে হয়। সমাজ এবং রাষ্ট্র অনেক সময় যেদিকে তাকায় না, যা নিয়ে ভাবে না সেগুলো তুলে আনা প্রয়োজন।

’ দেশ টিভির নির্বাহী কমিটির চেয়ারম্যান তৌফিকা করিমের সভাপতিত্বে ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান শুভেচ্ছা বক্তব্য এবং প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

সোনাইমুড়ীতে আগ্নেয়াস্ত্রসহ ৩ জন আটক

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে ৩ যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের থেকেএকটি সিএনজিচালিত অটোরিকশা, একটি পাইপগান, এক রাউন্ড বন্দুকের গুলি, একটি চাকু ও একটি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার বারইচতল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে কামরুল হাসান রনি (২২), নরোত্তমপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে মেহেরাজ হোসেন সাগর (২১) ও নাজিরপুর এলাকার সাহিদুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম মিজু (১৮)।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে,শনিবার দিবাগত রাতে উপজেলার বজরা ইউনিয়নের কুমিল্লা-নোয়াখালীর মহাসড়কে রসুলপুর গ্রামের ভাবনা পুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের রসুলপুর গ্রামের ভাবনা পুকুর মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১০ থেকে ১২জন অস্ত্রধারী জড় হয়ে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য প্রস্তুতি নেয়। এসময় ৩ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। পরে গ্রেফতার ব্যক্তির শরীরে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও সিএনজি জব্দ করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মুরাদনগরে ৭১ বছর পরও নির্মাণ হয়নি শহীদ মিনার

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের অবস্থিত কেন্দ্রী শহীদ মিনার রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এই জরাজীর্ণ এ শহীদ মিনারে ফুল দিয়েই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।

আবার অনেক সময় শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান করতে হচ্ছে। তবে অনেকের অভিযোগ উপজেলা প্রশাসন যেটাকে শহীদ মিনার হিসেবে ব্যবহিত করছে তার মধ্যে শহীদ মিনারের কোন আকৃতি নেই। সেই হিসেবে ভাষা দিবসের ৭১ বছর পার হলেও মুরাদনগর উপজেলা সদরে কোন শহীদ মিনার স্থাপিত হয়নি। এ নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ সচেতন মহলে দেখা দিয়েছে বিরুপ প্রতিক্রিয়া।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মুরাদনগর সদরের ডি আর সরকরি উচ্চ বিদ্যালয়ের মাঠে অরক্ষিতভাবে পরে আছে একটি স্মৃতিস্তম্ভের আদলে রয়েছে শহীদ মিনার। পাশেই ময়লা আর্বজনা প্লাস্টিকের বোতল ছড়িয়ে ছিটিয়ে পরে আছে। তাছাড়া এই স্মৃতিস্তম্ভের পাশে ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবন থাকায় বিভিন্ন মানুষজন এখানে করছেন মলমূত্র ত্যাগ। দূর্গন্ধের কারনে স্মৃতিস্তম্ভের পাশে যেতে পারে না সাধারন মানুষ। সাধারন মানুষের দাবি অচিরেই যেন সু-রক্ষিত বাউন্ডারি তৈরি করে এখানে নির্মান করা হয় মুরাদনগর উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার।

এ বিষয়ে মুরাদনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর-রশিদ বলেন, আমরা প্রতিবছর ২১শে ফেব্রুয়ারিতে ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দেই। মুরাদনগর উপজেলায় কেন্দ্রীয় শহিদ মিনার নেই। শহিদ মিনার নির্মানের ব্যাপারে কেহ ভাবে না। আগামী উপজেলা মাসিক সমন্বয় মিটিংয়ে শহিদ মিনার নিয়ে কথা বলব। আমরাও চাই কেন্দ্রীয়ভাবে যেন মুরাদনগরে একটি শহিদ মিনার নির্মাণ করা হয়।
মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি মো: হানিফ বলেন, মুরাদনগরে একটি কেন্দ্রীয় শহিদ মিনার নেই যা আসলে দু:খজনক। আমি আমাদের এমপি মহোদয়ের নিকট শহিদ মিনার যেন দ্রুত নির্মাণ করা হয় এ ব্যাপারে কথা বলব।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূইয়া জনী বলেন, আমি এ উপজেলায় নতুন যোগদান করেছি। আমি স্মৃতিস্তম্ভটি পরিদর্শন করে ভাস্কর হামিদুর রহমানের ডিজাইন অনুযায়ি শহিদ মিনার দ্রুত নির্মাণে পদক্ষেপ গ্রহণ করব।

তিতাসে শুরু হয়েছে গাজীপুরের মেলা, মূল আকর্ষণ কুস্তিখেলা

মো: জুয়েল রানা, তিতাস :
কুমিল্লার তিতাসে শুরু হয়েছে প্রায় সাড়ে তিন’শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী গাজীপুরের মেলা। আধ্যাত্মিক সাধক হযরত পীর শাহবাজ (রহ.) এর ওরশ উপলক্ষে শনিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে এ মেলা শুরু হয়। চলবে সোমবার গভীর রাত পর্যন্ত। ৩দিন ব্যাপী এ মেলায় রকমারি পণ্য ছাড়াও বাঙালির ঐতিহ্য কুস্তিখেলায় দৃষ্টি কাড়ছে দর্শনার্থীদের।

বাউল সাধকদের আধ্যাত্মিক গান ও সুরের মূর্ছনায় মেলা প্রাঙ্গণে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ। মেলা ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে পুরো উপজেলা।

জানা গেছে, বঙ্গদেশে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে হযরত শাহজালাল (র.) এর সফরসঙ্গী হিসেবে যে ৩৬০ আউলিয়া এসেছিলেন তাঁদের একজন হলেন, হযরত পীর শাহবাজ (র.)। তিনি হযরত শাহজালাল (র.) এর একজন অনুসারী ও ভক্ত সহচর ছিলেন এবং ওনার নির্দেশক্রমেই তিনি ধর্ম প্রচারের উদ্দেশে এসেছিলেন। ধর্মপ্রচারের পাশাপাশি আত্মশুদ্ধির জ্ঞানদানে হযরত পীর শাহবাজ (র.) অবস্থান নেন কুমিল্লা তিতাস উপজেলার গাজীপুরে। সেখানেই তিনি জিন্দা গায়েব হন। জিন্দা গায়েব হওয়ার পর সেখানে গড়ে ওঠে তার মাজার।

এছাড়াও কথিত আছে তার মাজার শরীফে কয়েকবার বাঘের আবির্ভাব ঘটেছিলো। বাঘের সঙ্গে তার ছিলো পরম বন্ধুত্ব।

প্রতিবছর ১৮,১৯ ও ২০ ফেব্রুয়ারি হযরত পীর শাহবাজ (র.) মাজার প্রাঙ্গণে বাৎসরিক ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের মুরিদ ও ভক্তরা এখানে জড়ো হন। এবং মাজার সংলগ্ন গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে বসে মেলা। ঐতিহ্যবাহী পুরোনো এ মেলায় ঢল নামে লাখো মানুষের।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত নানা শ্রেণি-পেশার মানুষ মেলায় আসছেন প্রিয়জনকে নিয়ে। ঘুরে দেখছেন বাহারি খেলনা, প্রসাধনী, কাঠের আসবাবপত্র, বাঁশ ও বেতের সামগ্রী, জিলেপি, চুড়ি-গহনাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। বিনোদনের জন্য রয়েছে সার্কাস, নাগরদোলা ও জাদু প্রদর্শনী।

এছাড়াও মেলার সবচেয়ে বেশী আকর্ষণ হলো বাঙালির চিরচেনা কুস্তিখেলা। মেলার পাশে আলাদা মাঠে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত পর্যন্ত চলে এ কুস্তিখেলা।

মেলা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির বলেন, গাজীপুর মেলা চিরায়ত বাংলার লোক ঐতিহ্য আর প্রাণের মিলনমেলা। এ এলাকার মানুষের কাছে ঈদের চেয়েও বেশি আনন্দের এ মেলা। মেলা ঘিরে আশপাশের ৫০ গ্রামে বইছে উৎসবের আমেজ। বংশ পরম্পরায় এলাকার মানুষ ঐতিহ্যবাহী এ মেলা উদযাপন করে আসছে। মেলায় রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা এবং নারী-পুরুষ ও সকল ধর্ম বর্ণের মানুষ নির্বিশেষে এ মেলায় অংশ গ্রহন করছেন।

কাতারে প্রবাসী উদ্যোক্তা সম্মাননা পেলেন রামগঞ্জের দিলিপ কুমার ছোটন

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতার :

কাতার বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি কর্তৃক চলমান বৈশ্বিক জালানি ও অর্থনৈতিক সংকটময় মুহূর্তে কাতার থেকে বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণ শীর্ষক কর্মশালা ও কাতারে কর্মসংস্থান সৃষ্টিকারী প্রবাসী উদ্যোক্তা সম্মাননা ২০২৩ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দোহায় সালিমার ইস্তাম্বুল হোটেল হল রুমে কাতার বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি আহ্বায়ক নুরুল আবসার বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাস কাতার এর নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এর হাত থেকে কর্মসংস্থান সৃষ্টিকারী প্রবাসী উদ্যোক্তা সম্মাননা ২০২৩ গ্রহন করেন দিলিপ কুমার ছোটন।

উল্লেখ্য দিলিপ কুমার ছোটন লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা নোয়াগাও ইউনিয়নের কৃতি সন্তান। দিলিপ কুমার ছোটন ৪ ভাই ৩ বোনের মধ্যে সবার ছোট। ১৯৯৩ সালে রামগঞ্জ সরকারী কলেজ থেকে এইচ এস সি শেষ করে ডিগ্রির মাঝামাঝি সময় পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনার জন্য কাতারে পাড়ি জমান দিলিপ কুমার ছোটন। বর্তমানে কাতার এর রাজধানী দোহায় সোক হারেজ মার্কেটে এন,এন ট্রেডিং এন্ড এন্ড ইলেকট্রিক্যাল মেটারিয়েলস প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দিলিপ কুমার ছোটন।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় দিলিপ কুমার ছোটন বলেন ৩০ বছর আগে পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনার জন্য কাতারে পাড়ি জমিয়েছি। আজকে কর্মসংস্থান সৃষ্টিকারী প্রবাসী উদ্যোক্তা সম্মাননা পেলাম। সম্মাননা এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আমাকে সামনে এগিয়ে যেতে এ ধরনের সম্মাননা সব সময় উৎসাহিত করবে।

সাংবাদিক জি,এম আকাশের প্রাণবন্ত উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলনে দূতাবাসের মিনিষ্টার (শ্রম) জনাব ডক্টর মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সি,আই,পি জালাল আহমেদ, কাতার চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল মিয়া, সংগঠনের সদস্য সচিব ইউসুফ পাটোয়ারী লিংকন, সমন্বয়ক আকবর হোসেন বাচ্চু, এম এ সালাম এবং আহসান উল্লাহ্‌ সজিব। এছাড়া প্রবাসী ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন কর্মসংস্থান সৃষ্টিকারী প্রবাসী উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠানে।

অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযোগ দেয়ায় এক পরিবারকে পিটিয়ে গ্রাম ছাড়া

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
বসতঘরের মাত্র ১শ গজের মধ্যে গত তিন মাস ধরে দেদারসে চলছে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন। এরই মধ্যে মৌখিক ভাবে কয়েক দফা জানানোর পরেও তারা ড্রেজার বন্ধ করেনি। পরে অবৈধ ড্রেজার বন্ধে গত বছরের ডিসেম্বর মাসের ২৬ তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূইয়া জনী স্যারের বরাবর গিয়ে লিখিত অভিযোগ করি।

লিখিত অভিযোগের বিষয়টি তারা কেমনে জানি জানতে পেরে আমারে বেধড়ক মারধর করে। তখন আমি কোন উপায় না পেয়ে আবারো এ বছরের জানুয়ারি মাসের ৫ তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেই। এতেও কাজের কাজ কিছুই হয়নি উল্টো বিষয়টি জানতে পেরে ড্রেজার ব্যবসায়ী সোহেল ও তার লোকজন শনিবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে রোজা রাখা অবস্থায় আমাকেসহ আমারে স্বপরিবারে পিটিয়ে গুরুত্বর আহত করে এখন গ্রামে ঢুকতে দিচ্ছে না। এভাবেই হাসপাতালের বেডে শুয়ে কান্না করতে করতে কথা গুলো বলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের মৃত আস্কর আলীর ছেলে আবুল বাসার (৬২)।

অভিযুক্ত অবৈধ ড্রেজার ব্যবসায়ী সোহেল মিয়া মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের মতিন মুন্সির ছেলে।

ভুক্তভোগী আবুল বাসারের ছেলে কামাল হোসেন বলেন, আমাদের বাড়ী রক্ষা করতে আমার বাবা যত বার ইউএনও স্যারের কাছে অভিযোগ দিছে ততবারই তারা আমার বাবাসহ আমাদেরকে মারধর করেছে। বর্তমানে তাদের ভয়ে আমরা স্বপরিবারে এখন গ্রাম ছাড়া। এখনতো আমার মনে হচ্ছে তারা উপজেলা প্রশাসনের চাইতেও অনেক শক্তিশালী। তিন মাসে ড্রেজার তো বন্ধ হয়নি বরং অভিযোগ দিয়ে বার বার আমরা মারধরের শিকার হচ্ছি।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, মারধরের বিষয়টি আমার জানা নেই। আমি শুরুতে অভিযোগ পেয়ে ড্রেজার বন্ধে আমার তহসিলদার ও পুলিশ পাঠিয়ে ছিলাম। ওই ড্রেজার ব্যবসায়ী যদি অভিযোগ কারিকে মারধর করে থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ বিষয়ে ভুক্তভোগী আবুল বাসারের ছেলে একটি অভিযোগ দিয়েছে। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সদর দক্ষিণের সুয়াগঞ্জ হতে ৭১ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগঞ্জ এলাকা হতে ৭১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৮ জানুয়ারী রাতে কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালীকৃষ্ণপুর গ্রামের মৃত আনা মিয়া’র ছেলে আবুল কালাম (৩৫)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।