All posts by jitu

কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

 

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারের ঈদগাঁওতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বাসস্টেশন থেকে বাড়িতে ফেরার পথে কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২১) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২০)।

স্থানীয় সমাজকর্মী কাইয়ুম উদ্দিন জানান, সকালে নুরুল আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী বাসস্টেশন থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কলেজ গেইটের ব্রিজ পর্যন্ত পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবির বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্যাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

সাকিবের বরিশালের বিদায়, দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সপ্তম ক্রিকেটার হিসেবে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের এমন মাইলফলকের ম্যাচে হারের স্বাদ পেল ফরচুন বরিশাল। রংপুরের কাছে হেরে বিদায় নিতে হলো সাকিবের দলকে।

আজ রোববার (১২ ফেব্রুয়ারি) এলিমিনেটর ম্যাচে ৩ উইকেট হারিয়ে রংপুরকে ১৭১ রানের বড় সংগ্রহ ছুঁয়ে দেয় বরিশাল। জবাবে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রংপুর রাইডার্স।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বরিশালের দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও মেহেদি হাসান মিরাজ। পাওয়ার প্লের ছয় ওভারে স্কোরবোর্ডে ৪৬ রান তুলে বড় স্কোরের ইঙ্গিত দেয় বরিশাল। দলীয় ৪৬ রানে ফ্লেচারের বিদায়ে প্রথম উইকেট হারায় দলটি।

এরপর মিরাজের সঙ্গে বড় জুটি গড়ে তোলেন মাহমুদুল্লাহ রিয়াদ। মিরাজ-মাহমুদুল্লাহর ব্যাটে বড় স্কোরের পথে এগিয়ে যেতে থাকে বরিশাল। তবে, ১১৫ রানে মাহমুদুল্লাহর বিদায়ে দ্বিতীয় উইকেটের পতন হয় বরিশালের। ব্যক্তিগত ৩৪ রান করে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ।

রিয়াদের বিদায়ের পর ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেনি মিরাজও। ব্যক্তিগত ৬৯ রান করে বিদায় নেন এই ডানহাতি অলরাউন্ডার। দ্রুত সময়ে দুই সেট ব্যাটারকে হারিয়ে বরিশালের বড় স্কোরের আশা কিছুটা নিভে যায়। তবে, শেষদিকে করিম জানাত ও ভানুকা রাজাপাকশের ব্যাটে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় বরিশাল। রংপুরের হয়ে শানাকা দুটি ও রকিবুল একটি উইকেট নিয়েছেন।

১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় রংপুর। প্রথম ওভারেই ওপেনার নাঈম শেখকে ফিরিয়ে দেন বরিশাল অধিনায়ক সাকিব। ৫ বল খেলে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন নাঈম। এরপর হাল ধরেন দুই ব্যাটার শামীম পাটোয়ারি ও রনি তালুকদার। শুরুতে উইকেট হারালেও পাওয়ার প্লে’র ছয় ওভারে স্কোরবোর্ডে ৫৫ রান তুলে বরিশালকে চাপে ফেলে রংপুর।

তবে দলীয় ৬১ রানে বিদায় নেন ২৯ রান করা ওপেনার রনি তালুকদার। এরপর রংপুর অধিনায়ক সোহান দুর্দান্ত খেলতে থাকা ব্যাটার শামীমকে নিয়ে জবাবটা ভালো মতোই দিচ্ছিল সোহান। ফের একবার ছন্দপতন। দলীয় ৯৬ রানে সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন সোহান।

সোহানের বিদায়ের পর ক্যারিবীয় ব্যাটার নিকোলাস পুরানকে নিয়ে ধরে খেলতে থাকে শামীম। তবে পুরানও পারেনি নামের প্রতি সুবিচার করতে। দলীয় ১২২ রানে খালেদের বলে ক্যাচ দিয়ে ফেরেন পুরান। এর দাসুন শানাকাকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্ট করে শামীম। তবে দুর্দান্ত খেলতে থাকা শামীমের বিদায়ে বড় ধাক্কা খায় রংপুর। ৫১ বলে ৭১ রান করে আউট হন শামীম।

এরপর লোয়ার অর্ডারে মেহেদি ও শানাকা মিলে দলকে জেতানোর চেষ্টা করে। খেলা এতটাই শ্বাসরুদ্ধকর হয়ে ওঠে যে, শেষ ওভারে জয়ের জন্য রংপুরের দরকার ছিল ৮ রান। শেষ ওভারের চাপ সামলে ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে রংপুর।

বরিশালের হয়ে সাকিব দুটি, রাব্বি দুটি ও খালেদ দুটি করে উইকেট নিয়েছেন। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করল রংপুর। যেখানে তাদের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারে খেলা সিলেট-কুমিল্লার মধ্যে পরাজিত দল।

সংক্ষিপ্ত স্কোর

ফরচুন বরিশাল : ২০ ওভারে ১৭০/৩ (মিরাজ ৬৯, ফ্লেচার ১২, মাহমুদুল্লাহ ৩৪, করিম ৩৩*, রাজাপাকশে ১৭*; রকিবুল ৪-০-৩২-১, মুজিবুর ৩-০-১৯-০, হাসান ৪-০-৪৪-০, ব্রাভো ৪-০-২৯-০, মেহেদি ২-০-২৩-০, শানাকা ৩-০-২৩-২)।

রংপুর রাইডার্স : ১৯.৩ ওভারে ১৭২/৬ (নাঈম ০, রনি ২৯, শামীম ৭১, সোহান ১৮, পুরান ৫, শানাকা ১৬*, ব্রাভো ২, মেহেদি ১৮*; সাকিব ৪-১-২৭-২, প্রিটোরিয়াস ৩-০-৩২-০, মিরাজ ২-০-২৭-০, সানজামুল ২-০-১৪-০, কামরুল ৩.৩-০-৩৩-২, করিম ১-০-১২-০, খালেদ ৪-০-২৪-২)।

ডুয়েটকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কুবি

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

প্রথমবারের মতো আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা-২০২৩ এ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (ডুয়েট) হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্রিকেট টিম।

একই দিনে সকাল নয়টায় প্রথম ম্যাচে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিমকে (নোবিপ্রবি) ৭ উইকেটে হারায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্রিকেট টিম।

রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ১০ ওভারের খেলায় ডুয়েট ক্রিকেট টিম কুবি ক্রিকেট টিমকে টার্গেট দিয়েছিল ৮৬ রানের। কুবি ক্রিকেট টিম মোট ৯০ রান সংগ্রহ করে। মোঃ সাকিব কুবির পক্ষে সর্বোচ্চ রান ৩১ করেন। বোলাদের পক্ষে ইকরাম হোসাইন ২ ওভারে ৭ রান খরচ করে ১ উইকেট সংগ্রহ করেন।

প্রথম ম্যাচে নোবিপ্রবি ১০ ওভারে ৮৪ রান সংগ্রহ করে। জবাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ২৩ বলে ৪৪ রান করেন শফিউল আলম। বোলার ইকরাম হোসাইন ২ ওভারে ৮ রান খরচ করেন।

জয়ে উচ্ছ্বসিত হয়ে বোলার ইকরাম হোসাইন বলেন,
বোলার ইকরাম হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে এই প্রথম আমরা আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট খেলায় কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছি, এতে আমার খুব ভালো লাগছে, আমরা আনন্দিত। আশা করছি ফাইনালে আমরা আরো ভালো পারফরম্যান্স করতে পারবো ইনশাআল্লাহ।

আগামীকাল সকাল ৮ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় ছাত্রলীগের ২১ নেতাকর্মী বহিষ্কার

 

ডেস্ক রিপোর্ট:

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় বাংলাদেশ ছাত্রলীগের ২১ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ইউনিটের ২১ নেতাকর্মীকে বহিষ্কার করা হলো।

বহিষ্কৃত নেতাকর্মীরা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক মানব সম্পদবিষয়ক উপসম্পাদক নাজমুল হাসান রুপু, ঢাবির কবি জসিম উদদীন হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানজীর আরাফাত তুষার, ফজলুল হক হল ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক আসানুল্লাহ আসাদ, পরিবেশ বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বাধন, গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক রিয়াজ আহমেদ পলক, উপদপ্তর সম্পাদক জিহাদুল ইসলাম, অর্থবিষয়ক উপসম্পাদক আল কাওসার, গ্রণ্থণা ও প্রকাশনা বিষয়ক উপসম্পাদক শাওন চৌধুরী, মাস্টার দা সূর্যসেন হল ছাত্রলীগের সদস্য ফাহিম ভাজাওয়ার জয়, আরেক সদস্য সাজিদ আহমেদ, জগন্নাথ হল ছাত্রলীগের কর্মী রাহুল রায়, ফজলুল হক হল ছাত্রলীগের কর্মী মো. তারেক, বিজয় একাত্তর হল ছাত্রলীগের কর্মী ফজলে নাবিদ সাকিল, বিজয় একাত্তর হল ছাত্রলীগের কর্মী মো. রাহাত রহমান, বিজয় একাত্তর হল ছাত্রলীগের কর্মী সাদিক আহাম্মদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক অসিত পাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ ইসলাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক বশাহ আলম রাতুল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কর্মী নূর মোহাম্মদ নাবিল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কর্মী কামরান সিদ্দিক রাশেদ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার কর্মী রাকিবুল ইসলাম রাকিব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সব সাংগঠনিক ইউনিটকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ সমুন্নত রাখা, গঠনতান্ত্রিক আদর্শিক রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখা ও স্মার্ট ক্যাম্পাসের উপযোগী স্মার্ট ছাত্ররাজনীতি বিনির্মাণে সচেষ্ট থাকার নির্দেশনা দেওয়া হলো

একুশে পদক পাচ্ছেন ১৯ বিশিষ্ট নাগরিক ও দুই প্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট:

রোববার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৯ জন বিশিষ্ট নাগরিক ও দুই প্রতিষ্ঠানকে ২০২৩ সালের একুশে পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেয়া হচ্ছে।

রোববার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ভাষা আন্দোলনে খালেদা মনযুর-ই-খুদা, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক (মরণোত্তর) এবং হাজী মো. মজিবর রহমানকে একুশে পদক দেয়া হবে।

অভিনয়ে মাসুদ আলী খান ও শিমূল ইউসুফ, সঙ্গীতে মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম ও ফজল-এ-খোদা (মরণোত্তর); আবৃত্তিতে জয়ন্ত চট্টোপাধ্যায়, চিত্রকলায় কনক চাঁপা চাকমা, শিল্পকলায় নওয়াজীশ আলী খান পুরস্কার পাচ্ছেন।

মুক্তিযুদ্ধে মমতাজ উদ্দীন (মরণোত্তর), সাংবাদিকতায় মো. শাহ আলমগীর (মরণোত্তর), গবেষণায় ড. মো. আবদুল মজিদ, শিক্ষায় অধ্যাপক ড. মযহারুল ইসলাম (মরণোত্তর) ও বাংলাদেশ জাতীয় জাদুঘরকে একুশে পদক দেয়া হবে।

এ ছাড়া সমাজসেবায় বিদ্যানন্দ ফাউন্ডেশন ও মো. সাইদুল হক, রাজনীতিতে অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) ও আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর) এবং ভাষা ও সাহিত্যে ড. মনিরুজ্জামানকে একুশে পদককের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছে সরকার।

পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি স্বর্ণপদক, এককালীন অর্থ (চেক) ও একটি সম্মাননাপত্র দেয়া হয়ে থাকে। মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দিয়ে আসছে সরকার।

‘স্বাধীনতা পুরস্কার’র পর রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’।

কুমিল্লায় জানুয়ারিতে ২৪টি নারী ও শিশু নির্যাতন, হত্যাকান্ড ১০টি

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায়  চলতি বছরের জানুয়ারি মাসে ১০টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এছাড়া ২৪টি নারী ও শিশু নির্যাতন,  ধর্ষণ ১০টি, এছাড়া অন্যান্য ধরনের নারী ও শিশু নির্যাতনের ঘটনা ১৩টি এবং অপহরনের ঘটনা ১টি ঘটেছে।

রোববার  ( ১২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপিত অপরাধ চিত্র থেকে এ তথ্য জানা গেছে। জেলাপ্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্য এবং বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর(অব:) মোহাম্মদ আলী সুমন, সদর উপজেলা চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল , দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

সভায় অপরাধ চিত্রে আরো উল্লেখ করা হয়,জানুয়ারি মাসে মোট ১০টি হত্যাকান্ড ঘটেছে। দস্যুতার ঘটনা ঘটেছে ৬টি এবং ডাকাতির ঘটনা ঘটেছে ২টি। মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে ৩১১টি, চোরাচালানের ঘটনায় মামলা ১৯টি, অস্ত্র আইনে মামলা হয়েছে ৬টি। গুরুতর অপরাধ বিবরনীতে জানানো হয়েছে, জানুয়ারি মাসে জেলায় মোট ৫৫৬টি অপরাধ সংগঠিত হয়েছে। ডিসেম্বর মাসে এই অপরাধের সংখ্যা ছিলো ৪৮৬টি।

সভায় জেলা প্রশাসক উল্লেখ করে বলেন, বিভিন্ন অনিয়ম ঠেকাতে ঢাকা এবং চট্টগ্রামের তুলনায় কুমিল্লা মোবাইল কোর্টের মাধ্যমে মামলা, জরিমানা এবং দণ্ডের পরিমান বেশি। উপজেলা নির্বাহী অফিসার,এসিল্যান্ড এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ প্রতিনিয়তই মোবাইল কোর্ট পরিচালনা করছেন।

আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়- গত জানুয়ারি মাসে কুমিল্লা জেলায় ১৬২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব মোবাইল কোর্টে মামলার সংখ্যা ২৪৮টি। জরিমানার পরিমান ছিলো ২৮ লাখ ৬৭ হাজার ৫৫০টাকা। বিভিন্ন অভিযোগে ২০৩ জনকে অর্থদন্ড, ৩ জনকে কারাদন্ড এবং ৪৩ জনকে উভয় দন্ড দেয়া হয়েছে।

৯০০ কোটির ঘর ছাড়ালো শাহরুখের ‘পাঠান’

বিশ্বব্যাপী এখনও অব্যাহত রয়েছে শাহরুখের ‘পাঠান’ ঝড়। মুক্তির তিন সপ্তাহ পরেও বক্সঅফিসে অতীতের রেকর্ড ভেঙে নতুন দৃষ্টান্ত গড়েছে ছবিটি। রীতিমতো হাজার কোটির দরজায় কড়া নাড়ছে ‘পাঠান’।

ইতোমধ্যে ‘পাঠান’ মুক্তির ১৭তম দিনে এখন পর্যন্ত আয় করেছে ৯০০ কোটি রুপির বেশি। তবে দক্ষিণী ছবি ‘বাহুবলী’কে ছুঁতে এখনও ১০০ কোটির ঘর পারি দিতে হবে ‘পাঠান’কে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত ছবিটির ভারতে আয়ের সংখ্যাটা ছিল ৫৫৮.৪০ কোটি রুপি। ১৭তম দিনে বিদেশ থেকে আয় করেছে ৩৪২ কোটি। সব মিলিয়ে বর্তমানে ৯০১ কোটি ঘরে পা দিয়েছে শাহরুখের ‘পাঠান’। তবে শনিবার (১১ ফেব্রুয়ারি) প্রায় ১০ কোটি রুপির ব্যবসা করেছে ছবিটি।

বর্তমানে বলিউডে দ্বিতীয় ব্যবসায়িকভাবে সফল ছবি হিসেবে জায়গা করেছে ‘পাঠান’। প্রথম স্থানে রয়েছে নির্মাতা এসএস রাজামৌলির ‘বাহুবলী-২’। ভারতে এই ছবিটির হিন্দি ভার্সন ব্যবসা করেছিল ৫১০.৯৯ কোটিরুপি। ‘পাঠান’ আগামী কয়েক দিনেই ‘বাহুবলী-২’কে টপকে যেতে পারে ধারণা করছেন এর বিশ্লেষকরা।

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের তালিকায় নতুন সংযোজন ‘পাঠান’। ছবির বিশেষজ্ঞরা আশা করছেন শাহরুখ-দীপিকার ‘পাঠান’ এমন রেকর্ড গড়বে যা পরবর্তীতে অতিক্রম করা অন্য ছবির পক্ষে অসম্ভব হয়ে পড়বে।

 

বাইউস্টের একাদশ অর্থ কমিটির সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) এর অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বাইউস্ট সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির সভাপতি মেজর জেনারেল মো: মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি,জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া।

সভায় আরো উপস্থিত ছিলেন উপাচার্য,প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন, এনডিসি, পিএসসি (অব:); লে. কর্ণেল মো. কামরুল ইসলাম,পিএসসি (অব.), কোর্ডিনেটর, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট, এডুকেশন ডিভিশন; অরুপ চৌধুরী, এফসিএ; মোহাম্মদ সাইফউদ্দিন, এফসিএ; এস.এম সিরাজুল মুনির, পরিচালক (হিসাব ও অর্থ) ও ড. মোঃ তহিদুর রহমান, বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন বিভাগ।

সভায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও বাৎসরিক বাজেট বিষয়ে আলোচনাপূর্বক বিভিন্ন গুরুত্বপূণর্ সিদ্ধান্ত গৃহীত হয়।

কাতার থেকে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতার :

প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহবান জানিয়ে কাতারে নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটে প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনৈতিতে খুবই গুরুত্ব বহন করে। দেশের উন্নয়নে ও বৈশ্বিক অর্থনৈথিক সংকট থেকে উত্তরণে সহযোগী হতে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানো জরুরি। কাতার বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি কর্তৃক চলমান বৈশ্বিক জালানি ও অর্থনৈতিক সংকটময় মুহূর্তে কাতার থেকে বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণ শীর্ষক কর্মশালা ও কাতারে কর্মসংস্থান সৃষ্টিকারী প্রবাসী উদ্যোক্তা সম্মাননা

২০২৩ পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রবাসীদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, ‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে আপনার পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি দেশের উন্নয়নে আপনার অবদান নিশ্চিত হয়। এ ছাড়া দেশে আপনার আয় বৈধ বলে বিবেচিত হয়। সরকার ঘোষিত ২.৫ শতাংশ হারে প্রণোদনাও পাওয়া যায়। প্রবাসী আয়ে সম্পূর্ণ করমুক্ত সুবিধা পাওয়া যায়। রেমিট্যান্স বাড়ানোর প্রক্রিয়া হিসেবে তিনি কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করার পদক্ষেপ নেয়ার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও রাষ্ট্রদূত কাতারের নিয়মকানুন মেনে সুশৃঙ্খল জীবন যাপন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাতার প্রবাসী বাংলাদেশিদের পরামর্শ প্রদান করেন।

জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক তিনি সুখী ও সমৃদ্ধশালী সোনার বাংলা গঠনের জন্য দেশকে ভালোবেসে, দেশের প্রয়োজনে বৈধ পথে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠাতে কাতার প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত দূতাবাসের মিনিষ্টার (শ্রম) ডক্টর মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। জাতির পিতার আমৃত্যু স্বপ্ন সুখী ও সমৃদ্ধশালী সোনার বাংলা গঠিত হলে দেশের মানুষই এর সুফল ভোগী হবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি আরও বলেন, কাতারে বসবাসরত প্রায় ৪ লাখ প্রবাসী বাংলাদেশি বৈধ পথে রেমিট্যান্স পাঠালে দেশে ডলারের রিজার্ভ আরও বৃদ্ধি পাবে। বিগত অর্থবছরে বিদেশ থেকে দেশে রেমিট্যান্স গেছে প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে কাতার প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় ১.৪ বিলিয়ন ডলার। এ জন্য কাতার প্রবাসীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান ডক্টর মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। বৈধপথে রেমিট্যান্স পাঠাতে সমস্যা হলে দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

প্রবাসীদের সময়মতো নিজের পাসপোর্ট ও ইকামার মেয়াদ হালনাগাদ রাখার পরামর্শ দেন ডক্টর মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। কারণ ইকামার মেয়াদ না থাকলে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো সম্ভব হয় না। তাই এ বিষয়ে প্রবাসীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য সম্মাননা প্রাপ্ত উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাদেরকে সম্মাননা প্রদানের জন্য কাতার বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কেননা এ ধরনের কাজের স্বীকৃতি তাদেরকে আরো ভালো কাজ করার জন্য প্রেরণা জোগাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

সংগঠনের আহবায়ক নুরুল আবসার বাবুলের সভাপতিত্বে এবং জি এম আকাশের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিনিষ্টার (শ্রম)  ডক্টর মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সি,আই,পি জালাল আহমেদ, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল মিয়া, সংগঠনের সদস্য সচিব ইউসুফ পাটোয়ারী লিংকন, সমন্বয়ক আকবর হোসেন বাচ্চু, এম এ সালাম এবং আহসান উল্লাহ্‌ সজিব।

রেমিট্যান্স প্রেরণ শীর্ষক কর্মশালায় কাতারে অবস্থিত প্রবাসী ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

সর্বশেষ রেমিট্যান্স প্রেরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনার মূল আকর্ষণ জনপ্রিয় ব্যান্ড দল “শ্রাবন ব্যান্ড” নিজেদের গানে মাতিয়ে তুলেন উপস্থিত অতিথিদের। নৈশভোজের মাধ্যমে এ রেমিট্যান্স প্রেরণ শীর্ষক কর্মশালা সভার পরিসমাপ্তি ঘটে।