All posts by jitu

মাদক ও পরীক্ষায় নকল বন্ধ করতে পারলে সফল দেশ গড়তে সহায়ক হয় : কুমিল্লায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা:

মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক অপরাধ সামাজিক অবক্ষয়। একটি দেশের যুবসমাজকে ধ্বংস করতে হলে পরীক্ষা নকল ও মাদকই যথেষ্ট। তাই মাদকমুক্ত ও পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ গড়ে তুলতে পারলেই একটি দেশ সফলতার পথে অনেক দূরে এগিয়ে যায়।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কুমিল্লা পুলিশ লাইন সেমিনার কক্ষে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, সুন্দর বাংলাদেশ গড়তে হলে মাদকের বিরুদ্ধে একসাথে কাজ করতে হবে। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। শীঘ্রই মাদকের বিরুদ্ধে কঠোর আইনপ্রয়োগ ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন ।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, মাদক কারবারিদের চিহিৃত করে পুলিশকে তথ্য দিয়ে সবাই যার যার অবস্থান থেকে সহায়তা করতে হবে। আগামী ১৮ তারিখ থেকে মাদককারবারি কাউকে ছাড় দেয়া হবেনা বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

 

কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী বক্তব্যে বলেন, মাদক হচ্ছে সকল অপরাধের সুতিকাগার। এটা নির্মূল করতে পারলে সকল অপরাধ কমে যাবে। তাই মাদক নির্মূল করাই আমাদের প্রধান কাজ হিসেবে বেছে নিয়েছি।

 

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ।

পরে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে মাদকবিরোধী র‌্যালিতে উপস্থিত ছিলেন- কুমিল্লা সদরের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা পরিষদ প্রশাসক,কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা বারের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কাইমুল হক রিংকু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জনের মৃত্যু

মাসুদ হোসেন, চাঁদপুর:

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত হয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সংঘর্ষের পর বাস ও ট্রাক দুটিই সড়কের ওপর ছিটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয় এবং দুটিই সড়কের ওপর ছিটকে পড়ে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের আশঙ্কা, গুরুতর আহতদের মধ্যে আরও কেউ মারা যেতে পারেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

নাঙ্গলকোটে আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

নাঙ্গলকোট প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোমকোট গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে শাহ আলমের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনায় ঘরের আসবাবপত্রসহ প্রায়, ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

স্থানীয় সূত্রে জানা যায়, ১১ আগস্ট মঙ্গলবার দুপর ১ টায়  শাহ আলমের ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ঘর ও ভেতরে থাকা মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত শাহ আলমের পরিবারে স্ত্রী জুহুরা বেগম, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পরিবারের বাবা ও ছেলে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।

জানা গেছে, কিস্তিতে নির্মাণ করা হয়েছিল তাদের বসতঘরটি। আগুনে ঘরসহ পরিবারের প্রয়োজনীয় সবকিছু পুড়ে যাওয়ায় তারা এখন অনেকটা নিঃস্ব হয়ে পড়েছেন।

পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে ঘর ও আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার প্রায় ৪০ মিনিট পর লাকসাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

স্থানীয়দের অভিযোগ, নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে পাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে সময় লাগে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক সময় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নাঙ্গলকোটে দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হলে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব হবে।

এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় ৫ বছরের শিশু নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় মুনতাহা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চরবাকর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মুনতাহা আক্তার মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মুনতাহা তার মায়ের সঙ্গে দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় আসে, সেখানে গাড়ি থেকে নামার পর ভাড়া পরিশোধের সময় হঠাৎ টয়োটা হাইস গাড়ি এসে শিশুটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

ওই সময় শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মীরপুর হাইওয়ের অফিসার ইনচার্জ মজিবুল হক জানান, দূর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলায় পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মাস্টার প্যারেডে প্রধান অতিথি হিসেবে অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।

আজ ১১ আগস্ট সকাল ৭ টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

মাষ্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস ।

এ সময় ডিআইজি , চট্টগ্রাম রেঞ্জ প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। ডিআইজি প্যারেড পরিদর্শনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) ইশতিয়াক হাসান আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ জিয়াউর রহমান; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পংকজ বড়ুয়া,অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরুজ্জামান সহ জেলা পুলিশের সকল সার্কেলগন ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ

নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কর্তৃক এনটিআরসিএ (NTRCA) এর নিয়োগ বেসরকারি স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির উপর ন্যস্ত করায় বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে নয়টায় নোবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে নোবিপ্রবির সালাম হল, মালেক হল , শান্তিনিকেতন, গ্যারেজ হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিন করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়। তার মধ্যে, “টাকা না মেধা, মেধা মেধা”,”নিয়োগ বানিজ্যের বিরুদ্ধে ডাইরেক্ট একশন” , “কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে”,”চাচা না চাকরি? চাকরি চাকরি”,”মামা না চাকরি? চাকরি চাকরি”,”২৪ এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার”,”জালোরে জালো, আগুন জালো”,”ইনকিলাব ইনলিলাব জিন্দাবাদ জিন্দাবাদ
টাকা না মধা, মেধা মেধা”,”আবু সাইদ মুদ্ধ , শেষ হয়নি যুদ্ধ “,”নিয়োগ বানিজ্যের বিরুদ্ধে ডাইরেক্ট একশন”, ইত্যাদি।

বিক্ষোভের এক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিহাদুল ইসলাম রাফি বলেন, আমরা আমাদের মামা-খালুদের সময় দেখেছি টাকা বা কমিটির মাধ্যমে স্কুল-কলেজ গুলোতে নিয়োগ দিতে। যা পরবর্তীতে এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ হতো। তবে এখন আবার কথা উঠেছে যে নিয়োগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটি দিবে। সারা বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থী এগুলো মেনে নিবেনা। এনটিআরসিএ এর মাধ্যমেই নিয়োগ দিতে হবে।

নোবিপ্রবি ছাত্রশিবিরের সেক্রেটারি ও এসিসিই বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, শিক্ষক বিষয়টি কোন ছিনিমিনি খেলা নয়, তাই নিয়োগের জন্য এনটিআরসিএ শিক্ষকরা যাতে কারো কাছে ধর্না না দেয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মেধাবি শিক্ষার্থীরা রাজনৈতিক নেতাদের কাছে ধর্না দিবে, চাকরির জন্য মেধাবী শিক্ষার্থীরা কারো কাছে ধর্না দেওয়াটা জাতির জন্য লজ্জাজনক।সরকারকে বলবো এগুলো থেকে বের হয়ে আসুন। আমরা জানিনা আপনাদের এ বুদ্ধি কে দেয়। যদি এ থেকে সরে না আসেন, তাহলে আমরা যেভাবে ২৪ এ জেগে উঠেছিলাম সেভাবে আবার জাগ্রত হবো।

উল্লেখ্য, আজ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ (NTRCA)-র থেকে সরিয়ে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে এমন সিদ্ধান্তের একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়। পরবর্তীতে , বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করে।

রাত পোহালে স্পোকার্নিভাল ২.০-এর ফাইনাল

স্টাফ রিপোর্টার:

ক্রীড়াপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত স্পোকার্নিভাল ২.০ এর ফাইনাল। জমজমাট এই ফাইনালে মুখোমুখি হবে ইলেকট্রোস ও লস অ্যাস্ট্রোস ২৩। উত্তেজনাপূর্ণ এ ম্যাচকে ঘিরে ইতোমধ্যে ক্রীড়াঙ্গনে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টায় কুমিল্লার কে আলী স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।

শিরোপা জয়ের লক্ষ্যে দুই শক্তিশালী দলের লড়াই উপভোগ করতে মাঠে উপস্থিত থাকবেন বিপুলসংখ্যক দর্শক ও ক্রীড়ানুরাগী।

ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত সুজার,
কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা এবং এআরকে সফটওয়্যার সলিউশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর খালিদ আকবার।

আয়োজকদের প্রত্যাশা, স্পোকার্নিভাল ২.০-এর ফাইনাল হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। মাঠের লড়াইয়ের পাশাপাশি অতিথিদের উপস্থিতি এবং দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি রূপ নেবে এক বর্ণিল ক্রীড়া উৎসবে।

ফাইনালে কে হাসবে শেষ হাসি ইলেকট্রোস নাকি লস অ্যাস্ট্রোস ২৩? সেই উত্তরের অপেক্ষায় এখন কুমিল্লার ক্রীড়াপ্রেমীরা।

মিডিয়া হিসেবে পাশে থেকে সহযোগিতা করার জন্য দৈনিক আজকের কুমিল্লা, ডেইলি বাংলাদেশ মিরর ও চ্যানেল বাংলাদেশকে ধন্যবাদ জানান
আয়োজক কমিটি।

নাঙ্গলকোটে আবারও শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে

নাঙ্গলকোট প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দুটি দাখিল মাদ্রাসার কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠান দুটি হলো—শ্যামপুর এখলাছিয়া মহিলা দাখিল মাদ্রাসা ও দাসনাইপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। উভয় প্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে এ তথ্য জানা যায়।

ফলাফল অনুযায়ী, শ্যামপুর এখলাছিয়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে এবার ১০ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি। অপরদিকে, দাসনাইপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে দুজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে দুজনই অকৃতকার্য হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ বছর নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় ১ হাজার ৪৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৭৭৪ জন। পাসের হার ৫২ দশমিক ৬১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২১ জন।

এসএসসি পরীক্ষায় ৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৫৩৬ জন। পাসের হার ৪৮ দশমিক ৭৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২২৬ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫৬ জন। পাসের হার ৬৯ দশমিক ০৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন।

দুটি প্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্যের ঘটনায় স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষার মান, শিক্ষক উপস্থিতি, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি এবং একাডেমিক তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তারা প্রতিষ্ঠান দুটির ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানের পাশাপাশি নিয়মিত একাডেমিক মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন।

শ্যামপুর এখলাছিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল খায়ের বলেন, অনেক শিক্ষার্থী বিয়ে হয়ে যাওয়ায় এবং পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়ায় এমন ফল হয়েছে। তবে মাদ্রাসার বিভিন্ন অনিয়ম ও ব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

দাসনাইপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইউসুফ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বহিষ্কৃত হওয়ায় বর্তমানে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করছেন মাদ্রাসার সহ-সুপার একরামুল হক।

তিনি বলেন, “মাদ্রাসায় নানা সমস্যার কারণে শিক্ষার্থী সংকট রয়েছে। দুজন শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় একজন। ওই শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছে।

নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস বলেন, “ফলাফল প্রকাশের পরপরই আমি প্রতিষ্ঠান দুটিতে ফোন দিয়ে ফলাফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে বলেছি।

মুরাদনগরে মাদক কারবারি বাবা-ছেলে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরে ১২৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার ১৫০ টাকাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়ার তারু মিয়া (৭১) ও তার ছেলে শুক্কুর আলী (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল্লাহ আল মাসুদ ও এএসআই কুসুম বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার রাতে উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির অভিযোগে বাবা তারু মিয়া ও ছেলে শুক্কুর আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ১২৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবা-ছেলের নেতৃত্বে এলাকায় একটি মাদক সিন্ডিকেট সক্রিয় ছিল। তাঁদের মাধ্যমে এলাকার যুবসমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছিল বলেও অভিযোগ রয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

কুমিল্লা সীমান্তে প্রায় ১২৫ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১২৪ দশমিক ৮ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদকসহ একজনকে আটক করা হয়েছে।

আজ সোমবার (১০ আগস্ট) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করছে কুমিল্লা ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায় সোমবার জেলার বিভিন্ন বিওপির টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালায়।

অভিযানে সীমান্তের ১ কিলোমিটারের মধ্যে বাংলাদেশের অভ্যন্তর থেকে ১০০ পিস ইয়াবা ও ১২৪ দশমিক ৮ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ একজনকে আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।