All posts by jitu

নির্বাচনি ইশতেহারে ৯ প্রতিশ্রুতি বিএনপির

ডেস্ক রিপোর্ট:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাতির সামনে এই ইশতেহার তুলে ধরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ইশতেহারে ‘মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র’ বিনির্মাণের জন্য ৯টি প্রধান প্রতিশ্রুতি দেয়া হয়েছে। সে ৯টি বিষয় হলো–

> প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। অর্থ সেবার এই পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

> কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে। মৎস্যচাষী, পশুপালনকারী খামারি ও কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুবিধা পাবেন।

> দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

> আনন্দময় ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন, প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, শিক্ষক-শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা এবং ‘মিড-ডে মিল’ চালু করা হবে।

> তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ এবং মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে।

> ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।

> পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ২০ হাজার কিলোমিটার নদী, খাল খনন ও পুনঃখনন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে।

> ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে।

> ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম (পেপাল) চালু, ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন এবং ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করা হবে।

ইশতেহার ঘোষণার আগে ও পরে আগামীর বাংলাদেশ পরিচালনায় দলটির অঙ্গীকার তুলে ধরে ভিডিও উপস্থাপনা দেওয়া হয় অনুষ্ঠানে। বিএনপির লক্ষ্য, উদ্দেশ্য ও অঙ্গীকারসহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয় সেখানে।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগ অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট। বিএনপি ইতোমধ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছেন তারেক রহমান।

কুমিল্লায় ১৪৮ কেজি গাঁজা ও ১০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিসি-২ এর পৃথক দুইটি অভিযানে কুমিল্লা থেকে ১৪৮ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ০৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন শুভপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রুমা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪৮ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ০৬ ফেব্রুয়ারি রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর আরেকটি বিশেষ দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দুতিয়া দিঘীরপাড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। সেখানে ইকবাল হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত রুমা বেগম চৌদ্দগ্রামের শুভপুর গ্রামের আঃ রাজ্জাকের স্ত্রী এবং ইকবাল হোসেন কোতয়ালী থানার দুতিয়া দিঘীরপাড় এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিল।

র‌্যাব-১১ জানিয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পাঁচথুবী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে বিশাল নির্বাচনী র‍্যালি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে এক বিশাল নির্বাচনী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁনপুর স্টিল ব্রিজে অনুষ্ঠিত মনিরুল হক চৌধুরীর নির্বাচনী জনসভায় গিয়ে শেষ হয়। র‍্যালিটির নেতৃত্ব দেন পাঁচথুবী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহাম্মেদ রাহুল।

র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালি চলাকালে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ রাজীব আহমেদ রানা বলেন, মনিরুল হক চৌধুরী একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। তিনি নির্বাচিত হলে পাঁচথুবী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় কাজ করবেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে। এবারের নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহাম্মেদ রাহুল তার বক্তব্যে বলেন,“পাঁচথুবী ইউনিয়নের মানুষ পরিবর্তন চায়। ধানের শীষই জনগণের সেই প্রত্যাশার প্রতীক। মনিরুল হক চৌধুরী নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে।”

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ রাজীব আহমেদ রানা, ৫নং পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মিয়া, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ রুবেল আহমেদ, কুমিল্লা মহানগর যুবদলের সদস্য আশ্রাফ রুবেল, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদল সদস্য মোঃ নাছির, আদর্শ সদর উপজেলা ছাত্রদল নেতা কাজী লিছান আহমেদ, ৫নং পাঁচথুবী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারুফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ডেইলি সানের উদ্যোগে ইংলিশ মিডিয়াম ও উচ্চশিক্ষা নিয়ে রাউন্ড টেবিল, উন্মোচন হলো “বিয়ন্ড বর্ডারস”

নিজস্ব প্রতিবেদক:

ডেইলি সানের উদ্যোগে “Global Standards, Local Roots: Adapting English-Medium Education for a New Bangladesh” শীর্ষক একটি তাৎপর্যপূর্ণ রাউন্ড টেবিল অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল এক্সাম বোর্ড OxfordAQA, এডুকেশন কনসালটেন্সি NWC এবং Brit Academy London-এর যৌথ পার্টনারশিপে ডেইলি সানের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় আয়োজিত এই রাউন্ড টেবিলে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সাবরিনা শহীদ, প্রিন্সিপাল, স্যার জন উইলসন স্কুল; মো. শাহিন রেজা, কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ, OxfordAQA; তাহনি ইয়াসমিন, ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট, ব্রিটিশ কাউন্সিল; সাব্বির আলম, অপারেশন ম্যানেজার, Brit Academy; মো. ওয়াহেদ ইবনে শাহেদ, ভিপি ও হেড অব রিটেইল ব্যাংকিং, ট্রাস্ট ব্যাংক পিএলসি; প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া, উপাচার্য, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ড. মো. ফখরুল ইসলাম, সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), বাংলাদেশ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেইলি সানের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভীর উল ইসলাম। শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস।

রাউন্ড টেবিলে স্যার জন উইলসন স্কুল, সানিডেল স্কুল, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলসহ দেশের প্রায় ২০টি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং বিভিন্ন এডুকেশন কনসালটেন্সি, ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে একটি বৈচিত্র্যময় ও ফলপ্রসূ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বাংলাদেশে ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থার অর্জন, সীমাবদ্ধতা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং অর্থায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা ইংলিশ মিডিয়াম শিক্ষাকে আরও শক্তিশালী করতে নীতিগত সহায়তা, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, শিক্ষক উন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে “Beyond Borders” শীর্ষক একটি ম্যাগাজিনের উন্মোচন করা হয়। ইংলিশ মিডিয়াম শিক্ষা ও উচ্চশিক্ষা বিষয়ক এই ম্যাগাজিনটি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের জন্য আন্তর্জাতিক সুযোগ, দিকনির্দেশনা ও গবেষণাভিত্তিক তথ্য উপস্থাপন করবে।

আলোচকরা আশা প্রকাশ করেন, এই রাউন্ড টেবিল বাংলাদেশের ইংলিশ মিডিয়াম শিক্ষা ও উচ্চশিক্ষা খাতে কার্যকর সংলাপ, নীতিগত উন্নয়ন এবং বাস্তবমুখী কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য প্যানেলিস্ট আলোচনায় অংশ নেন ফিতরাত রশীদ, ভাইস প্রিন্সিপাল, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল; ইয়াসমিন হাবিব, প্রিন্সিপাল, সানিডেল স্কুল; আবদুল্লাহ আল মাসুদ, প্রিন্সিপাল, গ্রিন মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল (জিএমআইএস); অধ্যাপক কুতুব উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর, একাডেমিয়া; ফয়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ, প্রিন্সিপাল, লেজেন্ড ইন্টারন্যাশনাল স্কুল; আবদুল্লাহ জামান, প্রিন্সিপাল, হুইটন ইন্টারন্যাশনাল স্কুল; মারিয়াম নূর ইউনুস, প্রিন্সিপাল, নিউ হরিজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল; ফারজানা করিম, প্রিন্সিপাল, আল আজহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল; আমরিন হুসাইন, ভাইস প্রিন্সিপাল, কানাডিয়ান ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল; আফরোজা হক চৌধুরী, প্রিন্সিপাল, স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুল; মো. সাইফুল সেরাজ সাইফ, হেড অব স্টুডেন্ট ব্যাংকিং, সিটি ব্যাংক পিএলসি; জুবায়ের নাঈম, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট (স্কুলস), ব্রিটিশ কাউন্সিল; মোহাম্মদ কাঞ্চন, ম্যানেজার, ব্র্যান্ড মার্কেটিং, টিসিএল গ্লোবাল; আলিফ উজ্জামান, কান্ট্রি ম্যানেজার, এনডব্লিউসি এডুকেশন; অনিক ভৌমিক, হেড অব মার্কেটিং, এনডব্লিউসি এবং মো. আল-মামুন ইসলাম, ম্যানেজার, সেলস অ্যান্ড স্ট্র্যাটেজি, এমআইই ইংলিশ একাডেমি।

দাউদকান্দিতে দাঁড়িপাল্লার প্রচারণায় মহিলাদের হেনস্তার অভিযোগ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণাকালে জামায়াতের মহিলাকর্মীদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় উপজেলার ষোলপাড়ায় ১১দলীয় জোটের  প্রার্থী মনিরুজ্জামান বাহলুল এর নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন দাউদকান্দি উপজেলা জামায়াত মহিলা শাখার নেত্রীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা শূরা সদস্য বিলকিস আক্তার বলেন, অতীতে যেমন আমরা আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নানাভাবে লাঞ্চিত, বঞ্চিত, অপমানিত হয়ে কোথাও বিচার চাইতে পারিনি। আজও বিএনপির কতিপয় সন্ত্রাসীদের কারণে আমাদের নারী সমাজের এদেশে স্বাভাবিক জীবনযাপন করা, কথাবলা, নির্বিঘ্নে পথচলা, মৌলিক অধিকার সমূহ ভোগ করা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। তাদের অত্যাচারে ত্রাস আমরা সর্বত্র নিরাপত্তাহীনতায় ভূগছি।

তিনি বলেন, দেশ গঠনে আমরা সকল স্তরের নারীদেরকে  ভূমিকা রাখার উদাত্য আহবার জানাই। কিন্তু আমাদের প্রতিপক্ষ বিএনপির নিকট তা গাত্রদাহের কারন হয়ে উঠেছে। নারীদের মত প্রকাশ অধিকার অর্জনে তারা প্রতিবন্ধকতা তৈরী শান্ত পরিবেশকে  অস্থির ও অশান্ত করছে। গত ৩/৪ দিন যাবৎ দাউদকান্দির বিভিন্ন স্থানে যেমন- বিটিশ্বর ইউনিয়নের নৈয়ার গ্রামে, গতকাল  হান্নান গৌরীপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে,  এর আগে পদুয়া ইউনিয়ন বাংলাদেশ জামায়তে ইসলামী সেক্রেটারী আব্দুস সাত্তারের দোকানে গিয়ে মারধর করে, সুন্দলপুর ইউনিয়নের বড়গোয়ালী গ্রামে, পাঁছগাছিয়া ইউনিয়নের হরিনা বাজারখোলায় মহিলা কর্মীদের হেনস্তা করেছে বিএনপির লোকজন । ভুক্তভোগী নারীদের দাবি, এ ঘটনায় তারা চরম অপমান ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারী ফাতেমা জাহান, পৌরসভা মহিলা জামায়াতের সেক্রেটারী শিরীন হক, সাবেক সেক্রেটারী হাসিনা মমতাজ লাকি, সহ সেক্রেটারী খোরশেদা আক্তারসহ জেলা উপজেলার  কর্মপরিষদ ও সূরা সদস্য বৃন্ধা।

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:

লক্ষ্মীপুর জেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদসহ ২ জনকে আটক করা হয়েছে।

বুধবার ( ৪ ফেব্রুয়ারি) রাত ১০ টায় লক্ষীপুর জেলায় যৌথ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে সদর উপজেলার আলেয়াপুর, চন্দ্রগঞ্জ এলাকা হতে ১টি ৯ মি.মি. পিস্তল, ১১ রাউন্ড পিস্তলের গোলাবারুদ, ২টি পিস্তলের ম্যাগাজিন, ৪ রাউন্ড কার্তুজ, ৪টি এলজি, ২৬ রাউন্ড শটগানের গোলাবারুদ, ২টি ককটেল বিস্ফোরক, ৫৩টি আতশবাজি, ১টি দেশীয় অস্ত্র এবং ১টি বিপি জ্যাকেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ধানের শীষের দল ছাড়া অন্য কেউ দেশের জনগণকে নিয়ে ভাবেনি: ড.খন্দকার মারুফ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, ধানের শীষের দল ছাড়া অন্য কেউ অতীতে দেশের জনগণকে নিয়ে ভাবেনি, জনগণের স্বার্থরক্ষায় কাজ করেনি। বিএনপিই একমাত্র দল ক্ষমতায় থাকুক- আর বিরোধী দলে থাকুক, দেশের মানুষের স্বার্থে সর্বদা প্রফুল্লচিত্তে কাজ করছে। আগামীতে জাতির উন্নত ভবিষ্যত গঠনে ১২ ফেব্রুয়ারীর নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ। ক্লীন ইমেজের ব্যক্তিত্ব, উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, ধানের শীষের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেনকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

তিনি আজ বৃহস্পতিবার কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসনের প্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে মেঘনা উপজেলার ভাওরখোলা এবং মানিকার চর ইউনিয়নের ওমরাকান্দা, ভাওরখোলা, বৈদ্যনাথপুর, মাধপুর নোয়াগাঁও, মানিকার চর দরগাহ্ মাঠ, আমিরাবাদ এবং বারহাজারী স্পটে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।

ড.খন্দকার মারুফ বলেন,বিএনপি যখনই ক্ষমতায় থাকে- দেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়। মানুষের জান-মাল নিরাপদ থাকে। এটি আজ প্রমাণিত সত্য। তাই চারিদিকে আজ ধানের শীষের গণজোয়ার। দেশের মানুষ ধানের শীষকে বিজয়ী করার জন্য মুখিয়ে আছে।

ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল হাসানের নেতৃত্ব মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের মোখলেছুর রহমানসহ নেতাকর্মীগণ বিএনপির পথসভায় উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে সমর্থন ঘোষণা করেছেন।

প্রচারণার ১৫তম দিনেও থেমে নেই জনতার ঢল। কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন আজ যেন আলোর মিছিলে ভরে উঠেছে।

“চলছে মেঘনা উপজেলায় ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে গণসংযোগ ও পথসভা। মেঘনার স্বত:স্ফূর্ত মানুষের অংশগ্রহণে প্রতিটি পথ, প্রতিটি মোড়- ধানের শীষের পক্ষে গগণবিধারী আওয়াজ। মানুষের ভালোবাসা, বিশ্বাস আর প্রত্যাশায় বিএনপি আজ আরও শক্তিশালী, আলোকিত ও দৃঢ়।

পথসভা ও গণসংযোগে ভাওরখোলা ও মানিকার চর ইউনিয়নের বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।

দাউদকান্দিতে বাসচাপায় আহত ছাত্রীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাসচাপায় আহত শিক্ষার্থী খাদিজা আক্তার (১৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে আজ বেলা ১১টার দিকে সুন্দলপুর উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

খাদিজা আক্তার সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও সুন্দলপুর গ্রামের বাসিন্দা মাহবুব আলম খানের মেয়ে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা ছিল।

স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশায় দাউদকান্দি পৌরসভার বৌবাজারের দিকে যাচ্ছিল খাদিজা। হাসানপুর বাসস্ট্যান্ডে এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে খাদিজা গুরুতর আহত হয়। তাকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা পাঠানো হয়। সেখানে সাত দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়।

সুন্দলপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম বলেন, খাদিজা মেধাবী ছাত্রী ছিল। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত: প্রথম আলো

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার

নিজস্ব প্রতিবেদক:

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (CPC) কর্তৃক আয়োজিত ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার (NCF) ২০২৬ সফলভাবে সমাপ্ত হয়েছে। ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এনএসইউ প্লাজায় অনুষ্ঠিত আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এই ফ্ল্যাগশিপ ইভেন্টের পরিসমাপ্তি ঘটে। এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় নিয়োগকর্তা, শিল্পখাতের পেশাজীবী, শিক্ষার্থী ও নবীন গ্র্যাজুয়েটদের অংশগ্রহণে শিল্প–শিক্ষা সহযোগিতা জোরদার এবং গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান সক্ষমতা বৃদ্ধিতে এনএসইউ-এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী। তিনি শিল্পভিত্তিক শিক্ষা ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মবাজারের জন্য প্রস্তুত করার বিষয়ে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নাসের ইউ. আহমেদ, ট্রেজারার মি. আবদুর রব খান এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস রেহানা রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মি. এম. এ. কাশেম। তিনি ভবিষ্যৎ উপযোগী গ্র্যাজুয়েট তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের দৃঢ় অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (DCCI) প্রেসিডেন্ট মি. তাসকিন আহমেদ বাংলাদেশের কর্মসংস্থান সম্ভাবনা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

সমাপনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. ফারজানা নাহিদ, পরিচালক, ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (CPC) ও সহযোগী অধ্যাপক, নর্থ সাউথ ইউনিভার্সিটি। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ, অতিথিবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের সম্মিলিত প্রচেষ্টায় ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬-এ শতাধিক স্বনামধন্য দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যেখানে তাৎক্ষণিক নিয়োগ, নেটওয়ার্কিং সুযোগ, ক্যারিয়ার কাউন্সেলিং এবং শিল্পখাত সম্পর্কিত দিকনির্দেশনা প্রদান করা হয়। বছরের পর বছর ধরে এই মেলা বাংলাদেশের অন্যতম বৃহৎ ক্যারিয়ার প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন তৈরি করে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আত্মবিশ্বাসের সঙ্গে পেশাগত ভবিষ্যতের পথে এগিয়ে যেতে সহায়তা করছে।

দাউদকান্দিতে হাঁস চুরির অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে বাড়ি থেকে ডেকে নিয়ে সাঈদ ভুঁইয়া (২৩) নামে এক যুবককে হাঁস চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার সকালে উপজেলার মালিগাঁও গ্রাম থেকে মো. জসিম মিয়া (৩৫) ও একই গ্রামের মো. ওমর সানিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত সাঈদ ভুঁইয়া মালিগাও গ্রামের বাসিন্দা ও পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। এ ঘটনায় সাঈদের বাবা আলাউদ্দিন ভুঁইয়া দাউদকান্দি মডেল থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় বাসিন্দা ও নিহত যুবকের বাবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মালিগাও গ্রামের আব্দুর রাজ্জাক মিয়া নামে এক ব্যক্তি সাঈদের বাবার কাছে সাঈদ তার হাঁস চুরি করেছে বলে অভিযোগ করেন। তার বাবা ওই ব্যক্তিকে জানান, যদি আমার ছেলে হাঁস চুরি করে থাকে বাড়িতে এলে আমি বিচার করে হাঁসের ক্ষতিপূরণ দেব। এতে রাজ্জাক মিয়া উত্তেজিত হয়ে বাড়ি থেকে চলে যান।

পরে রাত ১১টার দিকে রাজ্জাক মিয়া সাঈদের পরিবারের কাউকে না জানিয়ে কৌশলে সাঈদকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সাঈদ রাজ্জাক মিয়ার বাড়িতে গেলে রাজ্জাক, তার ছেলে রাব্বি, জাহিদ ও রাজ্জাকের ভাতিজা শাওনসহ আরো ৪-৫ জন সহযোগীদের নিয়ে সাঈদকে হাঁস চুরির অপবাদ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং পাশের এক মুদির দোকানের সামনে ফেলে রাখে।

খবর পেয়ে সাঈদের বাবা রাত বারোটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখেন মুদি দোকানের সামনে সাঈদ মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। এ অবস্থা দেখে সাঈদকে প্রথমে মালিগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাঈদ মারা যান।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানায়, ঘটনাস্থল থেকে পুলিশ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে এবং মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে মডেল থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।