All posts by jitu

কুমিল্লা সেনানিবাসে ২য় পপুলার লাইফ ইন্সুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট সম্পন্ন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে সম্পন্ন হয়েছে ২য় পপুলার লাইফ ইন্সুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট। টুর্নামেন্টে ময়নামতি গলফ ক্লাব,ভাটিয়ারী গলফ ক্লাব,কুর্মিটোলা গলফ ক্লাবসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার অংশ নেয়।

শুক্রবার সকালে ময়নামতি গলফ কান্ট্রি ক্লাবের মাঠে রঙ্গিন বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সভাপতি এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্সুইরেন্সের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আলমগীর ফিরোজ।

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জিওসি মোঃ মাইনুর রহমান ও পপুলার লাইফ ইন্সুইরেন্সের ম্যানেজিং ডাইরেক্ট এবং সিইও বি এম ইউসুফ আলী।

পরীমণিকে কঠিন জবাব দিলেন মিম

বিনোদন ডেস্ক:

আগেও পরীমণি তার ফেসবুক পোস্টের মাধ্যমে গুঞ্জন বাজারে তুলে এনেছেন বিদ্যা সিনহা মিমের নাম। যদিও নাম উল্লেখ করেননি। তবে এবার সরাসরি হিট করলেন ‘পরাণ’ নায়িকাকে। গত রাতে মিমকে মেনশন করে পরীমণি লিখলেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল’!

মণি বিশ্বাস করেন, পতি শরিফুল রাজ ও ব্যাংকারপত্নী বিদ্যা সিনহা মিম চুটিয়ে প্রেম করছেন। আর তাতে সহযোগিতা করছেন ‘পরাণ’-‘দামাল’ নির্মাতা রায়হান রাফী। তাই তো বুধবার দিনগত রাত সোয়া দুইটার (১০ নভেম্বর প্রথম প্রহর) দিকে মিমের বাসায় যখন স্বামী সনি পোদ্দারকে নিয়ে কেক কেটে জন্মোৎসব চলছিল, তখন পরীর ঘরে জ্বলছিল আগুন। যার রেশ মিললো তার ফেসবুক পোস্টে। যেখানে মিমকে ছাড়াও পরী মেনশন করে পোস্ট করেন পতি রাজ ও নির্মাতা রাফীকে।

রাফীকে মেনশন করে পরী লেখেন, ‘সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!’ আর রাজকে মেনশন করে লেখেন, ‘এটা এতদূর গড়াতে দেয়া উচিত হয়নি তোমার।’

পরীর এমন প্রতিক্রিয়ার দশ ঘণ্টা পর বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে মুখ খুললেন বিদ্যা সিনহা মিম। জানালেন পরীর এমন প্রতিক্রিয়ায় তার অবস্থান ও প্রতিক্রিয়া। মিম বলেন, ‘কখনোই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দেইনি, যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী। বেড়ে উঠেছি কোন ধরনের পারিবারিক আবহে, আমার চারপাশটা কেমন। এখন যে বা যারা কোনও প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই। তবে এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করবো।’

‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার সফলতায় বিভ্রান্ত হয়ে পরীমণি এমনটা করছে বলেও ইঙ্গিত দেন মিম। বলেন, ‘‘দুই ছবির আকাশছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। ‌‌‘পরাণ’ ও ‘দামাল’ যে ভালোবাসা আমাকে দিচ্ছে, দেড় দশক আগে ঠিক একইরকম ভালোবাসায় সবাই আমাকে লাক্স চ্যানেল আই সুপারস্টার বানিয়েছে। সবার ভালোবাসাকে গুরুদায়িত্ব হিসেবে মেনে নিয়ে আমি আমার পেশাদার অভিনয় জীবন গড়ে তোলার চেষ্টা করেছি, করে যাচ্ছি, আগামীতেও করে যাবো।’’

মিম জানান, অভিনয়ের পাশাপাশি বাংলাদেশে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে তিনি কাজ করছেন। শিক্ষক বাবার আদর্শ ও তার মায়ের শেখানো সততাকে সঙ্গী করে দারুণ কিছু কাজ করার চেষ্টা করছেন প্রতিনিয়ত। তাই, কারও মনগড়া কথায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন ভক্তদের প্রতি।

বলতে ভোলেননি সংবাদকর্মীদেরও। মনে করিয়ে দিলেন আইনের কথাও। মিম বলেন, ‘আমার এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সবসময় আন্তরিক সহযোগিতা করেছেন। আপনারাই আমার যাবতীয় কাজ, ভাবনা-চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে তুলে ধরেছেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, কোনও ধরনের যাচাই-বাছাই না করে বিভ্রান্তিকর কোনও খবর ছড়াবেন না। কোনও ইউটিউব কিংবা নিউজ পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনও ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করে, তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হবো।’

এদিকে এই বিষয়ে নির্মাতা রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করলে তিনি এখনই কোনও মন্তব্য করতে রাজি হননি। https://www.ajker-cumilla.com/

কুমিল্লায় বিভিন্ন ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল পণ্য তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল পণ্য তৈরির অভিযোগে কামাল হোসেন নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১টা থে‌কে দুপুর দেড়টা পর্যন্ত সহকারী প‌রিচালক আসাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে সদর উপজেলার হযরতপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি নকল সার্ফ এক্সেল ও বিভিন্ন ব্র্যান্ডের নাম ব্যবহার করা নকল চা পাতা জব্দ ক‌রে ধ্বংস করা হয়। ‌

সহকারী প‌রিচালক আসাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে চলা এ অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

 

আইএমএফের ঋণ নিয়ে সরকার জনগণের কাঁধে বোঝা চাপাচ্ছে : মির্জা ফখরুল

 

ডেস্ক রিপোর্টঃ

দুর্নীতির মাধ্যমে রিজার্ভ ফাঁকা করে এখন আইএমএফের ঋণ নিয়ে সরকার জনগণের কাঁধে বোঝা চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আইএমএফের কাছ থেকে ঋণ পেয়ে ডুগডুগি বাজাচ্ছেন। আগে বলেছিলেন, আইএমএফের ঋণ লাগবে না। তাহলে এখন কেন আইএমএফের লোন নিচ্ছেন? কারণ দুর্নীতি করে রিজার্ভ ফাঁকা করে ফেলেছেন। সামনে আইএমএফের লোন পরিশোধ করবেন কীভাবে? এ ঋণ তো জনগণের কাঁধে বোঝা হয়ে থাকবে।’

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ করা হয়।

বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে এ কর্মসূচি করছে স্বেচ্ছাসেবক দল।
অর্থপাচার করে বিদেশে ব্যবসা করার হিড়িক পড়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘একটি দেশে বাংলাদেশিদের বিনিয়োগের হিড়িক পড়েছে। সেখানকার শেয়ার ব্যবসাসহ নানান জায়গায় বাংলাদেশিরা বিনিয়োগ করছে।’

বিরোধী দল দমনে সরকার গায়েবি মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘ক্ষমতাসীনদের হাতিয়ার হচ্ছে মামলা দেওয়া। পুরনো যেসব মামলা ছিল, সেগুলো সচল করা হচ্ছে। ১৪ বছর ধরে একই খেলা চলছে। মামলা দিয়ে আর দমানো যাবে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ষড়যন্ত্রের মাধ্যমে আন্দোলন ভিন্নখাতে প্রবাহিত করার পুরোনো অপচেষ্টায় লিপ্ত সরকার। সবাইকে সতর্ক থেকে জনগণের দাবি আদায়ে মনোযোগ দিতে হবে। জিয়াউর রহমানের মাজার সরিয়ে নেওয়ার কথা বলে ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি এটাকে হালকাভাবে নিচ্ছে না। এর মাধ্যমে জনগনের নজর ভিন্ন দিকে নেওয়ার অপচেষ্টা হচ্ছে। বিএনপি তা হতে দেবে না।’

তিনি আরও বলেন, ‘গুম ,খুন, নিখোঁজ পরিবারের সদস্যদের দিয়ে ১০ বছর আগে মায়ের ডাক নামে একটি সংগঠন হয়। এখন এর বিপরীতে মায়ের কান্না তৈরি করেছেন পুরোনো কল্প-কাহিনির ইস্যুকে সামনে এনে চক্রান্ত করা হচ্ছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার এ আন্দোলন ব্যর্থ করে দেওয়ার চক্রান্ত করছে তারা।’

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানের সঞ্চালনায় এবং সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, মুস্তাফিজুর রহমান, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

জিনের বাদশার কথায় আড়াই মাসের শিশুকে বালিশচাপায় হত্যা করলো খালা

 

ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজারের চকরিয়ায় গুপ্তধনের লোভে আপন বোনের আড়াই মাস বয়সি শিশু আনাসকে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে খালা আঁখি রহমানের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের মধ্য সুরাজপুর গ্রামে।

সংশ্লিষ্টরা জানান, সুরাজপুর মাঝের পাড়ি স্টেশন জামে মসজিদের মুসল্লিরা বুধবার ফজরের নামাজের পর মাতামুহুরি নদীতে ভাসমান মৃত শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। শিশু আনাস সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মধ্য সুরাজপুর গ্রামের হোসাইন আলীর ছেলে।

থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী  বলেন, আড়াই মাসের শিশু বাড়ি থেকে ২০০ গজ দূরে নদীতে পড়ে মারা যাওয়া রহস্যজনক মনে হওয়ায় বাবা, মা ও শিশুটির খালা আঁখি রহমানকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জিনের বাদশার কথামতো শিশুটির খালা আঁখি রহমান মুখে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে শিশু আনাসকে হত্যা করে। পরে লাশ নদীতে ফেলে দেয় বলে স্বীকার করে।

এ ঘটনায় বিএমচর ইউনিয়নের ছৈনাম্মাঘোনা এলাকার সৈয়দ আহমদের মেয়ে আঁখি রহমানকে আসামি করে হত্যা মামলা করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ১১

 

ডেস্ক রিপোর্টঃ

মালদ্বীপের রাজধানী মালের মাফান্নু এলাকার একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহতদের মধ্যে ৯ জনই ভারতীয় নাগরিক বলে জানা গেছে।মালদ্বীপের সংবাদমাধ্যম সান এ তথ্য জানিয়েছে।

মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, এ পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৯ জন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মালে শহরের মাফান্নু এলাকার ইস্কান্দার মাগুতে অবস্থিত সেনরোজ নামের একটি বাসার গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার কর্মীরা থাকতেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানায় ফায়ার সার্ভিস। কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বলা হচ্ছে হতাহতের হিসাবে এটি মালদ্বীপে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি।

এদিকে ঘটনাস্থলসহ মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মামুন পাঠান।

চাঁদপুরে ৬ টন জাটকা জব্দ, এতিমখানা ও গরীবদের মধ্যে বিতরণ

 

ডেস্ক রিপোর্টঃ

হাতিয়া থেকে চাঁদপুর মাছঘাটে আনার পথে ৪টি ট্রাক হতে ৬ হাজার কেজি (৬ টন) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার ও ইচলী চৌরাস্তা এলাকার আঞ্চলিক সড়ক থেকে এসব জাটকা জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন- কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লে. বিএম তানজীমুল ইসলাম।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, দক্ষিণাঞ্চল থেকে জাটকা বিক্রির জন্য চাঁদপুরের মাছঘাটে নিয়ে আসা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড নোয়াখালী থেকে চাঁদপুরের প্রবেশ পথে অবস্থান নেয়। পরে জাটকাসহ ৪টি ট্রাক জব্দ করে কোস্টগার্ড স্টেশনে আনা হয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করা হয়। জব্দ করা জাটকাগুলোর সঙ্গে বড় সাইজের ইলিশ মাছও ছিল। যে কারণে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে বড় ইলিশগুলোর সাইজ মেপে ট্রাকের সঙ্গে থাকা লোকদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি ১০ ইঞ্চি সাইজের নিচের সব জাটকা জব্দ করা হয়। যার পরিমাণ ৬ হাজার কেজি।

জব্দ করা জাটকাগুলো স্থানীয় ৩৫টি এতিমখানা, গরীব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

কুমিল্লার হোমনায় খাট থেকে পড়ে ১১ মাসের শিশুর মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার হোমনায় খাট খেকে পরে তাহসিন আহম্মদ নামে ১১ মাসের এক শিশু মারা গেছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার কৃঞ্চপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু কৃঞ্চপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার মাহফুজা খানম জানান, শিশুটিকে হাসপাতালে আনার পথেই মারা যায়।

শিশুটির পিতা হাবিবুর রহমান জানান, ছেলেটি দুদিন ধরে অসুস্হ। ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাওয়াচ্ছি। জ্বর সারে না। বৃহস্পতিবার সকালে ডাক্তার দেখাতে যাব বলে, তার মা তাকে খাটের মধ্যে রেখে জামা-কাপড় আনতে গেছে- এমন সময় খাট থেকে পড়ে যায়। তারপর তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাত্রলীগ কর্মীকে থাপ্পড় দিলেন কুবি ছাত্রলীগ নেত্রী

 

কুবি প্রতিনিধিঃ

বাসে সিট রাখাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী জাহাঙ্গীর আলমকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে শেখ হাসিনা হল ছাত্রলীগের সভাপতি কাজী ফাইজা মাহজাবিনের বিরুদ্ধে। তবে ফাইজার অভিযোগ তাকে শারীরিকভাবে হেনস্তা করেছে জাহাঙ্গীর। বুধবার (০৯ নভেম্বর) রাতে শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী সাড়ে ৮টার বাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের কর্মী জাহাঙ্গীর আলম ও তার বন্ধু ওয়াসিম রাতের বাসে খাতা দিয়ে সিট রাখে। পরে ফাইজা আপু তাদের খাতা ফেলে দিয়ে নিজে বসে পড়ে এবং আরও দুইটি সিট দখল করে। পরে জাহাঙ্গীর ও তার সহপাঠী ব্যাগ ফেলে দেয়ার কারণ জানতে চাইলে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে ফাইজা জাহাঙ্গীরকে থাপ্পড় দেয় এবং দেখে নেয়ার হুমকি দেয়। তবে ফাইজার দাবি জাহাঙ্গীরের আচরণে সে মানসিকভাবে হেনস্তার স্বীকার হয়।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, বাস ছাড়ার আগ মুহুর্তে আমি আমার বন্ধুর জন্য পাশে সিট রাখি। উনি (ফাইজা) এসে আমার খাতাটা সিট থেকে ছুড়ে ফেলে দেয়। তারপর আমার রাখা সিটে অন্যজনকে বসাইছে। আমি বলছি, আপনি যদি বলতেন আমি সিটটা দিতাম। কিন্তু উনি বলতেছে এরকম কোন নিয়ম নাই। সে আমার সাথে চিল্লাচিল্লি করতেছে, এক পর্যায়ে আমাকে থাপ্পড় মারে। আরেকবার থাপ্পড় মারতে আসলে আমি সরে যায়। যেহেতু আমাকে সবার সামনে থাপ্পড় ও শারিরীকভাবে হেনস্তা করে,তাই আমি প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিব।

তবে ফাইজার দাবি তিনি অসুস্থ থাকায় সিটে বসে। তিনি আরও বলেন, বাসে সে (জাহাঙ্গীর) আমার সাথে অনেক বাজে বিহেভ করতেছিল। কিন্তু ওর (জাহাঙ্গীরের) গায়ে হাত দেই নাই। সে কথা বলার এক পর্যায়ে তার ব্যবহার এমন ছিল যে, সে আমার গায়ে হাত দিবে। সেটা আমি একজন মেয়ে হিসেবে আমার পছন্দ হয় নাই। আমি তার ভাষায় তাকে জবাব দিসি, সেটা তার গায়ে লাগছে। সে বলছে, আমি নাকি মেয়ে তাই ছেড়ে দিসে। সে এবং তার বন্ধুরা মিলে এমন বাজে বিহেভ করছে যার কারণে আমি মানসিকভাবে বিরক্ত ফিল করেছি।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, আমি তো কমিটির বিষয় নিয়ে ঢাকায় আছি। আমি বিশ্ববিদ্যালয়ে আসলে যে দোষী তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমি সাংবাদিকদের কাছ থেকে শুনেছি বিষয়টি। তবে এখনো কেউ আমাকে লিখিত অভিযোগ দেয়নি, যদি লিখিত অভিযোগ দেয় তাহলে ব্যবস্থা নিব।

বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্কঃ

ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না ভারত। ইংলিশদের বিপক্ষে স্রেফ উড়ে গেল রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। ব্যাটে-বলে কোনো সুযোগই ছিল না ভারতের।

ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ১৬৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালিয়ে যান ইংলিশ অধিনায়ক জস বাটলার ও অ্যালেক্স হেলস। এই দুই ওপেনারের ৯৬ বলে ১৭০ রানের অবিচ্ছিন জুটিতে ২৪ বল আগেই ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড।

বৃহস্পতিবার ইংল্যান্ডের অ্যাডিলেড ওভালে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ভারত। ৫ বলে মাত্র ৫ রানে ফেরেন লোকেশ রাহুল।

এরপর বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়ে ফেরেন আরেক ওপেনার রোহিত শর্মা। দলীয় ৫৬ রানে ২৮ বলে মাত্র ২৭ রান করে ফেরেন ভারতের এই অধিনায়ক।

টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদবকে হাত খুলে খেলার সুযোগ দেননি আদিল রশিদ। তার শিকার হয়ে ১০ বলে ১৪ রানে ফেরেন সূর্যকুমার। ৭৬ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন তিনি।

এরপর হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ৪০ বলে ৬১ রানের জুটি গড়েন বিরাট কোহলি। ৪০ বলে ৫০ রান করে ফেরেন কোহলি। বিরাট কোহলি আউট হওয়ার পর তাণ্ডব চালিয়ে যান পান্ডিয়া। তার ৩৩ বলের তিন চার আর ৫টি ছক্কায় সাজানো ৬৩ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৬৮ রান করে ভারত।