All posts by jitu

দেশে দুর্ভিক্ষ হবে না বলে জনগণকে আশ্বস্ত করলেন খাদ্যমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

দেশে দুর্ভিক্ষ হবে না বলে জনগণকে আশ্বস্ত করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, দেশের উৎপাদন দিয়েই খাদ্য সংকট মোকাবিলা করা হবে।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে নিয়ামতপুরের উপজেলার পারইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পারইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে দুর্ভিক্ষ হবে না। করোনাকালে খাদ্য সহায়তা পেয়েছে অনেকেই। কোনো মানুষ খাবারের অভাবে মারা যায়নি।

তিনি বলেন, বিএনপি মানেই লুটপাট করে খাওয়া। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় আছে বিএনপি। এজন্য নেতাকর্মীদের বিএনপির কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকতে হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকার আদায়ে কাজ করে গেছেন। দেশের মানুষের জন্য তাঁর ত্যাগ অতুলনীয়। আর বিএনপি বঙ্গবন্ধুর হত্যাকারীদের এদেশে রাজনীতি করার সুযোগ দিয়ে সেই স্বাধীনতা বিরোধীদের সংসদে নিয়ে গেছে। মন্ত্রী বানিয়ে গাড়িতে লাল সবুজ পতাকা ওড়াতে সাহায্য করেছেন বেগম জিয়া। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা মেনে নিতে পারিনি।

মন্ত্রী বলেন, ২০০৮ সালে দেশের অবস্থা কেমন ছিলো আপনারা জানেন? আর এখন কেমন আছেন তার পার্থক্য করলে বুঝবেন শেখ হাসিনা আপনাদের জন্য কতটা উন্নয়ন করেছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা এবং সংখ্যা বাড়িয়েছেন তিনি। ডিজিটাল বাংলাদেশের রুপান্তর শেখ হাসিনার হাত ধরে ঘটেছে। নাগরিক সব সেবা এখন হাতের মুঠোয়। এদেশে গৃহহীণ কোন মানুষ থাকবে না। মুক্তিযোদ্ধাদেরও বাড়ি করে দিচ্ছে সরকার।

পারইল মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান রাসেল এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মুজিব।

টয়লেটের কমোডের চেয়েও বেশি জীবাণু থাকে স্মার্টফোনে

 

লাইফস্টাইল ডেস্কঃ

প্রতিদিনের জীবন আরও সহজ হয়েছে স্মার্টফোনের গুণে। বর্তমানে স্মার্টফোন ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অতি মূল্যবান ও গুরুত্বপূর্ণ এই জিনিস যে জীবাণুর আঁতুরঘর তা হয়তো অনেকেরই জানা নেই।

গবেষণা বলছে, টয়লেটের কমোডে থাকা জীবাণুর চেয়ে ১০ শতাংশ বেশি জীবাণু থাকে হাতের মোবাইল ফোনে। শুধু টয়লেট নয়, বাইরে বেরিয়ে আপনি যেখানেই ফোন ব্যবহার করেন না কেন হাতে থাকা বিভিন্ন জীবাণু ফোনে ছড়ায়।

২০১৮ সালের এক সমীক্ষার তথ্যমতে, টয়লেট সিটের তুলনায় ফোন ৬ গুণ বেশি জীবাণু থাকে। সমীক্ষায় ৫০টি ফোন থেকে নমুনা সংগ্রহ করা হয়। এরপর দেখা যায় যে, গড় সংখ্যক ফোনে ১ হাজার ৪৭৯টি ব্যাকটেরিয়া আছে।

যেখানে টয়লেট সিটে থাকে শুধুমাত্র ২২০টি ব্যাকটেরিয়া। যদি কারও ফোনের ব্যাক কভার লেদারের হয় সেক্ষেত্রে টয়লেট সিটের তুলনায় ১৭ গুণ বেশি জীবাণু থাকে।

২০১৬ সালের এক সমীক্ষায় যুক্তরাজ্যের প্রায় হাজার জন কর্মচারী স্বীকার করেছেন যে, তারা শৌচালয়ে ফোন ব্যবহার করেন। এতে ফোনে অদৃশ্য মল ও মূত্রের ফোঁটা লাগে, যা ব্যক্তির হাতেই স্থানান্তরিত হয়।

এজন্য টয়লেটে ফোন ব্যবহার করা বন্ধ করুন। এরপর ফোনসহ ইলেকট্রনিক স্ক্রিনকে ওয়াইপ বা নরম ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন।

সূত্র: রিডার্স ডাইজেস্ট/টাইম.কম

এবার শাকিব খান আসছেন ‘শের খান’ হয়ে

 

বিনোদন ডেস্কঃ

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এবার আসছেন পুলিশ অফিসারের ভূমিকায় ‘শের খান’ হয়ে। পুলিশ থ্রিলার ঘরানার এ সিনেমা নির্মাণ করছেন ‘মিশন এক্সট্রিম’ পরিচালক সানী সানোয়ার।

শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’ এবং নির্মাতা সানীর প্রোডাকশস হাউস ‘কপ ক্রিয়েশন’ এর ব্যানারে যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে শাকিব খান তার ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন। পরিচালক সানী সানোয়ারের সঙ্গে চুক্তিপত্র হাতে এক ছবিতে ধরা দেন এই নায়ক-পরিচালক জুটি। ক্যাপশনে লেখেন, “শের খান’ আসছে” (পাশে ‘আগুন’ ইমোজি জুড়ে দেন)।

এ ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকবেন? সানী জানালেন, ‘ছবিটির লাইনআপ সাজানো শুরু করেছি। এখন পর্যন্ত সকল অভিনয়শিল্পী চূড়ান্ত করা হয়নি। ছবিতে শাকিব খান একজন চৌকস অফিসারের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন, তার সঙ্গে মানানসই একটি চরিত্র রয়েছে। সেই চরিত্রে প্রবেশ করতে পারবেন এমন একজনকেই নায়িকা হিসেবে চূড়ান্ত করব। কিন্তু এখন পর্যন্ত আমরা সে পর্যায়ে যাইনি।’

এর আগে এসকে ফিল্মস-এর ফেসবুক পেজে শের খানের খবর দিয়ে বলা হয়েছিল, “স্বল্প সময়ের মধ্যে ‘শের খান’ নিয়ে আপনাদের আগ্রহ, উদ্দীপনা ও ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আশা করি ‘শের খান’ চলচ্চিত্রটি আপনাদের আকাঙ্ক্ষা পূরণে সফল হবে।”

উল্লেখ্য, ‘শের খান’ সিনেমায় ‘চৌকস’ পুলিশ অফিসারের চরিত্রে ভিন্নভাবে পর্দায় ধরা দেবেন শাকিব খান।

বিএনপি যেভাবে বাড়াবাড়ি করছে, তাদের আন্দোলনের পতনধ্বনি শোনা যাচ্ছে

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যেভাবে আন্দোলনের নামে লাফালাফি-বাড়াবাড়ি করছে, তাতে আন্দোলনের পতনধ্বনি শোনা যাচ্ছে। আসলে তারা লাফায় কেন সেটাও তো বুঝি না।

শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা জিয়াকে বিএনপি মুক্ত করেনি, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দণ্ড স্থগিত করে বাসায় রেখেছেন।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশ ছেড়ে পালানোর রাজনীতি করে না উল্লেখ করে তিনি বলেন, দেশ ছেড়ে পালানোর রাজনীতি বিএনপি করে। আমাদের জন্ম এ দেশে, প্রয়োজনে মরবো, জেলে যাবো, তবুও দেশ ছেড়ে পালাবো না। মুচলেকা দিয়ে রাজনীতি করবে না বলে লন্ডনে পালিয়ে গেছে বিএনপির নেতা।

‘প্রতিহিংসা থেকেই খালেদা জিয়াকে জেলে পাঠাতে চান প্রধানমন্ত্রী’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনা করেন না, প্রতিহিংসার রাজনীতি করে বিএনপি। যারা ১৫ ও ২১ আগস্ট এবং ৩ নভেম্বর ঘটিয়েছে, তাদের মুখে প্রতিহিংসার কথা মানায় না।

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুবিধামতো সংবিধান ব্যবহারের কোনো সুযোগ নেই।

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিল ইমরান খানের দল

 

আন্তর্জাতিক ডেস্কঃ

দলের প্রধান ইমরান খানের ওপর হামলার পরিপ্রেক্ষিতে পিটিআই ট্রেডার্স উইং শুক্রবার (৪ নভেম্বর) দেশব্যাপী শাটার-ডাউন ধর্মঘট ঘোষণা করেছে। ঘটনার নিন্দা জানিয়ে ফোকাল পারসন নাসির সালমান জানান, হামলাকারীরা তাদের রেড লাইন অতিক্রম করেছে। ডেইলি টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বন্দুক হামলায় ইমরান খান ও অন্যান্য নেতারা আহত হওয়ার পরে সারাদেশের একাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইমরান খানের কন্টেইনারে বন্দুক হামলার বিরুদ্ধে ইতোমধ্যে করাচির বিভিন্ন এলাকায় পিটিআই কর্মীরা বিক্ষোভ শুরু করেছেন।

পিটিআইয়ের বিপুল সংখ্যক বিক্ষুব্ধ কর্মীরা করাচির পাওয়ার হাউস চৌরঙ্গীর রাস্তা অবরোধ করে রেখেছে বলে জানা গেছে। পিটিআই কর্মীদের অবস্থানের কারণে সদর থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তা অবরুদ্ধ হয়ে আছে।

এদিকে পিটিআই কর্মীরা লাহোরের ১০টি বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করছে। বিপুল সংখ্যক পিটিআই কর্মী লিবার্টি চকে প্রতিবাদ জানাচ্ছেন। মুরি রোডে আরেকটি বিক্ষোভের আয়োজন করা হয়েছে। এছাড়াও শাহদারা, জিপিও চক, বাবু সাবু, শওকত খানম চক, শামা চক, ফিরোজপুর রোড, লক্ষ্মী চক, গভর্নর হাউস চক, দুবাই চক, রায়উইন্ড রোড ও বেখেয়াল চকেও বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

সাদাকাত আলী আব্বাসির নেতৃত্বে পিটিআই কর্মীরা রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের আয়োজন করেছেন। বিক্ষোভ চলাকালীন রাওয়ালপিন্ডির ফৈজাবাদে পুলিশ ও বিক্ষোভকারীরা মুখোমুখি হয়। কোয়েটাতে বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পিটিআই।

পিটিআই কর্মীরা খাইবার পাখতুনখোয়া (কেপি) মানসেহরা জেলার শিনকিয়ারি ইউসি এলাকায় কারাকোরাম হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ করছে। গিলগিট ও বালতিস্তানে (জিবি) বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করা হয়েছে। বিক্ষোভকারীরা ইমরান খান ও পিটিআই নেতাদের উপর বন্দুক হামলার সঙ্গে জড়িত সকল অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

লাকসাম থেকে জঙ্গি সংগঠনের আরো ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ডাকে তথাকথিত হিজরতের নামে ঘরছাড়া অর্ধশতাধিক তরুণের খোঁজ মেলেনি এখনো। এ অবস্থায় যে কোনো সময়ই নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না র‌্যাব।

র‌্যাব বলছে, কোনো স্বার্থান্বেষী মহলের কারণে বা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে তারা নাশকতা করতে পারে। নাশকতার প্রস্তুতি নিচ্ছে তারা। দুই ধাপে ভারী অস্ত্র কেনার জন্য ১৭ লাখ টাকা পাঠানোর তথ্য পাওয়া গেছে। একে-২২ ও একে-৩২ অস্ত্র সরবরাহের তথ্যও পাওয়া গেছে বলে দাবি র‌্যাবের।

এছাড়া ৫০ লাখ টাকা ব্যাংকিং চ্যানেল ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন স্থানে পাঠিয়েছে জঙ্গি সংগঠনটি।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে কুমিল্লার লাকসাম এলাকায় অভিযান চালিয়ে নতুন এই জঙ্গি সংগঠনের অর্থ সমন্বয়ক ও হিজরত বিষয়ক সমন্বয়কসহ ৪ জনকে গ্রেফতারের কথা জানায় র‌্যাব। সে বিষয়ে জানাতে আয়োজন করা হয় এ সংবাদ সম্মেলনের।

গ্রেফতাররা হলেন- আব্দুল কাদের ওরফে সুজন ওরফে ফয়েজ ওরফে সোহেল (২৪), ইসমাইল হোসেন ওরফে হানজালা ওরফে মানসুর (২২), মুনতাছির আহম্মেদ ওরফে বাচ্চু (২৩) ও হেলাল আহমেদ জাকারিয়া (৩৩)।

এদের মধ্যে বাচ্চু সংগঠনটির অর্থবিষয়ক প্রধান সমন্বয়ক, সোহেল ও হানজালা হিজরত করা সদস্যদের সমন্বয়ক এবং জাকারিয়া সামরিক শাখার ৩য় সর্বোচ্চ ব্যক্তি বলে জনিয়েছে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে দুটি উগ্রবাদী বই, একটি প্রশিক্ষণ সিলেবাস, ৯ টি লিফলেট, একটি ডায়েরি এবং ৪টি ব্যাগ উদ্ধারের কথা বলেছে র‌্যাব।

নতুন জঙ্গি সংগঠনের নাশকতার আশঙ্কার বিষয়ে জানতে চাইলে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, জঙ্গিদের নাশকতার যে বিষয় রয়েছে, র‌্যাব ফোর্সেসের সব সময়ই প্রস্তুতি থাকে। আমরা ধরেই নিয়েছি, যেহেতু অনেকেই নিরুদ্দেশ রয়েছে, যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানের কারণে জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু এটা নির্মূল হয়নি। আমরা কখনোই আত্মতুষ্টিতে ভুগি না। যে কোনো সময়ই যে কোনো স্বার্থান্বেষী মহলের কারণে বা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে তারা নাশকতা করতে পারে। এ ধরনের প্রস্তুতির কথা চিন্তা করেই আমরা অভিযান পরিচালনা করছি। এখনো আমাদের অনেক সদস্য পার্বত্য অঞ্চলে অভিযান পরিচালনা করছেন।

‘স্বেচ্ছায় নিরুদ্দেশ রয়েছে এমন ৫৫ জনের যে তালিকা রয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রস্তুতি রয়েছে, আমাদের কার্যক্রম চলমান রয়েছে।’

নতুন জঙ্গি সংগঠনের আমির বাড়ি বিক্রি করে পরিবারসহ পাহাড়ে:

এ বিষয়ে র‌্যাবের ওই কর্মকর্তা বলেন, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংগঠনের আমির মাহমুদ কুমিল্লা সদর দক্ষিণের একটি সিএনজি ফিলিং স্টেশনে ম্যানেজার হিসেবে চাকরি করতেন। প্রায় দুই বছর আগে তিনি চাকরি ছেড়ে নিরুদ্দেশ হন। পরবর্তী সময়ে, এক বছর আগে কুমিল্লার প্রতাপপুরে অবস্থিত তার সেমি পাকা বাড়িসহ জমি স্থানীয় এক ব্যক্তির কাছে ১৭ লাখ টাকায় বিক্রি করে বান্দবানের নাইক্ষ্যংছড়িতে সাড়ে তিন বিঘা জমি কেনেন এবং পরিবার নিয়ে সেখানে স্থানান্তরিত হন।

আমির মাহমুদ নাইক্ষ্যংছড়িতে চাষাবাদ, পোল্ট্রি ফার্ম ও গবাদি পশুর খামার পরিচালনা করতেন। এছাড়াও তারা সংগঠনটির মহিলা শাখার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছেন। আমরা বেশ কিছু মহিলা সদস্যের বিষয়ে জানতে পেরেছি যারা সংগঠনের চাঁদা প্রদানসহ দাওয়াতি কার্যক্রমে জড়িত ছিলেন।

মোবাইল ব্যাংকিং ও ব্যাংকিং চ্যানেলে টাকা যাচ্ছে জঙ্গিদের কাছে:

সংগঠনটির অস্ত্র সরবরাহের বিষয়ে জানতে চাইলে র‌্যাবের মুখপাত্র বলেন, গ্রেফতার বাচ্চুর কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি বিচ্ছিন্নতাবাদীদের কাছে মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠিয়েছেন। টাকা প্রাপ্তির পরে যারা প্রশিক্ষণ নিচ্ছে, হয়তো বেশকিছু অস্ত্র প্রশিক্ষণ বা নাশকতার জন্য তাদের দিয়ে থাকতে পারেন।

অস্ত্র কিনতে ১৭ লাখ:

বিষয়টি যাচাই করার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাচ্চু দুই ধাপে ১৭ লাখ টাকা পাঠানোর তথ্য পেয়েছি। একে ২২ এবং একে ৩২ অস্ত্র সরবরাহের তথ্য পাওয়া গেছে। তবে তাদের কাছ থেকে এমন অস্ত্র প্রাপ্তি সাপেক্ষে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারবো।

পাহাড় থেকে এসে কুমিল্লায় পালিয়ে ছিলেন তারা:

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, তারা ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র দাওয়াতি, সশস্ত্র প্রশিক্ষণ, হিজরতকৃত সদস্যদের তত্ত্বাবধানসহ অন্যান্য সাংগঠনিক কার্যক্রমে জড়িত ছিলেন। তারা ২-৪ বছর আগে পরিচিতদের মাধ্যমে উগ্রবাদে অনুপ্রাণিত হয়ে জ্যেষ্ঠ সদস্যদের মাধ্যমে তাত্ত্বিক ও শারীরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। একাধিকবার দুর্গম পাহাড়েও প্রশিক্ষণ নেন তারা। সম্প্রতি র‌্যাবসহ অন্যান্য বাহিনীর অভিযানের কারণে তারা কুমিল্লার লাকসামে আত্মগোপনে ছিলেন।

আত্মগোপনে থাকা অবস্থায় তারা সদস্য ও সমমনাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতেন। এরপর সাংগঠনিক প্রয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাঠাতেন। এছাড়া তারা পাহাড়ে প্রশিক্ষণরত সদস্যদের পরিবারকেও আর্থিক সহযোগিতা দিতেন।

গ্রেফতার বাচ্চু চট্টগ্রামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং বিষয়ে অধ্যয়নরত ছিলেন। তিনি সংগঠনটির অর্থ ও গণমাধ্যম শাখার প্রধান রাকিবের অন্যতম সহযোগী এবং অর্থবিষয়ক প্রধান সমন্বয়ক ছিলেন।

গত ৮-৯ মাসে বিভিন্ন ধরনের ভারি অস্ত্র কেনার জন্য বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কাছে ১৭ লাখ টাকা, সংগঠনের বিভিন্ন কার্যক্রমের প্রায় ৩০ লখসহ প্রায় ৫০ লাখ টাকা পাঠান বাচ্চু বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

নগরীর চকবাজারে সিএনজিতে করে গাঁজা পাচারের সময় যুবক আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর চকবাজার এলাকা হতে ১৭.৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ০৪ নভেম্বর সকালে নগরীর চকবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক কারবারি হলেন কুমিল্লা সদরের চালপুর গ্রামের নুর আলম’র ছেলে আরিফ (২৬)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বাড়ির পাশে গাছে তরুণের ঝুলন্ত লাশ

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে বাড়ির পাশের একটি গাছ থেকে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আকাশ চন্দ্র দাস (২৩) উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের প্রিয় তোষের বাড়ির প্রিয় তোষ চন্দ্র দাসের ছেলে।

শুক্রবার (৪ নভেম্বর) সাড়ে ১১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল সন্ধ্যার দিক সবার অজান্তে বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। তবে পুলিশ ও নিহতের পরিবার তরুণের আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।

স্থানীয় ভাবে জানা যায়, ভিকটিম কিছু দিন যাবত শারীরিক অসুস্থ থাকায় মানসিক ভাবে চিন্তিত ছিল। মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে। বাড়ির পাশে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,নিহতের পরিবার আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি। সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশীর

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়াতে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে এক প্রতিবেশী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।

নিহত আবুল হাসেম মাঝি (৫০) উপজলার বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামের আলী আজ্জমের ছেলে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িরচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মোতালেব বেপারীর বাড়ির মো.হোসেনের (৩০) সাথে একই বাড়ির মো.ফয়েজ উদ্দিনের (৩৩) জায়গা জমি নিয় বিরোধ চলছিল। এ বিরাধের জের ধরে বৃহস্পতিবার বিকেলে তাদের বাড়িতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফয়েজ সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় রহমত বাজারে চলে আসে। তখন একই বাড়ির মো.হোসেন ও তার ভাই সাগর (২৬) বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ফয়েজের উপর হামলা চালায়। ওই সময় দুই পক্ষ সংঘর্ষ লিপ্ত হয়। দুই পক্ষের  সংঘর্ষ থামাতে গিয়ে প্রতিবেশী আবুল হাসেম মাঝি মাথার পিছনে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করন। একই সময় প্রতিপক্ষের হামলায় ফয়জ উদ্দিন গুরুতর আহত হয়। আহত ফয়জ উদ্দিন হাতিয়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশ মাঠে রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

স্কুল ব্যাগে চার কেজি গাঁজা, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে চার গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো.আবুল বাশার (৫৫) কুমিল্লা জেলার সদর উপজেলার পশ্চিম জুরিকরন ইউনিয়নের বাটপাড়া গ্রামের জব্বার মিয়ার বাড়ির মৃত মো.আব্দুল জব্বারের ছেলে।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বিজয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করনে। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি বাশার কে আটক করা হয়। পরে তার সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজা জব্দ করা হয়।