All posts by jitu

দেশে অক্টোবরে ৩৬৬০ টি দুর্ঘটনায় নিহত ৫০৭ জন, আহত ৩৭৭৫ জন

স্টাফ রিপোর্টার:

চলতি বছরের অক্টোবরের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত ৩ হাজার ৬৬০ টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ৭৭৫ এবং নিহত হয়েছে ৫০৭ জন।

আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে দেশের একমাত্র স্বেচ্ছাসেবি ও গবেষণা সংগঠন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা বলেছেন, সেভ দ্য রোড ২০০৭ সালের ২৮ আগস্ট প্রতিষ্ঠার পর থেকে গত ১৫ বছর ধরে দাবিকৃত বাইকলেন, ৫ কিলোমিটার অন্তর অন্তর পুলিশ বুথ, সিসিক্যামেরা স্থাপন না হওয়ায় অক্টোবর মাসেও গড়ে প্রতিদিন গড়ে ১১৮ টি দুর্ঘটনা ঘটেছে, আহত হয়েছেন ১২১ জন, নিহত হয়েছেন ১৬ জন। ৭৬৩ টি মোটর সাইকেল দুর্ঘটনায় আহত ৫৯১ এবং নিহত হয়েছেন ৬০ জন, ১০০৯ টি বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ১০৪৪ এবং নিহত হয়েছেন ২৯৭ জন, ৮৯১ টি ট্রাক দুর্ঘটনায় আহত ৯৮৮ ও ৮০ জন নিহত হয়েছেন, ব্যাটারি চালিত যান, পিকআপ, সিএনজি, সহ মাঝারি ও ক্ষুদ্র ধরণের বাহনে ৯৯৭ টি দুর্ঘটনায় আহত ১১৭২ এবং নিহত হয়েছেন ৭০ জন।

২৭ টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক্স চ্যানেলে প্রকাশিত-প্রচারিত তথ্যর পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিদের তথ্যানুসারে তৈরি করা প্রতিবেদনে সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, আইয়ুব রানা, শওকত হোসেন উল্লেখ করেন- নৌপুলিশসহ সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা এবং চালক-শ্রমিক ও যাত্রীদের অসচেতনতার কারণে ১২৮ টি দুর্ঘটনায় ১৬৫ জন আহত এবং ৩৩ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরো উঠে আসে রেলপথ দুর্ঘটনারোধে কর্তৃপক্ষের উদানিতার কারণে কেবলমাত্র অরক্ষিত রেলক্রসিং ও অব্যবস্থাপনার কারণে ৯৯ টি দুর্ঘটনায় ১ শত ১১ জন আহত এবং ২৬ জন নিহত হয়েছে। সেই সাথে চরম অব্যবস্থাপনার কারণে প্রতিদিন ৩ শত আকাশপথ যাত্রীকে ভোগান্তি সহ্য করতে হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কুমিল্লায় ভুয়া ডিবি পুলিশের ৭ সদস্য আটক

স্টাফ রিপোর্টার:

ভুয়া ডিবি পুলিশের ৭  সদস্যের একটি চক্রকে আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডিবি লেখা একটি খাকি কটি জ্যাকেট, একটি হাতকড়া, দুই রাউন্ড গুলি, একটি চাকু ও ৯টি মোবাইল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে জেলা ডিবি কার্যালয়ে আয়োজিত প্রেসব্রিফিংয়ে কুমিল্লা পুলিশ সুপার মো. আবদুল মান্নান এসব তথ্য জানান। চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক হওয়া প্রতারকরা হলেন,  ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চুরোক মিয়ার ছেলে সবুজ মিয়া (২৭), কালিউতা গ্রামের সবুর মিয়ার ছেলে রতন মিয়া, কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মইন উদ্দিন (২০), মুরাদনগর উপজেলার শহিদ মিয়ার ছেলে ওসমান গণি (৩৫), বান্দরবান জেলার লামা উপজেলার আমতলীপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২০), ব্রাহ্মণবাড়িয়া জেলার কালিউতা গ্রামের সবুজ মিয়ার স্ত্রী আখি নূর (২৩) ও কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা বাজার গ্রামের ওসমান গণির স্ত্রী সোনিয়া বেগম ওরফে ফরিদা (২৯)।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রংপুর জেলার বাসিন্দা জনৈক সাইফুল ইসলাম প্রায় এক মাস আগে কুমিল্লায় এসে দিনমজুরের কাজ করতো। ১৩ অক্টোবর সন্ধ্যায় প্রতারক চক্রের দুই সদস্য নগরীর চকবাজার এলাকায় ভালো কাজের প্রলোভন দেখিয়ে তার মোবাইলে থাকা সকল নাম্বার কপি করে ওই মোবাইলটি তাদের নাম্বারে ডাইভার্ট করে দেয়। একপর্যায়ে তার স্বজনদের কাছে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় সাইফুল ইসলামের পরিবার ৯৯৯ এ ফোন দিয়ে সহায়তা চায় এবং জেলা ডিবি অফিসে যোগাযোগ করেও সন্ধান পায়নি। পরবর্তীতে গত ৩১ অক্টোবর অজ্ঞাতনামা প্রতারকচক্রের বিরুদ্ধে মামলা দায়ের দায়ের করেন ভূক্তভোগী সাইফুল ইসলাম। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই নারীসহ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

পুলিশ সুপার মো. আবদুল মান্নান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভূয়া ডাক্তার সেজে করোনাকালীন সময়েও করোনা সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় র‍্যাবের দায়ের করা একটি মামলা তদন্তাধীন রয়েছে।

মঙ্গলবার আসামিদের আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কুমিল্লা কর অঞ্চল এর আয়কর তথ্য-সেবা মাসের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার:
জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় কর অঞ্চল- কুমিল্লা’র উদ্যোগে আয়কর তথ্য-সেবা মাস ২০২২ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় নজরুল এভিনিউস্থ কর ভবন প্রাঙ্গণে ফিতা কেটে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কর অঞ্চল- কুমিল্লা’র কর কমিশনার খন্দকার খুরশীদ কামাল।

এ সময় অতিরিক্ত কর কমিশনার (রেঞ্জ-১) সৈয়দ জাকির হোসেন, যুগ্ম কর কমিশনার মিজ ফারজানা নাজনীন, উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রশাসন) মো. আরিফুল হাসান মজুমদার সহ কর-অঞ্চল কুমিল্লা’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও করদাতাগণ উপস্থিত ছিলেন। জানা যায়, কর অঞ্চল- কুমিল্লা’র আওতাধীন ছয়টি জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলা কার্যালয় এবং উপজেলা পর্যায়ের কার্যালয়গুলোতেও একই কার্যক্রম অর্থাৎ ১-৩০ নভেম্বর ২০২২ আয়কর তথ্য-সেবা মাস পালন করা হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে দেশব্যাপী নভেম্বর মাসজুড়ে আয়কর তথ্য-সেবা মাস পালন করা হবে। সকালে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম ঢাকায় কেন্দ্রীয়ভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করার পর কুমিল্লায়ও আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কর অঞ্চল কুমিল্লা’ র কর কমিশনার খন্দকার খুরশীদ কামাল ।

কর কমিশনার জানান, কোভিড পরিস্থিতির কারণে এবছরও আয়কর মেলা হবেনা। তবে মেলার আদলে সেবা প্রদান করা হবে। সেবাসমূহের মধ্যে আয়কর রিটার্ন গ্রহণ ও প্রাপ্তি স্বীকারপত্র প্রদান, আয়কর সংক্রান্ত তথ্য সেবা প্রদান, ইটিআইএন সেবা, ই-রিটার্ন ও ই-পেমেন্ট সংক্রান্ত সেবা, রিটার্ন ও চালান ফরম সরবরাহ করা হবে।

তিতাসের প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও রুঢ় আচরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা তিতাস উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা পারভীন বানুর অনিয়ম- দুর্নীতি ও রুঢ় আচরণের বিরুদ্ধে তিতাস উপজেলার আওতাভুক্ত প্রায় ৪০০ জন প্রধান ও সহকারী শিক্ষক দরখাস্ত আকারে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, কুমিল্লা-২ এর  সংসদ সদস্য, শিক্ষা সচিব,  মহাপরিচালক, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর  প্রায় ৪ শত  জন প্রধান ও সহকারী শিক্ষক দরখাস্ত আকারে অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়- উপজেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের স্লিপ ও রুটিন মেরামত থেকে  ১ হাজার ৩০০ টাকা, ক্ষুদ্র মেরামত থেকে ২ হাজার টাকা এবং অন্য খাত থেকে ২ হাজার টাকাসহ বিভিন্ন সময়ে নানান অজুহাতে অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছেন। তিনি বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পরিদর্শন বই ও টাকা নিয়ে অফিসে ডেকে পাঠান। প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় কোন ন্যায্য দাবির কথা বলা যায় না, কথা বলতে চাইলে ধমক দিয়ে বসিয়ে দেন। তিনি শিক্ষকদের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন, খারাপ আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি অবৈধ উপঢৌকন ছাড়া শিক্ষকদের বকেয়া বেতন ভাতা, চিকিৎসা জনিত বকেয়া বিল, পাশ করেন না। এখনও  কিছু শিক্ষকের ১৩-তম গ্রেডের বকেয়া বেতন ভাতা প্রদান করেন নি। তিনি ঢাকা থেকে এসে নিয়মিত অফিস করেন না। যার ফলে শিক্ষকরা সময়মত অফিসিয়াল কাজ শেষ করতে পারেন না। বিভিন্ন বিদ্যালয়ে পরিদশর্নে গিয়ে তিনি শিক্ষার্থীদের সামনেই  শিক্ষকদের বিভিন্ন অজুহাতে অপমান করেন। তিনি প্রায়ই নিজের চেয়ার ছেড়ে অফিস সহকারিদের কক্ষে গিয়ে বসে থাকেন, যার ফলে শিক্ষকগণ প্রায়ই ব্রিবত বোধ করেন। তিনি প্রায়ই মিড-ডে মিলের কথা বলে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দুপুরের খাবার সেরে ফেলেন। শিক্ষকগণ উচ্চতর পড়ালেখা করার জন্য পরীক্ষার অনুমতি নিতে গেলে তাকে ২ হাজার টাকা দিতে হয়। তিনি প্রায়ই শিক্ষকদের বিভাগীয় মামলা করার ভয় দেখায়। চলতি বছরের ২৭ অক্টোবর জাতীয় শিক্ষক দিবসে  তিতাস উপজেলা শিক্ষক অফিসার কোন শিক্ষককে অংশগ্রহণ করার জন্য নির্দেশনা দেয় নি। এছাড়াও আরো অনেক অভিযোগ করা হয়।

এ বিষয়ে তিতাস উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা পারভীন বানুর বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লায় ‘এ্যাডহক বর্ডার গার্ড ইন্টেলিজেন্স স্কুল’ উদ্বোধন ও বিজিবি ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সকল স্তরের সৈনিকদের ফায়ারিং এর মানোন্নয়ন তথা পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি’র সেক্টর সদর দপ্তর, কুমিল্লার ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে ‘বিজিবি ফায়ারিং প্রতিযোগিতা- ২০২২’ অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উপভোগ করেন এবং চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিজিবি’র উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর সার্বিক তত্ত্বাবধানে এবং কুমিল্লা সেক্টরের ব্যবস্থাপনায় গত ৩০ অক্টোবর  বিজিবি ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিজিবি’র ৫টি রিজিয়ন ও ০২টি স্বতন্ত্র সেক্টর থেকে আগত মোট ০৭টি দলের সর্বমোট ৮৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

 

০৩ দিনব্যাপী অনুষ্ঠিত এ ফায়ারিং প্রতিযোগিতায় চট্টগ্রাম রিজিয়ন চ্যাম্পিয়ন এবং সরাইল রিজিয়ন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ফায়ারিং এ ব্যক্তিগত নৈপূণ্য প্রদর্শন করে সরাইল রিজিয়নের সিপাহী মোঃ ঈশা ইবনে লেমন ১ম শ্রেষ্ঠ ফায়ারার এবং ল্যাঃ নাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন ২য় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হয়।

সমাপনী বক্তব্যে বিজিবি মহাপরিচালক বলেন, একজন প্রশিক্ষিত সৈনিকের বন্ধু হচ্ছে তার ব্যক্তিগত অস্ত্র। কাজেই এই অস্ত্রের উপর তার পারদর্শিতা থাকতে হবে। দেশপ্রেম এবং মনোবল নিয়ে প্রতিটি বিজিবি সদস্য দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকে। আর এই প্রস্তুতির একটি বড় অংশ হচ্ছে পেশাগতভাবে নিজেকে গড়ে তোলা। পেশাগত উৎকর্ষতার একটি অন্যতম উপাদান হচ্ছে অস্ত্র প্রশিক্ষণ এবং ফায়ারিং এ দক্ষতা অর্জন। বিজিবি মহাপরিচালক ফায়ারিং এ অংশগ্রহণকারী সকল সদস্যকে অভিনন্দন জানান। বিশেষ করে অংশগ্রহণকারী অপেক্ষাকৃত বয়োজ্যেষ্ঠ সৈনিক এবং মহিলা সৈনিকদের তিনি বিশেষ সাধুবাদ জানান। তিনি প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত সকলকে অনুপ্রাণিত করার জন্য বিজিবি মহাপরিচালক নিজেই ফায়ারিং এর মাধ্যমে নিপুণ লক্ষ্যভেদ করে অস্ত্র চালনার ব্যাপারে তার পারদর্শিতা প্রদর্শন করেন। অনুষ্ঠানে বিজিবি সদর দপ্তর, সরাইল রিজিয়ন, কুমিল্লা সেক্টর ও ব্যাটালিয়নের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, সকল স্তরের বিজিবি সদস্য এবং বিভিন্ন রিজিয়ন ও সেক্টর থেকে আগত ফায়ারিং প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। এরপর ফায়ারিং প্রতিযোগিতা শেষে বিজিবি মহাপরিচালক কুমিল্লা সেক্টর সংলগ্ন স্থানে এ্যাডহক ‘বর্ডার গার্ড স্কুল অফ ইন্টেলিজেন্স’ উদ্বোধন করেন।

এসময় বিজিবি মহাপরিচালক বলেন, বাহিনীতে এ ধরণের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংযোজন বাহিনীর গোয়েন্দা কার্যক্রমে পেশাদারিত্ব আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সার্বিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে। ভবিষ্যতে এই এ্যাডহক স্কুলকে পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজকের জীবনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজন

স্টাফ রিপোর্টার:

দৈনিক আজকের জীবন পত্রিকার ২৩-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবে জেলা প্রতিনিধি নেকবর হোসেনের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে  প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি , দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি লুৎফুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশন, আমাদের সময়ের স্টাফ রিপোর্টার সাইয়িদ মাহমুদ পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক ও ৭১ টিভির প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কণক।

এ সময় আরো উপস্থিত ছিলেন সমাজকন্ঠের সম্পাদক জসিম উদ্দিন চাষী, দৈনিক জনতার রজব, দৈনিক সমকালের ফটো সাংবাদিক এন কে রিপন,  দৈনিক কালের কন্ঠ ও বিডি নিউজের প্রতিনিধি আব্দুর রহমান, একাত্তর চেতনার সম্পাদক স্বপন, জাগো কুমিল্লার সম্পাদক অমিত হাসান, দৈনিক শিরোনামের ফটোগ্রফার সালাহউদ্দিন সুমন, দেশ টিভির সুমন কবীর, দৈনিক ডাক প্রতিদিনের সোহাইবুল ইসলাম,  ইসলামি লেখক জাবির, বরুড়া কন্ঠের সুজন মজুমদার,   জাগরণীর আয়েশা,যায়যায়কালের শাহ ইমরান প্রমুখ।

আ’লীগ কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন সেলিম আহমেদ

সালাহ উদ্দিন সোহেল:
কুমিল্লা সদর দক্ষিণ  উপজেলার ৪ নং বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম আহমেদ।

মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয় থেকে কার্যালয়ের কর্মকর্তা আলাউদ্দিনের নিকট থেকে নৌকা প্রতিকের মনোনয়ন সংগ্রহ করেন বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী।

এ সময় সেলিম আহমেদ ৪নং বারপাড়া ইউনিয়ন বাসীর দিকট দোয়া চেয়ে বলেন,নৌকা মার্কা শুধু আমার নয় এ মার্কা পুরো ইউনিয়ন বাসীর । আশা করি আগামী ২৮ শে নভেম্বর ৪ নং বারপাড়া ইউনিয়নবাসী তাদের মহা মূল্যবান ভোট দিয়ে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করবে।

আগামী ২৬ নভেম্বর একই দিনে কুমিল্লায় বিএনপি-আ.লীগের কর্মসূচি, সংঘর্ষের আশংকা

 

ডেস্ক রিপোর্ট:

২৬ নভেম্বর, এই দিনে উত্তপ্ত হয়ে উঠবে কুমিল্লা জেলা। একই দিনে বিএনপির কুমিল্লায় বিভাগীয় সাংগঠনিক সমাবেশ এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে সংঘাত-সংঘর্ষের আশঙ্কা করছেন উভয় দলের তৃণমূলের নেতাকর্মীরা। এ দিনে উভয় দলের পক্ষ থেকে নগরী ছাড়াও আশপাশের সড়কে ব্যাপক শোডাউন করবে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে ক্ষমতাসীন দলের কর্মসূচি আয়োজন করা হবে জেলা শহরের বাইরে।

বিএনপির সমাবেশে বৃহত্তর কুমিল্লার (চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ) দলীয় নেতাকর্মীরা যোগ দেবেন। আগামী ২৬ নভেম্বর জেলা সদরের ঐতিহ্যবাহী টাউন হল মাঠে বিএনপি এবং সদর দক্ষিণ উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের কথা রয়েছে। তবে জেলা বিএনপির নেতারা কেন্দ্রে কথা বলে সমাবেশের তারিখ পরিবর্তনের চেষ্টা করবে বলে জানিয়েছেন।

আজ সোমবার নগরীর একটি পার্টি সেন্টারে বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে দলের স্থায়ী কমিটির সদ্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সব বাধা-বিপত্তি উপেক্ষা করে আগামী ২৬ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে স্মরণকালের সর্ববৃহৎ গণসমাবেশ সফল করতে হবে।’ কুমিল্লায়ও ধর্মঘট ডাকা হলে বিকল্প উপায়ে সমাবেশে আসার আহ্বান জানান তিনি।

একই দিনে জেলায় দুটি দলের বৃহৎ শোডাউন প্রসঙ্গে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া  বলেন, ‘আমাদের বিভাগীয় এসব সমাবেশের তারিখ প্রায় দুই মাস আগে কেন্দ্র থেকে নির্ধারণ করা। আওয়ামী লীগ সম্মেলনের তারিখ গত মাসে নির্ধারণ করেছে, তবে আমরা সংঘাত চাই না। তারিখ পরিবর্তনের বিষয়ে কেন্দ্রে কথা বলব। যদি পরিবর্তন হয় হবে, না হয় ওইদিনেও সমাবেশ করা হবে।’

জেলা আওয়ামী লীগ নেতারা বলেন, গত ১৭ সেপ্টেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ২৬ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগ নেতাদের দাবি, বিএনপি ইচ্ছা করেই সংঘাতের গন্ধ খোঁজে। আওয়ামী লীগের এবারের সম্মেলন হবে জেলা শহরের বাইরে এবং বিএনপি সমাবেশের অনুমতি চেয়েছে কুমিল্লা টাউন হল মাঠে। তাই বিএনপি ইচ্ছা করে সংঘাতে না গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘাতে যাবে না।

এ বিষয়ে রাতে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক সমকালকে বলেন, ‘বিএনপি সমাবেশ করতে চায় করুক, তারা নগরীতে সমাবেশ করতে চায়। আমরা করব শহরের বাইরে। তাই উভয় দলের নেতাকর্মীরা শান্ত থেকে কর্মসূচি পালন করলে সংঘাত হওয়ার কথা না। তবে বিএনপি চাইলে তাদের তারিখ এগিয়ে কিংবা পেছাতে পারে, এটা তাদের ইচ্ছা।’

সূত্র: সমকাল।