All posts by jitu

কবিতা: নিষ্ঠুর পৃথিবীতে আগমন

মোঃ সুমন মিয়া:

এক পৃথিবী কষ্ট, অভিমান
অভিযোগ ঐ দু’টি চোখে,
প্রশ্ন কি জাগ্রত হয় না
আজ মানুষের বিবেকে?

আগমনের সমস্ত প্রস্তুতি শেষ;
শুধু আসার অপেক্ষায়,
উন্মাদ ঘাতকেরা উৎ পেতে বসা
জীবন নিতে এক আঘাত; ঝটিকায়।

মৃত্যুপুরী থেকে প্রাণের সঞ্চার
এক বিস্ময়কর আগমনি মহরত,
জঠর ফেটে ভুমিষ্ঠ শিশুর জীবন
রবের এক অলৌকিক কুদরত।

আহত হয়েছে,ক্ষতবিক্ষত হয়েছে;
নিঠুর এই পৃথিবীর কথা ভেবেছে যেই,
পৃথিবীতে এত মানুষ থেকেও
আজ তার আপন বলতে কেউ নেই।

 

 

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ খাতে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেলেন কুমিল্লার ডিসিসহ ৫ জন

 

স্টাফ রিপোর্টার:

প্রথমবারের মতো প্রচলন হওয়া ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পেলেন প্রশাসনের ২৭ জন কর্মকর্তা ও ৪টি সরকারি প্রতিষ্ঠান। এর মধ্যে  ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ খাতে পদক পেয়েছেন  কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, সহকারী কমিশনার ফাহিমা বিনতে আখতার ও নাসরিন সুলতানা নিপা।

আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২৭ জন কর্মকর্তা, তিনটি মন্ত্রণালয় ও একটি ইউনিটের কাছে পদক তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক নীতিমালা, ২০২২’ অনুযায়ী সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা, উন্নয়ন প্রশাসন, মানব উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, দুর্যোগ ও সংকট মোকাবিলা, অপরাধ প্রতিরোধ, জনসেবায় উদ্ভাবন, সংস্কার, গবেষণা এবং বিজ্ঞান ও প্রযুক্তি-ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক দেওয়া হয়েছে।

এবার ‘সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা’য় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তি দর্শন বহির্বিশ্বে ছড়িয়ে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দারিদ্র্য বিমোচনে ভূমি পুনরুদ্ধার ও উন্নয়নের ধারণা বাস্তবে রূপায়ণ করে ‘উন্নয়ন প্রশাসনে’ পানি সম্পদ মন্ত্রণালয় বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

‘মানব উন্নয়ন’ ক্ষেত্রে দলগতভাবে পদক পেয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আজিজুর রহমান, বাগেরহাট মোল্লারহাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওয়াহিদ হোসেন, মোল্লারহাটের সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল ও মোল্লারহাটের উপজেলা শিক্ষা অফিসার মো. কামাল হোসেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব কাজী মো. আব্দুর রহমান (নেত্রকোনার সাবেক জেলা প্রশাসক), নেত্রকোনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক (বর্তমানে পিআরএল ভোগরত), নেত্রকোণা খালিয়াজুরির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম, খালিয়াজুরির সাবেক সহকারী কমিশনার (ভূমি) (বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগ দেওয়া) নাহিদ হাসান খান ও নেত্রকোনার মদনের উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুর রহমান ‘অর্থনৈতিক উন্নয়ন’ ক্ষেত্রে পদক পেলেন।

‘দুর্যোগ ও সংকট মোকাবিলা’য় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ এইচ এম আব্দুর রকিব, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জাহিদ নজরুল চৌধুরী এবং চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম পদক জিতেছেন।

‘অপরাধ প্রতিরোধ’ ক্ষেত্রে মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন, গোপালগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক আজহারুল ইসলাম (মাদারীপুরের স্থানীয় সরকারের সাবেক উপ-পরিচালক), মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, মাদারীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল্লাহ-আবু-জাহের দলগতভাবে পদক পেয়েছেন।

‘জনসেবায় উদ্ভাবন’ ক্ষেত্রে দলগতভাবে পদক পেলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ঢাকার জেলা প্রশাসক শহীদুল ইসলাম ও সুরক্ষা ডেভেলপার ইউনিট। ভূমি তথ্য ব্যাংকের জন্য ‘সংস্কার’ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে পদক পেয়েছে ভূমি মন্ত্রণালয়।

এছাড়া ‘গবেষণা’য় বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পারভেজুর রহমান পদক পেয়েছেন।

কুমিল্লার ডিসি মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, সহকারী কমিশনার ফাহিমা বিনতে আখতার ও নাসরিন সুলতানা নিপা ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ খাতে পদক পেয়েছেন।

পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক (২১ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের) এবং রাষ্ট্রীয় মনোগ্রাম সংবলিত সম্মাননাপত্র দেওয়া হবে।

নীতিমালা অনুযায়ী, ব্যক্তিগত অবদানের জন্য ২ লাখ টাকা, দলগত অবদানের জন্য ৫ লাখ টাকা দেওয়া হয়। দলগত অবদানের ক্ষেত্রে দলের সর্বোচ্চ সদস্য সংখ্যা ৫ জন। দলের প্রত্যেক সদস্যকে স্বর্ণপদক, সম্মাননাপত্র ও ক্রেস্ট দেওয়া হয় এবং নগদ পুরস্কারের ৫ লাখ টাকা সদস্যদের মধ্যে সমভাবে বণ্টন করা হবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বর্ণপদক, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।

চান্দিনায় সড়কে ডাকাতির কবলে প্রবাসী

 

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় ডাকাতির কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে এক রেমিট্যান্স যোদ্ধা।

বৃহস্পতিবার (২১ জুলাই) মধ্য রাতে বিদেশ থেকে ফিরে বাড়ি যাওয়ার পথে ডাকাতদের কবলে পড়ে হারিয়েছেন নিজের উপার্জনের অন্তত ৬ লক্ষ টাকার মালামাল।

এ ঘটনায় ভূক্তভোগী রেমিট্যান্স যোদ্ধা বাছেদ বাদী হয়ে চান্দিনা থানায় লিখিত অভিযোগ করেন। ওই সড়ক গত এক মাসে আরও ৩টি ডাকাতির ঘটনা ঘটে।

ভূক্তভোগী ওই রেমিট্যান্স যোদ্ধা বাছেদ কুমিল্লার বরুড়া উপজেলার বাড়াইপুর গ্রামের আব্দুল ওহাব ভূইয়া’র ছেলে।

তিনি জানান, বিদেশ থেকে বাড়ি ফেরার সময় হারং মাদ্রাসা সংলগ্ন এলাকায় ৭-৮ জনের ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে ৩ হাজার ডলার যার মূল্য ৩ লাখ টাকা, ৭৮০ রিয়াল যার মূল্য ২২ হাজার টাকা, নগদ ৫৮ হাজার টাকা, একটি ঘড়ি মূল্য ৪০ হাজার টাকা, একটি আই ফোন মূল্য অনুমান ১ লাখ ৪৫ হাজার টাকা, ২টি মোবাইল ফোন মূল্য অনুমান ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাত দল।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

না ফেরার দেশে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া

 

ডেস্ক রিপোর্ট:

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে দীর্ঘ নয় মাস চিকিৎসাধীন ছিলেন তিনি।

বাংলাদেশ সময় শুক্রবার (২২ জুলাই) দিনগত রাত ২টার দিকে তিনি মারা যান। এসময় তার বড় মেয়ে ফাহিমা রাব্বী রিটা এবং একান্ত সচিব তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের এই সংসদ সদস্য দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

ফজলে রাব্বী মিয়া ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ফয়জার রহমান এবং মাতার নাম হামিদুন নেছা।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ শুরু হলে ফজলে রাব্বী মিয়া মুক্তিযুদ্ধে যোগদান করেন। তিনি ১১নং সেক্টরে যুদ্ধ করেন। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বৈশ্বিক জনমত গড়ে তুলতে তিনি কাজ করেছেন।

ফজলে রাব্বী মিয়া ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৮৮ সালে চতুর্থ, ১৯৯১ সালের পঞ্চম ও ১৯৯৬ সালে ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন।

২০০৮ সালে নবম, ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

কুমিল্লায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম লালমাই ফুটবল ক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

 

সালাহ্ উদ্দিন সোহেলঃ

মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম লালমাই ফুটবল ক্লাব প্রীতি ফুটবল ম্যাচ শুক্রবার বিকালে লালমাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটির মূল আকর্ষণ ছিল ব্যারিস্টার সাইদুল হক সুমন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বিজয়ী হয়েছেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রাজা, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক তদন্ত মোঃ বিল্লাল হোসেন, অর্থমন্ত্রীর পিও মোঃ মিজানুর রহমান, সদর দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস সালাম চৌধুরী। এ সময় সদর দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম, মেজবাউজ্জামান উজ্জ্বল, সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন হোসেনসহ অন্যান্যরা।

নিখোঁজের একদিন পর রিকশা চালকের মরদেহ মিলল পুকুরে

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজ থাকার ১দিন পর ব্যাটারি চালিত এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ এ মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি।

শুক্রবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারাহীননগর গ্রামের আমিশা পাড়া কলেজ সংলগ্ন হিন্দু পাড়ার একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করে।

নিহত মো.সৌরভ হোসেন (১৪) পার্শ্ববর্তী লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরগজারিয়া গ্রামের দিদার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সৌরভ হোসেন তার পরিবারের সঙ্গে সোনাইমুড়ী উপজেলার বারাহীনগর গ্রামের ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। সে পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সে বাসা থেকে রিকশা নিয়ে বের হয়ে যায়। এরপর সে আর বাসায় ফেরেনি। নিখোঁজ থাকায় গতকাল রাতে সৌরভের বাবা সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর শুক্রবার দুপুর ১টার দিকে সৌরভের লাশ পুকুরে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিকেল ৫টার দিকে সোনাইমুড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। তার শরীরে কোন আঘাতের চিহৃ ছিল না। শরীরে মুখোর অংশ পানিতে ছিল। আবার এক পা পানিতে ছিল আরেক পা মাটির ওপরে ছিল।

ওসি আরো জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

কুমিল্লার লাকসামে নারীসহ ২ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসাম থেকে ১৪৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে উপজেলার মুদাফরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের দক্ষিণ বেতিয়ারা গ্রামের কাজী নুর ইসলামের ছেলে মোঃ মুরাদ হোসেন উজ্জল (২৬) এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরবাগল গ্রামের মৃত মান্নান মোল্লার মেয়ে কল্পনা আক্তার (৪০)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতরা কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

ইয়াবা-আগ্নেয়াস্ত্রসহ ১৪ মামলার আসামি গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে ১৪ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী এলমান ও তার সহযোগী সবুজকে ইয়াবা-আগ্নেয়ান্ত্রসহ গ্রেফতার করেছে সুধারাম থানার পুলিশ। এ সময় গ্রেফতারকৃত আসামিদের থেকে ৮০পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর রশিদ কলোনী থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত মো.এলমান (২৫) নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে এবং তার সহযোগী সন্ত্রাসী সবুজ (২২) উপজেলার দরবেশ গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়,কয়েক মাস আগে সন্ত্রাসী এলমান ও তার সাঙ্গপাঙ্গরা সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসারকে চাঁদার দাবিতে হাতুড়ি দিয়ে পেটিয়ে গুরুত্বর আহত করে। সে ওই মামলার এজহার নামীয় প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। সে এলাকার চিহিৃত দুর্ধর্ষ সন্ত্রাসী।

সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী এলামান ও তার সহযোগী সবুজকে মাদক-অস্ত্রসহ গ্রেফতার করা হয়। ওই সময় তাদের থেকে ৮০ পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি এলজি জব্দ করা হয়। এ ঘটনায় মাদক ও অস্ত্র আ্ইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কুমিল্লা নগরীর একাধিক ভবনে খালি গ্যাস সিলিন্ডার রেখে অবৈধ সংযোগ ব্যবহার

নেকবর হোসেন :
কুমিল্লা নগরীর একাধিক ভবনের সামনে গ্যাস সিলিন্ডার রেখে সরকারি গ্যাস অবৈধ ভাবে ব্যবহার করা হচ্ছে।

বাখরাবাদ গ্যাস কোম্পানির সূত্র জানায়, গ্যাস বিতরণ কোম্পানিকে বিভ্রান্ত করতে ইদানিং কিছু কিছু এপার্টমেন্ট গ্যাস সিলিন্ডার প্রদর্শন করে সরকারি বিতরণ কোম্পানির পাইপলাইনের গ্যাস অবৈধভাবে ব্যবহার করছে। বৈধ একটি বা ২টি সংযোগ রেখে বাকি ফ্লাট এপার্টমেন্টে অবৈধ গ্যাস ব্যবহার করা হচ্ছে।

সূত্র আরো জানায়, বৃহস্পতিবার কুমিল্লা নগরীর ঝাউতলার ইকবাল রহমান টাওয়ারে এই রকম একটি সংযোগ পায় বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। বৈধ ২ টি সংযোগের ৭ টি চুলার সংযোগ থেকে মোট ৪৫টি চুলায় গ্যাস ব্যবহার করার আলামত পাওয়া যায়। গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। পরিদর্শন করে দেখা যায়, কিছু এলপিজি সিলিন্ডার সামনে রাখা হয়েছে, যাতে পরিদর্শন টিমকে বিভ্রান্ত করা যায়।

বাখরাবাদ গ্যাস কোম্পানির ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস)প্রকৌশলী মীর ফজলে রাব্বী বলেন, আমরা এই রকম অবৈধ সংযোগ শনাক্তের চেষ্টা করছি। এরকম অনিয়ম করা ব্যক্তিদের সংযোগ বিচ্ছিন্নসহ জরিমানা করা হচ্ছে।

দেবিদ্বারের ইউপি আ’লীগ নেতা রাসেল মাদকসহ আটক ! পুলিশ বলছে ঘটনা মিথ্যে

স্টাফ রিপোর্টার:

দেবিদ্বারের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেলকে ইয়াবা ও গাজাসহ আটক করে মুরাদনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। তবে এ ঘটনাকে সাজানো নাটক বলছেন মুরাদনগর থানা পুলিশ। এ ঘটনার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। চলছে সমালোচনার ঝড়।

ওবায়দুল হাসান রাসেল কুমিল্লার দেবিদ্বারের ৯ নং গুনাইঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ।

বৃহস্পতিবার রাতে মুরাদনগরের পরমতলায় তাকে আটক করে স্থানীয় জনতা।

রাসেল আটক হওয়ার পর মুরাদনগর থানায় রয়েছে। এদিকে তাকে ছাড়িয়ে আনতে জেলা, উপজেলা ও ইউনিয়ন আ’লীগের বেশ কয়েকজন আ’লীগ নেতা মুরাদনগর থানায় গেছেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবুল হাসিম  সাংবাদিকদের জানান, ষড়যন্ত্র করে ১০ গ্রামের মতো গাঁজা দিয়ে তাকে ফাঁসিয়েছেন স্থানীয়রা। এটা তদন্তে পাওয়া গেছে।

তবে দৈনিক আজকের কুমিল্লার অফিস থেকে ওসির মুঠোফোনে কল করলে একজন কর্মকর্তা কল রিসিভ করে জানান, ওসি স্যার মিটিংয়ে । পরে কল করেন।