All posts by jitu

কুবিতে ‘মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদ’–এর উদ্যোগে নবীনবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মুরাদনগর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদ’–এর উদ্যোগে নবীনবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের দপ্তর সম্পাদক ও আইন বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থী ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ নাসির উদ্দিন, সোনালী ব্যাংক পিএলসি, কোম্পানীগঞ্জ শাখার ম্যানেজার সফুর উদ্দিন ভূঁইয়া, এনসিসি ব্যাংক পিএলসির ব্যাংক কর্মকর্তা তনয় সাহা, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল আওয়াল টিপু, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষক হাসান আল মামুন, ৪৫-তম বিসিএস (প্রশাসন) সুপারিশপ্রাপ্ত মোঃ রাকিব হোসেন।

মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বলেন – কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই আনন্দঘন নবীনবরণ ও মিলনমেলায় ১ম থেকে ১৯তম ব্যাচের ভাই-বোনদেরকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের এই অরাজনৈতিক সংগঠনের মূল লক্ষ্য হলো পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখা এবং মুরাদনগরের শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা। আজ নবীনদের বরণ করে নেওয়ার মাধ্যমে আমাদের এই বন্ধন আরও সুদৃঢ় হলো। আগামী দিনেও আমরা শিক্ষা, সামাজিক ও মানবিক কার্যক্রমে আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ।

সভাপতি মোঃ সাইদুল হাসান বলেছেন, প্রথমে মহান স্রষ্টার প্রতি শুকরিয়া। নবীন – প্রবীণ শিক্ষার্থীদের এই মিলনমেলায় অংশগ্রহণ করতে পেয়েছি বলে বেশ আনন্দিত। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলছি– লক্ষ্য স্থির, দক্ষতা উন্নয়ন, সময় ব্যবস্থাপনা ও একাডেমিক পড়াশোনার ব্যাপারে সচেতন হয়ে সৎ ও যোগ্য মানুষ হবে। আজকের আয়োজনকে সফল করতে যারা অর্থ, শ্রম ও মেধা দিয়ে সহযোগিতা করেছেন আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞ। আমাদের এই পরিবারের বন্ধন সবসময় অটুট থাকুক। সকলের জন্য অশেষ শুভকামনা রইল।

দাউদকান্দিতে বেইলী সেতুর পাটাতন ভেঙে ট্রাক আটকে যানবাহন চলাচল বন্ধ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে বেইলী সেতুর পাটাতন ভেঙে গাছের গুঁড়িবোঝাই ট্রাক আটকে গেছে। এতে গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে মতলব-দাউদকান্দি আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। এ সড়কে চলাচলকারী দাউদকান্দি, চাঁদপুরের মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার একাধিক গ্রামের মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দাউদকান্দি উপজেলার পূর্ব-দক্ষিণাঞ্চল, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ সহজ করার জন্য ২০০০ সালের ২১ অক্টোবর খিরাই নদের ওপর বেইলি সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘ ২৫ বছর ব্যবহারের পর এখন সেতুটির পাটাতনগুলো মরিচায় নষ্ট হয়ে গেছে। এ কারণে সেতুর স্থানে স্থানে ভেঙে গেছে। এ দিয়ে যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

রবিবার সকালে সেতুর ওপর আটকে থাকা ট্রাকটির গাছের গুঁড়িগুলো নামিয়ে ট্রাকের চালক ও চালকের সহকারী ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছেন।

ট্রাক চালকের সহকারী জাহিদ হাসান বলেন, তাঁরা সড়কের সরকারি গাছের গুঁড়ি বোঝাই করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাটে নিয়ে যাচ্ছিলেন। সেতুর ওপর উঠে মাঝামাঝি স্থানে পৌঁছানোর পর সেতুর দুটি স্টিলের প্লেট ভেঙে চাকা আটকে যায়। লাফিয়ে ট্রাক থেকে নেমে তাঁরা দুজন প্রাণে রক্ষা পেয়েছেন।

স্থানীয় সিএনজি ও অটোরিকশা চালকরা জানান, অটোরিকশা ও রিকশা সেতুর ওপর উঠলেই সেতুটি কাপতে থাকে। মনে হয়,যেন ভেঙে পড়ছে।
চালকরা বলেন, আমরা এ সড়কে সিরিয়াল এবং সিরিয়াল ছাড়া প্রায় কয়েক’শ সিএনজিচালিত অটোরিকশা চালক রয়েছি । ট্রাক ওঠায় সেতুর স্টিলের পাটাতন ভেঙে যাওয়ায় সংস্কার না করা পর্যন্ত বিপদে আছি ।

ব্যাটারিচালিত রিকশার চালক উপজেলার চশই গ্রামের লিটন মিয়া বলেন, মরিচায় সেতুটি পাটাতন নষ্ট হয়ে ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা সেতুর ওপর দিয়ে ভয়ে ভয়ে চালাইতাম। এখন ট্রাকটির ভাগ্য ভালো যে নিচে পড়েনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, গাছের গুড়ি বোঝাই ট্রাকটি ওভারলোডের কারণে এমনটি ঘটেছে। মেরামতে কয়েকদিন সময় লাগবে। আর ওখনেই একটি পাকা সেতু নির্মাণের প্রস্তাবনা গত সপ্তাহে এলজিইডি ঢাকার প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

ডিসেম্বর মাসে কর্মক্ষেত্রে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন ডিবির এসআই পবিত্র ও তৌফিকের টিম

স্টাফ রিপোর্টার:

গত ডিসেম্বরে কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার, ডাকাতি কাজে ব্যাবহৃত অস্ত্র ও একটি পিকআপ উদ্ধারে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার এস.আই পবিত্র ও এস.আই তৌফিক হোসেন এর টিমদ্বয়কে পুরস্কৃত করেছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান।

এছাড়াও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও মাদক উদ্ধারের জন্য পুরস্কৃত করা হয়।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে পুলিশ সুপার তাদের পুরস্কৃত করেন।

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ভালো কাজের স্বীকৃতিতে পুরস্কার প্রদান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) কুমিল্লা পুলিশ লাইন্স ড্রিলশেডের শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।

সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা তাঁদের নানাবিধ সমস্যা ও মতামত পুলিশ সুপারের সামনে উপস্থাপন করেন। পুলিশ সুপার সমস্যাগুলো শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় গত ডিসেম্বর ২০২৫ সালে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন অফিসার ও ফোর্সদের মাঝে অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সুপার তাঁদের ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করেন এবং আগামীতে এ ধরনের পুরস্কারের পরিমাণ বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়াসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমাইয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে দলীয় কর্মীকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লালমাই উপজেলার দ্যুতিয়াপুর এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক দলীয় কর্মীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) প্রতীক ও প্রার্থীর ছবি সংবলিত লিফলেট বিতরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসন, লালমাই জানায়, নির্বাচনের পরিবেশ স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সবাইকে নির্বাচনী আইন ও আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

তিতাসে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও বিদেশী মদসহ আটক ৩

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা, বিয়ার ও বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় গোপন তথ্যের ভিত্তিতে দাউদকান্দি উপজেলার গৌরিপুর এবং তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে গোপালপুর গ্রামের একটি বসতবাড়ি থেকে ইয়াবাসহ একজন এবং গৌরিপুর এলাকায় অভিযান চালিয়ে বিয়ারসহ দুইজনকে আটক করা হয়।
অভিযানে মোট ৬০০ পিস ইয়াবা, ২১০ ক্যান ভারতীয় বিয়ার, একটি বিদেশি মদের বোতল এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে শাহপরান (২৭), একই গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম (২৭) এবং গোপালপুর গ্রামের মো. নসু মিয়ার ছেলে মো. রবিউল (৩২)।

তিতাস থানার ওসি মোঃ আরিফ হোসাইন বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শনিবার রাতে মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ রবিবার আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আনন্দঘন পরিবেশে চাঁদপুর প্রেস ক্লাবের অভিষেক ও সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সাংবাদিক সমাবেশ।শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে প্রেস ক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী এবং সঞ্চালনা করেন নবাগত সাধারণ সম্পাদক এম এ লতিফ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী, তিনি শুরুতেই সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ শরীফ ওসমান হাদী, জুলাই এর শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, চাঁদপুরের একক ও ঐক্যবদ্ধ প্রেসক্লাব আমাকে মুগ্ধ করেছে। আপনাদের যে একাত্বতা তা আমাকে মুগ্ধ করে। আমি জেলা প্রশাসক যতটা না, কিন্তু আমি রিটানিং অফিসার। সারা বাংলাদেশ জুড়ে আপনারা দেখবে না পোস্টার নাই। আগে গানে গানে নির্বাচনী গান চলতো। এখন সেটা নাই; এবার নির্বাচনে মিছিল নাই, মিটিং নাই। আমি আপনাদের নিয়ে ভালো আছি। আমি এখানে কথা বলতে গিয়ে ভয় পাচ্ছি না, সাবধানে কথা বলি। অনেকেই প্রেসে কাজ করেন তাদের খোজ রাখি। প্রচার কাজে গণভোটের প্রচার করা হচ্ছে। আমি এতটুকু বলতে পারি, আপনি গণভোট টা দিবেন, কাকে দিবেন এটা আপনাদের ইচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার মো. রবিউল হাসান। তিনি বলেন, সাংবাদিকতা মহান, সম্মান ও গৌরবের পেশা। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। কারণ তাদের চারদিকে শত্রু মোকাবেলা করতে হয়। আর এই চিত্র শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই। চাঁদপুরে সাংবাদিকদের একটিমাত্র ক্লাব এটি শুনতে অবিশ্বাস্য মনে হয়। অন্য জেলায় অনেকগুলো প্রেসক্লাব। মতের বিরোধ হলেই আরেকটি প্রেসক্লাব তৈরি হয়। চাঁদপুরের সাংবাদিকদের মধ্যে ঐক্য আছে। একসাথে থাকলে অনেক উন্নয়ন করা যায়।তিনি আরো বলেন, সাংবাদিকরা যত ভালই কাজ করুক না কেন, কেউ না কেউ তাদের দোষ-ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করে। সাংবাদিকরা জরাজীর্ণ অবস্থা থেকে মানুষকে মুক্তির পথ দেখায়। অন্ধকার থেকে আলোর পথ দেখায়। পেশাগত কারণেই পুলিশ সাংবাদিক একসাথে কাজ করে। অপ্রত্যাশিত তথ্যগুলো সাংবাদিকদের মাধ্যমে পাই। পুলিশ সুপার বলেন, গণভোেট সম্পর্কে আমাদের আরো বেশি করে জানা দরকার। হ্যাঁ ভোট দিবো নাকি না ভোট দিব। আমরা দেশকে এগিয়ে নিব, নাকি পিছিয়ে নিব। চাঁদপুর জেলায় আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য সহযোগিতা করব। চাঁদপুরে শান্তি ও নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই কাজে পুলিশও একটি অংশ। পুলিশ নিরপেক্ষ থাকবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারলে একটি ভালো সরকার গঠন করতে পারবো।

অতিথির মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, খেলাফত মজলিসের চাঁদপুর জেলা সভাপতি তোফায়েল আহমেদ, চাঁদপুর শহর জামাতের আমির এডভোকেট মোঃ শাহজাহান খান, গণঅধিকার পরিষদ জেলা কমিটির আহবায়ক আশরাফুজ্জামান কাজী রাসেল, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মেহেদী হাসান, ড্যাফোডিল ইউনিভার্সিটির উর্ধ্বতন পরিচালক (জনসংযোগ) আনোয়ার হাবিব কাজল, এনসিপি জেলা কমিটির আহ্বায়ক মাহবুব আলম, উদয়ন শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসান, চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলমগীর হোসেন বাহার, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, শরীফ চৌধুরী, বিএম হান্নান (বাংলাদেশের পরবর্তীত প্রেক্ষিপট ও সাংবাদিকতা), গিয়াস উদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, কাদের পলাশ, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, অধ্যাপক দেলোয়ার আহমেদ, ফারুক আহমেদ, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমান, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মজিবুর রহমান, চাঁদপুর জেলা আদালতের এপিপি শামসুল ইসলাম মন্টু, জাতীয় ছাত্র শক্তি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক সাগর হোসেন।

উপজেলা সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মাইনুল ইসলাম কাজল, হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, হাইমচর প্রেস ক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম, শাহরাস্তি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন, মতলব দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি আমির খসরু, মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।

সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের কলা কৌশল বিষয়ে আলোচনা করেন প্রেস ক্লাবের সদস্য মো. ইউনুস উল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন চাঁদপুর প্রেসক্লাব সদস্য মাওলানা আহম্মদ উল্যাহ এবং গীতা পাঠ করেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর। এসময় প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে সর্বশেষ প্রয়াত সাংবাদিক, দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে শহীদ, জুলাই আন্দোলনে শহীদ, শহীদ ওসমান হাদি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাব সদস্য মাওলানা আহম্মদ উল্যাহ।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ের প্রেস ক্লাব নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক, শিক্ষক, আইনজীবী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়। এসময় সকল অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান ও ক্রেস্ট প্রদান করেন চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী।

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনে সড়কে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর নিহতকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে একদল যুবকের বিরুদ্ধে বাজারে মিষ্টি বিতরণ করার অভিযোগ উঠেছে।

নিহত যুবকের নাম মিজানুর রহমান ওরফে রনি (৩৫)। তিনি কবিরহাট পৌরসভার জৈনদপুর এলাকার মো. শহীদের ছেলে। দুই সন্তানের জনক মিজানুরের বিরুদ্ধে ডাকাতি, চুরি, অস্ত্র মামলা ও সরকারি কর্মচারীর ওপর হামলাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে শনিবার রাত ৮টার দিকে কালিরহাট বাজারে স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির একটি প্রস্তুতি বৈঠক চলছিল। ওই বৈঠকে মিজানুর উপস্থিত হয়ে নিজেকে দলের ত্যাগী কর্মী দাবি করলে নেতাকর্মীদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে ধাওয়া দিলে তিনি সেখান থেকে পালিয়ে যান।

এরপর রাত ১০টার দিকে কালিরহাট বাজারের উত্তর পাশে কাজী বাড়ির সামনে একদল লোক মিজানুরকে আটক করে লাঠি ও লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে। পরে তার মরদেহ সড়কের ওপর ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা লাঠি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। নিহতের পকেট থেকে একটি খেলনা পিস্তল ও একটি টিপ ছুরিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশীদ হারুন বলেন, ‘আমরা অফিসে বসে নির্বাচনী আলোচনা করছিলাম। মিজান সেখানে এসে কথাকাটাকাটি করে চলে যায়। পরে শুনেছি কে বা কারা তাকে হত্যা করেছে। মিষ্টি বিতরণের বিষয়টি আমার জানা নেই।’

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, মিজানুর কিছুদিন আগে জামিনে মুক্ত হয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

দেবীদ্বারে অটোরিকশাচালক হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবীদ্বারে আলাউদ্দিন (৩৩) নামের অটোরিকশাচালক হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। এতে জড়িত ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন দেবীদ্বার উপজেলার ফুলতলী গ্রামের বাসিন্দা মো. জামাল হোসেন (৩৩) ও মোহাম্মদ মহসিন (৩৫) এবং কুমিল্লার অশোকতলার বাসিন্দা আরিফ হোসেন (৪১)।

পুলিশ জানান, গত ১ জানুয়ারি সন্ধ্যা থেকে অটোরিকশাসহ নিখোঁজ হয় আলাউদ্দিন। নিখোঁজের ১২ দিন পর ১২ জানুয়ারি পার্শ্ববর্তী বাঙ্গরা বাজার থানাধীন এলাকা থেকে পুলিশ নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর থেকে দেবীদ্বার থানা পুলিশ হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডে জড়িতদের ৩ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের চট্টগ্রামের বাকুলিয়া ও কুমিল্লার টমছম ব্রিজ এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা আলাউদ্দিনের অটোরিকশাটি ছিনিয়ে নিতেই এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্য সেবা পেলেন ১ হাজার ৩৯৩ জন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এ মেডিকেল ক্যাম্পে নবীনগর ও পার্শ্ববর্তী এলাকার মোট ১,৩৯৩ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন, যার মধ্যে পুরুষ ৩২৪ জন, নারী ৭০৬ জন এবং শিশু ৩৬৩ জন। পাশাপাশি স্থানীয় অ্যানেস্থেশিয়ার মাধ্যমে ৫টি সফল অপারেশন সম্পন্ন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক ও মেডিকেল স্টাফরা বিনামূল্যে চিকিৎসা, বিশেষজ্ঞ পরামর্শ ও ওষুধ প্রদান করেন।

এ মানবিক উদ্যোগে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।