All posts by jitu

বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার:

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল “বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছবি আঁকা প্রতিযোগিতা ২০২৫” এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান ‘শীর্ষক এই মেগা আর্ট ইভেন্টে ৫ হাজার ৮৭১ জন খুদে শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশ্ববরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে গঠিত জুরিবোর্ড ১৪৩ জনকে বিজয়ী ঘোষণা করে। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান।

তিনটি ক্যাটাগরিতে ৩০ লাখ টাকার মোট ১৪৩টি পুরস্কার ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ক্যাটাগরি ১- (তৃতীয় থেকে ষষ্ঠ) প্রথম হয়েছেন আরাত্রিকা বড়াল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ তৃতীয় শ্রেণি। দ্বিতীয় হয়ছেন রাইছা ইসলাম জেছি উত্তরা হাই স্কুল এন্ড কলেজ ষষ্ঠ শ্রেণি। তৃতীয়ছেন সৌভিক সাহা নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল ষষ্ঠ শ্রেণি। চতুর্থ হয়েছেন মাহরিন ইসলাম ওয়াইডাব্লিউসিএ গার্লস স্কুল চতুর্থ শ্রেণি। পঞ্চম সাবা ইসলাম বর্ণ এপিবিএন আদর্শ উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণি।

দ্বিতীয় ক্যাটাগরিতে (সপ্তম থেকে দশম) প্রথম হয়েছেন সুপ্রভা সাহা নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ দশম শ্রেণি। দ্বিতীয় হয়েছেন মো. ইমরুল কায়েস রাফসান এসওএস হারম্যান মেইনার কলেজ, ঢাকা নবম শ্রেণি। তৃতীয় হয়েছেন নাদিদ বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণি। চতুর্থ হয়েছেন মাহিরুল বিনতে হক মিহিকা সাম্পান শিশু ও কিশোর সংগঠন অষ্টম শ্রেণি। পঞ্চম হয়েছেন জয়িতা দে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় অষ্টম শ্রেণি।
বিশেষ ক্যাটাগরি- বিশেষ চাহিদাসম্পন্ন বিশেষ পুরস্কার পেয়েছেন মায়াস রাসদান এজাজ ভিশন গ্লোবাল স্কুল চতুর্থ শ্রেণি।

সকল ক্যাটাগরিতে প্রতিযোগিতার ১ম পুরষ্কার ছিল ৩ লাখ, ২য় ২ লাখ, ৩ য় ১ লাখ, ৪ র্থ ৭০ হাজার, ৫ ম ৫০ হাজার টাকা।

স্কুলপর্যায়ে সর্ববৃহৎ চিত্রাঙ্কণ প্রতিযোগিতাটি গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। শনিবার ১৭ জানুয়ারি ২০২৬, বিকাল ৫:৩০টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি), নবরাত্রি হলে (হল নম্বর-৪) পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জুরিবোর্ড প্রধান স্পেনের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত চিত্রশিল্পী গুরু মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান। দেশের সর্ববৃহৎ চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিত্র শিল্পী ড. ফরিদা জামান, কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন, বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিছুর রহমান।

রাজধানীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯ হাজারের বেশি শিক্ষার্থী এতে নিবন্ধন করেছিল। দেশের দুই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায়-১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থান-এক ক্যানভাসে তুলে ধরেন খুদে শিল্পীরা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস এবং ইনডোর স্টেডিয়ামে একসঙ্গে বসে তারা ছবি আঁকে।

প্রতিযোগিতায় জুরিবোর্ডের সদস্য ছিলেন লোকজ শিল্পের রূপকার আবদুস শাকুর শাহ, একুশে পদকপ্রাপ্ত শিল্পী ও অধ্যাপক ড. ফরিদা জামান, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ।

প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় তিনটি ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরিতে তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি, দ্বিতীয় ক্যাটাগরিতে সপ্তম থেকে দশম এবং তৃতীয় ক্যাটাগরিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

চৌদ্দগ্রামে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলা, শিশুসহ আহত ৬

‎‎স্টাফ রিপোর্টার:

‎কুমিল্লার চৌদ্দগ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলা, শিশুসহ ছয়জন আহত হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মৃত মফিজুর রহমানের ছেলে আলম। শুক্রবার রাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

‎থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, বাসন্ডা গ্রামের প্রবাসফেরৎ মো: আলম পৈত্রিকসূত্রে পাওয়া বাড়ির জায়গা সমানভাগে ভাতিজা মৃত আবপদুস সালামের ছেলে সবুজ গং ও চাচা জালাল উদ্দিনের নিকট বিক্রির সিদ্ধান্ত নেন। কিন্তু ভাতিজা সজিবরা একা সম্পূর্ণ জায়গা দাবী করে।

এ বিষয়ে মিমাংসার উদ্দেশ্যে শুক্রবার রাতে বাড়িতে পারিবারিকভাবে উঠান বৈঠক বসলে সজিব, ফয়েজ আহমেদের ছেলে মো: তারেক ও রাসেল, মৃত তাজুল ইসলামের ছেলে মো: ফয়েজ আহমেদ, মো: জহির আহমেদের ছেলে মো: ফারুক, তাজুল ইসলামের ছেলে নাছির উদ্দিন, আবদুল আজিজের ছেলে রিয়াজ, মৃত মফিজুর রহমানের ছেলে মনু মিয়া ক্ষিপ্ত হয়ে সংঘবদ্ধভাবে অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় জালাল উদ্দিনের স্ত্রী নার্গিস বেগম, মো: আলমের মেয়ে জান্নাতুল ফেরদৌস, জালাল আহমেদের প্রতিবন্ধী মেয়ে জিনিয়া আক্তার ও ফারজানা, মৃত একরাত উদ্দিনের ছেলে জালাল উদ্দিন, কামরুল ইসলামের ছেলে ফারহান আহত হয়। তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

‎‎হামলার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সজিব বলেন, ‘ঘটনার ভিতরে আরো ঘটনা আছে। আপনাদেরকে পুরো ঘটনা জানতে হবে। এরপর মোবাইল সংযোগ কেটে গেলে তিনি আর কল ধরেননি।

‎চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গুলজার আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

দৈনিক কুমিল্লার ডাকের নতুন কার্যালয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ একযুগের নিরবিচ্ছিন্ন পথচলার পর নতুন ঠিকানায় যাত্রা শুরু করলো কুমিল্লার পাঠকপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক কুমিল্লার ডাক’।

শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় দক্ষিণ চর্থা (থিরা পুকুর পাড়) প্রাইমারি স্কুলের পেছনে, মুরাদপুর বটতলা সংলগ্ন নতুন কার্যালয়ে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, “সত্য প্রকাশের দায়ে বিগত ফ্যাসিস্ট সরকার আমলে আমাকে হামলা-মামলা ও কারাবরণ করতে হয়েছে। তবুও অন্যায়ের বিরুদ্ধে আমাদের কলম থেমে যায়নি, থামবেও না। আমরা কোনো রাজনৈতিক নেতার পদলেহন করে সত্য আড়াল করিনি, করবোও না।”

তিনি আরও বলেন, “আমি বুকে হাত দিয়ে বলতে পারি, ‘দৈনিক কুমিল্লার ডাক’-এর নাম ব্যবহার করে কোনো গোষ্ঠীকে জিম্মি করে একটি টাকাও উপার্জন করিনি। সাংবাদিকতা একটি মহৎ ও আত্মত্যাগের পেশা। পারিবারিকভাবে অসচ্ছল হলে এই পেশায় আসবেন না। এখানে নিজের অর্থ, শ্রম ও মেধা দিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হয়।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট শান্তনু হাসান খান, দৈনিক পূর্বাশা পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ, দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি আবু ইউসুফ বাবু, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক আজকের জীবন পত্রিকার কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নেকবর হোসেন, বাংলার আলোড়ন পত্রিকার বার্তা সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান খান, আলোকিত প্রতিদিন পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম. কে. নূর আলম, জাগরণী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ, আলোকিত কুমিল্লা পত্রিকার সম্পাদক সাইফুল সুমন, খোলা কাগজ পত্রিকার শাহ ইমরান, টুডে নিউজ পত্রিকার সম্পাদক আবু বকর সিদ্দিক, চেতনায় ৭১-এর মাইনুল ইসলাম এবং এক্সপ্রেস বাংলা অনলাইন পত্রিকার সাইদুর সোহাগ।

উপস্থিত ছিলেন দৈনিক কুমিল্লার ডাকের নিজস্ব প্রতিবেদক মোঃ বিল্লাল হোসেন, মোঃ জয়নাল হোসেন, মোঃ মামুন মিয়া, মোঃ ফয়েজ আহাম্মদ ভূঁইয়া, শাখাওয়াত হোসেন, নাজমুল হাসান, মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন, লালমাই উপজেলা প্রতিনিধি মাইন উদ্দিন এবং সাংবাদিক মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুর রহমান শরিফ, কুমিল্লা মহানগর যুবদল নেতা আশ্বাদ আলী, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জাকির হোসেন সর্দার, ১৩ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আবদুল ওহাব, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক কামাল হোসেন, মনোহরগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী কাজী লোকমান হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মাহবুবুর রহমান, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী দুলাল, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবুল কালাম, বিশিষ্ট সমাজসেবক কাজী জসিম উদ্দিন মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ এনামুল হক লিটন, জাহিদ হাসান, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাচ্চু মিয়া, দেলোয়ার হোসেন, কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত হিরা, মোহাম্মদ মাহবুব আলম, কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল হোসেন কাউছার, যুবদল নেতা মোঃ মিলন মিয়া, মোঃ আকবর হোসেন রেজভি, আনিসুর রহমান, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাপ্পি মিয়া, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক লোকমান হোসেন, বিশিষ্ট সমাজসেবক আবদুস সালাম, ডা. জসিম উদ্দিন, মোহাম্মদ মাইনুদ্দিন হামিদ, মোহাম্মদ জসিম, মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, আলী রানা, ইশান, ইয়াছিন, মাসুম, রুবেল, অপু প্রমুখ।

অনুষ্ঠান শেষে কুমিল্লা মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা বদরুল হাসান রাব্বু নতুন কার্যালয় পরিদর্শন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক কুমিল্লার ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন।

এদিকে, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও মানবিক সংগঠন ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিউর রহমান রাজিব, ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার হাজ্বী আবদুস সালাম মাসুক, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম খান, ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দীন খান সোহেল-বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের কুমিল্লা আগমন উপলক্ষে সুযাগাজি মাঠ পরিদর্শনে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও মুঠোফোনে শুভেচ্ছা ও কুমিল্লার ডাকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বক্তারা বলেন, ‘দৈনিক কুমিল্লার ডাক’ একযুগ অতিক্রম করে দুই যুগে পা রেখেছে। নানা প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও পত্রিকাটি সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবিচল থেকেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন কার্যালয়ের মাধ্যমে পত্রিকাটি আরও পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সাহসিকতার সঙ্গে সমাজের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে।

যদিও সাংবাদিকদের একটি বড় অংশ কক্সবাজার সফরে থাকায় সরাসরি উপস্থিত হতে পারেননি, তবুও তাঁরা শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন পত্রিকাটির নতুন যাত্রার জন্য।

এই উদ্বোধনী আয়োজন কেবল একটি কার্যালয়ের সূচনা নয়—এটি ছিল সত্য, সাহস ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি এক নতুন অঙ্গীকার। ‘দৈনিক কুমিল্লার ডাক’ কেবল একটি সংবাদপত্র নয়, এটি একটি নৈতিক অবস্থান, একটি সামাজিক আন্দোলন, একটি নির্ভীক কণ্ঠস্বর। নতুন কার্যালয় থেকে এই কণ্ঠ আরও উচ্চকিত হবে—এমনটাই প্রত্যাশা কুমিল্লার সচেতন নাগরিক সমাজের।

কুমিল্লা চকবাজার তেলিকোনায় এক্সট্রা ইলেকট্রনিকের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর তেলিকোনা চৌমুহনীতে এক্সট্রা ইলেকট্রনিকস এর উদ্বোধন হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি ও সুজনের এর কুমিল্লা সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান।

তিনি তার বক্তব্যে বলেন, আমি সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আর ব্যবসায়িকদের পক্ষে। এ শো রুমটি উদ্বোধনের ফলে পূর্বাঞ্চল আলোকিত হল। এর ফলে এ অঞ্চলের মানুষ অনেক সুযোগ সুবিধা পাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সম্পাদক ও কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। তিনি তার বক্তব্যে বলেন, আমি আশা করছি এক্সট্রা ইলেকট্রনিকস এর ব্যবসার পরিধি পুরো দেশজুড়েই হবে। আমি এ উত্তরোত্তর সফলতা কামনা করছি।

এসময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা চকবাজার ব্যবসায়ি সমিতির নেতা মোবারক হোসাইন, স্থানীয় সর্দার মাজেদুর হক, সিনিয়র সাংবাদিক ও কুমিল্লা প্রেস ক্লাবের সদস্য শহিদুল্লাহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও ওহাব টিন ঘর এর স্বত্বাধিকারী আব্দুল জলিল, বিসমিল্লাহ ডেকোরেটরের স্বত্বাধিকারী আলেক হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম।

মোনাজাতের পূর্বে এক্সট্রা ইলেকট্রনিকস এর স্বত্বাধিকারী নাদিমুল হক সবার নিকট দোয়া কামনা করেন এবং গ্রাহক সেবা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। এসময় বিভিন্ন ইলেকট্রনিক্স কোম্পানির প্রতিনিধি ডিরেক্টরগণ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন সেবা ইলেট্রিক এর স্বত্বাধিকারী মনিরুল ইসলাম, জননী রিপেয়ারিং এর স্বত্ত্বাধিকারী মাইনুদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা অহিদুল রহমান, সাইফুল ইসলাম বাবু, দিলু মিয়া, আমিন ফার্মেসির স্বত্বাধিকারী জসীম উদ্দিন, ডা: আমিন, চেতনা ৭১ অনলাইনের সম্পাদক মাইনুক হক স্বপন, খোলা কাগজ কুমিল্লা প্রতিনিধি শাহ ইমরান, দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না,বার্তা ২৪ কুমিল্লা প্রতিনিধি রাফি।
পুরো অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন চ্যানেল বাংলাদেশ সিনিয়র রিপোর্টার বি এম মহিউদ্দিন মন্টি।

হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল বিএনপি প্রার্থীর মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এর অডিটোরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেয় ইসি।

অপরদিকে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতার বিরুদ্ধে একই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির আপিল নামঞ্জুর হয়েছে। এতে করে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের আলোকেই হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোট থেকে নির্বাচন করছেন এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোয়নপত্র কেন বাতিল করা হবে না, এজন্য ইসিতে আপিল করেছিলেন হাসনাত আবদুল্লাহ। পাশাপাশি বিএনপির এ প্রার্থীও হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টা আপিল করেন নির্বাচন কমিশনে।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার:

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামি আন্দোলন বাংলাদেশের কুমিল্লা জেলার ১১টি আসনের সার্বিক প্রস্তুতি বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে কুমিল্লা প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা ২আসনের সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী আশরাফুল আলম জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামি আন্দোলন বাংলাদেশ সংগঠনগতভাবে প্রস্তুত রয়েছে। নির্ধারিত ১১টি আসনে প্রার্থী চূড়ান্তকরণ, জনসংযোগ, সাংগঠনিক শক্তিশালীকরণসহ নির্বাচনী কার্যক্রম জোরদার করা হয়েছে।

তারা আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হলে ইসলামি আন্দোলন বাংলাদেশ জনগণের সমর্থনে ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদী। পাশাপাশি নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার দাবি জানান নেতারা।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বশির আহমাদ, কুমিল্লা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম,কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল করীম,কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী,কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ,কুমিল্লা ৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী,কুমিল্লা ৮আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি গোলাম সাদেক, কুমিল্লা ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ,কুমিল্লা ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শামছুদ্দোহা আশরাফী,কুমিল্লা ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মহিউদ্দিন শহিদ পাটোয়ারী প্রমুখ

কুমিল্লা নগরীতে বাসার গ্রিল কেটে স্বর্ণালঙ্কার-অর্থ লুট

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা নগরীতে দিনদুপুরে বাসার জানালার গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) দিনের কোনো এক সময় নগরীর রামঘাট এলাকার একটি ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জামাল হোসেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত। তিনি লাকসাম উপজেলার আমদুয়ার এলাকার বাসিন্দা।

জামাল হোসেন জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে সপরিবারে তারা চট্টগ্রামে একটি পারিবারিক অনুষ্ঠানে যান। রাত ৯টার দিকে সেখান থেকে বাসায় ফিরে দেখেন আলমারি ভাঙা। জানালার গ্রিল কাটা। সবকিছু এলোমেলো হয়ে পড়ে রয়েছে।

ঘরে থাকা তার স্ত্রীর ১৫ ভরি স্বর্ণ এবং নগদ আড়াই লাখ টাকা নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি লুট হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধারে কুমিল্লার পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চৌদ্দগ্রামে পাশাপাশি কবরে দাফন করা হলো স্বামী-স্ত্রী ও সন্তানকে

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তিনজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় চিওড়া কাজীবাড়ি পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেন- উপজেলা চিওড়া কাজী বাড়ির কাজী খোরশেদ আলমের ছেলে কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের দুই বছরের একমাত্র সন্তান কাজী ফাইয়াজ রিশান।

পারিবারিক সূত্রে জানা যায়, কাজী ফজলে রাব্বীর প্রথম স্ত্রী তিথী প্রায় দুই বছর আগে আকস্মিক অসুস্থতায় মারা যান। দীর্ঘদিনের শোক কাটিয়ে পরিবার ও আত্মীয়দের অনুরোধে তিনি পুনরায় বিবাহ করেন তিথীর বান্ধবী আফরোজা বেগম সুবর্ণার সঙ্গে। তাদের সংসারে জন্মগ্রহণ করে একমাত্র ছেলে কাজী ফায়াজ রিশান। প্রতিদিন কর্মস্থলে যাওয়ার আগে ছেলে রিশানকে উত্তরার নানুর বাসায় দিয়ে যেতেন এবং ফিরে নিয়ে আসতেন। তবে শুক্রবার ছুটির দিন থাকায় তারা স্ব-পরিবারে বাসায় ছিলেন, তখনই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কাউকেই বাঁচাতে পারেননি।

আফরোজার বোন আফরিন জাহান জানান, আফরোজাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের বাকি দুজনের মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয়েছে। সবাই ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। তাদের শরীর দগ্ধ হয়নি। তবে তার শরীরে কোনো পোড়া ক্ষত নেই। ধোয়ায় অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

আরেক ফুফাতো ভাই কাজী শহীদ জানান, গত দুই মাস আগে ফজলে রাব্বি স্ত্রী-সন্তানদেরকে নিয়ে বাড়িতে এসে দুদিন থেকে ঢাকায় চলে যান। আজ স্বামী-স্ত্রী সন্তানের লাশের গাড়ি অ্যাম্বুলেন্স বাড়িতে অবস্থান করছে। ভাবতে খুব খারাপ লাগছে, এভাবে একসঙ্গে তিনজনের মৃত্যু হবে। আমরা কল্পনাও করতে পারিনি।

এর আগে গতকাল সকাল ৮টার দিকে উত্তরা ১১ নং সেক্টরের ১৮ নম্বর সড়কের ৭ তলা ভবনের ২য় তলায় আগুনের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

কুমিল্লার আলোচিত আইসিএল কো-অপারেটিভ এমডি শফিক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

‎কুমিল্লার চৌদ্দগ্রামে গ্রাহকের হাজারো কোটি টাকার অর্থ আত্মসাৎ ও প্রতারণার দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামী আইসিএল গ্রুপ এর এমডি এএইচএম শফিকুর রহমানকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ডিবি পুলিশ ও চৌদ্দগ্রাম থানা পুলিশের যৌথ অভিযানে কুমিল্লা শহর থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অন্তত ২৩টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও শফিকুর রহমানের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত দুই শতাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

‎তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানা সেকেন্ড অফিসার সৈয়দ সানাউল্লাহ বলেন, ‘আটক শফিকুর রহমানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

‎পুলিশ সুত্রে আরও জানা যায়, শফিকুর রহমানের নামে বিভিন্ন থানায় অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলা রয়েছে। এর মধ্যে দুইটি মামলায় যথাক্রমে এক বছর ছয় মাস ও এক বছর সাজা রয়েছে। তেইশ মামলায় ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনা থাকার পর শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়।

আইসিএল গ্রুপের এমডি শফিকুর রহমান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা গ্রামের বাসিন্দা। তিনি কর্মজীবনে ইসলামী ব্যাংকে কর্মরত ছিলেন। পরবর্তীতে ব্যাংকের চাকরি ছেড়ে আইসিএল কোঅপারেটিভ প্রতিষ্ঠান গড়ে তোলেন। একাধারে তিনি দেশের বিভিন্ন স্থানে এক অপারেটিভের শাখা প্রতিষ্ঠা করেন। ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের নিবন্ধকের দপ্তর থেকে প্রকাশিত তদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, প্রতিষ্ঠানটিতে অন্তত ১৮০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। প্রতিবেদনে অর্থ আত্মসাৎ এর মূল পরিকল্পনাকার হিসেবে প্রতিষ্ঠানের এমডি শফিকুর রহমানকে উল্লেখ করা হয়।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ বলেন, শফিকুর রহমানের বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাৎ এর অভিযোগে একাধিক মামলায় সাজা ও গ্রেফতারি পরোয়ানা ছিল। পরে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

তিতাসে গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তিতাস উপজেলায় গর্তের পানিতে পড়ে সাফায়াত নামের চার বছর বয়সী এক শিশু মারা গেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে পুরাতন বাতাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার সেলিম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশু সাফায়াত বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর আর কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের গর্তের পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ সাইফুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।