All posts by jitu

প্রতীক পেলেন কুসিকের প্রার্থীরা, নামাজের পরেই প্রচারণায় প্রার্থীরা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জুমার নামাজের পর প্রচারণায় নামবেন তারা।

শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ৯টা থেকে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে পাঁচ মেয়র প্রার্থীসহ মোট ১৪৭ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়। প্রথমে পাঁচ মেয়র প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। এরপর অন্যদের প্রতীক বরাদ্দ শুরু হয়।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত দলীয় প্রতীক নৌকা পেয়েছেন, স্বতন্ত্র প্রার্থী সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু (স্বতন্ত্র) পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক, নিজাম উদ্দিন কায়সার (স্বতন্ত্র) পেয়েছেন ঘোড়া প্রতীক, ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক এবং নাগরিক কমিটির কামরুল আহসান বাবুল (স্বতন্ত্র) পেয়েছেন হরিণ প্রতীক ।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নাবী চৌধুরী  বলেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে প্রতীক বরাদ্দ শুরু হয়। মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। নিয়ম অনুযায়ী প্রার্থীদের সঙ্গে পাঁচজন করে কর্মী সমর্থকরা আসছেন প্রতীক নিতে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নৌকার প্রার্থীর পক্ষে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আতিক উল্লাহ সাংবাদিকদের বলেন, জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে আমরা প্রচারে নামবো। বিজয় নিয়ে ১৫ জুন ঘরে ফিরবো।

দুই বারের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লা সিটিতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছি আমি। কোনো ষড়যন্ত্রই আমাকে দমিয়ে রাখতে পারবে না। ইনশাআল্লাহ এবারও বিজয়ের হাসি হাসবো।

এবার কুসিক নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থী রয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯১৮। তাদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬।

গোপনে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে ভয় দেখিয়ে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

 

ডেস্ক রিপোর্টঃ

রংপুরের এক গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাজেদুল ইসলাম বসুনিয়া (২৮) বিরুদ্ধে।

এ ঘটনায় গত বুধবার রাতে রংপুর নগরীর কারামতিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ভুক্তভোগী ওই নারী কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মাজেদুল কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের বাসিন্দা এবং হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক।

কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, উপজেলার হারাগাছ ইউনিয়নের এক গৃহবধূর দুই সন্তানকে প্রাইভেট পড়াতেন মাজেদুল ইসলাম বসুনিয়া। গৃহশিক্ষক হিসেবে বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ানোর সুযোগে একদিন গোপনে ওই গৃহবধূর গোসলের ভিডিও ও ছবি ধারণ করেন মাজেদুল। পরে সেই ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ভয় দেখানোসহ তার ছেলেদের ক্ষতি করার হুমকি দিয়ে ধর্ষণ করেন মাজেদুল।

গত বছরের ২৯ অক্টোবর কেউ না থাকার সুযোগে মাজেদুল আবারও ওই বাড়িতে গিয়ে গৃহবধূকে একই কায়দায় ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই গৃহবধূ নিরুপায় হয়ে ছেলেদের নিয়ে ঢাকায় চলে যান। কিন্তু সেখানে গিয়েও রেহাই মেলেনি। ঢাকায় থাকা অবস্থায় ওই গৃহবধূকে শারীরিক সম্পর্কের কথা জানালে তিনি রাজি না হওয়ায় অন্য নামের একটি ফেসবুক আইডি থেকে তার ছোট ছেলের মেসেঞ্জারে আপত্তিকর ছবি পাঠিয়ে দেন মাজেদুল। এছাড়া একইদিন বড় ছেলের এক বন্ধুর মেসেঞ্জারেও পাঠিয়ে দেন সেই আপত্তিকর ছবি। অবশেষে নিরুপায় হয়ে ওই নারী ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে গত ১১ এপ্রিল মাজেদুলের বিরুদ্ধে কাউনিয়া থানায় অভিযোগ করেন।

হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মিঠু বলেন, গত বছরের অক্টোবরে হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। মাজেদুল ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি আরও বলেন, যে অভিযোগ উঠেছে সেটা মাজেদুলের ব্যক্তিগত চরিত্রের বিষয়। এর দায় ছাত্রলীগ নেবে না।

মামলার তদন্ত কর্মকর্তা ও কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পরপরই অভিযুক্ত মাজেদুল গা ঢাকা দেন। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ তাকে রংপুর মহানগরীর কারামতিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

কুমিল্লা সিটি নির্বাচনে এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এক মেয়রপ্রার্থীসহ মোট ১৩ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

তাদের মধ্যে সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দুইজন রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা সোয়া ৬টায় রিটর্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, আওয়মী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মো. শাহ জাহান, মো. মোসলেম উদ্দিন, মো. ফরহাদ হোসেন, মো. মাহবুবুর রশিদ মাহবুব, বিজয় রতন দেবনাথ, মো. আবদুল মতিন খান, মো. জহিরুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. গোলাম সারোয়ার কাউসার, মো. ওসমান গনি, সংরক্ষিত নারী ওয়ার্ডে বৃষ্টি আক্তার ও নাছরিন সুলতানা।

রিটর্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী জানান, ১৯ মে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর মেয়র পদে মোট ছয়জনের মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (২৬ মে) প্রত্যাহারের শেষ দিনে মেয়রপ্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান তার মনোনয়ন প্রত্যার করেন।

এ ছাড়াও বিকাল ৫টা পর্যন্ত সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১০ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দুইজন মনোনয়ন প্রত্যাহার করেন।

এর ফলে নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১০৬ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার (২৭ মে) সকাল ৯টা থেকে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। এ সময় প্রার্থীদেরকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এর পর থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো আত্মঘাতী হবে, সব জিনিস সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা করব

 

ডেস্ক রিপোর্টঃ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ালে সেটি আত্মঘাতী হবে, আমরাও সেটি বুঝি। দাম বাড়ালে তো অবশ্যই কোনো না কোনোভাবে কারও না কারও ওপরে গিয়ে সেটির প্রভাব পড়ে। আমরা চাই, প্রভাবটা যেন কম পড়ে। সব জিনিস যেন সহনীয় পর্যায়ে থাকে, সেই ব্যবস্থা করব। সে জন্য সরকার নিজেই ভোক্তার সঙ্গে এটি ভাগাভাগি করে নিচ্ছে।’

বৃহস্পতিবার দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ব্যাপারে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এ বাজেটে নিচু, মাঝারি, উচু- সব শ্রেণির মানুষকে বিবেচনায় নেওয়া হয়েছে। যখন কোনো সিদ্ধান্ত আসে, তখন অনেকেই সুবিধাভোগী হন। এখন যদি বড় কাউকে সুযোগ-সুবিধা দেওয়া হয়, সেক্ষেত্রে মূল লক্ষ্য থাকে যে, এখানে কর্মক্ষেত্র তৈরি হচ্ছে কিনা।

অর্থমন্ত্রী বলেন, ‘সামাজিক ক্ষেত্রে কোনও সুবিধা থাকে কিনা, সেটি দেখা হয়। সুযোগ দিলে যদি কোনো ভালো কিছু হয়, তবে উপকারভোগী হবেন প্রান্তিক জনগোষ্ঠী। এদেরই আমরা প্রাধান্য দিয়েছি।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাঝেই বাজেট পেশ করার বিষয়ে মুস্তফা কামাল বলেন, ‘উত্থান-পতনন সারা বিশ্বেই হচ্ছে। ধনি-দরিদ্র কোনো দেশই এর বাইরে নেই। আমাদের মূল কাজ হবে স্ট্যাবিলাইজেশন। আমরা বিভিন্ন পলিসির মাধ্যমে এটি একটি জায়গায় নিয়ে আসতে চাই। আমাদের গ্রোথ দরকার।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমেরিকায় ৪০ বছরে যেটা হয়নি, সে পরিমাণ ইনফ্লেশন হয়েছে। প্রত্যেক দেশে একই রকম অবস্থা। মার্কেট ইকোনমিতে যেমন সুবিধা পাওয়া যায়, তেমনই কোনো সমস্যা হলে সারা বিশ্বে সেটি ছড়িয়ে পড়ে। আমরা চেষ্টা করছি মানুষ যতটা কম ক্ষতিগ্রস্ত হয়।’

কুমিল্লা সিটি নির্বাচনে হত্যা মামলার আসামি ৪ কাউন্সিলর প্রার্থী

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সিটি নির্বাচনে হত্যা মামলার ৪ আসামি কাউন্সিলর প্রার্থী হয়েছেন। নগরীর চাঞ্চল্যকর যুবলীগ নেতা জিল্লুর রহমান ওরফে জিলানী হত্যা, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন হত্যা এবং ব্যবসায়ী আক্তার হোসেন হত্যা মামলার আসামি তারা। এসব মামলায় কারাবরণ করে জামিনে মুক্ত আছেন। ইতোমধ্যে ৪ জনকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে এসব প্রার্থী প্রভাব বিস্তার করতে পারে বলে অনেকের আশঙ্কা।

২০১৮ সালের ২৬ নভেম্বর রাতে নগরীর বল্লভপুর এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনকে (৪৫) গুলি করে হত্যা করা হয়। ওই হত্যা মামলার আসামি আবদুস সাত্তার এবারও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েছেন। আব্দুস সাত্তার আলোচিত যুবলীগ নেতা জিল্লুর রহমান ওরফে জিলানী হত্যা মামলারও আসামি।

২০২০ সালের ১১ নভেম্বর নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের চৌয়ারা এলাকার বাসিন্দা যুবলীগ নেতা জিল্লুর রহমান চৌধুরী ওরফে জিলানীকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলার ৪ নম্বর আসামি খলিলুর রহমান মজুমদার এবারের নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েছেন। একই হত্যা মামলার ২ নম্বর আসামি মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবদুস সাত্তার ২৬ নম্বর ওয়ার্ডে এবং মামলার প্রধান আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান ২৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করছেন। এই তিন প্রার্থীই জিল্লুর হত্যা মামলায় কারাগারে ছিলেন। তারা জামিনে বেরিয়ে এসে নির্বাচন করছেন। তিনজনই সাবেক কাউন্সিলর।

স্থানীয়রা জানান, নগরীর ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডে আধিপত্য বিস্তারের লড়াই রয়েছে। ভারত সীমান্তবর্তী তিন ওয়ার্ডে রয়েছে মাদক ব্যবসায়ীদের আস্তানা। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক সিন্ডিকেটের সদস্যরা ওই এলাকায় চাঁদাবাজি, চৌয়ারা বাজার ও সেখানের বড় একটি গরুর হাট, চোরাচালান নিয়ন্ত্রণসহ নানা অপরাধে যুক্ত। এসব নিয়ে বেশ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডের তির এলাকার জনপ্রতিনিধিসহ প্রভাবশালীদের দিকেই। এর আগে ২০১৭ সালের ৩০ মার্চ অনুষ্ঠিত কুসিক নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ড থেকে জিল্লুর রহমান চৌধুরী (নিহত) ও ২৬ নম্বর ওয়ার্ড থেকে দেলোয়ার হোসেন (নিহত) কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হন। এবারের নির্বাচনে যাতে তারা প্রার্থী হতে না পারেন, সেজন্য তাদের হত্যা করা হয় বলে ধারণা স্বজনসহ এলাকাবাসীর।

২০২১ সালের ১০ জুলাই জুমার নামাজের পর নগরীর কোটবাড়ি সড়কের চাঙ্গিনি মোড় এলাকায় কুসিকের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনের নেতৃত্বে ব্যবসায়ী আক্তার হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যা মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে বেরিয়ে এসে ফের ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েছেন আলমগীর হোসেন। স্থানীয়দের অভিযোগ ওই ওয়ার্ড এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন আলমগীরসহ তার সহযোগীরা।

অভিযোগের বিষয়ে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান মজুমদার বলেন, জিল্লুর হত্যায় আমার কোনো সম্পৃক্ততা নেই। হয়রানি করার জন্য আমাকে আসামি করা হয়েছে। আমি শান্তিপূর্ণ নির্বাচনে জনতার রায়ে নির্বাচিত হতে চাই।

২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুস সাত্তার বলেন, হত্যাকাণ্ডের শিকার ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন ছিলেন আমার রাজনৈতিক গুরু। আমি কোনোভাবেই দেলোয়ার হত্যায় জড়িত নই। আমাকে পরিকল্পিতভাবে এ হত্যা মামলায় জড়ানো হয়েছে। এ ছাড়া নিহত জিল্লুর হত্যায়ও আমি জড়িত নই। কিন্তু কী কারণে আমাকে মামলায় জড়ানো হয়েছে তা বুঝতে পারছি না। এ ছাড়া নির্বাচনের মাঠে আতঙ্ক ছড়ানোর মতো কোনো কাজও আমি এবং আমার সমর্থকরা করে না।

২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল হাসান বলেন, প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে আমাকে জিল্লুর হত্যা মামলায় জড়িয়েছে। রাজনৈতিক মতবিরোধ ও গ্রুপিং দ্বন্দ্বের ফলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও আমাকে অন্যায়ভাবে এ মামলায় আসামি করা হয়েছে।

২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন বলেন, নির্বাচনি বিধিবিধান মেনেই কাউন্সিলর পদে প্রার্থী হয়েছি। আমি ও আমার সমর্থকরা কোনো অপরাধে জড়িত নই। জনগণ আমার সঙ্গে আছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই ভোটে অংশ নিচ্ছি। তিনি বলেন, পূর্ব বিরোধের জেরে আমাকে ব্যবসায়ী আক্তার হত্যা মামলায় জড়ানো হয়েছে।

সূত্র- যুগান্তর

খুলনাতেও ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ : আহত ৫০, আটক ২০

 

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের উত্তাপ ছড়িয়ে পড়েছে খুলনায়। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্ধশতাধিক টিয়ার শেল ছুড়েছে পুলিশ।

খুলনার কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় ছাত্রদল। বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে এই সমাবেশে যোগ দিতে ছাত্রদলের জেলা ও মহানগরের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে পিকচার প্যালেস মোড় হয়ে দলীয় কার্যালয়ের দিকে আসতে থাকেন।

এর আগে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আগেই খুলনায় পৌঁছান। সমাবেশে যোগ দিতে ছাত্রদলের জেলা ও মহানগরের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে পিকচার প্যালেস মোড় হয়ে দলীয় কার্যালয়ের দিকে আসতে থাকেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আগেই খুলনায় পৌঁছান। সমাবেশে যোগ দিতে ছাত্রদলের জেলা ও মহানগরের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে পিকচার প্যালেস মোড় হয়ে দলীয় কার্যালয়ের দিকে আসতে থাকেন।

একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মিছিল বের করেন মহানগর ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের দিকে আসতে থাকেন।

বিএনপি নেতাকর্মীরা জানায়, সমাবেশে অংশ নিতে বিকেলে তেরখাদা উপজেলা থেকে বিএনপির একটি মিছিল দলীয় কার্যালয়ের দিকে আসার সময় কেসিসি সুপার মার্কেটের সামনে মিছিলে বাঁধা দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় কয়েকজনকে মারধরের ঘটনা ঘটে। এ খবর কেডি ঘোষ রোডে সমাবেশ স্থলে পৌঁছালে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঘটনাস্থলের গিয়ে অগ্রসর হয়। পুলিশ বাঁধা দিলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়লে পুলিশ পাল্টা টিয়ার সেল নিক্ষেপ করে। এর কিছুক্ষণ পর ছাত্রলীগ ও পুলিশ একত্রিত হয়ে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দেয়। তারা সমাবেশ স্থলে এসে চেয়ার ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মহিলা দল নেত্রীসহ ৩০ জনকে আটক করে।

বিএনপির মহানগর আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শুরু করি। সমাবেশে আসা মিছিলের ওপর প্রথম ছাত্রলীগ হামলা করে। পরে তাদের সঙ্গে পুলিশ একত্রিত হয়ে সমাবেশ স্থলে হামলা ও ভাঙচুর চালায়। বিএনপি অসংখ্য নেতাকর্মী আহত ও আটক হয়েছেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ছাত্রদ‌লের নেতারা পু‌লি‌শের ওপর আক্রমণ কর‌লে তা‌দের ছত্রভঙ্গ কর‌তে ৫০ রাউন্ড টিয়ারসেল, ১৫০ রাউন্ড রারার বু‌লেট ‌নি‌ক্ষেপ করা হয়। এ ঘটনায় পু‌লি‌শের ১৪ জন সদস্য আহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে।

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ৫

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে রুবেল মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিজয়নগর উপজেলার বুধুন্তি ইউনিয়নের বীরপাশা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া খাটীহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু এ তথ্য নিশ্চিত করেন।

নিহত রুবেল মিয়া (৩০) সিলেটের ফেঞ্চুগঞ্জের বাসিন্দা। আহতদের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, ঢাকাগামী দিগন্ত পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। র্দুঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার র্সাভিস ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।

নোয়াখালীতে ডোবায় মিলল শিশুর মরদেহ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলা শহর মাইজদী বাজার এলাকার একটি ডোবা থেকে ১১ বছর বয়সী মো. মারুফ নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সুধারাম মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী পৌরসভার মাইজদী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মানাধীন ভবনের সামনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মারুফ সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের মৃত ছানা উল্যার ছেলে। সে নোয়াখালী পৌর এলাকার বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় পরিবারসহ বাস করতো। মারুফ ভাঙারি মালামাল খুঁজতো এবং তা দোকানে বিক্রি করতো।

নিহত শিশুর মা মায়া বেগম জানায়, বুধবার সকালে তার কাছ থেকে ১০ টাকা নিয়ে বাসা থেকে বের হয় মারুফ। এরপর এলাকায় ছেলে-মেয়েদের সঙ্গে কিছু সময় খেলাধুলা করে। তারপর থেকে সে আর বাসায় ফিরে আসেনি। প্রতিদিন সন্ধ্যার মধ্যে ফিরতো। কিন্তু বুধবার সে আর ফিরেনি। তার সহপাঠীরা জানায় গতকাল বিকেলে কোন এক যুবক তাকে হোন্ডায় করে নিয়ে যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েও তার হদিস পাওয়া যায়নি। এক পর্যায়ে বৃহস্পতিবার সুধারাম থানায় জিডি করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে দুপুর ১টার দিকে তার মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ডোবায় পড়ে থাকা অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তারপরও এটি হত্যা নাকি পানিতে পড়ে মারা গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক আটক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার(২৫ মে) রাতে পুলিশ তাকে আটক করে।

আটককৃত ব্যক্তি আব্দুল মতিন (৩৫) চাটখিল উপজেলার কুলশ্রী গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে মতিন ওই প্রবাসীর ঘরে ঢুকে জোরপূর্বক তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন আসলে সে পালিয়ে যায়। এ বিষয়ে রাতে ভিকটিম চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে চাটখিল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে আটককৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।