All posts by jitu

বর্জ্য ব্যবস্থাপনাকে উৎসাহিত করতে চুক্তিবদ্ধ হল দারাজ ও বিডি রিসাইকেল টেকনোলজিস

 

স্টাফ রিপোর্টারঃ

উন্নয়নের লক্ষ্যমাত্রা ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সম্প্রতি বিডি রিসাইকেল টেকনোলজিস লিমিটেডের (বিআরটিএল) সাথে চুক্তিবদ্ধ হয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড। (http://daraz.com.bd)। এ চুক্তির আওতায়, প্রতিষ্ঠান দু’টি পরিবেশের ওপর মানুষের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বৈশ্বিক লক্ষ্য অর্জনে কাজ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দারাজ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস (রুশো); আহসান জামিল, ম্যানেজার-সিএসআর অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট এবং মশিউর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ, সিএসআর অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট। অন্যদিকে, বিআরটিএল’র পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সৈয়দ আমিন; সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাদাত এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার হাসিবুল হাসান হিমেল। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি রাজধানীর বনানীতে অবস্থিত দারাজের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিবেশ দূষণের ক্রমবর্ধমান উদ্বেগ ও বায়োনেটওয়ার্কের ওপর এর নেতিবাচক বিষয়গুলোকে চিহ্নিত করে দারাজের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস (রুশো) বলেন, “দারাজে আমরা দৃষ্টান্তমূলক নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিরলস আমাদের দায়িত্ব পালনের চেষ্টা করি, সেটা করপোরেট ক্ষেত্র হোক কিংবা মানুষের স্বাস্থ্য সুরক্ষা সংশ্লিষ্ট। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো সম্পর্কে আমরা অবগত। বাংলাদেশ সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে এ লক্ষ্যগুলো পূরণে বহুমুখী নানা উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। আমরাও এ অগ্রগতির পথে সহযোগী হিসেবে কাজ করে যেতে চাই। তাই, আমরা সুরক্ষা ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ক্রমবর্ধমান উদ্বেগ নিরসনে বিডি রিসাইকেল টেকনোলজিসের সাথে চুক্তি করেছি।”

এ পার্টনারশিপটি দারাজে’র বেশ কিছু ইতিবাচক সিএসআর উদ্যোগুলোর একটি। এ চুক্তিটি আরো পরিবেশ-বান্ধব উপায়ে শিল্পখাত, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের রিসাইকেল এবং বর্জ্য ব্যবহারকে পরিমিত করতে উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। এ উদ্যোগটি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অভিমুখে যেতে সহায়ক ভূমিকা রাখবে।

বাজারে এলো স্যামসাংয়ের শক্তিশালী গেমিং স্মার্টফোন গ্যালাক্সি এম ৩৩ ফাইভজি

 

স্টাফ রিপোর্টারঃ

সম্প্রতি, দেশের বাজারে স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাংয়ের ‘এম’ সিরিজের নতুন ডিভাইস স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ফাইভজি ডিভাইস উন্মোচন করেছে। টেকসই ও শক্তিশালী ব্যাটারির নতুন এ ফোনটিতে বেশ কিছু অত্যাধুনিক ফিচার সংযুক্ত করা হয়েছে। মূলত যারা স্মার্টফোনে গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্যই এ ফোনটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

স্যামসাং এক্সিনোস ১২৮০ ৫এনএম অক্টা-কোর প্রসেসর (ডুয়াল ২.৪ গিগাহার্টজ+হেক্সা ২.০ গিগাহার্টজ) এর স্যামসাং গ্যালাক্সি এম ৩৩ ফাইভজি ডিভাইসটি ব্যবহারকারীদের দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। ডিভাইসটিতে পাওয়ার কুল টেকনোলজি’র ব্যবহার করা হয়েছে, যার ফলে ব্যবহারকারীদের ফোন গরম হওয়া ও ব্যাটারির শক্তি ফুরিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে চিন্তা করতে হবে না। ডিভাইসটির ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ব্যবহারকারীর দীর্ঘসময় ধরে ফোন ব্যবহার ও গেম খেলার শ্বাসরুদ্ধকর মুহূর্তেও ব্যাটারি-ব্যাক আপ’র বিষয়টি নিশ্চিত করবে। ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির এ ফোনটি দিয়ে মাত্র ৩০ মিনিটে ফোনটিকে পুরোপুরি চার্জ দেয়া যাবে।

এম৩৩ ফাইভজি ডিভাইসটি’র ডিসপ্লের রিফ্রেশ রেট প্রতি সেকেন্ডে ১২০ হার্টজ, যা স্মুদ স্ক্রলিং ও ট্রানজিশন, দ্রুত গতিতে ওয়েব ব্রাউজিং ও স্মুদার ভিডিও ও গেমিং অভিজ্ঞতা প্রদান করবে। অন্যদিকে, ডিভাইসটিতে রয়েছে এআই নয়েজ ক্যানসেলেশন; যা গোলমেলে পরিস্থিতিতেও খুব পরিষ্কারভাবে ফোনের অপর প্রান্তের কথা শোনা যাবে।

ফাইভজি সমর্থিত এ ডিভাইসটি দিয়ে ব্যবহারকারীরা ভিডিও স্ট্রিম, হাই-কোয়ালিটি ভিডিও লোড ও ব্রাউজ এবং সহজে ও খুব দ্রুত গেম খেলার বিষয়টিকে নিশ্চিত করবে। এ ডিভাইসটিতে শক্তিশালী কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ডিভাইসটির পেছনে ৫০ মেগাপিক্সেল (এফ/১.৮), ৫ মেগাপিক্সেল (এফ/২.২) আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল (এফ/২.৪) ম্যাক্রো ক্যামেরা, ২ মেগাপিক্সেল (এফ/২.৪) ডেপথ ক্যামেরা সহ ৮ মেগাপিক্সেল (এফ/২.২) ফ্রন্ট ক্যামেরা ও নতুন জেএন১ ক্যামেরা সেন্সর এর মতো আকর্ষণীয় ফিচার রয়েছে। সেই সাথে, ৮ জিবি র্যা ম এবং ১২৮ জিবি রম (যা মাইক্রোএসডি দিয়ে ১ টেরাবাইট পর্যন্ত বর্ধিত করা যায়) সুবিধার জন্য ব্যবহারকারীদের ঝকঝকে সব ছবি এবং ভিডিও সংরক্ষণ করতে আর বেগ পেতে হবে না। গ্যালাক্সি এম ৩৩-র ‘র‌্যাম প্লাস’ প্রযুক্তি মেমোরি এক্সপেরিয়েন্স অপ্টিমাইজ করার মাধ্যমে ফোনের অ্যাপগুলোকে মসৃণভাবে চালাতে সাহায্য করে। ব্যবহারকারীদের অতিরিক্ত স্বাচ্ছন্দ্যের জন্য ডিভাইসটিতে মূল ৮ জিবি র্যা মের সাথে অতিরিক্ত ৬ জিবি ভার্চুয়াল র্যা মও যুক্ত করা হয়েছে। ডিভাইসটিতে ৬.৬-ইঞ্চি এফএইচডি+ ইনফিনিটি-ভি ডিসপ্লের সাথে প্রাণবন্ত অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য রয়েছে ডলবি অ্যাটমোস।

এমন চমৎকার সব ফিচার ছাড়াও, ডিভাইসটিতে রয়েছে সিকিউর ফোল্ডার, লিঙ্ক টু উইন্ডোজ এবং স্যামসাং হেলথের মতন সুবিধা, যা ব্যবহারকারীদের স্মার্টফোন অভিজ্ঞতাকে আরো উপভোগ্য করে তোলে।

স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “আমাদের এম সিরিজের স্মার্টফোনগুলো ব্যবহারকারীদের জীবনে উদ্ভাবনী এবং স্বাচ্ছন্দ্যময়তা নিয়ে আসে, এবং গ্যালাক্সি এম ৩৩ ফাইভজি’ও এর বাইরে নয়। এম সিরিজের এই সর্বশেষ সংযোজনটির মাধ্যমে স্যামসাং বিশেষ করে গেমারদের জন্য রোমাঞ্চকর কিছু নিয়ে এসেছে। আমরা ডিভাইসটিতে একটি পাওয়ার-প্যাকড প্রসেসর এবং শক্তিশালী ব্যাটারি নিশ্চিত করেছি, যাতে গেমার এবং হেভি অ্যাপ্লিকেশন ব্যবহারকারীরাও নির্বিঘ্নে তাদের স্মার্টফোন অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। সাধ্যের মধ্যেই থাকা এই ডিভাইসটি দারুণ সব ফিচারের সমন্বয় ঘটিয়ে ব্যবহারকারীদের জন্য অসীম সম্ভাবনার সূচনা করতে পারে”।

পাতলা এবং নজরকাড়া ডিজাইনের স্যামসাং গ্যালাক্সি এম ৩৩ ফাইভজি হ্যান্ডসেটটি, নীল, সবুজ এবং কপার – এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে মাত্র ৩০ হাজার ৯৯৯ টাকায়।

 

নির্বাচন সুুষ্ঠ করতে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের ৭ প্রস্তাবনা

 

ইসতিয়াক আহমেদঃ

কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠ করতে রির্টানিং কর্মকর্তার বরাবর লিখিত ৭ প্রস্তাবনা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।

মঙ্গলবার (২৪ মে) বেলা ১২ টায় কুসিক নির্বাচনের রির্টানিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর নিকট এ প্রস্তাবনার লিখিত কপি দেন তিনি।

মঙ্গলবার দুপুর ৩টায় এই বিষয়টি নিজের বাসভবনে নিজাম উদ্দিন কায়সার সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানান।

লিখিত ৭ দফা প্রস্তবনায় স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনসহ সকল নির্বাচনে দিনের ভোট রাতে, কেন্দ্র দখল ভোটার শূন্য কেন্দ্রসহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করে দেখা যায় জনগণের মধ্যে সেই ভয় আতংক ও সন্দেহ বিরাজ করছে। ভোটারদের ভয় ও শংকামুক্ত পরিবেশের বিষয়ে আশ্বস্ত করতে হবে। ইভিএম বাতিল করে ব্যালেট পেপারে স্বচ্ছ ব্যালেট বক্সে ভোট গ্রহণ করতে হবে। সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত প্রশাসন ও সহকারি পুলিশ পরিদর্শক থেকে সহকারি পুলিশ সুপার পদদারীদের বদলী করতে হবে। নির্বাচনে স্থাপিত সিসি ক্যামেরা প্রার্থীদের পর্যবেক্ষণ করার সুযোগ দিতে হবে। নির্বাচনের সময় আদালতের গ্রেপ্তার পরোয়ানা ছাড়া নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির না করার দাবী জানাচ্ছি। প্রতীক বরাদ্ধের পর দুজন নির্বাচন কমিশারের নেতৃত্বে কয়েকটি টিম নির্বাচন এলাকায় অবস্থান করতে হবে এবং প্রার্থীদের অভিযোগ তড়িৎ ও সহজীকরনে হোয়াটসআ্যাপ, টেলিগ্রাম, ম্যাসেঞ্জারসহ অনলাইন যোগাযোগ মাধ্যম ব্যবহার করার দাবী জানাচ্ছি।

কুমিল্লার জগন্নাথপুর থেকে গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর থেকে ৫ কেজি গাঁজাসহ মোঃ আবুল হাশেম (২৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ২৩ মে গভীর রাতে সদরের জগন্নাথপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

আটককৃত যুবক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ (মধ্যমপাড়া) গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

২৪ মে দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নোয়াখালীতে ৯টি চোরাই মোটরসাইকেলসহ আটক এক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে ৯টি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের সক্রিয় এক সদস্যকে আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ

আটককৃত মহিন উদ্দিন সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বন্যা বাড়ির নুরুল আমিনের ছেলে।

মঙ্গলবার (২৪ মে) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। এর আগে সোমবার রাত ৯টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের উদয় সাধুর হাটের তার নিজের হোন্ডা সার্ভিসিং সেন্টার থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃত মহিন উদ্দিনের হোন্ডা সার্ভিসিং সেন্টারে চোরাই যাওয়া কয়েকটি মোটরসাইকেল রূপ পরিবর্তনের জন্য সংরক্ষিত আছে এমন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৯টি চোরাই যাওয়া মোটর সাইকেল উদ্ধার করে এবং গ্যারেজের মালিক ও মেকানিক মহিনকে গ্রেফতার করে।

এসপি আরো জানান, আটক মহিনকে জিজ্ঞাসাবাদে চোরচক্রের পরিচয় প্রকাশ করে জানায় সে চোরচক্রের একজন সদস্য। মোটরসাইকেল চুরি করে তার গ্যারেজে নিয়ে আসলে সে মোটরসাইকেলের রূপ পরিবর্তন করে এবং খুচরা যন্ত্রাংশ বিক্রি করে।

কুমিল্লার মুরাদনগরে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৬

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী ও ভিন্ন মামলার ৪ আসামীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার উপজেলার একাধীক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বি-বাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ী গ্রামের মৃত আবু তালেবের মেয়ে মাদক ব্যবসায়ী তানিয়া আক্তার (২৫), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ধুতমা গ্রামের আব্দুল আলীর ছেলে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী (৩৫), থানায় নিয়মিত মামলার আসামী উপজেলার নবীপুর গ্রামের হামিদ মৌলভীর ছেলে ইউনুছ মিয়া (৪৭), ধামঘর ইউনিয়নের গাইটুলী গ্রামের মৃত রহমত আলীর ছেলে রেনু মিয়া (৫৮), রেনু মিয়ার ছেলে নাজমুল হাসান (১৮) ও রহমত আলীর ছেলে শফিক মিয়া(৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের একটি চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এস আই সাইফুল ইসলাম, এএসআই মোফাজ্জল হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপজেলার বাখরনগর এলাকায় কুটি চৌমুহনী থেকে আগত সুগন্ধা বাসে তল্লাশি চালিয়ে তানিয়া আক্তার ও মোহাম্মদ আলীর কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদেরকে গ্রেপ্তার করে মুরাদনগর থানায় নিয়ে আসা হয়।

অন্যদিকে এস আই হামিদুল ইসলাম ও এস আই মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানায় নিয়মিত মামলার ৪ আসামী ইউনুছ মিয়া, নাজমুল হাসান, শফিক মিয়া ও রেনু মিয়াকে গ্রেপ্তার করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে অপর ৪ আসামীসহ ৬ জনকে সোমবার বিকালে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রিয় কারাগারে পাঠানো হয়েছে।

কুসিকের নৌকার বিদ্রোহী প্রার্থীকে ঢাকায় ডেকেছে আ.লীগ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দলের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরানকে ডেকেছে আওয়ামী লীগ।

সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান এবং তার বোন ও ২০১৭ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে ফোন করে আজ সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আসতে বলেছেন।

কার্যালয়ে এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

মাসুদ পারভেজ খান ইমরানের বাবা কুমিল্লার একসময়কার প্রভাবশালী নেতা অধ্যক্ষ আফজল খান। তার বোন আঞ্জুম সুলতানা সীমা ২০১২ ও ২০১৭ সালে দলের মনোনয়ন পেয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেন। দুবারই তিনি বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর কাছে তারা পরাজিত হন। এবার দলীয় মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

আগামী ১৫ জুন কুসিক নির্বাচন। ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ঘিরে দলের ভেতরকার দীর্ঘ দিনের গৃহদাহ নতুন করে উসকে উঠছে। স্থানীয় নেতাকর্মী অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। এ অবস্থায় প্রার্থীর বিষয়টি সমাধানের জন্য মাসুদ পারভেজ খান ইমরানকেও আজ আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল, জনমানুষের দল। অনেকের চাওয়া-পাওয়া থাকতে পারে, প্রার্থী হতে পারেন, তবে দিন শেষে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলতে মাসুদ পারভেজ খান ইমরান এবং আঞ্জুম সুলতানা সীমাকে আজ ডাকা হয়েছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ হারাতে পারবে না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে।

প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

প্রতিপক্ষকে ফাঁসাতে ও ঋণের বোঝা থেকে বাঁচতে নরসিংদীর বেলাবোতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে।

আদালতে শোপর্দের পর হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন শেখ।

সোমবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিজ্ঞ বিচারক রাকিবুল হক এর আদালতে এ জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে হত্যার নেপথ্যের কারণসহ নানা দিক উল্লেখ করা হয়। জবানবন্দি শেষে গিয়াস উদ্দিন শেখকে কারাগারে প্রেরণ করে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)।

আদালতে সূত্রে জানা যায়, নরসিংদীর বেলাবোতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় নিহতের রহিমার ভাই মোশারফ হোসেন বাদি হয়ে অজ্ঞাত নামা ৮/১০জনকে আসামি করে বেলাবো থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার ঘটনায় গ্রেফতারকৃত নিহত রহিমা বেগমের স্বামী গিয়াস উদ্দিন শেখ পিবিআই এর কাছে হত্যার দায় স্বীকার করেন। পরে সোমবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালেতে শোপর্দ করা হয়। ওই সময় হত্যার দায় স্বীকার করে আদালতের বিজ্ঞ বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

উল্লেখ্য, রবিবার দিবাগত রাতে নরসিংদীর বেলাবো উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রামের শেখবাড়ি প্রতিপক্ষকে ফাঁসাতে ও ঋণের বোঝা থেকে বাঁচতে স্ত্রী রহিমা বেগম (৩৫), তার ছেলে সন্তান রাব্বি (১৩) ও মেয়ে রাকিবা আক্তার (৬) হত্যা করে।

কুমিল্লার চান্দিনায় ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় রুবি আক্তার (২৭) নামে তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। স্বামীর পরিবারের দাবী আত্মহত্যা এবং নিহতের মায়ের দাবী হত্যা।

সোমবার (২৩ মে) দুপুরে চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের খিরাসার মোহনপুর গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত রুবি আক্তার ওই গ্রামে মামুন মিয়ার স্ত্রী। রুবি’র মৃত্যুর পর স্বামী মামুন মিয়া আত্মগোপন করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, প্রায় ১১ বছর পূর্বে একই ইউনিয়নের যোগপুকুরিয়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে রুবি আক্তারকে বিবাহ দেয়। দাম্পত্য জীবনে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। সোমবার মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন দেবর কাউসার। দেবরকে আনতে শ্বশুর আব্দুর রশিদ, ও শ্বাশুরী পিয়ারা বেগম এর সাথে রুবিও বিমান বন্দরে যেতে চান। কিন্তু স্বামী মামুন তাতে বাঁধা দেন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হয়। দুপুুরে নিজ ঘরে জানালার গ্রীলের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান ননদ সুমী আক্তার।

সুমী আক্তার জানান, ছোট ভাই বিদেশ থেকে আসতেছে শুনে সকাল ১০টায় আমি বাপের বাড়িতে আসি। আমার আব্বা-আম্মার সাথে বড় ভাইয়ের মেয়ে রিয়া (১০) ও মাহিন (৮) ঢাকায় গেলেও ভাই ও ভাবী যায়নি। দুপুরে ভাবীকে খোঁজতে গিয়ে ১৮ মাস বয়সী ছেলেটিকে উঠানে দেখি। আর ঘরে গিয়ে জানালার গ্রীলের সাথে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ভাবীকে দেখে আমি ডাক চিৎকার দেই। আমার ডাক চিৎকারে আশ-পাশের মানুষ ছুটে এসে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের মা আতরজান বিবি জানান, জানালার গ্রীলের সাথে কোন প্রাপ্ত বয়স্ক মানুষ ফাঁস নিতে পারে না। আমার মেয়েকে হত্যার পর হত্যাকন্ডের মোড় অন্যদিকে ঘুরাতে তারা এ ঘটনা ঘটিয়েছে। আমার মেয়েকে নানা অযুহাতে প্রায়ই মারধর করতো তার স্বামী মামুন। এ ঘটনার পর মামুন পালিয়ে যায়। রুবি আমার একমাত্র মেয়ে। আমার মেয়ে হত্যার বিচার চাই।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখছি এবং তদন্ত করছি। মরদেহ ময়না তদন্ত করার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। মামলা দায়ের করার জন্য নিহতের পরিবার থানায় এসেছে।