All posts by jitu

কুমিল্লায় অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে অবৈধ ভারতীয় শাড়ি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে। সোমবার (১২ জানুয়ারি) ভোর ৫টায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার আওতাধীন শিবের বাজার বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে বাংলাদেশ সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর নামক স্থানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ০১টি অটোরিকশসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করে, যার সর্বমোট দাম ৪৮ লাখ ৬০ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে। চোরাচালান বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে ।

চৌদ্দগ্রামে শতাধিক কোমলমতি শিক্ষার্থী পেল এনাম ফাউন্ডেশনের মেধাবৃত্তি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ই জানুয়ারী) চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী এনাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মোঃ এনামুল হক বৃত্তিপ্রাপ্ত ১০১ মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

আইডিয়াল ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ টিপু সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষা কমকর্তা আবদুল মান্নান, আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন পাটোয়ারী, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবদুল লতিফ বিএসসি, আমেরিকা প্রবাসী মোঃ শাহীন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, আইডিয়াল স্কুলের পরিচালক গাজী শহিদুল ইসলাম, আবদুল মমিন, কাজী জহির, আবদুল্লাহ আল মামুন মিশু প্রমুখ।

এর আগে গত ২৬ ডিসেম্বর শুক্রবার ৩১ স্কুলের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ চর্চার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

উল্লেখ্য, অনুষ্ঠানে ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মেধাক্রম ও গ্রেডভিত্তিক উত্তীর্ণ ১০১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। তারমধ্যে ট্যালেন্টফুলে ৩৪ জন ও সাধারণ গ্রেডে ৬৭ জন বৃত্তি পায়। অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত সকল কৃতি শিক্ষার্থীকে সনদ, ক্রেষ্ট ও প্রাইজমানি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সৌজন্য পুরস্কার স্বরুপ প্রাইজমানি প্রদান করা হয়। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে আইডিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।

এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচি জানা গেল

ডেস্ক রিপোর্ট:

এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে। এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ থেকে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা মহামারির প্রভাব ও পরবর্তী বিভিন্ন পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এ সূচি বজায় রাখা সম্ভব হয়নি।

চলতি বছর জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে পিছিয়ে নেওয়া হয়েছে। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি (টেস্ট) পরীক্ষা ও ফরম পূরণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি চলছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির সাংবাদিকদের বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কাজগুলো শেষ পর্যায়ে রয়েছে। তবে মাঠ পর্যায় থেকে বিশেষ কোনো অনুরোধ এলে ফরম পূরণের সময় দু-এক দিন বাড়ানো হতে পারে।

এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনি আরো বলেন, আগামী ১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে।

আশা করছি, এক থেকে দুই সপ্তাহের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করা যাবে।

শাসনগাছায় ১০ কেজি গাঁজা ও ১৯৭০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের শাসনগাছা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা ও ১ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মহিলা মাদক পাচাঁরকারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল ।

শুক্রবার (৯ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক পাচাঁরকারিরা হলেন, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অশোকতলা গ্রামের মকবুল হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌসী (২০) ও আফরোজা (১৮) এবং কুমিল্লার মুরাদনগর থানার পাহাড়পুর গ্রামের মোঃ খোকনের স্ত্রী পারভীন আক্তার (৪৫)।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

চান্দিনায় বাস চাপায় লাইনম্যানের মৃত্যু

 

চান্দিনা  প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় বাসচাপায় পিয়াল (২৪) নামের বাসের  এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পিয়াল চান্দিনা উপজেলার মহারং গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি বাসের লাইনম্যানের কাজ করতেন।

স্থানীয়র জানান, সকালে প্রতিদিনের ন্যায় বা বাসস্ট্যান্ডে লাইনম্যানের কাজ করছিল। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্ট্যান্ডের লোকজন লাশ বাড়িতে নিয়ে যায়।

হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার ওসি রুহুল আমিন জানান, দুর্ঘটনার পর পর আমাদের পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতের পরিবার লাশ নিয়ে যায়। ঘাতক বাসটি শনাক্ত করা যায়নি।

নৈশপ্রহরী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো কুবি শাখা ছাত্রদল

 

চাঁদনী আক্তার, কুবি :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে নৈশপ্রহরী ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কর্তব্যরত নৈশপ্রহরী ও শীতার্ত কর্মচারীদের মাঝে এ কম্বল বিতরণ করেন তারা।

ক্যাম্পাসে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মানবিক দায়িত্ববোধ থেকে ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন কুবি ছাত্রদলের নেতারা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম শাওন বলেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আমরা কুবি ক্যাম্পাসে নৈশপ্রহরী ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। এই কনকনে শীতে নৈশপ্রহরীরা সারারাত নিরবচ্ছিন্নভাবে আমাদের নিরাপত্তায় নিয়োজিত থাকেন। তাদের এই দায়িত্বশীল ভূমিকার প্রতি সম্মান জানাতেই ছাত্রদলের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র মানবিক প্রয়াস। ভবিষ্যতেও ছাত্রদল সবসময় অসহায় ও সাধারণ মানুষের পাশে থাকবে।”

পুলিশের অভিযানে আস্থা ফিরছে কুমিল্লাবাসির: এক মাসে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলায় ১,৩৮২ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:
গত এক মাসে কুমিল্লা জেলায় অপরাধ প্রবণতা অনেকটাই কমে এসেছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের ন্যায় কুমিল্লা জেলায়ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি লক্ষ্য করা যায়। হামলা-ভাঙচুর, লুটপাট, দখলবাজি অহরহ ঘটতে থাকে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের নভেম্বর মাস পর্যন্ত কুমিল্লা জেলায় অপরাধ প্রবণতা প্রকট আঁকার ধারণ করে। এ সময়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জেলার বিভিন্ন অঞ্চলে ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ করে । এসব অপরাধ দমনে বিগত সময়ে পুলিশের অভিযান পর্যাপ্ত ছিল না বলে অনেকেই মনে করেন। কিন্তু গত ডিসেম্বর মাসে নতুন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের যোগদানের পর দৃশ্যপট দ্রুত পরিবর্তন হতে থাকে। জেলা পুলিশ, ডিবি পুলিশ পূর্বের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। ফলে অপরাধ দমনে গ্রেপ্তার অভিযান বহুলাংশে বৃদ্ধি পায়। যা গত এক মাসের গ্রেফতার অভিযানের পরিসংখ্যান দেখলেই সহজে অনুমান করা যায়। ফলে বিগত এক মাস ধরে জেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের কার্যক্রমও দেখা যায়নি।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান এর নির্দেশে গত এক মাসে জেলাজুড়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ১ হাজার ৩৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র-গুলিও উদ্ধার করে।

শুক্রবার (৯ জানুয়ারি) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ১৮৫ জন, ডেভিল হান্ট ফেজ টুতে-৪২৬ জন, ডাকাতির ঘটনায় জড়িত ২১ জন, নিয়মিত মামলায় ৭৫০ জন আসামি রয়েছে। এ সময় পুলিশ ৮০১ কেজি গাজা, ৪৫ হাজার পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করে । এছাড়া মাদক পরিবহন কাজে ব্যবহৃত ২টি পিকআপ, একটি বাস, দুটি ট্রাক, দুটি সিএনজি এবং ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি পিকআপ ও একটি ট্রাক জব্দ করা হয়। ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত স্বর্ণ ও কৃষকের ৮ টি গরু উদ্ধার করা হয়।
এছাড়া পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তলসহ ৪ টি পিস্তল, ৪টি এলজি, ১টি পাইপ গানসহ বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।

পুলিশের সক্রিয়তা জনমনে অনেকটাই প্রশান্তি এনে দিয়েছে। যদিও পুলিশের কাছে মানুষের চাহিদা আরো অনেক বেশি। তারপরেও গত এক মাসে কিছুটা হলেও পুলিশে আস্থা ফিরেছে জনগণের। বেশ কয়েকজনের সাথে কথা বলে এমনটাই জানা গেছে।

চকবাজার এলাকার বাসিন্দা ব্যবসায়ি কামাল হোসেন জানান, গত এক মাস ধরে শহরে কিশোর গ্যাংয়ের উৎপাত অনেকটাই কমে গেছে। পুলিশ সক্রিয় হয়েছে, কিশোর অপরাধিরাও আত্মগোপনে চলে গেছে। পুলিশের কাছে এমন সক্রিয়তাই মানুষ আশা করে। আইনশৃংখলা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে।

কান্দিরপাড়ের ব্যবসায়ি আলমগীর হোসেন জানান, বর্তমান পুলিশ সুপারের যোগদানের পর পুলিশের মাঝে এখন সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। অপরাধ কমছে। আশা করি পুলিশ আরো ভাল কাজ করবে।

ভিক্টোরিয়া কলেজের বিএসএস শাখার শিক্ষার্থী ইয়াছিন রাফান জানান, গত ২০/২৫ দিনে পুলিশের ভূমিকা প্রশংসনীয়। অপরাধ কর্মকান্ড কমতে শুরু করেছে। অপরাধিরা ভয়ে আছে। পুলিশের কাছে মানুষ এমনটাই আশা করে।

নাম প্রকাশে অনিচ্ছুক সুশীল সমাজের এক নাগরিক জানান, পুলিশের মাঝে কাজের গতি বেড়েছে, এটা ভাল দিক। তবে পুলিশকে তাদের নিজের মত কাজ করতে দিতে হবে। পুলিশ অপরাধি আটক করবে আর সেই অপরাধিকে ছাড়িয়ে আনার জন্য রাজনীতিবিদরা তদবির করবে, তা হওয়া উচিত নয়। আবার জনগণ যাতে হয়রানির শিকার না হয় সেদিকেও পুলিশকে খেয়াল রাখতে হবে। তাহলেই একটি সুন্দর সমাজ গড়ে উঠবে। নতুন পুলিশ সুপার যোগদান করেই ভাল সফলতা দেখাচ্ছেন। তাকে আরো সময় দিতে হবে। যাতে তিনি কুমিল্লার মানুষের নিরাপত্তার জন্য কাজ করতে পারেন।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, পুলিশ জনগণের সেবক। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। তাই জনগণের নিরাপত্তার স্বার্থে  বিভিন্ন  অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ করতে এই অভিযান আরো জোরদার করা হবে।

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপে যাত্রী আহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপে এক যাত্রী আহত হয়েছেন। চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লার ময়নামতি রেল স্টেশনের আউটারে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের পরিচালক হাবিবুর রহমান জানান, ওই যাত্রীকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদার রহমান জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেন কুমিল্লার ময়নামতি রেল স্টেশন অতিক্রম করাকালে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে যাত্রীবাহী বগির জানালার কাঁচ ভেঙে এক যাত্রী আহত হয়েছে। এ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে পাথর নিক্ষেপকারী দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।

কুমিল্লাসহ ২৪ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

ডেস্ক রিপোর্ট:

তীব্র শীত ও কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা এবং গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী সহ দেশের ২৪ জেলাগুলোতেও মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা এবং গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার ব্যপারে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

সিনপটিক অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে ‘গভীর নিম্নচাপ’ হিসেবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এটি আরো পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস।

বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা কুদ্দুস গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য আব্দুল কুদ্দুসকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাতে বুড়িচং থানা পুলিশের একটি বিশেষ দল পৌরসভার হরিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের (দক্ষিণ-পশ্চিমপাড়া) বাসিন্দা।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, তার বিরুদ্ধে বুড়িচং থানায় বিস্ফোরক আইনে মামলা চলমান রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আবদুল কুদ্দুসের সম্পৃক্ততা, সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। তিনি স্থানীয়দের কাছে সুদি কুদ্দুস নামে বেশ পরিচিত।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, আবদুল কুদ্দুসের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।