All posts by jitu

কুমিল্লায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ র‌্যাবের হাতে আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

রবিবার (১৫ মে) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, শনিবার (১৪ মে) সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা, ৯৯ বোতল ফেন্সিডিল, ৮ বোতল বিদেশী মদসহ ওয়াসিম একরাম (২৪) নামের এক যুবককে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়। একরাম সদর দক্ষিণের মজুমদার বাড়ির কুড়িয়া পাড়া গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে।

এছাড়াও রবিবার (১৫ মে) সকালে কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ মোঃ ইদ্রিস আলী (৩৭) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। সে আনন্দপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আলী আশ্রাফের ছেলে মোঃ ইদ্রিস আলী (৩৭)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল এবং বিদেশীমদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

বিএনপির পায়ের নিচে মাটি নেই, এত সহজে ক্ষমতায় আসতে পারবে না : কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমি দৃঢ় আমি বিশ্বাস করি,এ দেশে বিএনপির পায়ের নিচে মাটি নেই। তারা কোনদিন এত সহজে ক্ষমতায় আসতে পারবেনা। এ দেশের মানুষ ভালো মন্দ সবই বুঝে। তাদের আন্দোলন হয়না কেন? জনগণের সমর্থন নেই।

রোববার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আয়োজনে নোয়াখালী অঞ্চলের কৃষির সম্ভবনা ও উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আজকে যারা হুমকি দিচ্ছে। হুমকিতো আপনারা আমাদের জীবনের ওপর দিয়েছেন। বিএনপি ১৫০জন মানুষকে অগ্নিদগ্ধ করে মেরেছে। শত শত মানুষকে বাস,ট্রাক,রিকশার মধ্যে আগুন দিয়ে দগ্ধ করেছে। এত নির্দয় নিষ্ঠুরতা এ দেশের মানুষ একাত্তরে দেখেছিল তারপর আবার দেখেছে ১৪-১৫ সালে।

বিএনপির নেতাদের বক্তব্যকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, কাজেই হুমকি দিয়ে ক্ষমতায় আসা যাবেনা। জাতির অর্জনকে হুমকি দিয়ে ধ্বংস করা যাবেনা। হুমকিতে বঙ্গবন্ধুও ভয় পায়নি। আওয়ামীলীগ পর্দার অন্তরালে ষড়যন্ত্র করে কোন দিন ক্ষমতায় আসেনি। আমাদের ভিত্তি জনগণ। জনগণ যদি আমাদেরকে প্রত্যাখ্যান করে আমরা চলে যাব। এটা নিয়ে আমাদের কোন দুঃখ নেই।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার অবর্তমানে যিনি বিএনপি চালাবেন। আগামী দিনের প্রধানমন্ত্রী। তিনি লন্ডনে থেকে ভোগবিলাস করছেন। রিমোট কন্ট্রোলে পার্টি চালাচ্ছেন। কাজেই ওখান থেকে রিমোট কন্ট্রোলে হুমকি দিয়ে, আর সেই হুমকির ওপর আওয়াজ তুলে গয়েশ্বর রায়রা ক্ষমতায় আসতে পারবেনা। ক্ষমতায় আসতে হলে মানুষের কাছে যেতে হবে।

দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন,আমরাতো বলেছি আগামী নির্বাচন আমরা সুষ্ঠু করবো,নিরপেক্ষ করব। গত ৮ মে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী সুস্পষ্ট আমাদেরকে বলেছেন আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে।

কৃষির উৎপাদন প্রসঙ্গে তিনি বলেন, আমরা জাতির কাছে প্রতিশ্রুতি দিয়ে ছিলাম। আমরা বাংলাদেশকে খাদ্যে স্বয়কসম্পূর্ণ করব। দারিদ্রতা কমিয়ে নিয়ে আসব। আজকে বাংলাদেশ দানা জাতীয় খাদ্যে স্বয়কসম্পূর্ণ। শাক সবজি,ডালের উৎপাদন বৃদ্ধি করেছি। কিন্তু তেলের উৎপাদন তেমন বৃদ্ধি করতে পারি নি। তবে আমাদের কাছে প্রযুক্তি এসেছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন,নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হোসনে আরা,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক মো. বেনজীর আলম, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রমূখ।

গোপন বৈঠক থেকে নোয়াখালীতে জামায়াতের ৪৫ নেতাকর্মী গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় একটি প্রাইভেট স্কুলে অভিযান চালিয়ে জামায়াত ইসলামীর ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, তারা ওই একাডেমি ভবনের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।

রোববার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহর মাইজদীর সংলগ্ন আল ফারুক একাডেমির দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম ঠিকানা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, রোববার দুপুর ১২টার দিকে জেলার বিভিন্ন উপজেলার জামায়াত ইসলামীর নেতাকর্মীরা সুধারাম থানা এলাকার মাইজদী আল ফারুক একাডেমির দ্বিতীয় তলায় সরকার বিরোধী গোপন বৈঠক করার জন্য একত্রিত হয়। বৈঠক চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও সুধারাম থানার ওসি আল ফারুক একাডেমিতে অভিযান চালিয়ে ৪৫ জন জামায়াত ইসলামী নেতাকর্মীকে গ্রেফতার করে।

এসপি আরো জানায়, এ সময় আটকৃতদের কাছে থাকা ধর্মীয় উগ্রতা সৃষ্টিকারী বিভিন্ন ধরনের বই উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় যে, ধর্মীয় উগ্রতাকে পুঁজি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষে সরকার বিরোধী ক্ষতিকারক বেআইনী কার্যকলাপের প্রস্তুতিমূলক অংশ হিসেবে এই গোপন বৈঠকের আয়োজন করা হয়েছিল। এ বিষয়ে আরও অনুসন্ধানসহ আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রয়াত আশরাফকে জড়িয়ে প্রাণ গোপালের আপত্তিকর বক্তব্য: আরো ৩ সংগঠনের প্রতিবাদ

 

স্টাফ রিপোর্টার:

প্রয়াত সাংসদ আলী আশরাফকে জড়িয়ে বর্তমান সাংসদ ডা. প্রাণ গোপালের অশালিন ও আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন আরো ৩ রাজনৈতিক সংগঠন।

চান্দিনা পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মো: রাকিব মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী ইয়াছিন আহমেদ ও সাধারণ সম্পাদক কাউছার আলম আপন এবং চান্দিনা উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মো: আব্দুল হালিম মেম্বার ও সদস্য সচিব মো: মোজাম্মেল হক স্বাক্ষরিত নিজ নিজ সংগঠনের পেইডে প্রতিবাদ-নিন্দা  জ্ঞাপন করে প্রেস বিজ্ঞপ্তি দেন।

সম্প্রতি ১১ মে চান্দিনায় এক সভায় প্রয়াত সাংসদ অধ্যাপক আলী আশরাফকে জড়িয়ে আপত্তিকর বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ডাঃ প্রাণ গোপাল দত্ত ( বক্তব্য: ঢাকা ক্লাবে রেদোয়ান ও আলী আশরাফ সাহেব এক সাথে , বাপ-ছেলে মিলে যা তা খেয়েছে, যা ইসলামে নিষিদ্ধ।) । যা ফেসবুকে ভাইরাল হলে তৃণমূল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রথমে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ।

এমপি প্রাণ গোপালের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে চারটি সংগঠন জানান,  মরহুম আলহাজ্ব অধ্যাপক মোঃ আলী আশরাফ (সাবেক এম পি)কে জড়িয়ে যে মনগড়া বক্তব্য দিয়েছেন এমপি ডা. প্রাণ গোপাল , তা নিন্দনীয়। এমপি  প্রাণ গোপাল ইসলাম ধর্মাবলম্বী নন বিধায় অথবা কাহারো কু প্ররোচনায় এভাবে বলতে পেরেছেন।ইসলাম ধর্মে মৃত ব্যক্তির বিরুদ্ধে কোনো মিথ্যা অপপ্রচার করা নাজায়েজ ।

প্রকৃত সত্য হচ্ছে মরহুম অধ্যাপক আলী আশরাফ এম পি চান্দিনায় দীর্ঘ ৫৮ বছর মানুষের সুখ-দুঃখের জড়িয়ে ছিলেন তিনি একজন ফরহেজগার নামাজি ব্যক্তি,তিনি কোন দিন কোন অনৈসলামিক কর্মকাণ্ডে অভ্যস্ত ছিলেন না। চান্দিনা আওয়ামী লীগের রাজনীতি করেন না কিন্তু অধ্যাপক আলী আশরাফ সাহেবকে অকুণ্ঠ সমর্থন করছেন অকাতরে । অধ্যাপক মোঃ আলী আশরাফকে খাটো করতে গিয়ে তিনি খুনি সন্ত্রাসীদের কুকর্মকে আড়াল করার প্রয়াস পেয়েছেন ।

তারা ডা. প্রাণ গোপাল দত্ত এমপিকে অনুরোধ করে বলেন, আপনি চান্দিনার রাজনীতিতে এসেছেন । সত্য ঘটনাকে আড়াল করে কাউকে খাটো করা কাউকে বড় করার হীন চেষ্টা থেকে নিজেকে মুক্ত রাখুন। কারণ আপনাকে আমাদের আশার বাতিঘর সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়ে চান্দিনা পাঠিয়েছেন। দেশরত্ন শেখ হাসিনার বিবেচনাকে ভুল প্রমান করবেন না। অধ্যাপক আলী আশরাফ সাহেবের বিরুদ্ধে যত বিষেদগার কিংবা অপবাদ দেয়া হোক না কেন, তিনি চান্দিনায় আপামর মানুষের হৃদয়ে স্থায়ী আসন নিয়ে আছেন। মৃত আলী আশরাফ জীবিত আলী আশরাফের চেয়ে অনেক বেশী শক্তিশালী ।

চলে গেলেন অসি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস

 

স্পোর্টস ডেস্ক:

কিংবদন্তি রডনি মার্শকে হারানোর শোক সামলানোরও সুযোগ পাননি, কয়েক ঘণ্টা পরই সবাইকে স্তব্ধ করে চলে গেলেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ান ক্রিকেটের সেরা চরিত্রগুলোর একজনের বিদায়ের দুই মাস যেতে না যেতেই আরেকটি বর্ণিল চরিত্র হারিয়ে গেল। কাল দিবাগত রাতে এক গাড়ি দুর্ঘটনায় ৪৬ বছর বয়সেই বিদায় নিয়েছেন সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস।

ওয়ার্ল্ড ওয়াইড অব স্পোর্টসে কথা বলতে যাওয়া সাবেক অধিনায়ক মার্ক টেলর তাই ভেঙে পড়েছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এ বছর এমন পরিস্থিতিতে বারবার পড়তে হচ্ছে আমাকে। সত্যি বলছি, আমার একদম বিশ্বাস হচ্ছে না। ক্রিকেটের আরেকটি মর্মান্তিক দিন।’

সাইমন্ডসকে শুধু মাঠের অর্জন দিয়ে বিচার করতে রাজি নন কেউ। দুটি বিশ্বকাপ জেতা এই অলরাউন্ডার মাঠে ও মাঠের বাইরে জীবন যেভাবে উপভোগ করতেন আর অন্যদের জন্য সেটা উপভোগ্য করে তুলতেন, মার্ক টেলরও সেভাবেই মনে রাখতে চান উত্তরসূরিকে, ‘শুধু ক্রিকেটের কথা বললে ব্যাট হাতে সে ছিল বিনোদনের উৎস। আর সে তো বেশ বড়সড় মানুষ ছিল, অনেক গাট্টাগোট্টা ছেলে। ছোটবেলায় রাগবিতেও খুব ভালো ছিল সে…বল অনেক দূরে পাঠাতে পারত এবং শুধু আনন্দ দিতে চাইত। একটু পুরোনো ঘরানার ক্রিকেটার ছিল। সত্তর বা আশির দশকে খেললেও ওকে মানাত।’

ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য বিখ্যাত ছিলেন সাইমন্ডস। কার্যকর বোলিং ও আগ্রাসী ব্যাটিংটা এই দুই ফরম্যাটের সঙ্গেই মানানসই। মাত্র ২৬টি টেস্ট খেলেছেন, তাতে দুটি শতক। এর মধ্যে প্রথম শতকটি এখনো ক্রিকেটপ্রেমীদের চোখে ভাসে। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং–ধসের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। বন্ধু ম্যাথু হেইডেনকে নিয়ে ২৭৭ রানের জুটি গড়েছিলেন, খেলেছিলেন ১৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস।

দুই বিশ্বকাপ জেতা এক ক্রিকেটারকে নিয়ে কথা বলতে গিয়েও তাই টেলরের মনে পড়ল এমসিজির সে ইনিংসের কথা, ‘এমসিজিতে যে শতকটা পেয়েছিল, সেটাই ওর সঠিক পরিচয় দেয়…বন্ধু ম্যাটি হেইডেনের সঙ্গে ছিল। আমার মনে আছে, বোলারের মাথার ওপর দিয়ে একটা চার বা ছক্কা মারার পর সে লাফ দিয়ে হেইডোসের ওপর চড়ে বসল। আমার ধারণা, সে হেইডোসের নাক সমান করে দিয়েছিল…।’

সাইমন্ডসের সে শতক টেলরের কাছে এখনো বিশেষ কিছু, ‘এটা অসাধারণ এক মুহূর্ত। শুধু সাইমন্ডসের জন্য নয়, ক্রিকেটের জন্যও। কারণ, ওই মুহূর্তে আবেগ ও বন্ধুত্বটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। নিজের প্রথম শতক পাওয়া। ওকে তো টেস্ট ক্রিকেটার হিসেবে ধরাই হতো না। সবাই সাদা বলের ক্রিকেটার বলেই মনে করত। কিন্তু সে বিশ্বকে দেখিয়ে দিতে চেয়েছিল, সে টেস্ট খেলতে পারে। আর সেটা সে এমসিজিতে করে দেখিয়েছে।’

মেসির জোড়া গোলে পিএসজির জয়

 

স্পোর্টস ডেস্ক:

শিরোপা জয় নিশ্চিত হয়ে গেছে আগেই। ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে পিএসজির ম্যাচগুলো অনেকের কাছেই আর গুরুত্বপূর্ণ নয়!

কিন্তু লিওনেল মেসির কাছে ব্যাপারটা সে রকম হওয়ার কথা নয়। বার্সেলোনা থেকে এ মৌসুমেই প্যারিসের দলটিতে নাম লেখানোর পর থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। সমালোচনাও সইতে হচ্ছে আর্জেন্টাইন জাদুকরকে। তাই পিএসজির জন্য অগুরুত্বপূর্ণ ম্যাচেও নিজেকে ফিরে পাওয়ার লড়াই করতে হয় মেসিকে!

নিজেকে ফিরে পাওয়ার সেই লড়াইয়ে কাল ভালোভাবেই সফল মেসি। পিএসজির জার্সিতে অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। জোড়া গোল করে মঁপিলিয়ের বিপক্ষে দলকে জিতিয়েছেন ৪-০ ব্যবধানে।

এর চেয়েও বড় ব্যাপার ছিল হ্যাটট্রিক করার সুবর্ণ সুযোগ পেয়েও কিলিয়ান এমবাপ্পের জন্য তা বিসর্জন দিয়েছেন!

৬ মিনিটে পিএসজির প্রথম গোলটি করেন মেসি। সেই গোলে পরোক্ষ অবদান ছিল এমবাপ্পের। বক্সের ভেতর থেকে এমবাপ্পের দেওয়া একটি পাস আরেকজনের পা হয়ে যায় মেসির কাছে। খুব কাছ থেকে সহজেই বল মঁপিলিয়ের জালে পাঠান তিনি। ২০ মিনিটে তাঁর দ্বিতীয় গোলটি সরাসরি এমবাপ্পের পাস থেকে। ফরাসি স্ট্রাইকারের অসাধারণ পাসটি নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ে জালে পাঠান মেসি।

২৬ মিনিটে ব্যবধান ৩-০ করে পিএসজি। এবার স্কোরশিটে নাম লেখান আনহেল দি মারিয়া।

৩-০ গোলে এগিয়ে যাওয়া পিএসজি একের পর এক আক্রমণ করে যেতে থাকে মঁপিলিয়ের রক্ষণে। এমবাপ্পের বুলেটগতির একটি শট ফিরে আসে পোস্টে লেগে। অবশেষে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় পিএসজি ৫৮ মিনিটে।

বক্সের মধ্যে এমবাপ্পেকে মঁপিলিয়ের এক ডিফেন্ডার ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এটা ছিল মেসির হ্যাটট্রিকের সুযোগ। কিন্তু মেসি যেন এমবাপ্পের অসাধারণ সেই পাসের প্রতিদান দিতে চাইলেন। এমবাপ্পেকে ইশারা করলেন পেনাল্টি কিক নেওয়ার জন্য। ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোরশিটে নাম লেখান এমবাপ্পে।

এফএ কাপ: চেলসিকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন লিভারপুল

স্পোর্টস ডেস্ক :
ফেব্রুয়ারির স্মৃতি আবারও ফিরল ওয়েম্বলি স্টেডিয়ামে। কারাবাও কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল চেলসি-লিভারপুল। ওই ম্যাচেও টাইব্রেকার হয়েছিল এবং ১১টি করে শট নিতে হয়েছিল দুই দলকে। শেষ পর্যন্ত জয়ী হয়েছিল লিভারপুল।

শনিবার রাতে একই মাঠে এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয় এই দুটি দলই এবং একই ঘটনার পূনরাবৃত্তি। নির্ধারিত সময় অমিমাংসিত থাকে গোলশূন্যভাবে। অতিরিক্ত ৩০ মিনিটেও কেউ গোল করতে পারেনি।

খেলায় ব্লুজরা যেমন একের পর এক আক্রমণ করেছে। অল রেডসরাও একাধিক গোলের সুযোগ তৈরি করে। দুই দলেরই শত্রু হয়ে দাঁড়ায় গোল পোস্ট।

নির্ধারিত সময়ে গোল পায়নি কোন দল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল না হওয়ায় শিরোপার সিদ্ধান্ত গড়ায় টাইব্রেকারে। নাটকীয়তা শেষে ওই ভাগ্য পক্ষে এনেছে জার্গেন ক্লপের লিভারপুল।

শেষ পর্যন্ত টাইব্রেকারে বাজিমাত করেছে লিভারপুলই। এবার ১১টি করে নয়, শট নিতে হয়েছে ৭টি করে। প্রথম পাঁচ শটের মধ্যে চেলসি একটি মিস করে। শেষ শটে সাদিও মানে গোল করলেই চ্যাম্পিয়ন হয়ে যেত রেডসরা। কিন্তু সেই শট মিস করেন সেনেগাল স্টার।

এর পর চেলসির ম্যাসন মাউন্টের নেওয়া সপ্তম শট ফিরিয়ে দেন অ্যালিসন বেকার। সপ্তম শটে গিয়ে সাডেন ডেথে গোল করলেন কোস্তাস সিমিকাস। তার গোলের পরই শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে। একই সঙ্গে এই মৌসুমেই দুই ফাইনালে লিভারপুলের কাছে টাইব্রেকারে হারের হতাশায় নিমজ্জিত হয় চেলসি।

ইতালীয় খেলোয়াড় সেনেসিকে রেখেই দল ঘোষণা আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক :
প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণার পর দিনই নিজেদের স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা।

আগামী ১ জুন কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়ন্সের ম্যাচে ইউরো চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

এই ম্যাচের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে কোপা আমেরিকা জয়ী দলটি। দলে এক চমক রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন ডাচ ক্লাব ফেয়েনুর্দের ডিফেন্ডার মার্কোস সেনেসি।

ইতালির হয়ে খেলার গুঞ্জন ছিল ২৫ বছর বয়সি এই ডিফেন্ডারের। আর্জেন্টাইন হলেও ইতালিয়ান পাসপোর্টধারী তিনি। কিন্তু গুঞ্জনকে মিথ্য বানিয়ে আর্জেন্টিনার কনকর্দিয়ায় জন্ম নেওয়া এই ফুটবলার নিজের জন্মভূমির হয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

নির্ধারিতভাবেই দলের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা পিএসজি মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকেও স্কোয়াডের অন্তর্ভুক্ত করা হয়েছে।

মূল গোলরক্ষকের ভূমিকায় কোপা আমেরিকার অন্যতম সেরা পারফরমার এমিলিয়ানো মার্টিনেজ আছেন। আলবিসেলেস্তেদের আরেক দুর্দান্ত গোলরক্ষক ফ্রাঙ্কো আর্মানিকে রাখা হয়েছে।

ডিফিন্সে জেল্লা, মার্টিনেজ, আকুনা রয়েছেন। মিডফিল্ডারে আছেন যথারীতি গুইদো রদ্রিগেজ ও মেসি পিএসজি সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস।

আক্রমণে মেসির সঙ্গে থাকছেন গঞ্জালেজ, ডি মারিয়া, দিবালা ও লাউতারো মার্টিনেজ।

আগামী সপ্তাহে ইতালির বিপক্ষে ম্যাচটির জন্য মূল দল ঘোষণা করা হবে বলে এক টুইটে জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

একনজরে আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (আটালান্টা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আর্মানি (রিভার প্লেট)

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেস), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), লুকাস মার্টিনেজ কুয়ার্তা (ফিওরেন্টিনা), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), মার্কোস সেনেসি (ফেয়েনুর্দ), জার্মান পেজেল্লা (রিয়াল বেতিস), লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স), নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), নেহুয়েন পেরেজ (উদিনেস), মার্কোস আকুনা (সেভিয়া)

মিডফিল্ডার: গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি), নিকোলাস ডমিংগুয়েজ (বোলোনিয়া), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এজিকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (পিএসজি), আলেহান্দ্র পাপু গোমেজ (সেভিয়া), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্টিনা), লুকাস ওকাম্পোস (সেভিয়া), আনহেল ডি মারিয়া (পিএসজি), আনহেল কোরেয়া (অ্যাতলেতিকো মাদ্রিদ), পাউলো দিবালা (জুভেন্টাস), হোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (রিভার প্লেট), লুকাস আলারিও (বেয়ার লেভারকুসেন), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)

কুসিক নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি মোতায়েন

 

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মহানগর এলাকায় এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছ। রোববার দুপুর থেকে কুমিল্লার প্রধান সড়কে বিজিবির গাড়ী বহর টহল দিতে দেখা গেছে।

রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী জানান, নির্বাচন কমিশন থেকে নির্দেশনা রয়েছে সব কেন্দ্রেই যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়। আমি ভোটারদের আহ্বান জানাবো, তারা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে যান। তিনজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আচরনবিধি দেখার জন্য ইতিমধ্যে মাঠে আছেন। আজ থেকে এক প্লাটুন বিজিবিও মাঠে থাকবেন।

রিটার্নিং কর্মকর্তা আরো জানান, এখনি প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু করার কথা নয়। কিন্তু যারা প্রচারণার প্রয়াস চালাচ্ছেন- আমরা তাদের শোকজ করছি এবং মৌখিকভাবে সতর্ক করছি।

সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, নির্বাচনে ১৮৯ জন প্রার্থী তাদের নির্বাচনী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ৫ জন মেয়র পদপ্রার্থী, ১৪৭ জন কাউন্সিলর পদপ্রার্থী এবং ৩৭ জন সাধারণ কাউন্সিলর। এরমধ্যে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে একজন সম্ভাব্য মেয়র প্রার্থী, ৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ৩ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ১০৫ টি ভোট কেন্দ্র স্থাপন করা হবে। যার মধ্যে ৬৪০টি ভোট কক্ষ থাকবে।কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ কিংবা কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার কাজ চলছে।