All posts by jitu

কুমিল্লায় র‌্যাব-১১ এর অভিযানে ইয়াবাসহ ১৮ মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার পলাতক আসামি মো. স্বপন (৪০) গ্রেপ্তার হয়েছেন।

র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীবল্লভপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১৮ মামলার পলাতক আসামি ও পেশাদার মাদক ব্যবসায়ী মো. স্বপনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের নগদ ২৬ হাজার ১০০ টাকা, ৫টি মোবাইল ফোন এবং একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত মো. স্বপন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর গ্রামের হাজী আয়াত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক ও অন্যান্য ফৌজদারি মামলা রয়েছে।

র‌্যাব-১১ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কুবির ৩ রোভার পেলেন ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’

চাঁদনী আক্তার,কুবি:

‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ২ জন রোভার ও ১ জন গার্ল-ইন রোভারসহ ৩ সদস্য।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ স্কাউটসের অফিসিয়াল ওয়েবসাইটে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন কর্তৃপক্ষ।

জানা যায়, রোভার স্কাউটিং কার্যক্রমে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’-এ মনোনীত হয়েছেন তারা। অ্যাওয়ার্ড অর্জনকারীরা হলেন- সাবেক সিনিয়র রোভারমেট ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো.তোফাজ্জল হোসেন, গার্ল-ইন সিনিয়র রোভারমেট ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নাছরিন আক্তার এবং রোভারমেট ও ব‍্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী রোভারমেট নুরে আলম।

উল্লেখ্য, স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিবেদন করে রক্তদান, জলোচ্ছ্বাস, ঝড়-বাদল,
বন্যা, আপৎকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ, ইত্যাদি কাজে আত্মনিবেদন করায় সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস প্রতিবছর ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করে থাকে।

কুমিল্লার মেঘনায় মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে উপজেলার বড়কান্দা এলাকায় অভিযান চালিয়ে পারভেজ (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি মেঘনা উপজেলার বড়কান্দা (চকের বাড়ি) এলাকার বাসিন্দা এবং মো. ফারুক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা থানার এসআই মো. সুদীপ্ত শাহীন (নি.) সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তল্লাশি করেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার ৫ নম্বর বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা জলারপাড় এলাকায় বাদলের জমিতে থাকা দুটি খড়ের গাদার মাঝখানে ইয়াবা কারবারি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় তল্লাশি করে পারভেজের প্যান্টের পকেট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রগুলোর মধ্যে একটি কাঠের বাটযুক্ত ধারালো চাপাতি এবং একটি কাঠের হাতলযুক্ত ধারালো ছেনি দা পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম জানান, মেঘনাকে মাদকমুক্ত করতে টিম মেঘনা নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

চৌদ্দগ্রামে অশ্রুসিক্ত চোখে প্রিয় শিক্ষককে আজীবন সম্মাননা ও বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান মোল্লা ৩৮বছরের শিক্ষকতা শেষে অবসর গ্রহণ করেছেন। প্রিয় শিক্ষকের অবসর উপলক্ষে তাঁর দীর্ঘ শিক্ষাসেবা ও অবদানকে স্মরণীয় করে রাখতে মঙ্গলবার (৬ই জানুয়ারী) দুপুরে বিদ্যালয় হলরুমে সহকর্মী ও শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয় এক অনাড়ম্বর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অনেক অভিভাবক উপস্থিত ছিলেন। এসময় প্রিয় শিক্ষকের বিদায়বেলায় অনেক শিক্ষার্থী অস্রুশিক্ত হয়ে পড়েন।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস প্রধানের সভাপতিত্বে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবদুস সহিদ চৌধুরীর পরিচালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান।

এসময় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা ইন্সটাক্টর মোস্তফা কামাল ,সাবেক সহকারী শিক্ষা অফিসার আনম মাছুম হোসেন , উপজেলা সহকারী শিক্ষা অফিসার কামাল উদ্দিন ,আবু বকর মোহাম্মদ ছিদ্দিকী ,মোশারফের হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম মাওলা ,সোনাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাবলু, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে আরা কুলচুমে নাহার, শ্রীপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন বেগম।

এসময় আর ও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান জান্নাতুল ফেরদৌস, সাজেদা আকতার ,ফারভীন সুলতানা ,নুরুর নাহার ,সহকারী শিক্ষক খায়রুল ইসলাম মুন্না ,কাজী জহির, নজরুল ইসলাম ,সাইফুল ইসলাম গাজি, ছালেহা বেগম, আলমগীর হোসেন ,নাছিমা আকতার, তানভীর হোসেন, বদরুন্নেছা, আয়েশা আক্তার, আছমা আক্তার, তাছলিমা আক্তার, অভিভাবক ফারুক সুলতান ,জসিম উদ্দিন ,আকলিমা বেগম ,আলেয়া আকতার ,ফিরোজা বেগম।

উল্লেখ্য শিক্ষক আবদুল মান্নান মোল্লা ১৯৮৭ সালেউপজেলা বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৯১ সালে বিজয় করা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাল্গুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ১৯৯১সালে সারপটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। একই বছর তিনি বাতিসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৬ সালে থেকে ২০২৫ সাল ডিসেম্বর পর্যন্ত পৌরসভা ফাল্গুন করা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ৩০শে ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ৩৮ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের পর অবসরে যান নিবেদিতপ্রাণ এ শিক্ষক।

একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, প্রতিহত করতে ভোটের আগেই মাঠে নামা হবে: আসিফ

ডেস্ক রিপোর্ট:

একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে এবং তা প্রতিহত করতে ভোটের আগেই মাঠে নামা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব দেখা গেছে অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, জনরায় প্রতিষ্ঠার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত। তবে আবারো পুরনো সেটেলমেন্টের পথে গেলে তা রুখে দেয়া হবে। ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করা হবে না।

আসিফ মাহমুদ বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোটের পরিবেশ সৃষ্টি করতে পারেনি ইসি এবং সরকার। এ অবস্থায় ইসির প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে পারছে না এনসিপি। এ অবস্থায় নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি বলে ইসির সমালোচনা করে এনসিপির এই মুখপাত্র বলেন, বড় দলের পক্ষে কাজ করেছে রিটার্নিং অফিসার। আপিলের ক্ষেত্রে ইসির নিরপেক্ষতা না থাকলে সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে। এ ছাড়া জাতীয় পার্টি যাতে ভোটে অংশ নিতে না পারে সে বিষয়েও সতর্ক করেন আসিফ মাহমুদ।

প্রসঙ্গত, তফসিলের অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

উপজেলা কর্মকর্তাদের সঙ্গে কুমিল্লা ডিসির মতবিনিময়

ডেস্ক রিপোর্ট:

তিতাস উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে হবে। এবারের নির্বাচন হবে আগের যে কোনো নির্বাচনের তুলনায় ব্যাতিক্রম। বার্তা একটাই, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।

তিনি আরও বলেন, কোনো একটি কেন্দ্রেও যদি সমস্যা সৃষ্টি হয়, তবে তার প্রভাব পুরো জেলার সুনামের ওপর পড়বে। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। একই সঙ্গে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সফরাজ হোসেন খান এবং তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এবং শ্রেষ্ঠ পাঁচজন গ্রাম পুলিশকে পুরস্কৃত করেন।

পাশাপাশি গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। পরে তিনি উপজেলা ভূমি অফিস ও তিতাস থানা পরিদর্শন করেন।

মুরাদনগরে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে ৭-৮ পরিবার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের বাবুটিপাড়া (ভৈষখোলা) গ্রামে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে অন্তত সাত থেকে আটটি পরিবার চরম ভোগান্তিতে পড়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী বাবুটিপাড়া (ভৈষখোলা) গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আবুল হাশেম জানান, একই গ্রামের ইসমত আলীর ছেলে আলী আহাম্মদ আলামিন এবং শামসুল হকের ছেলে সুমন, সোহাগ ও সাইফুলের সঙ্গে দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। এরই মধ্যে কিছুদিন আগে অভিযুক্তরা আবুল হাশেম ও তার পরিবারের লোকজনকে মারধর করে। এ ঘটনায় তিনি মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা মামলা তুলে নেওয়ার জন্য আবুল হাশেম গংদের বিভিন্নভাবে হুমকি ও ধমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি। তবে মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে সম্প্রতি আলী আহাম্মদ আলামিন, সুমন, সোহাগ ও সাইফুল মিলে আবুল হাশেমদের দীর্ঘদিনের চলাচলের রাস্তায় কাটা দিয়ে বন্ধ করে দেন।

এতে করে আবুল হাশেম ও তার পরিবারের সদস্যসহ আশপাশের সাত থেকে আটটি পরিবার তাদের ফসলি জমিতে যেতে পারছেন না। ফলে কৃষি কাজ ব্যাহত হচ্ছে এবং স্বাভাবিক জীবনযাত্রায় চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা।

এ বিষয়ে সরেজমিনে গিয়ে অভিযুক্ত আলী আহাম্মদ আলামিন, সুমন, সোহাগ ও সাইফুলকে পাওয়া যায়নি। তবে তাদের বক্তব্য জানতে চাইলে সুমন, সোহাগ ও সাইফুলের মা, শামসুল হকের স্ত্রী ছাফিয়া বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকেন না। আমরা শুধু মহিলারা থাকি। আবুল হাশেম যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। বরং আমাদের অনুমতি না নিয়ে তারা আমাদের জায়গা থেকে মাটি কেটে ড্রেন নির্মাণ করেছেন।”

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং চলাচলের রাস্তা পুনরায় উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন।

সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে: ডিবি

ডেস্ক রিপোর্ট:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নির্দেশে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা শেষে ডিএমপি মিডিয়া সেন্টারে এ তথ্য জানান তিনি।

তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর বলে জানান তিনি।

ডিএমপির ডিবি প্রধান বলেন, ‘পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নির্দেশেই হত্যা করা হয় হাদিকে।’

হত্যার কারণ হিসেবে তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী-বিরোধী অবস্থান নেওয়ায় হাদিকে হত্যা করা হয়।

এদিকে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শফিকুল ইসলাম।

তিনি বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিট দেওয়া ১৭ জনের মধ্যে ১২ জন গ্রেপ্তার এবং ৫ জন পলাতক রয়েছেন।

অভিযুক্ত ফয়সালের ভিডিওবার্তা নিয়ে শফিকুল ইসলাম বলেন, ভিডিওবার্তা দিতেই পারে, কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে দুই যুবক শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন উসমান হাদি। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

নির্বাচনে ভোট কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে- কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার:

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা- ৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, ভোট তাদের বিরুদ্ধে দিবেন যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, মামলাবাজি করে। ইনসাফের জন্য, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা ভোট দিব।”

ভোটারদের উদ্দেশ্যে হাসনাত বলেন, এবার আপনারা কেন্দ্র পাহারা দিবেন, কেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করবেন। এবার আমরা টাকার কাছে বিক্রি হব না। যে টাকা নিয়ে আসবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। নেতা একদিন ভোটারদের পিছনে ঘুরে ১ হাজার টাকা নিয়ে, আর ভোটাররা পাঁচ বছর টাকা নিয়ে ঘুরে নেতার পিছনে।

আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে বিরাল্লা এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার সকালে দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান হাসনাত আব্দুল্লাহ। এ সময় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে বিজিবির উদ্যোগে ৬ শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিজিবির উদ্যোগে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ব্যবস্থাপনায় সীমান্তবর্তী জনসাধারণের মাঝে মোট ৬০০টি শীতকালীন কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম, অতিরিক্ত মহাপরিচালক ও রিজিয়ন কমান্ডার, উত্তর-পূর্ব রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, সরাইল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার, কুমিল্লা এবং অধিনায়ক, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সদস্যরা।

উল্লেখ্য, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি আর্ত-মানবতার সেবায় নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয় জনসাধারণের মাঝে বিজিবির প্রতি বিশ্বাস ও আস্থাকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।