All posts by jitu

মুরাদনগরে মাছ চুরির সন্দেহে দুই যুবককে গাছে বেঁধে মারধর, ২ গ্রাম্য বিচারক গ্রেপ্তার

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে মাছ চুরির সন্দেহে দুই দরিদ্র যুবককে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে কথিত ২ গ্রাম্য বিচারকের বিরুদ্ধে।
এদিকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়।

এ ঘটনায় বৃহস্পতিবার দুই বিচারক আব্দুল হাকিম ও ইকরামুল হক কে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের আব্দুস সালাম মিয়ার পুকুর থেকে মাছ চুরির সন্দেহে একই গ্রামের সামু সেন ও আরমান মিয়া নামের দুই যুবক কে আটক করা হয়।

পরে পুকুর মালিক আব্দুস সালাম মিয়া স্থানীয় গ্রাম্য মাতবর আবদুল হাকিম ও ইকরামুল হকের কাছে এ বিষয়ে প্রতিকার চেয়ে বিচারপ্রার্থী হয়। পরে ওই দুই গ্রাম্য মাতবর মাছ চুরির সন্দেহে সামু সেন ও আরমান মিয়াকে ধরে এনে একটি গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে অমানবিক নির্যাতন চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছে বাধা অবস্থায় মধ্যযুগীয় কায়দায় প্রচণ্ড মারধর করে দুই যুবককে রক্তাক্ত করা হয়। পরে নির্যাতনের শিকার দুই যুবকের সাথে বিচারকরা সমঝোতায় গেলেও, মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আর এতেই শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়।

পরে ঘটনার ৭ দিন পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্যাতনের শিকার সামু সেনের স্ত্রী পঞ্চমী রানী সেন বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।

পাহাড়পুর ইউপির চেয়ারম্যান আবদুস সামাদ মাঝি জানান, গ্রেপ্তার হওয়া গ্রাম্য বিচারক আবদুল হাকিম ও ইকরামুল হক দুজন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। তাই এদের কঠোর বিচার হওয়া উচিত।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, বৃহস্পতিবার অভিযুক্ত দুই গ্রাম্য মাতবরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

কুমিল্লা নগরীতে পিস্তলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ৫ নং ওয়ার্ডের পুরাতন চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পিস্তলসহ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলিফকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ টিম।

শুক্রবার বিকেলে পুরাতন চৌধুরীপাড়ার সানমুন টাওয়ার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

প্রথমে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে আলিফের ঘর তল্লাশি করে নাইন এমএম মডেলের পিস্তলটি জব্দ করে। পরে র্যাবের সাথে যৌথ অভিযানে আলিফকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, আলিফ কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক রিন্টুর অন্যতম সহযোগী ছিলেন।

বিপ্লব ও সংহতি দিবসে লাকসামে বিশাল গণমিছিলের নেতৃত্বে সামিরা আজিম দোলা

স্টাফ রিপোর্টার:

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রার্থী সামিরা আজিম দোলার নেতৃত্বে লাকসামে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণমিছিল।

আজ (৭ নভেম্বর) বিকেল চারটার দিকে লাকসাম বিএনপির দলীয় কার্যালয় থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক সমবেত হন। পরে উপস্থিত হন মরহুম কর্নেল আনোয়ার আজিমের সুযোগ্য কন্যা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা। তাকে দেখতে ও সমর্থন জানাতে আসা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়।

দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া প্রায় এক ঘণ্টাব্যাপী মিছিলের নেতৃত্ব দেন সামিরা আজিম দোলা নিজে। মিছিলটি লাকসাম শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বলেন, “গত ৩ নভেম্বর বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় কুমিল্লা-৯ আসনে আবুল কালামের নাম ঘোষণা করা হয়। কিন্তু তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেছেন। আমরা এই মনোনয়ন কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা চাই তৃণমূলের জনপ্রিয় নেত্রী সামিরা আজিম দোলাকে চূড়ান্তভাবে প্রার্থী ঘোষণা করা হোক।”

যুবদল নেতা জাহিদ বলেন, “আমরা বিএনপির হাইকমান্ডের প্রতি আহ্বান জানাই—জনপ্রিয় ও যোগ্য প্রার্থী হিসেবে সামিরা আজিম দোলাকেই মনোনয়ন দিন। তারেক রহমান সাহেব বলেছেন—জনপ্রিয় যার, ধানের শীষ তার। আমরা চাই এই নীতির প্রতিফলন হোক কুমিল্লা-৯ আসনে।”

লাকসাম বিএনপি নেতা জসিম বলেন, “লাকসামে ৮০ শতাংশ জনগণ মরহুম কর্নেল আনোয়ার আজিমের সমর্থক ছিলেন। আজ তার উত্তরসূরী সামিরা আজিম দোলা সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা ধরে রেখেছেন। যদি আবুল কালামকে চূড়ান্ত প্রার্থী করা হয়, তবে এই আসনে বিএনপি বড় ক্ষতির মুখে পড়বে।”

মিছিল শেষে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সামিরা আজিম দোলা। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর আস্তা আছে দলের ওপর ভরসা আছে “জনতার জরিপে যদি মনোনয়ন দেওয়া হয়, আমি সবার এগিয়ে আছি। প্রাথমিক তালিকায় নাম না থাকলেও চিন্তার কিছু নেই। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে আশ্বস্ত করেছেন যে, চূড়ান্ত প্রার্থী ঘোষণা হবে তফসিলের পরে।”

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই গণমিছিলে প্রায় ১২ থেকে ১৫ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন, যা লাকসাম শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি জিয়া পরিষদের নেতৃবৃন্দের

স্টাফ রিপোর্টার:

ঐতিহাসিক ৭ই নভেম্বর মহান সিপাহী জনতা সংগতি ও বিপ্লব দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে গভীর শ্রদ্ধাঞ্জলি জানান জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবদুল লতিফ, মহাসচিব প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ, যুগ্ম মহাসচিব কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম, যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকার,ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক খন্দকার শফিকুল হাসান রতনসহ থানা ও সকল আর্থিক প্রতিষ্ঠানের সকল নেতৃবৃন্দ।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার ভোর সোয়া ছয়টার দিকে উপজেলা সদরের বড্ডাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে মালবোঝাই একটি ট্রাক হবিগঞ্জের দিকে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কে যানজট থাকায় ট্রাকটি বিকল্প রুট সরাইল-নাসিরনগর-লাখাই সড়ক ব্যবহার করছিল। এ সময় ভোর সোয়া ছয়টার দিকে ট্রাকের সঙ্গে অটোরিকশাটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক এবং একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম জানায়, লাশ দুটি উদ্ধার করা হয়েছে এবং ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

মেঘনায় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বিপ্লব সিকদার:

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক লতিফ ভূঁইয়া, মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকার, সলিমুল্লাহ মোহাম্মদ, ডা. এম. এ. কাইয়ুম, আবু ইউসুফ নয়ন, প্রফেসর শহিদুল ইসলাম, আতাউর রহমান ভূঁইয়া ও হুমায়ুন কবির।

এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান দিপু, যুগ্ম আহ্বায়ক হাবিব মিয়াজি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকিল মাহমুদ, নূরউদ্দিন মিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন ও সদস্য সচিব জাকির মাহমুদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এ দিনটি জাতির মুক্তি ও জাতীয় ঐক্যের প্রতীক।

প্রধান অতিথি ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব আমাদের জাতীয় ইতিহাসে গৌরবের দিন। এই চেতনা থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেঘনা উপজেলা থেকে ধানের শীষের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

চৌদ্দগ্রামে ‘পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব’ রচনা প্রতিযোগিতায় উৎফুল্ল শিক্ষার্থী ও অভিভাবকরা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে আস-সালাম ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক রচনা প্রতিযোগিতা-২০২৫ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল হোসেন তুহিন। শুক্রবার(৭ নভেম্বর) চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় আস-সালাম ফাউন্ডেশন কার্যকরী পরিষদের সভাপতি এ এম মিরাজের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক পরিষদের সাধারণ সম্পাদক কাজী নাসিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আস-সালাম ফাউন্ডেশন স্বেচ্ছাসেবক পরিষদ সভাপতি গাজী মহিউদ্দিন উজ্জ্বল, সদস্য গাজী আজহারুল ইসলাম তানিম, কার্যকরী পরিষদ সদস্য কাজী সাজ্জাদ হোসেন শাকির, সাদমানি রহমান মীম, খন্দকার রাশেদ, রনী, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, মোঃ আনিসুর রহমান, আবদুর রউপ, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আল আমিন, মোঃ ফয়েজ আহমেদসহ অভিভাবক প্রতিনিধিবৃন্দ।

পরে ‘পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশ নেয় পৌরসভার ৮নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক পরীক্ষা নেয়ায় উৎফুল্ল শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য শিরোনামে রচনা প্রতিযোগিতা আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এ রকম উদ্যোগ আশা করছি।

রচনা প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থী শারমিন আক্তারের মাতা আয়েশা খাতুন তন্নী বলেন, এটা ভালো উদ্যোগ। শিক্ষার্থীরা উৎফুল্ল। একই সাথে আমরাও খুশি। ‘পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য’ শিরোনামে রচনা প্রতিযোগিতা আয়োজন করায় আস-সালাম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি’।

আস-সালাম ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সভাপতি এম এ মিরাজ বলেন, গত ১৭ বছর পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ছিল না। আমরা শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগ বাড়াতে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি। এতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও খুশি। এছাড়া কুইজ প্রতিযোগিতাসহ শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে আমরা ব্যতিক্রর্মী উদ্যোগ গ্রহণ করেছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল হোসেন তুহিন বলেন, ‘পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য’ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা পিতা-মাতার প্রতি দায়িত্ব সম্পর্কে পড়ালেখা করে জ্ঞান অর্জন করেছে এবং রচনা লিখেছে। এতে তারা পিতা-মাতার প্রতি সচেতন হবে।

দেবীদ্বারে দালালের হাতে লাঞ্ছিত স্বাস্থ্য কর্মকর্তা, অভিযুক্তের ৩ মাসের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালমুক্ত করতে গিয়ে দালালের হাতে লাঞ্ছিত হয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস সালাম খান। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত দালাল আক্তার হোসেনকে (৩০) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আটক আক্তার হোসেন দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের নুরুল আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেবীদ্বার উপজেলায় প্রায় ৩৭টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের দালালচক্র স্বাস্থ্য কমপ্লেক্সকে জিম্মি করে রেখেছে। এতে রোগী ও স্বজনরা নিয়মিত প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন। একাধিকবার সেনাবাহিনী ও পুলিশের অভিযানে দালালরা আটক হলেও জামিনে মুক্ত হয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

বৃহস্পতিবার সকালে পরিদর্শনে গিয়ে জরুরি বিভাগে দালাল আক্তারকে দেখে বেরিয়ে যেতে বললে তিনি উল্টো তর্কে জড়ান।

এক পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তা তাকে আটকাতে গেলে আক্তার হোসেন শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তার শার্ট ছিঁড়ে ফেলেন। পরে স্থানীয়রা আক্তারকে একটি কক্ষে আটকে রাখেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি সরকারি কাজে বাধা, সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করাসহ সংশ্লিষ্ট ধারায় আক্তার হোসেনকে তিন মাসের কারাদণ্ড দেন।

সংশ্লিষ্টরা জানায়, আক্তার হোসেন হাসপাতালের রোগী, চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে অসদাচরণ, হুমকি এবং মারধরের অভিযোগে আগেও বারবার জেলে গেছেন। তারা পকেটে ব্লেড রেখে ডাক্তারদের ভয় দেখান এবং রাতে ভর্তি রোগীদের টাকা-পয়সা ও মালামাল ছিনতাইয়ের করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহিবুস সালাম খান জানান, ‘জরুরি বিভাগে দালালকে দেখে বেরিয়ে যেতে বললে সে গড়িমসি করে। একপর্যায়ে তাকে বের করতে গেলে আমাকে লাঞ্ছিত করে এবং শার্ট ছিঁড়ে ফেলে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রাকিবুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত করা এখন বড় চ্যালেঞ্জ। রোগীদের সঙ্গে খারাপ আচরণ ও স্বাস্থ্য কর্মকর্তাকে লাঞ্ছিত করার অপরাধে একজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

লাকসামে শিক্ষকের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের বিজরা এলাকায় শিক্ষকের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে সবুজ সংঘ প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভে অংশ নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের এক শিক্ষক পুলিশ সদস্যের হাতে আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা আকস্মিকভাবে কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক অবরোধ করে। প্রায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে দীর্ঘ ৫ থেকে ৬ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

প্রাথমিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে লাকসাম সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে। সেনা সদস্যরা অবরোধের কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বুঝিয়ে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যেই অবরোধ তুলে নেয়।

প্রায় ২০ মিনিটের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

লাকসাম সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে আধিপত্যমূলক টহল পরিচালনা করা হয় এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের আশ্বাস দিয়েছেন।

ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে নিশ্চিত করেছে সেনা সূত্র।

চৌদ্দগ্রামে ৫ নারীর দাফন সম্পন্ন

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারে চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ নারীর দাফন সম্পন্ন করা হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রামে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চৌদ্দগ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। জানাজায় এলাকার শত শত মানুষ অংশ নেন। এর আগে চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনজনের ও ফালগুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুইজনের জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে, সড়ক দুর্ঘটনায় পাঁচ নারী নিহতের ঘটনায় চান্দিশকরা ও ফালগুনকরা পুরো গ্রাম এখনো শোকে স্তব্ধ।

গতকাল বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মারছা পরিবহনের যাত্রীবাহী বাস ও পর্যটকবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে গাড়ি দুটি দুমড়েমুচড়ে গিয়ে একই পরিবারের পাঁচজন নিহত হন। গুরুতর আহত হন অন্তত তিন জন।

নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। আহতদের মধ্যে দুজন মাইক্রোবাসের যাত্রী এবং অন্যরা বাসের চালক-সহকারী।
নিহতরা হলেন— চান্দিশকরা গ্রামের বাসিন্দা উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), মা রুমি বেগম (৬৫), বোন সাদিয়া হক পাটোয়ারী (২৪), শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫) ও শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫)।