All posts by jitu

কুমিল্লার হোমনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের বাড়িতে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার হোমনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কুমিল্লা-২, (হোমনা–তিতাস আসনে) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার সরকারের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

রাতের অন্ধকারে একদল অজ্ঞাত ব্যক্তি তার নির্বাচনি অফিস হিসেবে ব্যবহৃত টিনশেড ঘরে ঢুকে আগুন লাগিয়ে দেয়।

অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে যায় ঘরের ভেতরের টেবিল, চেয়ার, পোস্টার ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিতাস থানার সাব ইন্সপেক্টর বিমল দাস বলেন, ওসি স্যারের নির্দেশে আমরা খবর পেয়ে দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি।আইসা কোন লোকজন দেখতে পাই নি। ঘরটি বিএনপি নেতা মনোয়ার সরকারের নির্বাচনি অফিস হিসেবে ব্যবহৃত হতো। তদন্ত চলছে কারা, কী কারণে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে মনোয়ার সরকার বলেন, কলাকান্দি ইউনিয়নের কর্মী সভা এবং গণ সমাবেশ শেষে গণসংযোগ করি।সেটা শেষ করে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হই ।পথিমধ্যে জানতে পারি আমার অফিসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এটি নিঃসন্দেহে পরিকল্পিত হামলা।

তিনি দাবি করেন, তার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় একটি মহল ঈর্ষা ও প্রতিহিংসা থেকে এ ঘটনার পরিকল্পনা করতে পারে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদে সওজের অভিযান

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সওজ বিভাগ।

বুধবার সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহাসড়কের উভয় পাশে সওজের জায়গা দখল করে প্রভাবশালী মহল বিভিন্ন দোকানপাট নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল। প্রভাবশালীরা এসব দোকানিদের কাছ থেকে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করতো ।

এর আগে ২০২৪ সালের ১৬ নভেম্বর একই স্থানে প্রথমবারের মতো অভিযান চালিয়ে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। কিন্তু কিছুদিনের মধ্যেই পুনরায় একই স্থানে নতুন দোকান গড়ে ওঠে। পরে গত ১৮ মে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে আবারও প্রায় দুই শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

তবে মাত্র ছয় মাস না যেতেই প্রভাবশালীদের ছত্রছায়ায় পুনরায় অবৈধ স্থাপনা গড়ে ওঠায় তৃতীয়বারের মতো এই অভিযান পরিচালনা করে সওজ বিভাগ।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূইয়া। অভিযানে সহযোগিতা করেন হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ থানার ওসি রুহুল আমিন, এসআই মনিরুল ইসলাম এবং সেনাবাহিনীর একটি টিম।

সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূইয়া জানান, মহাসড়কের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। কেউ যেন পুনরায় সরকারি জায়গা দখল না করতে পারে, সে বিষয়ে আমরা নিয়মিত নজরদারি রাখব।

কুমিল্লার পাঁচথুবি ইউনিয়নে ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের পাঁচথুবি ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ৫২ বোতল ফেন্সিডিলসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মীর হোসেন ওরফে মীরুকে ( ৫০) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টাস্কফোর্স দল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে পাঁচথুবি ইউনিয়নের ছাওয়ালপুর গ্রামে মীরুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লা-এর উপপরিচালক মো. বজলুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরেশী দীপ্ত এর নেতৃত্বে এবং পরিদর্শক মো. শফিকুল ইসলাম কর্তৃক গঠিত রেইডিং পার্টির সদস্য, বাংলাদেশ পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্স টিম অভিযানটি পরিচালনা করে।

গ্রেপ্তার হওয়া মীর হোসেন ওরফে মিরু পাঁচথুবি ইউনিয়নের ছাওয়াল গ্রামের মৃত. মো. মহর আলীর ছেলে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এনসিপি শাপলা প্রতীক পাওয়ায় কুমিল্লা মহানগর, জেলা ও উপজেলার নেতাকর্মীদের বিজয় মিছিল

স্টাফ রিপোর্টার:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পেয়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ায় কুমিল্লা জাতীয় নাগরিক পার্টির মহানগর, জেলা ও উপজেলার সকল সদস্যদের উপস্থিতিতে বিজয় মিছিলের আয়োজন করা হয়।

বুধবার বিকেলে কুমিল্লা নগরীতে এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

আসন্ন সংসদীয় নির্বাচনে কুমিল্লা- ৬ সংসদীয় আসন থেকে এমপি পদে দলীয় মনোনয়ন পাওয়া নাভিদ নওরোজ শাহ এই মিছিলে নেতৃত্ব দেন।

এ সময় এনসিপি জেলার যুগ্ম সমন্বয়কারি সাকিব হোসাইন, কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী রাশেদ, ফারহা এমদাদ ইম্পা, এনসিপি নেত্রী অনন্যাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

কুমিল্লার তিতাসে মাদ্রাসা প্রকল্পে কাজ না করেই বিল উত্তোলন, দুদকের অভিযান

বিশেষ প্রতিনিধি:

কুমিল্লা জেলার তিতাস উপজেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন একটি প্রকল্পে কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা সমন্বিত কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে।

অভিযোগের ভিত্তিতে আজ বুধবার (৫ নভেম্বর) দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দুদক সূত্রে জানা যায় কুমিল্লার তিতাস উপজেলার দুধঘাটা নূরে মোহাম্মদী (সঃ) মাদ্রাসার বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে। নিরপেক্ষ প্রকৌশলী দলের উপস্থিতিতে পরিচালিত এই পরিদর্শনে দেখা যায়, ২০২৪ সালের ১১ নভেম্বর কার্যাদেশ প্রদান করা হলেও বাস্তবে প্রকল্পের কোনো কাজ সম্পন্ন হয়নি। অথচ প্রকল্পের বরাদ্দকৃত অর্থ উত্তোলনের প্রমাণ মেলে।

দুদকের টিম ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট প্রাসঙ্গিক নথিপত্র সংগ্রহ করে এবং প্রাথমিকভাবে অনিয়মের প্রমাণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। কমিশনের কর্মকর্তারা জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হবে এবং প্রাপ্ত তথ্য বিশ্লেষণ শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।

দুদক সূত্র আরও জানায়, সরকারি তহবিলের অপব্যবহার, জাল বিল উত্তোলন ও প্রকল্প বাস্তবায়নে অনিয়মের বিরুদ্ধে কমিশনের অভিযান অব্যাহত থাকবে।

চাঁদপুর-৩ আসনে মানিককে মনোনয়ন দেয়ায় শোকরিয়া মিলাদ ও দোয়া

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায়ের লক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বাদ আছর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, আল্লাহর পর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ মনোনয়ন আপনাদের। এই মনোনেয়ন মানিকের নয়, এই মনোনেয়ন চাঁদপুরবাসীর। জিয়াউর রহমানের আদর্শকে আমাদের ধারণ ও লালন করতে হবে। হাইমচর বাদ দিয়ে সদর ও পৌরসভায় ৪ লক্ষ ১৫ হাজার ভোট। জয় পরাজয় আপনাদের হাতে। আজ থেকে চূড়ান্ত প্রচারনা শুরু।

তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য একটাই ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে, কেউ ফাঁকি দিবেন না, তা না হলে আমরা চূড়ান্ত ফসল ঘরে তুলতে পারবো না। সবাই মাঠে এখনোও নামেননি, মাত্র আড়াই বা তিন হাজার নেতাকর্মী মাঠে রয়েছে। সকলকে মাঠে নামতে হবে। জনগনের বিভ্রান্ত হয় এমন কাজ করা যাবে না। আপনাদের কৃতজ্ঞতা আমি ভুলবো না। মনোনেয়ন চাওয়ার অধিকার সবার রয়েছে। চাঁদপুরে যোগ্য ব্যক্তিরাই ধানের শীষের জন্য মনোনেয়ন চেয়েছেন। যারা মনোনেয়ন পান নি, তাদের সকলকে নিয়ে আমরা কাজ করবো। আপনাদের সাথে আমি জীবনের শেষটুকু সময় পর্যন্ত থাকতে চাই।

চাঁদপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, মো. খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসাইন, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপি কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা ওলামা দলের সভাপতি মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, সদস্য সচিব হাফেজ জাকির হোসেন, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা মৎস্য জীবী দলের সভাপতি মো. মোস্তফা কামাল, সদর উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামছুল আরেফিন খান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ জেলা-উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কুমিল্লা-৬: হাজী ইয়াছিনের মনোনয়নের দাবীতে নারীদের নেতৃত্বে বিশাল বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকরা নারীদের নেতৃত্বে প্রতিবাদে নেমেছেন।

বুধবার (০৫ নভেম্বর) বিকেলে নগরীর ধর্মসাগরপাড়স্থ অস্থায়ী দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পূবালী চত্তরে। সেখানে অবস্থান কর্মসূচিতে পরিণত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলে প্রায় ৮ হাজার নারী অংশগ্রহণ করেন।

মিছিলের শুরু থেকেই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের শ্লোগান দেন। তাদের মধ্যে বিশেষভাবে—“ইয়াছিন ভাইয়ের মনোনয়ন ফেরত চাই”, “৮ এর প্রার্থী ৬ এ কেন-মানিনা মানবো না”, “আমি কে তুমি কে, ইয়াছিন ভাই ইয়াছিন ভাই”, “জেল জুলুম, কারাগারে ইয়াছিন ভাই”। শ্লোগানগুলো পুরো চত্বরে উত্তেজনা ছড়িয়ে দেয় এবং উপস্থিত জনতা মনোনয়নবঞ্চনার প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করে।

মিছিলে অংশ নেওয়া মহিলারা বিভিন্ন শ্লোগানের ফেস্টুন বহন করেন। তারা সড়ক অবরোধের মাধ্যমে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে স্পষ্ট বার্তা পাঠান যে, মনোনয়নবঞ্চনা মেনে নেওয়া হবে না। এই ধরনের উপস্থিতি শুধু রাজনৈতিক ক্ষোভ প্রকাশ নয়, বরং নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক দায়বদ্ধতার প্রকাশ হিসেবেও দেখা যায়।

স্থানীয় নেতারা অভিযোগ করেন, মনোনয়নপ্রাপ্ত প্রার্থী দীর্ঘদিন ধরে স্থানীয় কার্যক্রমে যুক্ত ছিলেন না। অন্যদিকে, হাজী ইয়াছিন দীর্ঘদিন ধরে দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হিসেবে তিনি নেতাকর্মীদের পাশে দাড়িয়েছেন। তার সহায়তায় নেতাকর্মীরা আইনি সহায়তা, চিকিৎসা খরচ, পরিবারিক সহায়তা, ঈদ ও অন্যান্য বিশেষ অনুষ্ঠানে সহযোগিতা পেয়েছেন। এই কারণে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।

মিছিলে অংশ নেওয়া মহিলারা জানান, “আমাদের নেতা ইয়াছিন ভাই। আমরা তার পাশে আছি। অবিচার মেনে নেওয়া হবে না।” তারা আরও বলেন, নারীদের এই সক্রিয় অংশগ্রহণ নতুন প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা এবং নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদাহরণ স্থাপন করবে।

মিছিলে অংশ নেওয়া নেতৃবৃন্দের ভাষ্য, এই ধরনের পদক্ষেপ কেবল হুঁশিয়ারি নয়, বরং স্থানীয় স্তরে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের বার্তা। তারা আশা প্রকাশ করেন, নারীরা নেতৃত্বে আরও সক্রিয় ভূমিকা পালন করবেন এবং দলের ভিতরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ন্যায্য প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জোরদার করবেন।

অবস্থান কর্মসূচির মধ্যে উপস্থিত নেতাকর্মীরা দাবী জানান যে, হাজী ইয়াছিনের দীর্ঘদিনের রাজনৈতিক অবদান ও তৃণমূলের সঙ্গে সংযুক্তি বিবেচনা করে তার মনোনয়ন প্রদান করা হোক। তাদের মতে, মনোনয়নপ্রাপ্ত প্রার্থী দীর্ঘদিন কার্যক্রমে সংযুক্ত না থাকায় তৃণমূল কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যা দলের ভিতরে এক ধরনের বিভাজন সৃষ্টি করতে পারে।

কুমিল্লা মহানগর জাসাস কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন আফসান আনিস ও শহীদুল হক সোহেল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগর জাসাস কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেলেন ডা: আফসান আনিস ও শহীদুল হক সোহেল এবং সদস্য করা হয়েছে ইফতেখার উদ্দিন রাজেস, মো: মাহবুব হোসেন, মো: মাসুদ, জসিম উদ্দিনকে।

বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদি সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য (দফতরের দায়িত্বে) মো: মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, চলতি বছরের ১ নভেম্বর কুমিল্লা মহানগর জাসাসের আহ্বায়ক/সদস্য সচিবের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে প্রস্তাবের প্রেক্ষিতে এই কমিটিতে তাদের অর্ন্তভুক্ত করা হল।

তিতাসে ধর্ষকের পক্ষ নেয়ার অভিযোগে এনসিপি নেতাকে গণধোলাই

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্তের পক্ষ নেয়ার অভিযোগে সাবেক যুবলীগ নেতা ও বর্তমানে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতা লুৎফর রহমানকে স্থানীয় জনতা গণধোলাই দিয়েছে বলে জানা গেছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার মজিদপুর ইউনিয়নের দড়িগাঁও এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের দড়িগাঁও পশ্চিম আডির এলাকার আক্তার হোসেন (৫২) নামের এক ব্যক্তি প্রতিবন্ধী এক কিশোরীকে (২১) দীর্ঘদিন ধরে শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। পরবর্তীতে শারীরিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের মাধ্যমে জানা যায়, কিশোরীটি অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে মামলার তদন্তে প্রভাব বিস্তারের চেষ্টা ও অভিযুক্তের পক্ষ নিয়ে ঘটনাকে ভিন্নখাতে নেয়ার অভিযোগ ওঠে লুৎফর রহমানের বিরুদ্ধে।

এ সময় উপস্থিত স্থানীয় সচেতন নাগরিক ও সামাজিক সংগঠনের সদস্যরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তাকে গণধোলাই দেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
পরে পরিস্থিতি শান্ত করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এগিয়ে আসেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুরে বিদেশি ব্রান্ডের নকল কসমেটিকস তৈরি: ৫০ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুর শহরের বাবুরহাট বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (৫ নভেম্বর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর শহরতলীর বাবুরহাট শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনা করে একটি কসমেটিকস কারখানায় বিদেশি ব্রান্ডের নকল সাবান ও শ্যাম্পু তৈরির অপরাধে জে. এস কনজুমার এন্ড নিউট্রি কেয়ার লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য ও বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. শাহরিয়ার খান এর সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নকল ব্রান্ডের সাবান ও শ্যাম্পু ধ্বংস করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠান মালিক মো. জসিম উদ্দিন এ ধরনের অনিয়ম পূনরায় করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠানেও সতর্ক করে দেওয়া হয়।

এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করে দেয়া হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।