All posts by jitu

কুমিল্লায় ৮৭ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য ও মাদক জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি, কসমেটিক্স সামগ্রী, শাড়ী ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বিকেলে এ তথ্য জানান ১০ বিজিবির অধিনায়ক লেফ. কর্নেল মীর আলী এজাজ।

তিনি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পযন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

এরই অংশ হিসেবে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরাজ খানের উপস্থিতিতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।

টাস্কফোর্স দলটি গতকাল সন্ধ্যা ৬টায় সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৬ লাখ ৬৯ হাজার ৮৫০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় বাজি, ডারবিন ক্রিম ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

এছাড়া গতকাল রাতে জেলার সীমান্তবর্তী ৮ কিলোমিটার এলাকার মধ্যে পৃথক মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির পাহাড়পুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩৪ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ১৯ হাজার টাকা।

একইদিন চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরী বিওপির রাঙ্গামাটি এলাকা থেকে বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ৮ হাজার টাকা।

পাশাপাশি আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ কামারখা জোড়া ব্রিজ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ লাখ ৪১ হাজার ৯৪০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরো জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় মোট ৮৭ লাখ ৩৮ হাজার ৭৯০ টাকা মূল্যের অবৈধ মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার পক্ষে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ডেস্ক রিপোর্ট:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটগতভাবে ছেড়ে দেয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন। এ সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান এবং সাবেক কয়েকশ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে আলী হোসেন জানান, আমিসহ কয়েকজন নেতাকর্মীকে মনোনয়ন ফরম নেয়ার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। আমরা আজকে ফরম নিয়েছি৷ পরবর্তী সিদ্ধান্ত রুমিন ফারহানা নেবেন।

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দিনমজুরের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে হারুন (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল পোনে ১০টার দিকে উপজেলার বিজয়পুর উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন নোয়াখালী চরগ্রামের বাসিন্দা এবং কাজের সন্ধ্যানে বিজয়পুর বাজারে এসেছে বলে জানায় স্থানীয়রা।

লাকসাম রেলওয়ে থানা ওসি জসিম উদ্দিন জানান, সকালে বিজয়পুর বাজার রেল লাইনে কাটা পড়ে এক দিনমজুরের নিহত হওয়ার খবর পেয়েছি। কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

কুমিল্লায় ১১ আসনে ৮৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ডেস্ক রিপোর্ট:

তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লায় ১১টি আসনে বইছে নির্বাচনি হাওয়া। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র মিলিয়ে মোট ৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর মধ্যে কুমিল্লা সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশীদ ইয়াছিন।

এর আগে মঙ্গলবার বিকেলে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসানাত আবদুল্লাহর পক্ষে তার কর্মী-সমর্থকরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় পুরো এলাকায় ছিল নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানায়, বুধবার সকাল পর্যন্ত মোট ৮৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সদর দক্ষিণে মাদ্রাসার পরীক্ষায় বই দেখে লেখার অভিযোগ, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি মাদ্রাসায় ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষায় প্রকাশ্যে বই খুলে উত্তরপত্রে লেখার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

ঘটনাটি ঘটেছে উপজেলার পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায়। মঙ্গলবার ওই মাদ্রাসার পরীক্ষাকেন্দ্রের কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—একটি কক্ষে পরীক্ষাকালীন সময়ে প্রায় প্রতিটি পরীক্ষার্থীর সামনে খোলা বই রাখা রয়েছে এবং সেখান থেকে দেখে তারা উত্তরপত্র লিখছেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় মঙ্গলবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা আইসিটি কর্মকর্তাকে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা যায়, মাদ্রাসাটিতে বর্তমানে ফাজিল (অনার্স) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা চলছে। গত রোববার প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। যে কক্ষের ভিডিও ছড়িয়ে পড়েছে, সেখানে ৪৪ জন পরীক্ষার্থী ছিলেন। তারা সবাই ওই মাদ্রাসার শিক্ষার্থী। নিজ প্রতিষ্ঠানে পরীক্ষাকেন্দ্র হওয়ায় শিক্ষকদের সহায়তায় পরীক্ষায় বই দেখে লেখার সুযোগ দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল কুদ্দুস বলেন, ‘ভিডিওটি আমাদের প্রতিষ্ঠানের। তবে এটি কোনো পরীক্ষার কি না, সেটি নিশ্চিতভাবে বলতে পারছি না। কে বা কারা ভিডিওটি ছড়িয়েছে, আমি কিছুই জানি না। আমার কাছে মনে হয় এটা শিক্ষার্থীদের কোনো অ্যাসাইনমেন্ট করার ভিডিও হতে পারে।’

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন জানান, ‘অসদুপায়ে পরীক্ষা নেওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। বিষয়টি আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।’

ব্রাহ্মণপাড়ায় আন্ত জেলা ডাকাতদলের প্রধান ও সহযোগী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্ত জেলা ডাকাতদলের প্রধান ও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— ২১ মামলার আসামি মো. আলমগীর এবং ১৫ মামলার আসামি মো. বিল্লাল হোসেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম।

পুলিশ সূত্রে জানা গেছে, সহকারী পুলিশ সুপার মো. শাহীনের নির্দেশনায় এবং ওসি সাব্বির মোহাম্মদ সেলিমের তত্ত্বাবধানে ব্রাহ্মণপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মো. মেহেদী হাসান জুয়েলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকা থেকে আলমগীর ও বিল্লালকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরো জানান, গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মাদকসহ মোট ২১টি মামলা রয়েছে। তার সহযোগী বিল্লাল হোসেনের বিরুদ্ধে রয়েছে ১৫টি মামলা। দীর্ঘদিন ধরে আলমগীর আন্ত জেলা ডাকাতদলের সরদার হিসেবে সক্রিয় ছিল বলে জানিয়েছে পুলিশ।

এই ডাকাতির ঘটনায় এ পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে আলমগীর, রয়েল, বিল্লালসহ তাদের সহযোগীরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল।

ডাকাতদলের প্রধান আলমগীর গ্রেপ্তারের খবরে মাধবপুর ও আশপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের অভিযোগ, আলমগীর ও তার সহযোগীদের চুরি ও ডাকাতির কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছিলেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ডাকাতচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর গভীর রাত আনুমানিক ৩টার দিকে উত্তর চান্দলা এলাকার বাসিন্দা আবুল কালামের বাড়িতে একটি ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ডাকাতরা নগদ অর্থ, স্বর্ণালংকার, ভেন্ডার মেশিন ও মোবাইল ফোন লুট করে। ঘটনার পর পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্ত করে ধারাবাহিক অভিযান শুরু করে।

দুই দশকে পা রাখল চাঁদপুর খবর: নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত ও বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকা সফলতার ১৯বছর পেরিয়ে ২০বছরে পদাপর্ণ উপলক্ষে চাঁদপুরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিনিধি সম্মেলন, শুভেচ্ছা বিনিময়, পত্রিকার সকল পর্যায়ের সাংবাদিকদের সংর্বধনা ক্রেস্ট (ছবিযুক্ত ফটোকার্ড) ও নবায়নকৃত আইডি কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে আমন্ত্রিত

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকগণ সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিষয় নিয়ে সোস্যাল মিডিয়ায় বিভিন্ন অপ-প্রচার হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। মানুষের ভরসার জায়গা গণ-মাধ্যম। আমাদের বুঝতে হবে নিউজের কোন বিকল্প নাই। ছাপা পত্রিকার প্রতি আমাদের গুরুত্ব বাড়াতে হবে। কারন এখানো মানুষ ছাপা পত্রিকার সংবাদের উপর নির্ভরশীল। আমাদেরকে অনুসন্ধানী নিউজের প্রতি মনোযোগ বাড়াতে হবে। যদিও বর্তমানে অনেক সাংবাদিক প্রোগ্রাম নিউজের উপর নির্ভরশীল এ জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যে কোন সংবাদের বিষয়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। নিউজের মাধ্যমে আমাদের অবস্থান তৈরি করতে হবে। কোন সাংবাদিক সঠিক রির্পোট করতে গিয়ে কোন ঝামেলার সম্মুখীন হলে, চাঁদপুর প্রেসক্লাব ও সিনিয়র সাংবাদিকগণ তার পাশে থাকবে।

পত্রিকার বার্তা সম্পাদক আহম্মদ উল্যাহ’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।তিনি বলেন, আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ মো: ওসমান হাদী সহ জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে যারা আহত হয়েছে, তাদের সুস্থ্যতা কামনা করছি। আজ পত্রিকাটি সফলতার ১৯ বছর পেরিয়ে ২০বছরে পদাপর্ণ করছে। আমি সংশ্লিষ্ট সবাইকে আজকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, পত্রিকা নিয়মিত প্রকাশনা খুবই চ্যালেঞ্জিং। পাঠকদের সমর্থনের কারণে পত্রিকাটি এগিয়ে যাচ্ছে। পাঠকগণ পত্রিকাটি সাদরে গ্রহণ করেছে। আমি বা আমরা পত্রিকা প্রকাশনায় যতটুকু সফলতা পেয়েছি, তা পাঠকদের জন্যই। আপনারা পত্রিকা প্রকাশনার কারিগর এবং আমার সহযোদ্ধা, পত্রিকার দীর্ঘদিনের পথচলা। যখন যে পরিস্থিতি থাকবে তখন তা নিয়ে কাজ করতে হবে। আজকের দিনে সবার প্রতি কৃতজ্ঞ। সাংবাদিকতা পেশা খুবই ঝুঁকিপূর্ণ পেশা। আপনারা সাংবাদিকরা নিউজ পাঠালে এর সঠিকতা যাচাই করে পাঠাবেন। নিউজে যেন বস্তুনিষ্ঠতা ও ঘটনার সত্যতা থাকে, তা যাচাই করবেন। আমরা দৈনিক চাঁদপুর খবর একটি পরিবার। আপনারা নিউজ পাঠানোর ক্ষেত্রে গুরুত্ব দিবেন।

এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক আমাদের সময় পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক

এম এ লতিফ, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার উপদেষ্টা ও চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা: সৈয়দ আহমেদ কাজল, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট চৌধুরী ইয়াছিন ইকরাম, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক তালহা জোবায়ের, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার উপদেষ্টা ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর রেইনবো হাসপাতালের পরিচালক মো: মহসিন হোসেন।

পত্রিকার সাংবাদিকগণের মধ্য থেকে বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, যুগ্ম সম্পাদক মো: রানা সরকার, সিনিয়র সহকারী সম্পাদক মো: শওকত করিম, সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম সারওয়ার সেলিম, চীফ রিপোর্টার সাঈদ হোসেন অপু চৌধুরী, বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহীম খান, সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মো: ইমাম হাসান, মো. মাসুদ হোসেন, সহ: সম্পাদক এম আই দিদার, সিনিয়র স্টাফ রির্পোটার মো: মহসিন হোসাইন, সিনিয়র স্টাফ রিপোর্টার (ফরিদগঞ্জ) এস এম ইকবাল, হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: হাবিবুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি সমীর ভট্টাচার্য্য, মতলব উত্তর উপজেলা প্রতিনিধি শামীম আহমেদ জয়, ফরিদগঞ্জ অফিস প্রধান মামুন হোসাইন, পত্রিকার অফিস সহকারি মো: হযরত আলী ও ম্যানেজার মানিক চন্দ্র রায় প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দসহ দৈনিক চাঁদপুর খবর পত্রিকার শুভাকাঙ্খীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় প্রতিনিধি সম্মেলনে পত্রিকার সাংবাদিকদের ক্রেস্ট (ফটোকার্ড), পত্রিকার নবায়নকৃত আইডিকার্ড বিতরণ এবং চাঁদপুর পাটোয়ারী নিউজ পেপার এজেন্সীর পরিচালক মো: জসিম মেহেদীকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়া পত্রিকার জন্মদিন উপলক্ষে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সাংবাদিকবৃন্দগণ। অনুষ্ঠানের শুরুতেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা শহীদ শরীফ মো: ওসমান হাদী’র স্মরণে শোকপ্রস্তাব গ্রহন করা হয় ও দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক আহম্মদ উল্লাহ।

চৌদ্দগ্রামে ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীতে অতিথি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্ম পরিকল্পনা ঘোষণা করেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার মিন্টু।

সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ ইউসুফের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির উপদেষ্টা ইসমাইল হোসেন চৌধুরী, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াছিন মজুমদার, মিডিয়া ও প্রচার বিভাগ সম্পাদক আবদুল্লাহ আল হোসাইন কাউছার, কমিটির সদস্য আলী মোঃ সবুজ, এডভোকেট ফেরদৌস আহমেদ দুলাল, অভিভাবক সদস্য রেজাউল করিম মিন্টু, আব্দুল্লাহ আল ফরহাদ, মোঃ সাহাব উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার মিন্টু বলেন, ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয়টি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। ইতিহাসে যে কোন প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী একবারই আসে। কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী আগামী বৃহস্পতিবার পালন করা হবে।
এ লক্ষ্যে সাবেক ও বর্তমান ছাত্র ছাত্রীদের মধ্যে প্রায় ২ হাজার এ্যালামনাই রেজিষ্ট্রেশন করে সদস্য হয়েছে। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ১৯৭৫-২০২৫ সাল পর্যন্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিক্ষক, ছাত্র-ছাত্রীদের সাফল্যসহ বিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে স্মরণিকা প্রকাশ, সম্মাননা স্মারক প্রদান, গিফট বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনাসহ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, শিক্ষা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও রেজিষ্ট্রেশনকৃত ছাত্র-ছাত্রীরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নোয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ৫

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। তাৎক্ষণিক পুলিশ নিহত একজনের নাম ঠিকানা জানাতে পারলেও অপর ৪ জনের নাম ঠিকানা জানাতে পারেনি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে, আলাউদ্দিন (৪০) উপজেলার সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাগলার চরের জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। এ সুযোগে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী জাগলার চরের বেশ কিছু জমি বিক্রি করে। এরপর সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী জাগলার চরের জমির দখল নিতে মরিয়া হয়ে উঠে।

একপর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে কিছু জমি বিক্রি করে। এরপর দুটি গ্রুপ আলাদা আলাদাভাবে চরের জমি বিক্রির চেষ্টা চালায়। অভিযোগ রয়েছে, চর দখলে যুক্ত ডাকাত আলাউদ্দিন সুখচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিম, আওয়ামী লীগ নেতা নিজাম মেম্বার, বিএনপি নেতা নবীর ঘনিষ্ঠ। তারা কোপা সামছু বানিহীকে চর থেকে বিতাড়িত করে চরের জমি দখলে নিতে ডাকাত আলাউদ্দিনের বাহিনীর সঙ্গে আঁতাত করে।

এ নিয়ে দুটি পক্ষ একাধিকবার বিরোধে জড়ায়। মঙ্গলবার সকাল ১০টার দিকে চরের জমি দখলকে কেন্দ্র করে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুক যুদ্ধে লিপ্ত হয়। এতে অপর পক্ষের ছোড়া গুলিতে আলাউদ্দিনসহ ৪ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

৪ জনের মরদেহ ঘটনাস্থলে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তেও পারে।

অভিযোগের বিষয়ে জানতে সুখচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিমের মুঠোফোনে একাধিক কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, একটি মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, স্থানীয় আলাউদ্দিন গুপ ও সামসু গ্রুপের মধ্যে জাগলার চর দখল নিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর ৪ জনের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত: প্রেমের বিয়ের দুই বছর পর যৌতুকের বলি তানজিনা

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

প্রেমের টানে পরিবারের অগোচরে বিয়ে—তারপর সেই সম্পর্কই রূপ নেয় নির্মম হত্যাকাণ্ডে। কুমিল্লার মুরাদনগরে যৌতুক না পেয়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেছে স্বামী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানজিনা আক্তার ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল মাঝির মেয়ে। অভিযুক্ত স্বামী কুদ্দুস রুবেল নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরিবারের অজান্তে বিয়ে করেন তানজিনা ও রুবেল। বিয়ের এক বছরের মাথায়ই শুরু হয় দাম্পত্য কলহ। চার লাখ টাকা যৌতুকের দাবিতে তানজিনার ওপর নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন চালাতে থাকে রুবেল।

নির্যাতন সহ্য করতে না পেরে ঘটনার চার দিন আগে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তানজিনা।
মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত কাজ শেষে বাবার বাড়িতে ফেরার পথে গোমতী নদীর ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা রুবেল ধারালো ছুরি দিয়ে তানজিনার ওপর এলোপাতাড়ি আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: প্রবল তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত কুদ্দুস রুবেলকে আটক করে পুলিশ।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, “ঘটনার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এই হত্যাকাণ্ড আবারও সমাজে যৌতুকের ভয়াবহতা ও নারী নির্যাতনের নির্মম বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। প্রেমের বিয়ে হলেও যৌতুকের দাবিতে একটি তরুণ জীবন নিভে যাওয়ায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।