All posts by jitu

চট্টগ্রামের ডাকাতি মামলার আসামি চৌদ্দগ্রামে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম ফিশারিঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অস্ত্রসহ ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি রুবেল ওরফে রবিউল হাসানকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর এলাকায় র‌্যাবের চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রুবেল লক্ষীপুরের রামগতি উপজেলার মোহাম্মদপুর বাজার এলাকার আব্দুল মমিনের ছেলে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, চট্টগ্রামের কোতোয়ালী থানায় ৭ সেপ্টেম্ব দায়ের হওয়া ডাকাতি মামলার এজাহারনামীয় আসামি রুবেল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা এলাকায় আত্মগোপনে ছিলেন। এরপর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারের পর রুবেলকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য চট্টগ্রাম সদরঘাট নৌ থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ দেবিদ্বার হানাদার মুক্ত দিবস

স্টাফ রিপোর্টার:

আজ ৪ ডিসেম্বর কুমিল্লার দেবিদ্বার মুক্ত দিবস। ১৯৭১ সালের রক্তঝরা এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে দেবিদ্বার মুক্ত হয়েছিল।

১৯৭১ সলের রক্তঝরা দিনগুলোতে মুক্তি ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণে হানাদারমুক্ত হয়েছিল কুমিল্লার বিভিন্ন অঞ্চল। তারই ধারাবাহিকতায় দেবিদ্বার এলাকা হানাদারমুক্ত হয়েছিল ৪ ডিসেম্বর। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ অভিযানে ৩ ডিসেম্বর বিকেল থেকেই হানাদারদের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালানো হয়েছিল।

মিত্রবাহিনীর ২৩ মাউন্টেন ডিভিশনের জেনারেল আর ডি হিরার নেতৃত্বে বৃহত্তর কুমিল্লায় এ অভিযান পরিচালিত হয়। ওই দিন রাতে মুক্তিবাহিনী মাইন বিস্ফোরণে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ সেতুটি উড়িয়ে দেয়। মিত্রবাহিনীর একটি ট্যাংক বহর বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা হয়ে দেবিদ্বারে আসে। হানাদাররা ওই রাতেই দেবিদ্বার ছেড়ে কুমিল্লা সেনানিবাসে পালিয়ে যায়। ধীরে ধীরে মুক্তিবাহিনীর বিভিন্ন গ্রুপ দেবীদ্বার সদরের দিকে অগ্রসর হতে থাকে।

পাক সেনারা মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে ওই রাতেই পালিয়ে ময়নামতি ক্যান্টনমেন্টে চলে যাওয়ার সংবাদে ৪ ডিসেম্বর ভোর থেকেই বিভিন্ন অঞ্চল থেকে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন গ্রুপগুলো এবং হাজার হাজার জনতা স্বাধীন বাংলার পতাকা নিয়ে উপজেলা সদর অভিমুখে আসতে থাকে এবং ‘জয়বাংলা’ স্লোগানে বিজয়ের উল্লাসে উপজেলা সদর প্রকম্পিত করে তোলে।

দেবিদ্বার মুক্ত দিবস উপলক্ষে দেবিদ্বার উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলে কর্মসুচি পালন করবে। বৃহস্পতিবার সকাল ১০টায় র‌্যালি, মুক্তিযুদ্ধ চত্বর ও গণকবরে শহীদদের পুষ্পমাল্য অর্পণ ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের ডা. জাহিদ জানান, বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পরে অথবা কালকে সকালের ভেতরে লন্ডনে নিয়ে যাব। আমরা সেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্ধারণ করেছি।

দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

কুমিল্লায় ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের তিন নারী নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলায় ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের তিন নারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কড়িকান্দি রাজাপুর সড়কের তিতাস নদীর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকতা খালেদ সাইফুল্লাহ বলেন, দুপুরের দিকে তিন নারী ঘাটে নেমে গোসল করছিলেন। এ সময় বালুভর্তি একটি ট্রলি কড়িকান্দি রাজাপুর সড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এবং গোসলরত তিন নারীর ওপর সরাসরি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলিটি উদ্ধার করে এবং মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করে। ট্রলির চালক গুরুতর আহত হওয়ায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহতরা হলেন তিতাস উপজেলার কড়িকান্দি রাজাপুর এলাকার শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) এবং ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। এদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা, আর রিনা আক্তার তাদের ভাগিনার স্ত্রী।

বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রে শ্রোতা সম্পৃক্ততা বৃদ্ধির কৌশল নিয়ে সেমিনার

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রে শ্রোতা সম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কেন্দ্রের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহ আলম। তিনি বেতারের প্রতি শৈশবের টান তুলে ধরে বলেন, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এখন প্রয়োজন শ্রোতাবান্ধব অনুষ্ঠান। তিনি নিউমিডিয়ার ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাসুদা কামাল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান। তারা সেমিনারের বিষয়কে সময়োপযোগী উল্লেখ করে শ্রোতাদের প্রয়োজন অনুযায়ী নতুন ধারার অনুষ্ঠান তৈরি করার ওপর গুরুত্ব দেন।

সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন আঞ্চলিক প্রকৌশলী ফারুক আহমেদ ও আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক ড. তাপস চন্দ্র বোস। তারা বেতারকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠান নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। মুল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী পরিচালক (অনুষ্ঠান) মো. ইমরান হোসেন।

সমাপনী বক্তব্যে আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য বলেন, বেতার একসময় দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন পরিবর্তিত সময়ে শ্রোতাদের কাছে পৌঁছাতে হলে তাদের চাহিদা অনুযায়ী আধুনিক ও আকর্ষণীয় অনুষ্ঠান তৈরি করতে হবে।

বাংলাদেশ বেতারের উপস্থাপক বিশিষ্ট বাচিকশিল্পী মাহতাব সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, বাচিক শিল্পী, বিভিন্ন শ্রোতা ক্লাবের সদস্য, শিল্পী, কলা-কুশলী ও বেতারের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় চৌদ্দগ্রামের বিভিন্ন মসজিদে দোয়া

স্টাফ রিপোর্টার:

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থ্যতা কামনায় কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়ন বিএনপি পরিবারের উদ্যোগে এবং আবারডিন সিটি বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলাউদ্দিন হোসাইনীর সার্বিক সহযোগিতায় গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদ, খাটরা জামে মসজিদ,চাপাচৌ মধ‍্যমপাড়া জামে মসজিদ, কর্তাম জামে মসজিদ, ফুলেরনাওড়ী জামে মসজিদ ও খাটরা পূর্ব পাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার বাদ আছর বিভিন্ন মসজিদে আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি জনাব আলী হোসেন পন্ডিত, গুনবতী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জনাব আবদুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন আশ্রাফী, গুনবতী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি বেলাল হোসেন, সহ সাধারণ সম্পাদক মাহবুবুল হক, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মফিজুর রহমান, সাবেক গুনবতী কলেজ ছাত্রদল সভাপতি জোবায়রুল ইসলাম পলাশ, সাবেক গুনবতী ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাইফুল আলম জুয়েল, গুনবতী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইউসুফ হোসেন আরিফ জিয়া, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আজাদ আল মাহমুদ,ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আক্তার হোসেন, ইউনিয়ন কৃষকদল সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, ইউনিয়ন মৎসজীবি দলের আহবায়ক তখন, উপজেলা ছাত্রদল নেতা আসিফ, ৩নং ওয়ার্ড যুবদল সভাপতি শাহাদাত সহ অন্যান্য নেত্রীবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ এবং সাধারন মুসল্লীরা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শারিরীক সুস্থ্যতা এবং দ্রুত রোগমুক্তি কামনা করেন।

হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মায়ের সামনেই শিশুর মৃত্যু

হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সরকারি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ফাইজা আক্তার নামের দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা পরিষদ চত্বরের ভিতরে অবস্থিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুটি তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। এ সময় দ্রুতগতিতে প্রবেশ করা সহকারী কমিশনার (ভূমি)এর সরকারি গাড়িটি শিশুটিকে চাপা দেয়। মায়ের সামনে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বছরের শিশু ফাইজার। হৃদয়বিদারক এই দৃশ্য প্রত্যক্ষ করে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা।

তিনি অভিযোগ করে বলেন, “গাড়িটি খুব দ্রুত গতিতে আসছিল। নিমিষেই আমার কলিজার টুকরা ফাইজা চলে গেলো।”

দুর্ঘটনার পর গাড়িচালক তাইবুর হোসেনকে ফোন করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। নিহত ফাইজার বাবা ফাইজুল হক স্থানীয়ভাবে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাদের বাড়ি বরিশাল জেলার ওজিরপুর উপজেলার পুটিয়া গ্রামে।

দুর্ঘটনার খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের ও উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম দ্রুত হোমনা সরকারি হাসপাতালে ছুটে যান। সেখানে শোকাহত বাবাকে জড়িয়ে ধরে এসিল্যান্ড নিজেও কান্নায় ভেঙে পড়েন।

তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসি। এই শিশুটি আমার সন্তানও হতে পারত। আমি একজন বাবা হিসেবে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে সহায়তা করবো।

নিহত শিশুর বাবা গাড়িচালকের ফাঁসিসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম জানান, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে এসেছিল। তার বড় ভাই প্রতিষ্ঠানটির প্লে-গ্রুপের শিক্ষার্থী।

এদিকে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ডিআইজি পদোন্নতি পেলেন দাউদকান্দির হাসান বারী নূর

স্টাফ রিপোর্টার:

দেশের আইন-শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ পুলিশের ডিআইজি হলেন দাউদকান্দির হাসান বারী নূর। তিনি (হাসান বারী নূর) দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের জামালকান্দির সন্তান। এর আগে তিনি অতিরিক্ত ডিআইজি ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মোট ৩৩ জন পুলিশ কর্মকর্তাকে এই পদোন্নতি দেয়া হয়। দাউদকান্দির হাসান বারী নূর তাদের একজন। পুলিশ বিভাগে ডিআইজি হাসান একজন সজ্জন, পেশাদার, দক্ষ, জনবান্ধন ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত। ২০তম বিসিএস ব্যাচের বিনয়ী ও সচেতন এই পুলিশ কর্মকর্তা দেশ ও জাতির সেবার লক্ষ্যে ২০০১ সালে বাংলাদেশ সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশে যোগদান করেন। তারপর তিনি দেশের বিভিন্ন জায়গা যেমন, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা, ঢাকা, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট সিআইডি, পিবিআই, র‍্যাব, এপিবিএনসহ নানা দায়িত্ব পালন করেছেন একজন মেধাবী, সৎ, যোগ্য, পরিশ্রমী ও দায়িত্ব সচেতন কর্মকর্তা হিসেবে।

ডিআইজি হাসান বারী নূর বিদেশের মাটিতেও দেশের হয়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কঙ্গো, দারফুর এ শান্তি রক্ষায় কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম বিভাগীয় রেঞ্জের আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। দাউদকান্দির সন্তান হাসান বারী নূরের এই পদোন্নতি খবরে এলাকার মানুষের মাঝে খুশির আনন্দ বইছে। এলাকার সন্তান হাসান বারী নূরের এই পদোন্নতি খবরে তারা মিষ্টিমুখও করেছেন। সাথে তারা এ আশাও ব্যক্ত করেন যে, আমাদের এলাকার পুলিশের ডিআইজি হাসান বারী নূর ভবিষ্যৎ জীবনে দক্ষতা, সততা, যোগ্যতা, প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে তার দায়িত্ব পালনে আরো অনেক দূর এগিয়ে যাবেন।

পদোন্নতির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডিআইজি হাসান বারী নূর বলেন, পেশাগত এই পদোন্নতি আমার দায়িত্ব পালনে আরো বেশি জবাবদিহিতা ও পেশাদারিত্ব বাড়িয়ে দিয়েছে। তাই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

কুমিল্লা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনকে অপসারণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল মতিনকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঘুষ, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা সোয়া ১১ টায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন বিপুল সংখ্যক স্থানীয় ঠিকাদার ও এলাকাবাসী।

মানববন্ধনে অভিযোগ করা হয়, অতিমাত্রায় ঘুষ না দিলে চলমান বিভিন্ন রাস্তা ও ব্রিজের কাজের বিল আটকে রাখেন আব্দুল মতিন। ফলে অনেক কাজ মাঝপথে থেমে থাকার কারনে সাধারণ মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক ব্রিজের জমি কুমিল্লা এলজিইডি কর্তৃক অধিগ্রহণ না করায় ঠিকাদার কিছু অংশ কাজ করার পর বন্ধ হয়ে আছে। অনেক কাজের মেয়াদকালও শেষ হয়ে গেছে। তাকে নির্দিষ্ট পরিমাণ ঘুষ না দেয়ায় এসব কাজের মেয়াদ বাড়ছে না, জমিও অধিগ্রহণ করা হচ্ছে না। ফলে জনগণের ভোগান্তি বাড়ছে, একইসঙ্গে ঠিকাদাররাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা বলেন, প্রকল্প কর্মকর্তাদের কাছ থেকে অর্থ বরাদ্দ আনার জন্যও তিনি ঠিকাদারদের কাছ থেকে নির্দিষ্ট পরিমান ঘুষ দাবি করে থাকেন আবদুল মতিন।

মাইনুদ্দিন বাঁশি লিমিটেড লিমিটেড ঠিকাদার প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার নাঈমুর ইসলাম জানান, অতিমাত্রায় ঘুষ না দেওয়ার কারণে সিআইবিআরআর প্রকল্পের আওতায় দাউদকান্দি উপজেলার বাতাকান্দি থেকে মোহনপুর লঞ্চঘাট পর্যন্ত ৫৭০ মিটার লম্বা পিএসসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজের সময় বৃদ্ধি করছে না কর্তৃপক্ষ। জমি অধিগ্রহণ না করার কারণে আমরা সঠিক সময়ে কাজ করতে পারি নাই। এছাড়া ব্রিজের ডিজাইন ত্রুটিপূর্ণ ছিল।

কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর বাবুরবাড়ী এলাকায় সিসিবি প্রকল্পের আওতায় ২৭ মিটার লম্বা গার্ডার ব্রিজের প্রথম চলতি বিল আটকে রাখার অভিযোগ উঠেছে। এ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স শশী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার মোঃ কামাল হোসেন জানান, চাহিদামত ঘুষ না দেওয়ায় আমাদের প্রথম চলতি বিল এক কোটি চার লাখ টাকা প্রায় সাত মাস ধরে আটকে রেখেছে। প্রতিদিন রিগ মেশিনের ভাড়াসহ, ওইখানের জনবল কাঠামো নিয়ন্ত্রণসহ তাদের দৈনন্দিন বেতনসহ প্রতিদিন প্রায় ২৫ হাজার টাকা খরচ হচ্ছে। রড সিমেন্ট চুরিসহ এ পর্যন্ত আমার ৫০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। আমরা খুব ভোগান্তির মধ্যে আছি।

সিসিবি প্রকল্পের আওতায় মনোহরগঞ্জ উপজেলায় প্রায় ৩০ কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজ আটকে রাখা হয়েছে ঘুষ না দেয়ার কারণে। কাজের সময় বৃদ্ধি না করার কারণে ঠিকাদার কাজ করতে পারছে না বলে অভিযোগ করা হয়েছে।

বক্তারা আরো অভিযোগ করেন, আবদুল মতিন নিজেকে স্থানীয় সরকার উপদেষ্টার আত্মীয় পরিচয় দিয়ে ঠিকাদারদের বিভিন্ন সময়ে হুমকি প্রদর্শন করেন। তিনি বলেন, আমার বাড়ি কুমিল্লায়, আমি কুমিল্লার মাস্তান, আমি কুমিল্লার ইতর। চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কোন ঠিকাদারকে জিজ্ঞাসা করার সময় আমার নাই। এছাড়া, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী অফিসকে রীতিমতো তিনি মাস্তানের মসনদ বানিয়েছেন। ঠিকাদার চাকরিজীবীসহ সকলকে জিম্মি করে রেখেছেন।

তারা আরও বলেন, কুমিল্লা এলজিইডি অফিসের সহকারী প্রকৌশলী রায়হান এবং ল্যাব ইনচার্জ আকরাম ঠিকাদারদের জিম্মি করে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনের সাথে ভাগ বাটোয়ারা করেন। ল্যাবের দায়িত্বে থাকায় তাদের ঘুষ দিলে সিলিন্ডার টেস্টে টিকবে, ইট পাথর বালির গুণগতমান শতভাগ হবে। ঘুষ না দিলে সব বিফলে যাবে বলে হুঁমকি দেয়া হয়। এছাড়াও, একাউন্টেন্ট আবু কাউসার। নির্বাহী প্রকৌশলীর সকল ঘুষ লেনদেনের ক্যাশিয়ার একাউন্টেন্ট আবু কাউসার। তাকে ম্যানেজ না করলে ঠিকাদাররা বিল নিতে পারে না। এভাবে অসংখ্য ঠিকাদারকে পথে বসিয়ে দিয়েছে নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন।

মানববন্ধনে বক্তারা আবদুল মতিনের বিরুদ্ধে সকল দুর্নীতির তদন্ত করে তার দ্রুত অপসারণসহ শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম শ্রেণীর ঠিকাদার মো. রজব, নাছির ম্যাক্স, মো. শাহরিয়ার হাসান বিধান প্রমুখ।

বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেটকারের চাপায় আব্দুল ওহাব (৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওহাব উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর গ্রামের বাসিন্দা ও ছমির উদ্দিনের ছেলে। তিনি মোকাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে আটটার দিকে উল্টো পথে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুল ওহাব। এসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কাবিলা ইস্থান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, দুর্ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গেছে। যানবাহনটি শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।