All posts by jitu

সদর দক্ষিণে অস্ত্রসহ যুবদল নেতা রাসেল গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণের আব্দুল্লাহপুর এলাকা থেকে যুবদল নেতা রাসেলকে অস্ত্রসহ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা।

রোববার (৫ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

যুবদল নেতা রাসেল কুমিল্লা পদুয়ারবাজার বিশ্বরোড দক্ষিণ এলাকার বাসিন্দা। সে মনিরুল হক চৌধুরী সমর্থিত গ্রুপের যুবদল কর্মী। তার কাছ থেকে ৭.৬৫ পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেলিম তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। আরো খোঁজ-খবর নেয়া হচ্ছে।

উল্লেখ্য যে, কয়েকদিন পূর্বে এই রাসেলকে খেলনার পিস্তল, ওয়াকিটকিসহ যৌথবাহিনী আটক করেছিল। কিন্তু রাজনৈতিক তদবিরে সে একদিন পরেই জামিনে বের হয়ে যায় বলে স্থানীয় সূত্র জানায়।

বেতন ভাতার দাবীতে কুমিল্লা ইপিজেডে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ইপিজেডস্থ নাসা ডেনিম লিমিটেড ও নাসা স্পিনারস এন্ড গার্মেন্টস লিমিটেডে এবং নাসা সুপ্রিম ওয়াশে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ তাদের চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতা প্রাপ্তির দাবিতে কারখানার সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

রোববার ( ৫ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় এ কর্মসূচি পালন শুরু করে শ্রমিকরা।

উক্ত কর্মসূচিতে নাসা ডেনিম লিমিটেড ও নাসা স্পিনারস এন্ড গার্মেন্টস লিমিটেডে এবং নাসা সুপ্রিম ওয়াশে কর্মরত আনুমানিক ১৫০/২০০ শ্রমিক অংশগ্রহণ করে।

পরবর্তীতে বেপজা কর্তৃপক্ষ, নাসা কর্তৃপক্ষ, আইসি ইপিজেড ফাঁড়ী, শিল্প পুলিশ, এবং শ্রমিক প্রতিনিধি সহ আলোচনায় বসে সিদ্ধান্ত হয় যে, ৬ অক্টোবর তাদের আগস্ট মাসের বেতন পরিশোধ করবেন এবং সেপ্টেম্বর/২৫ ইং মাসের বেতন ২৬ অক্টোবর পরিশোধ করবেন এই মর্মে নাসা কর্তৃপক্ষ লিখিত নোটিশ প্রদান করলে শ্রমিকরা তাদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে বিকেল সোয়া ৩ টায় ইপিজেড ত্যাগ করে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেকর্ড ১২৭ জন মায়ের নরমাল ডেলিভারি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সেপ্টেম্বর মাসে রেকর্ড সংখ্যক ১২৭ জন মায়ের নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। এছাড়াও সিজার অপারেশান হয়েছে ৮জন মায়ের। এর আগের আগষ্ট মাসে নরমাল ডিলভারির সংখ্যা ছিল ১০৭ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারী হাসপাতালের প্রতি মানুষের আস্তা বাড়ার ফলে নরমাল ডেলিভারির সংখ্যা দিনের পর দিন বাড়ছে। সাধারন মানুষের ধারনা, হাসপাতাল মানেই সিজারিয়ান অপারেশান। এই ধারনা পাল্টে দিয়েছে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতাল। নরমাল ডেলিভারির এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে সাধারন মানুষ আর বে-সরকারী হাসপাতালমুখি হবেনা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী জানান, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান দিনের পর দিন বাড়ছে। গত সেপ্টেম্বর মাসে রেকর্ড ১২৭ মায়ের নরমাল ডেলিভারি হয়েছে। “এই রেকর্ড সংখ্যক নরমাল ডেলিভারি আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতার স্বাক্ষর রাখে এবং আমাদের এক বড় অর্জন। এ সাফল্য প্রমাণ করে যে, জনগণ সরকারি স্বাস্থ্যসেবার প্রতি আস্থা রাখছেন। আমরা আগামী দিনে আরও উন্নত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও জানান, এ ধারা অব্যাহত থাকলে প্রসূতি ও নবজাতকের মৃত্যুহার আরও কমবে এবং “নিরাপদ মাতৃত্ব” বাস্তবায়নে এ স্বাস্থ্য কমপ্লেক্স অগ্রণী ভূমিকা রাখবে।

চৌদ্দগ্রামে ঠিকাদারের বেয়াইয়ের প্রতিহিংসায় পাকা হয়নি ৬৫ বছরের পুরনো সড়ক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঠিকাদারের বেয়াইয়ের প্রতিহিংসায় পাকাকরণ হয়নি ৬৫ বছরের আশ্রাফপুর-কোমারডোগা সড়কের পুরনো ২’শ ফুট সড়ক। গুরুত্বপূর্ণ এ সড়কটি পাকাকরণ না হওয়ায় ভোগান্তি বেড়েছে এলাকাবাসীর। অপরদিকে সড়কের সৌন্দর্যও নষ্ট হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের আশরাফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিন পরিদর্শন করে জানা গেছে, উপজেলার মিয়াবাজার এলাকায় ব্যবসা ও চাকরির সুবাধে আশরাফপুর গ্রামটিতে অনেক মানুষ বসবাস করছে। সেখানে গড়ে উঠা প্রায় বিল্ডিংই ভাড়া দেয়া হয়েছে। আশরাফপুর-কোমারডোগা সড়কের সাথে সংযুক্ত আশরাফপুর গ্রামীণ সড়কটি সংস্কারের জন্য টেন্ডার পায় মেসার্স ফাতেম ট্রেডার্সের স্বত্তাধিকারী অলিউর রহমান মজুমদার। ঠিকাদার গত বছরের ২৮ মার্চের আগে মাটি খননের আশি শতাংশ কাজ সম্পন্ন করে অবশিষ্ট কাজ বন্ধ রাখে। পরবর্তীতে চলতি বছর মানুষের দুর্ভোগ নিয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশের পর ঠিকাদার সড়কের পাকাকরণ কাজ শুরু করে। সড়কের প্রবেশমুখে কিছু অংশ পাকা করে এরপর দুই’শ ফুট বাদ দিয়ে বাকি সড়ক পাকা করেই কাজ শেষ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদারের বেয়াই মোঃ হানিফের প্রতিহিংসায় পাকাকরণ হয়নি সড়কের গুরুত্বপূর্ণ দুই’শ ফুট সড়ক।

এলাকাবাসী জানায়, ১৯৬০ সাল থেকে আশরাফপুর গ্রামীণ সড়কটি সরকারিভাবে সংস্কার হয়ে আসছে। একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মোঃ হানিফ ১৯৯৫ সালে নির্মাণাধীন সড়কের পাশে জমি ক্রয় করেন। এরই মধ্যে তিনি ২ জন ক্রেতার কাছে জায়গাটি বিক্রির মাধ্যমে মালিকানা হস্তান্তর করেন। তার পুরাতন জমির উত্তর পাশে কিছু অংশ জমি বর্তমানে অবশিষ্ট আছে। রাস্তার পাশে তার কোন জমি অবশিষ্ট নেই। অথচ পূর্ব পাশের নজির আহমেদ কর্তৃক ক্রয়কৃত জমির মধ্যে গৃহনির্মাণের কাজ শুরু করলে মোঃ হানিফ তাতে বাধা দেয়। এছাড়া দক্ষিণ পাশে রয়েছে নুরুল ইসলাম ও তার ভাইদের ফসলি জমি। তিন বছর আগে তৎকালিন এসিল্যান্ড তমালিকা পাল স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সড়কটি পরিদর্শন ও পরিমাপ করেন এবং সড়কের পাশের নির্মাণাধীন স্থাপনাসমূহ স্ব স্ব অবস্থানে বহাল থাকবে বলে নির্দেশনা দেন। পরবর্তীতে হানিফ এডিএম আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করে। আদালত সহকারি কমিশনার ভূমি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেন। পরবর্তীতে তাঁরা পৃথকভাবে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের ভিত্তিতে হানিফের ১৪৫ ধারার মামলা খারিজ হয়ে যায়।

কিন্তু সড়কের সংস্কার কাজ শুরু হলে মোঃ হানিফ সড়কটি নিজের বলে দাবি করে ২০২৪ সালের ২৮ মার্চ এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী বরাবরে আবেদন করে। আবেদনে তিনি আশরাফপুর গ্রামের বাসিন্দা দাবি করলেও তিনি পাশের কৃষ্ণপুর গ্রামে বাসিন্দা বলে এলাকাবাসী জানান। সড়কের গুরুত্ব্পূর্ণ এলাকায় ২’শ ফুট সড়ক সংস্কার বা পাকাকরণ না হওয়ায় পুরো সড়কের সৌন্দর্য নষ্ট হয়েছে। মোঃ হানিফ ব্যক্তিস্বার্থে নজির আহমেদ এবং নুরুল ইসলাম মেম্বার ও তার ভাইদের সাথে না পেরে সড়কের উপর ক্ষোভ ঝাড়ছেন।

অভিযোগকারী মোঃ হানিফ বলেন, সড়কের জায়গা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। জনবহুল এলাকায় দুই’শ ফুট সড়ক সংস্কার না হওয়ায় ভোগান্তির কথা তিনি স্বীকার করেছেন। তবে এর বেশি কিছু তিনি মন্তব্য করতে রাজি হননি।

ঠিকাদার অলিউর রহমান মজুমদার বলেন, ‘আশরাফপুর এলাকায় সড়ক সংস্কারে আনুমানিক দুই’শ ফুট জায়গা নিয়ে ঝামেলা থাকায় কাজ করা হয়নি। অফিস এখনো আমাদের পূর্ণাঙ্গ বিল দেয়নি। ঝামেলা শেষ হলেই সড়কটি সংস্কার করা হবে। তবে সড়কের কাজের সাথে আত্মীয়তার কোন সম্পর্ক নেই বলে তিনি দাবি করেন’।

উজিরপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আবদুল হাই বলেন, ৬০-৬৫ বছরের আগের সড়কটির মধ্যে মোঃ হানিফ নিজের জায়গা রয়েছে বলে দাবি করছে। এসিল্যান্ড গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কয়েক বছর আগে সমস্যার সমাধান করেছে। তবুও হানিফ ওই সড়কের সংস্কার কাজ না করতে কেন এমন করছে আমার জানা নেই।

রোববার এলজিইডির চৌদ্দগ্রাম উপজেলা প্রকৌশলী মোঃ নুরুজ্জামান বলেন, আমাদের কাজ ঝামেলাবিহীন সড়কের উন্নয়ন করা। আশরাফপুরে সড়ক নিয়ে সম্ভবত আদালতের নিষেধাজ্ঞা আছে, সেজন্য কিছু অংশ সংস্কার করা হয়নি।

চান্দিনায় প্রশাসনের অভিযানে দখল হওয়া খাল উদ্বার

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর খাল উদ্ধার অভিযানে নামে উপজেলা প্রশাসন।

রবিবার (৫ অক্টোবর) সকাল থেকে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অবৈধ ভাবে দখল হওয়া উপজেলার মহিচাইল বাজার সংলগ্ন খালে উদ্ধার অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।

এসময় এক্সকাভেটর (ভেকু) দিয়ে ১শত ৭৮ ফুট দৈর্ঘ্য, ১৭ ফুট প্রস্থ ও অন্তত ৮ ফুট গভীরতায় খালটি খনন করে পুকুরের সাথে যুক্ত করা হয়। এতে প্রায় এক যুগ পর পুকুরের পানি নিস্কাশনের পথ উন্মুক্ত হয়। জলাবদ্ধতার দুর্ভোগ ও পুকুরের পাড় ধ্বসের ভয়াবহ পরিস্থিতি থেকে স্বস্তি ফিরে আসে।

চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান- উপজেলার মহিচাইল বাজারের পাশে পুকুর সংলগ্ন খাল ভরাট করে সমিল ব্যবসাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এতে জনদুর্ভোগ দেখা দেয়। এ বিষয়ে আমরা মহিচাইল উচ্চ বিদ্যালয় থেকে একটি একটি লিখিত অভিযোগ পাই এবং কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সেই সুবাদে আজ (রবিবার) খালটি উদ্ধার কাজ শুরু করি।

অভিযানকালে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা বাবুল দাস, চান্দিনা থানা পুলিশ সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উপজেলা সাবেক যুবদল নেতা লোকমান হোসেন শাহজাহান নামের এক ব্যক্তি পুকুরের সংযোগ খালটি ভরাট করায় বর্ষা মৌসুমে মহিচাইল জোবেদা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে আশপাশের বাড়ি-ঘরে জলাবদ্ধতা দেখা দেয়। পুকুরের পাড় ধ্বসে মাধাইয়া-নবাবপুর সড়ক নষ্ট হয়ে যায়।

কুমিল্লার হোমনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুপুরে এলাকায় ভারী বৃষ্টি শুরু হলে ভবানীপুর ঘাটে উজানচর-ঘাগুটিয়া খেয়া পারাপারের জন্য কয়েকজন অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের মৃত হাজি মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৭) ও জাকিয়া (২৩) এবং অপরজন দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামের পুরুষ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।

কচুয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

মো. রাছেল,কচুয়া:

‘‘মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলেক্ষ্য বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালিটি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম সোহেল রানার সভাপতিত্বে ও নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাও. মো. নুর আহমদ আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকতা মো. শাহজাহান, আশ্রাফপুর গনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী আক্কাস, কাদলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউসুফ, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক, চাঁদপুর এমএ খালেক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সোহাগ, সাবেক সভাপতি রফিকুল ইসলাম বিএসসি, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর মোল্লা, মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি খোরশেদ আলম মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল আলম, গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো. ফারুক হোসেন প্রমুখ।

শিক্ষকরা বক্তব্যে বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। শিক্ষার মানোন্নয়ন ও মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা যদি নিষ্ঠা,সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করেন, তবে একটি আদর্শ সমাজ গঠন সম্ভব।

এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কচুয়া উপজেলা সকল শিক্ষকদেরকে টি-শার্ট দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন,কচুয়ার কৃতি সন্তান ও শিক্ষানুরাগী রফিকুল ইসলাম রনি।

কুমিল্লায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

হাসিবুল ইসলাম সজিব:

কুমিল্লায় ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বিষয়ক জেলা পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আলী নূর বশির আহমদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সারভিল্যান্স অ্যান্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. সুবল চন্দ্র সাহা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকারিয়া মাহমুদ।

বক্তারা জানান, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে, যা চলবে নির্ধারিত সময় পর্যন্ত। এ সময় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু, এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।

টিকা নিতে হলে জন্ম নিবন্ধনের ১৭-সংখ্যার নম্বর ব্যবহার করে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লালমাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

‎‎খান মোহাম্মদ রুবেল হোসেন:

‎লালমাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎৫অক্টোবর (রবিবার) ১১টায় লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর কার্যালয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।



‎আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, হরিশ্চর স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল মোঃ ইলিয়াস কাঞ্চন,বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমেদ, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন মজুমদার, আশকামতা মহিলা দাখিল মাদরাসার সুপার আনম শাহ আলম প্রমূখ।

দাউদকান্দিতে আওয়ামী লীগ নেতা সাইদুল মেম্বার গ্রেফতার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহত বাবু হত্যা মামলার আসামি মোঃ সাইদুল ইসলাম ভুইয়া ওরফে সাইদুল মেম্বার (৫৬) কে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার মোহাম্মদ ইউনিয়নের চরকখোলা গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে ওই গ্রামের ভুইয়া বাড়ির মৃত কাদিম আলী ভুইঁয়ার ছেলে এবং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক । আজ রোববার দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

মডেল থানা পুলিশ সূত্রে জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বাবু হত্যা মামলার এজহারভূক্ত আসামি মো. সাইদুল ভুইঁয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ মোট ২/৩ টি মামলা রয়েছে। সে এলাকায় বিভিন্ন মাদক ও চাঁদাবাজির সাথে জড়িত বলে পুলিশ জানায়।
দাউদকান্দি মডেল থানা ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, বৈষম্য বিরোধী বাবু হত্যা মামলার এজহারভূক্ত আসামি মো.সাইদুল মেম্বার গ্রেফতার করা হয়েছে। তাকে আজ রোববার দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।