All posts by jitu

বাংলাদেশের প্রথম আন্ত: চেইন হোটেল ডি’মোর লয়্যালটি ক্লাবের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার:

ডি’মোর হোটেল এন্ড রিসোর্ট পর্যটন খাতে বিনোদন জগতে আবাসনে নতুন মাত্রা যুক্ত করতে বাজারে নিয়ে এলো “ডি’মোর লয়্যালটি ক্লাবের ক্লাসিক মেম্বারশিপ কার্ড”। এ মেম্বারশিপ ক্রয়ের মাধ্যমে লয়্যালটি সাবের সদস্য হয়ে আপনি পাবেন হোটেলে ফ্রী থাকাসহ নানান সুযোগ সুবিধা।

মাত্র পঞ্চাশ হাজার টাকায় এই কার্ড ক্রয় করে মেম্বারশিপ গ্রহন করলে কক্সবাজারে হোটেল দ্যা কক্স টুডে সহ বিভিন্ন স্থানে ডি’মোরের আওতাধীন হোটেল সমূহ ব্যবহার করে পাবেন সর্বোচ্চ প্রায় তিন লক্ষাধিক টানার সুযোগ সুবিধা। ডি’মোর লয়্যালিটি ক্লাবের মেম্বারগন পাবেন কক্সবাজারের হোটেল দ্যা কক্স টুদে সাং বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পট গুলোতে বিদ্যমান ডি’মোর হোটেল এন্ড রিসেটি এর আওতাধীন (ডি’মোর ঢাকা হোটেল এন্ড রিসোর্ট, ডি’মোর কুয়াকাটা হোটেল এন্ড রিসেটি, ডি’মোর বান্দরবান হোটেল এন্ড রিনেটি, ডি’মোর সাজেক ভ্যালি হোটেল এন্ড রিসেটি, ডি’মোর চট্টগ্রাম হোটেল এন্ড রিসেটি এবং ডি’মোর শ্রীমঙ্গল হোটেল এন্ড রিসোর্ট) সবগুলো হোটেলে ফ্রী আবাসন সুবিদা সং নানা রকম সার্ভিসে বিশেষ ছাড়।

ডি’মোর লয়‍্যাপাট ক্লাবের উদ্বোধন এবং ক্লাসিক মেম্বারশিপ কার্ডের মোড়ক উন্মোচন করেন, ডি’মোর হোটেল এন্ড রিসেটি এবং হোটেল দ্যা কক্স টুডে এর ডিরেক্টর সেলস এন্ড মার্কেটিং, জনাব মহিউদ্দিন খান খোকন। ডি’মোর লয়্যালটি ক্লাবের ক্লাসিক মেম্বারশিপ কার্ড এর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দেশের বিভিন্ন কর্পোরেটের সম্মানিত ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন ডি’মোর হোটেল এন্ড রিসোর্টের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ভ্রমণ শিল্পের বিভিন্ন সেলিব্রিটি এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ। সভায় সকলে আশা প্রকাশ করেন যে দেশের ভ্রমণ পিপাসু পর্যটকবৃন্দ ডি’মোর লয়্যালটি ক্লাবের ক্লাসিক মেম্বারশিণ কার্ড ক্রয়ের মাধ্যমে দেশের পর্যটন স্পটসমূহে ভ্রমণের সুযোগ আরো সহজ, নিরাপদ ও আনন্দদায়ক হবে। একই সাথে দেশের পর্যটন শিল্পের বিকাশে অনেক সহায়ক হবে।

শেষে এক আনন্দঘন পরিবেশে ডি’মোর লয়্যালটি ক্লাব ক্লাসিক মেম্বারশিপ কার্ড এর উদ্বোধন করা হয়

চৌদ্দগ্রামে আব্দুর রশিদ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এতিমখানায় ৬০ বস্তা চাউল উপহার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের ফুলগ্রাম সোলতানিয়া আশরাফুল উলুম মাদরাসার এতিম শিক্ষার্থীদের জন্য ৬০ বস্তা চাউল উপহার দেয়া হয়েছে।

বৃহস্পতিবার মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল কাইয়ুম ও সহকারী মুহতামি মুফতি ফারুক হোসেনের হাতে উপহার সামগ্রী বুঝে দেয় মাওলানা আবদুর রশিদ সমাজ কল্যাণ সংস্থার পরিচালক মোঃ এনায়েত উল্লাহ মাছুম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল মমিন, মাওলানা আবদুর রশিদ সমাজ কল্যাণ সংস্থার প্রজেক্ট ম্যানেজার বেলাল হোসেন শাকিল, ফিল্ড অফিসার মাওলানা সাইয়্যেদ মোঃ ইউসুফ, অফিস সহকারী মোঃ সায়মন প্রমুখ।

উল্লেখ্য, মাওলানা আবদুর রশিদ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কয়েক বছর ধরে বিভিন্ন সমাজকল্যাণ মূলক কাজ অব্যাহত রয়েছে।

এ কেমন জন্মদিন উদযাপন! গোলপোস্টের খুটির সঙ্গে বেঁধে কিশোরকে নির্যাতন

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

মুরাদনগরে জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ের মাঠে এক কিশোরকে গোলপোস্টের খুঁটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে তারই সহপাঠীদের বিরুদ্ধে। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

ছড়িয়ে পড়া ওই ভিডিওর সূত্র ধরে জানা যায়, বুধবার বিকেলে মুরাদনগর ডি.য়ার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ঘটে এই ঘটনা। মুরাদনগর ডিয়ার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আব্দুর রহমানকে জন্মদিনের কথা বলে মাঠে নিয়ে যায় তার সহপাঠীরা। পরে গোলপোস্টের খুঁটির সাথে তার হাত বেঁধে তার গায়ে ছোড়া হয় ডিম।

স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান দূর থেকে ঘটনাটি দেখে ছুটে এসে কিশোরটিকে মুক্ত করেন। পরে তিনি ঘটনাটির ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কেউ লিখেছেন— “আমি তো মনে করেছি সে কোনো চোর।”
অন্যরা এই ঘটনাকে ‘অসুস্থ সমাজব্যবস্থা’ ও ‘অসুস্থ প্রজন্ম’ বলে মন্তব্য করেছেন।

তবে ওই কিশোর আব্দুর রহমানের দাবি, তার জন্মদিন উদযাপন করতে গিয়ে আনন্দ করেছে বন্ধুরা। বিগত দিনেও অন্যান্য বন্ধুদের ক্ষেত্রে এমনটাই হয়েছে।

ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত দাবি করে মুরাদনগর ডি.য়ার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ময়নল হোসেন জানান, বিশ্ববিদ্যালয় গুলোতে রেগিং নামক যে ছাত্র নির্যাতন হয়ে থাকে আমার মনে হয় সেখান থেকে উদ্বুদ্ধ হয়েই তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে অভিযুক্ত সকল শিক্ষার্থীদের অভিভাবকদের ডাকা হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় কঠোর অসন্তোষ প্রকাশ করে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুর রহমান জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের উশৃংখল পরিবেশ এটা বাস্তবসম্মত না। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষককে আমার পক্ষ থেকে জানানো হয়েছে।

মুরাদনগরের এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ে ছাত্রদের মধ্যে বেড়ে ওঠা উশৃঙ্খলতা ও অনৈতিক আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
কীভাবে একটি আনন্দঘন জন্মদিন মুহূর্ত পরিণত হলো অপমানজনক নির্যাতনে—তার উত্তর খুঁজছে এলাকাবাসী।

বাংলাদেশের ঐতিহাসিক জয় উদযাপনে সেইলর-এর বিশেষ অফার: সারা দেশে সব পণ্যে ফ্ল্যাট ২২% ছাড়

স্টাফ রিপোর্টার:

দীর্ঘ ২২ বছর পর ভারতকে পরাজিত করে বাংলাদেশ ফুটবল দলের ঐতিহাসিক জয়!
এই আনন্দঘন মুহূর্তকে উদযাপনে Sailor দিচ্ছে সকল আউটলেটে সকল পণ্যে Flat 22% ডিসকাউন্ট।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক সাফল্য উদযাপন করতে সেইলর ঘোষণা করেছে আকর্ষণীয় এ ডিসকাউন্ট। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সারা দেশের সব সেইলর আউটলেটে এই অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

সেইলর সবসময়ই দেশের মানুষ ও দেশের গৌরবময় মুহূর্তগুলোর সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে বিশ্বাস করে। বাংলাদেশের বিজয়ের আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নিতে এবং জাতির এই গর্বের সময়ে পাশে থাকতে সেইলর-এর এই বিশেষ উদ্যোগ।

এই অফারের মাধ্যমে সেইলর শুধু আনন্দ উদযাপনই নয়, বরং দেশপ্রেম, একাত্মতা ও মানুষকে একসঙ্গে উৎসবমুখর করার প্রতিশ্রুতিও নতুনভাবে তুলে ধরছে।

মাদক, অস্ত্র ও সাইবার অপরাধে নজরদারি বাড়ানোর নির্দেশ পুলিশ সুপারের

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) কুমিল্লা জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া মহোদয়ের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সাইবার অপরাধ দমন, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।

সভায় জেলার নিরাপত্তা ও জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থী আটক, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা কারাগারের আরপি গেইটে গাঁজাসহ এক দর্শনার্থীকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আটককৃত দর্শনার্থী মজু মিয়া তিতাস থানার মজিদপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার কুমিল্লা কারাগারে প্রবেশকালে তার আচরণ সন্দেহজনক মনে হলে রিজার্ভ সুবেদার ও ভারপ্রাপ্ত প্রধান কারারক্ষী নং-২১৭৬৯ মো. শরীফ উদ্দিন ডিউটিরত কারারক্ষী নং-২৩৫০৭ আলভি ও কারারক্ষী নং-২৩০২৮ রনি শীলকে তাকে তল্লাশির নির্দেশ দেন।

তল্লাশিকালে তার পাঞ্জাবির পকেট থেকে তিন পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মজু মিয়া স্বীকার করেন, তিনি মাদকটি নিজে সেবনের উদ্দেশ্যে বহন করছিলেন। তিনি কারাগারে থাকা হাজতি মো. হোসেন (নং-৭১৪৬/২৫) ও স্মৃতি আক্তার (নং-৭১৪৭/২৫)-এর সাক্ষাৎ করতে এসেছিলেন বলে জানান।

পরবর্তীতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ০৩ (তিন) মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) কুমিল্লা পুলিশ লাইন্স ড্রিলশেডে শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় এবং জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের পেশাগত ও প্রশাসনিক নানা সমস্যার কথা পুলিশ সুপারের সামনে তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগের সঙ্গে এসব সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় পুলিশ সুপার সদস্যদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। তিনি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কয়েকজন অফিসার ও ফোর্স সদস্যকে অর্থ পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য তাদের উৎসাহিত করা হয় এবং পুরস্কারের পরিমাণ বৃদ্ধির বিষয়েও আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়াসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ।

ফেনীতে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট:

ফেনী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা সমমূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এসব পণ্য চোরাচালানে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ও বৃহস্পতিবার ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) আওতাধীন জেলার ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলা এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি, চকলেট, মদ, গরুসহ মালামাল পরিবহনে ব্যবহৃত সিএনজি জব্দ করা করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত চোরাচালান পণ্য শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

সদর দক্ষিণে ভোক্তা অধিকার অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে জরিমানা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সদর দক্ষিণে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নকল প্যাকেটে রসমালাই বিক্রির অভিযোগে হাফছা সুইটস অ্যান্ড বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার দিদার মার্কেট (কাশিনাথপুর) এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।

অভিযানে কারখানাটির উৎপাদন পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর পাওয়া যায়। এছাড়া অনুমোদনহীন রং ব্যবহার এবং নিজেদের প্রতিষ্ঠানের নামের পরিবর্তে ‘কুমিল্লা মাতৃভান্ডার’ নামে নকল বক্স/প্যাকেটে রসমালাই বিক্রি করার প্রমাণ মেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অফিস সহকারী ফরিদা ইয়াসমিন, নমুনা সংগ্রহকারী মো. সাকিবসহ অন্যরা।

অভিযানে কুমিল্লা জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক কাউছার মিয়া জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় পানিতে ডুবে আরিয়ান (২২মাস) ও সাদিয়া(২১মাস) নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। আরিয়ান আহসান হাবীবের ছেলে ও সাদিয়া সালাহউদ্দিনের মেয়ে। সম্পর্কে দুই শিশু আপন চাচাতো জেঠাতো ভাইবোন। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সকালে নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাফেজ বাড়িতে।

তথ্যটি নিশ্চিত করেন শিশুদের চাচা মোসলেম মিয়া।

স্থানীয় ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার সকালে নিজ বাড়ির পুকুর পাড়ে খেলা করছিল দুই শিশু সাদিয়া ও আরিয়ান। হঠাৎ খেলারছলে দুইজন পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেকক্ষণ খোঁজাখুঁজি করতে থাকে। এসময় পুকুরের উত্তর পাড় দিয়ে পাশের বাড়ির আলমগীরের স্ত্রী ফারজানা বেগম যাওয়ার সময় দুই শিশুকে পানিতে ভাসতে দেখে চিৎকার দেন। বাড়ির লোকজন দ্রুত তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান, ‘হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’