All posts by jitu

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে ১৫ গরুবোঝাই ট্রাক ছিনতাই

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে পনেরটি গরু বোঝাই ট্রাক ছিনতাই করেছে সংঘবদ্ধ ডাকাত চক্র। এ ঘটনায় রোববার দিবাগত রাতে অজ্ঞাতনামা ৯-১০ জনের বিরুদ্ধে মামলা করেছে গরু ব্যবসায়ী চট্টগ্রামের লোহাগড়ার মুহাম্মদ আবদুল্লাহ তাওসীফ। সোমবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক তদন্ত মোঃ গুলজার আলম।

মামলায় তাওসীফ উল্লেখ করেন, গত ১০-১২ বছর ধরে তাদের গরু ব্যবসার ক্রয়-বিক্রয় প্রতিনিধি হিসেবে নিযুক্ত রয়েছে রাজশাহীর গোদাগাড়ী এলাকার সুলতানগঞ্জের মোঃ সেলিম মিয়া। শনিবার সেলিম মিয়ার মাধ্যমে কুষ্টিয়া জেলার বাইলপাড়া হাট থেকে ২৮ লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের ১৫টি গরু ক্রয় করেন। বিকেল সাড়ে তিনটায় রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা গ্রামের মোঃ সেলিমের চালিত ট্রাকে(ঢাকামেট্রো-ট-২০-৫১৯৮) গরু বোঝাই করে চট্টগ্রামের সাতকানিয়া বিজিবি ক্যাম্প এলাকার উদ্দেশ্যে রওয়ানা করে। রাত দেড়টার দিকে ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া এলাকায় পৌঁছে।

ওই সময় মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ৯-১০ জনের একটি টিম লেজার লাইট দিয়ে ট্রাকটি থামানোর সংকেত দেয়। সংকেত পেয়ে চালক মোঃ সেলিম গরুবোঝাই ট্রাকটি থামায়। ট্রাকে মাদকদ্রব্য আছে বলে ট্রাক চালক, হেলপার ও গরু ক্রয়-বিক্রয় প্রতিনিধিকে কিল-ঘুষি মেরে অজ্ঞাতনামা ডাকাত চক্র তাদেরকে হাইয়েস গাড়িতে উঠায়। এরপর সংঘবদ্ধ ডাকাত চক্র তিনজনের মাথায় অস্ত্র ঠেকিয়ে গামছা দিয়ে হাত-পা ও স্কসটেপ দিয়ে মুখ বেঁধে দেয়। চক্রটি তিনজনের ব্যবহৃত মুঠোফোন ও নগদ টাকা নিয়ে ছিনিয়ে নেয়।

এরমধ্যে সংঘবদ্ধ ডাকাত চক্রের দুই সদস্য গরুবোঝাই ট্রাকটি চালিয়ে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। ট্রাক চালক ও হেলপারসহ তিনজনকে বিভিন্নস্থানে ঘুরিয়ে রোববার ভোর রাতে লালমাইয়ে সড়কের পাশে একটি ঝোপে ফেলে যায়। সকালে গরু ব্যবসায়ীর প্রতিনিধি মোঃ সেলিম মিয়া ব্যবসায়ী তাওসীফের চাচাতো ভাই ইমতিয়াজ মাহমুদকে বিষয়টি অবগত করে। পরবর্তীতে তারা চৌদ্দগ্রাম থানা পুলিশকেও জানায়। সংঘবদ্ধ ডাকাত চক্র ২৮ লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের ১৫টি গরু, ২০ লক্ষ টাকা মূল্যের ট্রাক, তিনজনের ব্যবহৃত মুঠোফোন ও নগদ টাকাসহ ৪৮ লক্ষ ৪৫ হাজার ৩০ টাকার মালামাল লুণ্ঠন করে।

মামলায় আরও উল্লেখ করা হয়, সংঘবদ্ধ ডাকাত চক্রের প্রত্যেকে ডিবি পুলিশের পোশাক, জিন্স, টাউজার ও খাকি রঙের প্যান্ট পরিহিত ছিল। এরমধ্যে দুইজনের হাতে দুইটি পিস্তল ও একজনের হাতে একটি হ্যান্ডকাপ ছিল। তাদের বয়স ২৫-৩৫ বছর। প্রত্যেকে কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলে।

সোমবার রাতে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘গরু বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী আবদুল্লাহ তাওসীফ বাদি হয়ে অজ্ঞাতনামা ডাকাতচক্রের বিরুদ্ধে মামলা করেছে। সংঘবদ্ধ ডাকাতচক্রকে গ্রেফতার করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে’।

নড়িয়া সরকারি কলেজে পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডার প্রভাষকদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার:

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষককে সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ চত্বরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রভাষকেরা। রোববার সকাল থেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ, নড়িয়া সরকারি কলেজ ইউনিটের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় ইউনিটের আহ্বায়ক মো. মাসুদ মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক নূরে আলমের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শিক্ষকরা বলেন, সারাদেশে ৩২তম থেকে ৩৭তম বিসিএস ব্যাচের প্রায় আড়াই হাজার প্রভাষক দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় আছেন। প্রাপ্য পদোন্নতি না পাওয়ায় তাদের মধ্যে মারাত্মক হতাশা সৃষ্টি হয়েছে। প্রশাসনিক জটিলতা ও অযথা বিলম্বের কারণে তাদের পদোন্নতির গেজেট প্রকাশ ঝুলে আছে। ন্যায্য পদোন্নতির আদেশ জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও তারা জানান।

তারা আরও বলেন, বিভিন্ন ক্যাডারে পদোন্নতির যোগ্য না হলেও অনেককে যোগ্যতা দেখিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে। এমনকি অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তাকেও ডেকে এনে পদোন্নতি দেওয়া হচ্ছে। অথচ শিক্ষা ক্যাডারের প্রভাষকেরা যৌক্তিক পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। ‘আমরা শিক্ষক, আমরা পাঠদানে ফিরতে চাই; কর্মবিরতিতে থাকতে চাই না। আমাদের দাবি একটাই- যেদিন থেকে আমরা পদোন্নতির যোগ্য হয়েছি, সেদিন থেকেই ভূতাপেক্ষ পদোন্নতি দিতে হবে।’ -বলেন তারা।

আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন ইউনিটের সদস্য সচিব আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর কবির, সহ-সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, খোন্দকার রেজওয়ান তানভীর, কোষাধ্যক্ষ ফাতেমা আক্তার, দপ্তর সম্পাদক আবু মুসা, আইসিটি সম্পাদক এলিয়াস শাওন ভূঁইয়া, প্রচার সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, সহ-প্রচার সম্পাদক তুষার আব্দুল্লাহ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ কাইয়ুম মুন্সী, ফাতেমা আক্তার, উল্লাস পাল, আব্দুল আজিজ, শামীম ইয়াজদানি এবং কলেজের অন্যান্য সিনিয়র শিক্ষক-কর্মকর্তারা।

গুরুতর দগ্ধ শিশু মেহরাব, চিকিৎসার ব্যয় বহনে অক্ষম পরিবার

মোঃ রাছেল,কচুয়া:
অর্থ না থাকায় চিকিৎসা করাতে পারছেন না আগুনে ঝলসে যাওয়া ৩ বছরের শিশু মেহরাব। গত বৃহস্পতিবার মনোহরপুর গ্রামের খানকা বাড়িতে খেলার ছলে গরম পানিতে পরে পিঠ ও হাতের অংশের প্রায় ২৬ ভাগ অংশ ঝলসে যায়। তার পিতা মো. মনির হোসেন শিশু মেহরাবকে চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রেফার করে। কিন্তু অর্থসংকটে থাকা দিনমজুর পিতা মনির হোসেন শিশুটিকে ঢাকায় না নিয়ে বাড়িতেই টোটকা চিকিৎসা করান।

অর্থভাবে শিশুর চিকিৎসা করাতে পাচ্ছেন না এমনি খবর কচুয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলামের দৃষ্টি গোছর হলে তিনি তাৎক্ষনিক শিশুটির পিতা মনির হোসেনকে ঢেকে এনে নগদ ৫ হাজার টাকা দিয়ে ঢাকায় চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করেন। এবং তিনি পরিবারটিকে আশ্বস্ত করেন, শিশু মেহরাবের চিকিৎসায় সমাজসেবা অফিস পাশে থাকবে।

শিশুটির মা পাখি বেগম জানান, বৃহস্পতিবার আমি ভাত রান্না করছিলাম। মেহরাব আমার পাশেই খেলা করছিল। চুলার পাশে রাখা গরম পানিতে হঠাৎ করে দৌড়ে এসে পরে যায়। সাথে সাথে তার পিঠ ও হাতের বেশিরভাগ অংশ ঝলসে যায়। অর্থাভাবে চিকিৎসা নিতে না পেরে বাড়িতে কোন রকম চিকিৎসা দিচ্ছিলাম। দিন দিন আমার শিশু মেহরাবের অবস্থা অবনতি হচ্ছিল। আপনাদের সহযোগীতা কামনা করছি। দানশীল ব্যক্তি সহযোগীতা করতে শিশুটির সাথে ০১৮৭০-৩০৫৫৬৫ (নগদ একাউন্ট) তার বাবার নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার পরিবার।

‘মানবতা বিরোধী অপরাধ কখনো ক্ষমা করা যায় না’-এলডিপি মহাসচিব

চান্দিনা প্রতিনিধি:
লিবারেল ডেমোক্রেটিক পার্টি -এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন- অপরাধের বিভিন্ন শ্রেণিভেদ থাকে, অনেক অপরাধ ক্ষমার যোগ্য। কিন্তু মানবতা বিরোধী অপরাধ কখনো ক্ষমা করা যায় না। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও প্রমাণ করলো মানবতা বিরোধী অপরাধের কোন ক্ষমা নেই। এর আগে এই ট্রাইব্যুনালই মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতাদের অনেকের বিরুদ্ধে মৃত্যুদন্ড প্রদান করেছিলো।

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে বরকইট ইউনিয়ন এলডিপি’র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন- দেশে ২টি দল মানবতাবিরোধী অপরাধে দায়ী। একটি হচ্ছে আওয়ামী লীগ, অপরটি হলো জামায়াতে ইসলামী। দেশ বিভাজনের শুরু থেকে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত জামায়াতে ইসলাম যে মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের অনেক নেতা-কর্মীকে সাজা দিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। একই অপরাধে দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ তার বাহিনীর অপরাধীদের একই সাজা প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সাবেক ওই প্রতিমন্ত্রী আরো বলেন, এই দেশে আওয়ামী লীগ নামে আর কোন সংগঠন রাজনীতি করতে পারবে না। এদেশের জনগণ আওয়ামী লীগকে আর রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করবে না। যারা আওয়ামী লীগ করেছেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন তাদের সবাই মানবতা বিরোধী অপরাধ করেননি। সুতরাং যারা পরিচ্ছন্ন ভাবে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, নিরীহভাবে জীবন যাপন করেছেন আপনারা এখন অন্য চিন্তা করেন। আওয়ামী লীগের রাজনীতি বাদ দিয়ে অন্য রাজনীতির সাথে যুক্ত হন। তিনি এসময় স্থানীয় আওয়ামী লীগের নিরীহ ও নিরপরাধ নেতাকর্মীদের তার দলে যোগ দিতে পরামর্শ দেন।

বরকইট ইউনিয়ন এলডিপি সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা এলডিপি সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সিরাজ, পৌর এলডিপি সাংগঠনিক সম্পাদক জামশেদ আহমেদ জাকি, বরকইট ইউনিয়ন এলডিপি সহ-সভাপতি আসাদুজ্জামান দুলাল, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মু. সাখাওয়াত হোসেন, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাত হোসেন, বরকইট ইউনিয়ন গণতান্ত্রিক কৃষকদল সভাপতি জহিরুল ইসলাম, ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সভাপতি এনামূল হক প্রমুখ।

চৌদ্দগ্রামে জামায়াত নেতার পিকআপ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক শিবির নেতা, বর্তমান জামায়াত নেতা ফজলুল হক মোল্লার একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুনকরা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। সংবাদ পেয়ে পিকআপের মালিক, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পিকআপ ভ্যানটি পুরোপুরি পুড়ে গেছে। পিকআপ মালিক চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সাবেক ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ও পৌরসভা জামায়াতের একনিষ্ট কর্মী ফজলুল হক মোল্লা। তিনি চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমুড়ি গ্রামের বাসিন্দা।

তিনি বলেন, প্রতিদিনের মতো গতকাল রাতে আমার পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো-ন-১৫-২২৪১) মহাসড়কের পাশে আমার বাড়ির সন্বিকটে ডিভাইডারের কাছে রাখা ছিল। সোমবার ফজরের নামাজের পর গাড়িটি ফেনী থেকে মাছ আনার জন্য ভাড়ায় যাওয়ার কথা ছিল। এর আগেই ভোরে মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পিকআপটি পুড়িয়ে দেয়। আমার জীবিকার একমাত্র সম্বল ছিল এই গাড়িটি। আমি এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন বলেন, একজন মানুষের জীবিকার একমাত্র সম্বল পুড়িয়ে দেওয়া নিন্দনীয় কাজ। এ ঘটনা যারা করেছে তাদের বিচারের দাবি জানাই।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মহাসড়কের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে। পুড়ে যাওয়া গাড়িটি থানায় আনা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, দুর্বৃত্তরা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে। গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে কুবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

 

চাঁদনী আক্তার , কুবি :
মানবতা-বিরোধী অপরাধের মামলায় জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীরা আনন্দ মিছিল, শুকরানা সিজদাহ্ ও মিষ্টি বিতরণ করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন তারা। এসময় শিক্ষার্থীরা “খুনি হাসিনার ফাসিতে, মিষ্টি খাব একসাথে” খুনি হাসিনা আসবে, ফাঁসির দাড়িতে ঝুলবে” নারায়ে তাকবির, আল্লাহু আকবর” সহ বিভিন্ন স্লোগান দেন।

এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানান, এই রায় ‘ঐতিহাসিক বিজয়’। তাদের ভাষায়, “ফ্যাসিস্টদের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আদালত। তাদের সহযোগীদেরও দ্রুত ফাঁসি দিতে হবে।”

ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী সায়েম মোহাইমিন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের জন্য অপেক্ষা করেছি। আজকের রায় আমাদের মনে নতুন আশার সঞ্চার করেছে। দোষীদের শাস্তি পাওয়া মানে জাতিকে কলঙ্কমুক্ত করা।”

শেখ হাসিনার মৃত্যুদণ্ড

শেখ হাসিনার মৃত্যুদণ্ড

 

ডেস্ক রিপোর্টঃ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, তিন আসামির বিরুদ্ধেই আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। শেখ হাসিনাকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড, আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হিসেবে সহযোগিতা করার কারণে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ তদন্তে নতুন করে সক্রিয় হয় ট্রাইব্যুনাল। রায় ঘোষণার কার্যক্রম দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয় এবং ৪৫৩ পৃষ্ঠার এ রায়ে মোট ছয়টি অধ্যায় রয়েছে। এজলাস থেকে রায় সরাসরি সম্প্রচার করা হয়।

এটি গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের প্রথম রায় এবং দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে আদালতের রায়ে শাস্তি পেলেন।

মামলা ও বিচারপ্রক্রিয়ার সংক্ষিপ্ত বিবরণ

২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে গত বছরের ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম বিবিধ মামলা হয় এবং সেদিনই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ১৬ মার্চ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে যুক্ত করা হয়। তদন্ত প্রতিবেদনে প্রথমবারের মতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নাম আসার পর ১২ মে তিনি আনুষ্ঠানিকভাবে আসামি হন।

প্রসিকিউশন ১৩৫ পৃষ্ঠার অভিযোগপত্রসহ আট হাজারের বেশি নথি ও প্রমাণ আদালতে জমা দেয়। পাঁচটি অভিযোগে শেখ হাসিনা, কামাল ও মামুনকে অভিযুক্ত করা হয়। অভিযোগগুলো হলো—

উসকানিমূলক বক্তব্য প্রদান

আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার নির্দেশ

রংপুরে ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা

রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যা

আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা

গত ১০ জুলাই অভিযোগ গঠনের পর মামুন রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। ৩ আগস্ট চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে মূল বিচার শুরু হয়। মোট ৫৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক হয় ১২–২৩ অক্টোবর। এরপর ১৩ নভেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়।

বিচার প্রক্রিয়া শুরু থেকে রায় পর্যন্ত সময় লাগে ৩৯৭ দিন।

মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল পলাতক অবস্থায় ভারতে রয়েছেন। একমাত্র গ্রেপ্তার আসামি মামুন নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন।

এ ছাড়া বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডের ঘটনাকে কেন্দ্র করে আদালত অবমাননায় আলাদা মামলায় চলতি বছরের ২ জুলাই শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মেঘনা উপজেলা বিএনপির নেতা রমিজ উদ্দিন লন্ডনী ও দিলারা শিরিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

মেঘনা উপজেলা বিএনপির নেতা রমিজ উদ্দিন লন্ডনী ও দিলারা শিরিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেঘনা উপজেলা বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। কেন্দ্রীয় দপ্তর থেকে আজ ১৭ নভেম্বর জারি করা পৃথক চিঠিতে সাবেক সভাপতি মোঃ রমিজ উদ্দিন (লন্ডনী) এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিনের বিরুদ্ধে পূর্বে আরোপিত বহিষ্কারাদেশ তুলে নেওয়ার বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তারা লিখিত আবেদন করলে দলের সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা চিঠিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করেন। সেখানে আরও বলা হয়, এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সংশ্লিষ্ট নেতাদের সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা করে দল।

দলীয় এই সিদ্ধান্তে মেঘনা উপজেলা বিএনপির রাজনীতিতে নতুন ইতিবাচক পরিবেশ সৃষ্টি হবে বলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।

কুমিল্লা-২ (হোমনা–তিতাস) সংসদীয় আসনে মনোয়ার সরকারের মনোনয়ন দাবিতে মানববন্ধন ও মিছিল

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার সরকারকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকালে হোমনা উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ঘোষকান্দি গ্রামে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “মোঃ মনোয়ার সরকার দীর্ঘদিন প্রবাসে থেকেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দল সুসংগঠিত করতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি মনোনয়ন পেলে বিএনপি এই আসনে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে।”

আরও বলা হয়, “দলের দুর্দিনে মনোয়ার সরকার যেভাবে পাশে ছিলেন, তেমনি দলের প্রতি তাঁর নিবেদন ও ত্যাগকে মূল্যায়ন করা সময়ের দাবি। তৃণমূলের নেতাকর্মীরা তাঁকেই প্রার্থী হিসেবে দেখতে চান।”

মানববন্ধনে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন কুমিল্লার সালাহ উদ্দিন জসিম

 

স্টাফ রিপোর্টার:
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‌‘ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন কুমিল্লার সন্তান জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সালাহ উদ্দিন জসিম।

‘বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর সনদ নিয়ে কাড়াকাড়ি’ ও ‘কারসাজি করে ভাতা তুলছেন ‘নতুন দাবিদার বীর মুক্তিযোদ্ধা’’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পান।

রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সালাহ উদ্দিন জসিমের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। ‘প্রিন্ট মিডিয়া’ ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পান।

ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, নগদের চেয়ারম্যান কায়জার আহমেদ চৌধুরী ও প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

উপস্থিত ছিলেন জুরিবোর্ডের প্রধান শামসুল হক জাহিদ, ডিআরইউয়ের সভাপতি আবু সালেহ আকন ও ডিআরইউর সাধারণ মাইনুল হাসান সোহেল।

কুমিল্লার ছেলে মুহাম্মদ সালাহ উদ্দিন (সালাহ উদ্দিন জসিম) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ২০১৩ সালের জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকতা পেশায় যুক্ত হলেও স্কুল ও কলেজ জীবন থেকেই লেখালেখি করতেন। স্মারকগ্রন্থ প্রকাশ ও পত্রিকার পাঠকের কলাম দিয়ে তার লেখালেখির হাতেখড়ি। নেশা থেকেই একসময় পেশা হয়ে যায় সাংবাদিকতা। অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস২৪.কমের মাধ্যমে সাংবাদিকতা শুরু করা সালাহ উদ্দিন জসিম বাংলানিউজ২৪.কম, দৈনিক যুগান্তর, পরিবর্তন ডটকম, দৈনিক খোলা কাগজ হয়ে ২০২১ সালের ১৮ জানুয়ারি জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে জাগোনিউজ২৪.কমে যোগদান করেন।

সালাহ উদ্দিন জসিম ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। একাধারে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য। তিনি কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করলেও প্রশাসন, শিক্ষা, ক্রাইম, নারী ও শিশু, স্বাস্থ্য, মানবাধিকার ও ধর্ম বিটে কাজ করেছেন। পেশাগত কাজে তিনি সৌদি আরব, মালয়েশিয়া ও থাইল্যান্ড ভ্রমণ করেছেন। এর আগে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছিলেন।