All posts by jitu

কুবির নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে শাওন-সোহায়েব

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম শাওন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহায়েব ভূইঁয়া।

বুধবার (১২ নভেম্বর) সংগঠনের উপদেষ্টা মন্ডলীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন নাজমুল হাসান, ইফতেখার রাদিন, মোঃ আব্দুল্লাহ, আলিফ করিম আনন্দ, মেহেদী হাসান, ইয়াসিন পাঠান সৈকত, আব্দুল্লাহ নোমান, সাজ্জাদ হাসান, মাহবুবুর রহমান শুভ এবং রিফাত হাসান হিমেল।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মাহদি হাসান আদিল, হেমায়েত উদ্দিন হিমু, রায়হান আল ফিদাল, শাফায়াত হাসান ফাহিম এবং মো. পায়েল হোসেন।

এবিষয়ে আহ্বায়ক সাইদুল ইসলাম শাওন বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সহযোগিতার লক্ষ্যে নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদীর শিক্ষার্থীদের একত্রিত রাখা, তাদের পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং বিভিন্ন সংগঠন ও কার্যক্রমে যুক্ত করে নেতৃত্বের বিকাশে সহায়তা করা।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে কর্মরত আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা নবীন শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিয়ে তাদেরকে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে অনুপ্রাণিত করার উদ্যোগ নেওয়া হবে।’

উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

মনোহরগঞ্জে আওয়ামী লীগ নেতা সাহাবউদ্দিন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মনোহরগঞ্জে নাশকতা পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাহাবউদ্দিন (৪৫) ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাকে বুধবার কুমিল্লার আদালতে পাঠানো হয়।

মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে জানায়, গত ২২ এপ্রিল মনোহরগঞ্জ থানাধীন এলাকায় বিএনপি অফিস পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় আসামি হিসেবে সাহাবউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

কুমিল্লায় নাশকতা ঠেকাতে ঢাকা—চট্টগ্রাম মহাসড়ক পাহারা দিবে ছাত্র-জনতা

স্টাফ রিপোর্টার:

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঢাকা—চট্টগ্রাম মহাসড়ক পাহারা দিবে কুমিল্লা জুলাই ঐক্যমঞ্চের নেতা—কর্মীরা। শেখ হাসিনার রায়কে সামনে রেখে আওয়ামী লীগ কুমিল্লায় যেন কর্মসূচি পালন করতে না পারে সে জন্য দুই দিনের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

বুধবার (১২ নভেম্বর) সকালে কুমিল্লা প্রেসক্লাবে অনুষ্ঠিত কুমিল্লা জুলই ঐক্যমঞ্চের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহবায়ক আবু রায়হান। তিনি বলেন পালিয়ে যাওয়া খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে জুলাই গণহতার বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। কোন সভ্য দেশ একজন খুনিকে আশ্রয় দিতে পারেনা। শেখ হাসিনা সেখানে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার সড়যন্ত্র করছে। আমরা এই ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা জ্ঞাপণ করছি।

এসময় দুই দিনের কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন বুধবার বিকাল ৪টা থেকে কুমিল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিবে আমাদের ঐক্যমঞ্চের নেতা—কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবতীর্ ২৪ ঘন্টা ঢাকা—চট্টগ্রাম মহাসড়ক পেট্রোল টীমের মাধ্যমে পাহারা দেওয়া হবে। কুমিল্লা জুলাই ঐক্যমঞ্চের আহবায়ক রবিউল হোসেনের সভাপতিত্বে মুখপাত্র সাইফুল ইসলাম সাইফের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিবিরের কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, ইনকিলাব মঞ্চ কুমিল্লা জেলার আহবায়ক গোলাম সামদানী, ছাত্র অধিকারের কুমিল্লা জেলা সভাপতি আজহারুল আমিন ,ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিবির সভাপতি মনির হোসেন প্রমুখ। এসময় কুমিল্লায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মাইলস্টোন ট্রাজেডির ক্ষত নিয়ে বাসায় ফিরেছে চৌদ্দগ্রামের দুই জমজ বোন

স্টাফ রিপোর্টার:

ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়েছিলেন যমজ শিশু সারিনাহ জাহান সায়রা ও সাইবাহ জাহান সায়মা। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরছে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের এয়াছিন মজুমদারের দশ বছর বয়সী জমজ দুই মেয়ে।

বুধবার (১২ নভেম্বর) সকালে ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে দুই শিশুকে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।

দুই যমজ শিশুর মধ্যে সায়রা ৩০ শতাংশ এবং সায়মা ১৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল।

দুই যমজ শিশুর বাবা-মা ইয়াসিন মজুমদার ও আকলিমা আক্তার হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিকতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় মোট ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হন। তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন-ত্রুটি চিহ্নিত করেছে।

চট্টগ্রাম বিভাগকে নিয়ে ‘গ্রেটার ত্রিপুরা ল্যান্ড’-এর মানচিত্র প্রকাশ ত্রিপুরা রাজার

ডেস্ক রিপোর্ট:

এবার গ্রেটার চট্টগ্রাম বিভাগকে অন্তর্ভূক্ত করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের মানচিত্র প্রকাশ করেছেন ত্রিপুরা রাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা। মানচিত্রে ত্রিপুরা রাজবংশের উত্তরাধিকারী ও ত্রিপুরা মোথা পার্টির চেয়ারম্যান, যিনি স্থানীয়ভাবে বুবাগ্রা নামে পরিচিত, এই প্রস্তাবিত গ্রেটার ত্রিপুরা ল্যান্ডে কুমিল্লা বিভাগের কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালি, লক্ষ্ণীপুর, ফেনী, ও চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার—মোট ১১টি জেলাকে ত্রিপুরা রাজ্যের সাথে একইভূত করে একটি মানচিত্র নিজের ফেসবুক প্রোফাইলের পোস্টে প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি আরও দাবি করেছেন, দিল্লি বিস্ফোরণের ঘটনায় যা ঘটেছে তা দেখে এটা স্পষ্ট হয়ে উঠছে যে, আইএসআই ভারতের হতাশাগ্রস্ত তরুণদের মধ্যে ক্ষোভকে সন্ত্রাসবাদের দিকে প্ররোচিত করবে এবং ভারতকে লক্ষ্যবস্তু করার জন্য প্রশিক্ষণ দেবে। বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম এবং ঢাকায় পাকিস্তানি জেনারেল এবং ব্রিগেডিয়ারের উপস্থিতি রয়েছে। আইএসআই ইতিমধ্যেই আমাদের অঞ্চলের হতাশ তরুণদের ভারতের বিরুদ্ধে যুদ্ধে প্ররোচিত করার জন্য রিক্রুটমেন্ট শুরু করেছে। রাজনীতিকে জাতীয় স্বার্থের বাইরে রাখা উচিত এবং আমাদের সকলকে নিশ্চিত করতে হবে যে আমাদের তরুণদের চাকরি, সাংবিধানিক অধিকার এবং সর্বত্র উন্নয়ন দেওয়া হচ্ছে। এবং আমাদের এটাও নিশ্চিত করতে হবে যে, আমাদের সংখ্যালঘুরা কেবল সুরক্ষিত নয়, বরং বাংলাদেশে তাদের ক্ষমতায়নও নিশ্চিত করা হচ্ছে।

উল্লেখ্য, প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা বিগত কয়েক মাস ধরে ভারতীয় গণমাধ্যম, রাজনৈতিক মঞ্চ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যেই বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামকে নিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনের দাবী করে আসছেন। তিনি আরও দাবী করেছেন, পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় জনগোষ্ঠী সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিকভাবে তার সঙ্গে অনেক বেশি কাছের এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ থাকে।

তিনি দাবি করেছেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা তাকে পার্বত্য চট্টগ্রাম দখল করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড প্রতিষ্ঠার জন্য অনুরোধ করছেন।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া স্বাক্ষাৎকারে তিনি আরও দাবি করেছেন, চট্টগ্রাম বন্দর ছাড়া উত্তর-পূর্ব অচল। তাই ভারত সরকার তাকে অনুমতি দিলে ২ মিনিটের মধ্যে তিনি চট্টগ্রাম বন্দর পর্যন্ত দখল করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন।

মধ্যরাতে কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের সদর দক্ষিণ-লালমাই উপজেলার সীমান্তবর্তী বাংলাদেশ বেতার এলাকায় মশাল মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার মধ্যরাত ৩টায় ঢাকা লকডাউন কর্মসূচির সমর্থনে তারা এই মিছিল করে। মিছিলে সদর দক্ষিণ ও লালমাই উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন হোসেন ও লালমাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি মিছিলে সরাসরি না থাকলেও তারা নিরাপদ স্থানে থেকে দিকনির্দেশনা দিয়ে মিছিলটি করিয়েছেন বলে জানা গেছে।

ওই সময়ে সড়কে চলাচলকারী কয়েকজন অটোরিকশা চালক জানায়, মধ্যরাতে হঠাৎ জামান ফিলিং স্টেশন ও আরএফএল ফ্যাক্টরির গলি থেকে কিছু লোক মুখোশ পরে বের হয়ে ব্যানার ও মশাল হাতে নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার কন্যা নাফিসা কামালের ছবি রয়েছে। তবে মিছিলের পক্ষের কিছু লোক লালমাই বাজার মোড়ে ও কিছু লোক লোটাস কামালের বাড়ির সামনে বেকাপ দিতে অপেক্ষমাণ ছিল।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মিছিলটি লালমাই থানা এলাকায় হয়নি। বাংলাদেশ বেতার এলাকাটি সদর দক্ষিণ এলাকায় পড়েছে। তারপরও আমরা মিছিলে অংশগ্রহণকারীদের ভিডিও দেখে শনাক্ত করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছি।

মেঘনায় আওয়ামী নাশকতা ঠেকাতে মাঠে বিএনপি–গণ অধিকার–ইসলামী আন্দোলন, নির্দেশনা পায়নি জামায়াত

বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী লীগের “ঢাকা লকডাউন” কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিএনপি, গণ অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে জামায়াতে ইসলামী বলছে, তাদের হাইকমান্ডের পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি।

আজ বুধবার (১২ নভেম্বর) মুঠোফোনে যোগাযোগ করলে উপজেলার এসব রাজনৈতিক দলের নেতারা দৈনিক আজকের কুমিল্লাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা থেকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সম্ভাব্য নাশকতার বিরুদ্ধে সতর্ক অবস্থানে থাকবেন।

দলের স্থানীয় নেতা বলেন, “আমরা মাঠে থাকবো যাতে কোনোভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়।উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. মোখলেছুর রহমান বলেন গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ নিয়ে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ঠেকাতে আমরা মাঠে থাকবো।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মেঘনা উপজেলা শাখার আহবায়ক মাওলানা মোঃ আখতার হোসেন বলেন,আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নেবেন, যেন আওয়ামী সন্ত্রাসীরা কোনো নাশকতা করতে না পারে।

অন্যদিকে জামায়াতে ইসলামী মেঘনা শাখার আমীর মো. লোকমান হোসেন বলেন,আমাদের হাইকমান্ড থেকে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে আমরা সাংগঠনিক কার্যক্রম নিয়মমাফিক চালিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ অনলাইনে আগামী ১৩ নভেম্বর “ঢাকা লকডাউন” কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওসহ নাশকতা চালাচ্ছে এবং ব্যাপক আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নার্গিছ আক্তারকে স্বপদে বহালের দাবী

স্টাফ রিপোর্টার:

বিশিষ্ট নাগরিকের বিবৃতি
—————
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ২০১৪ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা কালেক্টরেট স্কুল, বর্তমানে স্কুল এন্ড কলেজটি প্রতিষ্ঠাকাল থেকেই ভালো পড়াশুনা এবং ভালো ফলাফল করে আসছিল। ৫ই আগস্ট ২০২৪ এর পর স্কুলটিতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই পরিস্থিতির কারণে অধ্যক্ষ নার্গিছ আক্তারকে তাঁর দায়িত্ব পালন করতে দিচ্ছে না। আমরা মনে করি এটা অন্যায় ।

অধ্যক্ষের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আইন-আদালতের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অধিকার করো আছে বলে আমরা মনে করি না । আর যেহেতু এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এটি জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে, তাই জেলা প্রশাসকের কাছে অধ্যক্ষকে পূর্ণ নিরাপত্তাসহ কর্মস্থলে যোগদান করানোর দাবী জানাচ্ছি।

ইতোমধ্যে অনেক দিন হয়ে গেছে, অধ্যক্ষবিহীন বা অধ্যক্ষের অনুপস্থিতে পড়াশুনা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। তাই অবিলম্বে অধ্যক্ষ মহোদয়কে সম্পূর্ণ নিরাপত্তাসহ যোগদান করানোর জন্য জেলাপ্রশাসকে আহ্বান জানাই ।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন- জহিরুল হক দুলাল- সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ শফিকুর রহমান ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ডা. মোসলেহ উদ্দিন আহমেদ সাবেক অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ, হাজী মো. ফরিদ উদ্দীন– মুক্তিযোদ্ধা, আবদুর রাজ্জাক – রাজনীতিক, আবুল কাশেম সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শেখ আবদুল মান্নান রাজনীতিক, আহসানুল কবীর– লেখক ও গবেষক, সফিকুল বোরহান– কবি ও কথাশিল্পী, হালিম আবদুল্লাহ– কবি ও প্রকাশক, শিহাব উদ্দিন– কবি ও গীতিকার, মো. শাহ আলম– চিত্রশিল্পী, নন্দন ভৌমিক– নাট্যকর্মী, গাজী মোহাম্মদ ইউনুস– কবি ও কথাশিল্পী, জসীম উদ্দিন আহমেদ– সংস্কৃতি কর্মী, নির্মল সূত্রধর– সংগীত শিল্পী, স্বর্ণকমল নন্দী পলাশ– আইনজীবী।

দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠকে যারা ছিলেন

ডেস্ক রিপোর্ট:

ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতৃত্ব ভারতের রাজধানী দিল্লিকে তাদের প্রধান রণকৌশল প্রণয়নের কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন। সেখান থেকেই তারা দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও নাশকতার মাধ্যমে সরকার পতনের নীলনকশা তৈরি করেছে। এরই অংশ হিসেবে সাবেক সরকারি কর্মকর্তা ও এমপিদের নিয়ে গোপন বৈঠক করেছেন হাসিনা।

দিল্লিতে শেখ হাসিনার গোপন আস্তানা থেকেই চলছে নাশকতার গোপন প্রস্তুতি। তবে আন্দোলন পরিচালনার কৌশল নিয়ে মা শেখ হাসিনা এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের মধ্যে গত ৪ নভেম্বর কথাকাটাকাটি হয়। পুতুল মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করলে তিনি ক্ষেপে যান বলে হাসিনার ওপর নজরদারিতে নিয়োজিত ঢাকার নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনে ভারত সরকারের দেওয়া সুরক্ষিত একটি বাড়িতে শেখ হাসিনা বর্তমানে অবস্থান করছেন। তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) দক্ষিণ এশিয়া চ্যাপ্টারের প্রধানের পদ হারানোর পর থেকে সার্বক্ষণিক তার সঙ্গেই থাকছেন। বাসভবনটিকে কার্যত একটি ‘ওয়ার রুম’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এখানে নিয়মিত শারীরিক চেকআপের জন্য চিকিৎসক ও নার্স এবং বড় কোনো সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকার ব্যবস্থা রয়েছে। এছাড়া ওই বাসায় থাকছেন ভারতে দায়িত্ব পালন করা সাবেক একজন হাইকমিশনার। পাশাপাশি ভারতীয় এস্টাবলিশমেন্টের পছন্দ করা একজন আইনজীবী আইনি ও গণমাধ্যমের বিষয়গুলো দেখভাল করছেন। দিল্লি প্রেস ক্লাবের একজন সাংবাদিকও সহযোগিতা করছেন। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারের প্রশ্নের উত্তরগুলো তারা দেখভাল করেন বলে জানা গেছে।

সূত্র জানায়, ড. ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন নিয়ে পরিকল্পনা কীভাবে সাজানো যায় এবং দ্রুত সফলতা পাওয়া যায়, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর এ নিয়ে সায়মা ওয়াজেদ পুতুল মাকে এ ধরনের তৎপরতা বন্ধ রাখার কথা বললে হাসিনা রেগে যান।

গত ১১ অক্টোবর শেখ হাসিনার দিল্লির বাসায় সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা এবং সাবেক মন্ত্রী-এমপিদের নিয়ে একটি উচ্চপর্যায়ের গোপন বৈঠক হয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী পলাতক শেখ হাসিনার দিল্লির গোপন বাসভবনে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন—ডিজিএফআইয়ের সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল (অব.) আকবর হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া সাভার এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও এমপি মহিউদ্দিন বাচ্চু, কক্সবাজারের সাবেক এমপি ও হুইপ সাইমুম সরোয়ার কমল, ফরিদপুরের সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলু এবং টাঙ্গাইলের সাবেক এমপি ছোট মনির বৈঠকে অংশ নেন।

বৈঠকে প্রধানত তিনটি বিষয়ে আলোচনা করা হয়—প্রথমত, সম্প্রতি ‘গুম প্রসিকিউশন চার্জে’ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে পরবর্তী করণীয় নির্ধারণ।

দ্বিতীয়ত, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ এবং বিভিন্ন ইস্যুভিত্তিক আন্দোলন জোরদার করা।

তৃতীয়ত, দলকে সংগঠিত করা এবং তৃণমূলপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করাসহ ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভাগীয় শহর এলাকায় সাংগঠনিক তৎপরতার বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে যারা ছিলেন, তাদের নিয়েই পুতুল মায়ের কাছে প্রশ্ন তোলেন। পুতুলের বিশ্লেষণ হচ্ছে, ওই লোকগুলোর কারণেই হাসিনার এই পরিণতি হয়েছে। আর হাসিনার বক্তব্য হচ্ছে, এদের দিয়েই পরিস্থিতি পাল্টাতে হবে।

ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধিকে রাতের আঁধারে গুলি করে হত্যা

মাসুদ হোসেন, চাঁদপুর:

চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন (৩৫) নামে এক সেলসম্যান নিহত হয়েছেন। গুলি করে হত্যার সংসদ পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিব,অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও হাজীগঞ্জ -ফরিদগঞ্জ সার্কেল মুকুর চাকমা ঘটনাস্থলে আসেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সমিতির পোলের গোড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালি এলাকার মিজি বাড়ির হোসেন মিজির বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিটি কোম্পানির বেঙ্গল গ্রুপের সেলসম্যান হিসেবে উপজেলার বিভিন্ন বাজারে পণ্য সরবরাহ করতেন।

প্রত্যক্ষদর্শী রাড়ি বাড়ি জামে মসজিদের ইমাম মো. কাউসার বলেন, রাত সাড়ে ১০টার দিকে আমি দোকানের সামনে বসে ছিলাম। হঠাৎ গৃদকালিন্দিয়া সড়ক দিক থেকে দ্রুতগতিতে একজন লোক দৌড়ে এসে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করে। পরে লোকটি রাড়ি বাড়ির ভেতরে ঢুকে যায়। তার পেছন পেছন একটি জিক্সার মোটরসাইকেলে করে দুজন লোক ভেতরে ঢোকে। কিছুক্ষণ পরই তারা দ্রুত বের হয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এসময় ব্রিজের পাশে মাছ ধরছিল সোহেল নামে এক যুবক। সন্ত্রাসীরা পালানোর সময় সোহেল তাদের বাধা দেয় এবং একজনকে টেঁটা দিয়ে আঘাত করে। তখন তারা সোহেলকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর কিছুটা দূরে পশ্চিম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রুহুল আমিন। ঘটনাটি মাত্র আধা মিনিটের মধ্যেই ঘটে যায়।

গুলির শব্দে মুহূর্তেই আশপাশের লোকজন ছুটে এসে ভিড় করে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ডাকাতির ঘটনা নাকি পূর্ব শত্রুতার জেরে খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে। আমাদের এলাকায় এই প্রথম প্রকাশ্যে গুলি করে হত্যার মতো ভয়াবহ ঘটনা ঘটল। উল্লেখ্য: গুলিবিদ্ধ যুবকের বুকে গুলির চিহ্ন রয়েছে।