All posts by jitu

সদর দক্ষিণে যুবলীগ নেতা হালিমসহ গ্রেফতার ৩

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুমিল্লা মহানগর যুবলীগ নেতা আব্দুল হালিমসহ তিনজনকে গ্রেফতার করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আব্দুল হালিম কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন সিটি করপোরেশন ২২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি এবং কচুয়া এলাকার বাসিন্দা।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ নগরীর কচুয়া চৌমুহনী সংলগ্ন কচুয়া নিজ বাড়ি থেকে ২২নং ওয়ার্ড ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল হালিমকে গ্রেফতার করে। এছাড়াও ২৬নং ওয়ার্ড যুবলীগ সহ সভাপতি মো. খোরশেদ আলম এবং ২৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প: সাত হাজারের বেশি মানুষ পেলেন সেবা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের এন.আর.ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে মানবিক কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার কর্মসূচি। শনিবার (৮ ই নভেম্বর ) আয়োজিত এই কর্মসূচিতে প্রায় সাত হাজার মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। ক্যাম্পে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে এসে তিনি বলেন, “চিকিৎসা এখন অনেকের নাগালের বাইরে চলে গেছে। তাই আমরা আমাদের নিম্ন আয়ের জনগণের জন্য ধারাবাহিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি। ইতোমধ্যে ১০টি ওয়ার্ডে ক্যাম্প শেষ হয়েছে, সবগুলো ওয়ার্ডেই আমরা ফলোআপ করার পরিকল্পনা নিয়েছি।

প্রধান অতিথির সঙ্গে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির জলিস আবদুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সভাপতি মোস্তফা জামান,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা.শাহিন,কুমিল্লা মহানগর মহিলা দলের সভাপতি রাহান রহমান হেলেন, মহানগর যুবদলের আহবায়ক ফয়সালু রহমান পাভেল,কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি সাকিনা বেগম ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ,কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুল্লাহ আল মামুন,আরাফাত রহমান কোকো সংসদ মহানগর সাধারণ সম্পাদক আশিকুর রহমান রানা, কাজী জামান, ৩ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি তাসরিন আক্তার পারুল সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক শিল্পী।

চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন ড্যাব কুমিল্লার সাবেক সভাপতি ডা. মিনহাজ তারেক, সাধারণ সম্পাদক ডা. সফিকুর রহমান, মহানগর বিপিএমপি সাধারণ সম্পাদক ডা. রাসেল আহমেদ চৌধুরী, অর্থোপেডিক্স সার্জন ডা. আফতাব উদ্দিন, ডা. প্রিয়ম চক্রবর্তী, ডা. মোস্তাফিজ জিতু, ডা. মুকিত ও ডা. তুহিন।

উল্লেখ্য, মানবিক কুমিল্লার উদ্যোগে ভবিষ্যতে মহানগরীর ২৭টি ওয়ার্ডেই এমন মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে। আয়োজকরা জানান, পুনরায় চিকিৎসার প্রয়োজন হলে ফলোআপের মাধ্যমে সেই রোগীদেরও চিকিৎসা দেওয়া হবে।

মাঠের নেতা ইয়াছিনকে মনোনয়ন দিতে কুমিল্লায় তৃণমূলের কঠোর অবস্থান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা–০৬ (সদর, সদর–দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেছে তৃণমূল নেতাকর্মীরা।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে নগরীর কান্দিরপাড় পূর্বালী চত্বরে ‘বিগত ১৭ বছর মামলা–হামলায় নির্যাতিত বিএনপির তৃণমূল নেতাকর্মী’ ব্যানারে এই অবস্থান অনুষ্ঠিত হয়। এটি ধারাবাহিক আন্দোলনের ষষ্ঠ দিনের কর্মসূচি।

আয়োজকরা জানান, দীর্ঘ ১৭ বছর ধরে মামলা, হামলা, জেল, গুম ও হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপি পরিবারগুলোর পাশে মানবিক দায়িত্ব হিসেবে সবসময় দাঁড়িয়েছেন হাজী ইয়াছিন। কারাবন্দী নেতাকর্মীদের পরিবারে খাবার, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য খরচ তিনি নিজের ব্যয়ে বহন করেছেন। তৃণমূল নেতারা তার রাজনৈতিক নেতৃত্ব ও মানবিক অবদানের স্বীকৃতিস্বরূপ মনোনয়ন দাবি করছেন।

আন্দোলনের সূচনায় ৩ নভেম্বর রাতে ইয়াছিন সমর্থকরা মহাসড়ক অবরোধ করেন। পরদিন কান্দিরপাড়সহ বিভিন্ন এলাকায় মশাল মিছিল হয়।
৬ নভেম্বর নারীদের সমাবেশ, ৭ নভেম্বর জুমার পর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া–মিলাদ এবং নফল রোজা ও গণ–ইফতারের আয়োজন করা হয়।
৮ নভেম্বর অনুষ্ঠিত হয় অবস্থান কর্মসূচি।

সমাবেশে মহানগর যুবদলের নেতা মশিউর রহমান সজিব বলেন,“হাজী ইয়াছিনের আন্দোলন শুধুই রাজনৈতিক নয়; এটি মানবিক উদারতার অনন্য দৃষ্টান্ত। তিনি নিজের অর্থ, শ্রম ও সময় দিয়ে তৃণমূলকে বাঁচিয়ে রেখেছেন।”

মহানগর যুবদলের নেতা মানসুর নিজামী বলেন,
“মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো ও ত্যাগের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার যোগ্যতা তার রয়েছে।”

মহনগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন বলেন,“কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের চুলা জ্বলার টাকাটাও নীরবে পৌঁছে দিতেন তিনি। অনেকেই জানতেন না—কে পাঠিয়েছে। আমাদের কাছে তিনি একজন অভিভাবকের মতো।”

নেতাকর্মীদের দাবি, মিলাদ, দোয়া, ব্যানার–পোস্টারসহ দলের সব কর্মসূচির ব্যয় হাজী ইয়াছিন নিজেই বহন করেছেন—যার কারণে তৃণমূল আজও তার প্রতি কৃতজ্ঞ।

আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম–আহবায়ক সালাউদ্দিন মিন্টু বলেন,
“যারা বিগত ১৭ বছরে এলাকায় আসেননি, পকেট থেকে দশ টাকা খরচ করেননি—তারাই আজ কেন্দ্রীয় নেতা। অনেকে ব্যক্তিগত সম্পর্কের কারণে মনোনয়ন পেয়েছেন। কিন্তু তৃণমূলে যারা জীবন–ঝুঁকি নিয়ে দল টিকিয়ে রেখেছে—তাদের আকাঙ্ক্ষাকে বঞ্চিত করবেন না।”

মেঘনায় রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

বিপ্লব সিকদার, মেঘনা:

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণের দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে।

শনিবার উপজেলা সদর, বাস স্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে।তবে কি কারণে বিক্ষোভ মিছিল করেছে তা জানা যায়নি।

এ সময় উপস্থিত ছিলেন- মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সলিমুল্লাহ মোহাম্মদ,, আবু ইউসুফ নয়ন, প্রফেসর শহিদুল ইসলাম, ও হুমায়ুন কবির।

এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান দিপু,আতাউর রহমান লোদী, যুগ্ম আহ্বায়ক হাবিব মিয়াজি, হারুনর রশীদ,শফিক মেম্বার, মহসিন মিয়া, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তালেব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন ও সদস্য সচিব জাকির মাহমুদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।লিফলেট বিতরণের পাশাপাশি অংগ সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে একটি মিছিল করেছে।

 

মুরাদনগরে আ.লীগ-যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আ.লীগ-যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানা পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পূর্বধৈইর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন (৪৫), আন্দিকোট ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিক মিয়া (৪০) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মুরাদনগর উপজেলার সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম সম্রাট (৩৫)।

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাতে অভিযান চালিয়ে পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের দৌলবাড়ি এলাকা থেকে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন ও আন্দিকোট ইউনিয়নের ডালপা এলাকা থেকে ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিক মিয়াকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

অপরদিকে নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম সম্রাটকে গেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, আটককৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শনিবার দুপুর ১২টার দিকে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকার এই ঘটনাটি ঘটে।

মৃত শিশুরা হলো মো. তাকরিম (৩) ও মো. আদনান (৫)। তাকরিম কুট্টাপাড়া উত্তর এলাকার আক্তার হোসেনের ছেলে এবং আদনান উচালিয়াপাড়া এলাকার মো. আরাফাত মিয়ার ছেলে। তারা মামাতো-ফুফাতো ভাই ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে আদনান তার নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকালে সে তার মামাতো ভাই তাকরিমের সাথে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল। খেলার সময় অসতর্কতার কারণে দুজনই পুকুরের পানিতে ডুবে যায়।

পরে তাদের পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে কিন্তু কোথাও খুঁজে পায়নি।

দুপুরে স্থানীয়রা পুকুরে দুটি মৃতদেহ ভাসতে দেখতে পান। তারা শিশু দুইজনকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সরাইল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কুমিল্লার দেবিদ্বারে হার্ট অ্যাটাকে পুলিশ সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে হার্ট অ্যাটাকে আলী আশরাফ (৪৪) নামের একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় তিনি চিকিৎসা নিতে এসে সিএনজিতে হার্ট অ্যাটাক করে লুটিয়ে পড়ে মৃত্যু বরণ করেন। আলী আশরাফ বুড়িচং উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

জানা যায়, শনিবার সকালে পুলিশ সদস্য আলী আশরাফ শারীরিকভাবে অসুস্থ্যবোধ করলে চিকিৎসা নেওয়ার জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দ্যেশে রওনা হয়। পথের মধ্যে তিনি আরো বেশি অসুস্থ্য হয়ে পড়লে সিএনজি ড্রাইভারকে দ্রুত হসপিটালে নিয়ে আসতে বলে। এক পর্যায়ে দেবিদ্বার উপজেলার চরবাকর নামক স্থানে এসে পুলিশ সদস্য আলী আশরাফ সিএনজিতে লুটিয়ে পড়েন। ওই সময় দ্রুত তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্যকে মৃত ঘোষণা করেন।

তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার সিমরাইল গ্রামের মৃত কামরুল হাসানের ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বড় মেয়ে আফরুজা ইসলাম স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেনীতে পড়েন, বড় ছেলে হাবিবুর রহমান হামিম পঞ্চম শ্রেণীতে পড়ে এবং ছোট ছেলে ওমরের বয়স আড়াই বছর বলে জানা যায়। এদিকে তার মৃত্যুর খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ শহীদুল্লাহ প্রধান, বুড়িচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, দেবিদ্বার থানার এসআই আবু তাহেরসহ পুলিশ সদস্যের আত্বীয় স্বজনরা হসপিটালে ছুটে আসেন।

নিহত পুলিশ সদস্যের স্ত্রী রুমা আক্তার বলেন, তিনি সিএনজিতে উঠে আমাকে জানায় তার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে, তিনি দেবিদ্বার হসপিটালে যাচ্ছেন। কিছুক্ষণ পর আমরা তার মৃত্যুর সংবাদ পাই।

সিএনজি ড্রাইভার আব্দুল আলীম বলেন, স্যার আমাকে পথের মধ্যে জানান ওনার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে, তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসতে। চরবাকর এসে তিনি সিএনজির ভিতরে পড়ে যায়। আমি হসপিটালে নিয়ে আসলে ডাক্তার জানান স্যার মারা গেছেন। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহিবুস সালাম খান বলেন, ওই পুলিশ সদস্য হসপিটালে নিয়ে আসার পূর্বেই মারা গেছে।

দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ শহীদুল্লাহ প্রধান বলেন, সকালে আশরাফ অসুস্থ্যবোধ করলে আমাদের এক পুলিশ সদস্য বলে চিকিৎসার জন্য ফাঁড়ি থেকে বাহির হয়। এখন তার মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ছুটে আসি।

কুমিল্লায় রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগে ৪৪ জন গ্রেফতার

রকিবুল ইসলাম (ম্যাক রানা):

কুমিল্লা জেলায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, জননিরাপত্তা বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ঝটিকা মিছিলের পর পুলিশের বিশেষ অভিযানে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কুমিল্লার বিভিন্ন থানা এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের কাছ থেকে জানা গেছে, বিদেশে পলাতক আ. ক. ম বাহাউদ্দিন বাহার এবং নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন নেতা সরকারের পতন ঘটানোর উদ্দেশ্যে তাদের নিজ এলাকায় অর্থ পাঠিয়ে এসব মিছিলের আয়োজন করে।

অর্থের বিনিময়ে বিভিন্ন স্থান থেকে লোক ভাড়া করে এবং গাড়ি ব্যবহার করে কুমিল্লা-ঢাকা মহাসড়কে এক মিনিটের একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীদের অনেককে মুখে মাস্ক বা রুমাল বেঁধে মুখ গোপন করতে দেখা যায়।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট ও প্ররোচনার মাধ্যমে আত্মগোপনে থাকা কিছু ব্যক্তি এসব কার্যক্রমে ইন্ধন দিচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।

রাষ্ট্রবিরোধী ও জননিরাপত্তা বিঘ্নকারী এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।

মুরাদনগরে মাছ চুরির সন্দেহে দুই যুবককে গাছে বেঁধে মারধর, ২ গ্রাম্য বিচারক গ্রেপ্তার

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে মাছ চুরির সন্দেহে দুই দরিদ্র যুবককে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে কথিত ২ গ্রাম্য বিচারকের বিরুদ্ধে।
এদিকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়।

এ ঘটনায় বৃহস্পতিবার দুই বিচারক আব্দুল হাকিম ও ইকরামুল হক কে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের আব্দুস সালাম মিয়ার পুকুর থেকে মাছ চুরির সন্দেহে একই গ্রামের সামু সেন ও আরমান মিয়া নামের দুই যুবক কে আটক করা হয়।

পরে পুকুর মালিক আব্দুস সালাম মিয়া স্থানীয় গ্রাম্য মাতবর আবদুল হাকিম ও ইকরামুল হকের কাছে এ বিষয়ে প্রতিকার চেয়ে বিচারপ্রার্থী হয়। পরে ওই দুই গ্রাম্য মাতবর মাছ চুরির সন্দেহে সামু সেন ও আরমান মিয়াকে ধরে এনে একটি গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে অমানবিক নির্যাতন চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছে বাধা অবস্থায় মধ্যযুগীয় কায়দায় প্রচণ্ড মারধর করে দুই যুবককে রক্তাক্ত করা হয়। পরে নির্যাতনের শিকার দুই যুবকের সাথে বিচারকরা সমঝোতায় গেলেও, মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আর এতেই শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়।

পরে ঘটনার ৭ দিন পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্যাতনের শিকার সামু সেনের স্ত্রী পঞ্চমী রানী সেন বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।

পাহাড়পুর ইউপির চেয়ারম্যান আবদুস সামাদ মাঝি জানান, গ্রেপ্তার হওয়া গ্রাম্য বিচারক আবদুল হাকিম ও ইকরামুল হক দুজন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। তাই এদের কঠোর বিচার হওয়া উচিত।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, বৃহস্পতিবার অভিযুক্ত দুই গ্রাম্য মাতবরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

কুমিল্লা নগরীতে পিস্তলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ৫ নং ওয়ার্ডের পুরাতন চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পিস্তলসহ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলিফকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ টিম।

শুক্রবার বিকেলে পুরাতন চৌধুরীপাড়ার সানমুন টাওয়ার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

প্রথমে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে আলিফের ঘর তল্লাশি করে নাইন এমএম মডেলের পিস্তলটি জব্দ করে। পরে র্যাবের সাথে যৌথ অভিযানে আলিফকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, আলিফ কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক রিন্টুর অন্যতম সহযোগী ছিলেন।