All posts by jitu

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র নিহত

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যানের ধাক্কায় বাই সাইকেল আরোহী এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। রবিবার সকালে মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর দীঘির পাড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার পর কাভার্ড ভ্যান চালককে আটক করেছে পুলিশ।

নিহত শিক্ষাথীর নাম মোহাম্মদ আলাউদ্দিন (১৯)।

তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের মোহাম্মদ সালেহ আহমদের ছেলে। উপজেলার সিংগুলা ইসলামিয়া ফাজিল মাদরাসার (ডিগ্রি মাদরাসা) দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন তিনি। আটক ঘাতক কাভার্ড ভ্যান চালক মো. আব্দুর রহিম (২৯) চট্টগ্রামের জোড়ারগঞ্জের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি ময়নামতি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছেন।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মাদরাসা ছাত্র মোহাম্মদ আলাউদ্দিন মহাসড়কের পাশ দিয়ে বাই সাইকেল চালিয়ে রায়পুর দীঘিরপাড় থেকে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। হঠাৎ একটা কাভার্ডভ্যান ঢাকা দ্রুতগতিতে যাওয়ার সময় তার বাই সাইকেলকে চাপা দেয়। এতে তিনি কাভার্ডভ্যানের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক চালক গতিরোধ না করে পালিয়ে যাওয়ার সময় দাউদকান্দি হাইওয়ে পুলিশ ময়নামতি হাইওয়ে পুলিশকে বিষয়টি জানায়।

পরে ময়নামতি হাইওয়ে পুলিশ ঘাতক চালকসহ গাড়িটিকে আটক করেছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি মো. রাসেদ চৌধুরী জানায়, নিহত শিক্ষার্থী মোহাম্মদ আলাউদ্দিনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। তার স্বজনরা আসলে তাদের নিকট হস্তান্তর করা হবে। পালিয়ে যাওয়ার সময় ঘাতক চালকসহ গাড়িটি আটক করেছে।

চাঁদপুরে বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু!

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে বিষধর সাপের কামড়ে পারভীন বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পারভীন বেগম দেবপুর গ্রামের খান বাড়ির মিজানুর রহমান খানের স্ত্রী। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী। নিহতের স্বামী মিজানুর রহমান ও স্বজনরা জানান, এদিন সকালের দিকে পারভীন বেগম গোয়াল ঘরের দিকে যাচ্ছিলেন পরিষ্কার করতে। কিন্তু গোয়াল ঘরের সামনে এলে তার পায়ে সাপে কামড় দেয়। কামড় দিয়ে চলে যাওয়ার সময় তিনি সাপটি দেখেন এবং চিৎকার দেন। পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সকাল ৯টার দিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এমনকি নিহত এই নারীকে ওঝা এনে ঝাড়পোক করা হয়েছে বলেও জানা যায়। পরে এদিন বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

লালমাই উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত

খান মোহাম্মদ রুবেল হোসেন:

লালমাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সকল অঙ্গ সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ বিকেল ৩টায় লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহবায়ক (নবনির্বাচিত সভাপতি) মোঃ মাসুদ করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন।সাবেক কুমিল্লা -৯ নির্বাচনী পূর্নবহালের জন্য আইনী পদক্ষেপ নিবো।জানি না আল্লাহ আমার ভাগ্যে কি রেখেছেন,আল্লাহ আমাকে বার বার পরীক্ষায় পেলেন। যারা আমার সাথে ও লালমাইবাসীর সাথে বেইমানি করেছে, তাদের শেষ পরিণতি না দেখে যেন আল্লাহ আমাকে মৃত্যু না দেন। আপনাদের জন্যে সামনে বড় বিপদ রয়েছে। আপনারা যদি এখনও তা না বুঝেন পরে তার খেসারত দিতে হবে।আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন।

কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ আমান উল্লাহ আমান,যুগ্ম আহবায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ ওমর ফারুক সুমন,সদস্য সচিব (নবনির্বাচিত সাধারণ সম্পাদক) ইউসুফ আলী মীর পিন্টু,যুগ্ম আহবায়ক মোঃ আসলাম মজুমদার।

বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম ও উপজেলা যুবদলের সদস্য সচিব পদ প্রার্থী মাসুদুর রহমান মাসুদ এর যৌথ সঞ্চালনায় কর্মী সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মাহবুব আলম,যুগ্ম আহবায়ক ও বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আনোয়ার হোসেন, সদস্য আমির হোসেন মেম্বার,কাজী ইকবাল হোসেন কাজল, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুল হান্নান, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল খালেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়াজী,সাংগঠনিক সম্পাদক মোঃ জাবেদ আহমেদ,ভূলইন উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল ওহাব,সাধারণ সম্পাদক মিন্টু, পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি এবিএম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক উসমান গনি রিংকু, পেরুল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তফা কামাল খোকন, উপজেলা সদস্য ইদ্রিস মিয়া, ভূলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন,বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম, বিএনপির নেতা রিপন মাষ্টার, বেলঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হায়দার মেম্বার, সাধারণ সম্পাদক মাহবুব আলম ,বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন , উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ফিরোজ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মোজাম্মেল হক, এ্যাড মাকসুদুর রহমান মাকসুদ,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সোলেমান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মোঃ নোমান হোসেন, উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ আবুল কালাম ও সদস্য সচিব মোঃ ওমর ফারুক সোহেল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ শাহজাহান মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিন, কৃষক দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির মজুমদার, উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ হাবিব প্রমুখ।
উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

চৌদ্দগ্রাম উপজেলা মিয়ার বাজারে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মেধা বিকাশ লার্নিং ইংলিশ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. শাহজাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়ার বাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল হক খন্দকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন, জেলা কমিটির সভাপতি জসিম উদ্দিন আহমেদ ও শিক্ষক নেতা হুমায়ুন কবিরসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অতিথিরা শিক্ষার্থীদের আগামী দিনে আরও সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করেন এবং তাদের মেধা বিকাশে শিক্ষকদের নিরলস ভূমিকার প্রশংসা করেন।

ব্রাহ্মণপাড়া চান্দলায় মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

‎মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া:

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামী ৬নং ওয়ার্ডের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অত্যন্ত ঝাঁকঝমকপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। (২০ সেপ্টেম্বর) শনিবার বিকাল ৪টায় চারিপারা খেলার মাঠে এই মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, হুমায়ুন কবির হিরো।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জামায়াত নেতা মোহাম্মদ আব্দুর রহমান, মো. জালাল উদ্দিন, মো. ফারুকুল ইসলাম সম্রাট। সবশেষে খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডের সেলস মিট ২০২৫ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডের সেলস মিট ২০২৫ সম্প্রতি কক্সবাজারের একটি স্বনামধন্য হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা টয়লেট্রিজ বাজারে যাত্রা শুরুর মাত্র দুই বছরের মধ্যেই একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এই অগ্রযাত্রাকে আরও গতিশীল করে ভবিষ্যতের লক্ষ্যে নতুন উদ্দীপনা যোগ করতে, প্রতিষ্ঠানটি আয়োজন করেছে তাদের বার্ষিক সেলস মিট ২০২৫।

“ফুরফুরে মনে একসাথে, চলো সফলতার পথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের একটি স্বনামধন্য হোটেলে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কোম্পানির সেলস ও মার্কেটিং টিমের সদস্য, শীর্ষ কর্মকর্তাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে চিফ অপারেটিং অফিসার (COO), SBG, শাহেদ জাহিদ বলেন, “বসুন্ধরা গ্রুপ সবসময় দেশ ও মানুষের উন্নয়নের জন্য কাজ করে চলছে। বসুন্ধরা টয়লেট্রিজও সেই লক্ষ্যেই গুণগতমান সম্পন্ন পণ্য দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে।

বসুন্ধরার অন্যান্য পণ্যের মতোই, টয়লেট্রিজ ইউনিটও মানসম্পন্ন পণ্য তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ, কারণ দেশের মানুষ বসুন্ধরার পণ্যের উপর আস্থা রাখে।

আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর প্রভাব থাকলেও দেশীয় ব্র্যান্ডগুলোর অগ্রগতি স্পষ্ট। সঠিক কৌশল গ্রহণের মাধ্যমে আমরা বাজারে আরও বড় অংশ দখল করতে পারব। এই সেলস মিটে শুধু লক্ষ্য নির্ধারণ নয়, বরং টিম স্পিরিট, মোটিভেশন এবং ভবিষ্যৎ পরিকল্পনাও গুরুত্ব পেয়েছে। আপনারাই এই ব্র্যান্ডের মুখ। আপনারাই সেই শক্তি, যাঁরা আমাদের পণ্য দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেন। এখন সময় একসাথে এগিয়ে যাওয়ার।”

সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, SBG মোস্তাফিজুর রহমান, ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন “আমরা টয়লেট্রিজ চ্যানেলের প্রবৃদ্ধিতে আরও বেশি গুরুত্ব দিতে চাই। বসুন্ধরা টয়লেট্রিজকে বাংলাদেশের অন্যতম সেরা টয়লেট্রিজ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এজন্য আমরা আধুনিক যন্ত্রপাতি স্থাপনসহ বিভিন্ন কৌশলগত উদ্যোগ গ্রহণ করছি, যাতে বাজারে আমাদের অবস্থান আরও শক্তিশালী হয়।”

মোঃ মাসুদুর রহমান, চিফ সেলস অফিসার (টিস্যু, পেপার, হাইজিন, টয়লেট্রিজ), (CSO), SBG বলেন “আমরা চাই, এই মিলনমেলা হোক নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা। ইনশাআল্লাহ, ২০২৫ সালের বিক্রয় লক্ষ্য আমরা একসাথে অর্জন করব।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইমরান বিন ফেরদৌস, চিফ হিউম্যান রিসোর্স অফিসার (CHRO), ইঞ্জিনিয়ার এস.এম. সরোয়ার, হেড অব প্রজেক্ট, টয়লেট্রিজ ইউনিট , মোহাম্মদ আলাউদ্দিন, জিএম, মার্কেটিং, মোঃ আমিনুল ইসলাম, জিএম, একাউন্টস এন্ড ফিনান্স, মোহাম্মদ আব্দুল ওয়ারেস, জিএম, সেলস, টয়লেট্রিজ, মোঃ শোয়েব মাহমুদ, ডেপুটি ম্যানেজার, মার্কেটিং সহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এই সাংস্কৃতিক পরিবেশনা সেলস মিটের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। এতে অংশগ্রহণকারীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করে।

চৌদ্দগ্রামে হাফেজিয়া মাদরাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা নূরানী তা’লীমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার(২০ সেপ্টেম্বর) মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা বারের আইনজীবি ও মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সাইফ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য হাফেজ মর্তুজার সঞ্চালনায় বক্তব্যে রাখেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন, মাদ্রাসার পরিচালনা কমিটির সহ-সভাপতি মিলন ভূঁইয়া, সাধারন সম্পাদক সার্ভায়ার মফিজুর রহমান, কোষাধ্যক্ষ ব্যাংকার রিয়াজ মিয়াজী, সাবেক সভাপতি মোঃ নুরুন্নবী, উপদেষ্টা শহিদ মজুমদার, হাজি ইব্রাহিম, ডাঃ জাহাঙ্গীর, সদস্য মজিবুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

মুরাদনগরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে হত্যার অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে সোহাগী আক্তার নামের এক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে বাবা আল আমিন ও সৎ মা শারমিন আক্তারের বিরুদ্ধে।

এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে ওই শিক্ষার্থীর নানা কালন মিয়া বাদী হয়ে শারমিন আক্তার ও তার স্বামী আলা আমিনের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছে।

নিহত সোহাগী আক্তার (১৩) উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর গ্রামের আলা আমিনের মেয়ে। সে কামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি শিক্ষার্থী।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বিগত পাঁচ বছর পূর্বে সোহাগীর মায়ের সাথে আল আমিনের বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর থেকে সোহাগী আক্তার তার বাবা আলা আমিনের সাথেই বসবাস করত। বিবাহ বিচ্ছেদের কিছুদিন পর আলা আমিন আবার নতুন করে বিয়ে করেন শারমিন আক্তারকে। বিয়ের পর থেকে সৎ মা শারমিন আক্তার ও তার বাবা আল-আমীন প্রায়ই সোহাগী আক্তারের ওপর অত্যাচার ও নিপিড়ন করত। ঘটনার দিন বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সোহাগী আক্তারের মরদেহ নিয়ে বাড়িতে কান্নাকাটি শুরু করেন তার বাবা ও সৎ মা। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে, সোহাগীর বাবা ও সৎ মা জানান সে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশকে না জানিয়েই তড়িঘড়ি করে সোহাগীর লাশ দাফন করে ফেলে। পুলিশকে না জানিয়ে তড়িঘড়ি করে লাশ দাফন করায়, সোহাগীর মৃত্যু নিয়ে শুরু হয় এলাকাবাসীর মধ্যে নানা সন্দেহ। পরে শুক্রবার দিবাগত রাতে নিহত সোহাগী আক্তারের নানা কালন মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

স্থানীয়দের অভিযোগ, নিহত সোহাগী আক্তার আত্মহত্যা করতে পারে এটি কোনভাবেই বিশ্বাসযোগ্য না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।

কামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাছির মিয়া জানান, সোহাগী আক্তার আমার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। সে খুবই মেধাবী একটা মেয়ে ছিল, প্রতিদিন বিদ্যালয়ে আসতো। ঘটনার দিন তার সহপাঠীরা জানান সে নাকি আত্মহত্যা করেছে। এই বিষয়টি আমাদেরও বিশ্বাস হচ্ছে না, কারণ এইটুকু একটা বাচ্চা মেয়ে কিভাবে আত্মহত্যা করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, এই ঘটনায় শুক্রবার দিবাগত রাতে ওই শিক্ষার্থীর নানা বাদী হয়ে একটি মামলা করেছে। মামলার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় অবৈধ বাজি আটক করেছে বিজিবি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে ২৬ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় অবৈধ বাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার অন্তর্গত বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল সীমান্তের ৬ কিলোমিটার অভ্যন্তরে বানাশুয়া নামক স্থানে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় মোট ১,০৪,২৪৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি, যার বাজারমূল্য আনুমানিক ২৬,৪০,০০০ টাকা।

বিজিবি জানায়, নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আটককৃত বাজিগুলো যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লায় চোর সন্দেহে যুবকের ওপর কুকুর লেলিয়ে নির্যাতন, আজকের কুমিল্লায় প্রতিবেদনের পর র‌্যাবের হাতে আটক ৩

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলায় চুরির সন্দেহে এক যুবককে ধরে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে নগরীর শাকতলা র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বুড়িচং থানাধীন দেবপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন—মো. আসমান আলী (২৮), মো. আতিকুল ইসলাম (২৫) ও মো. সেলিম মোল্লা (২৩)।

র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বুড়িচংয়ের দেবপুর সাহাপাড়া এলাকার স্থানীয় সাকু মিয়ার মালিকানাধীন একটি কারখানায় এ ঘটনা ঘটে। চুরির অভিযোগে এক যুবককে আটক করে তাঁর ওপর কুকুর লেলিয়ে নির্যাতন চালানো হয়।

এসময় পাশের কয়েকজন এ ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার পর র‌্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে। পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নির্যাতনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।