All posts by jitu

পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

ডেস্ক রিপোর্ট:

অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।

তিনি জানিয়েছেন, ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি ভোট করব। আমি নমিনেশন চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনও। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে ভোট করব। যখন সময় আসবে তখন করব।’

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তিনি অভিযোগ করেন যে, কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল।

আসাদুজ্জামান বলেন, ‘রায় ঘোষণার পর তিনি যে রায় পরিবর্তন করেছেন, তা দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী একটি অপরাধ। কোনো একটি বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেয়া হয়েছিল।’

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, যে রায় আপিল বিভাগ দেবেন, সেই রায় আগামী প্রজন্ম ও দেশের গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

কুমিল্লা নগরীর ৮ নং ওয়ার্ডে এনসিপির “জনতার মত” শীর্ষক এক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৬ সংসদীয় আসনের নগরীর ৮ নং ওয়ার্ডের ঠাকুরপাড়া জোড়পুকুরপাড় এলাকায় মঙ্গলবার ৪ নভেম্বর জাতীয় নাগরিক পার্টি- এনসিপি কুমিল্লা মহানগর শাখা “জনতার মত” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ্। বিশেষ অতিথি ছিলেন মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী সিরাজুল হক এবং সভাপতিত্ব করেন যুগ্ম সমন্বয়কারী ও ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মো: ইফতেখারুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা ও মহানগর কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে দর্শকসারি থেকে অনেকেই প্রধান অতিথির কাছে এই এলাকার সমস্যা তুলে ধরেন। সভায় সিরাজুল হক কুমিল্লা-৬ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নাভিদ নওরোজকে জনতার সাথে পরিচয় করিয়ে দেন।

নাভিদ নওরোজ তার বক্তব্যে বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার অপেক্ষায় নেই বরং জুলাই গণঅভ্যুত্থান থেকে এখন পর্যন্ত আমরা রাজপথে থেকে জনগণের বাস্তব সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, এক দল শুধুই নির্বাচন চেয়েছে, আরেক দল নিজেরাই জানে না তারা কি চায়। অথচ যেই সাধারণ মানুষের রক্তের উপর দাড়িয়ে তারা রাজনীতিতে ফিরেছে তাদের কাঙ্খিত সংস্কারের কথা ভুলে গেছে।

মহানগর এনসিপি প্রতিটি ওয়ার্ডেই জনসাধারণের কথা শুনতে “জনতার মত” এই বৈঠক আয়োজন করার পরিকল্পনা করেছে। সভায় বক্তারা সকলেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়তে জনগণের সমর্থন কামনা করেন।

ছাত্রদল আপনাদের হতাশ করবে না- কেন্দ্রীয় প্রচার সম্পাদক শুভ

চাঁদনী আক্তার, কুবি:

আগামীর বাংলাদেশ বিষয়ে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা, শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতির প্রত্যাশা, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে মূল্যায়ন ও প্রস্তাবনা তুলে ধরার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মতবিনিময় ও সদস্য ফরম বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি বাংলোর সামনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহ দপ্তর সম্পাদক মো. নাজমুচ্ছাকিব।

সভায় নেতাকর্মীরা ‘কেমন ছাত্রদল চান’ এ বিষয়ে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।

বিশেষ অতিথি কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মো. নাজমুচ্ছাকিব বলেন, “দীর্ঘ গণতান্ত্রিক পুনরুদ্ধারের লড়াই করেছি। বৈষম্যমুক্ত সমাজ চাইতে গিয়ে এখনও নিষিদ্ধের নামে আমাদের অধিকার খর্ব করা হচ্ছে।”

উদ্বোধক কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ বলেন, “আগামীর বাংলাদেশ ও শিক্ষাঙ্গনের রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের ভাবনা আজ এখানে উঠে এসেছে। আমরা ফরম বিতরণ করলাম, আবার ৮-১০ তারিখে আসবো। প্রশাসন মৌখিক অনুমতি দিয়েছে, মব হওয়ার ঝুঁকি থাকায় বাইরে অনুষ্ঠান করেছি। শিগগির ক্যাম্পাসে করার চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, *“দুইটি মেয়েদের হল, তিনটি ছেলেদের হল সব জায়গায় নেতৃত্ব দিতে হবে। হলে কমিটি হলে আমাদের শক্তি দ্রুত বাড়বে। ১০-১২ তারিখের দিকে বড় আলোচনা সভা করবো।”

কুবি ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “বাস সংকটে আমরা ভিসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি, সংকট কমেছে। ক্যাফেটেরিয়া, হলের খাবার, ভর্তি পরীক্ষায় বিভিন্ন সহযোগিতা করেছি। আমরা কেন্দ্রীয় নির্দেশনা মেনে কাজ চালিয়ে যাবো।”

প্রধান অতিথি শরীফ প্রধান শুভ বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল মেধা, মনন ও মানবিক মর্যাদার সংগঠন। জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু। প্রথমে মনে হয়েছিলো ছাত্রদলের প্রতি আগ্রহ কম, কিন্তু এখানে এসে বুঝলাম আগ্রহ অনেক। আপনাদের জবাবদিহিতার জায়গা আছে, লুকোছাপা নেই। বিবেক বন্ধক রেখে কাজ করি না।”

তিনি আরও বলেন, “সংবিধান বাকস্বাধীনতা দিয়েছে—সংগঠন করাকে কেউ বাধা দিতে পারে না। শেখ হাসিনার তল্পিবাহীরা এখনো ক্যাম্পাসে সক্রিয়, কিন্তু তারা সফল হবে না। গেস্টরুম, গণরুম কালচার বন্ধে কাজ করেছি, করবো। আমরা হল ও ফ্যাকাল্টি কমিটি গঠন করবো। শ্রেণী বৈষম্য করি না—তারেক রহমানের রেইনবো নেশন, সম্প্রীতির বাংলাদেশ গড়বো। নারী-পুরুষ সবাই ছাত্রদলের পতাকাতলে আসতে পারবেন। শতভাগ স্বচ্ছতা রেখে নেতৃত্ব দেবো। ছাত্রদল আপনাদের হতাশ করবে না।”

মতবিনিময় সভা শেষে ছাত্রদলের সম্ভাব্য সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয়।

কুমিল্লা রামমালা গ্রন্থাগার ডিজিটালাইজেশন করতে সংস্কৃতি মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হবে : তথ্য উপদেষ্টা

রকিবুল ইসলাম (ম্যাক রানা):

কুমিল্লার ঐতিহ্যবাহী রামমালা গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে কয়েক হাজার দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি, প্রাচীন বই, সংবাদপত্র ও ঐতিহাসিক দলিল।

এই গ্রন্থাগারটি বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। অনেক মূল্যবান দলিল ও বই এখন নষ্ট হতে শুরু করেছে।

এ বিষয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “রামমালা গ্রন্থাগার আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য ভাণ্ডার। এখানে সংরক্ষিত পাণ্ডুলিপি ও বইগুলো জাতির ইতিহাস-ঐতিহ্যের দলিল। এগুলো ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা জরুরি। আমি বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয়ে অবহিত করব, যাতে দ্রুত ডিজিটালাইজেশনের ব্যবস্থা নেওয়া যায়।”

তিনি আরও বলেন, “রামমালা গ্রন্থাগারের সঙ্গে যুক্ত ছোট মিউজিয়ামেও রয়েছে বহু পুরাতন মুদ্রা, শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শন। এসব সম্পদ রক্ষায় আধুনিক সংরক্ষণ ব্যবস্থা চালু করা দরকার।”

মঙ্গলবার ৪ নভেম্বর বিকেল কুমিল্লা ঈশ্বর পাঠশালা প্রাঙ্গণে অবস্থিত রামমালা গ্রন্থাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি কুমিল্লার জাগুরঝুলি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আধুনিক তথ্য কমপ্লেক্স স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

মনোনয়ন বঞ্চিত দোলা সমর্থকদের বিক্ষোভ, কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক অবরোধ

সেলিম সজীব:

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নেমেছেন সামিরা আজিম দোলা সমর্থকরা। মঙ্গলবার সকালে মনোহরগঞ্জ ও লাকসাম থেকে হাজারো নেতাকর্মীরা কুমিল্লা -নোয়াখালী মহাসড়ক অবরোধ সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।

এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা আবুল কালামের প্রার্থিতা বাতিল এবং সামিরা আজিম দোলাকে প্রার্থী ঘোষণার দাবি জানান।

বিক্ষোভকারীরা জানান, সামিরা আজিম দোলা আজিম সাহেবের মেয়ে আজিম সাহেব দলের সংকটকালেও সবসময় মাঠে ছিলেন, আজিম সাহেবের মেয়ে নিজ দক্ষতা এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছেন, তৃ্নমুল তাকে চায় অথচ তাকে উপেক্ষা করে প্রার্থীতা দেওয়া হয়েছে।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা ‘কালামের প্রার্থিতা বাতিল কর’, ‘তৃণমূলের সিদ্ধান্ত মানতে হবে’—এমন স্লোগান দেন। এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় আরও বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

নোয়াখালীতে ট্রাকচাপায় নিহত অটোরিকশার ৫ যাত্রী

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে শহরে কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে ট্রাকচাপায় ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন আরও তিনজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। সেখান থেকে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও একজন এখনও চিকিৎসাধীন।

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া গণমাধ্যমকে জানায়, তিন জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

চৌদ্দগ্রামে চাঁদা না দেয়ায় প্রবাসীর বসতঘরে আগুন লাগিয়ে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে দাবিকৃত চাঁদা না দেয়ায় দুবাই প্রবাসীর বসতঘর আগুন লাগিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। পৌর এলাকার সোনাকাটি গ্রামে সোমবার রাত আড়াইটায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামের দুবাই প্রবাসী মনির হোসেনের স্ত্রী নাসরিন পারভীন জুথীকে একই বাড়ির আবদুল খালেকের ছেলে বোরহান উদ্দিন নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছে। গত ২১ অক্টোবর রাতে বোরহান উদ্দিন তাঁর ব্যবহৃত দুইটি মোবাইল নাম্বার থেকে জুথীর নাম্বারে কল দিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে।

পরবর্তীতে বোরহান জুথীকে বলে, অনেক টাকা দিয়ে ঘর দিতেছেন সেখান থেকে কিছু টাকা দিতে হবে। যদি টাকা না দেন তাহলে আপনার ভিডিও এবং আপনার মেয়েকেও ব্লাক মেইল করে ভিডিও ভাইরাল করে দিবো। বিষয়টি জুথী তাঁর শশুড় ও শাশুড়িসহ সকলকে অবহিত করলে তাঁরা বোরহানকে জানালে ৩০ অক্টোবর সকালে উত্তেজিত হয়ে লাঠি সোঠা নিয়ে ক্ষীপ্ত হয়ে উঠে।

এ সময় অশ্লীল ভাষায় গালমন্দ করে জুথীর গলার রগ টেনে ছিঁড়ে ফেলবে এবং কিভাবে টাকা হাতিয়ে নিবে সেটা তার জানা আছে বলেও হুমকি দেয়। এ ঘটনায় জুথী বাদি হয়ে বোরহান উদ্দিনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এতে ক্ষীপ্ত হয়ে সোমবার গভীর রাতে বোরহান উদ্দিনের নেতৃত্বে কয়েকজন পেট্রোল ঢেলে পুরাতন বসতঘরে আগুন লাগিয়ে দেয়।

দুবাই প্রবাসী মনির হোসেনের ভাই মাহবুবুল হক অভিযোগ করে বলেন, ‘রাত আড়াইটায় বোরহান দরজায় লাথি মেরে বলে, আগুন লেগেছে। আতঙ্ক সৃষ্টির জন্য সে আগুন লাগিয়ে আবার নেভাতে এসেছে’।

এ বিষয়ে বোরহান উদ্দিনের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত দুটো নাম্বারে যোগাযোগ করলেও বন্ধ পাওয়ায় বক্তব্য জানা যায়নি। তবে নাম প্রকাশ না শর্তে তাঁর এক আত্মীয় বলেন, ‘দুবাই প্রবাসী মনির হোসেনের ঘরে আগুন দেখে প্রথমে বোরহানই আগুন নেভাতে যায়। কুচক্রী মহলের ইন্ধনে তারা বোরহানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সামছুল আরেফীন বলেন, ‘খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।

কুমিল্লার লাকসামে যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসাম উপজেলার রাজঘাট এলাকায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে লাকসাম আর্মি ক্যাম্প থেকে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজঘাট এলাকার মাদক ব্যবসায়ী মোঃ দেলোয়ার (৪০) ও মোঃ বাবলু (৪০)-কে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মোঃ বাবলুকে ৬ মাসের কারাদণ্ড এবং মোঃ দেলোয়ারকে ৪ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানটি রাত ১টা ৩০ মিনিটে সমাপ্ত হয়। পরে হৃদরোগজনিত সমস্যা দেখা দিলে মোঃ বাবলুকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং আজ সকাল ১১টা ৩০ মিনিটে তাকে লাকসাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানটি পরিচালনা করেন লাকসাম আর্মি ক্যাম্পের অফিসার ইন চার্জ মেজর তাহসিন।

চাঁদপুরের ৫ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। এর মধ্যে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনেও বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নাম ঘোষণা করেন।

চাঁদপুর জেলার বিএনপির প্রার্থীরা হলেন- চাঁদপুর-১ (কচুয়া) আসনে মনোনীত হয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মনোনীত হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে মনোনীত হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনীত হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশিদ, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে মনোনীত হয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক।

তবে এদিকে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেছেন দলীয় নেতাকর্মীরা। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে সমাবেশে মিলিত হয়।

কুমিল্লার ৯টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ইমতিয়াজ আহমেদ জিতু:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কুমিল্লার ৯টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি দুটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

কুমিল্লা -১ (দাউদকান্দি-মেঘনা) সংসদীয় আসনে খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা -৩ (মুরাদনগর) সংসদীয় আসনে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা -৪( দেবিদ্বার) সংসদীয় আসনে মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ ( বুড়িচং ও বি পাড়া) আসনে হাজী জসিম, কুমিল্লা -৬ (সদর ও সদর দক্ষিণ) সংসদীয় আসনে মনিরুল হক চৌধুরী, কুমিল্লা -৮ (বরুড়া) সংসদীয় আসনে জাকারিয়া তাহের সুমন , কুমিল্লা -৯ ( লাকসাম-মনোহরগন্জ) আসনে আবুল কালাম ওরফে চৈতি কালাম, কুমিল্লা -১০ ( লালমাই ও নাঙ্গলকোট) আসনে আব্দুল গফুর ভূইয়া, কুমিল্লা -১১ ( চৌদ্দগ্রাম) আসনে কামরুল হুদা।
কুমিল্লা -২ ( হোমনা-তিতাস) ও কুমিল্লা -৭ (চান্দিনা) আসনে পরে প্রার্থী ঘোষণা করা হবে ।