All posts by jitu

চান্দিনা থেকে অপহৃত ছয় বছরের মাদ্রাসাছাত্র বাগেরহাটে উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনা থেকে অপহৃত ছয় বছরের মাদ্রাসাছাত্র মোহাম্মদ আলীকে অপহরণের একদিন পর বাগেরহাট জেলার রামপাল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের মূল হোতা, শিশুটির ফুফা মোহাম্মদ হানিফকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে চান্দিনা থানার পুলিশ বাগেরহাটের রামপাল থানা এলাকায় অভিযান চালিয়ে শিশুটি উদ্ধার করে। পরে রাতে শিশুটি ও অভিযুক্ত হানিফকে চান্দিনা থানায় আনা হয়।

উদ্ধার হওয়া শিশু মোহাম্মদ আলী চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের পাঁচধারা গ্রামের রুহুল আমিন ও নাহিদা আক্তারের ছেলে। সে চান্দিনা উপজেলা সদরের মহারং জাফর আলী মুন্সি মারকাজুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

আটক মোহাম্মদ হানিফ (৪৮) কুমিল্লা সদর উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং অপহৃত শিশুর ফুফা।

জানা যায়, হানিফের স্ত্রী ফাতেমা আক্তারের সঙ্গে পারিবারিক কলহ চলছিল। কয়েকদিন আগে ফাতেমা রাগ করে বাবার বাড়িতে চলে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার (২৯ অক্টোবর) সকালে হানিফ তার শ্যালকের ছেলে মোহাম্মদ আলীকে মাদ্রাসা থেকে অপহরণ করে নিয়ে যায়।

শিশুটি নিখোঁজ হওয়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরে মাদ্রাসার সিসি ক্যামেরার ফুটেজ দেখে তারা নিশ্চিত হন যে, হানিফই শিশুটিকে নিয়ে গেছে।

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, শিশুর মা নাদিয়া আক্তারের অভিযোগের ভিত্তিতে আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় হানিফের অবস্থান শনাক্ত করি। পরে তাকে বাগেরহাটের রামপাল থেকে আটক করে শিশুটিকে উদ্ধার করা হয়। শুক্রবার সকালে আসামি ও শিশুটিকে আদালতে হাজির করা হবে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

কুমিল্লা নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করে গ্রেফতার হওয়া যুবলীগ নেতার পক্ষে বিএনপির একাংশ নেতাদের জোর তদবির!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে গতকাল বৃহস্পতিবার সকালে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করে গ্রেফতার হওয়া যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সুমনকে কম মামলা দিয়ে আদালতের প্রেরণ করার জন্য জোর তদবিদ করছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। স্থানীয় একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য নিশ্চিত করেছে।

কুমিল্লায় ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করায় যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সুমনকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেফতার হওয়া সুমন নগরীর ৫ নং ওয়ার্ডের মোগলটুলি উত্তর গাংচর এলাকার মৃত আলাউদ্দিন আহাম্মদের বড় ছেলে।

তার বিরুদ্ধে মাদক মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, যুবলীগ নেতা সুমন সম্প্রতি নিজেকে মামলা ও গ্রেপ্তার থেকে বাঁচানোর জন্য বিএনপি থেকে বহিষ্কৃত এক নেতার অনুসারীদের সাথে চলাফেরা করেন। গতকাল ছাত্রলীগ- যুবলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেন। পরে কোতয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করলে বিএনপির ওই অংশের নেতাকর্মীরা তার জন্য জোর তদবির শুরু করেন, যাতে করে দু একটি মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়, এবং সহজেই জামিনে বের হয়ে আসতে পারে। শোনা যাচ্ছে একটি দুর্বল মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হতে পারে।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সুমনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। নতুন করে আরো হয়তো মামলা হতে পারে। তবে তিনি তদবিরের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

চান্দিনায় বাস যাত্রীর ট্রাভেল ব্যাগ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মনির হোসেন (৩৫) নামের এক যাত্রীর ট্রাভেল ব্যাগ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাজার এলাকায় ফেনী থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মনির হোসেন খুলনা মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনির হোসেনের কাছ থেকে একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক পরিবহনের কথা স্বীকার করেছে।’

তিনি আরো জানায়, আটক মনির হোসেনের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

চৌদ্দগ্রাম সীমান্তে ১৯ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা সীমান্তবর্তী এলাকায় শিশুসহ ১৯ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আটকদের মধ্যে ৯ জন নারী, ৯ জন পুরুষ ও একজন শিশু।

বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করে আমানগন্ডা বিওপি ক্যাম্পে নিয়ে আসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ বিষয়ে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ১০ বিওপি ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মোস্তফা জানান, আজ দুপুরে ১৯ জনকে সীমান্ত পিলার নং ২১০৪ সংলগ্ন এলাকা দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে তাদের হস্তান্তর করে।

জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ভবানীপুর নিউনিদিয়া বিএসএফ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার দীপংকর সাহার নেতৃত্বে বিএসএফ-এর একটি দল ও বর্ডার গার্ড বাংলাদেশের চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপি কমান্ডার মো. মোস্তফার নেতৃত্বে একটি দল পতাকা বৈঠকে অংশ নেয়। বিজিবির কাছে হস্তান্তর করা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে গিয়ে তারা দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তারা ভারতের বিভিন্ন কারাগারে সাজাও খেটেছেন।

নায়েক সুবেদার মো. মোস্তফা আরও জানান, আটকদের তথ্য, নাম ঠিকানা যাচাই করা হচ্ছে এবং যথাযথ প্রক্রিয়া শেষে তাদেরকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হবে।

মুরাদনগরে নিখোঁজের ৭দিন পর, গলায় পাথর বাঁধা অবস্থায় শিশু আদিবার লাশ উদ্ধার

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ৭দিন পর পুকুর থেকে গলায় পাথর বাঁধা অবস্থায় ছয় বছর বয়সী শিশু আদিবার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সিমানারপাড় গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

শিশুটির নাম আদিবা জাহান মীম (৬)। তিনি সিমানারপাড় গ্রামের আবু হানিফের মেয়ে। আবু হানিফ পেশায় একজন চাকুরীজীবী। গত শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির আশপাশেই খেলছিল। হঠাৎ সন্ধ্যার পর থেকে শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতভর শিশুটির স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দা হানিফ মিয়া পুকুর পাড়ে বাঁশ কাটতে গিয়ে শিশুটির লাশ দেখতে পায়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান।

স্থানীয়রা ধারণা করছেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে শিশুটির গলায় রশি পেঁচিয়ে, সেই রশি দিয়ে একটি বড় পাথর বেঁধে পুকুরে ফেলে দেয়া হয়েছে।

নিহত শিশু আদিবার বাবা আবু হানিফ জানান, আমি ঢাকায় চাকরি করার সুবাদে গ্রামের বাড়িতে মাঝেমধ্যে আসি। ঘটনার দিন আমি বাড়িতেই ছিলাম। বাড়িতে আসলে আদিবা সবসময় আমার সাথেই থাকে। কিন্তু শুক্রবার দুপুরে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় আদিবা কে আমার সাথে করে বাজারে নিয়ে যেতে পারিনি। বাড়ি ফিরে শুনি আদিবা খেলতে গিয়ে আর ঘরে ফিরেনি। তারপর থেকে তাকে আর খুঁজে পাইনি। যেই পুকুরটি থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেখানেও আমরা লোকজনকে পানিতে নামিয়ে খোঁজাখুঁজি করেছি। তখন সেখান থেকে কোন কিছুই পাওয়া যায়নি। আমি চাই আর কোন বাবার বুক যেন খালি না হয়। প্রশাসন যেন খুনীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বসুন্ধরার আই ব্লকে উদ্বোধন করা হলো ‘হেরিটেজ সুইটস’ এর ২য় শাখা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টান্ন সংস্কৃতিকে আধুনিকতার ছোঁয়ায় উপস্থাপনকারী প্রিমিয়াম ব্র্যান্ড হেরিটেজ সুইটস। বসুন্ধরা আবাসিক এলাকায় এর দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়েছে।

বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে অবস্থিত প্রথম শাখায় মিলেছে অসাধারণ সাড়া। বসুন্ধরায় নতুন এই শাখা উদ্বোধনের মাধ্যমে হেরিটেজ সুইটস আরও বৃহত্তর পরিসরে সুস্বাদু ও মানসম্মত মিষ্টান্নের পরিসর সম্প্রসারণ করলো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানভীর বসুন্ধরা গ্রুপ (এসবিজি) এর ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান। উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, গণমাধ্যম প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ।

উদ্বোধনী অনুষ্ঠানে সানভীর বসুন্ধরা গ্রুপের (এসবিজি) ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান প্রতিষ্ঠানটির শুভকামনা করে বলেন- হেরিটেজ সুইটস ভোক্তাদের পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুস্বাদু, মানসম্মত ও ঐতিহ্যবাহী মিষ্টান্ন সরবরাহ করছে। ইতোমধ্যেই ব্র্যান্ডটি ভোক্তাদের আস্থা ও সুনাম অর্জনে সফল হয়েছে। সকলের সহযোগিতায় হেরিটেজ সুইটসের এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আইসিসিবি এর প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন বলেন- মিষ্টি হাজার বছর ধরে বাংলার মানুষের ঘরে ঘরে আপ্যায়নের প্রথম ও অন্যতম খাদ্য উপকরণ। ‘হেরিটেজ সুইটস’ সবসময়ই বাংলার এই ঐতিহ্যেকে আধুনিক উপস্থাপনায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বসুন্ধরায় দ্বিতীয় আউটলেট উদ্বোধনের মাধ্যমে সেই প্রতিশ্রুতিকে আরও এক ধাপ এগিয়ে নিলাম। আমরা চাই প্রতিটি গ্রাহক যেন পান খাঁটি উপকরণে তৈরি নিরাপদ ও মানসম্মত মিষ্টি।”

আধুনিক সাজসজ্জা ও আরামদায়ক পরিবেশে গড়ে তোলা এই আউটলেট বসুন্ধরার আই ব্লক ও আশেপাশের বাসিন্দাদের জন্য হবে ঐতিহ্য, স্বাদ ও আনন্দের মিলনস্থল।

ঠিকানা: প্লট নং ১১১৩, রোড -১৭, ব্লক – আই, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।

কুমিল্লায় একদিনে ৩ জনের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তিন উপজেলা থেকে একদিনে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকেলের মধ্যে জেলার লাকসাম, লালমাই ও আদর্শ সদর উপজেলা থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজন যুবক ও একজন মাদরাসাছাত্র বলে জানা গেছে।

আদর্শ সদর উপজেলার ছত্রখিল পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে উপজেলার দুতিয়ার দিঘিরপাড় থেকে সামিউল বাসির (১১) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। সামিউল সদর দক্ষিণ উপজেলার আবু ইউসুফের ছেলে এবং দিঘিরপাড় এলাকার গাউছিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদরাসা ও এতিমখানায় লেখাপড়া করতেন।

সামিউলের স্বজনরা জানায়, ২৭ অক্টোবর দুপুরের পর থেকে তারা সামিউলের খোঁজ পাচ্ছিলেন না। এ নিয়ে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।

ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মমিরুল হক জানান, ‌বুধবার দুপুর আড়াইটার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সামিউলের মরদেহ উদ্ধার করা হয়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজীমুড়া উত্তরপাড়ায় নিখোঁজের তিনদিন পর সাব্বির হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে গাজীমুড়া বড় মসজিদের পাশের একটি পরিত্যক্ত আইসক্রিম কারখানার ভেতর থেকে দুর্গন্ধ আসছিল। আশপাশের লোকজন গন্ধের উৎস খুঁজতে গিয়ে কারখানার ভেতরে সাব্বিরের মরদেহ দেখে পুলিশকে খবর দেন। নিহত সাব্বির ওই এলাকার সৈয়দ আহমেদের ছেলে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে কীভাবে মৃত্যু হয়েছে।

অপরদিকে, সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

লাকসাম রেলওয়ে থানার (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে, ভোররাতের পর কোনো একসময় চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে। শরীর ও মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় যৌথ অভিযানে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে আলেখারচর আর্মি ক্যাম্পের সদস্যরা।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলেখারচর আর্মি ক্যাম্পের সদস্যরা নন্দনপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে সালমা আক্তার (৪২) নামে এক নারীকে আটক করা হয়। তিনি নন্দনপুর গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।

অভিযানে তার কাছ থেকে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৪৭ হাজার ১০০ টাকা নগদ উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক নারী ও উদ্ধার হওয়া মালামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় নথিপত্র সম্পন্ন করে সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চান্দিনায় সৎ মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শাহিন মুন্সি নামে এক যুবকের বিরুদ্ধে। গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতা হালিমা খাতুন (৩৪) সব্দলপুর গ্রামের এমদাদুল হক মুন্সির (৭৫) দ্বিতীয় স্ত্রী। গতকাল বুধবার গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আজ বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভিযুক্ত শাহিন মুন্সি মৃতার সৎ ছেলে এবং এমদাদুল হক মুন্সির চতুর্থ ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এমদাদুল হক মুন্সির প্রথম স্ত্রী মারা যান প্রায় তিন বছর আগে। তার চার ছেলে ও তিন মেয়ে রয়েছে। যারা সবাই বিবাহিত এবং চার ছেলে সৌদি আরব প্রবাসী। ছোট ছেলে শাহিন মুন্সি প্রায় আট মাস আগে দেশে ফেরেন। দুই মাস আগে এমদাদুল হক মুন্সি দাউদকান্দি উপজেলার জয়নগর গ্রামের হালিমা খাতুনকে বিয়ে করেন।

এমদাদুল হক মুন্সি জানান, ‘গতকাল বুধবার রাত ১১টার দিকে আমি শৌচাগারে যাই। তখন আমার স্ত্রী ঘুমিয়ে ছিলেন, পাশের কক্ষে ছোট ছেলে শাহিন ছিল। ঘরে ফিরে দেখি স্ত্রী রক্তাক্ত অবস্থায় বিছানায় কাতরাচ্ছেন। চিৎকার দিলে পুত্রবধূসহ আশপাশের লোকজন ছুটে আসে। পরে অ্যাম্বুল্যান্সে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তৃতীয় পুত্রবধূ শিরিনা আক্তার জানান, ‘আমরা অন্য ঘরে ঘুমাচ্ছিলাম। শ্বশুরের চিৎকার শুনে ছুটে এসে দেখি শাহিন ঘর থেকে বের হয়ে যাচ্ছে, শ্বশুর কান্নাকাটি করছেন। সৎ শাশুড়ি তখন রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে ছিলেন।’

বাতাঘাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ বলেন, ‘এমদাদুল হক মুন্সি আমার ঘনিষ্ঠ আত্মীয়। দ্বিতীয় বিয়েতে পরিবারের কারোর আপত্তি ছিল না। কী কারণে শাহিন সৎ মাকে হত্যা করেছে, তা কেউ বলতে পারছে না। ঘটনার পর সে পালিয়ে যায়।’

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানায়, মৃতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বামী এমদাদুল হক মুন্সি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন মুন্সির ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

আমাদের দেশে যত বড় নেতা, তত বেশি দুর্নীতিগ্রস্ত: মিজানুর রহমান আজহারী

ডেস্ক রিপোর্ট:

জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী বলেন, আমাদের দেশে যত বড় নেতা, দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত, তত বেশি টাকা পাচারের রেকর্ডও তার নামে থাকে। যেখানে নেতাদের আমানতদার হওয়া উচিত, সেখানে সেই গুণাবলি কমে গেছে।

বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে মিনার কর্তৃক আয়োজিত সীরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজহারী বলেন, নেতা বলতে অন্যকে প্রভাবিত ও ম্যানেজ করার ক্ষমতাকেই বোঝায়। আমাদের সমাজে বা রাষ্ট্রের সমস্যার মূল কারণ হচ্ছে অদক্ষ নেতৃত্ব। যদি যথাযথ নেতৃত্ব তৈরি করা যেত, তবে এসব সমস্যা হতো না। আমাদের দেশে অনেক কিছু পরিবর্তন করতে হবে।

তিনি আরও বলেন, এই নতুন বাংলাদেশে একটি চমৎকার সময় এসেছে, আর ৫৪ বছরেরও আমরা এই সুযোগ পাব না। এজন্য আমাদের উচিত রাসূল (সা.)-এর জীবন থেকে শিক্ষা নেওয়া। আমাদের নেতাদের আমানতদার হতে হবে এবং নেতাকে আস্থার জায়গা তৈরি করতে হবে।

আজহারী রাসূল (সা.)-এর জীবনের উদাহরণ টেনে বলেন, নবুয়ত প্রাপ্তির আগে নবীজি (সা.) ব্যবসায় সততা ও আমানতদারিত্বের মাধ্যমে বিশ্বস্ততা অর্জন করেছিলেন। খাদিজা (রা.)-র সঙ্গে পার্টনারশিপে কাজের সময় এই গুণাবলি প্রদর্শিত হয়েছিল। তিনি বলেন, নেতাদেরও এমন সততা ও আমানতদার হতে হবে।

মাহফিলের সঞ্চালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবির আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের। প্রধান অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন।

মাহফিলে বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, আরবি বিভাগের সভাপতি গিয়াস উদ্দীন তালুকদার, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুমতাজ উদ্দীন কাদেরী, অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হক, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, মিনারের সভাপতি মোহাম্মদ আলী ও সহসভাপতি মোহাম্মদ পারভেজ।