All posts by jitu

লন্ডনের উদ্দেশ্যে রওনা হলেন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের সভাপতি এবং সিনিয়র সহ-সভাপতি

স্টাফ রিপোর্টার:

আগামী ১-২ নভেম্বর ২০২৫ লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করবে ১৬টি দেশ এবং ৭ শতের অধিক খেলোয়াড়।

যেখানে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করবেন কুমিল্লার দুই কৃতিসন্তান মোফাজ্জল মাহিন চৌধুরী খেলোয়াড় হিসেবে এবং কামাল উদ্দিন আহমেদ ম্যানেজার এবং টিম স্পন্সর হিসেবে।

উক্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সার্বিক সহযোগিতায় ছিল ভিভাসিটি ফুডকোর্ট।

বর্ণাঢ্য শোভাযাত্রায় দাউদকান্দিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা হাতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এবং দাউদকান্দি বিশ্বরোড থেকে বের করা হয়।

শোভাযাত্রাটি পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দাউদকান্দি শহিদ রিফাত পার্কে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি সাহাব উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভুইয়া, দাউদকান্দি যুবদলের আহবায়ক মোঃ শাহ আলম, সদস্য সচিব রোমান খন্দকার, যুগ্ম আহবায়ক রুহুল আমিন, সেলিম হাজারী, আহসান হাবিব হাসান, আরিফ খন্দকার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান লিমন খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রযাত্রার প্রতীক। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের সকল ইউনিট কমিটির নেতৃবৃন্দ ড. খন্দকার মোশাররফ হোসেন ও খন্দকার মারুফ হোসেনের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়েছেন।

নেতৃবৃন্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটস’-এর ৪র্থ সংখ্যা প্রকাশ

স্টাফ রিপোর্টার:

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)-এর ইংরেজি বিভাগ থেকে প্রকাশিত গবেষণাধর্মী সাময়িকী ‘ক্রিটিক্যাল ইনসাইটস’-এর চতুর্থ সংখ্যা বের হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের অফিসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এর মোড়ক উন্মোচন করা হয়।

প্রতিবছর শরৎকালে প্রকাশিত এই সাময়িকীতে ইংরেজি সাহিত্য, ভাষাতত্ত্ব, ইংরেজি ভাষা শিক্ষা, সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক মৌলিক গবেষণা নিবন্ধ প্রকাশ করা হয়। সর্বশেষ সংখ্যাটিতে দেশি ও বিদেশি বিশিষ্ট গবেষকদের প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে যা এই সাময়িকীর ক্রমবর্ধমান একাডেমিক মর্যাদার প্রতিফলন।

অনুষ্ঠানে সাময়িকীর সম্পাদক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গোলাম সারওয়ার চৌধুরী গবেষক ও পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি আরও বিস্তৃত পাঠকগোষ্ঠীর কাছে পৌঁছানোর লক্ষ্যে সাময়িকীকে অনলাইনে প্রকাশের পরিকল্পনার কথা জানান।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সাময়িকীর উপদেষ্টা ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি, আশা প্রকাশ করেন যে ‘ক্রিটিক্যাল ইনসাইটস’ শিগগিরই একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণাপত্রে পরিণত হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষকদের জন্য মূল্যবান উৎস হিসেবে কাজ করবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সাময়িকীর প্রকাশক ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি, একাডেমিক গবেষণাকে সমাজ পরিবর্তন ও জ্ঞানচর্চার প্রসারের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গবেষণার উদ্দেশ্য শুধু বিশ্ববিদ্যালয়ের সীমায় আবদ্ধ থাকা নয়; বরং তা সমাজের সার্বিক উন্নয়ন ও মানবিক বোধের বিকাশে অবদান রাখা।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী সম্পাদক সামি হোসেন চিশতি, সম্পাদকীয় বোর্ডের সদস্য দিলীপ কুমার সরকার এবং ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিয়া ইসলাম।

২০২২ সালে যাত্রা শুরুর পর থেকে ‘ক্রিটিক্যাল ইনসাইটস’ নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে যা বিশ্ববিদ্যালয়টির একাডেমিক উৎকর্ষ ও গবেষণাধর্মী চর্চার ধারাবাহিকতার বহিঃপ্রকাশ।

৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে ৩০০ সংসদীয় আসনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, আমরা আজ চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি। মোট ৬৪টি জেলার ৩০০টি সংসদীয় আসনে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬১টি। কক্ষের হিসাবে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট কক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।

তিনি জানায়, অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। একটি ভোটকক্ষে গড়ে ৩ হাজার ভোটার থাকবেন। এটি ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে ধরা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনে এই সংখ্যা সামঞ্জস্য করা হবে।

খেলায় মারধরের ঘটনায় মার্কেটিং বিভাগকে বহিষ্কারের দাবি

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে মারধরের ঘটনায় মার্কেটিং বিভাগকে ৫ বছরের জন্য বহিষ্কার এবং হামলার সম্পৃক্ততার অভিযোগ এনে ৮ শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি জানিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (২৬ অক্টোবর ২০২৫) ক্রীড়া পরিচালক কমিটির আহ্বায়ক বরাবর এক অভিযোগ পত্রে প্রত্নতত্ত্ব বিভাগের সাধারণ শিক্ষার্থীরা এ দাবি জানায়।

অভিযোগ পত্রে বলা হয়, গত ২৩ অক্টোবর প্রত্নতত্ত্ব বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যে কোয়ার্টার ফাইনাল খেলার দ্বিতীয়ার্ধে দর্শকসারি থেকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাফায়েত (১৪তম ব্যাচ) মাঠে নেমে এসে গোলকিপার হাসমতের ওপর অতর্কিত হামলা চালান। এক পর্যায়ে তার সাথে যুক্ত হন মার্কেটিং দলের ক্যাপ্টেন মুজিব (মার্কেটিং ১৪তম আবর্তন)। তিনিও কিল-ঘুসি মারতে থাকেন।

অভিযোগ পত্রে আরও বলা হয়, প্রত্নতত্ত্ব বিভাগের খেলোয়াড় বরকত (প্রত্নতত্ত্ব ১৯তম আবর্তন) তাদের থামানোর চেষ্টা করলে পেছন থেকে মার্কেটিং দলের খেলোয়াড় শাফিন (মার্কেটিং ১৬তম আবর্তন) তাকে মাথায় আঘাত করেন। গোলকিপার হাসমত সেখান থেকে বাঁচার চেষ্টা করলে মার্কেটিং বিভাগের খেলোয়াড় ইসনাত (মার্কেটিং ১৫তম আবর্তন) তাকে দৌড়ে এসে লাথি মারেন এবং তার সাথে যোগ দেন মার্কেটিং এর দর্শক হৃদয় (মার্কেটিং ১৯তম আবর্তন) এবং মাহবুব (মার্কেটিং ১৬তম আবর্তন), শাফিন (মার্কেটিং ১৬তম আবর্তন), ইসনাত (মার্কেটিং ১৫তম আবর্তন), সাব্বির (মার্কেটিং ১৬তম আবর্তন) মারধর করে মাটিতে ফেলে দেন। মাটিতে পড়ার পরও ক্যাপ্টেন মুজিব (মার্কেটিং ১৪তম আবর্তন) ও সৌরভ (মার্কেটিং ১৮তম আবর্তন) তাকে অনবরত বুট দিয়ে মাথা, পিঠ ও পায়ে আঘাত করতে থাকেন। পরবর্তীতে হাসমত (প্রত্নতত্ত্ব ১৮তম আবর্তন) ও বরকত (প্রত্নতত্ত্ব ১৯তম আবর্তন) কে বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বুলেন্সযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল নেয়া হয় এবং সেখানের কর্তব্যরত ডাক্তারের পরামর্শে অধিকতর চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেলে স্থানান্তর করা হয়।

প্রত্নতত্ত্ব বিভাগের অধিনায়ক শাহিনুল ইসলাম গালিব বলেন, খেলার মধ্যে প্লেয়ারদের মধ্যে বাকবিতন্ডা হবেই সেখানে মাঠ থেকে দর্শক নেমে প্লেয়ারকে হিট করা এটা কোনো ভাবেই কাম্য নয়। ওই দলের প্লেয়ার থেকে শুরু করে দর্শক সবাই রীতিমতো আমাদের প্লেয়ারদের মারছে। ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। এগুলো উল্লেখ করে প্রশাসনের কাছে শাস্তির জন্য আবেদন জানাইছি বিশেষ করে শাফায়েত, শাফিন, হৃদয় ১৯ ব্যাচ, এক কথায় মোস্ট জুনিয়র থেকে সিনিয়র ব্যাচের সবাই রীতিমতো মারছে আমাদেরকে। আমাদের বিভাগের কোনো প্লেয়ারই কারো গায়ে হাত তুলে নাই।

এ বিষয়ে ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. সোহরাব উদ্দিন বলেন, মাঠের ঝামেলা নিয়ে তারা আবেদন করেছে আমরা সেই চিঠিটা গ্রহন করেছি। ক্রীড়া কমিটি খেলা পরিচালনা করে কিন্তু মাঠে শৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটেছে এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কমিটি গঠন করা হবে। মাঠের যে ঘটনা ঘটেছে সেটা এভিডিয়েন্স দিয়ে কমিটি আমাদেরকে রিপোর্ট দিবে সেই অনুযায়ী প্রশাসন কাজ করবে।

স্থগিত হওয়া খেলা কবে চালু হবে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উক্ত সমস্যার সমাধান দ্রুত সময়ে করেই আমরা বাকি খেলা শুরু করবো।

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে পুরুষের সঙ্গে নারীরাও মাঠে

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলে ভয়াবহ সংঘর্ষ। এ সংঘর্ষে নারীরাও সরাসরি অংশ নেন— কেউ ইটপাটকেল ছুড়েছেন, কেউ আহতদের পানি খাইয়েছেন, আবার কেউ পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে আক্রমণ চালিয়েছেন।

সংঘর্ষের এসব দৃশ্যের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়, যা এখন স্থানীয় ও জাতীয় পর্যায়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিরামপুর গ্রামের হারুন মিয়া ও সাচ্চু মিয়া পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধ চলে আসছিল। সম্প্রতি জুয়া খেলার ২০০ টাকা নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, যা সামাজিকভাবে মীমাংসা করা হয়েছিল।

কিন্তু শুক্রবার (২৪ অক্টোবর) রাতে প্রয়াত হাসিম মিয়ার শতবর্ষী স্ত্রী বিবি বেগম মারা গেলে মায়ের দাফনকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়।

শনিবার সকালে ওই বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। দুইপক্ষের শতাধিক মানুষ দেশীয় অস্ত্র, লাঠিসোটা, দা, কাঁচি, ক্রিকেট প্যাড এমনকি হেলমেট পরে সংঘর্ষে অংশ নেয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, সংঘর্ষের সময় গায়ে বুলেটপ্রুফ জ্যাকেটসদৃশ পোশাক, মাথায় হেলমেট, পায়ে ক্রিকেট প্যাড পরে দা হাতে একদল যুবক এগিয়ে যায়। কেউ ককটেল বিস্ফোরণ ঘটায়, কেউ ইটপাটকেল নিক্ষেপ করে, আবার কেউ ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ সময় কিছু নারীকে সংঘর্ষরত পুরুষদের পাশে থেকে পানি দিতে, আবার কাউকে নিজ হাতে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে এ ধরনের একাধিক দৃশ্য দেখা যায়। অনেকে মন্তব্য করেছেন—‘এ যেন সিনেমার দৃশ্য!’

এই সহিংসতায় সাচ্চু মিয়া পক্ষের নাসির উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হন। আহত হয়েছেন অন্তত ২০ জন। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বহু মানুষ পরিবার-পরিজন নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। কয়েকটি বাড়িঘরেও লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গ্রামের প্রবীণ ব্যক্তি নূরুল ইসলাম বলেন, আমরা এমন সংঘর্ষ জীবনে দেখিনি। নারী-পুরুষ সবাই একসাথে লড়ছে—এ যেন এক অমানবিক দৃশ্য।

এদিকে সচেতন মহল প্রশাসনের কাছে সংঘর্ষের পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তারা বলেন, নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হলে এমন সহিংসতা রোধ করা সম্ভব।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৮ বছর ধরে একই কর্মস্থলে ইউপি সচিব মনির হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন পরিষদে কর্মরত সচিব মনির হোসেন দীর্ঘ ২৮ বছর ধরে একই কর্মস্থলে রয়েছেন। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে সে নিজের খেয়াল খুশিমতো অফিসে আসা যাওয়া, বিভিন্ন অযুহাতে নাগরিক সেবায় হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়, উন্নয়ন প্রকল্পে ইউপি সদস্যদের স্বাক্ষর জালিয়াতি, ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা উত্তোলন সহ তার বিরুদ্ধে রয়েছে অনেক অভিযোগ। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার সুবাদে সে গড়ে তুলেছেন নিজস্ব চক্র।

জানা গেছে কুমিল্লা সদর মোঘলটুলির গাংচর এলাকার বাসিন্দা হামিদ আলীর সন্তান মোঃ মনির হোসেন ১৯৯৭ সালে জেলার দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়ন পরিষদে সচিব হিসেবে প্রথম যোগদান করেন। সেখান থেকে ১৯৯৮ সালের শেষের দিকে বাতিসা ইউনিয়ন পরিষদে যোগ দেন। ওই সময় থেকে অদ্যবদি পর্যন্ত বিগত ২৮ বছর সে বাতিসা ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এর মাঝে ২০১৭ সালে একবার বদলি হয়ে একই উপজেলার ঘোলপাশা ইউনিয়ন পরিষদে যোগদান করলেও মাত্র ৬ মাস পরেই আবার তার পছন্দের কর্মস্হল বাতিসায় ফিরে আসেন।

টানা ২৮ বছরে সচিব মনির হোসেন কাজ করেছেন ৫ জন চেয়ারম্যান যথাক্রমে মীর হোসেন মীরু, রেজাউল হক খোকন, জাহিদ হোসেন টিপু (২ সেশন), কাজী ফখরুল আলম ফরহাদ ও প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনের সাথে। তবে তার বিরুদ্ধে স্বেচ্ছাচারীতার অভিযোগ বিগত আওয়ামী শাসনামল থেকে। আওয়ামীলীগের ১৭ বছরে চরম স্বেচ্ছাচারীতা করা এই সচিব জুলাই অভ্যুত্থানের পরও বহাল তবিয়তে থাকায় ক্ষোভে ফোঁসে উঠেছে স্হানীয় অনেক বাসিন্দা। তার বহু অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রমাণ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে অনেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে। নাগরিক সেবায় আগের মতোই হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ফেসবুকে ক্ষোভ ঝাড়ছেন ভুক্তভোগীরা। সম্প্রতি জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ দাবী করা নিয়ে সেবা প্রত্যাশীর সাথে বাকবিতন্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, জন্ম নিবন্ধন ফি ৩০০ টাকা দাবী করেন এই সচিব। ওই পোস্টে শত শত মানুষ তাদের মন্তব্যে বিভিন্ন সময়ে হয়রানি ও অতিরিক্ত অর্থ প্রদানের কথা তুলে ধরেন।

ইউনিয়নের অধিকাংশ মানুষের প্রশ্ন একই কর্মস্থলে কোন অদৃশ্য বলে কীভাবে ২৮ বছর এই সচিব বহাল আছেন। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার সুযোগে সব রাজনৈতিক দলের নেতা ও প্রভাবশালীদের সাথে সে গড়ে তুলেছেন সখ্যতা। তাই সরকার পাল্টালেও শত অভিযোগেও নড়েনা সচিব মনির হোসেনের চেয়ার।

অভিযোগের বিষয়ে সচিব মনির হোসেন বলেন, ফেইজবুকে ‘ছড়িয়ে পড়া ভিডিওটি পুরনো। বিগত ১৭ বছরে দলীয় চেয়ারম্যানদের নির্ধারিত ফি নেয়া হয়েছে। তখন চেয়ারম্যানরাই নির্ধারণ করে দিতো কোন সেবায় কতো নিবে। সে সময় সরকার নির্ধারিত নাগরিক সেবা ফি নেয়া হতো না।’

ইউপি সচিব মনির হোসেনের বিরুদ্ধে স্হানীয় নাগরিকদের অভিযোগের ব্যাপারে প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, এ বিষয়ে আমার কাছে কেউ লিখিত অভিযোগ দেয়নি, তবে জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ অন্যান্য কাজে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারে মাঝেমাঝে কিছু অভিযোগ আসলে অতিরিক্ত টাকা না নিতে আমি নিষেধ করি। একই কর্মস্থলে দীর্ঘ দিন চাকরির বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের সিদ্ধান্তের এখতিয়ার।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন বলেন, তার ব্যাপারে স্হানীয় নাগরিকদের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ লিখুত অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্হা নেয়া হবে। আর কোন সরকারি কর্মকর্তা-কর্মচারী একই কর্মস্থলে টানা ২৮ বছর দায়িত্বে থাকার সুযোগ নেই। বিষয়টি আমি খতিয়ে দেখবো।

তিতাসে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ ৪ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা তিতাস উপজেলায় সেনাবাহিনী নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে।

দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৬ অক্টোবর যৌথ বাহিনী ও তিতাস থানা পুলিশ তিতাস উপজেলার শাহপুর এলাকায় অভিযান পরিচলনা করা হয়।

উক্ত অভিযানে অস্ত্রধারী নাজিয়া সুলতানা (২৭), ময়না (৩২), ফারজানা (২৮) এবং শান্তি রানীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ টি রিভলবার, ৩ টি স্থানীয় বন্দুক, ৩ টি বড় ছুরি, ১ টি সুইচগিয়ার, ১ টি ছোট কুঠার এবং ১০ টি কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত সরঞ্জামাদী তিতাস থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

গুলশানে ডাক পেলেন দেবিদ্বারের ৫ নেতা

সোহরাব হোসেন, দেবিদ্বার:

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৫ নেতা ডাক পেলেন গুলশানে। মনোনয়ন প্রত্যাশী সকলের সাথেই সরাসরি কথা বলবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ধারণা করা হচ্ছে এ বৈঠকের পর শুরু হতে পারে মনোনয়ন পাওয়া প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার কাজ। চলতি মাসের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই সংকেত পাবেন প্রার্থীরা।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে ডাক পেলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদলে সাবেক সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আউয়াল খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সী ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট রেহানা পারভীন।

কুমিল্লা-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান বলেন, বিএনপি একটি বড় দল, প্রতিটি আসনেই দলের ৪-৫জন করে যোগ্য মনোনয়ন প্রত্যাশী রয়েছে। দল যাকেই মনোনয়ন দিবে ওই প্রার্থীর পক্ষেই যেন ঐক্যবদ্ধ হয়ে সকলে কাজ করেন। আজকের বৈঠকে এ ধরনের নির্দেশনা আসতে পারে।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সী বলেন, আজকের সন্ধ্যা ৬টায় গুলশান কার্যালয়ে দেবিদ্বার থেকে ৫জন ডাক পেয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালী সবার সাথে কথা বলবেন।
এ ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, কুমিল্লা-৪ থেকে ৫জন বৈঠকে ডাক পেয়েছেন। আমাদের মনে হচ্ছে আজকের বৈঠকে সুষ্ঠু নির্বাচন ও দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলবেন। এছাড়া আর কি বিষয়ে আলোচনা হবে এই মুহুর্তে বলা যাচ্ছে না।

‎ব্রাহ্মণপাড়ায় শিদলাই ইউপি চেয়ারম্যানের দূর্দশীতায় ৩ চোর হাতেনাতে ধরা

‎মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া:

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর দীর্ঘদিন যাবৎ প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী বিভিন্ন সভা ও সমাবেশ করে আসছেন। এলাকায় মাদক ও চুরি রোধে বিভিন্ন ওয়ার্ডে কমিটি গঠন করা হয়।

গত (২০ অক্টোবর) সোমবার মধ্য বেড়াখলা গ্রামে একটি চুরি সংগঠিত হয়, এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনার পর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত (২৫ অক্টোবর) শনিবার রাতে পূর্ব পোমকাড়া গ্রামে ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে অভিযান করে চোর চক্রের ৩ সদস্যকে স্বর্ণ, চুরির সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়।

পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে চুরির সরঞ্জামসহ থানায় নিয়ে যায়।

রবিবার সকালে তাদের বিরুদ্ধে মামলা হলে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়। আটককৃতরা হলো- পূর্ব পোমকাড়া গ্রামের মৃত মঞ্জুর আলীর ছেলে জমির হোসেন (৩৫), মৃত মোনাফ মিয়ার ছেলে মোঃ সবুজ মিয়া (৩০), মৃত আব্দুল আলীম এর ছেলে আরিফুল ইসলাম আওলাদ (২৫)।

এবিষয়ে শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর বলেন, মাদক ও চুরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হয়েছে। হয় এলাকায় মাদক ও চোর থাকবে না হয় আমি থাকবো। মাদক ও চুরির বিরুদ্ধে কোন আপোষ নেই। আগামীতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।