All posts by jitu

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নিয়ম জারি করল সৌদি

ডেস্ক রিপোর্ট:

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। এখন থেকে ওমরাহ পালন করতে যাওয়ার আগে যাত্রীদের বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট ক্রয় করতে হবে।

সব দেশ ও সব ধরনের ভিসাধারীর ক্ষেত্রেই এ নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে- গত সপ্তাহে সাঈদ মিরান নামে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ওমরার জন্য সৌদি আরবে যাওয়ার উদ্দেশে দুবাই বিমানবন্দরে যান। কিন্তু তাকে বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে থামিয়ে দেয়া হয় এবং রিটার্ন টিকিট দেখাতে বলা হয়।

মিরান জানায়, তার ওমরাহ ভিসা আছে এবং তিনি মক্কায় কয়েকদিন অবস্থান করবেন। এরপর যদি সময়সূচি মেলে তাহলে মদিনাতেও যাবেন। এজন্য তিনি রিটার্ন টিকিট কাটেননি। কিন্তু দুবাই বিমানবন্দরে তাকে জানানো হয়, রিটার্ন টিকিট আগেই কাটতে হবে।

মিরানের কথায়, ‘আমি ভেবেছিলাম মদিনাতে কয়েকদিন থেকে এরপর ফিরে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেব। কিন্তু আমি যখন চেক-ইনে গেলাম, তারা জানালো- রিটার্ন টিকিট না কাটা পর্যন্ত আমাকে বোর্ডিং পাস দেওয়া হবে না। তখন কাউন্টার বন্ধ হওয়ার সময়। হাতে মাত্র কয়েক মিনিট সময় আছে। এরপর অনলাইনে রিটার্ন টিকিট কাটতে আমার আধা ঘণ্টা সময় লাগলো। তারপর আমাকে চেক-ইন দেওয়া হলো।’

প্রতিবেদন মতে, আমিরাতের ট্রাভেল অপারেটররা জানিয়েছেন, এয়ারলাইনস ও সৌদি কর্তৃপক্ষ ওমরাহ যাত্রীদের ভ্রমণের তারিখ সম্পর্কে নিশ্চিত হতে নিয়মে কড়াকড়ি আরোপ করেছে।

তারা বলেছেন, সব ধরনের ভিসা এবং সব দেশের নাগরিকের জন্যই রিটার্ন টিকিটি বাধ্যতামূলক করা হয়েছে।

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১০ মাসে ১১০ কোটি টাকার পণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ১১০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি-৬০ ব্যাটালিয়ন। এসব পণ্যের মধ্যে মাদকদ্রব্য ছাড়াও শাড়ি, থ্রিপিস, মোবাইল ফোনের ডিসপ্লে, কসমেটিকস, ওষুধসহ বিভিন্ন ভারতীয় পণ্য রয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর বিজিবি- ৬০ ব্যাটালিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কিছু অংশ, কসবা উপজেলা, কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা সীমান্তের দায়িত্বে রয়েছেন। গত ১০ মাসে ওইসব সীমান্ত থেকে ১৩০ জনকে আটক করা হয়।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানায়, সীমান্ত এলাকা থেকে এক কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় শাড়ি ও থ্রিপিস এবং চার কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার মূল্যের ভারতীয় চশমা জব্দ করা হয়। উদ্ধার করা মালামাল কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরো জানান, ‘সীমান্তে এখন মানব পাচার একদমই হয় না। যেসব চোরাচালান পণ্য আসছে সেগুলো বিজিবির হাতে ধরা পড়ছে। ১০ মাসে ১১০ কোটি টাকা চোরাচালান পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে বিজিবি। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে’

সাবেক মন্ত্রী এম.কে আনোয়ারের ৮ম মৃত্যু বার্ষিকীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের শ্রদ্ধাঞ্জলি

রাসেল আহমেদ, হোমনা:

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম এম.কে আনোয়ারের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকার।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মরহুম এমকে আনোয়ারের হোমনা বাসভবনে অবস্থিত মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন মনোয়ার সরকার।

এরপর তিনি মরহুমের কবর জিয়ারত করেন ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

এসময় তিনি বলেন, মরহুম এম.কে আনোয়ার ছিলেন হোমনা-মেঘনা-তিতাসের উন্নয়নের রুপকার। তিনি সারা বাংলার গর্ব এবং মাটি মানুষের নেতা। তিনি তার অসাধারণ গুণাবলি ও ব্যক্তিত্বের মাধ্যমে এখনো আমাদের মাঝে চীর অম্লান হয়ে আছেন। আমরা তার ন্যায়, নীতি ও আদর্শে উজ্জীবিত হয়ে নিজেদের কে আরো উদ্ধুদ্ধ করতে চাই। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি ও তার জন্য দোয়া করি।

এরপর তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে মরহুম এম.কে আনোয়ারের পরিবারবর্গের আয়োজনে মিলাদ, মাহফিল ও দোয়ায় অংশ গ্রহণ করেন।

চৌদ্দগ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগে যুবককে নির্যাতনের পর মাথা ন্যাড়া, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক যুবককে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

নির্যাতনের শিকার যুবকের পরিবারের দাবি, ষড়যন্ত্র করে তাঁকে নির্যাতন করা হয়েছে। পরিকল্পিতভাবে তাঁকে মারধর করে পরে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে বুধবার সন্ধ্যা সাতটায় উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে ওই যুবককে নির্যাতন করা হয়।

এ ঘটনার আগে গত মঙ্গলবার রাতে চৌদ্দগ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ে। ওই নারীকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য মারধর করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ওই ঘটনার পরদিন স্থানীয়ভাবে সালিস বৈঠক বসে। সেখানে নির্যাতনের শিকার নারীকে অন্য এক পুরুষের সঙ্গে বিয়ে দেওয়া হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরা এক যুবককে লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে। কয়েকজন মিলে তাঁকে খাটের ওপর ফেলে লাথি মারছেন। পাশে এক নারী তাঁর শিশুসন্তান কোলে নিয়ে চিৎকার করছেন। নির্যাতনের শিকার যুবক বারবার বাঁচার আকুতি জানাচ্ছেন; কিন্তু নির্যাতনকারীরা থামছেন না।

খোঁজ নিয়ে জানা যায়, নির্যাতনের শিকার যুবকের নাম মনছুর মিয়া (৩৫)। তিনি শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামের হাফেজ আহমেদের ছেলে। পেশায় কাঠমিস্ত্রি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রবাসীর বাড়িতে কাঠের কাজ করতে গিয়ে ওই নারীর সঙ্গে মনছুরের পরিচয় হয়। বুধবার সন্ধ্যায় তিনি প্রবাসীর বাড়িতে গেলে স্থানীয় লোকজন তাঁকে ধরে নির্যাতন শুরু করেন। বিষয়টি জানতে পেরে প্রবাসী ভিডিও কলে এসে স্ত্রীকে তালাক দেন। পরদিনই তিনি দেশে ফেরেন।

তবে পুরো ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন মনছুর মিয়া। তিনি বলেন, ‘আমি প্রবাসীর ঘরে কাজ করতে গিয়ে ওই নারীর সঙ্গে পরিচয় হয়; কিন্তু বুধবার সন্ধ্যায় কাজের বাকি টাকা আনতে গেলে উনকোট গ্রামের নাছির ও সজীবের নেতৃত্বে কিছু লোক আমাকে আটক করে মিথ্যা অভিযোগে মারধর করেন। তাঁরা আমাকে মারধর করেছেন; নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দিয়েছেন। পরে ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেন। আমি ষড়যন্ত্রের শিকার।’

মনছুরের বাবা হাফেজ আহমেদ বলেন, তাঁর ছেলে ঘরের কাজের টাকার জন্য গিয়েছিল। তারা ষড়যন্ত্র করে তাকে আটক করে অমানবিক নির্যাতন করেছে। তিনি এ ঘটনার বিচার চান।

এ বিষয়ে অভিযুক্ত প্রবাসী ও তাঁর স্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনায় জড়িত অন্যরা এলাকা ছেড়ে পালিয়ে আছেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের নজরে এসেছে। নির্যাতনের শিকার যুবক থানায় কোনো অভিযোগ করেননি। তবে আমরা চেষ্টা করছি, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের।’

কুবিতে ফুটবল খেলায় সংঘর্ষ, আহত প্রত্নতত্ত্বের শিক্ষার্থী

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় প্রত্নতত্ত্ব ও মার্কেটিং বিভাগের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে এ ঘটনা ঘটে। পরবর্তীতে খেলার ফলাফল ছাড়াই গোল শূন্য ম্যাচটি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটি স্থগিত করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ম্যাচ চলাকালীন গোলকিপারের বল ধরাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মার্কেটিং বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী শাফায়াত রহমান মাঠের বাইরে থেকে দৌড়ে এসে প্রত্নতত্ত্ব বিভাগের গোলকিপার হাসমত আলীর ওপর আক্রমণ করেন। এতে মাঠে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং দুই বিভাগের খেলোয়াড় ও দর্শকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

তারা আরও বলেন, নিয়মবহির্ভূতভাবে শাফায়েত যদি মাঠে প্রবেশ না করতেন এবং খেলোয়াড়দের আঘাত না করতেন, তবে এমন সংঘর্ষ হতো না।

এর আগে প্রথমার্ধে একটি ফাউলকে কেন্দ্র করে প্রত্নতত্ত্ব বিভাগের অধিনায়ক শাহিনুল ইসলাম গালিব ও মার্কেটিং বিভাগের অধিনায়ক মুজিবুর রহমানের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয় এবং খেলা কিছু সময় বন্ধ থাকে। পরে ক্রীড়া কমিটি ও উপস্থিত শিক্ষকরা বিষয়টি মীমাংসা করেন ও পুনরায় খেলা শুরু হয়।

এ ঘটনায় প্রত্নতত্ত্ব বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসমত আলী এবং ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বরকত উল্লাহ আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত শিক্ষার্থী হাসমত আলী বলেন, “আমি বল ধরার পর হঠাৎ কয়েকজন আমাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই মাঠের বাইরে থেকে এসে এক শিক্ষার্থী আমাকে মারতে শুরু করে।”
আরেক আহত শিক্ষার্থী বরকত উল্লাহ বলেন, “পরিস্থিতি সামলাতে গেলে আমাকেও মারধর করা হয়। মাথায় একাধিক ঘুষি মারা হয়। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের অধিনায়ক শাহিনুল ইসলাম গালিব বলেন, “আমরা প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে হামলাকারীর বিরুদ্ধে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেব। এছাড়া খেলার ফলাফল বিষয়ে ক্রীড়া কমিটির ঘোষিত সিদ্ধান্তকে মেনে নেব।”

মার্কেটিং বিভাগের অধিনায়ক মুজিবুর রহমান বলেন, “খেলা শুরুর পর থেকেই প্রত্নতত্ত্ব বিভাগের খেলোয়াড়রা আক্রমণাত্মক আচরণ করছিল। দ্বিতীয়ার্ধে ফাউল নিয়ে তর্কের সময় দুই দলের দর্শক ও খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।”

তিনি আরও বলেন, “যেহেতু মাঠে খেলোয়াড়রা কোনো ধরনের ঝামেলায় যুক্ত ছিলো না তাই পুরো ঘটনার দায়ভার কোনোভাবেই টিমের নয়”

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে আজকের বাকি খেলা স্থগিত করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ বিষয়ে অভিযুক্ত শাফায়েত রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি ফোন কল রিসিভ করেননি।

গভীর রাতে চাঁদপুরে স্বামী-স্ত্রীকে মারধর ও জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

মাসুদ হোসেন, চাঁদপুর:

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে এক প্রবাসীর বাসায় গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে ইউনিয়নের কুমারডুগি খান বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮ থেকে ১০ জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে। প্রথমে তারা গেটের তালা ভেঙে অন্য ডাকাতদের ঢোকার সুযোগ করে দেয়। এরপর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাপক মারধর চালায় এবং বাড়ির প্রতিটি রুম তন্ন তন্ন করে তল্লাশি চালায়। ডাকাতরা আলমারি ও লকার ভেঙে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা এবং বিদেশি মুদ্রা বাংলাদেশী টাকায় প্রায় আড়াই লাখ টাকাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী পরিবারের প্রধান শফিক খান ও তার স্ত্রীকে গুরুতরভাবে মারধর করা হয়।

ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করেছে।ভুক্তভোগীর ছোট ভাই রবিউল খান জানান, “রাতের ওই ভয়াবহ ঘটনার পর পরিবারের সবাই আতঙ্কে আছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাই।” এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ভুক্তভোগীরা স্বামী স্ত্রী দুজনেই শুধু এই বাড়িতে বসবাস করে আসছেন। ঐ দম্পতিদের ছেলে সম্ভবত জায়গা কেনার জন্য বিদেশ থেকে পাঠিয়েছে। তবে আমার ধারণা মতে ডাকাতদল আগে থেকেই পরিকল্পনা করে ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

দাউদকান্দিতে বন্দুক ও কার্তুজ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লাতে যৌথ বাহিনী কর্তৃক অবৈধ অস্ত্র উদ্ধার দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ তন্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৩ অক্টোবর কুমিল্লা জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে দাউদকান্দি উপজেলায় একটি লোকাল গান এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা সদরের পাচথুবি ইউনিয়নে মেম্বার ইয়াসমিনের পুকুর দখল করে মাছ লুট করার হুমকি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের পাঁচথুবি ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার ইয়াসমিন আক্তারের ৯৪ শতক আয়তনের পুকুরটি দখল করে মাছ ধরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় দুর্বৃত্তরা। এমন অভিযোগ এনে কোতয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মেম্বার ইয়াসমিন আক্তারের স্বামী মো: ফিরোজ আহাম্মদ ।

স্থানীয় মিরপুর এলাকার বাসিন্দা মোঃ সোহেল, মনির হোসেন (মনু মিয়া), মো: জাকির হোসেন (৫০),মোঃ সফিক মিয়া (৫৫), রুহুল আমীন (৪৫), রুপ মিয়ার ছেলে মো: সোহেলকে অভিযুক্ত করে থানায় অবহিত করা হয়‌।

মোঃ ফিরোজ আহমেদ জানান, আমাদের মালিকানাধীন দখলীয় সরকারী রিকুইজসানকৃত ১৯/৫৯ মুলে দখলীয় বাড়ির সামনের পুকুর রয়েছে, যেখানে আমরা মাছ চাষ করি। উপরে উল্লেখিত ৭/৮ জন আইন কানুনের তোয়াক্কা না করে বিগত বছরের ৬ আগস্ট পুকুরটি দখল করার চেষ্টা করে। কয়েকবার জোরপূর্বক মাছ তুলে নিয়ে যায়। আজ দুপুরে এসে পুকুরের বাশগুলো উঠিয়ে নিয়ে যায় । আজ রাতে তারা সবগুলো মাছ তুলে নিয়ে যাবে বলে আমাদের হুমকি দিয়ে যায়।আমার অজান্তে ইতিপূর্বে বহুবার আমার পুকুরের মাছ রাতের আধারে বিষ দিয়া মেরে ফেলার হুমকি দেয় এবং মাছ ধরে নিয়ে যায়। যাহার দরুন আমার আর্থিক ক্ষতি সাধন হচ্ছে। বেশি বাড়াবাড়ি করলে আমাকে এলাকার থাকতে দিবে না, হত্যা করে লাশ গুম করবে এবং সন্ত্রাসী দ্বারা মারধর করবে, এমন হুমকি দিয়ে গেছে। এমতাবস্থায় আমরা প্রাণহানির আশঙ্কা করছি, সেই সাথে মাছগুলো আজ রাতে লুট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

বুড়িচং সীমান্তে ৬ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট:

বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সকালে বিজিবির ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা এসব চোরাই পণ্য জব্দ করে। বিকেলে বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানায়, সকালে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত এলাকা থেকে ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস এবং ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় চশমা জব্দ করা হয়। জব্দকরা মালামাল কুমিল্লা কাস্টমসে জমাদানের প্রক্রিয়া চলছে।

ইভিএম বাতিল, ফিরল ‘না ভোট’

ডেস্ক রিপোর্ট:

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আরপিওতে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে—ইভিএম ব্যবহার বাতিল, ‘না ভোট’ পুনর্বহাল, প্রার্থীদের দেশি-বিদেশি আয় ও সম্পত্তির বিবরণ প্রকাশের বাধ্যবাধকতা এবং পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় আরপিও সংশোধনের অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন।

বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫ চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন নীতিগতভাবে অনুমোদন পেয়েছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আরপিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধনী হলো—ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংক্রান্ত বিধান বাতিল করা। পাশাপাশি ‘না ভোট’ পুনর্বহাল করা হয়েছে, যাতে কোনো নির্বাচনী আসনে কেবল একজন প্রার্থী থাকলে ভোটাররা তাকে ভোট না দেওয়ার সুযোগ পান।

তিনি আরও বলেন, ২০১৪ সালের সাজানো নির্বাচনের পুনরাবৃত্তি ঠেকাতেই এই বিধান আনা হয়েছে। একজন প্রার্থী থাকলে ভোটাররা যদি তাকে পছন্দ না করেন, ‘না ভোট’ দিতে পারবেন। তখন সেই আসনে পুনরায় নির্বাচন হবে।

নতুন সংশোধনীতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পলাতক আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। জেলাভিত্তিক নির্বাচন অফিসগুলোতে দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা। প্রার্থীদের দেশি ও বিদেশি উৎস থেকে আয় ও সম্পত্তির বিবরণ হলফনামায় দিতে হবে, যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উন্মুক্তভাবে প্রকাশ করা হবে।

আইন উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক প্রার্থীর দেশি-বিদেশি আয় ও সম্পত্তির পূর্ণ বিবরণ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। জনগণ যেন সহজেই জানতে পারেন তাদের প্রার্থীর আর্থিক অবস্থা কী।

সংশোধনীর মধ্যে আরও রয়েছে, নির্বাচনী জামানতের পরিমাণ ২০ হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে। রাজনৈতিক দলকে ৫০০ টাকার বেশি অনুদান বা চাঁদা দিতে হলে ব্যাংকিং চ্যানেল ব্যবহার বাধ্যতামূলক এবং অনুদানদাতার ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটার ও নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তারা ডাক ভোটে ভোট দিতে পারবেন। ভোট গণনার সময় গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। কোনো নির্বাচনী এলাকায় ব্যাপক অনিয়ম হলে পুরো এলাকার ভোট বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।

আইন উপদেষ্টা জানান, জোটের প্রার্থীদের প্রতীক ব্যবহারে স্বচ্ছতা আনতে বিধান যোগ করা হয়েছে, যাতে ভোটাররা সহজেই বুঝতে পারেন—কোন দল থেকে প্রার্থী হচ্ছেন।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।