All posts by jitu

বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই লিখে ফেলবো “বিভাগ কুমিল্লা” -হাজী ইয়াছিন

স্টাফ রিপোর্টার:

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই নিজেদের চিঠিপত্রে লিখে ফেলবো জেলা কুমিল্লা, বিভাগ কুমিল্লা। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির ব্যানারে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
শনিবার বিকেল সাড়ে তিনটায় কান্দিরপাড় পূবালী চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, কুমিল্লা বাসীর দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন। বিগত স্বৈরাচার সরকার এ দাবিকে উপেক্ষা করে বিষয়টি ঝুলিয়ে রেখেছিল। বর্তমান সরকারের কাছে আমার দাবি অতি দ্রুত কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে। অন্যথায় কুমিল্লাবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।

সমাবেশে একাত্মতা পোষণ করে আরও উপস্থিত জামায়াতে ইসলামীর মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক এমদাদুল হক মামুন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ গত ১০ অক্টোবর কন্টেন্ট ক্রিয়েটর এসোসিয়েশনের বিভাগের দাবিতে আয়োজিত সমাবেশে হাজী আমিন উর রশিদ ইয়াছিন এক সপ্তাহের মধ্যে বিভাগ ঘোষণা না দিলে মহাসড়ক অবরোধেরও হুশিয়ারি দিয়েছেন।

কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প: সাড়ে আট হাজার মানুষ পেলেন স্বাস্থ্যসেবা

স্টাফ রিপোর্টার:

মানবিক কুমিল্লার আয়োজনে কুমিল্লা নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের চৌয়ারা সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দিনব্যাপী এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার আয়োজিত এই কর্মসূচিতে প্রায় সাড়ে আট হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এই ক্যাম্পে স্বাস্থ্যসেবা ছাড়াও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু।

তিনি বলেন, “চিকিৎসা সেবা এখন অনেক সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই আমরা নিম্ন আয়ের মানুষের জন্য ধারাবাহিকভাবে এই ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করছি। ইতোমধ্যে ১৭টি ওয়ার্ডে ক্যাম্প সম্পন্ন হয়েছে, সব ওয়ার্ডেই ফলোআপের পরিকল্পনা রয়েছে।”

ক্যাম্পে চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন ড্যাব কুমিল্লার সভাপতি ডা. মিনহাজ তারেক, সাধারণ সম্পাদক ডা. সফিকুর রহমান, মহানগর বিপিএমপি সাধারণ সম্পাদক ডা. রাসেল আহমেদ চৌধুরী, অর্থোপেডিক্স সার্জন ডা. আফতাব উদ্দিন, ডা. প্রিয়ম চক্রবর্তী, ডা. মোস্তাফিজ জিতু, ডা. মুকিত ও ডা. তুহিন।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মানবিক কুমিল্লা ভবিষ্যতে কুমিল্লা মহানগরীর সকল ২৭টি ওয়ার্ডেই এমন মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। আয়োজকরা জানান, যেসব রোগীর ফলোআপ প্রয়োজন হবে, তাদের জন্য পুনরায় চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে।

মেঘনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের জলারপাড় গ্রামে পানিতে ডুবে আরাফাত হোসেন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খেলার সময় আরাফাত অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

কুবিতে চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় সম্পন্ন

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন ‘চৌদ্দগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান আয়োজন করেছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মামুনুর রশীদ মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক নূরুল করিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মোশাররফ হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম, এবং সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় জানাতে সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করা হয়।

নৃবিজ্ঞান বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া রহমান মলি অনুভূতি প্রকাশ করে বলেন, “বিশ্ববিদ্যালয়ে পা রেখেছি প্রায় চার মাস হয়ে গেছে। আজকে আমাদের অ্যাসোসিয়েশন থেকে নবীনবরণ ও বিদায়ি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ছোট্ট সময়ে আমার প্রাণের সংগঠন। আমার অ্যাসোসিয়েশনের প্রথম প্রোগ্রামে অংশ নিতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই প্রোগ্রামে অংশগ্রহণ করে কতটা ভালো লেগেছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এখানে এসে আমি এক ধরনের ‘হোম-হোম’ অনুভূতি পেয়েছি। বিশ্ববিদ্যালয় জীবন শুধু পড়াশোনা ও ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং সুন্দর সম্পর্ক গড়ে তোলাও একটি বড়ো অর্জন, যা আমি এই অ্যাসোসিয়েশনে এসে উপলব্ধি করেছি।”

প্রধান অতিথি নূরুল করিম চৌধুরী বলেন, “এটা আমার প্রাণের সংগঠন। আমার বাড়িও যেহেতু চৌদ্দগ্রামে, তাই চৌদ্দগ্রামের সন্তানদের নিয়ে গঠিত এই সংগঠনটি আমার কাছে বিশেষ প্রিয়। এই সংগঠনে সকলের অংশগ্রহণ দরকার। যে-কোনো অনুষ্ঠানের আয়োজন করতে গেলে অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে। সংগঠনে যুক্ত হলে আমরা একে অপরকে চিনতে পারব এবং আমাদের মাঝে সুন্দর সম্পর্ক তৈরি হবে। বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে-কোনো সমস্যায় আমি পাশে থাকব এবং সমাধানের চেষ্টা করব। সবার লক্ষ্য যেন সবসময় উঁচু থাকে, ভবিষ্যতে আরও ভালো করো, এই দোয়া রইল।”

অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ মজুমদার বলেন, “আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সবসময় সহযোগিতা ও সমর্থন করার জন্য। আজকের অনুষ্ঠানের জন্য অতিথিবৃন্দ অনেক কষ্ট করে এসেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আমাদের সংগঠনের প্রতিটি কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার চেষ্টা করেছি। সামনে যারা নেতৃত্বে আসবে, তারাও যেন একইভাবে দায়িত্ব পালন করে এই প্রত্যাশা রাখি।”
উল্লেখ্য নবীণ ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ, কাওয়ালি আসর ও সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

মেঘনা উপজেলার যুবদল আহবায়ক কামরুজ্জামান দিপুর উপর হামলা

বিপ্লব শিকদার, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান দিপুর ওপর হামলার খবর পাওয়া গেছে।

শনিবার (১৮ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড মাঠে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বনির্ধারিত প্রস্তুতি সভায় এ হামলার ঘটনা ঘটে।

যুবদলের যুগ্ম আহবায়ক হাবিব মিয়াজি ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করে বলেন, “লোকজন এখনো মাঠে আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বিস্তারিত জানানো হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় আহত কামরুজ্জামান দিপুকে উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আতাউর রহমান চেয়ারম্যানের অনুসারীরা এই হামলা চালিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা যুবদলের সিনিয়র এক নেতা এই প্রতিবেদককে বলেন, আতাউর রহমান ভুইয়া উপজেলা যুবদলের আহবায়ক ছিলেন একটা সময় কেন্দ্রীয় নির্দেশনায় আতাউর ভাইকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে দিপু ভাইকে জেলা যুবদল১নং যুগ্ম আহবায়ক থেকে আহবায়ক দায়িত্ব দেন । এর পর থেকেই আতাউর ভাই দিপুকে সহ্য করতে পারেনা।

এ বিষয়ে জানতে চাইলে আতাউর রহমান ভুইয়া বলেন, হামলার বিষয়ে আমার কিছু জানা নেই। তবে গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করেই হয়তো এ ঘটনার সূত্রপাত হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

তিতাসে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে বিএনপি নেতার আর্থিক অনুদান

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাস উপজেলার লালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৮টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুড়ে যাওয়া দোকান মালিকরা জানিয়েছেন। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

শনিবার স্থানীয় বিএনপি নেতা মাজেদুল ইসলাম মন্টু পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত খোরশেদা আক্তারকে নগদ ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন।

জানা যায়, উপজেলার মজিদপুর ইউনিয়নের লালপুর বাজারের মাঝখানের কোন একটি দোকানে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন পাশের ছড়িয়ে পড়ে। আগুনের খবরটি স্থানীয় মসজিদের মাইকে প্রচার করলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । পরে দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে পুড়ে যাওয়া দোকান গুলো হলো, নয়ন ইলেকট্রনিক, মাহিম স্টোর, মতিন স্টোর, মনা স্টোর, জাকারিয়া স্টোর, কাউছার ডেকোরেশন, হাজী স্টোর ও ফরহাদ পল্টি ফার্ম। এছাড়াও আশপাশের আরো কয়েকটি দোকানের মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা ধারণা করছে যে কোনো দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাহিম ষ্টোরের মালিক খোরশেদা আক্তার পোড়া টিন ছাই দেখিয়ে বিলাপ করছেন। বলছেন প্রতিবন্ধি মেয়ে ও ছেলেকে নিয়ে এখন আমি কিভাবে চলবো। তিনি বলেন , আড়াই বছর আগে স্বামীকে হারিয়ে এক ছেলে এক প্রতিবন্ধি মেয়েকে নিয়ে ধারদেনা করে দোকান করেছিলাম। ৩/৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মাহিম ৭ম শ্রেণীতে পড়ে। স্বামী কিডনি রোগী ছিল, চিকিৎসা করতে গিয়ে দেনা এখনো শোধ হয়নি।

মেসার্স নয়ন ট্রেডার্স এর মালিক মোশাররফ হোসেন বলেন, আমার ইলেকট্রনিকস মালামাল, স্টুডিও ও কম্পিউটার দোকানটির সব পুড়ে ছাই হয়ে গেছে। নগদ ৫০হাজার টাকাসহ প্রায় ২০লাখ টাকার মালামাল ছিল। ২০১৬ সালে মালয়েশিয়া থেকে এসে দোকানটি চালু করেছিলাম। আগুনে সব পুড়ে এখন নিঃস্ব হয়ে গেছি।

এদিকে মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু শনিবার বেলা সাড়ে ১১টায় আগুনে ক্ষতিগ্রস্ত বাজারটি পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত খোরশেদা আক্তারকে নগদ ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন। তিনি বলেন, অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়াতে না পারলে রাজনীতিটাই বৃথা। আমার দল বিএনপি রাজনীতি করি মানুষের কল্যানের জন্য। তাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আছি এবং থাকবো।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.শরিফ বলেন, রাত আনুমানিক ১১ টায় আমাদের একটি ইউনিট ঘটনাস্থল লালপুর বাজারে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা সম্ভব হয়নি।

চাঁদপুরে সামাজিক সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থার ১৪ তম বর্ষপূর্তি উদযাপন

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে সামাজিক সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থার ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারস্থ প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী এ সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিবসটি উদযাপন করেন একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “আর্তের তরে সেবাদান, প্রভাত হোক জাগ্রত চেতনার আহবান” এই স্লোগানকে সামনে রেখে ২০১১ সালের ১৭ অক্টোবর ঢাকার আগারগাঁও এলাকায় কয়েকজন তরুণের হাত ধরে আত্মপ্রকাশ ঘটে প্রভাত সমাজকল্যাণ সংস্থার। ধীরে ধীরে তাদের সামাজিক ও মানবিক কার্যক্রমে এগিয়ে যায় দেশের বিভিন্ন উপজেলায়।

প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি জুয়েল হাজী, সদস্য মাসুদ মিয়া, আল আমিন সরকার, আব্দুল আজিজ আরজু, পরাণ হোসেন, আরাফাতুল ইসলাম রিফাত, শুভাকাঙ্ক্ষী মোঃ সম্রাট হোসেন সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ। সংগঠনটির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন জানান, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানের উদ্বুদ্ধকরণ সভা, অসহায়দের মাঝে শীতবস্ত্র, ঈদ সামগ্রী বিতরণ, দুর্যোগকালীন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ, অক্সিজেন সেবা প্রদান, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জামাকাপড় বিতরণ, মাদক ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ, প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার বিতরণ, অসহায় নারীদের স্বাবলম্বী করণে সেলাই মেশিন বিতরণ, বেকার যুবকদের মাঝে গরু-ছাগল বিতরণ, বৃক্ষরোপণ কার্যক্রম সহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

কুমিল্লা নগরীর রেইসকোর্সে নারীকে গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে মিলন বিবি(৫৫) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ বেডসিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখা হয়। নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকার মজুমদার বাড়ির ২য় তলার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

নিহতের গ্রামের বাড়ির জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

নিহতের মেয়ে তানজিনা আক্তার জানান, মাকে বাসায় রেখে তারা নোয়াখালী বেড়াতে যান। বিকালে ফোনে প্রতিবেশীরা তাকে জানান, তাদের বাসার দরজা খোলা,আসবাবপত্র উল্টে রাখা হয়েছে।

তারা খোঁজ করে খাটের নিচে বেডসিট জড়ানো তার মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান। তিনি আরো জানান, কিছু স্বজনের সাথে তাদের অর্থ সংক্রান্ত বিরোধ রয়েছে। বাসায় তাকে একা পেয়ে হত্যা করেছে বলে তিনি ধারণা করছেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।

জাতীয় সংসদ ভবন এলাকার পাশে ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগান

ডেস্ক রিপোর্ট:

আজ দুপুরে জাতীয় সংসদ ভবনের গেটের সামনে ৩ দফা দাবিতে অবস্থান নিয়েছিলেন জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতা। পরে পুলিশের ধাওয়ায় তারা সেখান থেকে সরে খামারবাড়ি এলাকায় অবস্থান নেয়। ঠিক এর পরই একই জায়গায় অবস্থান নেয় ‘বৃহত্তর নোয়াখালীবাসী’ ব্যানারে আরেকটি দল।

শুক্রবার সকাল দুপুর দেড়টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থান নেন তারা।

এ সময় তাদের ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে স্লোগান দিতে দেখা গেছে। অনেকের হাতে এ নিয়ে প্ল্যাকার্ডও দেখা যায়। একই রকমের নীল টিশার্ট তাদের গায়ে ছিল।

তারা কুমিল্লা বা চট্টগ্রাম বিভাগের অংশ নয়, বরং নোয়াখালী বিভাগের দাবি তোলেন।

সে এলাকায় কঠোর নিরাপত্তার মধ্যেই বেশ কিছু লোকজন এ বিক্ষোভে যোগ দেন।

দেবীদ্বারে হাসপাতালের জরুরি বিভাগের পাশের ড্রেনে মিলল নবজাতকের মরদেহ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের জানালার পাশ থেকে অর্ধগলিত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পশ্চিম পাশের জানালা সংলগ্ন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ফয়েজ আহমেদ নামে এক যুবক জানায়, তিনি একজন অসুস্থ রোগীকে নিয়ে জরুরি বিভাগে আসেন। এ সময় চারপাশে তীব্র দুর্গন্ধ টের পান।

পরে তিনি দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে জরুরি বিভাগের জানালার পাশে তাকালে ড্রেনে উপুড় হয়ে পড়ে থাকা নবজাতকের অর্ধগলিত মরদেহ দেখতে পান।

জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুল্লাহ আল কাউছার জানান, ‘দুর্গন্ধ পাচ্ছিলাম ঠিকই, কিন্তু পরে এক ব্যক্তি জানালার পাশের ড্রেনে নবজাতকের গলিত মরদেহ দেখতে পান। বিষয়টি আমরা সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

স্থানীয়রা জানান, এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগেও হাসপাতালের সভাকক্ষের পেছনে, আবাসিক এলাকার পরিত্যক্ত স্থানে এবং ড্রেনে নবজাতকের মরদেহ পাওয়া গেছে। তদন্ত কমিটি হলেও কোনো ঘটনারই সঠিক ফলাফল প্রকাশ পায়নি।

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক চিকিৎসক ডা. মঞ্জুর রহমান জানায়, ‘ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। ডেলিভারি রেজিস্টার খতিয়ে দেখা হবে। এটি হয়তো অপগর্ভজাত নবজাতকও হতে পারে। তবে জরুরি বিভাগের পাশে ফেলে রাখাটা সন্দেহজনক। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।’

তদন্ত কর্মকর্তা এসআই মো. জামশেদুল আলম জানান, ‘নবজাতকটি পূর্ণাঙ্গ বলে মনে হচ্ছে, সম্ভবত ৩/৪ দিন আগের ঘটনা। ডেলিভারি রেজিস্টার ও সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে তদন্ত চলছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খান জানান, ‘বিষয়টি তদন্তাধীন। হাসপাতালের কিছু সিসি ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। রেজিস্টারের আওতায় কোনো নবজাতক এভাবে ফেলে দেওয়ার সুযোগ নেই। কেউ হয়তো অপগর্ভজাত শিশুটিকে হাসপাতালে ফেলে গেছে।’

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাঈনুদ্দিন বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন রয়েছে। বিস্তারিত তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।’