All posts by jitu

কুমিল্লা সদরে এবি পার্টির মনোনয়ন পেলেন মিয়া মোহাম্মদ তৌফিক

স্টাফ রিপোর্টার:

আমার বাংলাদেশ পার্টি প্রাথমিকভাবে ও প্রথম পর্যায়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০৮জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। কুমিল্লা -৬ (সদর) সংসদীয় আসনে মিয়া মোহাম্মদ তৌফিককে মনোনয়ন দেয়া হয়েছে।

মনোনয়ন পেয়ে মিয়া মোহাম্মদ তৌফিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান, পরিচিত অপরিচিত সকলের কাছে আমি দোয়া ও সহযোগিতা চাই। স্কুল লাইফ থেকেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। তারুণ্য নির্ভর ও পরিবর্তনের রাজনীতি হচ্ছে এবি পার্টির রাজনীতি। দীর্ঘদিন ধরে গদবাধা আর পরিবারতন্ত্রের রাজনীতি দেখে আসছি।কোন নতুনত্ব জাতি দেখেনি।আমার সংসদীয় আসনে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি আপনাদের সন্তান।

ধান্দাবাজির রাজনীতি আমি বুঝি না। লুটপাটের রাজনীতি আমি বুঝি না। পরিবর্তনের জন্য শুধু আপনার সহযোগিতা আমার প্রয়োজন। আপনার একটা লেখা, একটা কমেন্ট, একটা শেয়ার আমার জন্য পাথেয় হয়ে থাকবে। অনেক বড় বড় নেতা তো দেখেছেন। অনেক বড় বড় আশার বানী হয়তো শুনেছেন। প্রিয় ভাই বোনেরা, আমি কোন অযৌক্তিক স্বপ্ন হয়তো দেখাতে পারবো।তবে একটা সুন্দর, বাসযোগ্য শহরে নির্বিঘ্নে বসবাস করার জন্য আপনাদের সবাইকে কাজ করবো ইনশাআল্লাহ। দীর্ঘদিনের জঞ্জাল মুক্ত শহর প্রতিষ্ঠার জন্য আপনাদের ভূমিকা খুবই প্রয়োজন। আসুন বাসযোগ্য শহর প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই।

কুমিল্লা বোর্ডে ইংরেজিতে অকৃতকার্য ৩৪.৭২ শতাংশ

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ৭০৭ জন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ফলাফল ঘোষণা করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম।

তিনি জানান, আগের ভেন্যু কেন্দ্রের সংখ্যা বেশি থাকার কারণে অনেকই এর সুবিধা নিত।

তবে এ বছর সেই সুযোগ ছিল না। এবার ১৬২টি ভেন্যুকেন্দ্র বাতিল করা হয়েছে। এছাড়া ইংরেজিতে পাসের হার ৬৫ দশমিক ২৮ শতাংশ। উচ্চতর গণিতেও পাসের হার কম।

ইংরেজিতে ফেলের হার বেশি থাকায় সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন স্বাক্ষরিত ফলাফল বিবরণী পর্যালোচনা করে দেখা যায়, এ বছর মোট পরীক্ষার্থী ছিল এক লাখ এক হাজার ৯৯৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৯৯ হাজার ৫৭৬ জন। পাস করেছে ৪৭ হাজার ৬৫৭ জন।

মেয়ে পরীক্ষার্থী ছিল ৫৭ হাজার ৫২৪ জন, পাস করেছে ৩০ হাজার ৭০১ জন। পাসের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ। ছেলে পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৯০০ জন, পাস করেছে ১৭ হাজার ৯৫৬ জন। পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ। মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৭৪৯ জন। ছেলেদের মধ্যে পেয়েছে ৯৫৮ জন।

কুমিল্লা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার মধ্যে তুলনামূলক সবচেয়ে খারাপ ফলাফল নোয়াখালী জেলার। এ জেলায় পাসের হার ৪০ দশমিক ৪৩ শতাংশ। পাসের হার সর্বোচ্চ কুমিল্লা জেলায় (৫২ দশমিক ১৫ শতাংশ)। এবার শূন্য শতাংশ পাস করেছে ৯টি প্রতিষ্ঠানে। শতভাগ পাস করা প্রতিষ্ঠান পাঁচটি। শূন্যভাগ পাস করা নয়টি প্রতিষ্ঠানের ছয়টিতেই শিক্ষার্থী সংখ্যা দশের নিচে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাকসু) নির্বাচনে জয়ী চৌদ্দগ্রামের চার তরুণ তুর্কী

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে গুরুত্বপূর্ণ চারটি পদে বিজয় অর্জন করেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চারজন শিক্ষার্থী।তাদের এই সাফল্যে বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ নিজ এলাকায়ও আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সমাজতত্ত্ব বিভাগ (সেশন ২০১৯-২০)-এর শিক্ষার্থী ও চৌদ্দগ্রাম স্টুডেন্ট সলিডারিটির সভাপতি মো. শোয়েব (তুষার) আলাওল হল সংসদ নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয় অর্জন করেছেন। দায়িত্বশীল, সৃজনশীল ও ছাত্রবান্ধব নেতৃত্বের জন্য শোয়েব বিশ্ববিদ্যালয়ে সহপাঠীদের মধ্যে পরিচিত মুখ। তিনি চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, আপ বাংলাদেশ এর প্রার্থী, আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা বিভাগ (সেশন ২০১৮-১৯)-এর শিক্ষার্থী মো. নুরুন্নবী সোহান সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন। ছাত্রকল্যাণ ও একাডেমিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার জন্য সোহান সহপাঠীদের আস্থা অর্জন করেছেন। তিনি চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভাঙ্গাপুষ্করনী গ্রামের বাসিন্দা।

এছাড়া, ইসলামিক স্টাডিজ বিভাগ (সেশন ২০২১-২২)-এর শিক্ষার্থী আব্দুল্লাহ ফারহান আসিফ একই হলের দপ্তর সম্পাদক পদে বিজয় লাভ করেছেন।বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে আসছেন তিনি। আসিফের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামে।

এদিকে, রসায়ন বিভাগ (সেশন ২০২২-২৩)-এর শিক্ষার্থী মো. ফুরকান উদ্দিন শাহ আমানত হল সংসদ নির্বাচনে নির্বাহী সদস্য পদে বিজয় অর্জন করেছেন।সংগঠন ও সহপাঠীদের স্বার্থে তার আন্তরিক প্রচেষ্টা ছাত্রসমাজের মধ্যে প্রশংসিত হয়েছে। তিনি চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামের বাসিন্দা।

চৌদ্দগ্রামের বিভিন্ন স্কুল-কলেজ থেকে শিক্ষা অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এই চার তরুণ ধারাবাহিকভাবে নিজেদের নেতৃত্বের দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতার প্রমাণ রেখে চলেছেন।তাদের এই বিজয়ে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন।অনেকে আশা প্রকাশ করেছেন—এই শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নেতৃত্বের আসনে থেকে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

কুমিল্লা বোর্ডে ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৪৮.৮৬ শতাংশ। পাস এবং জিপিএ-৫ এর হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।

বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম এসব তথ্য জানান।

বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর কুমিল্লা শিক্ষাবোর্ড মোট পরীক্ষার্থী ছিল ৯৯,৫৭৬ জন। এর মধ্যে মেয়ে ৫৭,৫২৪ জন এবং ছেলে ৪২,০৫২ জন। মোট পাস করেছে ৪৮,৬৫৭ জন। মেয়ে পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৩০,৭০১ জন (পাসের হার ৫৩.৩৭%), আর ছেলেদের মধ্যে পাস করেছে ১৭,৯৫৬ জন (পাসের হার ৪২.৭০%)।

এ বছর কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ২,৭০৭ জন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ১,৭৪৯ জন, এবং ছেলে পরীক্ষার্থী ৯৫৮ জন।

কুমিল্লা শিক্ষাবোর্ডে শতভাগ পাস করেছে পাঁচটি প্রতিষ্ঠান থেকে। ৯টি প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি।

দাউদকান্দির গোমতী-মেঘনা সেতুর সুরঙ্গ থেকে অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে গোমতী -মেঘনা সেতুর সুরঙ্গ থেকে অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে সেনাবাহিনী ।

বুধবার (১৫অক্টোবর) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের দাউদকান্দি ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে সেতুর সুরঙ্গ থেকে একটি অস্ত্র, দুটি গুলি, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার করেন।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানাযায় , ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ব্রিজে যানজটের সুযোগে এই অস্ত্র ব্যবহার করে সংঘবদ্ধ ছিনতাই বা ডাকাতি সংগঠিত করার হয়তো পরিকল্পনা ছিল। পাশাপাশি, গোমতী ও মেঘনা নদীতে ডাকাতির ক্ষেত্রেও এই অস্ত্র ব্যবহার হতে পারে বলে ধারণা করছেন তারা।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য দাউদকান্দি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে পুলিশের একটি দল কাজ করছে ।

বুড়িচংয়ে একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা শামীম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও একাধিক মামলার আসামি মো. শামীম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে উপজেলার সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি রাত ১১টার দিকে নিশ্চিত করেছেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে হামলা, স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজি এবং মাদক মামলাসহ একাধিক অভিযোগে বিভিন্ন মামলায় আসামি ছিলেন মো. শামীম।

পুলিশের দাবি, শেখ হাসিনার সরকার পতনের পর ছাত্রলীগের অনেক নেতা কর্মী আত্মগোপনে চলে যান। সে সময় শামীমও আত্মগোপনে থাকলেও কিছুদিন পরে সাংবাদিক পরিচয়ে এলাকায় ফিরে এসে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরে তথ্যানুসন্ধানের নামে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন।

অভিযোগ রয়েছে, তিনি এই সুযোগে এলাকায় নাশকতা, আতঙ্ক সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করতেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত শামীম বুড়িচং সদরের সর্দার বাড়ির মো. আমির হোসেনের ছেলে এবং দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, “মো. শামীম নামে এক ছাত্রলীগ নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

কুমিল্লা সদর দক্ষিণে ৪নং বারপাড়া ইউনিয়নে জন্ম-মৃত্যু নিবন্ধনের কাজ শুরু

শাহ ফয়সাল কারীম:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৪নং বারপাড়া ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে “নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব”— এই স্লোগান নিয়ে মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধনের কাজ শুরু করেছেন।

ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু তাহের জানান, যারা এখনো জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করেননি, তাদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানানো হচ্ছে। তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০১৩ এর ২১ ধারা অনুযায়ী যথাসময়ে নিবন্ধন না করলে এটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানার বিধান রয়েছে।

অনুষ্ঠানে ইউনিয়ন সচিব মোঃ মহিউদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দেবিদ্বারে পরিত্যক্ত অবস্থায় ৭১ পিস গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী

সোহরাব হোসেন, দেবিদ্বার:

কুমিল্লার দেবিদ্বারে পরিত্যক্ত অবস্থায় ৭১ পিস গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

বুধবার বিকালে উপজেলার সুলতানপুর ইউনিয়নের বখরিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

যৌথবাহিনী সূত্র জানা যায়, বুধবার সকালে দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বখরিকান্দি গ্রামের পূর্ব পাড়ার মোঃ রশীদুল ইসলামের বসত ঘরের সামনে রান্না ঘরের পাশে মাটির চুলা তৈরী করার জন্য ২ ফিট মাটি খুড়লে একটি সাদা পলিথিন এর ভিতরে পরিত্যাক্ত অবস্থায় গুলি দেখতে পায়। স্থানীয়রা বিষয়টি দেবিদ্বার সেনা ক্যাম্পে জানায়। খবর পেয়ে দেবিদ্বার সেনা ক্যাম্প ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিকাল ৩ ঘটিকায় ৭১ পিস উদ্ধার ম করে থানায় নিয়ে আসে।

যৌথবাহিনী প্রাথমিক ভাবে ধারনা করছে উদ্ধারকৃত গুলি গুলো নষ্ট এবং এগুলো মেশিন গানের হতে পারে।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মোঃ মাইনউদ্দিন বলেন, পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পলিথিনে ব্যাগে ৭১ পিস গুলি উদ্ধার করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দাউদকান্দিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, চার ব্যাক্তিকে জরিমানা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্রার দাউদকান্দিতে অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। অবৈধভাবে সংযোগকারী চার ব্যাক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

বুধবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় ও গৌরীপুর পশ্চিম বাজারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়েছে।

গৌরীপুর কার্যলয়ের ব্যবস্থাপক অম্লান কুমার দত্ত জানান, গৌরীপুর আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন ভুলিরপাড় ও গৌরীপুর পশ্চিম বাজার এলাকায় জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এর নেতৃত্বে ভিজিলেন্স ডিপার্টমেন্টের ডিজিএম প্রকৌশলী আবু মোঃ জাহাঙ্গীর বাদশা এর তত্বাবধানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিপার্টমেন্ট ও সেফটি সিকিউরিটি ডিপার্টমেন্টের টিমের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোট চারটি অবৈধ গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং চারজ আবাসিক গ্রাহকের সংযোগ অবৈধ কার্যকলাপ এর জন্য বিচ্ছিন্ন করা হয়। দু’টি রাইজার কর্তন করা হয়। সর্বমোট ৪৩ টা দ্বৈত চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযান পরিচালনা কালে চারজন ব্যক্তির নিকট হতে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরো জানান, গ্যাসের অপচয়রোধে অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান থাকবে।

দাউদকান্দির সাংবাদিকের নাম ঢাকা ও নারায়ণগঞ্জের মামলায়, সাংবাদিক নেতাদের নিন্দা

স্টাফ রিপোর্টার:

দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর, দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি জাকির হোসেন হাজারীকে ঢাকা ও নারায়ণগঞ্জে হওয়া দু’টি মামলায় আসামি করা হয়েছে। এঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দাউদকান্দি তিতাসের সাংবাদিক নেতারা।

খোঁজ নিয়ে জানাযায়, গত বছরের ৫ ডিসেম্বর নারায়ণগঞ্জের আদালতে বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার আরিফ মিয়া ১৪৫ জনের নামে মামলা করেন। প্রধান আসামী করা হয় শামীম ওসমান কে। ২৪ সালের ১৯ জুলাই ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রদের উপর হামলার ঘটনায় করা মামলায় দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হাজারীকে ৩৫ নম্বর আসামি করা হয়।

চলতি বছরের ২০ জানুয়ারী ডিএমপির যাত্রাবাড়ী থানায় হওয়া নাশকতা মামলায় সাংবাদিক জাকির হাজারীকে আসামী করা হয়েছে।

সাংবাদিক জাকির হাজারী জানান, মামলার বিষয়ে আমি দু’দিন আগে জেনেছি। বাদি কারা তা জানিনা। তবে বাদি আমাকে চিনে কিনা সন্দেহ। মামলায় যে ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে ওই তারিখে আমি কোথায় ছিলাম মোবাইল নেটওয়ার্ক যাচাই করলেই বেরিয়ে আসবে।

আর আমি দীর্ঘদিন সত্য এবং ন্যায়ের পক্ষে সাংবাদিকতা পেশায় কাজ করছি। এজন্য বিগত আওয়ামী শাসন আমলে একাধিক হামলা এবং হয়রানিমূলক মিথ্যা মামলার সম্মুখীন হয়েছি।

মামলায় উল্লেখ আওয়ামী লীগের পদের বিষয়ে তিনি বলেন, ২০১৫ সালের পর থেকে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের পাল্টাপাল্টি কয়েকটি কমিটি হয়েছছিল। ওইসময় কোন কমিটিতে কোথায় আমার নাম তা জানি না।

এবিষয়ে দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বলেন, সাংবাদিক জাকির হাজারী একজন পেশাদার সাংবাদিক, ছাত্র আন্দোলন চলাকালীন আমি আহত হয়েছিলাম। তখন সেসহ কয়েকজন আমাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। আর দাউদকান্দির সাংবাদিকের নামে ঢাকা এবং নারায়ণগঞ্জে মামলা হওয়া মানে তাকে হয়রানি করার ষড়যন্ত্র বলে মনে করছি। তাই তাকে মামলা থেকে অব্যাহতির দাবী জানাচ্ছি।

বৃহত্তর দাউদকান্দি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী শাহীন বলেন, সাংবাদিক জাকির হাজারী বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকদের মধ্যে একজন। পেশাগত কাজে কখনোই কোন অন্যায়ের সাথে আপোষ করেনি। স্বার্থান্বেষী একটি মহল হয়রানি করার উদ্দেশ্যে সুকৌশলে ঢাকা এবং নারায়ণগঞ্জের মামলায় পেশাদার সাংবাদিক জাকির হোসেন হাজারীর নাম আসামি তালিকায় ঢুকিয়ে দিয়েছে।আমরা ওই মামলা থেকে সাংবাদিক জাকির হাজারীকে অব্যাহতি বা নাম বাদ দেয়ার দাবী জানাচ্ছি।