All posts by jitu

মুরাদনগরে গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে টিনের চাল থেকে ছাঁটাই করা গাছের ডাল সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেবি বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কামালকান্দি পাঁচকিত্তা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেবি বেগম কামালকান্দি পাঁচকিত্তা গ্রামের মুর্শিদ মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বেবি বেগম ও তার স্বামী মুর্শিদ মিয়া কয়েক মাস ধরে ছেলেকে নিয়ে ঢাকার নারায়ণগঞ্জে থাকেন। সেখানে থেকে ছেলেকে বিদেশে পাঠানোর জন্য কাজ শেখাচ্ছিলেন। কয়েকদিন আগে বিশেষ কাজে স্বামী-স্ত্রী দু’জনেই বাড়িতে আসেন। ঘটনার দিন মুর্শিদ মিয়া গাছের ডালা ছাঁটাই করলে সেটি পার্শ্ববর্তী বাড়ির টিনের বেড়ার ওপরে গিয়ে পড়ে। সেখন থেকে ছাঁটাইকৃত ডালা সরাতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয় বেবি বেগম। পরে তাকে তাৎক্ষণিকভাবে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। টিনের বেড়ার সাথে লাগোয়া ভাবে বিদ্যুতের খুঁটি ও ডিস লাইন সহ বিভিন্ন তারের সংযোগ ছিল, সে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

এবিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এক ঠিকাদারে জিম্মি চৌদ্দগ্রামের গুরুত্বপূর্ণ একাধিক সড়কের উন্নয়ন; বাববার কাজ বাতিলের চিঠি দিলেও তোয়াক্কা করছেনা ঠিকাদার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় গুরুত্বপূর্ণ নানকরা-দুর্গাপুর সড়কের নির্মাণকাজ নির্দিষ্ট সময়সীমার দুই বছরেও শেষ হয়নি। এতে করে ব্যাপক দুর্ভোগের স্বীকার হচ্ছেন সাধারন মানুষ। বর্তমান বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন অংশে খানা-খন্দ ও গর্তের সৃষ্টি হওয়ায় যানচলাচলও ব্যাহত হচ্ছে। নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ না করায় জনদুর্ভোগ ও চুক্তিভঙ্গের অভিযোগে উপজেলা প্রকৌশলীর দপ্তর হতে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কাজ বাতিলের একাধিকার চিঠি দিলেও বারবার তা ঠেকিয়ে দেন ঠিকাদারী প্রতিষ্ঠান ফাতেমা ট্রেডার্সের স্বত্বাধীকারী আ’লীগ নেতা অলি আহমেদ মজুমদার।

জানা যায়, বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সহযোগীতায় বড় বড় প্রকল্পের কাজ ভাগিয়ে নিতেন অলি আহমেদ। দলীয় পরিচয়ের কারণে সড়ক নির্মাণ, স্কুল ভবন নির্মাণসহ বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম করেও পার পেতেন তিনি। আগষ্ট পরবর্তী সময়েও এই ঠিকাদারের ক্ষমতা দেখে চৌদ্দগ্রামের নানান মহলে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। বিতর্কিত ঠিকাদারী প্রতিষ্ঠান ফাতেমা ট্রেডার্স ও তাদের অপর প্রতিষ্ঠান রাজিয়া এন্টারপ্রাইজের বিরুদ্ধে উপজেলার আরও একাধিক সড়ক নির্মাণেও অনিয়মের অভিযোগ উঠেছে। নানকরা দুর্গাপুর সড়ক ছাড়াও আরও অন্তত ৪টি সড়কের নির্মাণ কাজ বন্ধ রেখে উপজেলার উন্নয়নকে বাঁধাগ্রস্থ করছেন এই ঠিকাদার। সাধারন মানুষ কিংবা সংশ্লিষ্ট দপ্তর তাদের লাইসেন্সের বিরুদ্ধে কোন অভিযোগ দিলে সদর দপ্তরে তার লোক আছে, তার লাইসেন্সের কোন ক্ষতি হবে না। এভাবে বাপ ছেলের কাছে পুরো উপজেলাবাসী জিম্মি হয়ে আছে।

জানা যায়, ২০২৩-২০২৪ অর্থবছরে গ্রামীন সড়ক মেরামত ও সংরক্ষণ কর্মসূচীর আওতায় চৌদ্দগ্রাম উপজেলার ৫ কি:মি: দৈর্ঘ্যরে নানকরা-দুর্গাপুর সড়কের টেন্ডার ঘোষনা করে এলজিইডি। ৪কোটি ২৯লক্ষ ৯১হাজার টাকা মূল্যের কাজটি ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ফাতেমা ট্রেডার্স ২০২৩ সালের ২৯শে অক্টোবর শুরু এবং ২০২৪ সালের ২৮শে ফেব্রুয়ারী শেষ হওয়ার কথা। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শুরুই করেনি ঠিকাদার। সংশ্লিষ্ট কাজটির তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী পলাশ চন্দ্র রায় একাধিকবার কাজটি শেষ করার মৌখিক নির্দেশনা দেন এবং পরে চৌদ্দগ্রাম উপজেলা প্রকৌশলী মোঃ নুরুজ্জামান মৌখিক ও পরবর্তীতে কয়েকবার লিখিত নির্দেশনা দিলে ঠিকাদার সড়কটির কোন মতে হার্ডবেড শেষ করে আবারো কাজ বন্ধ রাখেন।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে আরো জানা যায়, নানকরা-দুর্গাপুর সড়কের নির্মাণকাজের সময়সীমা শেষ হওয়ার পর বিভিন্ন সময়ে মৌখিক চাপ ও লিখিত চিঠিকেও ঠিকাদার তোয়াক্কা করেনি। ৫ই আগষ্টের পরবর্তী সময়েও কাজটির টেন্ডার বাতিলের জন্য দুইবার চিঠি প্রদান করা হলেও কাজটি বাতিল হচ্ছেনা।

একই প্রকল্প অর্থাৎ এঙই গধরহঃবহধহপব এর আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে ৩.৩ কিমি দৈর্ঘ্যরে মিয়া বাজার-বালুমুরি রাস্তার কাজ নেন বিতর্কিত ঠিকাদার অলি আহমেদের প্রতিষ্ঠান ফাতেমা ট্রেডার্স। ঐ অর্থবছরেই কাজটি শেষ করার বাধ্যবাধকতা থাকা স্বত্বেও একই প্রক্রিয়ায় কাজটি দু-বছরে শেষ করেননি তিনি।

উপজেলার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক “বাহেরগড়া-শুভপুর” সড়ক নির্মাণে নি¤œমানের খোয়া, ইট ব্যবহারের অভিযোগ উঠে অলি আহমেদ মজুমদারের মালিকানাধীন বিতর্কিত ঠিকাদারী প্রতিষ্ঠান ফাতেমা ট্রেডার্সের বিরুদ্ধে। এসব অভিযোগে স্থানীয়রা সড়কটির একাংশের নির্মাণ কাজ বন্ধ করে দেন। ১ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৬৪১ টাকার দুই হাজার দশ মিটার দৈর্ঘ্যরে সড়কটিও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারেনি তিনি। পরে ৩ মাস সময় বাড়িয়ে ব্যাপক অনিয়মের মাধ্যমে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করেন ঠিকাদার অলি আহমেদ। সড়কটিতে নি¤œমানের খোয়া ও সোল্ডারে মাটি না দেয়ার অভিযোগে চলতি বছরের গত ১৬ জানুয়ারী এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী পলাশ চন্দ্র রায় প্রদত্ত পরিদর্শন রিপোর্টের আলোকে নতুনভাবে নির্মাণ এবং সোল্ডারে মাটি প্রদানের নির্দেশনা দিলেও তার তোয়াক্কা না করে নির্মাণ শেষ করেন।

উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ৮.১১ মিটার বাবুর্চি বাজার সড়ক। ৭৬ লাখ ৯৯ হাজার ৬৬৯ টাকায় কাজটি পায় ফাতেমা ট্রেডার্সের স্বত্বাধিকারী অলি আহমেদ মজুমদারের ছেলের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাজিয়া ট্রেডার্স। ২০২৪ সালের জুন মাসের ৪ তারিখে শুরু করে একই বছরের অক্টোবরের ৩ তারিখে কাজ শেষ না করে নভেম্বরের ৭ তারিখ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করায় এবং সড়কটি খোড়াখুড়ি করে যান ও মানুষ চলাচল অনুপযোগী হওয়ায় ব্যাপক দুর্ভোগের স্বীকার হয় ঐ এলাকার মানুষ। জনদুর্ভোগ লাগবে স্থানীয়রা তৎকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর চিঠি প্রদান করেন। এ কাজটিরও চুক্তি বাতিলের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি প্রদান করেন উপজেলা প্রকৌশলী।

১ কি. মি. দৈর্ঘ্যরে উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর-কোমারডোগা সড়কের কাজটি পায় ফাতেমা ট্রেডার্সের স্বত্বাধিকারী অলি আহমেদ মজুমদারের ছেলের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাজিয়া ট্রেডার্স। কাজের মেয়াদ ডিসেম্বর ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৪ হলেও এরপর এক বছর পার হলেও এখনো কাজটি না করে জনগনের দুর্ভোগ বাড়িয়ে যাচ্ছেন তিনি।

উপজেলার আরেক গুরুত্বপূর্ণ সড়ক মিরশানি বাজার-সোনাপুর সড়কের কাজটি পায় মেসার্স রাজিয়া ট্রেডার্স। কাজের মেয়াদ জানুয়ারি ২০২৪ থেকে অক্টোবর ২০২৪ হলেও এরপর প্রায় এক বছর পার হলেও এখনো কাজটি শেষ হয়নি।

ফাতেমা ট্রেডার্সের স্বত্বাধিকারী ঠিকাদার অলি আহমেদ অভিযোগের বিষয়ে জানান, বিগত সরকারের সময়ে নানকরা-দূর্গাপুর সড়কের কাজটি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দিই। নানকরা-দুর্গাপুর সড়কটির টেন্ডার বাতিলের চিঠি ঠেকিয়ে দেয়ার বিষয়টি সত্য নয় বলে তিনি জানান। বর্ষার কারণে কাজগুলো সময়ে করা যাচ্ছেনা। আগামী ১৫ দিনের মধ্যে নানকরা-দুর্গাপুরসহ চৌদ্দগ্রামের সকল পেন্ডিং কাজগুলো শেষ করা হবে।

চৌদ্দগ্রাম উপজেলা প্রকৌশলী মোঃ নুরুজ্জামান জানান, সময়ের মধ্যে কাজ শুরু ও শেষ করার জন্য উপজেলা দপ্তর থেকে শুরুতেই ঠিকাদারদের লে-আউট/ সাইট বুঝিয়ে দেয়া হয়। কাজ চলমান অবস্থায় কাজের মান নিয়ন্ত্রণে সার্বক্ষণিক মনিটরিং করা হয়। তথাপি উল্লেখিত ঠিকাদারের সময়ের মশ্যে কাজ শেষ না করার জন্য কাজগুলো বাতিলের সুপারিশ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানটির অনিয়মের কারণে আমরা একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠানো হয়েছে।

এলজিইডি কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন জানান, নানকরা-দুর্গাপুর সড়কটির টেন্ডার বাতিলের জন্য জেলা থেকেও চিঠি পাঠানো হয়। কিন্তু ঠিকাদার কাজটি শেষ করবে বলে হেড অফিস থেকে নতুন করে চিঠি নিয়ে আসে। চলতি বছরে নতুন করে কাজটি অনুমোদন নেয়া হয়নি। সে হিসেবে কাজটি বাতিল হওয়ার কথা। ঠিকাদারের আরও পেন্ডিং কাজের বিষয়ে আমি সংশ্লিষ্ট উপজেলায় খবর নিচ্ছি। এমন কিছু হলে লাইসেন্সটির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠানো হবে।

একাত্তর হারেনি, হেরে গেছে শিবির; ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হাসিবুল ইসলাম সজিব:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে কলেজের ডিগ্রি শাখার ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি ডিগ্রি শাখার বিভিন্ন লিংক সড়ক প্রদক্ষিণ করেছে।

মিছিলে তারা নানা স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানায়। স্লোগানে ছাত্রদল নেতারা বলেন, একাত্তর হারেনি, হেরেগেছে শিবির। ধর্ষকদের ঠিকানা, এ বাংলায় হবে না। একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জেলে ভর।  একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর। ছাত্রদলের অ্যাকশান, ডাইরেক অ্যাকশান।

বিক্ষোভ মিছিল শেষ কলেজের হৃদয়ে বাংলাদেশ ম্যুরালের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা হয়। এ সময় বক্তব্য রাখেন, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সিনিয়র নেতা মোঃ ওমর ফারুক, ওমর ফারুক মানিক, ফারহান ইসলাম সাদ, তারেক রহমান,তানভির রহমান, মাইনুদ্দিন ও শরিফুল ইসলাম প্রমুখ।

কুমিল্লা নগরীতে মহররম হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরের ফল ব্যবসায়ী মহরম হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে মঙ্গলবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়।

মানববন্ধনে দ্বিতীয় মুরাদপুর এলাকার কয়েকশত নারী-পুরুষ ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন। নিহতের পরিবারসহ স্থানীয়রা মহরম হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন- পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে মহরম মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারিরা এখনও নিহতের পরিবারকে হুমকি দিচ্ছে প্রকাশ্যে ঘুরাফেরা করছে পুলিশ তাদের গ্রেপ্তার করছেনা বলে অভিযোগ করেন।

ঘটনার পর নিহত মহরমের বোন রুনু বাদী হয়ে ৮জন নামীয়সহ ৬/৭জন অজ্ঞাত আসামী করে কুমিল্লা কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

এদিকে গেল ৩১আগষ্ট শনিবার রাত পৌনে আটটায় কাঁটাবিল মসজিদের সামনে মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা ঘটনা ঘটে। নিহত মহরম মিয়া নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। তিনি শ্বশুর বাড়ি নগরীর কাঁটাবিল এলাকায় ভাড়া থাকতেন।

কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।

‘জনগণের সাথে যাদের সম্পর্ক নেই তারাই পিআর চাচ্ছে দেশের সাধারণ জনগণ পিআর পদ্ধতি বোঝে না’

চান্দিনা প্রতিনিধি:

জনগণের সাথে যেসব রাজনৈতিক দলের সম্পর্ক নেই ওই জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলোই পিআর পদ্ধতিতে নির্বাচন যাচ্ছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব বীরমুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

সোমবার (১ সেপ্টেম্বর) দলীয় ফোরামে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে
চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হয়। পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর এমন দৃঢ় অবস্থানের প্রেক্ষিতে বিকেলে এলডিপি মহাসচিব তাঁর নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার চান্দিনায় এসব কথা বলেন।

তিনি বলেন- পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য অযৌক্তিক এবং আইনগত ভাবে অগ্রহণযোগ্য। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি বুঝে না। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে এই পিআর পদ্ধতির নির্বাচনের ফলে ১০ বছরে ৬ বার সরকার বদল হয়েছে! নির্বাচনকে বিলম্বিত করতেই এসব দাবি তৈরি করা হচ্ছে, যা অযৌক্তিক। এসব বাদ নিয়ে সদ্য ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী নির্বাচনে অংশ গ্রহণের জন্য সকল রাজনৈতিক দলকে আহবান জানান তিনি।

চান্দিনা উপজেলার নাওতলা আলিম মাদ্রাসা মাঠে মাধাইয়া ইউনিয়নের এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ওই প্রতিমন্ত্রী।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি সুলতান মঈন আহমেদ রবিন, চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টার, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের।

অনুষ্ঠানে মাধাইয়া ইউনিয়ন এলডিপি সভাপতি সামাদ আড়তদার এর সভাপতিত্বে ও চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা এলডিপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, বাতাঘাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট সাদেকুর রহমান, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক মহিলা দল সভাপতি তানজিনা আক্তার তিশা, সাধারণ সম্পাদক মেহেরুন নেছা মিম।

মনোহরগঞ্জে অটোরিকশার ভাড়া নিয়ে কথা-কাটাকাটি, বুকে রড ঢুকিয়ে বন্ধুকে হত্যা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মনোহরগঞ্জে অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে বুকে রড ঢুকিয়ে ফরহাদ হোসেন (২০) নামের এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। (১ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষণপুর বাজারে এ ঘটনা ঘটে।

একইদিন রাত ১০টার দিকে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফরহাদ হোসেন উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে। অপরদিকে অভিযুক্ত মাহফুজ আলম (২০) সাইকচাইল গ্রামের রবিউল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরহাদ ও মাহফুজ দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করেন। সোমবার সন্ধ্যায় কাজ শেষে অটোরিকশায় করে তারা লক্ষণপুর বাজারে পৌঁছান। এ সময় ভাড়া দেওয়া নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে মাহফুজ উত্তেজিত হয়ে ফরহাদের বুকে রড ঢুকিয়ে দেয়। এতে ফরহাদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা অভিযুক্ত মাহফুজকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ‘খবর পেয়ে নিহতের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।’

চান্দিনায় সড়ক উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার কামারখোলা গ্রামের একটি সড়ক উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

স্থানীয় গ্রামবাসী সূত্র জানায় জেলার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামের ভুইয়া বাড়ির প্রবেশের একমাত্র সড়কটির কিছু অংশ দীর্ঘদিন ধরে একই গ্রামের মামুন নামের একজন অবৈধভাবে দখল করে রেখেছিল। এ সময় সড়কটির পাশের পানি নিষ্কাশনের ড্রেন দখলসহ সড়কটির উপর তারা অবৈধ স্থাপনা নির্মাণ করে।

গ্রামবাসী হাকিম ভূইয়া আবু তাহের ভূঁইয়া আনু মিয়া ভূইয়া বাবুল আহমেদ সুরুজ মিয়া মুজিবুর রহমান প্রমুখ জানান কামারখোলা উত্তরপাড়া ভুইয়া বাড়ি এই সড়কটির উত্তর অংশে রয়েছে কমপক্ষে ২শ একরেও বেশি ফসলি জমি সারা বছর এসব ফসলি জমিতে ধান, টমেটো, ইক্ষু, আলু , শীতকালীন শাকসবজি সহ নানা ফসল উৎপাদন হয়। পরবর্তীতে কৃষকরা এসব উৎপাদিত ফসল ট্রাক্টর, ট্রলি, পিকআপ ভ্যান সহ বিভিন্ন যানবাহনে করে বাড়ি বা বিক্রয়ের জন্য বাজারে নিয়ে যেত। গ্রামটিতে প্রবেশের মুখে ১৪ ফুট প্রশস্ত রাস্তা থাকলেও মামুন নামের এক ব্যক্তি পানি নিষ্কাশনের ড্রেন ও সড়কের কিছু অংশ দখল করে একটি পাকা স্থাপনা নির্মাণ করে। এতে রাস্তা সংকুচিত হয়ে যান চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করে। এতে করে জনদুর্ভোগ তৈরি হয়। এছাড়া পানি নিষ্কাশনে অসুবিধা হচ্ছিল। এই অবস্থায় মিজানুর রহমান নামে প্রবাসীর স্ত্রী চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি অভিযোগ করে।

এরই প্রেক্ষিতে গত ২৭ আগস্ট বুধবার বিকেলে চান্দিনার সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তার নেতৃত্বে একটি দল এসে সড়কের উপর থাকা অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলে।

চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড ফয়সাল আল নুর জানান এলাকাবাসী বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ দেয়। অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করে দেখি সরকারি খাসজমি এবং রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে কিছু পরিবার জনদুর্ভোগ তৈরি করছে। পরিবারের লোকজনসহ এলাকাবাসীর সম্মুখে দখলকৃত জায়গা সার্ভেয়ার দিয়ে পরিমাপ করি। তাদেরকে দ্রুত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলে আসি। তারা স্থাপনা সরিয়ে নিবেন বলে প্রতিশ্রুতি দিলেও গত এক মাস ধরে কোন ধরনের অগ্রগতি পরিলক্ষিত হয়নি। এরপর তাদেরকে একাধিকবার সতর্কতামূলক নোটিশ প্রদান করা হয়। কিন্তু তারা না সরে বিভিন্নভাবে এই জায়গা অবৈধভাবে দখল করে রাখার অপচেষ্টা চালায়। এভাবে রাস্তা দখল করে পাবলিক ইজমেন্ট নষ্ট করা দণ্ডনীয় অপরাধ। এছাড়া ইচ্ছামত খাস জায়গা দখল করে রাখার কোন আইনগত বৈধতা নেই। এজন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করে জনগণের চলাচলের রাস্তা উন্মুক্ত করা হয় এবং ড্রেন দখলমুক্ত করা হয়। যারা এই ধরনের ঘৃণ্য কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনচলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়ার ফলে যান চলাচলে এখন সুবিধা হয়েছে। জনদুর্ভোগ কমেছে। চান্দিনা উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় এবং এই রাস্তা দিয়ে চলাচলকারী সুবিধাভোগী জনগণ।

চৌদ্দগ্রামে র‍্যাব-১১ এর অভিযানে ১,৮৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর এলাকায় র‍্যাব-১১ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কালিকাপুর গ্রামের ইলিয়াস ও তার সহযোগীরা ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল এনে তার বাড়িতে মজুদ করেছে। সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক ইলিয়াস ও তার সহযোগী বিটু পালিয়ে যায়। তবে ওসমান গনি শুভ (২৫) নামে এক মাদক কারবারিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে ৯টি বস্তায় রাখা মোট ১,৮৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত শুভ কালিকাপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ইলিয়াস ও বিটুর সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদক সংগ্রহ করে ইলিয়াসের বাড়িতে মজুদ করে রাখা হতো। পরে এসব মাদক কুমিল্লা, ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হতো।

র‍্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনপি পিআরের জন্য নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছে: কুমিল্লায় গয়েশ্বর চন্দ্র রায়

স্টাফ রিপোর্টার:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “আমরা আন্দোলন করেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, পিআর-এর জন্য নয়। পিআর কী – তা সাধারণ মানুষ বোঝেই না। এটা কি খাওয়া যায়, না মাথায় দেওয়া যায় – সেটাও অনেকে জানে না। যারা পিআরের পেছনে ছুটছে, তারা মনে করছে ক্ষমতায় গেলেই সব পেয়ে যাবে।”

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লার কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ সড়কে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, “৭১-এর পরাজিত শক্তি এবং ৭ই নভেম্বরের পরাজিত শক্তি দেশে-বিদেশে বসে নির্বাচন বানচালের পায়তারা করছে। বিএনপির বয়স ৪৭ বছর। তৃণমূলের কর্মীরা কখনও বিএনপিকে ছেড়ে যায়নি। বিএনপি হচ্ছে তৃণমূলের দল, জনগণের দল। বিএনপির সাথে সাধারণ কর্মী আছে, জনগণ আছে। কোনো ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা রুখে দেওয়া যাবে না।”

নেতাকর্মীদের রক্ত দিতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি। ধৈর্যের সঙ্গে আমরা নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছি।”

বর্তমান নির্বাচন কমিশনের বিষয়ে গয়েশ্বর রায় বলেন, “সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচন দিতে চায়, তবে তাদের আন্তরিকতার ঘাটতি রয়েছে। সময়মতো নির্বাচন দিতে হলে বাস্তব উদ্যোগ নিতে হবে।”

সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

এছাড়া বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান, সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমিরসহ ১৭টি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু এবং সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

এর আগে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালির উদ্বোধন করেন নেতারা। পরে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে পুরো নগরজুড়ে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

চাঁদপুরে বৃক্ষরোপণ কার্যক্রমে সম্মাননা পেল সামাজিক সংগঠন প্রভাত

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বৃক্ষরোপণ কার্যক্রমে অসাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সেরা সংগঠন পুরষ্কার- ২০২৫ অর্জন করেছে চাঁদপুরের সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন আয়োজিত শনিবার (৩০ আগস্ট) চাঁদপুর রোটারি ক্লাব মিলনায়তনে দিনব্যাপী স্বেচ্ছাসেবী কর্মশালায় এ সম্মাননা পুরষ্কার সংগঠনের নেতৃবৃন্দের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

“আমরা সবাই ঐক্যবদ্ধ, চাঁদপুর হবে দেশের গর্ব” এই স্লোগানকে সামনে রেখে এদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের দেড় শতাধিক স্বেচ্ছাসেবী। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের আহবায়ক এইচ এম জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এসোসিয়েশনের সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ লুৎফর রহমান, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও স্বদেশ বাংলার সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে চলতি বছরে বৃক্ষরোপণ কর্মসূচিতে ভূমিকা রাখায় প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার পাশাপাশি জেলার আরো ৪টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে- চাঁদপুরের প্রকৃতি ও জীবন ক্লাব, কচুয়ার রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থা, হাজীগঞ্জের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশন, শাহরাস্তির নোয়াগাঁও নিউ টাইগার ক্লাব। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করায় সম্মাননা পুরষ্কার গ্রহণ করেন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি জুয়েল হাজী, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আল মাহমুদ ও সদস্য মেহেরাব হোসেন নোবেল। এসময় বিভিন্ন সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি হাবিবুর রহমান বলেন, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যেই আমরা বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শুধু বৃক্ষরোপণ নয়, প্রতি ১৫-২০ দিন পর পর লাগানো গাছগুলো পরিচর্যা করে যাচ্ছে আমাদের সদস্যরা। একটি সবুজ বাংলাদেশ বিনির্মানে দেশের প্রতিটি মানুষকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই, সবাই সবার অবস্থান থেকে গাছ রোপণ ও এবং এর পরিচর্যা করুক। আমাদের সংগঠনকে মনোনীত করায় আমি উক্ত সংগঠনের পক্ষ থেকে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।