All posts by jitu

কুমিল্লায় ১২ ফুট লম্বা অজগর সাপ বস্তায় করে বাড়িতে নিয়ে গেল যুবক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচংয়ে একটি কালভার্টের নিচ থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। এরপর সাপটি বস্তাবন্দি করে বাড়িতে নিয়ে যান স্থানীয় এক যুবক।

বুধবার রাত ৯টায় উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাকশীমূল ইউনিয়নের মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, কালভার্টের নিচে বিশাল আকৃতির অজগরটি দেখে প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আলাউদ্দিন নামে এক যুবক সাপটি উদ্ধার করেন। এ সময় অনেকেই তাকে সাপটি বিক্রির পরামর্শ দিলেও এলাকাবাসী চায় এটি বন-জঙ্গলে অবমুক্ত করা হোক।

অবসরপ্রাপ্ত সেনাসদস্য রফিকুল ইসলাম জানান, অজগরটি প্রায় ১২ ফুট লম্বা। ধারণা করা হচ্ছে, এক বছর আগে সীমান্ত এলাকায় বন বিভাগের কর্মকর্তারা যে অজগর অবমুক্ত করেছিলেন, সেটিই ভেসে এখানে এসেছে। আমার ইচ্ছা সাপটি আবার জঙ্গলে অবমুক্ত করা হোক।

বুড়িচং উপজেলা বন বিভাগের কালিকৃঞ্চনগর বিট কর্মকর্তা ইয়াজুল হক জানায়, তিনি অজগরের খবর পেয়েছেন। বৃহস্পতিবার সকালে বন বিভাগের পক্ষ থেকে সাপটি উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসেন জানায়, সাপটি উদ্ধার হওয়া অঞ্চলটি ভারতীয় সীমান্তবর্তী এলাকা। ওই এলাকায় বেশ কিছু পাহাড়-জঙ্গল রয়েছে। এর আগেও ওই এলাকা থেকে সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সাপটিকে বন বিভাগ কালিকৃষ্ণনগর বনে উন্মুক্ত করবে।

নাঙ্গলকোটে নারী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে নাঙ্গলকোট উপজেলার বেগম জামিলা মেমোরিয়েল বালিকা উচ্চ বিদ্যালয়ে তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, দুর্নীতি প্রতিরোধ, মাদক, বাল্যবিবাহ, গুজব, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ, নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়েল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন ভূঁইয়া, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো: বশিরুজ্জামান ও সাবেক সভাপতি এ কে এম মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মিস শাহানা।

নারী সমাবেশে বক্তাগণ বলেন, বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে সবার অংশগ্রহণ নিশ্চিতের জন্য শিক্ষা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। নারীদের গৃহস্থলি কাজের পাশাপাশি কারিগরিমূলক শিক্ষা বা ট্রেনিং গ্রহণ খুবই জরুরী। নারীদের তথ্য স্বনির্ভর ও কর্তব্য পরায়ন হতে হবে। সকল ক্ষেত্রে নারী অধিকার প্রতিষ্ঠা ও চাকুরীতে নারীর অংশগ্রহণ নিশ্চিত জরুরী। ছাত্র-ছাত্রীর প্রতি সকল অভিভাবককে সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের মতো অপরাধমূলক কার্যক্রমে আপনার সন্তান যুক্ত হতে না পারে। সকল শিশুদের নৈতিক শিক্ষা ও বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান।

বক্তাগণ আগামী ১২ অক্টোরব ২০২৫ শুরু হতে যাওয়া ৯ মাস থেকে ১৫ বছর সকল শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করেন। নারী সমাবেশের শুরুতে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়লো ছয়টি বসতঘর, প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘরসহ ৬টি ঘর পুড়ে গেছে। প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর দক্ষিণপাড়া ফকির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে ৬টি ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৫ টার দিকে ফকির বাড়ি থেকে আগুন আগুন চিৎকার শুনে এগিয়ে যায় স্থানীয় লোকজন। পরে ওই বাড়ির বাসিন্দারাসহ আশপাশের লোকজন দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুড়িচং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে তারা আগুন নিয়ন্ত্রণ হওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় ফকির বাড়ির মৃত রশীদ মিয়ার ছেলে মিশন মিয়া (মুশন) ও মামুনুর রশীদ এবং মৃত সুলতান মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও ইসমাইল হোসেনের ৪টি বসতঘর ও ২টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি আমি শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি এই অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা প্রকাশ করছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

জামায়াত কখনও দেশের পক্ষে থাকে না, তারা সবসময় দেশের বিপক্ষে কাজ করে- চৌদ্দগ্রামে বরকত উল্লাহ বুলু

স্টাফ রিপোর্টার:

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বিএনপির’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যাতে আগামীতে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে না পারে সেই জন্য জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। একাত্তরের স্বাধীনতা বিরোধী এই দলটি আগামীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু করেছে। জামায়াতকে মুনাফিকের সাথে তুলনা করে বরকত উল্লাহ বুলু বলেন, ১৯৯৬ সালে জামায়াত আ’লীগের সাথে জোট করে ১৭৩দিন এই দেশে হরতাল পালন করেছে। ১৯৯৬ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন করে, তারা মাত্র ৩টি সিট পেয়েছে।

পিআর টিআর বুঝি না। আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় এই দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে।
১৯৪৭ সালের কথা উল্লেখ করে বুলু বলেন, ১৯৪৭ সালে জামায়াত পাকিস্তানের পক্ষে ভোট দেয় নাই। তারা তখন অভুক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছে। জামায়াত কখনও দেশের পক্ষে থাকে না, তারা সব সময় দেশের বিপক্ষে কাজ করে। আগামী নির্বাচন নিয়েও তারা ষড়যন্ত্রের অংশ হিসাবে পিআর পদ্ধতিকে সামনে নিয়ে এসেছে।

ডক্টর ইউনুছকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ডক্টর ইউনুছ দেশের জনগণের কথা বুঝতে পেরে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন ঘোষনা দিয়েছেন। আশা করি সেই সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি নির্বাচিত সরকারই দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে। নির্বাচিত সরকার ছাড়া দেশে সুশাসন আসবে না। নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলে আওয়ামীলীগের আমলে দেশের অর্থ পাচারকৃত অর্থ দেশে ফেরত আনতে পারবে বলে তিনি মনে করেন।

বুলু আরও বলেন, খালেদা জিয়ার মতো নেত্রী হয় না। একমাত্র খালেদা জিয়াই দেশের জন্য তার জীবন বিসর্জন দিতে চলেছেন। শেখ হাসিনা খালেদা জিয়াকে জেলে নিয়ে স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে। জিয়াউর রহমান ১৯৭১ সালে ২৭ মার্চ স্বাধীনতার ঘোষনার মধ্য দিয়ে দেশকে একটি মানচিত্র দিয়েছেন।

বুধবার বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা।

উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

এ সময় চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান মোল্লা হিরণ, জেলা বিএনপি’র সদস্য ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশীদ মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী রকিবুল আহসান মহব্বত, আমিনুল ইসলাম ছুট্টু, পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলালসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নানা আয়োজনে ফরিদগঞ্জে বাতিঘর মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

সামাজিক সংগঠন বাতিঘর মানবকল্যাণ সংস্থার ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও কেককাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মনতলা বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাতের সভাপতিত্বে ও সাবেক সহ-সভাপতি এস এম মিরাজ মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ- ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলম, মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ, সামাজিক সংগঠন বাতিঘর মানবকল্যাণ সংস্থার উপদেষ্টা খালেকুজ্জামান শামীম। বক্তব্য শেষে সামাজিক কাজের জন্য সর্বোচ্চ অর্থ প্রদান করায় সংগঠনের সদস্য মো. শরীফ হোসেন পাটোয়ারী ও সর্বোচ্চ অর্থ সংগ্রহ করায় সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দীন ও সাবেক সহ-দফতর সম্পাদক ইয়াসিন বরকন্দাজকে সম্মাননা প্রদান করা হয়। একই সময় সামাজিক কাজে সর্বোচ্চ উপস্থিতি থাকায় সাবেক রক্ত বিষয়ক সম্পাদিকা ফারজানা ইসলাম ইয়াসমিন ও সদস্য রাজু মির্জাকে সম্মাননা প্রদান করা হয়।

এরপর বাতিঘর মানবকল্যাণ সংস্থার স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের আওতায় ৩ জন অসহায় নারীকে সেলাই মেশিন প্রদানের পাশাপাশি উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

ওই সময় বাতিঘর মানবকল্যাণ সংস্থার উপদেষ্টা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, এ্যাডভোকেট জাকির হোসেন বাবলু, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান জয়দেব পাল, সাংবাদিক মো. শিমুল হাসান, সাংবাদিক এস এম ইকবাল সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. হোসাইন পাটোয়ারী, সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক মো. হোসেন বেপারী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নাছির উদ্দীন, সাবেক সহ-দফতর সম্পাদক ইয়াসিন বরকন্দাজ, সাবেক প্রচার সম্পাদক মো. রনি, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক নাজির উদ্দীন পাটোয়ারী, সাবেক রক্ত বিষয়ক সম্পাদিকা ফারজানা ইসলাম ইয়াসমিন, সদস্য রাজু মির্জা, আবু ইউছুফ সাখাওয়াত হোসেন, মো. শরীফ হোসেন পাটোয়ারী, নিরব আহমেদ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কাজী জাফরকে বাদ দিয়ে কেউ বাংলার ইতিহাস লিখতে পারবে না: জাপা নেতা আলী আব্বাস

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

জাতীয় পার্টি(জাফর) এর প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নবাব আলী আব্বাস বলেছেন, কাজী জাফরকে বাদ দিয়ে বাংলার ইতিহাস লিখতে পারবে না কেউ। কাজী জাফরকে বাদ দিয়ে যদি কেউ ইতিহাস লিখে, সেটা পরিপূর্ণ ইতিহাস হবে না। ছাত্র আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধে সব আন্দোলনেই কাজী জাফরের অবদান ছিল।

তিনি আরও বলেন, ৫ আগস্ট জাতির জীবনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকে মুছে নয়। ৫ আগস্ট এটা কোন বিপ্লব নয়, এটা স্বৈরশাসকের বিরুদ্ধে গণঅভ্যুথান। গত ১৭ বছর বিএনপির নেতৃত্বে যদি আন্দোলন সংগ্রাম না হতো, তাহলে চিলড্রেনস্ পার্টি এসে আন্দোলন সংগ্রাম করা সম্ভব হতো না। নবাব আলী আব্বাস বুধবার (২৭ আগষ্ট )কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া কাজি বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা জাতীয় পার্টি সভাপতি আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার, জেলা জাতীয় পার্টির আহবায়ক রফিকুল ইসলাম মজুমদার, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, উপজেলা যুবসংহতির সদস্য সচিব আবুল কাসেম।

উপজেলা যুবসংহতির আহবায়ক কাজী শহীদের পরিচালনায় অন্যান্যের বক্তব্য রাখেন কনকাপৈত ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক জাফর আহমেদ, মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক আবদুল মালেক, কালিকাপুর ইউনিয়ন জাতীয় পাটির আহবায়ক নাছির উদ্দিন, বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মাহফুজ আলম, গুনবতী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জাকির হোসেন জিকির, জহিরুল ইসলাম জহির।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা জাতীয় পার্টি নেতা আলী আশ্বব মেম্বার, জেলা যুবসংহতির নেতা বিল্লাল হোসেন, মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টি নেতা নুর হোসেন, আবুল কাসেম মোল্লা, গুনবতী ইউনিয়ন জাতীয়পার্টি নেতা জানে আলম দোভাষী, চিওড়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা হাজী রুহুল আমিন, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টি নেতা জহিরুল ইসলাম, কাশিনগর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা নেতা লুৎফর রহমান, সাজেন্ট আবদুর রশিদ, শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা আবুল কাসেম, কনকাপত জাতীয় পার্টি নেতা বাহার মজুমদার, সিরাজুল ইসলাম প্রমুখ।

গৌরীপুর বাজারে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দির গৌরীপুর বাজারের যানজট নিরসনে সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। বুধবার(২৭আগষ্ট) দুপুরে গৌরীপুর-হোমনা সড়কের গৌরীপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন আক্তার।

সাম্প্রতিক সময়ে গৌরীপুর বাজারের যানজটে নাকাল হয়ে পড়েছে সড়কে চলাচলকারী পথচারী, যাত্রী ও বাজারের ব্যবসায়ী। এযানজটের কারনে ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে গৌরীপুর বাজারের গোমতি ব্রিজ পর্যন্ত প্রতিদিনই এখানে ঘন্টার পর ঘন্টা যানজটে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী ও পথচারীদের।

এনিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা একাধিক প্রতিবেদনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেছেন। গতকাল( মঙ্গলবার) উপজেলা পরিষদের মাসিক সভায় ভোগান্তির বিষয়টি আলোচনা উঠে আসে। তাই আজ দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৌরীপুর বাজারে যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রেদওয়ান ইসলাম।

এসময় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আয়শা আক্তারসহ স্বেচ্ছাসেবী সংগঠন ধানসিঁড়ির স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এদিকে অভিযান পরিচালনাকালীন সময়ে অর্থাৎ প্রশাসনের লোকজন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যতক্ষণ বাজারে থাকছেন ততক্ষণ যানজটমুক্ত ও সড়ক দখলমুক্ত থাকছে। কর্মকর্তারা চলে গেলে আবারো পূর্বের অবস্থায় ফিরে আসে ফুটপাতের হকাররা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লায় ভন্ড রাজার বাগের আস্তানা বন্ধের দাবীতে বিক্ষোভ  ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

এইচ.এম.তামীম আহাম্মেদ:

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের  ধনুয়াখলা পূর্বপারা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ভন্ড রাজার বাগের আস্তানা বন্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকালে স্থানীয় ওলামায়ে কেরাম, ছাত্র জনতা ও এলাকাবাসীর আয়োজনে সদরের কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলা বাজারে  এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

এ সময় ৫ শতাব্দিক বিক্ষোভকারীরা কালীর বাজার ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে  বিক্ষোভ শুরু করে ধনুয়াখলা বাজারে এসে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারী জনতা এসময় “রাজার বাগী আস্তানা- কালীর বাজারে হবে না,  রাজার বাগী আস্তানা – ভেঙে দাও গুড়িয়ে দাও, একশন টু একশন- ডাইরেক্ট একশন, মুসলমানের একশন -ডাইরেক্ট একশন, ভন্ডদের আস্তানা -ভেঙে দাও গুড়িয়ে দাও ও শিরিকিদের আস্তানা- ভেঙে দাও গুড়িয়ে দাও” সহ নানা স্লোগান দিতে থাকেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ভন্ড  রাজার বাগের আস্তানার কার্যক্রম গুটিয়ে নিতে আল্টিমেটাম দেন। কোনরকম বিশৃঙ্খল পরিস্থিতি হলে সকল দায়ভার তাদের নিতে হবে বলে হুশিয়ারি দেন এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, আদর্শ  সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম,  সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, জামাতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ আল মামুন, হেফাজতে ইসলামীর মহানগরী আমীর মুফতি জিলানী, কালীর বাজার ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম সিআইপি,  কুফর শিরক প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ আহমদ।

চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের গাড়িসহ বাসায় হামলা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের গাড়িসহ বাসা এবং কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ১০ জন। খোদ সাংবাদিকদের কাছে এ দাবী করেন আজম খান।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১ টা ৫৫ মিনিটের সময় চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ের সিংহ পাড়া এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানের বাসা ও অফিস এবং গাড়ি ভাংচুর করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। এতে অনেক নেতাকর্মী প্রতিপক্ষ গ্রুপের হামলার শিকার হন। হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা যায়। রক্তাক্ত জখমসহ আহতদের তিনজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন- সুজন মিয়াজির ছেলে মো. ফরিদ (৪৫), মো. আলী গাজীর ছেলে ফারুক গাজী (২৮) ও হারেজ খানের ছেলে আকাশ খান জিতু (৪৭)।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া জানান, বিএনপির আজম খানের একটি মিটিং হাসান আলী হাই স্কুল মাঠে হবার কথা ছিলো। এই মিটিংয়ের প্রস্তুতিকে কেন্দ্র করে তার অফিস ও বাসা ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ফোর্স সহ আমরা ঘটনাস্থলে যাই এবং উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। আমাদের আসার পরপর খবর পেয়ে যৌথ বাহিনীও সেখানে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সন্দেহভাজন কয়েকজনকে আটক করলেও তারা পথচারী বলে যাচাই-বাছাইয়ে ছেড়ে দেওয়া হয়।

একইদিন রাতে কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে নিজ বাসায় আজম খান বলেন, আমার দলের লোকজনই আমার ওপর হামলা করেছে, আমি তাদের কারো বিরুদ্ধে থানায় মামলা বা অভিযোগ করবো না। তারা তো সবাই আমার দলেরই কর্মী। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি চাঁদপুরে কাজ করে যাচ্ছি। আমি তো কোন প্রার্থীতা ঘোষণা করিনি। তাহলে আমার নেতা তারেক রহমানের এই ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ কি করাকে কেন্দ্র করে হামলা ও ভাংচুর করা হয়েছে কেন? এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির ক্ষতিগ্রস্ত পক্ষ থানায় কোনো অভিযোগ বা মামলা করেনি বলে থানা সূত্রে জানা যায়।

চাঁদপুরে ৩৬ স্বেচ্ছাসেবী সংগঠন পেল ১৯ লক্ষাধিক টাকার অনুদানের চেক

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ২০২৪-২০২৫ অর্থবছরে চাঁদপুর জেলার নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন ৩৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে মোট ১৯ লাখ ২০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আপনার পরিবেশের দিকে নজর দিবেন। পরিবেশ এখন বিপর্যস্ত, সমাজটা রুগ্ন হয়ে যাচ্ছে। প্রতিটি সংগঠনের পরিবেশ রক্ষার্থে কাজ করা দরকার। অনেক খাল রয়েছে ময়লা-আবর্জনায় ভরা, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়—এসব নিয়ে কাজ করতে হবে। টেকসই কিছু করা প্রয়োজন। তিনি আরও বলেন, আমরা সবাই মিলেই সরকার, সবাই মিলেই সমাজের মানুষের পাশে দাঁড়াই। দুর্যোগকালীন সময়সহ বিভিন্ন সময়ে স্বেচ্ছাসেবী সংগঠনের অনেক অবদান রয়েছে। যার সামর্থ্য বেশি সে বেশি করবে, যার কম সে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবে। সবাই যদি অন্তত একজন পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সমাজের অনেক উপকার হবে।

ডিসি মোহসীন উদ্দিন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে অনুদানের অর্থ দিয়ে সমাজে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অনেক সংগঠন নিরবে কাজ করে যাচ্ছে, কেউ কেউ আবার প্রচার করছে। আজকের সরকারের দেয়া অনুদানের টাকায় নতুন ও ভালো কাজ করবেন। আপনাদের সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম। সঞ্চালনা করেন সহকারী পরিচালক মো. রুহুল আমিন বাশীর। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষে বক্তব্য রাখেন জিবনদ্বীপ সংগঠনের অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার এবং নবরূপ সংগঠনের পিএম বিল্লাল প্রমুখ।