All posts by jitu

বন্ধ হয়ে যাবে আকাশবাড়ি হলিডেজ, ট্রাভেল ইন্ডাস্ট্রিতে এবার বিলিয়ন ডলার টার্নওভার এর হাতছানি

 

স্টাফ রিপোর্টার:

আকাশবাড়ি হলিডেজের ২২ লক্ষ মিডিয়া পার্টনার ।  ইমতিয়াজ, আবু বকর রাব্বি, তৌহিদুল ইসলাম মাসুম ও তাজরীন আকতার  তারা প্রত্যেকেই আকাশবাড়ি হলিডেজে দীর্ঘদিন যাবত কর্মরত ছিলো এবং আকাশবাড়ি হলিডেজ এ থেকে লক্ষ লক্ষ টাকার বেতন ও বেনিফিট গ্রহণ করেছে এবং এদের মধ্যে অনেকেরি কোটি টাকা মুলের গাড়িও আছে। আরেকজন মোর্শেদ জুয়েল ( ফাউন্ডার- ফাস্ট ট্রিপ)। ৫ জনের ১ জন।
তারা ৫ জন পর্যায় ক্রমে মিথ্যা ডিক্লারেশন দিয়ে সর্বপ্রথম জুয়েল ও সর্ব শেষে মাসুম গত ২৭ আগস্ট অব্যাহতি চিঠি সাবমিট করে এবং কোনও আরও কিছু অনৈতিক আর্থিক সুবিধা গ্রহণ করে। কিন্তু কেউই এখনও পর্যন্ত ছাড়পত্র পায়নি উপরন্তু ইমতিয়াজ ও তাজরিন কোম্পানির এক জুনিয়র এর কাছ থেকে প্রলুব্ধ করে একটি জাল ছাড়পত্র জোগাড় করে।

টুইস্ট : এই ৫ জন গত কমপক্ষে ৬ মাস যাবৎ আরও দুটি কোম্পানি ফাউন্ড করে রেখে এবং সফ্ট লঞ্চিং করে বিজনেস করে আসছিলো এবং এদিক দিয়ে আকাশবাড়ী হলিডেসে বসে আকাশ বাড়ির গুরুত্ব পূর্ণ নথি, ডাটা বেস, কাস্টমার কনট্যাক্টস, পাসপোর্ট এর কপি, হার্ড ডিস্ক ইত্যাদি নিজেদের কোম্পানিতে অবৈধ ইউজ করে আসছিলো। এর কমপক্ষে ১০০ প্রমাণ আমার কাছে আছে। আমি প্রমাণ করতে প্রস্তুত আছি।

আমার বেশিরভাগ কাস্টমাররা প্ররোচনা দিয়ে আমার অফিসে বসে আমার চাকুরি করে তারা নিজেদের কোম্পানিতে ট্রান্সফার করে আসছিলো।উল্লেখ্য আমি কমপক্ষে ১০ কোটি টাকার আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি। আকাশ বাড়ি হলিডেজের প্রতিটি ইনকাম ঘইজ এ শো করা এবং এই প্রতিষ্ঠান কমপক্ষে অর্ধ কোটি টাকা ট্যাক্স প্রদান করে এবং বছরে দের থেকে দুই কোটি টাকা বিদেশি রেমিটেন্স আয় করে।

আমার প্রশ্ন বাংলাদেশ কি এমনি একটি মগের মুল্লুক যেখানে যে কেউ চাকুরি করে বেতন নিয়ে কর্তব্যের সাথে বেইমানি করে ঘরে বসে ঘরের বেড়া কাটতে পারে। যে কাস্টমার আনার জন্য তাদের লক্ষ লক্ষ টাকা বেতন দেওয়া হত তারা জালিয়াতি করে সেইখান থেকেই কাস্টমার ও কাস্টমার ডাটাবেজ প্রতিদিন চুরি করতে পারে?
তারা কি এতই প্রভাব প্রতিপত্তি বা ক্ষমতার মালিক যে কোম্পানি আইন, পলিসি না মেনে চাকরি ছাড়ার ৬ মাস আগেই একই কোম্পানি খুলে কোম্পানির বিশাল আকারের ক্ষতি করতে পারে? তাদের পিছনে ইন্ধন দাতা কারা? তারা দিব্যি হিসাব না দিয়ে উল্টা দেখে নেওয়ার হুমকি দিচ্ছে।

এরা কারা? এমন কি আপনাদের কোম্পানিতে আছে?
বেড়া কাটার লোক কি সব প্রতিষ্ঠানে আছে। দইয়া করে জানাবেন। আমার কাছে প্রমাণ আছে ত্রিপোলজি ও ফাস্ট ট্রিপ এই দুটি প্রতিষ্ঠান বেইমানি করে অবৈধ জন্ম হয়েছে। সরকারের অনমোদন এর তোক্কা না করে হাজার হাজার পাসর্পোট অফিসে রেখে ডিল করছে। শুধু তাই নয় আমার অন্য কমপক্ষে ৩০ জন এমপ্লয়কে তাদের সাথে যোগদান করতে প্রলোভন দেখিয়েছে। তার মধ্যে মনীষা আখতার, খলিল, মিজান, সুদীপ্ত সহ আরও অনেকেই ইতিমধ্যে তাদের সাথে যোগ দিয়েছে। মনীষা আকতার ইতিমধ্যে কোম্পানিতে অনৈতিক প্রবেশ করে কোম্পানির হার্ডওয়ার ও নথিপত্র নষ্ট, বিনাশ বা তসরুফ করতে সিসি টিভি ক্যামেরায় ধরা পড়েছে।
যাক ঘটনা বড় করলে মজা থাকে না। মূল বিষয়ে আসি।

আমি দৃঢ় চিত্তে বলতে চাই এই ৫ বেইমানের শাস্তি আপনারা যারা ট্রেড পার্টনার, কাস্টমার, সম্মানিত ফলোয়ার বা গেস্ট বা আইন কানুন সংস্থা- নিশ্চিত করতে না পারেন আমি ৩ মাসের মধ্যে ১৯০ জন কর্মচারী তাদের পরিবার নিয়ে এই অবস্থায় কোম্পানি বন্ধ করে দিব।

ট্রাভেল ইন্ডাস্ট্রিতে সুনাম আর ডাটাবেজ, দক্ষ কর্মী আর চেয়ার টেবিল ছাড়া অন্য কোন সম্পতি থাকে না। এই প্রত্যেকটা জিনিস আমার চুরি হয়েছে। আমি সরকারের অতি উচ্চ পর্যায়ে দ্বারে দ্বারে ঘুরছি অভিযোগ দাখিল করছি কিন্তু অদ্যাবধি একটি মামলা দাখিল করতে পারি নাই। কোম্পানিতে কোটি টাকা পেআউট করার ক্ষমতা আমি ক্রমেই হারাচ্ছি। এর বিচার হতে হবে। কোম্পানিতে থাকা কর্মচারী ও তাদের পরিবারের কমপক্ষে ৫০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

প্রমাণ নিয়ে আমি আমার অফিসে থাকব প্রতিদিন। সবাইকে প্রমাণ দেখে যাওয়ার আমন্ত্রণ রইল।
যারা এই ইন্ডাস্ট্রিতে চাকুরি করেন তাদের উদ্দেশ্যে বলছি আকাশবাড়ি হলিডেজে চাকুরী করে কোটি টাকার গাড়ি কেনা যায়, বেইমানি করে ফাউন্ডার হওয়া যায়। আপনারা যারা সৎ তারা শুধু দেখে যাওয়া ছাড়া আর কোনও উপায় নাই।

কুবিতে মানহীন সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে ওয়ারহাউজ

 

চাঁদনী আক্তার, কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ওয়ারহাউজে নিম্নমানের ইট ও জিনিসপত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। বাজেটের তুলনায় মানহীন সামগ্রী ব্যবহার হওয়ায় কাজের স্থায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের পিছনে নির্মিত হচ্ছে এই ওয়ারহাউজ। প্রকল্পটি “সামির এন্টারপ্রাইজ” নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। বাস্তবায়নের জন্য বাজেট ধরা হয়েছে ৮ লাখ ৫৭ হাজার ৫৬৮ টাকা। বর্তমানে প্রকল্পের কাজ চলমান রয়েছে। তবে অভিযোগ উঠেছে, নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট, সিমেন্ট ও শুড়কি।

এ বিষয়ে জানতে চাইলে সামির এন্টারপ্রাইজের ম্যানেজার মো. কালাম বলেন, “আমরা কোয়ালিটি বজায় রেখে কাজ করি। এরকম কোনো অভিযোগ থাকলে আপনারা আমাদের লিখিতভাবে জানাতে পারেন এবং আমার এমডি এটির সঠিক ব্যবস্থা নেবেন। তবে আমার জানা মতে এরকম কোনো কাজ হয়নি। কারণ বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং সেকশন, রেজিস্ট্রার সেকশন রয়েছে যারা এটির দেখাশোনা করে। যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই তারা আমাদের জানাতেন যে কোয়ালিটি মেইনটেইন করা হচ্ছে না।”

প্রকল্পটির তদারকির দায়িত্বে থাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. বিল্লাল হোসাইন বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে স্যাররা আছেন, উনারাই অনুমোদন দেন। আমি শুধু কাজটি তদারকি করি। কোনো সমস্যা হলে তারা সমাধান করে দেন।
তিনি আরও বলেন, “আমার কাছে কোয়ালিটি একেবারেই খারাপ মনে হয়নি। প্রথমে যখন এক হাজার ইট এসেছিল, তখন আমরা অভিযোগ করেছিলাম। পরে তারা ইট পরিবর্তন করেছে। আমার জানা মতে, এর সমাধান হয়ে গেছে।”

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, “এই মাত্র জানলাম আপনার কাছ থেকে। এ ধরনের অভিযোগ যদি আপনারা পান, আমাদেরকে সাথে সাথে জানালে আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। যতটুকু দেখেছি দেওয়াল হয়ে গিয়েছে, আগে জানালে আমাদের ক্ষতি হতো না।”

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় সভা

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে নগরীর একটি রেস্টুরেন্টে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রী যুবরাজ ভৌমিক। সঞ্চালনা করেন নাসির উদ্দিন সদস্য সচিব, কুমিল্লা মহানগর। কুমিল্লা বাঁচাও মঞ্চ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা বাঁচাও মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল- ১ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. আব্দুল মোতালেব মজুমদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী (সাবেক সংসদ সদস্য ও হুইপ), শ্রী শ্যামা প্রসাদ ভট্টাচার্য, জহিরুল হক দুলাল, হাজী সিদ্দিকুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগরের সভাপতি অমল চন্দ্র দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, আদর্শ সদরের সভাপতি শ্রী যুগেশ সরকার । ২২ নং ওয়ার্ডের সভাপতি নিহাদ দত্ত সিং, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সদর দক্ষিণের সভাপতি শ্রী চন্দন চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সদর দক্ষিণের সাধারণ সম্পাদক শ্রী সম্পদ পাল, আদর্শ সদরের সাধারণ সম্পাদক শ্রী মধুসূদন রায়, বারপাড়ার সভাপতি সজল পাল , শিব মন্দির সদর দক্ষিণের সভাপতি সুশীল মজুমদার।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যান ডক্টর এম এম শরিফুল করিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান আমানুল্লাহ আমান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, কুমিল্লা বাঁচাও মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলী ফারুক, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, সোহেল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদা আক্তার লাভলী, মাইনুল হোসেন রিপন।

মুরাদনগরে পাগলা কুকুরের কামড়ে আড়াই বছরের শিশুসহ আহত ৫০

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগরে পাগলা কুকুরের কামড়ে আড়াই বছরের শিশুসহ একদিনে ৫০ জন মানুষ আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত অন্তত ২০ জনকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করাসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সিরাজুল ইসলাম মানিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চাপিতলা, বাঙ্গরা পূর্ব, বাঙ্গরা পশ্চিম, রামচন্দ্রপুর উত্তর ও নবীপুর পূর্ব ইউনিয়নের ধনপতিখোলা, দিঘীরপাড়, বিষ্ণুপুর, শ্রীরামপুর, পুষ্করনিরপাড়, পাকগাজীপুর, খামারগ্রাম, সিংহারিয়া, বাখরনগর ও রাজনগর গ্রামে বেশ কয়েকটি বেওয়ারিশ পাগলা কুকুর সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়িয়েছে। এভাবে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পুরো উপজেলায় অর্ধশতাধীক মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে।

গুরুতর আহতরা হলেন, উপজেলার বিষ্ণুপুর গ্রামের আড়াই বছর বয়সী জান্নাত আক্তার, লিটন (৩৫ ), ফয়সাল (৩৫ ), জজ মিয়া (৫২), বেবি আক্তার (৪০), বেবি আক্তার-২ (৩৫), নুরজাহান (৮০), শ্রীরামপুর গ্রামের মাজেদা (২০), হাবিবুল্লাহ (৬ ), লুৎফা (২২), সিফাত (৪), পুস্করনিরপাড় গ্রামের নুসরাত (৫), পাকগাজীপুর গ্রামের আবু সাঈদ (৫), হামদু মিয়া (৭০), ধনপতিখোলা গ্রামের তাজুল ইসলাম (৬৫), রাজনগর গ্রামের হুজাইফা (সাড়ে তিন বছর), সিংহারিয়া গ্রামের আলম (৪৫), বাখরনগর গ্রামের মঙ্গল মিয়া (৬২), দিঘীরপাড় গ্রামের হামিদা (৮) ও খামারগ্রাম গ্রামের বাহাদুর (৪৫)।

এ তথ্য নিশ্চিত করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সিরাজুল ইসলাম মানিক বলেন, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কুকুরে কামড়ে আহত ২০ জনকে তাঁরা চিকিৎসা ও টিকা দিয়েছেন। পাশাপাশি গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা জেলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে শুক্রবার সকালে কুকুরটি আবারও বাঙ্গরা পূর্ব ইউনিয়নের খামারগ্রাম গ্রামে প্রবেশ করে আরো ৫ জনকে কামড়ায়। পরে গ্রামবাসী একত্রিত হয়ে সেই কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছে।

মুরাদনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলী বলেন, বেওয়ারিশ কুকুরের কোনো দায়িত্ব প্রাণী সম্পদের নেই। শুধু মালিকানা প্রাণীই এ দপ্তরের দায়িত্বের মধ্যে রয়েছে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবদুর রহমান বলেন, একটি বেওয়ারিশ পাগলা কুকুরকে শুক্রবার সকালে স্হানীয়রা হত্যা করেছে বলে জানতে পেরেছি। শুনেছি পাগলা কুকুরটি নাকি খুবই ভয়ংকরভাবে আক্রমণ করেছে। কুকুরের কামড়ে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

‎লালমাই প্রেস ক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

‎‎খান মোহাম্মদ রুবেল হোসেন :

‎২৫ সেপ্টেম্বর, ২০২৫ বৃহস্পতিবার বিকেল ৫ টায় লালমাই উপজেলা পরিষদ সংলগ্ন থানা রোড খন্দকার মার্কেটে লালমাই প্রেস ক্লাবের কার্যালয়ে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক শিরোনাম পত্রিকা সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি বিশেষ প্রতিনিধি, সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়।

প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সাংবাদিক খান মোহাম্মদ রুবেল হোসেন এর সঞ্চালনায় নিয়মিত মাসিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সমাজ কন্ঠ পত্রিকার নিজস্ব সংবাদাতা মোঃ তোফায়েল মাহমুদ বাহার, অর্থ সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক ভোরের কথা পত্রিকা সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম রকিব, সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক স্বাধীন ভোর পত্রিকা সাংবাদিক মোঃ রবিন মজুমদার,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সহসম্পাদক মোঃ মোর্শেদ আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও দৈনিক জনতার সাংবাদিক মোঃ সালামত উল্লাহ, ধর্ম সম্পাদক ও দৈনিক একুশে পত্রিকা সাংবাদিক মোঃ আবাদ মিয়া, সদস্য মোঃ ইউসুফ মিয়া,সম্মানিত সদস্য মোঃ নজরুল ইসলাম  প্রমুখ।

মুরাদনগরে দুর্ধর্ষ চুরি, ফেলে যাওয়া মোবাইলের সূত্রধরে একজন আটক

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরি করতে এসে ফেলে যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে ১ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের করিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী রাজিব মজুমদার বলেন, রাতের কোন এক সময় চোর আমার ঘরে লুকিয়ে ছিল। প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতের খাবারে পর আমি এবং আমার স্ত্রী ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক আড়াইটার দিকে ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে দরজা খোলার সময় আমি শব্দ পাই। চুরি করা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে সে পালিয়ে যাওয়ার সময় আমি পেছন থেকে তাকে ঝাপটে ধরি। পরে সে আমাকে কিল ঘুষি মেরে পালিয়ে যায়। এ সময় চোরের ব্যবহৃত একটি মোবাইল ফোন ফেলে যায় আমার ঘরে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মুরাদনগর থানার একদল পুলিশ আমার বাড়িতে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, চুরি করতে এসে, চোরের ফেলে যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার মনিয়ন্ধা গ্রামের আব্দুল হকের ছেলে মামুন মিয়াকে আটক করা হয়েছে। আটককৃত মামুন মিয়া চুরির বিষয়টি স্বীকার করলেও, এখনো কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, চুরির ঘটনায় মামুন মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামিনে মুক্তি পেলেন আউয়াল খানসহ ছাত্রদলের ৮ নেতা

সোহরাব হোসেন, দেবিদ্বার:

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে চারদিন পর জামিনে মুক্তি পেলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারন সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের মনোনয়ন প্রত্যাশি এম এ আউয়াল খানসহ কেন্দ্রেীয় ছাত্রদলের ৮ নেতা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্ত হন।

এ সময় কারাফটকে শতশত নেতাকর্মীর ঢল নামে এবং তাদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। সকাল থেকেই এম এ আউয়াল খানের এলাকা কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের এবং তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মী কারাফটকের সামনে অপেক্ষা করতে থাকেন। মুক্তি পাওয়ার পর নেতাকর্মীরা তাদেরকে ফুলের মালা পরিয়ে শ্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করেন।

শেখ হাসিনার সরকারের আমলে রাজধানীর গুলশান ও বনানী থানায় দায়ের করা তিনটি মামলায় রোববার (২১ সেপ্টেম্বর) আদালতে আত্মসমর্পণ করলে আদালত এম এ আউয়াল খান সহ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। বুধবার (২৪ সেপ্টেম্বর) ওই তিনটি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানি হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এরপর আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তারা কারামুক্ত করা হয়।

কারাগার থেকে মুক্তি পেয়ে এম এ আউয়াল খান বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সারাদেশকে কারাগারে পরিণত করেছিল। আগেও কোন জেল জুলুম হুলিয়া দিয়ে আমাদেও আটকে রাখতে পারেনি, এখনো পারবেনা। এই মুক্তি আমাদেও আন্দোলনকে আরও বেশি গতিশীল করবে।

জামিনে মুক্ত আউয়াল খান ছাড়া অন্য ছাত্রদল নেতারা হলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মো. রেজওয়ানুল হক সবুজ, সহসভাপতি সোহাগ মোল্লা, সাবেক ছাত্রদল নেতা মো. শরীফুল ইসলাম মাসুম, ছাত্রদল নেতা হান্নান মামুন, রাশেদ উল্লাহ রাশেদ, আলমগীর বিশ্বাস রাজু ও মো. রাসেল।

শাপলা প্রতীক কেন দেয়া হবে না, তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন: সিইসি

ডেস্ক রিপোর্ট:

শাপলা প্রতীক প্রথমে নাগরিক ঐক্য চেয়েছিল, তাদের দেয়া হয়নি। পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চেয়েছে, তাদেরও দেয়া হয়নি। শাপলা প্রতীক কেন দেয়া হবে না, তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেবো- এটাকে হুমকি হিসেবে মনে করছে নির্বাচন কমিশন। এটা কমিশনের সিদ্ধান্ত। ইসি কারও কথায় চলে না, নিরপেক্ষভাবে কাজ করতে চায়।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। লেবেল প্লেইং ফিল্ড সবার জন্য নিশ্চিত করা হবে। এর জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সদর ক্যাম্পের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার ঈশ্বর পাঠশালায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীর কুমিল্লা সদর ক্যাম্পের উদ্যোগে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বর পাঠশালার মহেশাঙ্গন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক ২৩ বীর ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, র‍্যাব-১১ সিপিসি-২ এর এডমিন ডিএডি মহসিন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কুমিল্লা জেলার আহ্বায়ক শ্যামল চন্দ্র সাহা।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত আইনশৃঙ্খলা কার্যক্রম এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সকল দপ্তর পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে একযোগে কাজ করবে বলে সভায় জানানো হয়।

দাউদকান্দিতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) বেলা ১১টার দিকে দাউদকান্দি উত্তর নছরুদ্দি সুইচগেইট এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত অটোরিকশাচালকের নাম ফাহিম(১৪) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। সে দাউদকান্দিতে বাসাভাড়া নিয়ে মা, ২ ভাই ও ১ বোনকে নিয়ে বসবাস করতেন।

পুলিশ পরিবারের বরাত দিয়ে জানায়, অটোরিকশা চালক কিশোর ফাহিম দাউদকান্দি পৌর বাজারে রিকশা চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন। গত বুধবার সকালে সে অটোরিকশা নিয়ে বের হলেও রাতে আর বাসায় ফিরেনি। রাতে তাকে খোঁজাখোঁজির পর সকালে উত্তর নসুরুদ্দি এলাকা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয় ।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে হচ্ছে। ধারনা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতেই এ হত্যাকান্ড ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা। হত্যাকারীদের সনাক্তকরণ এবং তাদের আটক করতে পুলিশি তৎপরতা চলমান রয়েছে।