All posts by jitu

বুড়িচংয়ে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলার মাতলারচর এলাকায় স্কুলছাত্রীকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. নবীকে (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ্ প্রধান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দিকে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের মাতলারচর এলাকায় স্কুলছাত্রীকে (৬) ধর্ষণের চেষ্টা করেন মো. নবী নামের এক ব্যক্তি। এ ঘটনার পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আসামি মো. নবীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে পুলিশ। গ্রেপ্তার উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের মাতালারচর মাস্টার বাড়ির আব্দুর রহিমের ছেলে।

জানা গেছে, ভুক্তভোগী গত সোমবার বেলা তিনটার দিকে অন্যান্য বাচ্চাদের সঙ্গে বাড়ির পাশে নির্মাণাধীন একটি ভবনের ভেতর খেলাধুলা করছিল। এ সময় একই বাড়ির মো. নবী সেখানে গিয়ে টাকা ও চকলেট দেবেন বলে প্রলোভন দেখিয়ে তাকে তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেন।

পরবর্তীতে শিশু তাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করলে সে চিৎকার দেয়। এতে ভয় পেয়ে অভিযুক্ত ওই তাকে ২০ টাকা দিয়ে কাউকে কিছু না বলার জন্য বলে। বিষয়টি শিশুটির মা জানতে পেরে বুড়িচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানায়, ‘ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. নবী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছেন।’

কুমিল্লায় ট্রেনে অভিযান: ৮৭ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৮৭ লাখ ৭ হাজার ৮০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহান।

অভিযানকালে ট্রেনের বিভিন্ন বগি থেকে মালিকবিহীন অবস্থায় নিম্নোক্ত চোরাচালান পণ্য জব্দ করা হয় অলিভ অয়েল ১৫৮ বোতল, ডেরোবিন ক্রিম ১,১২০ পিস,
স্কিন সাইন ক্রিম ৮৬০ পিস,
জনসন বেবি লোশন ১,৩৩০ পিস,আতশবাজি ৩ লাখ ৪০ হাজার ৬০০ পিস।

বিজিবি জানায়, জব্দকৃত এসব মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

১০১ টাকার ওষুধ ১২৯৯ টাকায় কেনা! কুমিল্লা মেডিকেল কলেজে কোটি টাকার দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনাকাটায় কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে মাত্র ১০১ টাকা মূল্যের ইনজেকশন পেনটোথাল সোডিয়াম (১ গ্রাম পানিসহ) ১২৯৯ টাকা দরে কেনা হয়েছে বলে দাবি করা হয়েছে, যা সরকারি নিয়ম নীতিমালার সম্পূর্ণ লঙ্ঘন। এই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও বর্তমান পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে নিপীড়িত নাগরিক সমাজ, কুমিল্লার ছাত্র জনতা ও সচেতন এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, ২০২৪-২৫ অর্থবছরে ওষুধ (এমএসআর) কেনাকাটায় প্রায় ৫ কোটি টাকার বাজেট বরাদ্দ ছিল। এর মধ্যে শুধু পেনটোথাল সোডিয়াম ইনজেকশন কেনাকাটায় প্রায় ৪৭ লাখ ৯২ হাজার টাকার সরকারি অর্থের অপচয় হয়েছে। যেখানে বাজারে এই ওষুধের খুচরা মূল্য মাত্র ১০১ টাকা, সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ সেটি কিনেছে ১২৯৯ টাকায় প্রতিভায়েল দরে।

বক্তারা আরও বলেন, “হাসপাতালটিতে দীর্ঘদিন ধরেই দালালচক্র ও দুর্নীতির রাজত্ব চলছে। একের পর এক অনিয়ম সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে।” তারা অবিলম্বে হাসপাতালের পরিচালক ও সংশ্লিষ্টদের অপসারণ করে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

মানববন্ধনে যাঁরা বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী
মোহাম্মদ রাশেদুল হাসান, এবি পার্টি কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক গোলাম মো. সামদানী,অন্যান্য ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন,“এটি একটি প্রিন্টিং মিসটেক।”

তবে মানববন্ধনে উপস্থিত সকলে এই ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেন এবং বলেন, “এ ধরনের ‘মিসটেক’ আসলে দুর্নীতিকে ঢাকার অপচেষ্টা মাত্র।”দুর্নীতির সাথে জড়িত সকল কর্মকর্তার অপসারণ।

বুড়িচংয়ে গাড়ি চাপায় যুবক নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় কামরুল হাসান রানা (২৫) নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পারুয়ারা দাখিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। কয়েক মাস আগে তিনি দুবাই থেকে দেশে ফেরেন।

দেশে এসে তিনি কুমিল্লা আলেখারচর বিশ্বরোডের হাইওয়ে ইন হোটেলে চাকরি নেন। এরই মধ্যে তিনি ফিজি যাওয়ার জন্য পাসপোর্ট জমা দেন এবং ভিসা হাতে পেয়েছিলেন। শিগগিরই তার বিদেশ যাওয়ার কথা ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে রানা মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে পারুয়ারা দাখিল মাদরাসার সামনে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই দেহ দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. ইকবাল বাহার জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন এবং ঘাতক গাড়ি শনাক্তে চেষ্টা চলছে।

ভারতীয় হাই কমিশন ঢাকায় ১০ম জাতীয় আয়ুর্বেদ দিবস ২০২৫ উদ্‌যাপন

স্টাফ রিপোর্টার:

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি), ভারতীয় হাই কমিশন, ঢাকা ভারতের সুপ্রাচীন সুস্থতাবিষয়ক ঐতিহ্যের এক প্রাণবন্ত উদ্‌যাপনে বিশিষ্ট ব্যক্তিবর্গ, চিকিৎসা বিশেষজ্ঞবৃন্দ, যোগব্যায়াম অনুশীলনকারীগণ ও বাংলাদেশি ইয়ুথ ডেলিগেশনের সদস্যদেরকে একত্রিত করে জাতীয় আয়ুর্বেদ দিবস ২০২৫ উদ্‌যাপন করার লক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

এই বছরের মূল প্রতিপাদ্য – “মানুষের জন্য আয়ুর্বেদ, গ্রহের জন্য আয়ুর্বেদ” – কেবলমাত্র ব্যক্তির কল্যাণেই নয়, পরিবেশগত ভারসাম্য ও স্থায়িত্বেও আয়ুর্বেদের অবদানের ওপর গুরুত্ব আরোপ করে।

আইজিসিসির পরিচালক, শ্রীমতি অ্যান ম্যারি জর্জ তাঁর স্বাগত বক্তব্যে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ইতিহাস, ভাষা, ও সংস্কৃতির বন্ধন এবং প্রাচীন চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে অভিন্ন পরম্পরার কথা তাৎপর্য সহকারে তুলে ধরেন।

বাংলাদেশে বহু শতাব্দী ধরে আয়ুর্বেদের চর্চা হয়ে আসছে এবং এটা জনগণের স্বাস্থ্য ও কল্যাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ইউনানি, যোগব্যায়াম ও হোমিওপ্যাথির পাশাপাশি, আয়ুর্বেদ বাংলাদেশের স্বাস্থ্য নীতির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিদ্যমান রয়েছে। একই রকম ভূ-জলবায়ুগত পরিস্থিতির ফলশ্রুতিতে উভয় দেশেই অনেক অভিন্ন ঔষধি উদ্ভিদ বিদ্যমান থাকায়, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বহুসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী প্রাচীন চিকিৎসাশাস্ত্র বিষয়ে অধ্যয়ন করার জন্য ভারত গমন করে, যা দুই দেশের মধ্যে জ্ঞান ও সাংস্কৃতিক বিনিময়কে আরও জোরদার করে। শ্রীমতি জর্জ পুনর্ব্যক্ত করেন যে, গবেষণা, শিক্ষা ও সর্বোত্তম অনুশীলনসমূহের বিনিময়ের মাধ্যমে আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ভারত বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মূল বক্তব্য প্রদান করেন ডা. সারিক হাসান খান, সহকারী অধ্যক্ষ, সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, যিনি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আয়ুর্বেদ ও ইউনানি পদ্ধতির ভূমিকার কথা জোর দিয়ে তুলে ধরেন।

এই অনুষ্ঠানে “জার্নি অব আয়ুর্বেদ” শীর্ষক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও প্রদর্শন করা হয়, যার পরে ছিল আইজিসিসির যোগব্যায়াম প্রশিক্ষক শ্রীমতি শাহানাজ পারভীন শিখার মনোমুগ্ধকর যোগব্যায়াম প্রদর্শনী এবং ইয়োগা ব্লিস, ঢাকার প্রতিষ্ঠাতা শ্রীমতি ফারহানা সুলতানা করিমের পরিচালনায় একটি আন্তঃক্রিয়ামূলক যোগব্যায়াম সেশন।

এই উদ্‌যাপন আয়ুর্বেদকে সুস্থ ভারত যোজনা-র অধীনে একটি সুস্থতর ভারতের বৃহত্তর দর্শনের সাথে যুক্ত করেছে, যা স্বাস্থ্যসেবা অবকাঠামোকে শক্তিশালী করে, রোগ পর্যবেক্ষণ নেটওয়ার্ক গড়ে তোলে, বায়োমেডিকেল গবেষণাকে সহায়তা করে এবং মানুষ, প্রাণী ও পরিবেশের সুস্থতাকে সংযুক্ত করে “ওয়ান হেলথ” অ্যাপ্রোচের প্রসার ঘটায়।

আইজিসিসি ঢাকায় জাতীয় আয়ুর্বেদ দিবস ২০২৫-এর উদ্‌যাপন ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে দৃঢ়করণের ক্ষেত্রে আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসাশাস্ত্রের স্থায়ী প্রাসঙ্গিকতাকে প্রতিফলিত করে এবং একই সঙ্গে স্বাস্থ্য ও টেকসই জীবনযাত্রার জন্য সামগ্রিক প্রণালীসমূহ উপস্থাপন করে।

এনসিপির আখতার ও তাসনিম জারার উপর হামলার প্রতিবাদে কুমিল্লা মহানগরীর এনসিপির বিক্ষোভ মিছিল

মোঃ আলাউদ্দিন:

নিউইয়র্কে সন্ত্রাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও তাসনিম জারাসহ রাজনীতিবিদদের উপর হামলার প্রতিবাদ, ইন্টেরিম সরকারকে গাফিলতির জবাব এবং দল হিসাবে আওয়ামী লীগের বিচারের দাবীতে “বিক্ষোভ মিছিল” করেছে কুমিল্লা মহানগর নাগরিক পার্টির নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর পূবালী চত্তরের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা মহানগর যুগ্ম সমন্বয়কারী ফারহা এমদাদ,, মাসুমুল বারী, সদস্য জাফরিন হক অনন্যা, এস বি জুয়েল, জেলা কমিটির সদস্য মোজাহিদুল ইসলাম, শ্রমিক উইংসের আহবায়ক ফজলে এলাহী রুবেল, বাগছাসের কেন্দ্রীয় নেতা জিয়াউদ্দিন রুবেলসহ জেলা উপজেলার অন্যান্য নেত্রীবৃন্দ ও সমর্থকবৃন্দ।

পেটে ১০ কেজি ওজনের টিউমার, অপারেশনে সুস্থ শেফালি

হাসিবুল ইসলাম সজিব:

এক বছর ধরে অল্প অল্প পেটে ব্যথা অনুভব করতেন শেফালি (২৩)। তবে তা তেমন গুরুত্ব দেননি। পরিবারের লোকজনও ভেবেছেন সাধারণ ব্যথা। কিন্তু ব্যথা হঠাৎ বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, তার পেটে একটি বিশাল টিউমার হয়েছে। অবশেষে কুমিল্লার গোমতী হাসপাতালে অপারেশনের মাধ্যমে তার পেট থেকে বের করা হয় প্রায় ১০ কেজি ওজনের টিউমার।

অপারেশনের পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) হাসপাতালের বেডে শুয়ে শেফালি বলেন, “আমি তো কোনোদিন কিছু বুঝতে পারিনি। পেটে একটু একটু ব্যথা ছিল মনে করলাম সাধারন ব্যথা। অপারেশনের পর শুনি আমার পেটে ১০ কেজি টিউমার ছিল, সত্যি অবাক লাগে। আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো আছি।”

শেফালির পরিবার জানান, এক বছর আগে থেকে মেয়ের পেটে অল্প অল্প ব্যথা থাকলেও সম্প্রতি ব্যথা বেড়ে যায়। চিকিৎসকের পরামর্শে একের পর এক আলট্রাসনোগ্রাম ও সিটি স্ক্যান করা হয়। তাতেই ধরা পড়ে বড় একটি টিউমার। পরে চিকিৎসকদের পরামর্শে দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেন তারা।

গোমতী হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. মো: আবু বকর ছিদ্দিক ফয়সল বলেন, “রোগীকে আসার পর আমরা পরীক্ষা-নিরীক্ষা করি। সিটি স্ক্যানে দেখা যায়, সম্ভাব্য জরায়ুর নালী থেকে একটি বিশাল টিউমার তৈরি হয়েছে। টিউমারটির কারণে রোগীর খাওয়াদাওয়া, শ্বাসপ্রশ্বাস ও স্বাভাবিক চলাফেরায় সমস্যা হচ্ছিল। তাই দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেই। আলহামদুলিল্লাহ, কোনো জটিলতা ছাড়াই অপারেশন সম্পন্ন হয়েছে এবং প্রায় ৮ থেকে ১০ কেজি ওজনের টিউমার বের করা হয়েছে।”

তিনি আরও জানান, রোগী এখন সুস্থ আছেন। আগামী পাঁচ থেকে সাত দিন হাসপাতালে রেখে পর্যবেক্ষণে রাখা হবে। এরপর তাকে ছাড়পত্র দেওয়া হবে। তবে তিন মাস ভারী কোনো কাজ বা ওজন তোলা যাবে না। তারপর তিনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন।

এই অপারেশনে অংশ নেন—ডা. মো: আবু বকর ছিদ্দিক ফয়সল, ডা. ইবনে মমিন জনি, ডা. অনির্বান এবং এনেস্থেসিওলজিস্ট ডা. মেহেদি হাসান।

কুমিল্লায় সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় রবিন হোসেন নামে ভারতীয় এক নাগরিককে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের নারায়নপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক হওয়া রবিন হোসেন (২৫) ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বক্সনগর থানা এলাকার গৌরাঙ্গলা (আশাবাড়ি) গ্রামের আব্দুল সালামের ছেলে।

বিজিবি সূত্র জানায়, সুলতানপুর ৬০ বিজিবির শশীদল বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। নায়েব সুবেদার আবু বক্করের নেতৃত্বে রাত ৯টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে রাত সাড়ে ১০টার দিকে মেইন পিলার ২০৫৮/৬-এস থেকে প্রায় ৩৫০ গজ ভেতরে নারায়ণপুর মাজারের সামনে থেকে রবিন হোসেনকে সীমান্ত অতিক্রমের সময় আটক করে বিজিবি। এ সময় জিজ্ঞাসাবাদে রবিন বৈধ পাসপোর্ট বা ভ্রমণসংক্রান্ত কোনো নথি দেখাতে পারেননি।

শশীদল বিওপির বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু বক্কর জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ (কন্ট্রোল অব এন্ট্রি) অ্যাক্ট ১৯৫২-এর ৪ ধারায় মামলা করে তাকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশনের বিনামূল্যে ৫ হাজার সবজি চারা ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশনে (ইউএসএ) উদ্যোগে ‘গৃহ কৃষকের সন্ধানে’ সামাজিক কর্মসূচির আওতায় বিনামূল্যে পাঁচ হাজার সবজি চারা ও সাড়ে তিন হাজার প্যাকেট বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার চৌদ্দগ্রাম বাজারস্থ কাজী রাজ্জাক টাওয়ারের সামনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দ সাফকাত আলী।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেমিটেন্সযোদ্ধা কাজী এনামুল হকের নেতৃত্বে বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল জলিল, গ্রাম বাংলা ট্রান্সপোর্ট চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহেল, ব্যবসায়ী কামাল উদ্দিন পাটোয়ারী, মোঃ সুমন, সমাজসেবক কাজী সবুজ প্রমুখ।

এ সময় চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের ছাত্রী, বাজারের ব্যবসায়ী, পথচারীসহ আশ-পাশের মানুষ উৎসবের সাথে বিভিন্ন প্রজাতির সবজি গাছের চারা ও বীজ নিয়ে যায়। ব্যতিক্রমী এ আয়োজনে খুশি স্কুল পড়ুয়া ছাত্রীরা।

কাজী এনাম ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা কাজী এনামুল হক বলেন, বাড়ির আঙিনায় খালি জায়গায় সবজি চাষকে উৎসাহ দিতে প্রতি বছরই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে সবজি চারা ও বীজ বিতরণ করা হয়। মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যেই এ কাজ চলমান রয়েছে।

বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হাসিবুল ইসলাম সজিব:

কুমিল্লার বরুড়া থানাধীন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় বরুড়া থানার হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বরুড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।

সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, বলেন, প্রতিটি পূজা মন্ডপের সিসিটিভি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক। কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে সাথে সাথে যোগাযোগ করবেন। গুজব ছড়ানো আগে আমাদের সাথে যোগাযোগ করে নিশ্চিত করবে। প্রয়োজনে সকল পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীকে নিয়ে একটি গ্রুপ তৈরি করা হবে। শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠিত হওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাংবাদিক দিলীপ মজুমদার,বরুড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, উপজেলা আমির মাওলানা সাহাদাৎ হোসেন, বরুড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রাজীব দত্ত,বরুড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তপন বনিক,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুমিল্লা দক্ষিন জেলার যুগ্ম আহবায়ক তাপস লাল দত্ত, বরুড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার তপন ভৌমিক,হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দীপক ভৌমিক প্রমুখ।