All posts by jitu

‎কুমিল্লা জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে ব্রাহ্মণপাড়া থানা

‎মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া:

‎কুমিল্লা জেলার ১৮টি থানার মধ্যে আগস্ট-২০২৫ মাসে ব্রাহ্মণপাড়া থানা প্রথম স্থান অর্জন করেছে। (২২ সেপ্টেম্বর) সোমবার জেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় পর্যালোচনা করে ব্রাহ্মণপাড়া থানাকে প্রথম স্থান নির্বাচিত করেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন, মামলা নিষ্পত্তি, বিট পুলিশিং, জনসেবা এবং সার্বিক কার্যক্রমের মূল্যায়নে গত আগস্ট মাসে জেলার ১৮টি থানার মধ্যে  ব্রাহ্মণপাড়া থানা এই প্রথম স্থান অর্জন করে। ব্রাহ্মণপাড়া থানার কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার ফলশ্রুতিতে এই অর্জন সম্ভব হয়েছে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়ার সার্বিক দিক-নির্দেশনা এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের নিবিড় তদারকি ও নিরলস পরিশ্রমের কারনে থানার কর্মদক্ষতা সবার কাছে প্রশংসা কুড়িয়েছে।

বিশেষ করে অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা, দ্রুততম সময়ে মামলা তদন্ত ও নিষ্পত্তি, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে কার্যকর ভূমিকা, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দোঁড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জনবান্ধব পুলিশিং কার্যক্রম বাস্তবায়ন এসব ক্ষেত্রে ব্রাহ্মণপাড়া থানা উল্লেখযোগ্য সাফল্য দেখাতে সক্ষম হয়েছে।

এই কৃতিত্বপূর্ণ অর্জন থানার সকল পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে জেলার অন্যান্য থানার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন উর্ধ্বতন কর্মকর্তারা।

কুমিল্লা মেডিকেল কলেজে কোটি টাকার ওষুধ কেলেঙ্কারি

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন হাজারো রোগী চিকিৎসার জন্য এখানে ছুটে আসেন। কিন্তু এই প্রতিষ্ঠানেই চলছে বছরের পর বছর ধরে দুর্নীতি, অনিয়ম আর টেন্ডার বাণিজ্য। সর্বশেষ অভিযোগ— কোটি টাকার ওষুধ কেনায় অস্বাভাবিক মূল্য দেখিয়ে আত্মসাৎ হয়েছে বিপুল সরকারি অর্থ।

অনুসন্ধানে দেখা যায়, জীবনরক্ষাকারী ইনজেকশন থায়োপেনটাল সোডিয়াম— যার বাজার মূল্য মাত্র ১০১ টাকা, সরকারি নথিতে দাম দেখানো হয়েছে ১,২৯৯ টাকা। শুধু এই ওষুধ দিয়েই প্রায় ৪৮ লাখ টাকা লোপাট হয়েছে। মেডিকেল পরিচালক ডা. মাসুদ পারভেজ সোহাগের স্বাক্ষরিত চাহিদাপত্রেই বিষয়টির সত্যতা মেলে।

একইভাবে, প্রয়োজন ছিল ১০ মি.গ্রা. এরোভাসটাটিন ট্যাবলেট, কিন্তু কেনা হয়েছে উচ্চমাত্রার ২০ মি.গ্রা. ট্যাবলেট। প্রায় ৯ লাখ ট্যাবলেট সংগ্রহ করা হয়েছে, যা শেষ করতে লেগে যাবে অন্তত ২০ বছর।

ওষুধ কেনায় অনিয়মের পাশাপাশি টেন্ডার প্রক্রিয়াতেও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র বলছে, ড্যাবের (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) প্রভাবশালী নেতাদের ঘিরে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে।

অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিষয়টি প্রকাশ্যে আসে। কুমিল্লা মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আরিফ হায়দার অভিযোগ করেন, সভাপতি এম এম হাসানের নির্দেশে তিনি ব্যবহার হয়েছেন। তার দাবি, “আমাকে দিয়ে টেন্ডার বাণিজ্য করিয়ে ৮০ লাখ টাকা কামানো হয়েছে, অথচ দায় আমার ঘাড়ে চাপানো হচ্ছে।”

অন্যদিকে এম এম হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি দুর্নীতিমুক্ত এবং কেন্দ্রীয় ড্যাবকে তদন্ত করার আহ্বান জানান।

কুমিল্লা মেডিকেল ড্যাব সভাপতি ডা. মিনহাজুর রহমান তারেকও বলেন, অভিযোগ কেন্দ্রীয় ড্যাব পর্যন্ত পৌঁছেছে এবং তদন্ত ছাড়া কেউ দায়ী প্রমাণিত নয়।

কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মাসুদ পারভেজ সোহাগ অভিযোগ অস্বীকার করে বলেন, “এগুলো মিথ্যা ও ব্যক্তিগত আক্রোশ থেকে প্রচার করা হচ্ছে।” ইনজেকশনের অতিরিক্ত দামের বিষয়ে তিনি মন্তব্য করেন— এটি নাকি “প্রিন্টিং মিস্টেক।”

দুর্নীতি ও অনিয়ম শুধু সরকারি অর্থ অপচয় নয়, বরং রোগীর জীবনের প্রতি সরাসরি হুমকি। জীবনরক্ষাকারী ওষুধ কেনার ক্ষেত্রেই যদি কোটি কোটি টাকা আত্মসাৎ হয়, তবে সাধারণ মানুষের চিকিৎসার ওপর আস্থা ভেঙে পড়বে।

প্রশ্ন রয়ে যায়— কেন্দ্রীয় তদন্তে কি সত্যিই অপরাধীরা ধরা পড়বে, নাকি আড়ালের আড়ালে মিলিয়ে যাবে এই কেলেঙ্কারিও?

বিভ্রান্তি বা গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগের আহবান: ওসি দাউদকান্দি

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দাউদকান্দি মডেল থানার গণশুনানি কক্ষে এ সভায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের পুরোহিত ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম এর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে ওসি জুনায়েত চৌধুরী বলেন, দাউদকান্দিতে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য মডেল থানা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন পরিবেশে দূর্গোৎসব পালন করতে পারেন সে ব্যাপারে বর্তমান সরকার বদ্ধ পরিকর।

তিনি আরও বলেন, এআই দিয়ে তৈরী ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে কেউ বিভ্রান্তি ছড়াতে পারে। এসব বিভ্রান্তি বা গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করার আহবান করেন। নিরাপত্তার ব্যাপারে কখনও ছাড় দেওয়া হবে না। সনাতন ধর্মালম্বী ভাইয়েরা যাতে নিরাপত্তা নিয়ে চিন্তা করতে না হয় সে ব্যাপারে সবধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রট কুমিল্লা উত্তর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মধু সরকার, দাউদকান্দি উপজেলা শাখার আহবায়ক বাবু অশোক সাহা ও সদস্য সচিব প্রাণ কৃষ্ণ আচার্যসহ বিভিন্ন ইউনিয়ন পূজা মন্ডব থেকে আসা সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন। এবছর দাউদকান্দি উপজেলায় ৪২ টি সার্বজনীন মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।

ভিক্টোরিয়ায় রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

হাসিবুল ইসলাম সজিব:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন “রাষ্ট্রবিজ্ঞান সমিতি”-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মো. আনোয়ার হোসেন তফসিল ঘোষণা করেন। নির্ধারিত ধাপ অনুসরণ করে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থী তালিকা প্রকাশ ও প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হয়। সবশেষে ২২ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় নির্বাচন কমিশনার ড. মুহাম্মদ রাজু আহমেদ, মো. জাকির খান ও প্রভাষক মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।

সর্বসম্মতভাবে নির্বাচিত এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন

সভাপতি: আদনান সামী, সহ-সভাপতি: মো. সাকিব, রিয়াদ (রায়হান), শাহাদাত রহমান (সন্তু), মো. রায়হান, সাধারণ সম্পাদক: মো. সাকিব আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক: নুসরাত জাহান শশী, সাকিব আল হাসান, ইকবাল মোরশেদ, সাংগঠনিক সম্পাদক: মো. সাব্বির আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক: মিনহাজুল ইসলাম মৃধা, কোষাধ্যক্ষ: জোবায়ের হোসেন জিসান, দপ্তর সম্পাদক: মো. জুনায়েদ, ছাত্রী বিষয়ক সম্পাদক: রাবেয়া আক্তার, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক: তাসমিয়া হাসান তারিন, প্রচার ও প্রকাশনী সম্পাদক: মো. মেহেদী হাসান আবির, আন্তঃবিভাগ যোগাযোগ সম্পাদক: রোহান আহমেদ, সেমিনার বিষয়ক সম্পাদক: রবিউল হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক: অধরা কর, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক: শিমু আক্তার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: শাহাদাত হোসেন সাকিব, সহ-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: মো. নাঈম, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক: শাফিউল আমিন জুনাইদ, সহ-পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক: ফয়সাল হাসান সজীব, তথ্যপ্রযুক্তি সম্পাদক: নাহিদ হাছান জমাদার, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক: কামরুন নাহার তারিন, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক: মো. মীর হোসেন ইবনে ফাহাদ, নির্বাহী সদস্য: মো. কাউসার আহমেদ, সাইফুল ইসলাম চয়ন, তানিয়া আক্তার, রেজাউল হাসান।

সভাপতি আদনান সামী এবং সাধারণ সম্পাদক মো. সাকিব আল হাসান বলেন, রাষ্ট্রবিজ্ঞান সমিতি শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি, গবেষণামূলক কার্যক্রম, সাংস্কৃতিক আয়োজন ও সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক পরিষদ ও সিনিয়র ছাত্র উপদেষ্টাগণ নতুন কমিটির সাফল্য কামনা করেছেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

লালমাই প্রতিনিধি:

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত যৌথবাহিনির অভিযানে ৪০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

২৩সেপ্টেম্বর (মঙ্গলবার) ভোররাত ৩ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন উত্তর ধনপুর গ্রামের মোঃ হাসান আলীর ছেলে মোঃ মিজান (৩০)কে ৪০পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অপরাধী এবং মাদক সহ লালমাই থানায় হস্তান্তর করা হয়েছে।

দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

দাউদকান্দিতে আলোচিত সম্রাট মামুন হত্যা মামলার প্রধান আসামি মো. আবু সাত্তারকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিচারিক আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেন।

গত শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্ট্যান্ডে মামুনকে কুপিয়ে হত্যা করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর অনুমানিক সাড়ে ৪টায় এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী। গ্রেপ্তার আবু সাত্তার দাউদকান্দি পৌরসভার নূরপুর গ্রামের (১ নম্বর ওয়ার্ড) হাশেম মিয়ার ছেলে।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, সোমবার রাতে তিনি পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেন।

চাঁদপুরে কৃষি জমি থেকে মাটি উত্তোলনে গুঁড়িয়ে দেয়া হলো ড্রেজার মেশিন

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত মিনি ড্রেজার ভেঙে ধ্বংস করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।

জানা যায়, ইউনিয়নের ভড়ঙ্গারচর গ্রামের হাওলাদার বাড়ির মো: সাঈদ হাওলাদারের নিজস্ব সম্পত্তি থেকে দীর্ঘদিন যাবত মিনি ড্রেজার বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছেন। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সদর উপজেলা সহকারী কমিশনারের নির্দেশে শাহতলী ভূমি অফিস কর্মকর্তা নজরুল ইসলাম সোহাগ ড্রেজার কর্তৃপক্ষকে মাটি না কাটার জন্য ড্রেজার বন্ধ করে দেন। এবং একাধিকবার পাইপ খুলে দেন। পরে এদিন রাত থেকে পুনরায় ড্রেজার মালিক মমিন একই স্থানে ড্রেজার দিয়ে কৃষি জমি থেকে মাটি কাটা শুরু করেন। বিষয়টি স্থানীয় ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিউল হিকমা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনিকে অবগত করলে, সোমবার ঘটনাস্থলে পুলিশ নিয়ে উপস্থিত হন। এসময় জমির মালিক ও ড্রেজার পক্ষের কাউকে না পাওয়ায় ড্রেজার মেশিনটি ভেঙ্গে গুড়িয়ে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী রাণী দত্ত।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি বলেন, কৃষি জমি থেকে মাটি কাটতে হলে প্রশাসনের অনুমতি লাগে। কিন্তু বৃহস্পতিবার মিনি ড্রেজারটি দিয়ে মাটি না কাটার জন্য নিষেধ করা হয়েছিল। কিন্তু ড্রেজার মালিক প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাটি কাটা অব্যাহত রাখেন। এমন অভিযোগে ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিনটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মুক্তমত: আগামীর বাংলাদেশ নিয়ে চিন্তাভাবনা

বেলায়েত হোসেন:

ঐ সকল রাজনীতিবিদ -ই তো বাংলাদেশ প্রত্যাশা করে জুলাই ‘ ২৪ এ অর্জিত নতুন স্বাধীন বাংলাদেশে, যে বা যারা সুস্থ ও মুক্ত বুদ্ধি সম্পন্ন সহনশীল চিন্তাধারার এবং নতুন করে পুরাতন জরাজীর্ণতাকে দূরীভূত করনের মাধ্যমে সামনের দিকে পথ চলাই পছন্দ করবে বা সক্ষমতা অর্জন করে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারবে।

এ ধরনের চিন্তা ভাবনাই হোক সকল রাজনৈতিক দলগুলোর, সকল রাজনীতিবিদদের জুলাই ৩৬ এর শপথ আর তাহলেই শুধুমাত্র শহিদগণ জান্নাতুল ফেরদৌসে শান্তিতে থাকবেন এবং বেঁচে যাওয়া শহীদগণ ও মনে প্রানে ও অন্তর থেকে তৃপ্ততা অনুভব করবেন।

সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কর্মীদের নিকট এতোটুকু প্রত্যাশা কি আমরা আশা করতে পারি না। নাকি আমরা পরিবর্তন আনবো না নিজেদের মধ্যে, না আনলে পরিণতি হবে ইতিহাস।

পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক কৃষ্টি ও কালচার এ পরিবর্তন না আনলে যে বা যাহারা এবং যে সকল দলসমূহ ব্যর্থ হবে তারা অবশ্যই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।

কেন না জুলাই’ ২৪ বাংলাদেশের সকল মানুষের চোখ খুলে দিয়েছে যা একটু সজাগ হয়ে কান পাতলে শোনা যায়। চতুর্দিকে লক্ষ্য করলেই পরিলক্ষিত হয় -“ওই নতুনের কেতন উরছে, দিকে দিকে বইছে পরিবর্তনের হাওয়া -আর এই হাওয়া যেন ঝড়ো হওয়াতে পরিণত না হয় তার জন্য সকল রাজনৈতিক দলগুলোকে অবশ্যই প্রজ্ঞা ও সহনশীলতার পরিচয় দিয়ে যেতে হবে নির্মোহচিত্তে, সকল লোভ-লালসার ঊর্ধে উঠে, দেশাত্মবোধের পরিচয় বহন করে।

এখন প্রশ্ন হচ্ছে কেউ হয়তো ইচ্ছে করেই শুনতে ইচ্ছুক নয় বা শুনতে অপারগ। এক কথায় তারা পরিবর্তনে বিশ্বাসী নয় বা পরিবর্তন চায় না।

আমরা তাদেরকে পিছনে ফেলে নব উদ্যমে তরুণদের নিয়ে সকল পুরাতন জরাজীর্ণতাকে পরিহার করে সামনের দিকেই এগিয়ে যাব নতুন বাংলাদেশ বিনির্মাণের দীপ্ত দৃঢ় কঠিন শপথ নিয়ে ঐক্যতার বিনা বাজিয়ে।

এই আদর্শকে যারা ধারন ও লালন করে কাঁধে কাঁধ রেখে সমমনা-মন মানসিকতা নিয়ে চলতে পারবে তাদের জন্যই অপেক্ষা করছে আগামীর নতুন পরিচ্ছন্ন রাজনৈতিক ধারা এবং সুস্থ ও সুন্দর একটি নতুন বাংলাদেশ যা গত ৫৩ বছরেও সম্ভবপর হয়ে ওঠেনি রাজনৈতিক দলগুলোর নিজেদের ব্যর্থতার জন্য।

আমরা ব্যর্থতাকে নিয়ে পড়ে না থেকে সুদূর দূরত্বের পানে দৃষ্টি নিবন্ধ রেখে এগিয়ে চলব দুর্বার গতিতে তাহলে অটোমেটিক তাল মিলাতে না পেরে ঘুনে ধরা পুরাতন মন-মানসিকতা সম্পূর্ণ রাজনৈতিক দল ও রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দরা নিজে থেকে নিজেরাই সটকে পড়তে বাধ্য হবে। এটাই প্রকৃতির নিয়ম এবং ইতিহাস ও সাক্ষ্য দেয়।।

লেখক : বেলায়েত হোসেন।

সহকারী অধ্যাপক পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত বিশিষ্ট বুদ্ধিজীবী জাফর ইকবাল কর্তৃক।

ব্যবসায় প্রশাসন বিভাগ,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।)

কুবি শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন

হাসিবুল ইসলাম সজিব:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের নৃশংস হত্যা এবং সুমাইয়া আফরিনের ধর্ষকের ফাঁসি নিশ্চিতের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কুমিল্লা কান্দিরপাড়ের টাউন হল মাঠে এ কর্মসূচী পালন করেন তারা।

এসময় সুমাইয়ার বন্ধু নূর মোহাম্মদ সোহান বলেন, “আজ সুমাইয়া হত্যাকাণ্ডের ১৪ দিন অতিবাহিত হলেও আমরা ফরেনসিক রিপোর্ট পাইনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মূল ঘটনা কীভাবে ঘটেছে সে বিষয়ে আমরা এখনো কিছুই জানতে পারিনি। এই বিলম্ব সহপাঠীদের মানসিকভাবে আরও ভেঙে দিচ্ছে। তাই আমরা আজ মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির মাধ্যমে দাঁড়িয়েছি এবং আমাদের একটাই দাবি অত্যন্ত দ্রুততার সঙ্গে ফরেনসিক রিপোর্ট প্রকাশ করা হোক, প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনা হোক এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

একই ব্যাচের নূরানী শেখ বলেন, এখনো আমরা সঠিক কারণ জানতে পারেনি। তারা বলেছিলো ১৪ দিনের মধ্যে আমাদেরকে সব জানাবে। কিন্তু আমরা এখনো এই হত্যার সঠিক কারণ জানতে পারিনি। আমরা এটা নিয়ে অনেকটা হতাশায় আছি। সে আমাদের সাথে পরীক্ষায় অংশ নিতে পারেনি। আমরা তদন্তে আশার আলো দেখছি না। এই হত্যাকাণ্ডে যারা যুক্ত তারা যাতে প্রাপ্য শাস্তি পায় আমরা আজকে সেই দাবি জানায়৷

শামীউন ঐশী বলেন, আমরা প্রথমে জানি ধর্ষণ চেষ্টা করতে গিয়ে তাকে হত্যা করা হয়েছে পরবর্তীতে আবার জানতে পারি তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড নিয়ে অনেক ধোঁয়াশা। এই হত্যার পিছনে আর কোনো মদদদাতা আছে কিনা প্রশাসনের উচিত তা খতিয়ে দেখা। এটা একটা বর্বর হত্যাকাণ্ড। এটার বিচার দ্রুত না হয়ে পুলিশ টালবাহানা করছে। আমরা ভাই এখানে যারা আছে তাদের সুষ্ঠু বিচার হোক। মোমবাতির আগুন আমাদের প্রতিবাদের ভাষা।

লোক প্রশাসন ১৪ তম আবর্তনের শিক্ষার্থী মো: মামুন বলেন, আমরা বার বার আন্দোলন করার পরেও প্রশাসন থেকে কোন যুগোপযোগী কার্যক্রম দেখছি না। সুমাইয়াকে হারিয়েছি অনেক দিন হয়েছে কিন্তু এখনো ধর্ষকের কোনো শাস্তির বিধান হচ্ছে না। যেখানে একজন ধর্ষক আদালতে দাঁড়িয়ে বলছে সে ধর্ষক তাহলে সে কিভাবে বিচারের বাইরে থাকে। যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে যাতে জনসম্মুখে ফাঁসি দেওয়া হয় আমরা সেটাই চাই। যাতে সুমাইয়ার মতো আর কারো প্রাণ না ঝরে।

সুমাইয়ার ভাই সাইফুল ইসলাম বলেন, আমার মা আর বোনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অনতিবিলম্বে হত্যাকারীর মৃত্যুদন্ড যাতে নিশ্চিত করা হয়। ১৫ দিনেরও বেশি সময় পার হয়ে গেলেও কেন আলামত জনসম্মুখে আনা হলো না, ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হলো না সেটা আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই। আসামীর যাতে মৃত্যু নিশ্চিত করা যায় সে যেন কোন ফাঁকফোকর দিয়ে বের না হতে পারে সেই প্রত্যাশা করি। ২০২৩ সালে এই আসামী একই অপরাধ করেছে। বাদী মামলা মীমাংসা করেনি। ওই মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামী। তাহলে সে কিভাবে আইনের আওতায় না এসে বিচারবহির্ভূত থাকে? সে হত্যা করার পর পুনরায় বাসায় কেন গেছে, সে কার কার সাথে যোগাযোগ করছে, কোথায় গেছে, কেউ জড়িত ছিল কিনা সেটা খতিয়ে দেখা উচিত। আমার ভাই আইনজীবী আমরা দেখছি কিভাবে ভালোভাবে এটা হ্যান্ডেল করা যায়। সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত করা হয় আমরা সেই চেষ্টা করবো। বার কাউন্সিলের কেউ যাতে এই আসামীর পক্ষ না নেয় আমি তাদের সেই অনুরোধ করবো।

কুমিল্লা নগরীর ২২ নং ওয়ার্ডে পুকুরে ডুবে দুই শিশুশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

শাহ ফয়সাল কারীম:

কুমিল্লা নগরীর ২২ নং ওয়ার্ডের শ্রীবল্লভপুর পশ্চিমপাড়ায় পুকুরে পড়ে দুই শিশুশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ভূঁইয়া বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নবীনগর থানার ভৈরব নগর গ্রামের প্রবাসী আবদুল হকের ছেলে নুরুল হক (৯) এবং বুড়িচং উপজেলার ইঞ্জিল মিস্ত্রি শাহাজানের ছেলে। তারা দু’জনেই কুমিল্লা নগরীর শ্রীবল্লভপুর পশ্চিমপাড়া হাজী আশু মিয়া ভূঁইয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলতে গিয়ে শিশু নুরুল হক নিখোঁজ হয়। পুকুরপাড়ে তার জুতা পড়ে থাকতে দেখে মা ফাতেমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে চিৎকার শুরু করেন—“আমার ছেলে পানিতে পড়ে গেছে, বাঁচান।” স্থানীয়রা দ্রুত খোঁজাখুঁজি শুরু করে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

এলাকার লোকজন জানান, নিহত দুই পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। হঠাৎ এমন দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শিশু দু’জনের মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে শ্রীবল্লভপুর পশ্চিমপাড়া এখন অশ্রুভেজা শোকস্তব্ধ।