All posts by jitu

চাঁদপুরে জামে মসজিদের ইমামকে ব্যতিক্রমী বিদায় দিল মুসল্লীরা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

দীর্ঘ ১৭ বছর ধরে মসজিদের ইমামতি শেষে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের হাঁপানিয়া আল আরাফাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির হোসেনকে রাজকীয় সংবর্ধনায় বিদায় দিয়েছেন মুসল্লিরা। সোমবার (২২ সেপ্টেম্বর) জোহর নামাজ শেষে ইমামের রাজকীয় সংবর্ধনার আয়োজন করেন মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা।

মাওলানা কবির হোসেন চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার বাসিন্দা ও হাঁপানিয়া মনজুরা ইসলামিয়া মাদ্রাসার ও এতিম খানার সহকারী শিক্ষক। সংবর্ধনা অনুষ্ঠানের আগে শেষবারের মতো জোহর নামাজে ইমামতি শেষে মাওলানা কবির হোসেন উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে নিজের ভুল ত্রুটির ক্ষমা চান। সংবর্ধনা অনুষ্ঠানে জামে মসজিদের বিদায়ী ইমামকে নগদ ৬১ হাজার ৫০০ টাকা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন মুসল্লিরা। পরে ফুলের মালা পড়িয়ে তাকে ফুল সজ্জিত গাড়িতে করে তার বাড়িতে নিয়ে যান এলাকাবাসী। এসময় রাস্তার দুই পাশের উৎসুক জনতার নজর কাড়ে।

এ সময় স্থানীয় মুসল্লীরা বলেন, আমরা তার কাছে কোরআন এবং নামাজ আদায় করতে শিখেছি। তিনি এই এলাকার মানুষকে অনেক ইসলামি শিক্ষা দিয়েছেন, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিদায়ী ইমামের প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে তাকে বিদায় দিতে আমাদের খুবই কষ্ট অনুভব হচ্ছে। বিদায়ী ইমাম মাওলানা কবির হোসেন বলেন, বিগত ১৭ বছর ধরে এই মসজিদে ইমামতি করে আসছি। সৌদি আরবে আমার চাকরি হওয়ায় আমি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছি। তবে মানুষ আমাকে এত ভালোবাসে আগে বুঝে উঠতে পারিনি। আমি তাদের এতো ভালোবাসায় সত্যিই মুগ্ধ। মৃত্যুর আগ পর্যন্ত আমি আজকের এ দিনটি ভুলব না।

এ সময় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদের মতোওয়াল্লী ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব, চাঁদপুর বারের আইনজীবী ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এডভোকেট আব্দুল্লাহিল বাকী, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটোয়ারী, মসজিদের সভাপতি মোঃ মনিরুজ্জামান মিজি। এসময় উপস্থিত ছিলেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলী আহসান মিজি, মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলী আহমেদ স্বপন, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক ফয়েজ আহমেদ সহ মসজিদের মুসল্লীগণ ও উক্ত এলাকার বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।

‘কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ চাই’ দাবিতে ঢাকায় সমাবেশ ও মানববন্ধন

​জসীম চৌধুরী:

কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবিতে সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কুমিল্লার সকল উপজেলাসহ ঢাকায় বসবাসরত কুমিল্লা জেলার বিপুল সংখ্যক নাগরিক অংশ নেন। বিভিন্ন উপজেলার নামে ব্যানারে ব্যানারে মিছিলে মিছিলে মুখরিত, ​‘দাবি নয়, অধিকার, কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ চাই’—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকাস্থ কুমিল্লা সমিতির সভাপতি এ বি এম শাহজাহান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য,বীর মুক্তি যোদ্ধা ড. খন্দকার মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা নাগরিক পরিষদের আহ্বায়ক ড. শাহ মোহাম্মদ সেলিম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক,জাতীয় নাগরিক কমিটি,নাভিদ নওরোজ শাহ, যুগ্ম সদস্য সচিব, নাগরিক পরিষদ কুমিল্লা, মিয়া মোঃ তৌফিক। ব্যারিস্টার আবদুল্লাহ আল -মামুন, ব্যারিস্টার জুবায়ের আহম্মেদ ভুঁইয়া, গোলাম সামদানী,সফিউল বশর, ফারুক ভুঁইয়া প্রমুখ।

​বক্তারা বলেন, কুমিল্লা একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক জেলা। এর সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি রয়েছে। দেশের অন্য অনেক জেলার নামের সঙ্গে মিলিয়ে বিভাগ করা হলেও কুমিল্লাকে তার প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা আরও বলেন, কুমিল্লার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি এই বিভাগ। সরকার এসেছে সরকার গিয়েছে কুমিল্লা জেলা বিভাগ হয় নাই। এই দাবি পূরণ হলে শুধু কুমিল্লার মানুষই নয়, সমগ্র দেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী “কু” বলে অপমানিত করেন কুমিল্লাকে তাই বক্তারা ক্ষুব্ধ প্রকাশ করেন।

​বক্তারা সরকারের কাছে দ্রুত কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের জোর দাবি জানান। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের মানববন্ধন ও সমাবেশে অংশ গ্রহন করেন, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী।

চান্দিনায় চাঁদাবাজির অভিযোগে এলডিপির ২ নেতা বহিষ্কার

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার হওয়া জাতীয়তাবাদী শ্রমিক দল ও এলডিপির তিন নেতার মধ্যে দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২১সেপ্টেম্বর) রাতে চান্দিনা পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক মো.শাহ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দল থেকে তাদের বহিষ্কার করা হয়।

বহিস্কৃত দুই নেতা হলেন চান্দিনা পৌরসভার ৪ নং ওয়ার্ড এলডিপি সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম ও পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মো.অলি শেখ। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- সংবাদ মাধ্যমে দৃষ্টিগোচর হয় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের আলাউদ্দিন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের পৌর সাধারণ সম্পাদক অলি শেখ ও পৌরসভার ৪ নং ওয়ার্ড এলডিপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চাঁদাবাজির দায়ে গ্রেফতার হন। বিষয়টি গোচারিত হওয়ার পর এলডিপির পক্ষ থেকে থানায় যোগাযোগ করে সত্যতা পাওয়া যায়। এই মর্মে এলডিপি ও গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল পৌর শাখার সভাপতির সাথে আলোচনাক্রমে অলি শেখ ও জাহাঙ্গীর আলম কে সাময়িক বরখাস্ত করা হলো।

উল্লেখ্য রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনাস্থ প্রধান কার্যালয় থেকে চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দল ও এলডিপি এবং তার সহযোগী সংগঠন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের ৩ জন কে আটক করে যৌথবাহিনী। পরে তাদেরকে চান্দিনা থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়।

কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম মোকাবিলা, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ শামিম কুদ্দুস ভুঁইয়া সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।

দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজার প্রস্ততি সভা অনুষ্ঠিত

সোহরাব হোসেন, দেবিদ্বার:

দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজার শান্তিপূণৃভাবে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদ হল রুমে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন দেবিদ্বার সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মোহাম্মদ শরিফুল ইসলাম ফুয়াদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মঈন উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী মু. সাইফুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ হাসান, দেবিদ্বার পূজা উদযাপন কমিটির সভাপতি বিমল কুমার দত্ত, সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দত্ত, পৌর বিএনপির আহবায়ক ভিপি মহিউদ্দিন মাহফুজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ আবদুর রহমান ও সাবেক শিবির নেতা নাঈম সরকার প্রমুখ।

উল্লেখ্য দেবিদ্বার উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১০৩টি পূজা মন্ডপে এ বছর শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন সেচ্ছাসেবী টিম কাজ করবে এবং সার্বক্ষনিক মনিটরিং এর জন্য উপজেলা ট্যাগ অফিসারদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে বলে জানা যায়।

বুড়িচংয়ে পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ গোলাম আহমদ এর বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২২ সেপ্টেম্বর সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে সিনিয়র শিক্ষক শেখ গোলাম আহমদ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা যুব বিষয়ক কর্মকর্তা সায়েদুল আলম চৌধুরী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিক উল্লাহ ভূইয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক গোলাম ছাদেক এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, ষোলনল ইউনিয়ন উন্নয়ন ফোরাম এর সভাপতি সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন, পূর্বহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক আবদুল করিম , ফজলুল হক, জয়নাল আবেদীন, কানিজ ফাতিমা খানম চৌধুরী, জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্র ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, ইঞ্জিনিয়ার রিয়াদউদ্দিন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মোঃ শফিউল্লাহ, ইকরাম হোসেন চৌধুরী , বর্তমান ছাত্রদের মধ্যে মোহাম্মদ সামির জান্নাতুল ফেরদৌসী অর্পা মরিয়ম আক্তার প্রমূখ।

ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, কুমিল্লার ছেলে নিহত

ডেস্ক রিপোর্ট:

ফেনীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মিনি কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় কাভার্ড ভ্যানের হেলপার রুবেল (২৮) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কাভার্ড ভ্যানচালক রিয়াদ মিয়া (২৮) গুরুতরভাবে আহত হয়ে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মহিপালের চাড়িপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুমিল্লার দেবীদ্বার উপজেলার মতলব থানার শিবপুর গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মিনি কাভার্ড ভ্যানটি চাকায় হাওয়া দেওয়ার জন্য চাড়িপুর নামক স্থানে রাস্তার পাশে দাড়াঁয়। এসময় পেছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে কার্ভাড ভ্যানের হেলপার রুবেল ও চালক রিয়াদ গুরুতরভাবে আহত হন। পরে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে দ্রুত ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হেলপার রুবেলকে মৃত ঘোষণা করেন। আহত চালককে হাসপাতলে ভর্তি করা হয়।

পুলিশ ঘাতক ট্রাকসহ ড্রাইভার ইসমাঈল হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে।

ফেনী হাইওয়ে পুলিশের ওসি মো. হারুন অর রশিদ সড়ক দুঘর্টনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

চৌদ্দগ্রামে যুবলীগের সাধারণ সম্পাদক গরু চোর মানিক এখন যুবদলের সভাপতি!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক চিহ্নিত গরু চোর ও মাদক পাচারকারী মানিক মজুমদার এখন একই ওয়ার্ডের জাতীয়তাবাদী যুবদলের সভাপতি। তথ্য-প্রমাণ থাকার পরও মানিককে যুবদলের সভাপতি ঘোষণা ও তাঁর নেতৃত্বে ফ্যাসিবাদের পূণর্বাসনে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।

অভিযোগে জানা গেছে, চিওড়া ইউনিয়নের চিওড়া প্রকাশ নতুন পাড়া গ্রামের মাদু মিয়ার ছেলে ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মানিকসহ তিন চোরকে কনকাপৈত ইউনিয়নের শাহাজাহানপুরে একটি ঘোয়ালঘর থেকে চুরি করে নেয়ার সময় গরু বোঝাই ট্রাকসহ ২০১৭ সালের ১৫ ডিসেম্বর আটক করে পুলিশ।

দীর্ঘদিন জেল খেটে জামিনে বেরিয়ে আসে গরু চোর মানিক। জামিনে বেরিয়ে এসে আবারও যুবলীগের ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হিসেবে জোরশোরে কার্যক্রম পরিচালনা করে মানিক। আ’লীগের ক্ষমতায় থাকাকালিন গরু চুরি, বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে হামলা করেছে মানিক মজুমদারের নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র। চোর মানিকের অত্যাচারে চিওড়া বাজারসহ আশ-পাশের এলাকার সাধারন মানুষ অতিষ্ঠ ছিল। বিভিন্ন চুরি ডাকাতি মাদক পাচার হতে শুরু করে এমন কোন অপরাধ নাই যে মানিক করেনি। সে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চৌদ্দগ্রাম উপজেলা সাধারণ সম্পাদক কাউছার হানিফের ঘনিষ্ট সহযোগি ছিল। সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হককে ফুল দেয়া ও গরু চুরির ঘটনায় মানিকের বিরুদ্ধে মিডিয়ায় ‘ছবি’সহ একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়াও তাঁর পিতা মাদু মিয়া এক সময় জাতীয় পার্টি করলেও আ’লীগের ক্ষমতাকালিন সময়ে আ’লীগে যোগ দেয়। মুজিবুল হক থেকে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ শেষে যোগ দেয় বিএনপিতে।

বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, গরু চোর মানিক মজুমদার ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর যুবদলের নেতাকর্মীদের সাথে সখ্যতা গড়ে তোলে। বর্তমানে সে চিওড়া ইউনিয়ন আ’লীগের চিহ্নিত নেতা রুবেল ও বাবলুর পরামর্শে চলে। রাতে গোপন মিটিং করে আ’লীগের লোকজনের সাথে। এরবার মানিককে ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি করে কমিটি ঘোষণা করে চিওড়া ইউনিয়ন যুবদল। মানিক যুবদলের দায়িত্ব গ্রহণের পর আ’লীগের বাবলু ও রুবেল গং প্রকাশ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এলাকায় সে প্রভাব খাটিয়ে হুমকি-ধমকি দিচ্ছে বলেও দীর্ঘদিনের অভিযোগ।

বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠন চৌদ্দগ্রামে এখন জনপ্রিয় দল। এ দলে চোর ও সন্ত্রাসীদের পূণর্বাসনের কোন প্রয়োজন নেই। চিওড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নয়ন ও সাধারণ সম্পাদক ওয়াসিম কর্তৃক অনুমোদিত চিওড়া ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক চোর মানিককে যুবদল থেকে বহিস্কার করে আইনের হাতে তুলে দেয়া উচিত। কারণ, সে আ’লীগের ক্ষমতাকালে অনেক সাধারণ মানুষ ও জামায়াত-বিএনপির ক্ষতি করেছে। এতদিন সে যুবদলে ঢুকে আত্মগোপনে ছিল। চিওড়াবাসী অপরাধীমুক্ত বিএনপি ও যুবদলের নেতৃত্ব আশা করছেন।

সোমবার দুপুরে অভিযোগের বিষয়ে মুঠোফোনে মানিক মজুমদার বলেন, এনআইডি কার্ডে আমার নাম ‘আবদুল মালেক’। বাবার নাম আবদুল খালেক। আমি বুঝ হওয়ার পর থেকেই শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী। ভালো কাজের কারণে কতিপয় ব্যক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাহলে আপনি যুবদলের সভাপতি না? এমন প্রশ্নের জবাব এড়িয়ে তিনি তাঁর ডাক নাম মানিক বলেও স্বীকার করেন।

চিওড়া ইউনিয়ন যুবদলের সভাপতি নাজমুল হাসান মনির বলেন, ‘সম্মানের সাথে যুবদল করি। কোন ব্যক্তির অপরাধের দায় সংগঠন নিবে না’।

চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন বলেন, ‘মানিক চিওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সভাপতির দায়িত্বে আছে। আগে যুবলীগ করতো কিনা সে বিষয়ে আমার জানা নেই’।

শিক্ষার মান উন্নয়নে শিক্ষক অভিভাবকদের সচেতন থাকতে হবে: কুমিল্লা জেলা প্রশাসক

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেছেন, শিক্ষা হতে হবে আনন্দের মাধ্যমে, খেলার মাঠ ছাড়া একটা শিক্ষা প্রতিষ্ঠান কল্পনা করা যায় না। শিক্ষার্থীদের একটি কক্ষে সব সময় আবদ্ধ করে রাখব তা হয়না। গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজের খেলার মাঠটির ব্যাপারে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তিতাস উপজেলা গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজের শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশে এ কথা গুলো বলেন।

কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে প্রতিটি অভিভাবক সচেতন হতে হবে এবং ছেলে মেয়ে কখন কোথায় যায়, ঠিক মত লেখা পড়া করছে কিনা পিতা মাতার খেয়াল রাখতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন,আপনারাও(শিক্ষক) শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখতে হবে এবং সঠিক পাঠদান দিতে হবে, শুধু মেধা দিয়ে ভালো মানুষ যাচাই করা যায়না, ভালো মানুষ হতে হলে সমাজ এবং রাষ্ট্রকে কিছু দিতে হবে তবেই মেধাবী হিসেবে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো।

সমাবেশে আরো বক্তব্য রাখেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন,সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া।

স্বাগত বক্তব্য রাখেন,প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.নজরুল ইসলাম, দশম শ্রেণির শিক্ষার্থী জুইনুর,অভিভাবক মো.আক্তার হোসেন প্রমূখ। পরে উপজেলা পরিষদে গিয়ে সমাজ সেবা অধিদপ্তরের অর্থায়নে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় দোকানের চাবি ও মালামাল হস্তান্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণের চেকবিতরণ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাঠাগারে বই বিতরণ এবং জনস্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়রন রিমুভাল ইউনিট (ফিল্টার) বিতরণ করেছেন। এর আগে তিতাস থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক, সদস্যবৃন্দ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণের কর্মদক্ষতা উন্নয়নভিত্তিক প্রশিক্ষণ এবং ভূমি অফিস পরিদর্শন করেন।

হোমনায় মাজারে হামলার ঘটনায় গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার হোমনায় মাজার ও বাড়িঘরে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার আসাদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মীর হোসেন এ তথ্যটি নিশ্চিত করেন।

গ্রেফতররা হলেন- আসাদপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. ইব্রাহিম (২৪) ও মৃত মো. আনু মিয়ার ছেলে মো. শহিদুল্লাহ (৩৩)।

এসআই মীর হোসেন জানায়, তারা এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে তাদের রিমান্ড আবেদন করা হবে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতার ও চিহ্নিতকরণের জন্য পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে হামলার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। উপজেলার মাজারগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত বুধবার আসাদপুর গ্রামের আলেক শাহর ছেলে মহসিন তার ‘বেমজা মহসিন’ নামের ফেইসবুক আইডি থেকে মহানবী (স.) সম্পর্কে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য পোস্ট করেন। বৃহস্পতিবার এ ঘটনার জেরে আসাদপুর গ্রামের অভিযুক্ত মহসিনের দাদা কফিল উদ্দিন শাহ ও ওই এলাকার কালু শাহ, আবদু শাহ ও হাওয়ালী শাহের মাজারে হামলা চালায়। এসময় মাজার ও বসতঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়।