All posts by jitu

বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডের সেলস মিট ২০২৫ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডের সেলস মিট ২০২৫ সম্প্রতি কক্সবাজারের একটি স্বনামধন্য হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা টয়লেট্রিজ বাজারে যাত্রা শুরুর মাত্র দুই বছরের মধ্যেই একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এই অগ্রযাত্রাকে আরও গতিশীল করে ভবিষ্যতের লক্ষ্যে নতুন উদ্দীপনা যোগ করতে, প্রতিষ্ঠানটি আয়োজন করেছে তাদের বার্ষিক সেলস মিট ২০২৫।

“ফুরফুরে মনে একসাথে, চলো সফলতার পথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের একটি স্বনামধন্য হোটেলে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কোম্পানির সেলস ও মার্কেটিং টিমের সদস্য, শীর্ষ কর্মকর্তাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে চিফ অপারেটিং অফিসার (COO), SBG, শাহেদ জাহিদ বলেন, “বসুন্ধরা গ্রুপ সবসময় দেশ ও মানুষের উন্নয়নের জন্য কাজ করে চলছে। বসুন্ধরা টয়লেট্রিজও সেই লক্ষ্যেই গুণগতমান সম্পন্ন পণ্য দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে।

বসুন্ধরার অন্যান্য পণ্যের মতোই, টয়লেট্রিজ ইউনিটও মানসম্পন্ন পণ্য তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ, কারণ দেশের মানুষ বসুন্ধরার পণ্যের উপর আস্থা রাখে।

আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর প্রভাব থাকলেও দেশীয় ব্র্যান্ডগুলোর অগ্রগতি স্পষ্ট। সঠিক কৌশল গ্রহণের মাধ্যমে আমরা বাজারে আরও বড় অংশ দখল করতে পারব। এই সেলস মিটে শুধু লক্ষ্য নির্ধারণ নয়, বরং টিম স্পিরিট, মোটিভেশন এবং ভবিষ্যৎ পরিকল্পনাও গুরুত্ব পেয়েছে। আপনারাই এই ব্র্যান্ডের মুখ। আপনারাই সেই শক্তি, যাঁরা আমাদের পণ্য দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেন। এখন সময় একসাথে এগিয়ে যাওয়ার।”

সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, SBG মোস্তাফিজুর রহমান, ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন “আমরা টয়লেট্রিজ চ্যানেলের প্রবৃদ্ধিতে আরও বেশি গুরুত্ব দিতে চাই। বসুন্ধরা টয়লেট্রিজকে বাংলাদেশের অন্যতম সেরা টয়লেট্রিজ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এজন্য আমরা আধুনিক যন্ত্রপাতি স্থাপনসহ বিভিন্ন কৌশলগত উদ্যোগ গ্রহণ করছি, যাতে বাজারে আমাদের অবস্থান আরও শক্তিশালী হয়।”

মোঃ মাসুদুর রহমান, চিফ সেলস অফিসার (টিস্যু, পেপার, হাইজিন, টয়লেট্রিজ), (CSO), SBG বলেন “আমরা চাই, এই মিলনমেলা হোক নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা। ইনশাআল্লাহ, ২০২৫ সালের বিক্রয় লক্ষ্য আমরা একসাথে অর্জন করব।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইমরান বিন ফেরদৌস, চিফ হিউম্যান রিসোর্স অফিসার (CHRO), ইঞ্জিনিয়ার এস.এম. সরোয়ার, হেড অব প্রজেক্ট, টয়লেট্রিজ ইউনিট , মোহাম্মদ আলাউদ্দিন, জিএম, মার্কেটিং, মোঃ আমিনুল ইসলাম, জিএম, একাউন্টস এন্ড ফিনান্স, মোহাম্মদ আব্দুল ওয়ারেস, জিএম, সেলস, টয়লেট্রিজ, মোঃ শোয়েব মাহমুদ, ডেপুটি ম্যানেজার, মার্কেটিং সহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এই সাংস্কৃতিক পরিবেশনা সেলস মিটের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। এতে অংশগ্রহণকারীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করে।

চৌদ্দগ্রামে হাফেজিয়া মাদরাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা নূরানী তা’লীমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার(২০ সেপ্টেম্বর) মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা বারের আইনজীবি ও মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সাইফ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য হাফেজ মর্তুজার সঞ্চালনায় বক্তব্যে রাখেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন, মাদ্রাসার পরিচালনা কমিটির সহ-সভাপতি মিলন ভূঁইয়া, সাধারন সম্পাদক সার্ভায়ার মফিজুর রহমান, কোষাধ্যক্ষ ব্যাংকার রিয়াজ মিয়াজী, সাবেক সভাপতি মোঃ নুরুন্নবী, উপদেষ্টা শহিদ মজুমদার, হাজি ইব্রাহিম, ডাঃ জাহাঙ্গীর, সদস্য মজিবুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

মুরাদনগরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে হত্যার অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে সোহাগী আক্তার নামের এক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে বাবা আল আমিন ও সৎ মা শারমিন আক্তারের বিরুদ্ধে।

এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে ওই শিক্ষার্থীর নানা কালন মিয়া বাদী হয়ে শারমিন আক্তার ও তার স্বামী আলা আমিনের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছে।

নিহত সোহাগী আক্তার (১৩) উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর গ্রামের আলা আমিনের মেয়ে। সে কামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি শিক্ষার্থী।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বিগত পাঁচ বছর পূর্বে সোহাগীর মায়ের সাথে আল আমিনের বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর থেকে সোহাগী আক্তার তার বাবা আলা আমিনের সাথেই বসবাস করত। বিবাহ বিচ্ছেদের কিছুদিন পর আলা আমিন আবার নতুন করে বিয়ে করেন শারমিন আক্তারকে। বিয়ের পর থেকে সৎ মা শারমিন আক্তার ও তার বাবা আল-আমীন প্রায়ই সোহাগী আক্তারের ওপর অত্যাচার ও নিপিড়ন করত। ঘটনার দিন বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সোহাগী আক্তারের মরদেহ নিয়ে বাড়িতে কান্নাকাটি শুরু করেন তার বাবা ও সৎ মা। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে, সোহাগীর বাবা ও সৎ মা জানান সে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশকে না জানিয়েই তড়িঘড়ি করে সোহাগীর লাশ দাফন করে ফেলে। পুলিশকে না জানিয়ে তড়িঘড়ি করে লাশ দাফন করায়, সোহাগীর মৃত্যু নিয়ে শুরু হয় এলাকাবাসীর মধ্যে নানা সন্দেহ। পরে শুক্রবার দিবাগত রাতে নিহত সোহাগী আক্তারের নানা কালন মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

স্থানীয়দের অভিযোগ, নিহত সোহাগী আক্তার আত্মহত্যা করতে পারে এটি কোনভাবেই বিশ্বাসযোগ্য না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।

কামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাছির মিয়া জানান, সোহাগী আক্তার আমার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। সে খুবই মেধাবী একটা মেয়ে ছিল, প্রতিদিন বিদ্যালয়ে আসতো। ঘটনার দিন তার সহপাঠীরা জানান সে নাকি আত্মহত্যা করেছে। এই বিষয়টি আমাদেরও বিশ্বাস হচ্ছে না, কারণ এইটুকু একটা বাচ্চা মেয়ে কিভাবে আত্মহত্যা করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, এই ঘটনায় শুক্রবার দিবাগত রাতে ওই শিক্ষার্থীর নানা বাদী হয়ে একটি মামলা করেছে। মামলার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় অবৈধ বাজি আটক করেছে বিজিবি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে ২৬ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় অবৈধ বাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার অন্তর্গত বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল সীমান্তের ৬ কিলোমিটার অভ্যন্তরে বানাশুয়া নামক স্থানে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় মোট ১,০৪,২৪৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি, যার বাজারমূল্য আনুমানিক ২৬,৪০,০০০ টাকা।

বিজিবি জানায়, নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আটককৃত বাজিগুলো যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লায় চোর সন্দেহে যুবকের ওপর কুকুর লেলিয়ে নির্যাতন, আজকের কুমিল্লায় প্রতিবেদনের পর র‌্যাবের হাতে আটক ৩

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলায় চুরির সন্দেহে এক যুবককে ধরে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে নগরীর শাকতলা র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বুড়িচং থানাধীন দেবপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন—মো. আসমান আলী (২৮), মো. আতিকুল ইসলাম (২৫) ও মো. সেলিম মোল্লা (২৩)।

র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বুড়িচংয়ের দেবপুর সাহাপাড়া এলাকার স্থানীয় সাকু মিয়ার মালিকানাধীন একটি কারখানায় এ ঘটনা ঘটে। চুরির অভিযোগে এক যুবককে আটক করে তাঁর ওপর কুকুর লেলিয়ে নির্যাতন চালানো হয়।

এসময় পাশের কয়েকজন এ ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার পর র‌্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে। পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নির্যাতনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশসহ ৯ দেশের ওপর সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ, কাজ বা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা একটি অপরিহার্য নথি। যদিও বেশিরভাগ নাগরিক সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ভিসা বা সংযুক্ত আরব আমিরাতের কাজের ভিসার জন্যই আবেদন করেন।

তবে এবার বেশ কিছু দেশের ওপর বিধিনিষেধ আরোপ করলো আমিরাত। এই বিধিনিষেধের অর্থ হলো- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোর নাগরিকরা শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশে সংযুক্ত আরব আমিরাতের ভিসার জন্য আবেদন করতে পারবেন না।

দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা।

কেন এসব দেশের নাগরিকের ওপর ভিসা নিষিদ্ধ করা হয়েছে?
আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ জানায়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, এর সম্ভাব্য কারণগুলো হলো-

নিরাপত্তা উদ্বেগ: সন্ত্রাসবাদ বা বেআইনি কার্যকলাপ থেকে আমিরাতের নাগরিকদের সুরক্ষিত রাখা।
ভূরাজনৈতিক সম্পর্ক: উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন।
কোভিড-১৯ প্রতিরোধ: সংক্রমণ নিয়ন্ত্রণ ও কঠোর প্রবেশ নীতিমালা প্রয়োগ।
এই নিষেধাজ্ঞা সাময়িক বলে মনে করা হচ্ছে এবং আরব আমিরাতের নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়ণের ওপর নির্ভর করে তা পর্যালোচনা করা হবে। তবে যারা বৈধ ভিসা নিয়ে এরই মধ্যে আমিরাতে বসবাস করছেন, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না।

সূত্র: ইউএই ভিসা অনলাইন

চিকিৎসার অভাবে আত্মহননের পথ বেছে নিলেন শাহরাস্তির মেধাবী ছাত্র দীপ্ত

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের শাহরাস্তিতে দীর্ঘ ৭ বছর ধরে চিকিৎসার অভাবে অবশেষে আত্মহননের পথ বেছে নিলেন মেধাবী তরুণ দীপ্ত চন্দ্র দাস (২২)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কুলশি গ্রামের দোপা বাড়ির নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৮ সালে হাজীগঞ্জ–রামগঞ্জ সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দীপ্ত। তার ডান পায়ে রিং বসানো হলেও অর্থাভাবে তা অপসারণ করা সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার আশায় ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়ালেও প্রতারণার শিকার হন তিনি। বাবার সামান্য জমিজমা বিক্রি, এনজিও ঋণ ও আত্মীয়–স্বজনের ধার-দেনাতেও চিকিৎসার ব্যবস্থা করতে না পারায় গভীর হতাশায় ভুগছিলেন দীপ্ত।

পরিবারের অভিযোগ, চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পুরো পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। ভিটেমএসহ সর্বস্ব হারিয়েও ছেলের চিকিৎসা করাতে না পেরে কোনো আশার আলো দেখেননি তারা। শুক্রবারেও চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল দীপ্তর। ঘটনার দিন প্রথমে দীপ্তর নানী গিরি বালা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয়রা জানান, দীপ্ত ছিলেন এলাকার প্রিয় ও মেধাবী তরুণ। চিকিৎসা অবহেলা, দায়িত্বশীলদের উদাসীনতা এবং চরম আর্থিক সংকট তার অকাল মৃত্যুর পথ ত্বরান্বিত করেছে। এ ঘটনায় গ্রামবাসীর অনেকে প্রশ্ন তুলেছেন- “অসহায়দের প্রতি সমাজপ্রতিদের কোনো দায়বদ্ধতা নেই কি?” সম্ভাবনাময় এক জীবনের এমন মর্মান্তিক সমাপ্তি পরিবারসহ পুরো গ্রামবাসীকে শোকে স্তব্ধ করে দিয়েছে।

এবিষয়ে সামাজিক সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, শাহরাস্তি শাখার সভাপতি আইনূর নাহার বলেন, গত রবিবার ও সোমবার চাঁদপুরের স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে দীপ্তের চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে নিউজ প্রকাশিত হয়েছে। এমনকি তার পরিবারের সাথে আমার কথা হয়েছে যে, শুক্রবার তাকে হাজীগঞ্জে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাওয়ার কথা। এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তার সাথে কথা বলে দীপ্তের জন্য একটা প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করার সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাশার জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে এবং মরদেহের ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীর উপর ক্ষুদ্ধ সকলে

শাইরাজ হোসেন ইউশা:

“তোহফা গোফরান” কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের (২০২৪-২০২৫) সেশন দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। গত ১৯শে সেপ্টেম্বর তারিখে তার ফেইসবুক একাউন্টে একটি পোস্ট করে যেখানে তিনি বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে শাহবাগী আখ্যা করে এবং বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন যার ফলে কলেজের অন্যান্য শিক্ষার্থী ও সাধারণ মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়। অনেকেই এই বিষয় নিয়ে বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছেন।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা একত্রিত হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে। বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফায়েজুল আলম ফায়েজ এবং আল মুন্তাকিম জিদান “দৈনিক আজকের কুমিল্লা” – কে জানায় তারা তোহফা গোফরান এর দৃষ্টান্তমূলক শাস্তি চায় এবং অতিসত্বর তাকে এবং তার এমন আচরণে উস্কানিদাতাদের শাস্তির আয়ত্তে আনার দাবী জানায়।
তারা আরো জানায় “তোহফা গোফরান” এর শাস্তির দাবী জানিয়ে তারা আগামী ২১শে সেপ্টেম্বর রোজ রবিবার কলেজ মাঠ প্রাঙ্গনে প্রতিবাদ মিছিল করবে। এ বিষয়ে তারা গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা চেয়েছেন।

শিক্ষার্থীদের এমন প্রতিবাদ মূলক মন্তব্যের পর “তোহফা গোফরান” তার ফেইসবুক একাউন্টটি থেকে লাইভে আসে এবং পূনরায় বিশ্বনবী কে শাহবাগী আখ্যা দেয়।

যার ফলে শিক্ষার্থীরা সহ সাধারণ জনগন আবারো ক্ষুব্ধ হয় এবং রবিবার তাদের প্রতিবাদ সমাবেশ সফল করতে সকলকে অংশগ্রহণ করতে আহ্বান করেন।

কুমিল্লা মহানগরীতে হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগরীর ধারাবাহিক মতবিনিময় সভার আজকে ছিলো হিন্দু ধর্মালম্বীদের সাথে মতবিনিময়। আসন্ন দূর্গা পূজা উপলক্ষে নগরীর ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী মানুষদের নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার আলোচনা ।

সেই সাথে শারদীয় উৎসব এর শুভেচ্ছা বিনিময় এবং সকলের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ (চাল,ডাল,আলু,তেল,পেঁয়াজ) করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কুমিল্লা মহানগরীর কমিটির যুগ্ম সমন্বয়কারী ফারহা এমদাদ ইম্পা, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ইসহাক আহমেদ এবং জুলাইয়ের আহত যোদ্ধা তানভীর আহমেদ।

এ মহতি আয়োজনের উদ্যোক্তা কুমিল্লা মহানগরীর এনসিপি সদস্য জাফরিন হক অনন্যা।

কুমিল্লা ইপিজেডে নিহত শ্রমিকের পরিবার ক্ষতিপূরণ-বেতনসহ পেলেন প্রায় ৪ লক্ষ টাকা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ইপিজেডে জিং সেং সুজ লি.মি. কোম্পানিতে কর্মরত অবস্থায় ১৭ সেপ্টেম্বর মো: ইসমাঈল হোসেনের মৃত্যু হয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ ও পারিবারিক সূত্রমতে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। ১৮ সেপ্টেম্বর জিং সেং সুজ লি.মি. কোম্পানি থেকে মৃত শ্রমিকের মৃত্যূজনিত ক্ষতিপূরণ এবং চলতি মাসের পুরো বেতনসহ মোট ৪ লক্ষ ৪ হাজার ৩৪৩ টাকা সিটি কর্পোরেশন হতে প্রাপ্ত ওয়ারিশ সনদ অনুযায়ী তার পিতা, মাতা, স্ত্রী ও পুত্র সন্তানের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ সময় কুমিল্লা ইপিজেডের জিএম আব্দুল্লাহ আল মাহবুব, জিং সেং কারখানার উর্ধ্বতন ব্যবস্থাপনা, মৃত শ্রমিকের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিল্প সম্পর্ক বিভাগের কর্মকর্তা, কাউন্সিলরগণ ও নিরাপত্তা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কুমিল্লা ইপিজেডের জিএম আব্দুল্লাহ আল মাহবুব আজকের কুমিল্লাকে জানান, নিহতের পরিবারের কাছে কারখানার পক্ষ থেকে নগদ মোট ৪ লক্ষ ৪ হাজার ৩৪৩ টাকা হস্তান্তর করা হয়েছে। এছাড়া ইন্সুরেন্স থেকে আরো ২ লক্ষ টাকা পাবে শ্রমিকের পরিবার। পাশাপাশি কারখানা থেকে মাসিক পেনশন পাবে নিহতের পরিবার।