All posts by jitu

দাউদকান্দির বারপাড়া ইউপি চেয়ারম্যান শাহানাজ গ্রেফতার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দি বারপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মোসাঃ শাহানাজকে গ্রেফতার করেছে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম। সোমবার দিবাগত রাতে তাকে বারপাড়া ইউনিয়নের তার গ্রামের বাড়ি চারপাড়া থেকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার সকালে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ আগস্ট কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারে সুলতান মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়। ঘটনার দীর্ঘ ১১ মাস পর এ বছর ২৬জুন নিহতের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে ৩৩জনের নামে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলার ২৮নাম্বার আসামি হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাঃ শাহানাজ কে পুলিশ আটক করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের( ইনচার্জ )ওসি মনিরুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট গৌরীপুর বাজারে সুলতান মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়। এ মামলার এজাহারভুক্ত আসামি হিসাবে তাকে রাতে গ্রেফতার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েদ চৌধুরী বলেন, একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে।

 

মুরাদনগরে বিদ্যালয়ের মাঠে ওয়াশ ব্লক স্থাপন, খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

‎মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

‎কুমিল্লার মুরাদনগরে বিদ্যালয়ের মাঠে রাজকীয় এক ওয়াশ ব্লক স্থাপনের ফলে, খেলাধুলা থেকে বঞ্চিত এখন শিক্ষার্থীরা। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা কর্মকর্তাদের উদাসীনতাকেই দায়ী করছেন অভিভাবকরা। বিদ্যালয়ের খেলার মাঠ দখল করায় শিক্ষার্থীদের খেলাধুলায় বিঘ্ন ঘটায় স্থানীয় অভিভাবক মহলেও চলছে আলোচনা সমালোচনার ঝড়।

‎বিশেষজ্ঞদের মতে, শিক্ষার্থীদের শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশে লেখাপড়ার পাশাপাশি সবচেয়ে বেশি ভূমিকা রাখে খেলাধুলা। এটি শিশুদের শারীরিক, জ্ঞানীয়, সামাজিক এবং মানসিক বিকাশসহ বিভিন্ন উপায়ে শিখতে এবং বেড়ে উঠতে সাহায্য করে। খেলাধুলা শিশুদের সৃজনশীলতা এবং কল্পনা বিকাশেও সহায়তা করে।

‎অথচ উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা মিলল ভিন্ন চিত্র। সেখানে দেখা যায় বিদ্যালয়ে পড়ুয়া কোমলমতি ১৬১জন শিক্ষার্থীর একমাত্র খেলাধুলার জায়গাটিতে স্থাপন করা হয়েছে রাজকীয় এক ওয়াশ ব্লক। ফলে বিদ্যালয়ের ক্লাসের পূর্বে এবং ছুটির পরে যেই সময়টাতে শিক্ষার্থীরা খেলাধুলা করতো। সেই সময় কাটাচ্ছে এখন ক্লাস রুমে বসে।

‎৪র্থ শ্রেনীর ছাত্র ফাহিম বলেন, আগে স্কুলে আসলে সবাই মিলে-মিশে মাঠটিতে খেলাধুলা করতাম। কিন্তু এখন আর খেলাধুলা করতে পারি না।

‎স্থানীয়রা জানান, গ্রামের অন্যকোথাও কোন খেলার মাঠ না থাকায় এটিই ছিল গ্রামের ছেলে-মেয়েদের একমাত্র খেলার মাঠ। স্কুল পরবর্তী সময়ে গ্রামের ছেলে-মেয়েরাই মাঠটিতে খেলাধুলা করত। হঠাৎ করে ওয়াশ ব্লক তৈরি হওয়ায় এখন কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে।

‎শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম জানান, ওয়াশ ব্লকটি করার সময় স্কুলের ম্যানেজিং কমিটি, গ্রামবাসী, শিক্ষা অফিসার সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতেই এটি স্থাপন করা হয়। এখানে আমার ব্যক্তিগত কোন মতামত ছিল না। তবে এটি সত্য যে, এই ওয়াশ ব্লকটি স্থাপন করার ফলে শিক্ষার্থীরা এখন খেলাধুলা থেকে বঞ্চিত।

‎মুরাদনগর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হায়াতুন্নবী জানান, আমি আসার আগেই ওয়াশ ব্লকটির কাজ চলমান হয়ে গেছে। যারাই দায়িত্বে ছিল বিষয়টি একটু চিন্তা-ভাবনা করে কাজটি করার দরকার ছিল। বিদ্যালয়ে ঢোকার মুখেই এত বড় একটি ওয়াস ব্লক বিষয়টি আসলেই দৃষ্টিকটু।

মুরাদনগর উপজেলা ‎শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা কমিটির সিদ্ধান্তে ওয়াশ ব্লকসহ যাবতীয় উন্নয়ন প্রকল্পের জায়গা নির্ধারন করে স্থাপন করা হয়। বিষয়টি আগে জানলে কাজ বন্ধ করে বিকল্প চিন্তা করতাম। তারপরেও খোঁজ খবর নিয়ে দেখি কি করা যায়।

দেবিদ্বারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি সভা অনুষ্ঠিত

দেবিদ্বার প্রতিনিধি:

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা কমিটির পরিচিতি সভা সোমবার সকালে দেবিদ্বার কালিবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করতে আয়োজিত এ সভায় জেলার ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরু‌তে পূঁজা উদযাপন ফ্রন্টের নবগ‌ঠিত ক‌মি‌টির নেতৃবৃন্দ‌কে ফুল দি‌য়ে বরণ ক‌রে নেন উপ‌স্থিত অন‌্যান‌্য নেতৃবৃন্দ ।

সভায় সভাপতিত্ব করেন ফ্রন্টের কু‌মিল্লা উত্তর জেলার সদস‌্য সচীব স্বপন কুমার ধর এবং সঞ্চালনা করেন পরিমল বিকাশ দত্ত। এতে স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক বিমল দত্ত। তিনি বলেন, পূজা উদযাপন ফ্রন্ট একটি সনাতনী সামাজিক সংগঠন, যার মূল লক্ষ্য সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করা।

এ সময় বক্তব্য রাখেন এডভোকেট সুদীপ চন্দ্র রায়, বিকাশ সরকার, নারায়ণ বর্মন, নেপাল দত্ত, বিজয় দাস, সুমন পাল, মিন্টু দে, সাজিব ঘোষ, মহাদেব রায় ও জনি সাহা। বক্তারা দেবিদ্বার উপজেলার হিন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা, পূজা-পার্বণে সহযোগিতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে ধর্ম ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

সভায় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নতুন এই কমিটি পূজা উদযাপন ফ্রন্টকে আরও শক্তিশালী করবে এবং দেবিদ্বারের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে। উপস্থিত বক্তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত এর জশনে জুলুস

মোঃ সাইফুল ইসলাম ভুইয়া:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে৷

ব্রাহ্মণপাড়া উপজেলা শাখা আহলে সুন্নাত ওয়াল জামাত এর আয়োজন জশনে জুলুসটি আল্লাহর ৯৯ নাম চত্তর থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিণ করে আলতাফ আলী বেবী কেয়ার একাডেমি প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়৷

দরবারে বারীয়া শরীফ চট্টগ্রাম এর বর্তমান পীর সাহেব আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ শামসুদ্দোহা বারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত এর কুমিল্লা জেলা শাখার সাধারন সম্পাদক খাদেম ফিরুজ আল মাইজ ভান্ডারি৷

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মোঃ আমির হোসেন৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত এর কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি ডা. এ কে এম আবদুল কাদের মাধব পুরী, যুগ্ম সাধারন সম্পাদক জিল্লুর রহমান গীলাতলা দরবার শরীফ, দপ্তর সম্পাদক আলহাজ্ব শাহ মুহাম্মদ ইউনুস গাফ্ফারী, ছোবহানীয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা মোঃ আবু হানিফ,আহলে সুন্নাত ওয়াল জামাত এর ব্রাহ্মণপাড়া উপজেলার সভাপতি, মোঃ গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক মাওলানা মোঃ হাবিবুর রহমান মমতাজী, , ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল হক চৌধুরী, সহ- সভাপতি মোঃ মাওলানা মজিবুর রহমান, মাওলানা অলীউল্লাহ ফয়েজি, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জামাল হোসেন রেজভী, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ মোজাম্মেল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জমির হোসেন রেজভী৷ এসময় উপস্থিত ছিলেন উপজেলা ৮ ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি, সাধারন সম্পাদক এবং বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, এবং বিভিন্ন এলাকার থেকে আগত কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লী বৃন্দ জুলুসে অংশ নেয়৷

পদুয়ার বাজার বিশ্বরোডে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে জনসাধারণ

শাহ ফয়সাল কারীম:

কুমিল্লা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় চরম জলাবদ্ধতা। শনিবার দুপুরে হঠাৎ বৃষ্টিপাতের পরপরই রাস্তায় পানি জমে যায়, ফলে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে ভোগান্তির শিকার হন।

স্থানীয় ব্যবসায়ী মোঃ রুবেল দৈনিক আজকের কুমিল্লাকে জানান, “এখানে শত শত ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়, এতে ব্যবসা-বাণিজ্যে মারাত্মক সমস্যা হয়। দীর্ঘদিন ধরে আমরা এই দুর্ভোগ সহ্য করছি। সিটি কর্পোরেশনের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া।”

এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবদুল হান্নান বলেন, “আমরা বিষয়টি জানি। পানি নিষ্কাশনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

স্থানীয়রা আশা করছেন, সিটি কর্পোরেশন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে যাতে সামান্য বৃষ্টিতেই আর জনভোগান্তির সৃষ্টি না হয়।

কুমিল্লা শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ও তার মাকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করা হলে শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শিক্ষার্থীরা এ আলটিমেটাম দেন।

নিহতরা হলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৪) ও তার মা ফাতেমা আক্তার রুমা (৫০)।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘বিচার চাই, বিচার চাই, আমার বোন কবরে, খুনি কেন বাহিরে, সুমাইয়ার রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন। তারা জানান, হত্যার সুষ্ঠু তদন্ত, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

মানববন্ধনে কুবি শিক্ষার্থী হাসান অন্তর বলেন, রোববার (৭ সেপ্টেম্বর) রাতে সুমাইয়া ও তার মাকে ভাড়া বাসায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সঠিক তদন্ত ও গ্রেপ্তার না হলে পুরো কুমিল্লা শহর অচল করে দেওয়া হবে।

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মুনিয়া আফরোজ বলেন, আমাদের সহপাঠী ও তার মায়ের নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত। আমরা চাই দ্রুত সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন আর কোনো পরিবার এভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, সন্দেহজনকভাবে একজনকে আমরা গ্রেপ্তার করেছি। ১২ ঘণ্টার মধ্যে আমরা দৃশ্যমান পদক্ষেপ নেব। এ ছাড়া কিছু আলামত পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা যাচ্ছে না। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রোববার রাতে কুমিল্লার উত্তর কালিয়াজুড়ি এলাকার নেলী কটেজে ভাড়া বাসা থেকে সুমাইয়া আফরিন রিন্তী ও তার মা ফাতেমা আক্তার রুমার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাদের গলায় কালো দাগ ও বিছানায় রক্তের চিহ্ন পাওয়া গেছে।

সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

ব্রাহ্মণপাড়া শিদলাই দারুল ইসলাম ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা

‎মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া:

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিদলাই দারুল ইসলাম ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার নব-নির্বাচিত গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। (৮ সেপ্টেম্বর) সোমবার বিকাল ৩টায় মাদ্রাসা মিলনায়তনে এই নব-নির্বাচিত কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন গভর্নিং বডির নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ আবদুর রউফ। অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ আবদুর রউফকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এছাড়া কমিটির নির্বাচিত সদস্যদের মধ্য থেকে সহ-সভাপতি হিসাবে মোঃ শরীফুল আলমকে এবং (কো-অপ্ট) চিকিৎসক হিসাবে ডাঃ মোঃ শায়াদাৎ উল্লাহকে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারি অধ্যাপক মাওলানা রুহুল আমিন এর পরিচালনায় উপস্থিত ছিলেন শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব লায়ন মোস্তফা কামাল, বিদ্যোৎসাহী প্রতিনিধি যথাক্রমে তানভীর আহম্মেদ, মোঃ মতিউর রহমান সরকার, মোঃ নাসির উদ্দীন, অভিভাবক প্রতিনিধি যথাক্রমে মোহাম্মদ আবুল হুসাইন, মোঃ আলী আশরাফ, আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতা প্রতিনিধি মোঃ আলী নোয়াব, শিক্ষক প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ আতাউর রহমান সরকার, সাবেক চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন সরকার, ইউপি সদস্য মোঃ কামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মোঃ জানু মিয়া, শিদলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু কাউছার সরকার, মো. তাজুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।

সভায় মাদ্রাসার শিক্ষার গুনগত মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সবশেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহীদুল্লাহ ফারুকী।

চৌদ্দগ্রামে মাদক ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ করায় যুবকের উপর হামলা

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে এলাকাবাসীকে নিয়ে গাঁজাসহ জাফর নামে এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করার ঘটনায় ক্ষীপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা পিটিয়ে গুরুতর আহত করেছে আবদুর রহমান ফয়সাল নামে এক যুবককে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে। এ ঘটনায় দ্বীন মোহাম্মদ বাদি হয়ে মাদক ব্যবসায়ী জাফর ড্রাইভার, আবদুল মমিন ও জিসানের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চিওড়া ইউনিয়নসহ দেশের বিভিন্নস্থানে মাদক সরবরাহ করে আসছিল ডিমাতলী গ্রামের মৃত আবদুল হালিম ভান্ডারীর ছেলে আবদুল মমিন, মৃত আবদুল মজিদের ছেলে জাফর ড্রাইভার ও ঘোষতল গ্রামের রমিজ উদ্দিনের ছেলে জিসান। শুক্রবার রাতে ডিমাতলী মসজিদের সামনে বিপুল পরিমাণ গাঁজাসহ ঘোষতল গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে জাফরকে আটকে পুলিশের নিকট হস্তান্তর করে স্থানীয় তরুণরা। গাঁজাগুলো ছিল মাদক ব্যবসায়ী আবদুল মমিনের। জাফর গাঁজা পাচার শ্রমিক হিসেবে কাজ করছিল। গাঁজাসহ জাফরকে আটক করায় ক্ষীপ্ত হয়ে পরদিন শনিবার সকালে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মাদক ব্যবসায়ী আবদুল মমিন, জাফর ড্রাইভার ও জিসান চিওড়া রাস্তার মাথায় তিশা বাস কাউন্টারে আবদুর রহমান ফয়সালের উপর অতর্কিত হামলা করে।

এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে সমস্ত শরীরের মধ্যে নীলাফুলা কালোদাগযুক্ত ও থেতলানো জখম করে। ওই সময় ফয়সালের শোর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে তাকে রক্ষা করে। উপস্থিত লোকজন গুরুতর আহত ফয়সালকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাক্ষ্য কমপ্লেক্স জরুরী বিভাগে ভর্তি করে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদসহ পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে মাদক ব্যবসায়ীরা হাতে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে ফয়সাল ও তাঁর পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাফর ড্রাইভার সম্প্রতি চট্টগ্রামে বিপুল পরিমাণ মাদকসহ আটকের পর জামিনে বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসা শুরু করে। সে গণঅভ্যুথানের আগে কয়েক বছর পুলিশের ডিউটি গাড়ি চালাতো। অপরদিকে আবদুল মমিন ও জিসান এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে বেশ পরিচিত। রাজনৈতিক ছাত্রছায়ায় তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। তাদের কারণে এলাকার স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ যুব সমাজ ধ্বংসের পথে। এছাড়া সীমান্ত এলাকার অনেক যুবক তাদের প্রলোভনে পড়ে মাদকের সাথে জড়িয়ে পড়েছে। ফলে বেড়েছে সামাজিক অবক্ষয়। শিগগিরই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশসহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নাম প্রকাশ না করা শর্তে সীমান্তবর্তী এলাকার সচেতন কয়েকজন বলেন, ‘মাদক ব্যবসায়ীদের কারণে রাতে ঠিকমতো রাস্তায় চলাচল করতে ও ঘরে ঘুমাতে পারি না। সীমান্ত এলাকা থেকে মহাসড়ক খুব কাছে হওয়ায় মাদক ব্যবসায়ীরা সুজাতপুর, ডিমাতলী ও কেছকিমুড়া এলাকায় নির্বিঘ্নে মাদক পাচার করে। তাছাড়া প্রশাসনের কতিপয় অসাধু ব্যক্তি অবৈধ এ কাজে সহযোগিতা করছে। রাজনৈতিক দলের নেতারা উৎকোচ নিয়ে শেল্টার দেয়ায় মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। অপরদিকে মাদক বিরোধী তরুণদের আরও সোচ্চার হওয়ার আহবান সচেতন মানুষের।

হামলার শিকার ফয়সালের পিতা দ্বীন মোহাম্মদ সোমবার বলেন, চিকিৎসা শেষে ফয়সালকে সোমবার সকালে বাড়িতে নিয়ে আনা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করছি।

সোমবার দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘হামলার শিকার ফয়সালের পিতা দ্বীন মোহাম্মদ লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’।

কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের হত্যাকাণ্ড: র‌্যাবের হাতে একজন আটক

রকিবুল ইসলাম (ম্যাক রানা):

কুমিল্লায় নিজ বাড়ি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মাকে খুনের ঘটনায় আব্দুর রব (৭৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১১ কুমিল্লা ক্রাইম প্রিভেনশন কম্পানি-২ এর উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আব্দুর রব নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের শরীপুর গ্রামের বাসিন্দা।

মেজর সাদমান জানান, কালিয়াজুরী এলাকায় সংঘটিত মা-মেয়ে হত্যাকাণ্ডটি ছিল সম্পূর্ণ ক্লুলেস। তবে গোয়েন্দা তথ্য ও নিহত তাহমিনা বেগমের সঙ্গে সর্বশেষ আব্দুর রবের যোগাযোগের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে নাঙ্গলকোটে তার নিজ বাড়ি থেকে আটক করার পর কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে গত রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী পিটিআই মাঠসংলগ্ন নেলী কটেজ ভবনের দ্বিতীয় তলা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন— কুমিল্লা নগরীর সুজানগর এলাকার বাসিন্দা ও কুমিল্লা আদালতের সাবেক হিসাবরক্ষক মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আরফিন (২৩)। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তারা প্রায় পাঁচ বছর ধরে কালিয়াজুরী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

কুমিল্লায় বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার ভাড়াটে বাসা থেকে মা মেয়ের মরদেহ করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো মহিনুল ইসলাম।

নিহতরা হলেন কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪০) এবং তাদের মেয়ে সুমাইয়া আফরিন (২২)। সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, নিহত তাহমিনা বেগম তার ছেলে মেয়েদের নিয়ে কালিয়াজুড়ি এলাকায় ভাড়া থাকতেন। এক বছর আগে তার স্বামী নুরুল ইসলাম মারা যায়। তার বড় ছেলে আলামিন আহমেদ একজন আইনজীবী, তিনি ঢাকা থাকেন এবং ছোট ছেলে ফয়সাল আহমেদ কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানিতে চাকুরি করেন। ফয়সালের স্ত্রী ঢাকায় থাকেন। মাঝেমধ্যে কুমিল্লায় আসা যাওয়া করত।

নিহতের ছেলে ফয়সাল বলেন, শুক্রবার তিনি ঢাকায় যান তার স্ত্রীর কাছে। গতকাল রাতে তিনি কুমিল্লায় ফিরেন। বাড়িতে এসে তার মা বোনকে দরজা খোলার জন্য দীর্ঘ সময় ডাকাডাকি করলেও সাড়া না দেয়ায় দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। ঘরের ভিতর থেকে একটি ছোট টেবিলের সাহায্যে দরজা লাগানো ছিল। ধাক্কা দেয়াতে দরজাটি খুলে যায়। পরে ভিতরে গিয়ে দুইকক্ষে দুইজনের মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ এ কল করে পুলিশকে জানায়।

কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো: মহিনুল ইসলাম সময় সংবাদকে বলেন, নিহতের ছেলে ফয়সাল রাত ২ টার সময় ৯৯৯ এ কল করে বিষয়টা জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতদের গলায় কিছুটা আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে বিস্তারিত জানা যাবে। তবে আমরা বিষয়টা তদন্ত করছি এবং রহস্য উদঘাটনের চেষ্টা করছি।