All posts by jitu

২৪ তারিখের এইচএসসি পরীক্ষাও স্থগিত

ডেস্ক রিপোর্ট:

আগামী ২৪শে জুলাই বৃহস্পতিবার যে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন।

এদিকে, আজ সকাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যে ছয় দাবিতে বিক্ষোভ করছে, সেগুলোর প্রত্যেকটি দাবিকেই যৌক্তিক বলে মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

কুমিল্লা নগরীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযানে অস্ত্র ব্যবসায়ী হায়দার ও পেনু মির্জাকে ৪টি শর্টগানসহ আটক করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, তারা ছদ্মনাম ব্যবহার করে অস্ত্রের ব্যবসা করতো।

মঙ্গলবার (২২ জুলাই) ভোররাত ৩টা থেকে ৬টা পর্যন্ত নগরীর দুটি ভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকার মো. আবু হায়দার (৪০), নগরীর নূরপুর এলাকার মজিবর রহমান (৩৮)। মজিবরের ছদ্মনাম নাম পেনু মির্জা ।

অভিযানকালে তাদের কাছ থেকে শর্টগান ৪টি, বিদেশি চাকু ১টি, ছেনি ১টি, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ২টি, বাটন ফোন ২টি ,পাসপোর্ট ১টি, এলজির কার্তুজ ১টি উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, অল্প পরিমাণ অস্ত্র উদ্ধার হলেও গোয়েন্দা তথ্য ও মোবাইল ফরেনসিক বিশ্লেষণে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। যেমন, প্রাথমিক অডিও বিশ্লেষণে জানা যায়, পেনু মির্জা ৭.৬৫ পিস্তল এক লক্ষ টাকায় বিক্রি করতেন। এছাড়া হায়দার আওয়ামী লীগের দুর্বৃত্তদের কাছে অস্ত্র সরবরাহ করতেন বলে গোয়েন্দা সূত্রে জানা যায়।

এই দুই অস্ত্র ব্যবসায়ী এখন পর্যন্ত চারটি আগ্নেয়াস্ত্র বহনের প্রমাণসহ ধরা পড়লেও তাদের চ্যানেলে দুটি ৭.৬৫ পিস্তল লেনদেন হয়েছে। এমন তথ্য ইতোমধ্যে গোয়েন্দা সংস্থার হাতে এসেছে।

এছাড়া, অপরাধ জগতে ছদ্মনাম ব্যবহারের প্রবণতাও এই অভিযানের মাধ্যমে স্পষ্ট হয়েছে, যেমন পেনু মির্জা নামটি। মূল পরিচয় গোপন রাখতে এটি ব্যবহৃত হতো।

নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী (২৩ বীর) ও র‍্যাব-১১-এর যৌথ অভিযান ধারাবাহিকভাবে ফলপ্রসূ প্রমাণিত হচ্ছে বলে জানায় যৌথ বাহিনী।

চৌদ্দগ্রামের আ’লীগ নেতা মাহফুজ চেয়ারম্যান ঢাকা বিমানবন্দরে আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী, সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২শে জুলাই) ভোরে বাহরাইন যাওয়ার সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন তিনি। মাহফুজ চেয়ারম্যান চৌদ্দগ্রামের মিয়াবাজারে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী হত্যার ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর মামলার আসামী। সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মাইনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মাইনুদ্দিন জানান, মিয়াবাজারের বাসে বোমা হামলায় ৮ যাত্রী হত্যা মামলার আসামী মাহফুজ আলমকে আটকের খবরটি আজ সোমবার সকাল ৯টায় বিমানবন্দর থানা পুলিশ আমাদেরকে জানায়। গ্রেফতারকৃত আসামীকে দ্রæত কুমিল্লায় আনার প্রক্রিয়া চলছে।

জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় আইকন পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচে পেট্রলবোমা মেরে ৮ জন যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আবুল খায়ের নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় সাবেক রেলমন্ত্রী ও চৌদ্দগ্রামের সাবেক সাংসদ মুজিবুল হক মুজিব, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, র‌্যাবের সাবেক প্রধান বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে মামলা করেন।

বিমান বিধ্বস্তে নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এ ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ৭৮ জন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার পরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মো. সায়েদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু। নিহত বাকি দুইজনের মধ্যে একজন পাইলট, অপরজন শিক্ষিকা। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

অধ্যাপক সায়েদুর রহমান বলেন, চিকিৎসার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। বার্ন ইউনিটে দুইজন ভেন্টিলেশনে আছে বলেও জানান তিনি।
দগ্ধ শিশুদের জন্য সবার কাছে দোয়া চান সায়েদুর রহমান। তিনি হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন।

রক্তের জন্য পর্যাপ্ত ডোনার আছে বলেও জানান তিনি। নেগেটিভ গ্রুপের কিছু রক্ত লাগবে বলে জানান।

কুমিল্লা ভোক্তার অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয় সহযোগিতায় ভিক্টোরিয়া কলেজ এলাকায় অভিযান পরিচালনা করেছে। সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে এ অভিযান।

অভিযানে জম-জম টাওয়ারে অবস্থিত তিনটি প্রতিষ্ঠান— জম-জম ক্যান্টিন, ক্যাফে কর্ণার এবং গোল্ডেন স্পুন চাইনিজ রেস্টুরেন্ট—এ সর্বোচ্চ খুচরা মূল্যের (MRP) চেয়ে বেশি দামে পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের অভিযোগ প্রমাণিত হয়। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ১৪,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহযোগিতা করেন ক্যাব কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক মো. মাসাউদ আলম, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি দল।

সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, “পণ্যের মূল্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত এমন অভিযান চলবে। ভোক্তাদের অধিকার রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট।”

ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় সরকারী খাস জমি উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার ছোটরা মৌজায় সরকারী খাস জমির ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকাল ৩টায় জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে ১নং খতিয়ানভুক্ত ২৬৯৪ দাগের ০.০৫০০ একর জমি থেকে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উক্ত খাস জমির ওপর কিছু দুষ্কৃতকারী অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করেছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে জেলা প্রশাসক, কুমিল্লার সরাসরি নির্দেশনায় জমি উদ্ধারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় আজ এই সফল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা সিটি করপোরেশন ও জেলা পুলিশের একটি টিম।

অভিযান শেষে তানজিনা জাহান জানান, “সরকারি খাস জমি কোনোভাবেই দখল করে রাখার সুযোগ নেই। দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। আজকের অভিযানে যেভাবে বিভিন্ন বাহিনী ও একযোগে কাজ করেছে, তা প্রশংসনীয়।”

তিনি আরও জানান, উচ্ছেদ করা জমিটি দ্রুত জনস্বার্থে ব্যবহারের উপযোগী করে তোলা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই জমিটি দখল করে রাখা হয়েছিল। সাধারণ মানুষ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

বিমান বিধ্বস্তে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন মারা গেছে। এর মধ্যে বার্ন ইনিস্টিটিউটে দুজন মারা গেছে।

সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।

মিয়াবাজার কলেজের সভাপতি থেকে বাদ পড়লেন বিএনপি নেতা কামরুল হুদা

স্টাফ রিপোর্টার:

ঐতিহ্যবাহী মিয়াবাজার ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বাদ পড়েছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র আহবায়ক কামরুল হুদা। কামরুল হুদার স্থলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মীর হারুন-উর-রশিদ।

সোমবার দুপুরে (২১ শে জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান।

গত ১৭ই জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আবদুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত মিয়া বাজার কলেজের অধ্যক্ষ বরাবরে পাঠানো পরিপত্রে বলা হয়, পূর্বের গভর্নিং বডির সভাপতি কামরুল হুদা বিদ্যোৎসাহী সদস্য জামাল উদ্দিন এর স্থলাভিষিক্ত হবেন।

মিয়াবাজার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৭ই জুলাই এ সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি পরিপত্র পাই। পরিপত্র অনুযায়ী কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মীর হারুন-উর-রশিদ।

মিয়াবাজার ডিগ্রী কলেজের গভর্নিং বডির নব-মনোনীত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মীর হারুন-উর-রশিদ বলেন, গত ১৭ই জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিপত্রের মাধ্যমে আমি সভাপতি হিসেবে মনোনীত হই। আগামী ২৩শে জুলাই কলেজের পরিচালনা পর্ষদের ১ম সভা আহ্বান করা হয়েছে।

দগ্ধ অধিকাংশই শিক্ষার্থী, অবস্থা আশঙ্কাজনক

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন লাগার ঘটনায় অন্তত ২৭ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ‘নারী ও শিশুসহ মোট ২৭ জন দগ্ধ অবস্থায় আমাদের এখানে এসেছে। অধিকাংশই শিক্ষার্থী এবং সবাই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এখনও আরও আহতদের আনা হচ্ছে। জরুরি বিভাগে একটি বিশেষ মেডিকেল টিম তাদের চিকিৎসায় নিয়োজিত রয়েছে।’

আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে এবং কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর মাইলস্টোন স্কুলের হায়দার হল ভবনে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দের পর হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়া আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির ছাত্র হাবিবুর বলেন, ‘ক্লাস শেষে বের হওয়ার পর দেখি ক্যান্টিনের সামনে বিকট শব্দ হয় এবং মুহূর্তেই আগুন ধরে যায়।’

চাঁদপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে প্রায় ৭৫ বছর বয়সী শফিকুল ইসলাম পাটোয়ারী নামে এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার একদিন পর সোমবার (২১ জুলাই) তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গত রবিবার (২০ জুলাই) দুপুরের দিকে তিনি নিখোঁজ হন।

জানা যায়, প্রতিদিনের ন্যায় গত রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে শফিকুল ইসলাম বাড়ির সামনে ডাকাতিয়া নদীতে গোসল করতে যান। এসময় তিনি ঘাট দিয়ে নিচে নেমে ডুব দিতে গেলে তলিয়ে গেলে আর উপরে উঠতে পারেন নি। তাৎক্ষণিক উপস্থিত একই বাড়ির বাসিন্দা নেছার আহম্মদ পাটোয়ারী ঝাপিয়ে পড়ে আর উদ্ধার করতে পারেনি। পরে তার ডাক চিৎকারে বাড়ির লোকজন এসে অনেক খোজাখুজির পর চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল এসে অনেকদূর পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। এমনকি এদিন নদীর কয়েক কিলোমিটার ধরে নৌকা যোগে মাইকিং করেন নিখোঁজ শফিকুল ইসলামের পরিবারের লোকজন।

সোমবার সকাল ৯টার দিকে নিখোঁজ হওয়া স্থানের আধা কিলোমিটার পশ্চিমে ইউনিয়নের ছোট সুন্দর বাজার স’মিলের সোজা নদীর অপরপ্রান্তে নদীতে মাছ ধরার জেলেরা দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তিনি চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দা।

এ বিষয়ে রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী জানান, নদীর পাড়ের ঘাটে গোসল করার সময় হঠাৎ মাথা ঘুরে নদীতে পড়ে যান সফিকুর রহমান। শারীরিক দূর্বল হওয়ায় তিনি আরও উপরে উঠতে না পারায় নদীর স্রোতে তলিয়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় ধরে খোঁজ চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। পরে সোমবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার পশ্চিমে ছোটসুন্দর বাজারসংলগ্ন নদীতে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহটি শনাক্ত করে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন জানান, ‘নদীতে ভাটা থাকায় অনেক সময় মরদেহ দ্রুত খুঁজে পাওয়া যায় না। পানি কমে গেলে মরদেহ ভেসে ওঠে।’ পরিবার সূত্রে জানা গেছে, সফিকুর রহমান পাটোয়ারী স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মধ্যে দুই ছেলে প্রবাসে রয়েছেন। সোমবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।