All posts by jitu

কুমিল্লা সীমান্তে ৫ কোটি টাকার অবৈধ ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইলের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লা-১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিবিরবাজার বিওপির অধীনস্থ কটকবাজার পোস্টের বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তারা কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ৫২৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইলের ডিসপ্লেসসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেন।

তিনি আরো জানান, জব্দ মালামালের বর্তমান বাজারমূল্য ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা। জব্দ মালামাল বিধিমোতাবেক কাস্টমসে জমা করা হবে। চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এই কর্মকর্তা জানান।

বারপাড়া বিএনপির উদ্যোগে মরহুম দেলোয়ারের জন্য দোয়া অনুষ্ঠিত

শাহ ফয়সাল কারীম:

কুমিল্লা সদর দক্ষিণ বারপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার আসরের নামাজের পরে মরহুম দেলোয়ার জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব চৌধুরী।

তিনি বলেন, মরহুম দেলোয়ার বিএনপি’র একজন আদর্শ কর্মী ছিলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে আমাদের সাথে কারা নির্যাতিত হয়েছে। মহান রাব্বুল আলআমিন যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, আমরা প্রত্যেকে এ কর্মীর জন্য নামাজ পড়ে দোয়া করবো।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর দক্ষিণ যুবদলের আহ্বায়ক মোঃ সায়েম মজুমদার, মোঃ বাশার মোল্লাসহ বারপাড়া ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হবে: ড. মোবারক হোসাইন

‎মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

‎জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দুর্নীতি, চাঁদাবাজি, সুধ, ঘুষ, গুম, খুন, হত্যা বন্ধ হবে। এদেশের মানুষ আর কোন ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চায় না। ভবিষ্যতে যদি কেউ আবারো স্বৈরাচার হয় তাহলে শেখ হাসিনার মতো পতন করে বিদায় করা হবে।

(৫ সেপ্টেম্বর) শুক্রবার বিকালে কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গনসংযোগকালে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এক হয়ে কাজ করবো। এতে শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুর রহমান সেলিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. বাছির উদ্দিন (বিএসসি) এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি লুৎফুর রহমান খান মাসুম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সাধারন সম্পাদক মাওলানা আবু কাউছার আরমান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সাধারন সম্পাদক মো. রায়হান। অনুষ্ঠানে ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল হামিদ এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ছাত্রনেতা আফনাম মোজাহিদ, আব্দুল্লাহ আল জুবায়েরসহ বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা।

ইসলামপন্থীদের দ্বারা হিন্দুরা কখনো নির্যাতিত হয়নি: ডা. তাহের

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, দিন দিন জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে। পক্ষান্তরে অন্য একটি দলের জনপ্রিয়তা কমছে। ওই দলটি গত কয়েকদিন আগেও হানিফ পরিবহনের কাউন্টার ভাংচুর ও লুটপাট করেছে।

তিনি আরও বলেন, ইসলাম ভিন্ন ধর্মের মানুষের নিরাপত্তা দেয়। জুলাই আন্দোলনে জড়িত ইসলামী দলগুলো অন্য ধর্মের লোকদের ক্ষতি করে না। ইসলামপন্থীদের দ্বারা এদেশের হিন্দুরা কখনো অত্যাচারিত হয়নি। আগামী নির্বাচনে জুলাই চেতনায় বিশ্বাসী দলগুলো নিয়ে জোট হবে।

ডা: তাহের আরও বলেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন চায়। যেখানে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যেন তেন উপায়ে কারো চাপিয়ে দেয়া নির্বাচন জনগণ মেনে নিবে না। জাতীয় নির্বাচন এই নির্বাচন হবে ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় জনগণের বিজয়ের নির্বাচন। নতুন স্বপ্নে নব উদ্যমে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। এই নির্বাচন হতে হবে সন্ত্রাস ও দখলদার মুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। প্রত্যেক ভোটারের কাছে দাঁড়িপাল্লার প্রতীকের আহবান পৌঁছে দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।

শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা কেন্দ্র নির্বাচনী সমাবেশে জামায়াত নেতা আবুল কালাম মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, বাতিসা ইউনিয়ন নির্বাচনের অঞ্চল পরিচালক মজিবুর রহমান ভুঁইয়া।

জামায়াত নেতা মাস্টার কামাল উদ্দিন ও আবদুল কাইয়ুম মানিকের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, জামায়াত নেতা এম ইউসুফ, দেলোয়ার হোসেন মিন্টু, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মহসিন মজুমদার।

এর আগে প্রধান অতিথি ডা: তাহেরকে ফুলেল শুভেচছা জানান সমাজসেবক মহসিন মজুমদার, আবদুল হক, মো: লিটন।

এ সময় যুবনেতা নুরুল করিম মামুন, পেয়ার আহমেদ, হোসাইন মোহাম্মদ কাউসার, জাফর আহমেদ, রেজাউল করিম মিন্টু, ইব্রাহিম চৌধুরী অরুপ, ফরহাদ হোসেন, ওহিদুর রহমানসহ লুদিয়ারা, কুলিয়ারা, কালিকসার ও দুর্গাপুর গ্রামের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলৎ

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলৎ

 

ডেস্ক রিপোর্টঃ

থাইল্যান্ডের পার্লামেন্ট রক্ষণশীল বিরোধী দল ভূমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুলকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে।

শুক্রবার (৫ আগস্ট) ৫০০ আসনের পার্লামেন্টে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ৪৯২ জন সংসদ সদস্যের মধ্যে অনুতিন ২৪৭টিরও বেশি ভোট পেয়ে জয়ী হন। আগামী চার মাসের মধ্যে সাধারণ নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতির ভিত্তিতে তিনি সংসদের আস্থা অর্জন করেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এ বিজয় সিনাওয়াত্রা পরিবারকে নতুন করে ধাক্কা দিল। গত মাসে ক্ষমতাসীন ফিউ থাই পার্টির নেতা পেতংতার্ন সিনাওয়াত্রাকে ‘নীতিশাস্ত্র কেলেঙ্কারি’র অভিযোগে সাংবিধানিক আদালত বরখাস্ত করে। গত দুই দশক ধরে থাই রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে থাকা এ পরিবার এ ঘটনায় আরও চাপে পড়ল।

এদিকে, শুক্রবার ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে রাজবংশের প্রধান থাকসিন সিনাওয়াত্রা দেশ ছেড়ে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেন।

উল্লেখ্য, অনুতিন একসময় ফিউ থাই জোটের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তবে সম্প্রতি কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধের সময় সিনাওয়াত্রার আচরণে অসন্তুষ্ট হয়ে তিনি জোট থেকে সরে আসেন।

সদর দক্ষিণে ৪০ কেজি গাঁজাসহ যুবক আটক

সদর দক্ষিণে ৪০ কেজি গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে ৪০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেবীপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ।

এসময় ৪০ কেজি গাঁজাসহ মোঃ হৃদয় (২৬) নামক এক মাদক কারবারিকে আটক করতে করতে সক্ষম হয়।
সদর দক্ষিণে ৪০ কেজি গাঁজাসহ যুবক আটক

আটককৃত যুবক সদর দক্ষিণ উপজেলার দেবীপুর গ্রামের মৃত. খোরশেদ আলমের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃত যুবক দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রীর মৃত্যু

স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রীর মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

ছায়দুল হক (৫৯) হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক স্ত্রীসহ পরিবারের সদস্যরা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশায় স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী বিবি মরিয়ম (৫৫)।

বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উন্দানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দম্পতি একই ইউনিয়নের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং ৬ ছেলে ৩ মেয়ের জনক জননী ছিলেন।

কেশারপাড় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) আবু তালেব টিপু জানান, বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে বিকেল ৫টা ৪০মিনিটের দিকে তাকে উপজেলার কানকিরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন সূত্র ধরের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করে। মূলত চিকিৎসকের কাছে নেওয়ার পথে তিনি মারা যান। এরপর স্বামীর লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় বিবি মরিয়ম। স্বামীর মৃত্যুর ১২ মিনিটের মাথায় কানকিরহাট হাসানপুর সড়কের নুনু কোম্পানীর মেইলের সামনে অটোরিকশায় স্ট্রোক করে মরিয়ম রাস্তায় পড়ে যান। আবার তাকে একই চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করে।

ইউপি সদস্য আবু তালেব টিপু আরও জানান, শুক্রবার সকাল ৯ টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষ শোকাহত।

চান্দিনায় গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চান্দিনায় গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ড্রেজার ব্যবসায়ীদের। প্রশাসনের সাথে চোর-পুলিশ খেলায় মেতেছে তারা। যখনই প্রশাসন অভিযান যায়, তখনই ড্রেজার বন্ধ করে পালিয়ে যায় ব্যবসায়ীসহ ড্রেজিং কাজে নিয়োজিতরা। ওইসব অসাধু ড্রেজার ব্যবসায়ীদের ধরতে গভীর রাতে অভিযানে নামে ভ্রাম্যমান আদালত।

চান্দিনায় গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মঙ্গলবার গভীর রাতে অভিযানে চান্দিনার বিভিন্ন স্থানে চলমান ড্রেজিং স্পটে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর। এসময় উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচংগা গ্রামের কৃষি মাঠে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু-মাটি উত্তোলন করায় দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ২ হাজার ফুট পাইপ এবং ৩টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

অভিযুক্তরা হলেন- ওই ইউনিয়নের পরচংগা গ্রামের মীর কাশেমের ছেলে ময়নাল হোসেন ও লোকমান হোসেনের ছেলে মো. নাহিদ।

চান্দিনায় গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অপরদিকে, চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকায় অবস্থিত অনুমোদনহীন মোতালেব চানাচুর নামের ১টি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। ওই চানাচুর উৎপাদন কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার, পণ্যের গায়ে মেয়াদোর্ত্তীণ সিল এবং বৈধ কাগজপত্র না থাকায় কারখানার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন চান্দিনা থানা পুলিশ ও আনসার সদস্যরা।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর বলেন- ড্রেজার ব্যবসায়ীরা স্থানীয় ভাবে প্রভাব বিস্তার করে রাখে। যে কারণে অভিযানে গেলে স্থানীয় কেউ সহযোগিতার জন্যও এগিয়ে আসে না। অপরদিকে এখন বর্ষার মৌসুমে চারদিকে পানি থাকায় অনেক স্থানে নৌকা ছাড়া যাওয়া যায়না। ড্রেজার ব্যবসায়ীদের হুমকির কারণে নৌকার মাঝিরাও পালিয়ে যায়। যাতায়াত অসুবিধার কারণে অভিযান কিছুটা ব্যহত হচ্ছে। কৃষি জমি নষ্ট করে ড্রেজিং ব্যবসা পরিচালনাকারী এবং পরিবেশদূষণ ও জনস্বাস্থ্যকে হুমকিতে ফেলার যেকোনো অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা-১ আসনের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশে মেঘনায় আনন্দ উদযাপন

কুমিল্লা-১ আসনের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশে মেঘনায় আনন্দ উদযাপন

 

বিপ্লব সিকদারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ৩০০ আসনের সীমানা নির্ধারণের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করেছে।

এর অংশ হিসেবে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের গ্যাজেট প্রকাশে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মেঘনা উপজেলায় বিজয় মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।

‘মোশাররফ স্যারের মাটি, মেঘনার ঘাটি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন। শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড মোড়, মানিকারচর বাজার এবং মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এম মিজানুর রহমান, সলিমুল্লাহ মোহাম্মদ,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আতাউর রহমান ভুইয়া, শহিদুল ইসলাম, দিলারা শিরিন, আবু ইউসুফ নয়ন, আব্দুল কাদির,মানিকারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান,যুবদলের আহবায়ক কামরুজ্জামান দিপু,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট সাইফুদ্দিন রতন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট হাবিব মিয়াজি, ছাত্রদলের আহবায়ক সোলাইমান হোসেন,মহিলা দলের সভাপতি মাহবুবা ইসলাম সহ দলীয় বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনগণ সহ অন্যরা ।বক্তারা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন মেঘনার মানুষের জীবনমান উন্নয়নে অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও রাখবেন, বক্তারা বলেন- মোশাররফ হোসেন স্যার মেঘনার মানুষকে শান্তিপূর্ণ থাকার আহবান জানিয়েছেন তিনি খুব শিগগিরই মেঘনায় আসবেন ।

মেঘনায় জোড়াতালির সেতুতে ঝুঁকি, ভাঙার দাবি এলাকাবাসীর

মেঘনায় জোড়াতালির সেতুতে ঝুঁকি, ভাঙার দাবি এলাকাবাসীর

 

মেঘনা প্রতিনিধিঃ

কুমিল্লার মেঘনা উপজেলার সেননগর বাজার থেকে আলিপুর সড়কের ছাত্তার মেম্বার বাড়ির পাশে একটি জোড়াতালির সেতু দীর্ঘদিন ধরে যানবাহন ও পথচারীদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। খাল ভরাট হয়ে যাওয়ায় সেতুটি এখন কার্যকারিতা হারালেও থেকে গেছে দুর্ঘটনার আশঙ্কা।

স্থানীয়রা জানান, একসময় নৌযান চলাচলের জন্য উঁচু করে নির্মিত এই সেতুটি বর্তমানে অকার্যকর হয়ে গেছে। মাঝখানে গর্ত, অতিরিক্ত ঢাল, রেলিংয়ের পলেস্তারা খসে পড়া—এসব কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। যানবাহন ও পথচারীরা চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে বাধ্য হচ্ছেন।

হিজলতলী গ্রামের আলী মিয়া অভিযোগ করে বলেন, “প্রকৌশলী বিভাগ কয়েক মাস পর পর ফুটো বন্ধের নামে হাজার হাজার টাকা খরচ করে। কিন্তু কোনো কার্যকর সমাধান হয় না। বরং সরকারি অর্থের অপচয় হয়।দড়িকান্দি গ্রামের মনির হোসেন বলেন, এই সড়ক দিয়ে সেননগর বাজার ও আলিপুর লঞ্চঘাটে হাজারো মানুষ যাতায়াত করেন। সেতুর বর্তমান অবস্থা চলাচলের জন্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ। দ্রুত সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণ করা জরুরি।

এ বিষয়ে মেঘনা উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, “গতকাল সেতুটি পরিদর্শন করেছি। গুরুত্বপূর্ণ সড়কের মাঝে এমন সেতু আসলেই মরনফাঁদ। আমাদের দপ্তর থেকে কিভাবে এর সমাধান করা যায় তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।