All posts by jitu

ত্রিপুরায় ভারী বর্ষণে গোমতী নদীর পানি বাড়ছে, তীরবর্তী মানুষের মাঝে আতঙ্ক

স্টাফ রিপোর্টার:

টানা দুই দিনের ভারী বৃষ্টিতে কুমিল্লার গোমতী নদীর পানি হঠাৎ করেই বেড়ে গেছে। ভারতের ত্রিপুরা রাজ্যে টানা বর্ষণে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি, যার কারণে সেখানে রেড এলার্ট জারি করা হয়েছে। এই পরিস্থিতি কুমিল্লার গোমতী নদীর দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে।

বুধবার (৯ জুলাই) বিকেল ৪টায় সরেজমিনে টিক্কার চর, চানপুর ব্রিজ ও সংরাইশ এলাকায় দেখা যায়, নদীর পানি বেড়ে কিছু চরাঞ্চল তলিয়ে গেছে। এছাড়া, গোমতীর পাড়ে গড়ে ওঠা পর্যটনকেন্দ্রগুলোতেও পানি ঢুকে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেড়িবাঁধের দিকে উঠে আসছেন। কেউ কেউ নিজেরাই নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন।
জগন্নাথপুরের বাসিন্দা মহিউদ্দিন মিয়া বলেন, “সকালে উঠে দেখি পানি বাড়ির কাছাকাছি চলে এসেছে। আমরা আতঙ্কে আছি। গত বছর বন্যায় ঘর ভেসে গিয়েছিল, এবারও যদি তাই হয়, তাহলে আবার রাস্তায় থাকতে হবে।”

টিক্কার চর এলাকার রিয়াজ মিয়া জানান, “গতকাল বিকেলেও এত পানি ছিল না। আজ সকালে উঠে দেখি পানি অনেক বেড়েছে। এভাবে বাড়লে বিকেলের মধ্যে পানি বিপদসীমা ছাড়িয়ে যেতে পারে।”

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গোমতীর পানি এখনো বিপদসীমার প্রায় ২.৮ মিটার নিচে রয়েছে। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খাঁন মোহাম্মদ ওয়ালীউজ্জামান বলেন, “ভারতের উজানে অতিরিক্ত বৃষ্টির কারণে গোমতীর পানি গত ২৪ ঘণ্টায় ৪ থেকে ৫ মিটার বেড়েছে। উজানের পানি আসতে প্রায় ১৮ ঘণ্টা সময় লাগে। বিকেলের দিকে পরিস্থিতি আরও পরিষ্কার হবে।”

বুড়িচং উপজেলার ইউএনও তানভির আহমেদ জানান, “পানি এখনো বিপদসীমার ৯ ফুট নিচে আছে। আতঙ্কের কিছু নেই, তবে সতর্ক থাকতে হবে। প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং গোমতীর চরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।”

জেলা আবহাওয়া কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান বলেন, “মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে এবং এমন অবস্থা আরও ৩৬ থেকে ৪৮ ঘণ্টা চলতে পারে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।”

সাংবাদিক ও সংবাদপত্রের প্রতি হুমকি জুলাই চেতনার পরিপন্থী- জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে ও ডিইউজের বিবৃতি

স্টাফ রিপোর্টার:

জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সোমবার (৭ জুলাই/২৫) এক বিবৃতিতে মিডিয়ার ওপর অযাচিত হস্তক্ষেপ, হুমকি প্রদানের ঘটনায় নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছে।

জুলাই আন্দোলনের এক নেতা কর্তৃক মিডিয়াকে হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বিবৃতিতে বলেন, মিডিয়াকে হুমকি প্রদানের ঘটনা এবং মিডিয়াকর্মীদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করার প্রবণতা জুলাইয়ের চেতনার পরিপন্থী।

জুলাইয়ের রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থান যেসব কারণে সংঘটিত হয়েছিল, তার অন্যতম ছিল মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ। মিডিয়াকে হুমকি দেওয়া সেই লক্ষ্য অর্জনের অন্তরায় ও হস্তক্ষেপের শামিল।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, মিডিয়ার ভূমিকায় কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিকারের জন্য প্রেস কাউন্সিল রয়েছে। প্রচলিত আইনের বিধি অনুযায়ী আদালতেও যাওয়া যায়। কিন্তু এই হুমকি দেশে গণতান্ত্রিক সংস্কৃতির প্রতিষ্ঠা, চর্চা ও বিকাশের প্রতিবন্ধক বলে আমরা মনে করি।

অন্যদিকে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম ও সাধাণ সম্পাদক খুরশীদ আলম এক বিবৃতিতে মিডিয়ার ওপর অযাচিত হস্তক্ষেপ, হুমকি প্রদানের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

যৌথ বিবৃতিতে তারা বলেন, স্বৈরাচারি শেখ হাসিনার শাসনামলে রুদ্ধবাক স্বাধীনতা পুনরুদ্ধার ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য। সেই চেতনা থেকে সরে এসে জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান নেতাদের কেউ কেউ সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার ও হুমকি দিয়ে চলেছেন। সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে বিকশিত হতে না দিয়ে উল্টো এ ধরনের হুমকি প্রদর্শন নিতান্ত অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। রবিবার রাজশাহীতে এনসিপির অন্যতম একজন শীর্ষ নেতা যে হুমকি দিয়েছেন, তা স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধক।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ওই এনসিপি নেতার বক্তব্যে আমরা ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। মনে রাখতে হবে সাংবাদিকদের হুমকি কিংবা মব জাস্টিসের জন্য ছাত্র-জনতা জীবন দিয়ে জুলাই অভ্যুত্থান সংঘটিত করেনি।

সাংবাদিক নেতৃবৃন্দ হুমকিদাতা এনসিপির ওই নেতাকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে, পতিত ফ্যাসিস্ট সরকারের সময়ে ৬০ জনের বেশি সাংবাদিক খুন হয়েছেন। শুধু জুলাই বিপ্লবের সময় দায়িত্ব পালন করতে গিয়ে ৬ জন সাংবাদিক শহীদ হয়েছেন। শুধু তা-ই নয়, জুলাই-আগস্টে ছাত্রদের আন্দোলনের সমর্থনে সাংবাদিকরা নিয়মিত রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাইয়ের রক্তক্ষয়ী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান যেসব কারণে সংঘটিত হয়েছিল, তার অন্যতম উদ্দেশ্য ছিল মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ। আজ এনসিপি নেতা সাংবাদিকদের যে হুমকি দিয়েছেন তা জুলাই বিপ্লবের চেতনাবিরোধী। জুলাই বিপ্লবের একজন ছাত্রনেতার কাছে এটা আমাদের প্রত্যাশিত ছিল না।

বিএফইউজে ও ডিইউজে নেতারা আরো বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা অর্জনের ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম হিসেবে আমরা অতীতেও এ ধরনের অযাচিত ও অন্যায় হস্তক্ষেপ মেনে নেইনি, এখনও মেনে নেবো না।

মিডিয়ার ভূমিকা সম্পর্কে কারও কোনো আপত্তি বা অভিযোগ থাকলে সেগুলোর প্রতিবিধানের জন্য আইন, আদালত ও প্রেস কাউন্সিলের শরণাপন্ন হতে পারেন। কিন্তু এ ধরনের আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা নিন্দনীয়। সংশ্লিষ্ট মহলকে এ ধরনের তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানাই।

মুরাদনগর ধর্ষণকাণ্ড: অবশেষে ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মুরাদনগরের পাঁচকিত্তার বাহেরচর গ্রামের আলোচিত ধর্ষণকান্ডের ভুক্তভোগী নারীর অবশেষে ডাক্তারি পরীক্ষা (ফরেনসিক) সম্পন্ন হয়েছে। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে ও বিশেষ নিরাপত্তা দিয়ে মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার ২৫ বছর বয়সী ওই নারীকে পুলিশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ভুক্তভোগী নারীর পরীক্ষা সম্পন্ন হয়।

এর আগে ঘটনার পরদিন ধর্ষণের শিকার ওই নারীকে নিয়ে পুলিশ ডাক্তারি পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে আসলে প্রথমদিকে রাজি থাকলেও পরে বিদেশে অবস্থানরত তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার পর পরীক্ষা করাতে অস্বীকৃতি জানান। অবশেষে ঘটনার ১২ দিনের মাথায় ধর্ষণের শিকার ওই নারী ডাক্তারি পরীক্ষা করাতে স্বেচ্ছায় রাজি হলে সেই পরীক্ষা সম্পন্ন করা হয়।

বুধবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মুরাদনগর থানার এসআই রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর গত ২৭ জুন দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা প্রক্রিয়া শুরুর আগেই ভুক্তভোগী নারী তার মত বদলান। তিনি কর্তব্যরত চিকিসককে জানিয়ে দেন, পরীক্ষাতে তার সম্মতি নেই। যে কারণে ওই সময় পরীক্ষাটি সম্পন্ন করতে পারেননি চিকিৎসক।

মামলার তদন্ত কর্মকর্তা আরো জানান, আইনানুযায়ী ভুক্তভোগী নারী ডাক্তারি পরীক্ষা করাতে না চাইলে তাঁকে বাধ্য করার সুযোগ নেই। এ জন্য ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা নিয়েও তিনি এখন তাঁর পিত্রালয়ে থাকছেন না। নিজের হেফাজতে অন্যত্র থাকলেও পুলিশের সঙ্গে যোগাযোগ রয়েছে। ইতিমধ্যে তিনি ডাক্তারি পরীক্ষার গুরুত্ব বুঝে স্বেচ্ছায় রাজি হলে মঙ্গলবার দুপুরে তাঁর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। গুরুত্বপূর্ণ এই পরীক্ষা না হলে ধর্ষণ হয়েছে প্রমাণ করা কঠিন হতো। এখন এই পরীক্ষা সম্পন্ন হওয়ায় এটি মামলার তদন্তের জন্য ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে। অধিকতর গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হচ্ছে। ধর্ষণের সময় ভুক্তভোগী নারীর পরনে থাকা পোশাকসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ জুন রাতে মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর নির্যাতন, নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা করেন। ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী গ্রেফতার হলেও তিনি এখনো পুলিশ হেফাজত থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক এস এম সাইফুল হাছিব ভূঁইয়া জানিয়েছেন, ফজর আলীর হাতে ও পায়ের চারটি স্থানে হাড় ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে কাটা-ছেঁড়া রয়েছে। ক্ষত শুকানোর পর অস্ত্রোপচার করতে হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমীন বলেন, ফজর আলীর অবস্থা এখনো তেমন উন্নতির দিকে যায়নি। তাঁর অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক। হাসপাতাল থেকে তাঁকে ছাড়পত্র দিতে অন্তত দুই মাস সময় লাগতে পারে।

তিনি আরও জানান, ওই ঘটনায় ভুক্তভোগীকে নিপীড়ন ও বিবস্ত্রের ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রধান হোতা হিসেবে অভিযুক্ত ফজর আলীর ছোট ভাই শাহপরান পর্নোগ্রাফি মামলায় আটক হয়ে বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আজ বুধবার শাহপরানের রিমান্ড আবেদনের শুনানি হবে। এর আগে এই মামলায় গ্রেফতার চারজনের রিমান্ড শেষে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।

কুমিল্লায় ধর্ষণকাণ্ডে, শাহ পরানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার নারীর বিবস্ত্র ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও মুরাদনগর থানার এসআই রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ডপ্রাপ্ত শাহপরান ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত ফজর আলীর আপন ছোট ভাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মুরাদনগর থানার এসআই রুহুল আমিন জানান, ধর্ষণের পর পরিকল্পিতভাবে নিপীড়ন ও বিবস্ত্রের ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ‘মূলহোতা’ শাহ পরানের ১০ দিন রিমান্ড চেয়ে গত ৬ জুলাই কুমিল্লা আদালতে আবেদন করা হয়।

বুধবার ওই আবেদনের শুনানি শেষে কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কুমিল্লার মুরাদনগরে ৩ জনকে হত্যা: ৮ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে দুই সন্তানসহ নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আটজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক এই রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন, কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৫৫), রবিউল আওয়াল (৫৫), আতিকুর রহমান (৪২), মো. বায়েজ মাস্টার (৪৩), দুলাল (৪৫), আকাশ (২৪), মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।

এসআই নয়ন কুমার বলেন, দেশ ব্যাপী আলোচিত কুমিল্লার মুরাদনগরের দুই সন্তানসহ নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮ আসামীর রিমান্ড চাওয়া হয় গত ৭ জুলাই বিকেলে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক শুনানি শেষে প্রত্যেক আসামীর ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তিনি বলেন, রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে এবং ঘটনার নেপথ্যে কারা ছিল, উদ্দেশ্য কী সকল পরিকল্পনা বেরিয়ে আসবে।

এর আগে বাঙ্গরা থানায় দায়েরকৃত হত্যা মামলাটি গুরুত্ব বিবেচনায় গত ৭ জুলাই বিকেলে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। ওই মামলার তদন্তের দায়িত্বে ছিলেন বাঙ্গরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের।

উল্লেখ্য, গত ৩ জুলাই সকালে উপজেলার কড়ইবাড়ি গ্রামে ‘মব’ সৃষ্টি করে মা, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের তিনজনকে হত্যা করা হয়। নিহত ব্যক্তিরা হলেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)।

এছাড়া গুরুতর আহত হয়েছেন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার (২৭)।

হত্যার ঘটনায় গত শুক্রবার রাতে ৩৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেন নিহত রোকসানার বড় মেয়ে রিক্তা আক্তার। মামলায় প্রধান আসামি করা হয় স্থানীয় আকুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিমুল বিল্লাহকে। এরই মধ্যে এ মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ১০টি ভাঙন, কয়েকটি গ্রাম প্লাবিত

ডেস্ক রিপোর্ট:

ফেনীতে ভারি বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পানির ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত দশটি স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় মঙ্গলবার রাত থেকে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুন্ডা, নোয়াপুর, শালধর এলাকায় তিনটি, ফুলগাজী উপজেলার দেড়পাড়ায় দুইটি, নাপিত কোনায় একটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।

এছাড়া সিলোনিয়া নদীর মির্জানগর ইউনিয়নের পশ্চিম গদানগর, জঙ্গলঘোনা, উত্তর মনিপুর দাসপাড়া ও মেলাঘর কবরস্থানের পাশে চারটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে অন্তত ১৫ গ্রামের হাজারো মানুষ।

এদিকে রাতে জেলা প্রশাসক সাইফুল ইসলাম ফুলগাজী পরশুরাম উপজেলা পরিদর্শন করেছেন। এইসব এলাকার ৪৩ টি স্কুল মাদ্রাসাতে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছেন।

বৃষ্টির কারণে পরীক্ষা বন্ধ না করায় শিক্ষককে মারধর করলেন মাদ্রাসা সুপার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বৃষ্টির কারণে চলমান অর্ধ বার্ষিক পরীক্ষা বন্ধ না করায় সহ-সুপারকে লাঞ্ছিত করেছে সুপার আকবর হোসেন। মঙ্গলবার উপজেলার শিলরী হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে। আহত সহ উপার মাওলানা হাফেজ আহমেদ কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের বাসিন্দা।

অভিযোগে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির এক ও অভিন্ন প্রশ্নের আলোকে মাদ্রাসাগুলোতে অর্ধ বার্ষিক পরীক্ষা-২০২৫ চলমান রয়েছে।

মঙ্গলবার হঠাৎ বৃষ্টির কারণে সকাল সাড়ে নয়টায় মাদ্রাসার সুপার আকবর হোসেন সহকারী সুপার মাওলানা হাফেজ আহমেদকে টেলিফোনে পরীক্ষা বন্ধ রাখার জন্য বলে। এ সময় সহকারী সুপার হাফেজ আহমেদ ২০০ পরীক্ষার্থীর মধ্যে ১৫৮ জন উপস্থিত হয়েছে মর্মে জানান।এর উত্তরে মাদ্রাসা সুপার আকবর হোসেন সকাল সাড়ে দশটায় পরীক্ষা আরম্ভ করার জন্য সহ সুপারকে নির্দেশ দেন।

বিষয়টি সহ সুপার হাফেজ আহমেদ মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হোসেন মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়াকে অবহিত করলে তিনি পরীক্ষা চলমান রাখার নির্দেশ দেন। বেলা ১১ টা ৪৫ মিনিটের সময় সুপার আকবর হোসেন মাদ্রাসায় গিয়ে সহকারী সুপার হাফেজ আহমেদের সাথে তর্ক বিতর্কে জড়িত হয়ে পড়েন।

এক পর্যায়ে সহকারী সুপারকে গালমন্দ সহ কিল ঘুষি দিয়ে জখম করেন । এর আগে ২০২৩ সালের মে মাসে মাদ্রাসা সুপার আকবর হোসেন সহ সুপার মাওলানা হাফেজ আহমদকে হুমকি দিয়ে মাদ্রাসায় না যাওয়ার জন্য বলেন। এছাড়া ২০২৪ সালের ৫ জুলাই একই আচরণ করেন মাদ্রাসা সুপার আকবর হোসেন।

এদিকে সহ সুপার মাওলানা হাফেজ আহমেদ নিয়োগের পর মাদ্রাসার কালেকশনকৃত টাকা ব্যাংকে জমা দেওয়ার কারণে সুপার আকবর হোসেন বিভিন্ন সময় তাকে হেনস্থা করেন। মাদ্রাসা সুপারের এরপূর্বের সহকারী সুপারকে মারধর করে মাদ্রাসা থেকে বের করে দেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

পরিবারের অন্যায়ের প্রতিবাদ করায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ছেলে!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে আপন মা-বোনের অন্যায় কাজের প্রতিবাদ করায় মধ্যরাতে শামছুল আলম বাবু (২৬) নামের এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে মাদকাসক্তি পূর্নবানস কেন্দ্রে ভর্তি করিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চিওড়া ইউনিয়নের কবরুয়া গ্রামে। আপন ছেলেকে মা-বোনের নির্দেশে তুলে নেয়ার ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, ছেলেটিকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে আজ রাতের মধ্যে নিয়ে আসার বিষয়ে তার মা-বোনকে নির্দেশ প্রদান করা হয়েছে।

স্থানীয়রা জানান, কবরুয়া গ্রামের কুয়েক প্রবাসী মোখলেস মিয়ার বড় ছেলে শামছুল আলম বাবু। পেশায় ইলেকট্রিশিয়ান মিস্ত্রী বাবু এলাকায় ভালো এবং কর্মঠ ছেলে হিসেবে পরিচিত। মাদকের সাথে কোন ধরনের সম্পৃক্ততা তার নেই। দীর্ঘদিন ধরে মা-বোনের অনৈতিক কাজের বাঁধা দিয়ে আসছিল বাবু। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার (৭ই জুলাই) মধ্যরাতে বাবুকে তুলে নিয়ে যায় অজ্ঞাত পরিচয়ধারী ৭-৮জন যুবক। তুলে নেয়ার সময় সিসি ক্যামেরার ফুটেজে বিষয়টি ধরা পড়লে পুরো এলাকায় ঘটনাটি জানাজানি হয়। এ সময় তারা বাবুকে মারধর করে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার পর মঙ্গলবার সকালে গ্রামবাসী বাবুর বাড়িতে গিয়ে তার মা ও বোনকে জিজ্ঞাসা করলেও তারা কোনো উত্তর দিতে রাজি হননি। এতে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ৯৯৯ এ কল করলে চৌদ্দগ্রাম থানার এস.আই শামছুল আরেফিন ঘটনাস্থলে যান।

স্থানীয় ওয়ার্ড সদস্য জামাল মেম্বার বলেন, “বাবু এলাকায় একজন ভদ্র ও নিরীহ যুবক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কোনো অ-সামাজিক অপরাধের কোন অভিযোগ কিংবা রেকর্ড নেই। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত তার সন্ধান ও দোষীদের বিচার চাই।

স্থানীয় ব্যবসায়ী তোফাজ্জল হোসেন সুমন বলেন, “একজন তরুণকে এভাবে মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, দ্রুত বাবুকে উদ্ধার করে ঘটনার পেছনের ষড়যন্ত্রকারী ও অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”

চৌদ্দগ্রাম থানার এসআই আরিফিন জানান, ৯৯৯ এ কল পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিদের্শে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে যাই। মা-বোন জানিয়েছে তাদের ছেলেকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠিয়েছে তারা। তবে ঘটনাস্থলে উপস্থিত গ্রামবাসী জানায় ছেলেটি নিরপরাধ এবং মাদকমুক্ত। এসময় বাবুর মা ও বোনকে রাতের মধ্যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে এনে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসার নির্দেশনা প্রদান করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, পারিবারিক বিরোধের জেরে নিজ ছেলেকে মধ্যরাতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠিয়েছে আপন মা ও বোন। আমরা ঘটনাটি জেনে দ্রুত পুলিশ পাঠাই এবং পরিস্থিতি শান্ত করি। ছেলেটিকে দ্রুত মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে থেকে থানায় আনার নির্দেশনা প্রদান করা হয়েছে।

শিক্ষকের মানসিক নির্যাতনে কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর আত্মহত্যা!

ইমতিয়াজ আহমেদ জিতু:

কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ব্যবসা বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা তাসফির আত্মহত্যার জন্য সিনিয়র শিক্ষক আনিসকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিচার দাবি করছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। তদন্ত করে প্রতিষ্ঠান থেকে শিক্ষক আনিসকে বহিষ্কার করার দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা।

সেই সাথে অভিযুক্ত শিক্ষককে আইনের হাতে তুলে না দেওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানান শিক্ষার্থীরা।

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার চিওড়া কাজী বাড়ির মেয়ে তাশফী গতকাল সোমবার (৭ জুলাই) ৩০ টি ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত্যুর পূর্বে সহপাঠীদের সাথে মুঠোফোনে শিক্ষক আনিসের বিরুদ্ধে অভিযোগ করে গেছেন তাসফি।

কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর সাবেক শিক্ষার্থী মোঃ মাশরাফি মান্নান মজুমদার (মাহি)
ফেসবুকে লেখেন- সকল পুরাতন এবং রানিং ব্যাচ এর শিক্ষার্থীদের আহব্বান জানাই ।
আমরা বর্তমান নিয়ে বলতে পারি এই প্রতিষ্ঠান এর গভর্নিং বডি ঠিক নেই । দুর্নীতি তো অবশ্যই চলছে সেটা লিখিত গেরেন্টেড ।
এই তদন্ত করতে যেই যদি কোনোরকম বাধা সামনে আসে , প্রয়োজন এ গভর্নিং বডিকে মাঠে নামানো হবে ।
Loud & Clear।

তাফসীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে সমালোচনার ঝড় চলছে। শিক্ষক আনিসের বিচার দাবি করে উত্তাল সাবেক শিক্ষার্থীরা।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন,আনিস স্যার আমাদের গণিত ক্লাসে পেতো।তিনি সব সময় অনেক বকাঝকা করতো।অনেক বাজে বাজে উল্টা পাল্টা কথাবার্তা বলতো।পারসোনাল মেটারে অনেক নাক গলাতো এবং তাসফী নামে যে মেয়াটা মারা গিয়েছে সে এসএসসি পরিক্ষার্থী ছিলো। ঘাতক এই আনিস স্যার উনার কাছে যে শিক্ষার্থীরা প্রাইভেট পড়তো তাদেরকে নির্দেশ দিয়েছেন তাসফীকে যেন পরিক্ষার্থী হলে কেউ সহযোগিতা না করে। সে যেন কান্না করে হল থেকে বাহির হয় এই পরামর্শ ও দিয়েছেন ঘাতক এই আনিস স্যার।

রোকসানা কবির নামের এক শিক্ষার্থী জানান- কাজী তাসফি ফারিহা, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একজন এসএসসি পরীক্ষার্থী। গত কিছু মাস যাবত স্কুলের গণিত বিষয়ের সিনিয়র শিক্ষক আনিসুর রহমান আনিস কর্তৃক গুরুতর মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। এই শিক্ষক তার প্রতি বিদ্বেষমূলক আচরণ করতেন, অহেতুক অপমান করতেন এবং ব্যক্তিগত বিষয় নিয়ে ব্ল্যাকমেইল করতেন। শুধু ফারিহা নয়, অনেক ছাত্র-ছাত্রী তার কাছে নানাভাবে মানসিক চাপ ও ভয়ভীতির মধ্যে আছে, কিন্তু কেউ মুখ খুলতে পারে না। অভিভাবকদের সঙ্গেও তিনি অশোভন ও অশ্রাব্য ভাষা ব্যবহার করে থাকেন, যার একাধিক সাক্ষী রয়েছে।

এই নির্মম ও অমানবিক পরিস্থিতি সহ্য করতে না পেরে ০৭ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে ফারিহা তার নিজ বাসভবনে ৩০টি প্রেসারের ওষুধ খেয়ে আত্মহত্যা করে। রাত ২টার দিকে তাঁকে দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি। আমি খবর নিচ্ছি ‌।

উল্লেখ্য যে, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বর্তমান অবস্থা খুবই নাজুক। শিক্ষকদের বেপরোয়া কোচিং বাণিজ্য, বিশৃঙ্খল পরিবেশ, অধ্যক্ষ বিহীন শিক্ষা প্রতিষ্ঠান- সব মিলিয়ে এ প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ এখন নিম্নমুখী।

নামিদামি ব্র্যান্ডের বস্তায় স্থানীয় চাল, কুমিল্লায় দুই রাইস মিলকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

চালের বাজারে কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার পারুয়া এলাকায় একাধিক অটো রাইস মিলে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মিলগেট মূল্য ও উৎপাদনের তারিখবিহীন চাল বিক্রি, অবৈধভাবে চাল মজুদ এবং নামিদামি ব্র্যান্ডের ব্যাগে স্থানীয় চাল ভরে বাজারজাত করার অভিযোগে দুইটি মিলকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠান দুটি হলো— “জাপান-বাংলা অটো রাইস মিল” (২০ হাজার টাকা জরিমানা) এবং “মেসার্স আব্দুল মান্নান এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ” (৪০ হাজার টাকা জরিমানা)। জরিমানা করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বুড়িচং উপজেলার খাদ্য পরিদর্শক সুভাষ চন্দ্র দেব নাথ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি দল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।