All posts by jitu

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা: সভাপতি আজহার, সাধারণ সম্পাদক রাসেল

কুমিল্লা প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ২৪ শে জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী সৈয়দ আজহারুল আমিনকে সভাপতি এবং এস. এন. রাসেলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুমিল্লা জেলা শাখার এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ৪ জুলাই স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান এই কমিটির অনুমোদন প্রদান করেন।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সোহান খান সুজন। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পেয়েছেন বিভিন্ন উপজেলা ও এলাকা থেকে উঠে আসা ছাত্রনেতারা। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আবু মুসা জুয়েল, এবং সহ-সভাপতি হিসেবে আছেন হাসান মাহাদী, আমিন প্রধান ও মোঃ সাইফ হোসেন।

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মেহেদী হাসান (মুরাদনগর)। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ, বাবুল হোসেন তায়েফ ও তারেক হাসান চৌধুরী জাস্টিস দায়িত্ব পেয়েছেন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন মেহেদী হাসান (আদর্শ সদর), সিহাব খান, আদনান আদি এবং মেহেদী হাসান আবির।

দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাইম জামান এবং সহ-দপ্তর সম্পাদক জোবায়েদ হোসেন। প্রচার সম্পাদক হিসেবে আছেন আবু বকর সিদ্দিক (আসলাম সিদ্দিকি) এবং উপ-প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন রাহাতুল হাসান।

অর্থ সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান সিফাত এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম দায়িত্ব পালন করবেন। ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক হাসান এবং সহ-সম্পাদক হিসেবে রয়েছেন আজিজুল হক। সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন নাজমুল হোসাইন এবং সহ-সমাজসেবা সম্পাদক সিফাত।

সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন আরিফুল হোসাইন এবং সহ সম্পাদক হিসেবে আছেন জুয়েল মিয়া। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে আছেন সাফায়েত মজুমদার এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে রয়েছেন জাহিদ সরকার দিপু।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে আছেন মোঃ ছায়িম। সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন সাইফুল ইসলাম এবং গণমাধ্যম বিষয়ক সম্পাদক হিসেবে আছেন জাহিদুল ইসলাম।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন সুমন সরকার। ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সায়মুন নেছা সায়মা। এ ছাড়া সহ ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন শ্রাবন্তী ইসলাম ফারিয়া এবং নাহিদা চৌধুরী। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তারেক রহমান।

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল কাদের, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হিসেবে রয়েছেন রায়হান আহমেদ এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে আছেন কাইয়ুম হাসান।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শহিদুল ইসলাম, ইকবাল হোসেন বেলায়ত, সাজ্জাদুর রহমান সজীব, মেহেদী হাসান নাঈম, ইফতেখার আহম্মেদ তালুকদার এবং জুবায়ের আহমেদ মুন্সি।

নতুন কমিটির সভাপতি সৈয়দ আজহারুল আমিন বলেন, “আমরা যারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, তারা বিশ্বাস করি– একটি ন্যায্য ও সমঅধিকারের বাংলাদেশ গঠনে ছাত্রদের ভূমিকা অপরিহার্য। এই দায়িত্ব যেন সে লড়াইয়েরই একটি অবিচ্ছেদ্য অংশ।”

এদিকে কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন, কুমিল্লার নতুন নেতৃত্ব ছাত্র অধিকার আন্দোলনকে বেগবান করবে এবং সংগঠনকে সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত করে তুলবে।

কুমিল্লা মুরাদনগরের গণপিটুনিতে তিনজনের নিহতের ঘটনায় ৩৮ জনের নামে মামলা, আটক দুই

রকিবুল ইসলাম(ম্যাক রানা):

কুমিল্লা মুরাদনগর বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি এলাকায় গণপিটুনিতে তিনজনের নিহতের ঘটনায় চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে বাঙ্গরা থানায় মামলা দায়ের করেন।

এই ঘটনায় দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ৩টায় কুমিল্লার মুরাদনগরের আকবপুর এলাকায় সেনাবাহিনীর ক্যাপ্টেন আদিল শাহরিয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।

এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে স্থানীয়দের গণপিটুনিতে একই পরিবারের তিনজন নিহত হয়। স্থানীয়দের দাবি, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)। এ ঘটনায় পরিবারের আরেক সদস্য রুমা আক্তার (২৮) গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন

তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নতুন র‍্যাংক পেলেন কুবি বিএনসিসির ছয় ক্যাডেট

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) প্লাটুনের ছয়জন ক্যাডেট বিভিন্ন পদে পদোন্নতি পেয়েছেন।

বুধবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এক আয়োজনে নবনির্বাচিতদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন বিএনসিসিও প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম এবং পিইউও ড. মোসা. শামসুন্নাহার।

পদোন্নতি পাওয়া ক্যাডেটদের মধ্যে সার্জেন্ট পদে আছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাহিন মিয়া এবং বাংলা বিভাগের মারজান আক্তার। কর্পোরাল পদে নৃবিজ্ঞান বিভাগের মো. হাসিব হাসান এবং ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি পেয়েছেন বাংলা বিভাগের শাহনাজ আফরোজা, প্রত্নতত্ত্ব বিভাগের বৈশাখী চাকমা ও লোকপ্রশাসন বিভাগের আবু বকর সিদ্দিক।

সার্জেন্ট পদে পদোন্নতি পাওয়া শাহিন মিয়া বলেন, ‘প্লাটুন ইনচার্জ হিসেবে দায়িত্ব পাওয়াটা সম্মানের। দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব, যাতে প্লাটুনের আদর্শ বজায় থাকে।’

প্লাটুনের সিইউও মো. তালহা জুবায়ের বলেন, ‘পদোন্নতি শুধু একটি ব্যাজ নয়, এটি নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মত্যাগের প্রতীক। যারা আজ ব্যাজ পরেছেন, তারা তাদের নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে এ সম্মান অর্জন করেছেন।আমি প্লাটুনের পক্ষ থেকে সকল পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার বিশ্বাস এই পদোন্নতি তাদের মাঝে আরও দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে।’

প্লাটুন কমান্ডার বিএনসিসিও প্রফেসর ড. মো: শামিমুল ইসলাম বলেন, আমাদের র‌্যাংকিং ব্যবস্থা একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়, যেখানে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই, পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়নের ভিত্তিতে ক্যাডেটদের পদোন্নতি প্রদান করা হয়। ক্যাডেটরা এখানে আর্থিক কিছু না পেলেও, তাদের কাজের স্বীকৃতি হিসেবে এসব র‌্যাংক প্রদান করা হয়।

আমরা আশাবাদী, যারা নতুনভাবে দায়িত্ব পেয়েছেন, তারা আরও সক্রিয়ভাবে বিএনসিসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কার্যক্রম ও ইভেন্টে অংশগ্রহণ করবেন। আমাদের বিশ্বাস, র‌্যাংক পদোন্নতির মাধ্যমে ক্যাডেটরা আগামী দিনে আরও দায়িত্বশীল, উৎসাহী ও আন্তরিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবেন।

বিএনসিসি সূত্রে জানা যায়, ক্যাডেটদের পদোন্নতি লিখিত পরীক্ষা, ড্রিল ও ভাইভার মাধ্যমে যাচাই-বাছাই করে নির্ধারণ করা হয়।

চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আঘাতে মারা যাওয়া অটোচালকের পরিচয় মিলেছে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যাওয়া অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে। নিহত অটোরিকশা চালকের নাম তাফরুল ইসলাম সৈকত (১৯)। সে উপজেলার পৌরসদরের ৪নং ওয়ার্ডের পূর্ব চান্দিশকরা গ্রামের খাইরুল ইসলাম ও সখিনা বেগম দম্পতির ছেলে।

শুক্রবার দুপুরে নিহতের পরিচয় নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হিলাল উদ্দিন। এ ঘটনায় নিহতের এক সহযোগীকে জিজ্ঞাসাবাদ চলছে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মুরাদ হোসেন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নাঙ্গলিয়া খালের বাহেরগড়া ব্রীজ সংলগ্ন অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এসময় লাশটির বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা যায়। তিনি আরও জানান, নিহতের পরিবার জানায়, গত বুধবার সকাল দশটায় সৈকত বাড়ি থেকে বের হয়। এরপর আর পরিবারের সাথে যোগাযোগ হয়নি।

কক্সটুডে ও ডি’মোর এর বিক্রয় ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের প্রথম চেইন হোটেল ডি’ মোর (কুয়াকাটা, বান্দরবন, সাজেক ভ্যালি, শ্রীমঙ্গল, চট্টগ্রাম এবং হোটেল দ্য কক্স টুডে বিক্রয় ও সমন্বয় সভা ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৪জুলাই কক্সটুডে হোটেলে ও ডি’মোর এর এই সভায় উপস্থিত থেকে সার্বিক দিক নিদের্শনা দেন পরিচালক মাকেটিং এন্ড সেলস পযটন বিশেষজ্ঞ মহিউদ্দিন খান খোকন। বাংলাদেশে ভ্রমণ ও পর্যটন শিল্পে আস্থার নাম কক্সটুডে ও ডি’মোর। দীর্ঘদিন ধরে পাঁচ তারকা ও তিন তারকা মানের সেবা দিয়ে আসছে এ হোটেলগুলো। তাই, কক্সবাজার, শ্রীমঙ্গল, সাজেক, বান্দরবান ও কুয়াকাটা,চট্টগ্রাম ঘুরতে গেলে ভ্রমণপিপাসুরা বেছে নেন কক্সটুডে ও ডি’মোরকে।

কক্সটুডে ও ডি’মোরের পরিচালক মহিউদ্দিন খান খোকন (সেলস অ্যান্ড মাকেটিং) বলেছেন, “আমরাই বাংলাদেশে প্রথম পর্যটন নগরীগুলোতে তিন তারকা ও পাঁচ তারকা মানের চেইন হোটেল শুরু করেছি। ফ্যামিলি নিয়ে ঘুরতে চাইলে যেতে পারেন সৌন্দর্যের লীলাভূমি সাজেক ও বান্দরবানে। সেখানে আছে তিন তারকা মানের হোটেল ডি’মোর। চায়ের দেশ শ্রীমঙ্গলে রিসোর্টে পাবেন সাধ্যের মধ্যে সব সুবিধা। ডি’মোর মূলত কক্সবাজারের ঐতিহ্যবাহী ফাইভ স্টার হোটেল কক্সটুডের অঙ্গ প্রতিষ্ঠান। সদ্য যাত্রা শুরু করা এসব তিন তারকা হোটেলে চলছে বিশেষ ছাড়। চাইলে দিতে পারবেন অগ্রিম রুম বুকিং।”

তিনি বলেন, “কক্সটুডে শুধু কক্সবাজারে নয়, বাংলাদেশের মধ্যেই অন্যতম ঐতিহ্যবাহী ফাইভ স্টার হোটেল। আমাদের ডি’মোর বাংলাদেশের মানুষের মন জয় করেছে সেবার মাধ্যমে।”“কক্সবাজারের কক্সটুডেতে যেমন আমরা গেস্টদের সুযোগ-সুবিধার ব্যাপারে কোনো আপস করি না, ডি’মোর চেইনগুলোতেও ঠিক তেমনই সুবিধা থাকে,” বলেন মহিউদ্দিন খান খোকন।

তিনি আরও বলেন, “কক্সবাজারকে বলা হয় দেশের পর্যটন রাজধানী ও কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা। পৃথিবীর দীর্ঘতম সৈকত কক্সবাজার। যতই মন খারাপ থাকুক, সাগরের বিশালতার সামনে দাঁড়ালে নিমিষেই মন ভালো হয়ে যায়। কিন্তু, ভ্রমণের জায়গাটি হতে হবে নিরাপদ, ঝামেলামুক্ত। এজন্যই কক্সবাজারে আছে ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল কক্সটুডে।

কক্সটুডের এই কর্মকর্তা বলেন, “আমাদের প্রতিটি ইউনিট শতভাগ কর্পোরেট, কর্মীরা প্রশিক্ষণপ্রাপ্ত ও আন্তরিক। আমাদের সুযোগ-সুবিধার মধ্যে অন্যতম ওয়েলকাম ড্রিংকস, ব্রেকফাস্ট (বুফে), এসি ও গিজার ফ্যাসিলিটি, আনলিমিটেড ওয়াই-ফাই, ইনরুম মিনারেল ওয়াটার, কফি-চা, সুবিশাল সুইমিং পুল, জাকুজি, বাগান, রাতে পুলসাইড লাইভ মিউজিক ও বারবিকিউ, মজাদার খাবার, ২৪ ঘণ্টা রুম সার্ভিস প্রভৃতি। প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী দ্বারা নিয়ন্ত্রিত ব্যবস্থা, পার্কিং সুবিধা, রেস্টুরেন্ট সার্ভিস এবং রুম সার্ভিসসহ অন্যান্য সুবিধাও আছে।”

পাঁচথুবিতে বিদেশি পিস্তলসহ ইউনিয়ন বিএনপির সেক্রেটারী আটক

স্টাফ রিপোর্টার:

বিদেশি পিস্তলসহ কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খোকন মিয়াকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার (৪ জূলাই) ভোর রাত ৫ টায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া খোকন মিয়া (৫৫) পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সে পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে।

অভিযান চালিয়ে তার কাছ থেকে ১টি ৭.৬৫ মিমি. পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে, চাঁনপুর এলাকার খোকন মিয়া অবৈধ একটি পিস্তল তার বাসায় না রেখে এক শিশুর মাধ্যমে পাশের বাড়ির জহিরুল হকের বাসায় পাঠান। পরে অভিযান চালিয়ে জহিরুল হকের বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জহিরুল হক স্বীকার করেন পিস্তলটি খোকন মিয়ার। বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া যায় অস্ত্রটির প্রকৃত মালিক খোকন মিয়া।

আসামি ও অস্ত্র কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হবে। কুমিল্লাকে অবৈধ অস্ত্রমুক্ত রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

চৌদ্দগ্রামে মুচিপট্টিতে আবারো অভিযান, দেশীয় মদসহ আটক ৪

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযানে ৪৮ লিটার মদসহ ৪ জনকে আটক করা হয়। বুধবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের মুচি পট্টি থেকে তাদের আটক করা হয়।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক তারেক উদ্দিন আকাশ বাদী হয়ে এ ঘটনায় একটি মাদক মামলা দায়ের করেন। এর আগেও মুচিপট্টি থেকে ৮-৯টি ড্রাম মদ উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বাজারস্থ পূর্ব চান্দিশকরা রাজু, রবি দাশের বাড়িতে মদ বিক্রি হচ্ছে। এই খবরে তাৎক্ষণিক সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে ৪ জন করা হয়। আটককৃতরা হলেন পূর্ব চান্দিশকরা গ্রামের গোপী রবি দাশের ছেলে রাজু রবি দাশ (২৯), রাজেশ রবি দাশ (৩২), রাজু রবি দাশের স্ত্রী ঝুমা রানী, উত্তম চন্দ্র দাশের ছেলে বিজয় চন্দ্র দাশ। এসময় তাদের কাছ থেকে ৪৮ লিটার চোলাই মদ, নগদ ১২৯৩২ টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মো: হিলাল উদ্দিন আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের রহস্যজনক লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নাঙ্গলিয়া খালের বাহেরগড়া ব্রীজ সংলগ্ন অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এসময় লাশটির বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা যায় বলে জানিয়েছে কর্তব্যরত উপ-পরিদর্শক আবুল কালাম। লাশটির পরিচয় শনাক্তে বিশেষ টিমকে খবর দেয়া হয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার আনুমানিক ৫.৪০টায় স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিনের নির্দেশনায় আমি লাশটি উদ্ধার করি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ জানান, লাশটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জেনেছি। পরিচয় শনাক্তের জন্য আমরা পিবিআইকে খবর পাঠিয়েছি। পরিচয় শনাক্ত হলে বিস্তারিত জানা যাবে।

চাঁদপুরে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে ও একই উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশীয়ালী ইষাদীতে এসব ঘটনা ঘটে।

মৃতরা হলো- উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের ইউছুফ পাটওয়ারির দুই বছরের শিশু আদর ও পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশীয়ালী ইষাদীর এনায়েত হোসেনের ছেলে সিহাব।

জানা যায়, আদর তার মায়ের সঙ্গে নানা বাড়ির পাশ্ববর্তী হাঁসা গ্রামে বেড়াতে যায়। আজ সকালে ঘরের সকলের অগোচরে পাশ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণো করেন।

এর আগে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশীয়ালী ইষাদী বাড়িতে এনায়েত হোসেনের ছেলে সিহাব বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে হঠাৎ তার খিঁচুনি ওঠে। এর পরপরই সিহাব পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাকে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাকসুদুল হাসান জানান, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার পর আমরা মৃত অবস্থায় পেয়েছি।

এসএসসির পরীক্ষার ফল প্রস্তুত, জানা গেল সম্ভাব্য তারিখ

ডেস্ক রিপোর্ট:

এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ শেষ। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এখন সম্ভাব্য তিনটি তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে।

মন্ত্রণালয় যে তারিখটির অনুমোদন দেবে, সেদিনই ফল প্রকাশ করা হবে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই অপেক্ষা শেষ হবে প্রায় ১৫ লাখ পরীক্ষার্থীর।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, ফল তৈরির কাজ প্রায় শেষ। খুব দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে সেই তারিখে ফল প্রকাশ করা হবে।

সম্ভাব্য তারিখগুলো কী হতে পারে- এমন প্রশ্নে ঢাকা বোর্ডের এ পরীক্ষা নিয়ন্ত্রক জানায়, এটি এখনো চূড়ান্ত হয়নি। যেহেতু সবশেষ পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হয়েছিল, সেই হিসাবে নিয়ম (৬০ কর্মদিবস) অনুযায়ী ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে।