All posts by jitu

বাংলাদেশ ড্যাব কুমিল্লা শাখার আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি

স্টাফ রিপোর্টার:

জুলাই- আগস্ট গণ-অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা শাখার আয়োজনে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা জেলা ও মহানগর এর সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি এর আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১ টায় নগরীর টাউন হল ময়দানে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।

রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও কুমিল্লা সদর – (৬) আসনের সাবেক সাংসদ হাজী আমিনুর রশিদ ইয়াছিন। এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির সদস্য ডা. রফিকুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি ওয়াসিম, যুগ্ম-আহ্বায়ক আমিরুজ্জ্বামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা দক্ষিন জেলা ড্যাব এর সভাপতি ডা.এম এম হাসান, সাধারণ সম্পাদক ডা. জাকারিয়া।

মহানগর ড্যাবের সভাপতি ডা. তৌহিদুর রহমান সুমন, সাধারণ সম্পাদক ডা. আরিফ হায়দার।কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাব এর সভাপতি ডা. মিনহাজ তারেক, সাধারণ সম্পাদক ডা. শফিকুর রহমান। মহানগর বিপি এমপি এর সাধারণ সম্পাদক ও মহানগর ড্যাব এর যুগ্ম সম্পাদক ডা. রাসেল আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত সকল অতিথিরা আজকের এই রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি উদ্বোধন করেন।

মুরাদনগরে গণপিটুনিতে একই পরিবারের ৩জন নিহত

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় একই পরিবারের ৩জন মাদক কারবারীকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় বাঙ্গরা বাজার থানাধীন আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতারা হলেন, কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি(৫০), তার ছেলে রাসেল মিয়া(৩৫), ও তার মেয়ে জোনাকি আক্তার (২৫),

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত রোকসানা আক্তার রুবি নিজে ও তার পরিবারের সদস্যরা এলাকায় রমরমা মাদক ব্যবসা করে আসছিল।

যারাই রুবির মাদক ব্যবসায় বাধা দিত, তাদেরকেই মামলা দিয়ে হয়রানি করত রুবি। বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে মুরাদনগর, বাঙ্গরা সহ বিভিন্ন থানায় বহু মামলা রয়েছে।

ফলে স্থানীয় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মাদক ব্যবসায়ী রুবির বাড়িতে হামলা করে তাদেরকে গণপিটুনি দেয়। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলেই রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া ও তার মেয়ে জোনাকি আক্তার মৃত্যুবরণ করে।

অপরদিকে রোকসানা আক্তার রুবির আরেক মেয়ে রুমা আক্তার (৩০) এই গণপিটুনির শিকার হয়ে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়দের দাবি গণপিটুনিতে রুমা আক্তারও নিহত হয়েছে।

তবে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান ৩ জনের হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মুরাদনগরে ধর্ষণকাণ্ডে পর্নোগ্রাফি মামলায় ৪ আসামি ৩ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট:

মুরাদনগরের বহুল আলোচিত নারীকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতনের মামলায় গ্রেপ্তার অভিযুক্ত ৪ আসামিকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১১ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হকের আদালতে মামলার শুনানি শেষে আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত মঙ্গলবার আদালতে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন মুরাদনগর থানার এসআই ও মামলার আইও রুহুল আমিন।

ধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়া ফজর আলী বর্তমানে পুলিশ পাহারায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা হলেন উপজেলার বাহেরচর গ্রামের রমজান আলী, মো. অনিক ও মো. আরিফ।

এর আগে, গত বৃহসপতিবার (২৬ জুন) রাতে এক নারীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় গ্রেপ্তার সুমন, রমজান, আরিফ ও অনিকসহ স্থানীয় কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে এবং অভিযুক্ত ধর্ষক ফজর আলীকে বেদম মারধর করে। এরপর শনিবার (২৮ জুন) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। পর্নোগ্রাফি আইনে ওই এলাকার চার যুবককে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ।

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগরে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বাংগরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাংগরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান।

নিহতরা হচ্ছেন- ওই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), তার ছেলে রাসেল মিয়া (২৮) এবং মেয়ে জোনাকি আক্তার (২২)।

এছাড়া পিটুনিতে একজন আহত হয়েছেন বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

ওসি জানান, স্থানীয়দের দাবি রুবি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর জের ধরে সকাল ৯টার দিকে এলাকাবাসী ওই বাড়িতে হামলা করে তাদেরকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

ইন্টারনেট ব্ল্যাক আউট কর্মসূচি থাকছে না: উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

ডেস্ক রিপোর্ট:

জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার ‘ইন্টারনেট ব্ল্যাক আউট’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া পোস্টে এমনটা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

পোস্টে তিনি লিখেছেন, জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটা কর্মসূচি নিয়ে আমাদের পরিকল্পনা পর্যায় থেকেই দ্বিধা ছিল। একটা মাত্র কর্মসূচিই আমরা কয়েকবার কেটেছি, আবার যুক্ত হয়েছে। আমরা অনেকেই একমত ছিলাম ‘এক মিনিট ইন্টারনেট ব্ল‍্যাক আউট’ গ্রেট আইডিয়া না সম্ভবত।

পরে আবারও নানা আলোচনায় এটি কর্মসূচিতে ঢুকে পড়ে উল্লেখ করে পোস্টে তিনি আরও লিখেন, অনেক বড় কর্মসূচি এবং বড় একটা দল কাজ করলে এরকম দুয়েকটা ভুল চোখের আড়ালে থেকে যায়। যাই হোক, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে, সেই কর্মসূচি নিয়ে আপনাদের মতামত জানানোর জন্য।

মোস্তফা সরয়ার ফারুকী আরও লিখেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি- এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাক আউট কর্মসূচি থাকছে না। সংশোধিত স্লাইড শেয়ার করে হচ্ছে। এর বাইরে সব কর্মসূচি অপরিবর্তিত থাকছে। লেটস রিকানেক্ট, রিগ্রুপ অ্যান্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার।

কুমিল্লা নগরীতে দোকান দখলের অভিযোগে সাবেক কাউন্সিলর বিল্লালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ফৌজদারী মোড়ে অবস্থিত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে জোরপূর্বক দোকান দখলের চেষ্টার অভিযোগে কুসিকের সাবেক কাউন্সিলর বিল্লালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

বুধবার (২ জুলাই) বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ভুক্তভোগী নাজমা আক্তার।

সংবাদ সম্মেলনে নাজমা আক্তারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন তাহমিনা আক্তার, রাজিয়া বেগম, তুষার আহমেদ, সুমাইয়া ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী।

লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন,কুমিল্লা সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ফৌজদারী মোড়ের ওই দোকানগুলোর জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন। মাসিক ভাড়ার নামে অর্থ আদায় করা ছাড়াও ব্যবসায়িক কার্যক্রমে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে।

নাজমা আক্তার বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছি। কিন্তু কিছুদিন ধরে সাবেক কাউন্সিলর বিল্লাল বিএনপির ক্ষমতার অপব্যবহার করে আমাদের হয়রানি করছেন। আমাদের দোকানের ভাড়া জোরপূর্বক নিয়ে যাচ্ছেন এবং দখলের হুমকি দিচ্ছেন।”

তিনি আরও বলেন, “বিল্লাল ও তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ব্যবসা চালানো দুরূহ হয়ে পড়েছে। আমরা প্রধান উপদেষ্ঠা ও বিএনপির রাস্ট্রনায়ক তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কুমিল্লা ৬আসনের সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি।পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ন্যায়বিচার চাই। একই সঙ্গে সন্ত্রাসী বিল্লালসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবী জানান। পাশাপাশি, এলাকাবাসী ও অন্যান্য ব্যবসায়ীরাও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বুড়িচংয়ে দুই লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে জা’র পরিকল্পনায় প্রবাসীর স্ত্রী খুন, গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগে জা’সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত গৃহবধূর বস্তাবন্দি মরদেহ বাড়ির পাশের একটি সেফটি ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

পুলিশ জানায়, রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের সৌদি প্রবাসী শামসুল হক আলমের স্ত্রী ফেরদৌসী বেগমের (নয়ন) সঙ্গে একই পরিবারের ঝা নুরজাহান বেগমের (৫০) মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির পাশের জমি নিয়ে বিরোধ চলছিল। কোনোভাবে বিরোধের সুরাহা না হওয়ায় নুরজাহান বেগম পার্শ্ববর্তী এলাকার মাদকসেবী আনোয়ার হোসেনের সঙ্গে দুই লাখ টাকায় হত্যার চুক্তি করেন।

পরিকল্পনা অনুযায়ী গত ২৭ জুন শুক্রবার সকালে আনোয়ার হোসেন ও তার সহযোগী রুবেল আহমেদ মিন্টু (৩১) ও মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লু (২৭) মিলে ফেরদৌসী বেগমকে বাড়ির পাশে একটি নির্জন বাগানে নিয়ে হত্যা করেন। পরে মরদেহ বস্তাবন্দি করে সেফটি ট্যাংকে ফেলে রাখা হয়।

ফেরদৌসী বেগম নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে ব্যর্থ হয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরের বাগানে সেফটি ট্যাংকের ভেতরে বস্তাবন্দি মরদেহের সন্ধান পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় নিহতের ছেলে ইকরামুল হাসান বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করলে প্রথমে প্রধান আসামি ঝা নুরজাহান বেগমকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য জানায় সে। পরে আরও তিনজন আসামিকে আটক করে পুলিশ। এসময় নিহতের কানের দুল ও গলার চেইন উদ্ধার করা হয়।

এই বিষয়ে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আজিজুল হক বলেন, বুধবার গ্রেফতার চারজনকে আদালতে পাঠালে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাদের কুমিল্লা জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

চৌদ্দগ্রামে মাদকের বিরোধী অভিযানে গত ৩ মাসে ৫৭টি মামলায় ৫৯ আটক

স্টাফ রিপোর্টার:

৪২ কিলোমিটারের ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এবং ৩৭ কিলোমিটারের ভারত সীমান্তবর্তী চৌদ্দগ্রাম থানা। সীমান্তবর্তী হওয়ায় ভারত থেকে মাদক পাচারের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয় চৌদ্দগ্রামের বিভিন্ন স্পট। ৫ই আগষ্টের পর বিভিন্ন প্রতিকুলতার কারণে পুলিশের সক্ষমতা কিছুটা কমে যাওয়ায় বেপরোয়া হয়ে উঠে মাদক ব্যবসায়ীরা। এতে করে নতুন করে আবারো মাদকের বিস্তার শুরু হয় ১৩টি ইউনিয়নে ও ১টি পৌরসভায়। এমন পরিস্থিতি মোকাবিলায় সোচ্ছায় হয়ে উঠে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

চৌদ্দগ্রাম থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে গত তিন মাসে ৬৬৪ কেজি গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে। এই সময়ে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৭টি মামলায় ৫৯ জন মাদক কারবারী ও মাদক সেবীকে গ্রেপ্তার করেছে। ভারত সীমান্তবর্তী ৪২ কিলোমিটার মহাসড়কের এই উপজেলায় এপ্রিল, মে, জুন (২৯) মাসের মধ্যে মে মাসে সব চাইতে বেশি মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন মাসে গাঁজা ছাড়াও ৪১১৯ পিস ইয়াবা, ১৬৮২ বোতল ফেন্সিডিল, ৫৯ বোতল বিদেশী মদ ও ২২ বোতল বিয়ারসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

থানা সূত্র জানায়, জুলাই বিপ্লবের পর প্রতিকুল পরিস্থিতি মোকাবিলা করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। সীমান্তবর্তী ও মহাসড়ক এলাকায় পর্যাপ্ত সোর্স না থাকায় কম হচ্ছে মাদক বিরোধী অভিযান। বিপর্যস্ত পুলিশ ধীরে ধীরে স্বরূপে ফিরতে শুরু করেছে। জনবল ও মনোবল সংকট থাকা সত্ত্বেও মাদক বিরোধী অভিযান ধীরে ধীরে বাড়ছে। বেশিরভাগ মাদক কারবারিরা রাতে চোরাচালান করে। পর্যাপ্ত জনবল না থাকলে রাতে অভিযান চালাতে গিয়ে রয়েছে হামলার ঝুঁকি।

সূত্র আরো জানায়, চৌদ্দগ্রামে রাজনৈতিক উত্তাপ বাড়ছে ধীরে ধীরে। সারাদেশের ন্যায় রয়েছে কিশোর গ্যাং এর উৎপাত। সরকার পতনের পর থেকে জায়গা জমি সংক্রান্ত হামলা মামলা বেড়ে গেছে অনেকগুন। মামলা কমাতে প্রতিদিনই বসে কয়েকটি অভিযোগ নিষ্পত্তি বৈঠক। সব দিক সামাল দিয়ে নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে থানা পুলিশ।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ হিলাল উদ্দিন আহমেদ জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাাজির আহমেদ খাঁনের নির্দেশে এবং এসপি সার্কেল নিশাত তাবাচ্ছুমের সার্বিক সহযোগীতায় মাদক বিরোধী অভিযানের পাশাপাশি গত ১৫ জুন থেকে ৩০ জন পর্যন্ত ১৫ দিনব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। দীর্ঘ মহাসড়ক এলাকায় মাদকবিরোধী অভিযান অভ্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকা ও মহাসড়কের ৪৩ কিলোমিটার রাত ৮ ঘটিকা থেকে ভোর পর্যন্ত কয়েকটি ভাগে পুলিশের টহল থাকে। মহাসড়কে দুর্ঘটনা, ডাকাতি, চিনতাই রোধে নির্বিঘ্নে প্রতিটি যাত্রীর নিরাপদে যাতায়াত নিশ্চিতে কাজ করছে পুলিশ। মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

বিলে কাজ করতে গিয়ে চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে বাবা-ছেলের মৃত্যু!

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসাথে বাবা ছেলের মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের ৬নং ওয়ার্ড কদ্দিপাঁচগাঁও এলাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত এলাকার তপদার বাড়ির বাসিন্দা মৃত খালেক তপদারের পুত্র আব্দুর রব তপদার (৬০) ও তার ছেলে সায়েম তপদার (২৩) বাড়ির কাছে রেললাইনের পাশের বিলে পাট জাগ দিতে যায়। পার্শ্ববর্তী আকতার তপদারের দোকানে নেয়া বিদ্যুতের সাইড লাইনের তার ছিড়ে পানিতে পড়ে ছিল। একপর্যায়ে সেই ছেড়া তারে আব্দুর রব তপদার জড়িয়ে স্পৃষ্ট হয়ে কাতরাতে থাকলে ছোট্ট একটি মেয়ে তার ছেলে সায়েমকে বলে। পরে দূর থেকে বাবার এমন অবস্থা দেখে না জেনে বাবাকে আগলে ধরলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে বিল থেকে উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। জানা যায়, মৃত আব্দুর রব তপদার ছিলেন অবসরপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। তার ৩ মেয়ে ও ২ ছেলের মধ্যে নিহত সায়েম হোসেন শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উপরোক্ত বিষয়টি জানিয়েছেন স্থানীয় মেহেদী হাসান নিরব ও শাহআলম খান সুমন। ঘটনার সত্যতা স্বীকার করে নিহত আব্দুর রব তপদারের শ্যালক শাহ আলম বলেন, আমার বোনের জামাই ও ভাগিনা পাট জাগ দিতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। তারপরও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তবে পারিবারিক সিদ্ধান্ত হলে নিতদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি

ডেস্ক রিপোর্ট:

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ জন বাংলাদেশি হাজি। এ বছর হজ পালনে গিয়ে ৪২ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

বুধবার (২ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফেরত আসা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছে ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছে ৫৮ হাজার ১৮১ জন। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স নামে তিনটি বিমান সংস্থা যুক্ত রয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ২৮ হাজার ৪২৭ জন, সৌদি এয়ারলাইন্স ২৫ হাজার ৯৮৫ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজিকে। এ পর্যন্ত ১৬৮টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৬ ও সৌদি এয়ারলাইন্স ৬৯টি ফ্লাইট চালিয়েছে, আর ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।

হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, এ বছর হজ পালনে গিয়ে মৃত ৪২ জনের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। মৃত্যুর কারণগুলোর মধ্যে বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা ছিল প্রধান। সৌদি আরবে স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রাপ্ত সর্বমোট হজযাত্রীর সংখ্যা ৩২০ জন। সৌদি আরবে স্থানীয় হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত সর্বমোট হজযাত্রীর সংখ্যা ২০ জন।

এই বছরের হজ কার্যক্রম ২৯ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়েছিল এবং ৩১ মে শেষ হয়েছিল, যেখানে ১০ জুন থেকে ফেরার পর্ব শুরু হয়েছিল এবং ১০ জুলাই পর্যন্ত চলবে।