All posts by jitu

কুমিল্লায় ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক ও ছাত্র গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

শিক্ষার্থীকে দিয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে কুমিল্লায় এক শিক্ষক ও তার এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষক নিজে উত্তরপত্র না দেখে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

জানা গেছে, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মো. বাচ্চু মিয়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র নিজে নিরীক্ষণ না করে তার ছাত্র মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করিয়েছেন। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

নির্দেশনার পর, শনিবার (১১ জুলাই) কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া ও ওই স্কুলের ছাত্র মেহেদী হাসানের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা অপরাধ আইন, ১৯৮০ এর ১০/১২/১৩ ধারায় মামলা করা হয়েছে।

সে পরিপ্রেক্ষিতে রাতেই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

দাউদকান্দিতে গলায় ফাঁস ও বিদ্যুৎস্পৃষ্টে ২ ব্যক্তির মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। অন্য ঘটনায় নিজ বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুন্দুলপুর মডেল ইউনিয়নের সুকীপুর গ্রামের একটি অটোরিকশার গ্যারেজে শনিবার (১১ জুলাই) রাতে ব্যাটারি চার্জ দিতে যান চালক মো. জাহিদ ইসলাম (২৬)। তিনি উত্তর টিলি গ্রামের জাকির হোসেনের ছেলে। প্রতিদিনের মতো দিনভর অটোরিকশা চালানোর পর তিনি গাড়িটি চার্জে সংযুক্ত করেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরদিন সকালে গ্যারেজের মালিক তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

তবে জাহিদ ইসলামের পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়; ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, শনিবার রাত ৯টার দিকে উপজেলার পূর্ব হাসানপুর এলাকায় মো. সুজন মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের মা খোদেজা বেগম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং বিষণ্নতায় ভুগছিলেন।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশ জানায়, দুটি ঘটনার মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। জাহিদ ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপর ঘটনাতেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লায় আজান দেওয়ার সময় ইমামের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলার একটি পাঞ্জেগানা মসজিদে এশার আজান দেওয়ার সময় হৃদযন্ত্র বন্ধ হয়ে মো. আমিনুল ইসলাম (৪৮) নামে একজন ইমামের মৃত্যু হয়েছে। আজানরত অবস্থায় তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১১ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মাস্টারবাড়ি পাঞ্জেগানা মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম গোপিনাথপুর গ্রামের কাজীবাড়ি এলাকার প্রয়াত শামসুল আলমের ছেলে।

তিনি তিন বছরেরও বেশি সময় ধরে মাস্টারবাড়ি পাঞ্জেগানা মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি প্রায় এক দশক ধরে কণ্ঠনগর দক্ষিণপাড়া দারুল সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

প্রত্যক্ষদর্শীরা জানাW, প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি এশার আজান দিচ্ছিলেন। আজানের এক পর্যায়ে অসুস্থ হয়ে মসজিদের ভেতরেই লুটিয়ে পড়েন।

উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম রব্বানী সোহেল পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্র বন্ধ হয়েই তার মৃত্যু হয়েছে।

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খোন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ জানান, সন্ধ্যায় একটি মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়দের দেওয়া খবরে রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে ছিল নীল রঙের হাফপ্যান্ট, লাল-সাদা রঙের টি-শার্ট এবং নীল রঙের কাপড়ের জুতা। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ওসি মো. জসিম উদ্দিন খোন্দকার জানায়, মরদেহ থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অবহিত করা হয়েছে। পিবিআই সদস্যরা ঘটনাস্থলে এসে আঙুলের ছাপ সংগ্রহসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

লাকসামে মাদক মামলায় ২ জন গ্রেপ্তার, ইয়াবা ও সিএনজি জব্দ

লাকসাম প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি পুরোনো সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) লাকসাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় মামলাটি রুজু করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইকবাল হোসেন (৩৬), মৃত আব্দুস ছাত্তারের ছেলে এবং কাউসার আহমেদ (৩১), মাহে আলমের ছেলে। তারা উভয়েই লাকসাম উপজেলার ৪ নম্বর কান্দিরপাড় ইউনিয়নের সালেহপুর এলাকার বাসিন্দা।

মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্তদের হেফাজত থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পুরোনো সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
এ মামলায় আরও চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেনসোহাগ (৩৫) ইসমাইল (৩০) বশির আহম্মেদ (৩৫) ও আলী হোসেন (২৮)। পুলিশ জানিয়েছে, তারা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

লাকসাম থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানায়, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, মামলার এজাহারে উল্লিখিত অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান। আদালতের রায়ে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তরা আইনগতভাবে নির্দোষ বলে গণ্য হবেন।

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি গাঁজা জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ জুলাই) ভোরে জেলার সীমান্তবর্তী ‘রাজেশপুর ফরেস্ট’ এলাকা থেকে এ গাঁজা জব্দ করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্র জানান, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ব্যাটালিয়নের অধীনস্থ মথুরাপুর বিওপির (বর্ডার আউটপোস্ট) একটি টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সীমান্তের প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজেশপুর ফরেস্ট বাগান এলাকায় থেকে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা গাঁজা পরবর্তীতে বিধি মোতাবেক ধ্বংস করা হবে বলে বিজিবি জানিয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের যেসব এলাকায় কৃষকরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা দেবে।

আজ শনিবার (১১ জুলাই) সকাল ১০ টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের এখনো যায়নি। তবে সবাইকে জেনে রাখতে হবে, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। তাই এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই।’

কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ‘কুমিল্লার পরিবেশ সংরক্ষণ রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার এ কর্মসূচিতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। আমরা আশা করছি, মেলার সর্বস্তরের মানুষ আসবেন এবং তাদের পছন্দের বৃক্ষ ক্রয় করবেন।

এর আগে তিনি মেলার উদ্বোধনী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন এবং র্যালি শেষে বিভিন্ন মেলার বিভিন্ন ফলজ ও বনজ স্টল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।

চৌদ্দগ্রামে মাদকসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী কামাল আটক!

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ২৩০ পিছ ইয়াবা ও ২৩ বোতল বিদেশী মদসহ কামাল হোসেন ভুঁইয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত কামাল হোসেন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মোহাম্মদ আলী ভুঁইয়ার ছেলে।

শনিবার (১১ই জুলাই) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক তারেক আকাশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় আমানগন্ডা গ্রামে কামাল হোসেন ভুঁইয়ার বাড়িতে অভিযান চালায় চৌদ্দগ্রাম থানার এসআই তারেক আকাশ ও এএসআই মিঠুন দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম। অভিযানকালে পুলিশ ২৩০ পিছ ইয়াবা ও ২৩ বোতল বিদেশী মদসহ কামাল ভুঁইয়াকে আটক করে।

সচেতন মহলের অভিযোগ, দীর্ঘদিন ধরে কামাল ভুঁইয়া মাদক ব্যবসা করে আসছিল। এছাড়া মহাসড়কের পাশে নোয়াপাড়া এলাকায় নতুন বাড়িতে নারীদের দিয়ে অনৈতিক কাজ এবং অনলাইন জুয়া পরিচালনা করতো। ফলে উঠতি বয়সের ছেলে-মেয়েদের চরিত্র ধ্বংসের পথে। এলাকায় কথিত আছে, তাকে আটক করার পর ১০ মিনিটও রাখতে পারবে না। তাঁর সাথে কতিপয় প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকায় সাধারণ মানুষ ভয়ে কথা বলার সাহস পেতো না। এদিকে মাদকসহ কামাল ভুঁইয়াকে আটক করায় পুলিশকে অভিনন্দন জানায় নোয়াপাড়া ও আমানগন্ডা গ্রামের সচেতন মহল।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক তারেক আকাশ বলেন, মাদকসহ কামাল ভুঁইয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দাউদকান্দিতে চুরি ডাকাতিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৯

জাকির হোসেন হাজারী,দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে চুরি ডাকাতিসহ বিভিন্ন  মামলায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে দাউদকান্দির বিভিন্ন মামলায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার মুরারদনগর উপজেলার  মোঃ আলাউদ্দিন(৩০), মোঃ আনিছ(২৯),  মোঃ আলী আক্কাস(৩৫),  ভোলা সদর উপজেলার  সুমন(৩০),  দাউদকান্দির সরকাপুর গ্রামের রবিউল আওয়াল(৩৭), চাঁদপুর জেলার কচুয়া থানার মোঃ করিম প্রঃ আব্দুল মতিন (২৯)। মারামারি মামলায় দাউদকান্দি উপজেলার জিংলাতুলি গ্রামের আলম মিয়া ও তার স্ত্রী ফাতেমা বেগম এবং জিআর পরোয়ানাভূক্ত চরকখোলা গ্রামের সামসুদ্দিনের ছেলে  মোঃ রুবেল(২৬)কে গ্রেপ্তার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি  সাজেদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে দু’জন গৌরীপুর বাজার ও সুনামগঞ্জের স্বর্ন চুরির ঘটনায় জড়িত। আলাউদ্দিনের নামে ২১টি ও মোঃ আনিস এর নামে ১৭টিসহ অন্যান্য আসামীদের নামে দেশের বিভিন্ন থানায় স্বর্ন চুরি/ডাকাতি/ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তাকৃতদের আজ শনিবার দুপুরে  কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পরিবারের স্বপ্ন পূরণের আগেই নিভে গেল কুমিল্লার জিহাদের প্রাণ

ডেস্ক রিপোর্ট:

জীবিকার তাগিদে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যুবক জিহাদ মজুমদার (২৫)। কিন্তু পরিবারের স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় নিভে গেল তার প্রাণ।

শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে সৌদি আরবের জেদ্দা শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এ খবর দেশে পৌঁছানোর পর পরিবার, স্বজন ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত জিহাদ মজুমদার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত ইসহাক মজুমদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান জিহাদ। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় শুক্রবার জেদ্দা শহরের একটি সড়কে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্য, পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে আসছিলেন জিহাদ। তার উপার্জনের ওপরই অনেকটা নির্ভরশীল ছিল পরিবার। হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। এলাকায়ও নেমে এসেছে গভীর শোক।