All posts by jitu

সদর দক্ষিণে প্রবাসী জাফরের উপর সন্ত্রাসী হামলার চেষ্টা

শাহ ফয়সাল কারীম:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামে প্রবাসী জাফরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় একই এলাকার আবুল কাশেমের ছেলে পায়েল সন্ত্রাসী বাহিনী নিয়ে জাফরের উপর হামলা চালায়।

স্থানীয় সূত্র জানায়, বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা জাফরকে শ্রীমন্তপুরের একটি পরিত্যক্ত ভবনের কাছে নিয়ে হত্যার চেষ্টা চালায়। তবে হঠাৎ করে পথচারী একটি গাড়ির আলো পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় জাফরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জাফরের বাবা আব্দুল কাদের জানান, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী পায়েল মোবাইল ফোনে তার ছেলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তার ছেলেকে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, “আল্লাহর রহমতে আমার ছেলে এখনো জীবিত। আমি কুমিল্লা পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এই সন্ত্রাসী বাহিনীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দেশের স্বা‌ধীনতা ধরে রাখতে বিএন‌পির  বিকল্প নেই- বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু

মোসলেহ উদ্দিন, বুড়িচং:

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন,  দেশ য‌দি স্বাধীন রাখতে হয়, বিএন‌পি ছাড়া বিকল্প নাই।  পার্বত্য চট্টগ্রাম – বন্দর য‌দি রাখতে হয়, আমার দেশ য‌দি স্বাধীন রাখ‌তে হয়, বিএন‌পি ছাড়া বিকল্প নাই।

রোববার (২৪ আগষ্ট) দুপুরে কুমিল্লার বু‌ড়িচং উপজেলা বিএনপির দ্বি -বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, যারা একাত্তরের মু‌ক্তিযোদ্ধাকে স্বীকার করে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণাকে স্বীকার করে না। শহীদ প্রেসিডেন্টকে জিয়াউর রহমানকে মু‌ক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করে না, তারা ৩০লক্ষ শহীদের রক্ত‌‌ দেয়াকে স্বীকার করেনা, তাদের বাংলাদেশে ভোট চাওয়ার অ‌ধিকার নেই, তাদের রাজনী‌তি করার অ‌ধিকার নাই।

তি‌নি বলেন, কোন হাইব্রীড যেন বিএন‌পির নেতা না হতে পারে সেজন্য তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

সম্মেলন উদ্বোধক ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।

দুপুর ২টায় বু‌ড়িচং এরশাদ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য স‌চিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএন‌পির সাবেক সদস্য স‌চিব হাজী জ‌সিম উদ্দিন জ‌সিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির।

উপজেলা বিএনপির  আহবায়ক এটিএম মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য স‌চিব হাজী ক‌বির হোসেনের সঞ্চালনায় অনু‌ষ্ঠিত সস্মেলনে উপ‌স্থিত ছিলেন‌ কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় বিএন‌পির সদস্য এড. সাবেরা আলাউদ্দিন হেনা, জেলা বিএন‌পি‌ নেতা মোস্তফা জামান, জেলা বি‌এনপির যুগ্ন আহবায়ক নজ‌রুল ইসলাম স্বপন, মুজা‌হিদ চৌধুরী, নারী‌ নেত্রী সা‌কিনা বেগম, বুড়িচং উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া।

এছাড়াও কুমিল্লা জেলা, মহানগর ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আলী আক্কাস বুড়িচং উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএম মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবির হোসেন।

কুবির বাসকে ট্রাকের ধাক্কা, আহত ৪

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ভাড়ায় চালিত ৪ নম্বর বাস পদুয়ার বাজার যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চালকসহ ৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লার বেলতলি বিশ্বরোড এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থী নিয়ে পদুয়ার বাজারের দিকে যাচ্ছিল বাসটি। বেলতলি বিশ্বরোডের ইউটার্নে ঢোকার সময় একই অভিমুখী একটি ট্রাক এসে বাসের সামনের অংশে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে যায় এবং সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। জানা যায়, ট্রাকটিকে তাড়া করা হলেও ধরা সম্ভব হয়নি।

আহতদের মধ্যে ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওমর ফারুককে কুমিল্লার মাতৃছায়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আফজাল হোসাইন দুর্ঘটনার অভিজ্ঞতা ফেসবুকে বর্ণনা করে লিখেছেন, ‘এমনিতেই বাসের ফিটনেস নেই, তার ওপর দরজায় ঝুলে ঝুলে আসতে হয়। আমি দরজায় ছিলাম। বেলতলি বিশ্বরোডে ইউটার্ন নেওয়ার সময় একটা ট্রাক বাসের সামনের অংশে ধাক্কা দেয়। আর কয়েক সেন্টিমিটার এদিক-সেদিক হলে হয়তো আমার গায়ের ওপর দিয়েই যেত। বাসের গ্রিপ না থাকলে হয়তো ট্রাক বা বাসের নিচে চাপা পড়তাম।’

আশিক আলম নামে আরেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাসগুলোকে “মুড়ির টিন” আখ্যা দিয়ে লিখেছেন, ‘দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। আজকের এই দুর্ঘটনার পরও কি প্রশাসনের টনক নড়বে?’

এ বিষয়ে পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। মূলত সরকারের পক্ষ থেকে নতুন বাস কেনা সম্ভব না হওয়ায় এই বাসগুলো পরিবর্তন করা যাচ্ছে না। তবে শিক্ষার্থীদের নিরাপদ ও সঠিক সেবা দেওয়ার জন্য আমরা বাস সংস্থার ওপর চাপ দিচ্ছি। এ বিষয়ে আগামী বুধবার তাদের আবারও ডাকা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি সংক্ষেপে বলেন, ‘এ বিষয়ে পরিবহন পুলের উত্তরই আমার উত্তর।’

কুমিল্লায় উল্টে পথে আসা হানিফ পরিবহনের সেই বাসটি জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় উল্টো পথে আসা হানিফ পরিবহনের সেই বাসটি জব্দ করেছে কুমিল্লা হাইওয়ে পুলিশ।

আজ রবিবার দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার ভানি ইউনিয়নের খাদঘর এলাকার মানামা হোটেলের সামনে মাঠ থেকে বাসটি জব্দ করা হয়।

বাস জব্দের বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার ।

এর আগে গত শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নে হানিফ পরিবহনের বাসটি উল্টা পথে আসায় তাকে সাইড দিয়ে গিয়ে দ্রুত গতিতে আসা সিমেন্টবোঝাই একটি লরি রাস্তা পার হওয়ার অপেক্ষায় থাকা প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের বাবা-মা ও দুই ছেলে নিহত হয়।

নিহতরা হলেন— কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে ব্যাংক এশিয়ার কর্মকর্তা মো. আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন বড় ছেলে আবুল হাশেম। একই দুর্ঘটনায় লরির নিচে থাকা সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রীও আহত হন।

আহতরা ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, শুক্রবার দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে বাসটিকে শনাক্ত করা হয়েছে। সিসিটিভিতে দেখা যাচ্ছিল হানিফ পরিবহনের ঢাকা মেট্টো-ব-১২-২১৯৭ নম্বরের বাসটি উল্টো পথে চলাচল করার কারণেই দুর্ঘটনাটি ঘটেছিল।

তিনি আরো জানান, বাসটি শনাক্তের পর পুলিশের অভিযান অব্যাহত থাকে। রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার উপজেলার খাদঘর সাকিনস্থ মানামা হোটেলের সামনে মাঠ থেকে বাসটি জব্দ করা হয়। তবে চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর বাসটিকে খাদঘর এলাকায় রেখে পালিয়ে যায় চালক এবং হেলপার। তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

বাসটি বর্তমানে ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে।

কোম্পানিগঞ্জ-নবীনগর সড়কে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মালু মিয়া(৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক সাগর মিয়া(২৭)কে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার ভোররাতে কোম্পানিগঞ্জ-নবীনগর সড়কের টনকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি মামলা দায়ের করেন। নিহত মালু মিয়া নবীনগর উপজেলার লাউরফতেপুর গ্রামের মৃত চান্দার আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিমসার বাজার থেকে নিয়ে আসা কাঁচামাল বোঝাই একটি সিএনজি নবীনগরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আশা গরু বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সিএনজির যাত্রী কাঁচা তরকারি ব্যবসায়ী মালু মিয়া ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে এসে মরদেহ উদ্ধার করে এবং আহত সিএনজি চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাঙ্গরা বাজার থানায় খবর দিলে পুলিশ এসে সিএনজি ও ট্রাক দুটি জব্দ করে এবং নিহতের লাশ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজিটি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ কুমেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত মালু মিয়ার স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ২০১৮ সালের সড়ক ও পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এদিকে হঠাৎ এ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে গভীর শোক নেমে এসেছে। সড়কে অতিরিক্ত গতির কারণে বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে এলাকাবাসী জানান। তারা দ্রুত সড়কে গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানিয়েছেন।

কুমিল্লায় সিটির ২৬নং ওয়ার্ড গোয়ালমথনে সড়কের ২ পাশের ঝোপঝাড় পরিষ্কার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ২৬ নং ওয়ার্ডের আওতাধীন চকবাজার–সুয়াগাজী আঞ্চলিক সড়কের গোয়ালমথন এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে গজিয়ে ওঠা ঘন ঝোপঝাড় ও লতাগুল্ম জনদুর্ভোগের কারণ হয়ে উঠেছিল। ঝোপঝাড়ের কারণে সড়ক সংকুচিত হয়ে পড়ায় পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি তৈরি হচ্ছিল। এমনকি সন্ধ্যার পর এ এলাকায় ছিনতাই ও ডাকাতির ঘটনাও বেড়ে গিয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের।

উল্লেখযোগ্য এই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর দিকনির্দেশনায় ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ। তাঁর নেতৃত্বে ওয়ার্ডের নেতাকর্মীরা সম্প্রতি ঝোপঝাড় পরিষ্কার কার্যক্রম শুরু করে এলাকায় প্রশংসা কুড়িয়েছেন।

রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে শুরু করে ওই সড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা পরিষ্কার করেন তারা। এতে সড়কটির আগের রূপরেখা ফিরে আসে এবং চলাচলের উপযোগী হয়।

এ বিষয়ে ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ বলেন,গোয়ালমথনের রাস্তার ২ পাশে ঝোপঝাড়ের কারণে ডাকাতি ও ডেঙ্গু প্রতিরোধে আমাদের আজকের এই কার্যক্রম । এলাকার স্হানীয় বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে আমাদের এই কাজটি করা হয়েছে। এটি অত্যন্ত প্রশংসনীয়। আমরা পর্যায়ক্রমে এলাকার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান খাল ও অলিগলি পরিষ্কার করারও কাজ করছি।সামনের দিনেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে লতানো গাছপালা ও ঝোপঝাড় এতটাই ছড়িয়ে পড়েছিল যে, অনেক স্থানে গাড়ির পাশ কাটিয়ে চলাও কঠিন হয়ে উঠেছিল। এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে। ফলে দুর্ঘটনার আশঙ্কাও থেকেই যায়। সড়ক পরিষ্কারের এ উদ্যোগে তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন।

দেখা যায়, নেতাকর্মীরা শুধু ঝোপঝাড় পরিষ্কারই করেননি, তা নির্দিষ্ট স্থানে সরিয়েও নিয়েছেন। এতে গোটা সড়কের চিত্র বদলে যায়।

এ সময় উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ড বিএনপির
সদস্য মিন্টু মিয়া,আসলাম মিয়া,প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম হিরুন,যুবদলের সাধারণ সম্পাদক কবির হোসেন,যুবদল নেতা রিয়াদ, শরীফ,শ্রমিকদল নেতা দেলোয়ার হোসেন, বিএনপি নেতা আলম সহ আরো অনেকে।

এ ধরনের নাগরিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়েছে এবং অন্যান্য সংগঠনের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।

হোমনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ১ জনকে পেট কেটে হত্যা

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনায় জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে রফিকুল ইসলাম প্রকাশ বেঙ্গা (৬৫) নামের একজনকে পেট কেটে ভুরি বের করে হ*ত্যা করা হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম বেঙ্গা ওই গ্রামের মৃত ছুনু মিয়ার ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত অলেক মিয়া নামে একজনকে স্থানীয় জনগণ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সে একই বাড়ীর মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও নিহতের চাচাতো ভাই।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান।

নিহতের স্ত্রী রাশিদা বেগম জানান, আমজাদ হোসেন, আবুল হোসেন, আমির আলী, কমিক মিয়াসহ তিন পরিবারের ১০/১২জন মিলে দশ লাখ টাকা বাজেট করে আমার স্বামীকে হত্যার পরিকল্পনা করে। আমি বিষয়টি জানিয়ে হোমনা থানায় লিখিত অভিযোগ করেও আমার স্বামীকে বাঁচাতে পারলাম না। আজ সকালে আমার স্বামীকে মেরে এসে আবার আমাদেরকেও মারার জন্য দল বল নিয়ে হামলা চালায়। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

এ বিষয়ে হোমনা থানা অফিসার ইনচার্জ (ও.সি) মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরা যতটুকু দেখেছি জায়গা দখল-বেদখল নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব ছিলো। সে কারণেই এ হত্যাকান্ড হয়েছে বলে ধারণা করছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হবে। এঘটনায় মূল অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চৌদ্দগ্রামে কুখ্যাত মাদক সম্রাট ব্যবসায়ী টেম্পুসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন টেম্পু (৪০)সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক সম্রাট টেম্পু লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার শরসসিই ভুইয়া বাড়ীর ইউসুফ প্রকাশ বাম্পার ইউসুফের ছেলে। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ৩০টি মামলা রয়েছে। টেম্পুর বর্তমান ঠিকানা চট্রগ্রাম শহরের চাঁদগাও থানাধীন পশ্চিম ফরিদারপাড়া এলাকায়।

এসময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল, দেশীয় অস্ত্র, ইয়াবা ও ফেন্সিডিল জব্দ করে যৌথবাহিনী। রবিবার (২৪শে আর্গষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ।

চৌদ্দগ্রাম সেনাক্যাম্প জানায়, গত শুক্রবার (২৩ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ১টায় গোপন সংবাদের ভিত্তিতে গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। এসময় চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের চাপাচৌ এলাকা থেকে ইসমাইল হোসেন টেম্পুসহ চাপাচৌ গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল (৩৬) নামে আরেক আসামীকে ইয়াবাসহ গ্রেফতার করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, যৌথবাহিনীর অভিযানে তাদেরকে আটক করা হয়। মাদক সম্রাট ইসমাইল হোসেন টেম্পুর বিরুদ্ধে চাঁদগাও থানায় একাধিক ওয়ারেন্ট ও মামলা থাকায় তাকে চাঁদগাও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে। অপর আসামী চৌদ্দগ্রামের ইসমাইল হোসেনকে রবিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

চান্দিনায় দুই বাসের ধাক্কায় হেলপার নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনায় থেমে থাকা বাসের পেছনে ধাক্কায় নিয়ন্ত্রণ হারায় অপর একটি বাস। এতে দুই বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান হেলাল (২২) নামে এক বাস হেলপার।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় চান্দিনা-বাগুর বাস স্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাসের হেলপার হেলাল চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লার স্থানীয় পরিবহন (পাপিয়া সার্ভিস) বাসের হেলপার।

প্রত্যক্ষদর্শী জুয়েল ওসমান জানায়, দাউদকান্দি থেকে ছেড়ে আসা পাপিয়া সার্ভিসের একটি বাস চান্দিনা-বাগুর বাস স্টেশনে থেমে যাত্রী ওঠা-নামা করছিল। ওই গাড়ির হেলপার বাসের সামনে দাঁড়িয়ে যাত্রী ডেকে গাড়িতে তুলছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আল বারাকা নামের একটি বাস ব্রেক ফেল করে একটি রিকশাভ্যানকে দুমড়েমুচড়ে পাপিয়া বাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় ওই বাসটিও সামনের অপর একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই বাসের চাপায় ঘটনাস্থলেই বাস হেলপার নিহত হন। এ ঘটনায় ভ্যানচালক বা কোনো গাড়ির যাত্রী হতাহত হয়নি।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার এসআই মনিরুল ইসলাম চৌধুরী বলেন, আল বারাকা পরিবহনের বাসটি ব্রেক ফেল করে এ দুর্ঘটনা ঘটিয়েছে। দুর্ঘটনা কবলিত দুটি বাসই আমরা উদ্ধার করে হেফাজতে নিয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল কর্মী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোটে আজিম মাহমুদ খোকন (৪৪) নামে এক যুবদল কর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

আজ শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার বাম গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালায় তাকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক আজিম মাহমুদ খোকন উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার সকালে যৌথবাহিনী বাম গ্রামে (মজুমদারপাড়া) আজিম মাহমুদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছে থাকা একটি দেশীয় তৈরি পিস্তল জব্দ করা হয়

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম জানান, বর্তমানে তিনি যুবদলের নাম ব্যবহার করে ব্যানার, ফেস্টুন তৈরি করছেন। তবে আজিম মাহমুদ যুবদলের সমর্থক হলে হতে পারে কিন্তু তার কোনো পদ-পদবি নেই।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, আজিম মাহমুদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে তাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।