All posts by jitu

দাউদকান্দিতে ড. মোশাররফ ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। দাউদকান্দি শহীদ রিফাত শিশু পার্কে শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে এই সেবা কার্যক্রম, চলবে বিকাল ৫টা পর্যন্ত।

সকাল থেকেই বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেছেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষূধ দেওয়া হয়। এছাড়া দাউদকান্দিতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষাসহ ব্ল্যাডগ্রুপিংয়ের সুবিধা পান আগত রোগীরা। এ মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

দিনব্যাপী কর্মসূচিতে মেডিসিন, হৃদরোগ, ইএনটি, বক্ষব্যাধি, চক্ষু, গাইনী, অর্থোপেডিক, শিশু রোগসহ বিভিন্ন রোগের মোট ৪০ জনের বিশেষজ্ঞ টিম চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়াও ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ডেঙ্গু , ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার ও ওজন পরিমাপ করা হয়।

বিনামূল্যে এই চিকিৎসা সেবা পেয়ে খুশি সাধারণ মানুষ। ফ্রি সেবা নিতে এসেছেন চাষী গ্রামের ইসমতআরা(৫৫)। তিনি বলেন, সকালে জানতে পারলাম যে আজকে ডাক্তার ফ্রি রোগী দেখবে। খবর পেয়ে এসেছি। ডাক্তার দেখে ওষুধ লিখে দিলো।

চিকিৎসাসেবা নিতে আসা সবজি কান্দি গ্রামের সেলিনা আক্তার(৪০) নামে এক নারী বলেন, কয়েক দিন থেকে জ্বর সর্দি-কাশিতে ভুগছি। খবর পেয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে এসেছি। গরিব মানুষ, ভালো ডাক্তার দেখাতে পারি না। বাইরে ৫০০ থেকে ১০০ টাকা লাগে। এখানে ফ্রিতে বড় ডাক্তার দেখালাম, ফ্রি ডেঙ্গু পরীক্ষা করে আবার ফ্রি ঔষুধও পেলাম। ডা. মোশাররফ হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সদস্য সচিব খন্দকার মারুফ হোসেন বলেন, দাউদকান্দির হতদরিদ্র, মধ্যম আয়ের সাধারণ মানুষ আছেন যারা টাকার অভাবে ঢাকার ভালো হাসপাতালে চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা ভেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দিনব্যাপি এখানে বিনামূল্য্রে চিকিৎসা সেবা, বিনামূল্যে রোগনির্নয়ের পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে।

কুমিল্লার দাউদকান্দিতে ৫৭ দিনে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার, মৃত্যু ৬

ডেস্ক রিপোর্ট:

দাউদকান্দিতে চলতি বছরের মে মাস থেকে জুন মাসের ২৬ তারিখ পর্যন্ত অর্থাৎ, ৫৭ দিনে প্রায় ৫ হাজার মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬ জন মারা গেছে। মৃতদের মধ্যে চারজন নারী ও বাকি দুজন পুরুষ।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাববুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. হাববুর রহমান জানান, চলতি বছরের জানুয়ারি হতে এপ্রিল পর্যন্ত মাত্র ছয়জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। মে মাসে ৫৯ জন কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। আর জুন মাসের ২৬ তারিখ পর্যন্ত ৮৮ জন ডেঙ্গু রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তা জানায়, জুন মাসে সরকারি এবং বেসরকারিভাবে পাঁচ হাজার ব্যক্তির ডেঙ্গু পরীক্ষা করা হয়। এর মধ্যে দুই হাজারের মতো ডেঙ্গু পজেটিভ ধরা পড়ে। একদিনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয় ২৬ জুন। দিনটিতে ৩৯৭ জনের মধ্যে ১০০ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

এদিকে, গত বৃহস্পতিবার ১০০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ডেঙ্গু বাড়তে থাকায় পৌরসভার ১২শ পরিবার নজরদারিতে রাখা হয়েছে।

সন্ধ্যার মধ্যে কুমিল্লাসহ ৮ জেলায় ঝড়ের শঙ্কা

ডেস্ক রিপোর্ট:

দেশের আট জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

কুমিল্লার জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযান: অস্ত্র ও মাদকসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের জগন্নাথপুর এলাকায় গভীর রাতে অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র ও মাদকসহ আরিফ হোসেন (২৭) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ১০ মিনিটে গোমতী আইল এলাকায় অভিযুক্তের দোকান ও বসতঘরের বিভিন্ন স্থানে তল্লাশি করে একটি পাইপগান, দুটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, এক বোতল কিং ফিসার বিয়ার, একটি গাঁজার প্যাকেট এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আটক হওয়া আরিফ হোসেন সদর উপজেলা পাথুরিয়া পাড়া এলাকার জয়নাল আবদীনের ছেলে।

অস্ত্র ও মাদকদ্রব্যসহ তাকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইরানে আবারও বোমা হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা বাতিল করার কথাও জানিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যদি তেহরান উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে, তাহলে আবার ইরানে বোমা হামলা করা হবে।’

শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। রয়টার্স, আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইসরায়েল ও ইরানের ১২ দিনের যুদ্ধের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, তারা এ যুদ্ধে জয়ী হয়েছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের একটি প্রধান ঘাঁটি কাতারে আক্রমণ চালিয়ে শিক্ষা দিয়েছে ইরান। খামেনি বলেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না।

প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, তিনি খামেনির প্রাণ রক্ষা করেছেন।মার্কিন কর্মকর্তারা ১৫ জুন রয়টার্সকে বলেন, ইসরায়েলের একটি পরিকল্পনা ছিল খামেনিকে হত্যা করা, তবে ট্রাম্প তাতে ভেটো দেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশাল ট্রুথ-এ ট্রাম্প জানান, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে হামলা চালায়। এতে ওইসব কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, খামেনি কোথায় লুকিয়ে ছিলেন, তাও তাদের জানা ছিল। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কেউই খামেনিকে হত্যা করেনি।

ট্রাম্প লেখেন, ‘আমি তাকে এক ভয়ংকর ও লজ্জাজনক মৃত্যু থেকে রক্ষা করেছি।’

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি সম্প্রতি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কাজ করছিলেন, যাতে দেশটি দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। তবে এখন তিনি সে প্রচেষ্টা বন্ধ করেছেন।

তিনি লেখেন, ‘আমি যখন ঘৃণা, রাগ আর বিরক্তির একটি বিবৃতি পেলাম, তখনই নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ সব কাজ বন্ধ করে দিলাম।’

হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ভবিষ্যতে প্রয়োজনে আবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হতে পারে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘নিশ্চয়ই, প্রশ্নই আসে না, অবশ্যই হতে পারে।’

এদিকে ট্রাম্পের ‘অসম্মানজনক ও অগ্রহণযোগ্য’ মন্তব্যের নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শনিবার ভোরে এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিই চুক্তি চান, তাহলে তাকে ইরানের সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ খামেনির প্রতি অসম্মানজনক ও অগ্রহণযোগ্য ভাষা পরিহার করতে হবে এবং তার কোটি অনুসারীর হৃদয় বিদারক অনুভূতিতে আঘাত করা বন্ধ করতে হবে।’

কুমিল্লা সদরে র‌্যাবের অভিযান: ১০১ কেজি গাঁজাসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদরের কোটেশ্বর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইব্রাহিম হোসেন অপু (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার কাছ হতে ৩৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অন্য একটি অভিযানে গত ২৬ জুন রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল সদরের আমড়াতলী এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হানিফ মিয়া (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে । এ সময় তার কাছ হতে ৬৪ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।

২৬ জুন রাতে এ দুটি অভিযান পরিচনা করা হয়।

আটক হওয়া ইব্রাহিম হোসেন অপু (৩৮) কুমিল্লা সদরের লালবাজার গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে এবং মোঃ হানিফ মিয়া (৩৭) একই থানার মনিপুর গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।

জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১,সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান।

২৪ ঘন্টায় করোনায় ১০ জন আক্রান্ত, মৃত্যু ১

ডেস্ক রিপোর্ট:

দেশে গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ১৯৯ জনের নমুনা পরীক্ষা করে এই রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৭৩ জনে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে করোনা আক্রান্ত ১০ জনসহ চলতি বছর এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হওয়ায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫১৯ জনে দাঁড়িয়েছে।

কুমিল্লার কর্মরত সাংবাদিকদের সাথে শরাফাত হোসেন বাবুর মতবিনিময়

স্টাফ রিপোর্টার:

সাপ্তাহিক বাংলাদেশী (আমেরিকা) পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ এর নির্বাহী পরিচালক শরাফাত হোসেন বাবু কুমিল্লা প্রেস ক্লাব পরিদর্শন করে কুমিল্লার কর্মরত সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেছেন। এ সময় কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লা রিপোর্টার্স ক্লাব ও হিউম্যান বিয়িং ফাউন্ডেশনের সৌজন্যে তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

বৃহস্পতিবার রাতে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী দিলশাদ হোসেন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শামসুদ্দিন দুলাল, এবি পার্টির কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোঃ মাসুদ, কুমিল্লা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তাওহীদ হোসেন মিঠু, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সী, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মনজুরুল আলম রুবেল, কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাসেল সোহেল, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ, কুমিল্লা ইউথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক আবু রায়হান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার মূখ্য সংগঠক ও এনসিপি নেত্রী ফারহা এমদাদ, এনসিপি কুমিল্লা শ্রমিক উইং এর আহবায়ক ফজলে এলাহী রুবেল, নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম সংগঠক অনিক, এনসিপি নেত্রী অনন্যা, বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মোসলে উদ্দিন, চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তার আসাদুজ্জামান খান আকন্দ জনি, ব্যবসায়ী সাইফুল ইসলাম জুয়েল, ডেইলি স্টার কুমিল্লা প্রতিনিধি খালিদ বিন নজরুল, জাগরণী টোয়েন্টি ফোর টিভির প্রতিনিধি আশিকুর রহমান, জিটিভির উত্তর প্রতিনিধি মাইনুদ্দিন, কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক রাফি, বাংলাদেশ সমাচারের ইয়াসিন, চ্যানেল এস টিভির রাজিব সাহাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে কাজ করতে প্রস্তুত: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট:

অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে কাজ করতে প্রস্তুত। এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বৃহস্পতিবার (২৬ জুন) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি এই অবস্থান ব্যক্ত করেন। এ ছাড়া, বাংলাদেশের সঙ্গে ঝুলে থাকা বিভিন্ন ইস্যু সমাধানেও ভারত অপেক্ষায় আছে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানান, ‘ভারত বাণিজ্য সম্পর্কিত যে সংশোধনীগুলো বাংলাদেশের জন্য ঘোষণা করেছে, সেগুলো বাংলাদেশের তরফ থেকে ন্যায্যতা, সমান আচরণ এবং পারস্পরিকতা নিশ্চিত করার আগ্রহের ওপর ভিত্তি করে করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মূল বিষয়গুলোর সমাধানের জন্য বাংলাদেশের অপেক্ষায় আছি। বাণিজ্যসচিব পর্যায়ের আলোচনাসহ এই বিষয়গুলো ভারত এর আগেও বিভিন্ন কাঠামোগত বৈঠকে উত্থাপন করেছে।’

দুই দেশের মধ্যে অভিন্ন নদী সংক্রান্ত বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘গঙ্গাসহ ভারত ও বাংলাদেশ ৫৪টি অভিন্ন নদী ভাগাভাগি করে নিয়েছে। এ ক্ষেত্রে সহযোগিতার অংশ হিসেবে গঠিত সব প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনার জন্য দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশন নামে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা চালু আছে। এ ছাড়া, এ ধরনের বিষয়গুলোতে আমাদের নিজস্ব অভ্যন্তরীণ আলোচনায় সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোর প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করা হয়। যাতে আমাদের পন্থা নির্ধারণ করা যায়। পারস্পরিক উপকারী সংলাপের জন্য অনুকূল পরিবেশে আমরা বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে কাজ করতে প্রস্তুত।’

ঢাকার খিলক্ষেতে একটি মন্দির ভাঙার বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘অন্তর্বর্তী সরকার মন্দিরটিকে নিরাপত্তা না দিয়ে ঘটনাটিকে অবৈধ ভূমি ব্যবহার হিসেবে তুলে ধরেছে এবং মন্দিরটি ধ্বংসের অনুমতি দিয়েছে। এর ফলে বিগ্রহ (মূর্তি) স্থানান্তরের আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে এ ধরনের ঘটনা বারবার ঘটায় আমরা মর্মাহত। আমি জোর দিয়ে বলতে চাই যে, হিন্দু, তাদের সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা দেওয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব।’

সূত্র: ইত্তেফাক

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য কর্মকর্তা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে গত ২৪ ঘন্টায় শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। একদিনে এটিই সর্বোচ্চ সনাক্ত বলে ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান।

শুক্রবার সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সংবাদ সম্মেলনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, চিকিৎসার চেয়ে সচেতনতা জরুরী, তাই আতংকিত না হয়ে ডেঙ্গু মশার বংশ বিস্তার রোধ করতে হবে।

ডেঙ্গুর জীবাণুবাহক এডিস মশা সাধারণত পরিষ্কার এবং জমে থাকা পানিতে ডিম পাড়ে। এ মশার ডিম দুই বছর পর্যন্ত জীবিত থাকে। তাই আমাদের বাসস্থানের আশপাশে থাকা যেকোনো পানির পাত্র, ফুলের টব, ব্যবহারহীন ড্রাম, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা প্লাস্টিক প্যাকেট – এসবই এডিস মশার প্রজননের আদর্শ জায়গা। ডেঙ্গু প্রতিরোধে এসব জায়গায় পানি জমতে দেওয়া যাবে না। নিয়মিতভাবে এসব পাত্র পরিষ্কার করতে হবে অথবা সম্পূর্ণভাবে সরিয়ে ফেলতে হবে, যেন মশা ডিম পাড়ার সুযোগ না পায়।

এসব বিষয়ে সচেতনতা বাড়াতে আজ থেকে দাউদকান্দি পৌরসভার ডেঙ্গু আক্রান্ত এলাকায় প্রতিদিন ১২০০ পরিবারকে তদারকি করা হচ্ছে। এভাবে তিন থেকে চারদিন করতে পারলে আশা করছি সফল হবো।

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে স্বাস্থ্য কর্মকর্তা বলেন, চলতি বছরের জানুয়ারী হতে এপ্রিল পর্যন্ত ছয়জন, মে মাসে ৫৯ জন এবং জুন মাসে ৮৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। আর জুন মাসে উপজেলায় সরকারী এবং বেসরকারিভাবে পাঁচ হাজার ব্যক্তির পরীক্ষায় দুই হাজারের মতো ডেঙ্গু পজেটিভ ধরা পড়ে। একদিনে সবচেয়ে বেশি ২৬ জুন ৩৯৭ জনের মধ্যে ১০০ জনের ডেঙ্গু পজেটিভ সনাক্ত হয়। আজকে পর্যন্ত ছয়জন ডেঙ্গু রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬জনের মৃত্যু হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ দিলরুবা ইয়াসমিন ও পরিসংখ্যানবিদ সোহানুর রহমান।