All posts by jitu

কুমিল্লায় কাব কার্নিভাল ২০২৫ উদযাপিত

স্টাফ রিপোর্টার:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের মতো কুমিল্লায়ও কাব কার্নিভাল ২০২৫ উদযাপিত হয়েছে।

সোমবার কুমিল্লা নগরীর হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উদযাপিত কার্নিভালে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। সভাপতিত্ব করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল্লাহ আল মামুন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কাব উপজেলা কমিশনার মোঃ নজরুল ইসলাম,কাব উপজেলা কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, সুভাষ বীর।এছাড়াও উপস্থিত ছিলেন কাব লিডার ফাহমিদা আক্তার, হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক খোদেজা বেগম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ সাইফুল ইসলাম।

মহারাজা সেজে পুরো অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে রাখেন শান্তনু পাল। এসময় মহারাজা তার প্রধান সেনাপতিতে সাথে নিয়ে অনুষ্ঠানস্থল ঘুরে ঘুরে দেখেন।

কার্নিভালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব সদস্যরা অংশ নেয়। দিনব্যাপী অনুষ্ঠানে ছিলে আরো নানা কর্মকাণ্ড।

লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম ফরহাদকে (৪০) আটক করেছে পুলিশ।

রবিবার রাত পৌনে ১২টায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ফরহাদ উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ফরহাদের বিরুদ্ধে আমাদের থানায় কোনো মামলা নেই। সোমবার সকালে তাকে সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নুরুল হুদার মবকাণ্ডে কেউ জড়িত থাকলে বিএনপি ব্যবস্থা নেবে : সালাহউদ্দিন

ডেস্ক রিপোর্ট:

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার অবমাননার সঙ্গে বিএনপির কেউ জড়িত থাকলে তদন্ত করে ডিসিপ্লেনারি অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার একটি অনলাইন গণমাধ্যমকে মব নিয়ে বিএনপির এই কঠোর অবস্থানের কথা জানান সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা মব কালচারে বিশ্বাস করি না, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও আদালতের রায় বাস্তবায়ন হবে, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে।

তিনি আরও বলেন, সুতরাং সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেফতার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়া আইনগতভাবে পরিচালিত হবে এটা আমরা প্রত্যাশা করি। তবে তার ওপরে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। বিএনপির যেকোনো নেতাকর্মী এই ঘটনায় জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লেনারি অ্যাকশন (শৃঙ্খলা বিরোধী ব্যবস্থা) আমরা নেব। এটা আমাদের (বিএনপি) অবস্থান।

সালাহউদ্দিন বলেন, আমরা চাই, কোনো ব্যক্তি যত বড় অপরাধীই হোন না কেন, তার আইনি ও সাংবিধানিক অধিকার ভোগ করার অধিকার যেন অক্ষুণ্ণ থাকে, তার আইনি ও সাংবিধানিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয়।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার দলীয়করণের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস ও নির্বাচনী ব্যবস্থাকে করতে যে কজন ব্যক্তি দায়ী তার মধ্যে নুরুল হুদা অন্যতম। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে দীর্ঘায়িত করার জন্য কয়েকটি রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানকে পুরোপুরি কুলষিত ও ধ্বংস করার জন্য আরও কয়েকজন ব্যক্তি দায়ী। যেমন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক।

তবে মব নিয়ে দলের কঠোর অবস্থানের কথা জানান তিনি। বলেন, তবে আমরা কখনো সেই অপসংস্কৃতিতে বিশ্বাস করি না, আমরা মব কালচারে বিশ্বাস করি না।

কুমিল্লা নগরীর ২ নং ওয়ার্ডে “মানবিক কুমিল্লা” সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ২ নং ওয়ার্ডে “মানবিক কুমিল্লা” সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে প্রায় ৪ শতাধিক বিভিন্ন স্তরের মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

শনিবার (২১ জুন) বিকেলে ২ নং ওয়ার্ডের মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার তারেক, ডাক্তার মমতাজ ও ডাক্তার আসাদুজ্জামান আকন্দ জনি।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। এছাড়া ওয়ার্ডের স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইরানের ৬টি বিমানবন্দরে ইসরাইলের হামলা, বিমান ধ্বংসের দাবি

ডেস্ক রিপোর্ট:

ইসরাইলি সেনাবাহিনী ইরানের ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে। সোমবার পশ্চিম, মধ্য ও পূর্ব ইরানের বিভিন্ন বিমানবন্দরে এই হামলা পরিচালিত হয়। ইসরাইলি বাহিনীর দাবি, তাদের ড্রোন হামলায় ইরানের ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস হয়েছে। খবর আল-জাজিরার।

ইসরাইলি সেনাবাহিনী এক্স (টুইটার) প্ল্যাটফর্মে একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে তেহরানের মেহরাবাদ, মাশহাদ ও দেজফুল বিমানবন্দরকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়। পোস্টে সংযুক্ত ছবিতে দেখা যায়, বিমানবন্দরগুলোর রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার ও একটি জ্বালানিবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইরান সরকারের এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ যুদ্ধবিমানও আক্রান্ত হয়েছে বলে দাবি করা হয়।

ইসরাইলি বাহিনী আরও জানায়, এই হামলার মাধ্যমে ইরানের বিমানবাহিনীর উড্ডয়ন ক্ষমতা ও সামরিক কার্যক্রম ব্যাহত হয়েছে।

গত শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইরানও ইসরাইলের বিভিন্ন স্থানে পাল্টা হামলা শুরু করে। দুই দেশের মধ্যে এই সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছেন।

এদিকে, শনিবার যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। মার্কিন বাহিনী ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে দাবি করেন, এই হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় সংঘাত প্রশমনে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

এবার গ্রেফতার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল

ডেস্ক রিপোর্ট:

সাবেক সিইসি এ কে এম নুরুল হুদাকে গ্রেফতারের পর এবার গ্রেফতার হলেন আরেক প্রধান কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রোববার রাতে তাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র তার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। সূত্রটি জানায় রোববার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।

তবে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, ‘বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবির কোনো টিম তাকে গ্রেফতার করেনি।’

আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ২০২৪ সালে নির্বাচন করে ‘আমি-ডামি ভোট’ উপাধি পায় কাজী হাবিবুল আউয়াল কমিশন। ওই কমিশনের বেশিরভাগ কার্যক্রম নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল।

ওই নির্বাচনে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। ভোটের দিন বেলা ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ ভাগ ভোট পড়ে বলে জানানো হলেও এক ঘণ্টার ব্যবধানে ভোটের হার ৪০ শতাংশ বলে উল্লেখ করা হয়। অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল প্রথমে ২৮ শতাংশ ভোট পড়ার কথা বলে পরে তা সংশোধন করে ৪০ শতাংশের কথা বলেন।

যে কারণে তার বিরুদ্ধে মামলা করে বিএনপি। একই মামলা অতীতের জাতীয় নির্বাচনে দায়িত্বে থাকা সিইসি এ কে এম নুরুল হুদা ও এই তিন নির্বাচনে ‘জয়লাভ’ করা স্বৈরাচারী শেখ হাসিনার নামেও করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনার পতনের পর হাবিবুল আউয়াল লোকচক্ষুর অন্তরালে অবস্থান করছিলেন। আজ তাকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদাকেও গ্রেফতার করে পুলিশ। রোববার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

লালমাই উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

 

মোস্তফা কামাল মজুমদার:

লালমাই উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২২ জুন) বেলা ১১ টায় জামতলীস্থ লালমাই উপজেলা পরিষদের নতুন ভবনে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক হিমাদ্রী খীসার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।

নির্ধারিত আলোচ্যসূচীতে উপজেলা মাসিক আইন -শৃঙ্খলা, আসন্ন পবিত্র ঈদুল আজহার কোরবানির পশু চামড়া লবণজাত ব্যবস্থাপনা, আসন্ন এইচএসসি পরীক্ষা কেন্দ্র নিয়মিত মনিটরিং পর্যালোচনা, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা এবং উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভার, মোবাইল কোর্ট পরিচালনা,খাল বা নদী খনন, মাদক দ্রব্য,জুয়া খেলা ও চোরাচালান নিয়ন্ত্রণ, নিয়মিত মাসিক সভা অনুষ্ঠান, ডেঙ্গু প্রতিরোধ,জঙ্গিবাদ,মাদক বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, বাজার দর স্থিতিশীল রাখা,নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, বিবিধ।

উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভার নির্ধারিত আলোচ্যসূচীতে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়ীকরণ,বিভাগীয় কার্যক্র‍ম পযার্লোচনা,বিগত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা,সর্বশেষ নতুন বিধি, সার্কুলার,পরিপত্র ইত্যাদি পর্যালোচনা, ইনোভেশন সম্পর্কে আলোচনা, কমিউনিটি ক্লিনিক, গ্রাম আদালত সম্পর্কে আলোচনা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার বিষয়ে আলোচনা, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয় আলোচনা, বিবিধ।

উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি এস আই মোঃ জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এনামুল হক,লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি বিশেষ প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা এলজিইডি অফিসার প্রকৌশলী সাবরীন মাহফুজ,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ ,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাইদুল ইসলাম , উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম ,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহজাহান, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান হাবিব,উপজেলা জনস্বাস্থ্য সহকারী অফিসার মোঃ মমিন আলী, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আবিদা সুলতানা, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -২ বাগমারা শাখার ডিজিএম মুহাম্মদ সৌরাদ উদ্দিন সাদী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাফর আল সাদেক,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এম এ হাশেম, উপজেলা স্থানীয় সরকার উন্নয়ন (জাইকা) অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পরিসংখ্যান অফিসার মো: সাইফুর রহমান,উপজেলা কো-অর্ডিনেটর (ইপসা) তৌহিদুল ইসলাম, উপজেলা তথ্য আপা অফিসার রাবেয়া পারভীন, বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোঃ লোকমান হোসেন ,ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমরান কবির,ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এনায়েত উল্লাহ , পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই ,বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী লেয়াকত হোসেন ভূঁইয়া ,বাকই উত্তর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্র‍াপ্ত চেয়ারম্যান ,অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম ইকবাল,লালমাই উপজেলা কার্যক্র‍ম বাস্তবায়ন পরিষদের আহবায়ক মোঃ শামীম মজুমদার, লালমাই প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা,লালমাই উপজেলার সাধারণ সম্পাদক ,দৈনিক ভোরের কলাম পত্রিকা সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, সদস্য ও দৈনিক খোলা কাগজের সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম রকিব, সিএ মো: সাইফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, কমিটির সদস্যবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।

আবাসন খাত সংকটে: মূল্যবৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক যুদ্ধাবস্থায় দিশেহারা ব্যবসায়ীরা

ডেস্ক রিপোর্ট:

নির্মাণসামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধি, উচ্চ সুদের ঋণ, রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক যুদ্ধাবস্থার জোড়া চাপে চরম অনিশ্চয়তা ও উৎকণ্ঠায় পড়েছে দেশের আবাসন খাত। এমন পরিস্থিতিকে ‘অতিসংবেদনশীল’ বলে আখ্যায়িত করেছেন আবাসন খাতের একজন অভিজ্ঞ উদ্যোক্তা, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক এবং জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী।

তিনি মনে করেন, চলমান সংকট নিরসনে পরিকল্পিত ব্যবস্থা না নেওয়া হলে এই খাত শুধু বিপর্যস্ত হবে না, বরং দেশের সার্বিক অর্থনীতিতে ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলবে।

ইকবাল হোসেন বলেন, “আবাসন খাতের বর্তমান অবস্থায় আমরা শঙ্কিত। একদিকে ব্যাংকের সুদের হার এখন ১৫ শতাংশের ওপরে, অন্যদিকে রড, সিমেন্ট, ইট, বালুর মতো কাঁচামালের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। এই ব্যয় আমাদের বাধ্য করছে ফ্ল্যাটের দাম বাড়াতে। ফলে মধ্যবিত্ত ও চাকরিজীবী শ্রেণির মানুষের আগ্রহ কমে যাচ্ছে।”

তিনি বলেন, আগে যেসব গ্রাহক ফ্ল্যাট বা প্লট কেনায় উৎসাহ দেখাতেন, তারাও এখন নিরুৎসাহিত। গ্রাহকের সংখ্যা ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে। অনেকে বুকিং বাতিল করে দিচ্ছেন, আবার অনেকে কিস্তি পরিশোধে ব্যর্থ হচ্ছেন।

রাজউকের ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের অস্পষ্টতা, অনুমোদনের জটিলতা এবং সময়ক্ষেপণও এই খাতকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে।

“একটা ভবনের প্ল্যান পাস করাতে দুই বছর লেগে যায়,” বলেন ইকবাল হোসেন।

তিনি বলেন, “পরিবেশ, ফায়ার, ডিটিসিএ এবং রাজউকের একাধিক শাখা থেকে অনুমোদনের প্রয়োজন হয়। এতে শুধু বিনিয়োগ আটকে থাকে না, বরং বিদেশি বিনিয়োগকারীরাও নিরুৎসাহিত হন।”

তিনি মনে করেন, ওয়ানস্টপ সার্ভিস চালু করে এই প্রক্রিয়া ৩ থেকে ৬ মাসে সম্পন্ন করা সম্ভব, যাতে আবাসন খাতের ওপর চাপ কমে।
আবাসন খাতে বিদেশি বিনিয়োগ প্রবাহও ব্যাহত হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে, বিদেশি প্রতিষ্ঠানগুলো সহজে টাকা ফেরত নিতে পারে না।
“বিদেশি বিনিয়োগকারীরা বলেন, বাংলাদেশে টাকা ঢোকানো সহজ, কিন্তু ফেরত নেওয়া কঠিন। এর সমাধানে নীতিমালায় কিছু পরিবর্তন জরুরি।”
দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক যুদ্ধাবস্থা দুটোই আবাসন খাতকে ধাক্কা দিচ্ছে।

ইকবাল হোসেন বলেন, “শুধু দেশে নয়, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি যেমন ইউক্রেন-রাশিয়া বা মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবও পড়ছে। একদিকে সরবরাহ ব্যাহত হচ্ছে, অন্যদিকে বিনিয়োগকারীরা অস্থির হয়ে পড়ছেন। ফলে আবাসন খাতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।”
অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগের সুযোগ থাকা দরকার বলেও মত দেন ইকবাল হোসেন চৌধুরী।

তিনি বলেন, যখন এই অর্থ ব্যবহারের সুযোগ থাকে, তখন অনেকে আবাসন খাতে বিনিয়োগ করেন। এতে একদিকে অর্থ পাচার কমে, অন্যদিকে খাতে পুঁজি আসে। কিন্তু এবারের বাজেটে করের হার বাড়িয়ে দেওয়া হয়েছে, যা নিরুৎসাহিত করেছে।”

তিনি মনে করেন, অন্তত আগামী এক-দুই বছর এই সুযোগ বহাল রাখা দরকার।

ইকবাল হোসেন চৌধুরী বলেন, “সরকার যদি দেশীয় পণ্যের উৎপাদন বাড়াতে সহায়তা করে এবং আমদানি পণ্যের ওপর অযৌক্তিক ভ্যাট ও শুল্ক কমায়, তাহলে নির্মাণসামগ্রীর দাম কিছুটা কমবে।”

তিনি আরও বলেন, “রাজউক, ফায়ার, পরিবেশ অধিদপ্তর—সব সংস্থাকে এক ছাতার নিচে এনে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হলে দ্রুত পরিকল্পনা পাস ও অনুমোদন সম্ভব হবে।”

আবাসন খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪০ লাখ শ্রমিক জড়িত। এই খাত ধসে পড়লে ব্যাপক হারে বেকারত্ব বাড়বে, যা অর্থনীতির জন্য মারাত্মক হুমকি হবে।

তিনি বলেন, “সুদের হার, রাজনৈতিক অস্থিরতা, ড্যাপ বাস্তবায়নে দেরি, কাঁচামালের দাম—সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। অনেক প্রতিষ্ঠান টিকতে পারবে না। সরকারের উচিত এখনই হস্তক্ষেপ করা।”

টিকে থাকার জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন আবাসন ব্যবসায়ীরা।

ইকবাল হোসেন বলেন “আমরা নির্মাণ ব্যয় ধরে অনেক ফ্ল্যাট বিক্রি করছি। ব্যাংকের সঙ্গে কথা বলে সুদের হার কিছুটা কমানোর চেষ্টা করছি, যাতে ক্রেতারা উপকৃত হন। তবে দীর্ঘমেয়াদে এই পথে টিকে থাকা সম্ভব না। সরকারকে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে।”

আবাসন খাতের উদ্যোক্তাদের স্পষ্ট বার্তা, এখনই পরিকল্পিত সিদ্ধান্ত না নিলে এই খাত বড় ধরনের বিপর্যয়ে পড়বে উল্লেখ করে তিনি বলেন, “জিডিপিতে এই খাতের অবদান বিবেচনায় নিয়ে বাস্তবভিত্তিক নীতি, যৌক্তিক ভ্যাট কাঠামো, দ্রুত অনুমোদন প্রক্রিয়া এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।”

ইকবাল হোসেন আরও বলেন, “বিশ্বের অনেক দেশেই আবাসন খাতে সরকারের দৃষ্টি থাকে। কিন্তু আমাদের দেশে এই খাতকে এখনো প্রাধান্য দেওয়া হয় না। এটি অব্যাহত থাকলে উন্নয়ন ব্যাহত হবে।”

লালমাইয়ে মোবাইলকোর্টে ৭ ব্যাক্তিকে ১৩৫০০ টাকা অর্থদন্ড করেন ইউএনও

মোস্তফা কামাল মজুমদার:

লালমাই উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বাগমারা বাজারে লাইসেন্সবিহীন গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী পরিবহন ও যানজট সৃষ্টির অপরাধে ৫ জন গাড়ি চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ৭,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২১ জুন) অভিযানটি পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।

এছাড়া, ভুশ্চি বাজারে দ্রব্যমূল্যের তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় ২,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি নিষিদ্ধ পলিথিন মজুত রাখার দায়ে দুই ব্যবসায়ীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারায় ৪,০০০ টাকা জরিমানা প্রদান করতে হয়। এদিন মোট ১৩,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রামে মানববন্ধন ও জনগণের প্রতিরোধে রেলওয়ের উচ্ছেদ অভিযান পন্ড

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে রেলওয়ের উচ্ছেদ অভিযান প্রতিরোধে মানববন্ধন করেছে স্থানীয়রা। রবিবার (২২জুন) ঢাকা-চট্টগ্রাম রেলওেয়ের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী রেলওয়ে স্টেশন অংশে উচ্ছেদ অভিযানের নির্ধারিত দিনে ব্যবসায়ী ও স্থানীয় কয়েকশত মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।

এ সময় উত্তেজনা দেখা দিলে রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট দীপঙ্কর তংচঙ্গা’র নেতৃত্বে আসা সেনাবীহিনী, পুলিশ, রেলওয়ে পুলিশ, আনসারসহ উচ্ছেদ অভিযান দল প্রতিরোধের মুখে ফিরে যায়।

জানা যায়, উপজেলার গুনবতী রেলস্টেশনের পাশে একটি জলাশয় ইজারা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার সকালে জলাশয়ের উত্তরাংশের মার্কেটের কিছু অংশ অবৈধ দখল উচ্ছেদ ও জলাশয় ইজারাদারকে বুঝিয়ে দেয়ার উদ্দেশ্যে মেজিস্ট্রেটের নেতৃত্বে গুনবতী রেলওয়ে স্টেশনে আসে। এ খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ী ও স্থানীয়রা গুনবতী বাজারের প্রবেশ মুখে ব্রাক অফিসের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিরোধ গড়ে তোলে। এসময় ব্যবসায়ীরা তাদের দাবী জানায়। এবং এ্যাডভোকেটের মাধ্যমে হাইকোর্টে দখল উচ্ছেদ সংক্রান্ত রিট পিটিশন এর কাগজপত্র উপস্থাপন করে।

মানববন্ধনে ব্যবসায়ী সোহেল বলেন, ‘গুণবতী রেলস্টেশন সংলগ্ন পুকুরের পাড়স্থ দোকানঘর গুলো উচ্ছেদ সংক্রান্ত রিট পিটিশন (মানলা নং ৪৩১৪/২৫) শুনানি সিরিয়াল নং ২০৮ মহামান্য হাইকোর্টে চলমান রয়েছে। এমতাবস্থায় রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান স্থগিত রাখার আহ্বান করছি।’

আরেক ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আজকে এখানে শতশত ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধনে উপস্থিত হয়েছেন। ব্যক্তি স্বার্থে উচ্ছেদ অভিযান না করে যদি সরকার রেলওয়ের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করে তবে আমরা কর্তৃপক্ষকে সহযোগিতা করবো।’
চট্টগ্রাম রেলওয়ে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট দীপঙ্কর তংচঙ্গা বলেন, ‘আপনারা দেখেছেন ভেকু পরিবহনে ট্রাক্টরের চাবি নিয়ে গেছে, এখানে ‘মব’ এর সৃষ্টি হয়েছে। যারা বাঁধা প্রদান করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’