All posts by jitu

দেশ বরণ্য সাংবাদিক রিমনের রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:

প্রেসক্লাব ফেডারেশন ও গ্রীনল্যান্ড ম্যান পাওয়ার সার্ভিস লি: এর যৌথ উদ্যোগে দেশ বরণ্য সাংবাদিক সাঈদুর রহমান রহমান রিমনের রুহের মাগফিরাত কামনায় কুড়িল চৌরাস্তাহস্ত নিজস্ব কার্যালয়ে বিকাল পাঁচটায় গ্রীনল্যান্ড ম্যান পাওয়ার সার্ভিস লি: এর চেয়ারম্যান এম আনিসুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন ,সাংবাদিক সাঈদুর রহমান রিমন ছিলেন একজন আদর্শ মানের সাংবাদিক। তার লেখনীর মাধ্যমে তিনি সবসময় সত্য ও ন্যায়ের পথে থেকে সমাজের অসঙ্গতি তুলে ধরেছেন এবং অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে অবদান রেখেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব ফেডারেশনের আহবায়ক ও ঢাকা প্রেসক্লাব সভাপতি আওরঙ্গজেব কামাল।

তিনি এ সময় বলেন, সাংবাদিক সাঈদুর রহমান রিমন ছিলেন একজন নির্ভীক ও স্পষ্টবাদী কলমযোদ্ধা। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে সেটা অপূরণীয়। তিনি শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য নিবেদিত একজন অভিভাবক এবং পথপ্রদর্শক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক কামরুল ইসলাম লিমন, আয়নাল দেওয়ান, মোঃ ওয়াহিদুজ্জামান খান পাপেল, মোঃ ফরিদ হোসেন, মোঃ রিপন মিয়া, আব্দুর রহমান সানি, মোঃ রিয়াদ হোসেন, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ ওবায়দুর রহমান, আশিক, রিপন প্রমুখ। এ সময তা রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য,৩০ জুলাই, ২০২৩ তারিখে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ, পাঠক ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুর সদরের চান্দ্রা চৌরাস্তার উত্তর পাশে বিল্লাল খানের হ্যাচারি সংলগ্ন দেওয়ান বাড়ির সামনে মোটরসাইকেল ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দু আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় ঘটে এই সড়ক দুর্ঘটনা।

এ দুর্ঘটনায় নিহতরা হলেন- চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম ঢালীর ছেলে মো. অমি ঢালী ও একই ওয়ার্ডের বাসিন্দা কার্তিক চন্দ্র দাসের ছেলে কিশোর চন্দ্র দাস। দুর্ঘটনায় নিহত অমি পুরাণবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কিশোর চন্দ্র দাস ২০২৫ সালে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।

দুর্ঘটনায় নিহতদের স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, এই জায়গায় প্রায়ই এই ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, নিহত যুবকদের সুরতহাল করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়াকে কুমিল্লা প্রেসক্লাবে বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়াকে পদোন্নতির পর বিদায় সংবর্ধনা জানাল কুমিল্লা প্রেসক্লাব।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা তাঁকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্বকালীন সময়ে পঙ্কজ বড়ুয়া প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলেছেন। তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি, কর্মদক্ষতা ও প্রশাসনিক সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকাকে সাংবাদিকরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এই অনুষ্ঠানে কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি মাহবুব আলম বাবু, এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, রূপসী বাংলার সিনিয়র রিপোর্টার অশোক বড়ুয়া, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার শহিদুল্লাহ, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ওমর ফারুকী তাপস, কুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি সাদিক মামুন, ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সী, দৈনিক সমাজ কণ্ঠের সম্পাদক জসীমউদ্দীন চাষী, পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দামাল, কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু।

উপস্থিত সাংবাদিকরা বলেন, “পঙ্কজ বড়ুয়া ছিলেন মিডিয়া-বান্ধব একজন কর্মকর্তা। তিনি গঠনমূলক সহযোগিতা করেছেন সবসময়।”

নিজ বক্তব্যে পঙ্কজ বড়ুয়া বলেন, “আপনারা সবসময় গঠনমূলক সমালোচনার মাধ্যমে প্রশাসনের কাজকে আরও সহজ করে দিয়েছেন। কুমিল্লার সাংবাদিকদের সহযোগিতা আমি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো।”

বিদায়ী কর্মকর্তাকে স্মারক উপহার ও ফুল দিয়ে সম্মাননা জানান কুমিল্লা প্রেস ক্লাব, ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আব্দুল জলিল ভূইয়া, দেশ টিভির প্রতিনিধি সুমন কবির, আলোকিত কুমিল্লার সম্পাদক সাইফুল সুমন, দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি তরিকুল ইসলাম তরুণ, কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান, সহ সভাপতি মোঃ আলাউদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক নাসরিন আক্তার , সহ সাংস্কৃতিক সম্পাদক সাবিয়া সুলতানা, কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাসেল সোহেল, সাধারণ সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক মঈন নাসের খান রাফি, কোষাধ্যক্ষ মাইনুদ্দিন,

ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরা পার্সন আলমগীর কবির , দৈনিক আমার দেশের প্রতিনিধি এম হাসান, দৈনিক কুমিল্লা ডাকের সুমন, চ্যানেল এস এর প্রতিনিধি রাজিব সাহা, বাংলাদেশ কন্ঠের প্রতিনিধি ইয়াসিন মিয়া, এডভোকেট তাপস চন্দ্র সরকার, মোহনা টিভি র প্রতিনিধি আব্দুল মোতালেব নিখিল, ডাক প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার আয়েশা আক্তার, ভোরের কলামের স্টাফ রিপোর্টার জবিউল্লা মাহিন, দেশ টিভির ক্যামেরাম্যান সাইদুর রহমান সোহাগ।

ডিসেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ

ডেস্ক রিপোর্ট:

ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশন আগামী মাস থেকে শুরু করে প্রবাসীদের ভোটার এডুকেশনের কাজ শুরু করবে জানিয়ে সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা চূড়ান্ত করেছে কমিশন।

এর আগে আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ।

বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘সভার শুরুতেই প্রধান উপদেষ্টা বলেছেন যে ৫ আগস্ট আমার প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।’

এর আগে গতকাল বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির রমজানের আগেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে বলেছে।

এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সরকারের অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিদায়ী এডিসি পঙ্কজ বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা জানালেন এনসিপির নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়াকে বদলিজনিত বিদায়ী সম্বর্ধনা প্রদান করেছেন এনসিপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

বুধবার ( ৬ আগস্ট) সন্ধ্যায় নজরুল ইনস্টিটিউটে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা জানান এনসিপি ও ও বৈষম্য বিরোধী নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী ফারহা এমদাদ ইম্পা, বৈষম্য বিরোধী আন্দোলন কুমিল্লা মহানগর শাখার সাবেক আহবায়ক আবু রায়হান ও জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা জেলার শ্রমিক উইংস এর আহবায়ক ফজলে এলাহী রুবেল।

মেহরিন চৌধুরীর নামে অ্যাওয়ার্ড চালু করবে শিক্ষা মন্ত্রণালয়: প্রেসসচিব

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় নিজের জীবন উৎসর্গ করে অন্তত ২০ শিক্ষার্থীকে রক্ষা করেন সাহসী শিক্ষিকা মেহরিন চৌধুরী। তার এই বীরত্বপূর্ণ আত্মত্যাগের স্মরণে শিক্ষা মন্ত্রণালয় ‘মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, এই অ্যাওয়ার্ড প্রতি বছর সাহসী ও অনুকরণীয় কর্মকাণ্ডে অংশ নেওয়া শিক্ষকদের প্রদান করা হবে।

সকাল ১০টা ৩০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে শুরু হওয়া বৈঠকটি দুপুরে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের আমলে এটি উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক। এর আগে ২০২৪ সালের ২০ নভেম্বর সচিবালয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ১ নম্বর গেট ছাড়া বাকি সব গেট বন্ধ রাখা হয় এবং দর্শনার্থীদের প্রবেশও সীমিত করা হয়।

সাংবাদিকদের সাথে দাউদকান্দির বিদায়ী ইউএনও’র মতবিনিময়

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন সদ্য বদলীর আদেশাধীন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সহকারী (ভূমি) কমিশনার রেদওয়ান ইসলামের সভাপতিত্বে উপস্থিত গণমাধ্যমকর্মীরা বক্তব্যে বিদায়ী ইউএনও নাঈমা ইসলাম ও তাঁর পরিবারের কল্যাণ, সুস্বাস্থ্য, দীর্ঘজীবন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

বিদায়ী ইউএনও নাঈমা ইসলাম বলেন, দাউদকান্দি আমাকে সমৃদ্ধ করেছে। এখানকার গণমাধ্যমকর্মীদের সহযোগিতা থাকায় অফিসিয়াল কাজের বাইরেও আমি মানুষের সেবার জন্য কাজ করেছি। তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, তিনি এডিসি হিসেবে পদন্নোতি পেয়েছেন এবং আগামী সপ্তাহে নারায়ণগঞ্জ জেলা ডিসি অফিসে যোগদান করা কথা রয়েছে।

ফিফা র‌্যাংকিংয়ে এক লাফে ২৪ ধাপ এগোলো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ নারী ফুটবল দল ফিফা র‌্যাংকিংয়ে দারুণ এক সাফল্য অর্জন করেছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ হালনাগাদ র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে এখন ১০৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে ১২ জুন প্রকাশিত র‌্যাংকিংয়ে দলটির অবস্থান ছিল ১২৮তম।

নতুন র‌্যাংকিং অনুযায়ী, এত বড় অগ্রগতি আর কোনো দেশ করতে পারেনি। বাংলাদেশের উন্নতি এবারের র‌্যাংকিংয়ে সবচেয়ে উল্লেখযোগ্য।

তবে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, বাংলাদেশের মেয়েরা এবার শীর্ষ ১০০-তে জায়গা করে নেবে। কিন্তু অল্পের জন্য সেই লক্ষ্য পূরণ হয়নি। একইসঙ্গে নজর ছিল এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এ অংশ নেওয়া ১২ দলের মধ্যে অন্তত কোনো একটি দলকে র‌্যাংকিংয়ে পেছনে ফেলতে পারে কিনা। সেটাও সম্ভব হয়নি। এখনো সেই ১২ দলের মধ্যে বাংলাদেশ র‌্যাংকিংয়ে সবচেয়ে পিছিয়ে।

এদিকে বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে স্পেন। এক ধাপ এগিয়ে তারা প্রথম স্থানে এসেছে। আগের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র নেমে গেছে দ্বিতীয় স্থানে। সুইডেন তিন ধাপ এগিয়ে এখন তৃতীয়, আর ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড আছে চতুর্থ স্থানে। দুই ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে জার্মানি। অন্যদিকে, তিন ধাপ অবনতি হয়ে নারী কোপার আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল এখন সপ্তম স্থানে।

মাদ্রাসায়ও ফিরছে বৃত্তি, ৫ বিষয়ের ওপর পরীক্ষা

ডেস্ক রিপোর্ট:

সরকারি প্রাথমিকের পর দেশের সব ইবতেদায়ী মাদ্রাসায়ও পঞ্চম শ্রেণির ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাসমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পাঁচটি বিষয়ের ওপর। এ পরীক্ষায় শুধু সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে।

৬ আগস্ট বুধবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা একটি স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়েছে, ২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর। পরীক্ষাগুলো নেওয়া হবে পাঁচটি বিষয়ের ওপর— কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান। এর মধ্যে কুরআর মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি প্রথম ও দ্বিতীয় এবং গণিত ও বিজ্ঞান সম্মিলিতভাবে হবে। প্রতিটি বিষয়ের জন্য বরাদ্দ নম্বর ১০০। সব মিলিয়ে মোট নম্বর ৫০০।

তবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কেবল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ও সংযুক্ত ইবতেদায়ি শাখাসমূহের শিক্ষার্থীরা। মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পরীক্ষায় অংশ নিতে পারবে।

এ বিষয়ে বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন বোর্ড থেকে শিগগিরই প্রকাশ করা হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

এর আগে, গত ১৭ জুলাই সরাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে জানানো হয়েছে। চলতি বছরের শেষে অর্থ্যাৎ ডিসেম্বর মাসেই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে।

দীর্ঘ ১৬ বছর পর পুনরায় চালু হওয়া এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতি মাসে নির্ধারিত হারে বৃত্তি সুবিধা এবং মাধ্যমিক পর্যায়ে ভর্তি প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে। এর আগে, ২০০৯ সালর ‘প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা’ (পিইসি) শুরুর পর থেকে আলোচিত এই বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল৷

কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার:

“তুই নে খসড়া, ফিরিয়ে দে ঠিকানা”—এমন স্লোগানে বুধবার (৬ আগস্ট) বিকেলে উত্তাল হয়ে ওঠে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড। কুমিল্লা-৯ (সাবেক) আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে হাজারো মানুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেমে এসে এক ঘণ্টারও বেশি সময় অবরোধ কর্মসূচি পালন করেন।

বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৫টা ৪০ মিনিট পর্যন্ত মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এই সময় সদর দক্ষিণ, লালমাই ও কুমিল্লা মহানগর দক্ষিণের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন। প্রতিবাদকারীদের মুখে ছিল—”আমার ঠিকানা ফিরিয়ে দাও”, “আমার আসন ফিরিয়ে দাও”, “বিভাজন নয়, ঐক্য চাই”—এমন দাবিমুখর স্লোগান।

সম্প্রতি নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া সীমানা পুনঃনির্ধারণে কুমিল্লা-৯ (সাবেক) আসনের কাঠামো ভেঙে ফেলার প্রস্তাবের পর থেকেই শুরু হয় জনমনে ক্ষোভ। কুমিল্লার তিনটি সংসদীয় আসনের মধ্যে এই আসনের ঐতিহাসিক ঐক্য ভেঙে নতুনভাবে বিভাজনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।

এই দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মুহম্মদ আখতার হোসেন। বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক জহিরুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. আমান উল্লাহ আমান, মো. ইউসুফ আলী মীর পিন্টু, সদর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল মজুমদার, হানিফ মিয়া, সোহেল মজুমদার, যুবদল নেতা নাজমুল হাসান রনি, ছাত্রদল সমন্বয়ক নূর মোহাম্মদসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, “এই আন্দোলন শুধু একটি আসনের নয়, এটি একটি অস্তিত্বের লড়াই। আমাদের নির্বাচনী অধিকার থেকে এক চুলও সরব না। খসড়া বাতিল না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।”

বিক্ষোভ শেষে অ্যাডভোকেট আখতার হোসেন ঘোষণা দেন—আগামী ১২ আগস্ট লালমাই ও ১৩ আগস্ট সদর দক্ষিণে বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।